Home Blog Page 3096

ব্রিটেনে খোদ স্বাস্থ্যমন্ত্রীর করোনাভাইরাস ধরা পড়ল

0

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাদাইন ডরিস করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের বিষয়টি নাদাইন ডরিস নিজেই জানিয়েছেন এবং বর্তমানে তিনি নিজের বাড়িতেই কোয়ারেনটাইনে রয়েছেন।

ব্রিটেনে তিনিই প্রথম সাংসদ, যিনি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। সে দেশে এখন পর্যন্ত ৩৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত সপ্তাহে কয়েকশ লোকের সঙ্গে মিশেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ডাউনিং স্ট্রিটে একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। পরে নাদাইন ডরিস শুক্রবার অসুস্থ হয়ে পড়েন এবং গতকাল মঙ্গলবার রাতে তার রোগ নির্ণয় করা হয়।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার বরিস জনসনের সঙ্গে ডাউনিং স্ট্রিটে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বরিস জনসন ও তার বাগদত্তা কেরি সাইমন্ডসের সঙ্গে দশ নম্বরে একটি সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন।

এক বিবৃতিতে তিনি বলেন, আমি নিশ্চিত করতে পারি যে, করোনভাইরাসটির জন্য ইতিবাচক পরীক্ষা করেছি। ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ বিস্তারিত সন্ধান শুরু করেছে এবং আমার সংসদীয় এলাকায় তাদের পরামর্শগুলি নিবিড়ভাবে অনুসরণ করছে। আমি পিএইচই এবং অসাধারণ এনএইচএস কর্মীদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে পরামর্শ এবং সহায়তা দিয়েছিলেন।

মিড বেডফোর্ডশায়ারের টরি এমপি ডরিস ব্রিটিশ জনসাধারণকে হত্যা করে এমন মারাত্মক ভাইরাস মোকাবেলায় আইন প্রণয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক সাংবাদিকদের বলেন, তিনি (ডরিস) ঘরে বসে নিজেকে আলাদা করে সঠিক কাজ করেছেন। আমি বুঝতে পারি যে লোকেরা এই রোগ সম্পর্কে কেন উদ্বিগ্ন। আমরা সর্বোত্তম সম্ভাব্য বিজ্ঞানের ভিত্তিতে মানুষকে সুরক্ষিত রাখতে যথাসাধ্য চেষ্টা করব।

ডরিস শনিবারও তার নির্বাচনী এলাকায় ৫০ জন মানুষের সাথে সাক্ষাত করেছেন। স্বাস্থ্য বিভাগ তাদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। ব্রিটেনের শীর্ষ চিকিৎসকরা বলছেন, এরই মধ্যে ৩৮২ জন করোনা আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছে।

‘জয় বাংলা’ স্লোগান দিতে বিএনপি আর লজ্জা পাবে না : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, হাইকোর্ট ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে রায় দিয়েছেন। তাই এখন থেকে বিএনপি ‘জয় বাংলা’ স্লোগান দিতে আর লজ্জা পাবে না।

আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘হাইকোর্ট ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিয়েছেন। আমরা এই রায়কে স্বাগত জানাই। বিএনপিসহ যারা জয় বাংলা স্লোগান দিতে আগে লজ্জা পেত, আমি আশা করি তারা এখন আর জয় বাংলা ম্লোগান দিতে লজ্জা পাবে না। তারা এখন থেকে জয় বাংলা ম্লোগান দিবে।

তিনি বলেন, হাইকোর্ট আজ একটি রায় দিয়েছেন, জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে গ্রহণের জন্য। সবাই যেন জয় বাংলা স্লোগান দেয়। এ রায়কে আমরা স্বাগত জানাই। এখন জয় বাংলা স্লোগান দিতে যাদের লজ্জা লাগে হাইকোর্টের রায় অনুযায়ী বিএনপিসহ তাদের জয় বাংলা স্লোগান দেওয়া উচিত। দেশের স্বাধীনতার প্রতি সম্মান রেখে, সব ক্ষেত্রেই আমাদের স্লোগান ছিল জয় বাংলা। জয় বাংলা কোনো দলের স্লোগান নয়, জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান।’

হাছান মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য দেশবাসীর পক্ষ থেকে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী জনস্বার্থের কথা চিন্তা করে সেই প্রোগ্রামগুলো সংকুচিত করেছেন। কোনো প্রোগ্রাম বাতিল করা হয়নি। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এবং বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর এই প্রোগ্রামগুলোকে পুনর্বিন্যাস করা হয়েছে।

তিনি বলেন, বিশ্ব নেতারা মুজিববর্ষের অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্মতি দিয়েছিলেন এবং নিশ্চিত করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিশ্চিত করে ঘোষণা দেওয়া হয়েছিল। যেদিন মুজিববর্ষ উদযাপনে জাতীয় কমিটি বেশি জনসমাগম হওয়া অনুষ্ঠান আপাতত পরিহার করা হলো সেদিনও ভারতের সরকারের পক্ষ থেকে মোদির সফর নিয়ে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছিল।

করোনাভাইরান নিয়ে কোনো ধরনের আতঙ্ক না ছাড়াতে মিডিয়া গুলোর প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, কিছু পত্র-পত্রিকা করোনা নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। বাংলাদেশে তেমন পরিস্থিতি তৈরি হয়নি। আতঙ্ক ছড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। করোনা মোকাবিলায় সরকার বহু আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেছে। বিদেশ থেকে যারা আসছিলেন এবং আসছেন সবাইকে স্ক্রিনিংয়ের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করতে হয়েছে।

মাস্ক-হ্যান্ডওয়াশের দাম বৃদ্ধি প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, করোনাভাইরাসের কারণে একটি অসাধু ব্যবসায়ী মহল মাস্ক, হ্যান্ডওয়াশের দাম বাড়িয়ে দিয়েছে। নানা ধরনের ক্লিনিক্যাল ম্যাটারিয়ালসের দাম বাড়িয়ে দিয়েছে। সরকার এ ব্যাপারে দৃষ্টি রাখছে। যারা এই কাজগুলো করবে সরকার তাদের বিরুদ্ধে প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে স্কুল-কলেজ বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়নি।

করোনা মোকাবেলায় ১০০ কোটি টাকা বরাদ্দ

0

করোনাভাইরাস মোকাবেলায় জরুরি ভিত্তিতে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সরকারের অর্থবিভাগ।

পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি বৈঠক হয়েছে সকালে। প্রয়োজনে বন্ধ ঘোষণা করা হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান।

গত রবিবার বাংলাদেশে তিন জন করোনাভাইরাস রোগী পাওয়া গেছে বলে জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এ পর্যন্ত মোট ১২৭ জনকে পরীক্ষা করা হয়েছে এবং ৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিন আগামী ১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

কামাল চৌধুরী বলেন, করোনাভাইরাসের কারণে জনসমাগম এড়িয়ে মুজিববর্ষের অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। জনসমাগম হবে এমন অনুষ্ঠানগুলো আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে ঘরে বসে দেশবাসী টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুজিববর্ষের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

এর আগে সোমবার সন্ধ্যায় গণভবনে কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণ যেন ঝুঁকির মুখে না পড়ে, তাই মুজিববর্ষ উদযাপনে সব কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে।

উইলস লিটলের সেই শিক্ষিকার হাতটি জোড়া লাগানোর চেষ্টা চলছে

0

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা সৈয়দা ফাহিমা বেগমের বিচ্ছিন্ন হাতটি জোড়া লাগানোর চেষ্টা চলছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ওই শিক্ষিকাকে হেলিকপ্টারে করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। পরে চিকিৎসকেরা তাকে অস্ত্রোপচারকক্ষে নিয়ে যান।

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, দুর্ঘটনায় শিক্ষক ফাহিমা বেগমের বাম হাত কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হাতটিসহ তাকে এখানে আনা হয়েছে। তার অপর হাত, মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।

ওই শিক্ষিকার স্বামীর নাম সৈয়দ শফিকুল ইসলাম। ঢাকার শান্তিনগর এলাকায় তাদের বাসা। গ্রামের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়।

এর আগে আজ দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় এই দুর্ঘটনায় ওই শিক্ষিকা ছাড়াও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের আর অন্তত ১৪ শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে ৯ জন এখনও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন।

সংবিধানে সন্নিবেশিত বঙ্গবন্ধুর ভাষণে ৫০ ভুল, খতিয়ে দেখার নির্দেশ

0

রেসকোর্স ময়দানে ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ সংবিধানের ৫ম তফসিলে অসম্পূর্ণ ও ভুলভাবে অন্তর্ভূক্ত করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যারা মাঠে উপস্থিত থেকে ৭ মার্চের ভাষণ শুনেছেন তাদের সমন্বয়ে কমিটি গঠন করতে বলা হয়েছে। এই কমিটির প্রতিবেদন সংশ্লিষ্ট বিবাদীদের মাধ্যমে ৬ সপ্তাহের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

সংবিধানে সন্নিবেশিত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে ৫০টি ভুল চিহ্নিত করে রাজবাড়ীর রায়নগর গ্রামের কাশেদ আলীর করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়েছে। আদালত অন্তবর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন।

রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল আলিম মিয়া জুয়েল ও সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

রুলে পর্যালোচনা সাপেক্ষে সংবিধানে সঠিকভাবে ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। আইন ও তথ্য সচিব এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আমাদের সংবিধানের ৫ম তফসিলে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সন্নিবেশিত আছে। কিন্তু রিট আবেদনকারীর বক্তব্য, সেখানে মূল ভাষণটি যথাযথভাবে অন্তর্ভুক্ত হয়নি। এ ব্যাপারে আদালত একটা রুল জারি করেছেন এবং সরকারকে একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন।

রিট আবেদনকারীর আইনজীবী সুবীর নন্দী দাস জানান, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ হুবহু সংবিধানে অন্তর্ভূক্ত করা হয়নি। এখন সংবিধানে যে ভাষণ আছে তাতে বেশ কিছু ভুল আছে। এটা সংশোধন করে সঠিক ভাষণ অন্তর্ভুক্তির জন্য রিট আবেদন করা হয়েছে।

সংবিধান ও পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুর ভাষণে যা আছে:

১. রিকশা, গরুর গাড়ি, রেল চলবে ২, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর ৩. অর্থনীতি, রাজনীতি, সাংস্কৃতিক মুক্তি পাবে ৪. বিদেশের সাথে দেওয়া-নেওয়া চলবে না ৫. বাঙালিরা বুঝেসুঝে কাজ করবেন ৬. এই অংশ পাঠ্যপুস্তক বা সংবিধানে মুদ্রন করা হয়নি ৭. শুনুন মনে রাখবেন শত্রু বাহিনী ঢুকেছে ৮. নির্বাচনের পর বাংলাদেশের মানুষ ৯. আজ দুঃখের সাথে বলতে হয় ১০. আমরা গদিতে বসতে পারিনি ১১. তাতে সমস্ত দোষ তিনি আমার উপর দিয়েছেন ১২. ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো ১৩. পশ্চিম থেকে এখানে আসলেন ১৪. ভুট্টো বললেন তিনি যাবে না ১৫. তাকে মেরে ফেলা হবে ১৬. তারপর হঠাৎ ১ তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো ১৭. মার্শাল ল’ জারি ১৮. ১৯৬৬ সালে ৬ দফার আন্দোলনে ৭ জুনে ১৯. তারপর অনেক ইতিহাস হয়ে গেলো ২০. তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করলাম ২১. আমি তো অনেক আগেই বলে দিয়েছি কিসের রাউন্ড টেবিল কার সাথে বসবো ২২. হঠাৎ আমার সাথে পরামর্শ না করে ২৩. পাঁচ ঘণ্টা গোপন বৈঠক করে ২৪. আমি ১০ তারিখে সিদ্ধান্ত নিয়েছি ২৫. এরপূর্বে অ্যাসেমব্লিতে বসতে আমরা পারি না ২৬. তারপর বিবেচনা করে দেখবো ২৭. এই বাংলাদেশে কোট-কাছারি ২৮. সেমি-গভর্নমেন্ট দপ্তর ওয়াপদা ২৯. এরপর যদি বেতন দেওয়া না হয় ৩০. আর যদি আমার লোককে হত্যা করা হয় ৩১. যে সমস্ত শ্রমিক ভাইয়েরা যোগদান করেছে ৩২. প্রত্যেক শিল্পের মালিক ৩৩. সরকারি কর্মচারীদের বলি ৩৪. তাহলে কোনো বাঙালি ৩৫. কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না ৩৬. হিন্দু-মুসলমান বাঙালি অবাঙালি যারা আছে ৩৭. আমার এই দেশের মুক্তি না হচ্ছে ৩৮. যাতে মানুষ তাদের মাইনেপত্র নিতে পারে ৩৯. পূর্ববাংলা থেকে পশ্চিম পাকিস্তানে ৪০. আরো আলোচনা হবে ৪১. আমি বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসব ৪২. বন্ধ করার পর ৪৩. আপনারা হরতাল পালন করুন ৪৪. যা আমরা পয়সা দিয়ে (৫.৪০ সেকেন্ড) ৪৫. আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাবার চেষ্টা করেছি ৪৬. টেলিফোনে আমার সাথে তার কথা হয় ৪৭. ঐ শহিদের রক্তের উপর পাড়া দিয়ে ৪৮. সেজন্য সমস্ত অন্যান্য ৪৯. আপনারা আসুন বসুন ৫০. আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করবো।

ভাষণের সঠিক অংশ হবে:

১. ঘোড়া গাড়ি চলবে, ২. কাছে ৩. অর্থনৈতিক, রাজনৈতিক ৪. বিদেশের সঙ্গে নিউজ পাঠাতে হলে আপনারা চালাবেন ৫. বাঙালিরা বুঝে-শুনে ৬. এই অংশ পাঠ্যপুস্তক বা সংবিধানে মুদ্রন করা হয়নি ৭. শোনেন ৮. পর ৯. সঙ্গে ১০. নাই ১১. ‘তাতে’ শব্দটি অতিরিক্ত যোগ করা হয়েছে এবং ‘উপর’ শব্দটি ‘ওপরে’ হবে ১২. ‘ততদিন’ শব্দটি অতিরিক্ত যোগ করা হয়েছে ১৩. ‘পাকিস্তান’ শব্দটি বাদ দেওয়া হয়েছে ১৪. ‘সাহেব’ শব্দটি বাদ দেওয়া হয়েছে ১৫. ‘দেওয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে ১৬. ‘তারপরে’, ‘অ্য্যাসেম্বলি’ এবং ‘দেওয়া’ হবে ১৭. সঠিক বানান ‘জারি’ ১৮. সাতই ১৯. তারপরে ২০. তারপরে অন্যান্য নেতৃবৃন্দ তাদের সঙ্গে আলাপ করলাম ২১. আমিতো অনেক আগেই বলেছি কীসের আরটিসি কার সঙ্গে বসবো? ২২. সঙ্গে ২৩. ‘গোপনে’ হবে ২৪. বলে দিয়েছি ২৫. এরপূর্বে এরপূর্বে অ্যাসেমব্লিতে বসা, আমরা অ্যাসেমব্লিতে বসতে আমরা পারি না ২৬. তারপরে ২৭. ‘কাচারি’ হবে ২৮. দপ্তরগুলো ২৯. এরপরে ৩০. লোকদের ৩১. করেছেন ৩২. প্রত্যেকটা ৩৩. সরকারি ৩৪. বাঙ্গালি ৩৫. বাঙ্গালি ৩৬. বাঙ্গালি, নন-বাঙ্গালি ৩৭. হবে ৩৮. মাইনাপত্র নেবার ৩৯. ‘কিন্তু’ শব্দ বাদ পড়েছে ৪০. আরো ৪১. আমরা, অ্যাসেমব্লিতে বসবো ৪২. বন্ধ করে দেওয়ার পরে ৪৩. করেন ৪৪. ‘যা’ শব্দটি বাদ পড়েছে ৪৫. বাঙ্গালিরা ৪৬. সঙ্গে ৪৭. ওপর, দিয়ে ৪৮. সেইজন্য ৪৯. বসি ৫০. করি।

এই ৫০টি ভুল ছাড়াও সংবিধানে সন্নিবেশিত ভাষণে কিছু কিছু অংশ বাদ পড়েছে। বাদ পড়া অংশ রিট আবেদনে তুলে ধরা হয়েছে। তা হলো- ১. আপনারা জানেন, দোষ কী আমাদের আজকে তিনি (২.৫৯ সেকেন্ড) ২. আপনারা জানেন আলাপ-আলোচনা করেছি (৩.১০ সেকেন্ড) ৩. তিনি মেনে নিলেন (৩.৩৫ সেকেন্ড) ৪. আমরা আলাপ-আলোচনা করবো (৩.১০ সেকেন্ড) ৫. তারপরও যদি কেউ আসে, তাকে ছন্নছাড় করা হবে (৪.৪১ সেকেন্ড) ৬. আমরা পাকিস্তানের সংখ্যাগুরু (৫.৫৭ সেকেন্ড) ৭. যখনই এদশের মালিক হবার চেষ্টা করেছি (৬.০৫ সেকেন্ড) ৮. তারা আমাদের ভাই, আমি বলেছি তাদের কাছে এ কথা, যে আপনারা কেন? আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন। আপনাদের রাখা হয়েছে যদি বহিঃশক্র আক্রমণ করে, তার থেকে দেশকে রক্ষা করার জন্য। তারপরে উনি বললেন, যে আমার নামে বলেছেন, আমি নাকি বলে স্বীকার করেছি, যে দশই তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে। আমি উনাকে এ কথা বলে দেবার চাই, আমি তাকে তা বলি নাই (৬.১০ সেকেন্ড) ৯. ঢাকায় আসেন (৬.৪৭ সেকেন্ড) ১০, তারপরে আপনি ঠিক করুন (৭.০১ সেকেন্ড) ১১. বা আমাদের সঙ্গে আলোচনা না করে (৭.১৮ সেকেন্ড) ১২. এবং যে বক্তৃতা অ্যাসেমব্লি করেছেন (৭.২৫ সেকেন্ড) ১৩. ভালো হবে না (১১.১২ সেকেন্ড) ১৪. তবে অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদি আমরা শাস্তিপূর্ণভাবে আমাদের ফয়সালা করতে পারি, তাহলে অন্ততপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। সেইজন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে, আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না। (১৪.২২ সেকেন্ড) ১৫. দ্বিতীয় কথা, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে (১৩.৫২ সেকেন্ড) ১৬, আমি পরিষ্কার মিটিং এ বলেছি, এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম (৭.৩৪ সেকেন্ড)।

মাস্ক বিক্রিতে ‘মুনাফা’ নিষিদ্ধ করল জাপান

0

করোনাভাইরাস আতঙ্কে বিশ্বজুড়ে মাস্কের জন্য হাহাকার চলছে। নতুন এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই আতঙ্কিত হয়ে খাদ্য সামগ্রী, মাস্ক এবং স্যানিটাইজার মজুদ করছেন। তরতর করে বেড়ে চলেছে ফেস মাস্কের চাহিদা। ফলে বিশ্ববাজারে মাস্কের সংকট দেখা দিয়েছে। করোনা ভাইরাস আতঙ্কে যখন দেশে দেশে মাস্কের চাহিদা বেড়ে গেলো, তখনই এর দাম বাড়িয়ে দিলেন অসাধু ব্যবসায়ীরা।

এই যখন অবস্থা, তখন জাপান সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। লাভের জন্য মাস্ক বিক্রি করাকে নিষিদ্ধ করে একে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেছে জাপান সরকার।

বলা হয়েছে, যারা অতিরিক্ত লাভের জন্য মাস্ক বিক্রি করবে তাদের এক বছরের কারাদণ্ড বা ১০ লাখ জাপানি ইয়েন জরিমানায় দণ্ডিত করা হবে। অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এই শাস্তি ১৫ মার্চ থেকে কার্যকর হবে।

জাপানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলেছে, ‘আমার এটা নিশ্চিত করতে চাই যে, জাপানের সকল মানুষ এই মাস্ক পেতে পারেন।’

এদিকে জাপানে এখন পর্যন্ত এক হাজার ২০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এই ভাইরাসে মারা গেছেন ১৬ জন।

ঘরে বসেই তৈরি করুন মাস্ক

0

সারা বিশ্বজুড়েই ছড়িয়েছে করোনা আতঙ্ক। বাংলাদেশেও করোনা ছড়িয়েছে। এই ভাইরাসে দেশে আক্রান্ত হয়েছেন তিনজন। নতুন এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই আতঙ্কিত হয়ে খাদ্য সামগ্রী, মাস্ক ও স্যানিটাইজার মজুদ করছেন। তাই বেড়েছে সার্জিক্যাল মাস্কের চাহিদা।

এদিকে, মাস্কের আকাল পড়েছে ওষুধের দোকানে। এই অবস্থায় অযথা আতঙ্কিত হবেন না। চাইলে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় মাস্ক। আর মাস্ক যে শুধু করোনার জীবাণু আটকাবে, তাই-ই নয়। বাইরের দূষণ, ধুলাবালি আর নানা রোগের জীবাণুর হাত থেকেও বাঁচাবে। তাই ছোট-বড় সবার প্রতিদিনই মাস্ক ব্যবহার করা উচিত।

জেনে নিন মাস্ক তৈরি করার পদ্ধতি

চার ইঞ্চি করে দুই টুকরো সুতি কাপড় নিন। একটির সঙ্গে আরেকটি সেলাই করুন। সেলাই দেওয়ার সময় আধা ইঞ্চি পর পর ভাঁজ করে নিন। এবার দুই পাশে রাবার লাগিয়ে নিন কান পর্যন্ত। তৈরি হয়ে গেল আপনার মাস্ক।

বাড়ির সবার জন্য একবারে বেশি করে তৈরি করে রাখুন। এগুলো ব্যবহার করলে সব সময়ই জীবাণু থেকে নিরাপদে থাকতে পারবেন। আর হয়তো করোনা হাত থেকেও বেঁচে যেতে পারেন।

উন্নয়নের স্বার্থে সামুদ্রিক সম্পদ নিয়ে গবেষণা বাড়াতে হবে

0

বাংলাদেশে বিপুল পরিমাণ সামুদ্রিক সম্পদ রয়েছে। যা আহরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরো এগিয়ে নেওয়া সম্ভব। সেই সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত গবেষণা বাড়ানোর জন্য বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আজ মঙ্গলবার কক্সবাজার জেলার রামুতে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইন্সটিটিউট (বিওআরআই) সরেজমিনে পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হক।

এ সময় কমিটির সদস্য মো. শফিকুল আজম খাঁন, মো. মোজাফ্ফর হোসেন, মো. আক্তারুজ্জামান বাবু, শিরীন আহমেদ, সেলিমা আহমাদ ও হাবিবা রহমান খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জাননো হয়েছে, সংসদীয় কমিটির সদস্যরা বিওআরআই ঘুরে দেখেন। তারা বিওআরআই’র কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তারা আন্তরিকতা ও আত্মবিশ্বাসের সাথে কাজ করার জন্য সেখানে দায়িত্বপ্রাপ্ত সকলের প্রতি আহ্বান জানান।

কমিটির সদস্য মো. আক্তারুজ্জামান বাবু জানান, সাগরের মূল্যবান সম্পদ অনুসন্ধান আহরণ ও সংরক্ষণের মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ ও দেশের দারিদ্র বিমোচনের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। সেই উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইন্সটিটিউট (বিওআরআই)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটির দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে। অগ্রগতির এই ধারা অব্যাহত রাখতে গবেষণা জোরদারের উপর গুরুত্বারোপ করেছে সংসদীয় কমিটি।

পাবনায় তিনজন ‘হোম কোয়ারেন্টাইনে’

0

পাবনায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে বিদেশফেরত তিন ব্যক্তিকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। ওই তিনজনের শরীরে এখনো করোনার কোনো লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এদিকে করোনা মোকাবিলায় জেলা-উপজেলা পর্যায়ে কমিটি গঠন, জেলার প্রতিটি হাসপাতালে পৃথক আইসোলেশন সেন্টার তৈরি ও শহরের একটি বিদ্যালয়কে আইসোলেশন কেন্দ্র ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক কবীর মাহমুদ এ কথা জানান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রূপপুর পারমাণবিক কেন্দ্রের নির্মাণকাজসহ বিভিন্ন কারণে পাবনায় বিদেশিদের আনাগোনা রয়েছে। অনেক প্রবাসীও বিভিন্ন দেশ থেকে ফিরছেন। ফলে তাঁদের পর্যবেক্ষণে রাখতে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। গত দুই দিনে জেলার আটঘরিয়া ও ঈশ্বরদীতে তিন ব্যক্তি বিদেশ থেকে ফিরেছেন। তাঁদের প্রত্যেককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আগামী দুই সপ্তাহ তাঁদের বাড়ি থেকে বের হওয়া বন্ধ করা হয়েছে। তবে কারও শরীরে এখন পর্যন্ত করোনার কোনো লক্ষণ পাওয়া যায়নি।

পাবনার সিভিল সার্জন মেহেদী ইকবাল প্রথম আলোকে বলেন, পরিস্থিতি বিবেচনায় প্রতিদিন নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। করোনা প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে বিশেষ প্রচার চালানো হচ্ছে। তবে এখনো আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিত তৈরি হয়নি। জেলার কোথাও এখনো করোনার অস্থিত্ব মেলেনি।

এ বিষয়ে জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, করোনাভাইরাস নিয়ে শঙ্কিত হওয়ার কিছুই নেই। এটি একটি সাধারণ অসুখের মতোই। এরপরও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, জেলাবাসী নিরাপদে থাকবে।