Home Blog Page 3097

করোনায় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে

0

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি চাপের মুখে পড়েছে। বাংলাদেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে সেই প্রভাবটি ঠিক কী ধরনের হবে, সেটা এখনই আমরা বলতে পারছি না।’

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একনেকের বৈঠক। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

আজ একনেক ২৪ হাজার ১১৩ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ‘মাতারবাড়ী পোর্ট ডেভেলপমেন্ট’ প্রকল্পসহ নয়টি প্রকল্পের অনুমোদন হয়েছে। এই প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে পাওয়া যাবে ৬ হাজার ১৫১ কোটি ২৬ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ২১৩ কোটি ২৫ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে বৈদেশিক ঋণ পাওয়া যাবে ১৫ হাজার ৭৪৮ কোটি ৭৬ লাখ টাকা।

পরিকল্পনামন্ত্রী বলেন, বড় আকারের জাহাজ ভেড়ার উপযোগী করে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ও ধলঘাট এলাকায় গভীর সমুদ্রবন্দর স্থাপনের লক্ষ্যে ‘মাতারবাড়ী পোর্ট ডেভেলপমেন্ট’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এই সমুদ্রবন্দর নির্মিত হলে দেশের কার্গো হ্যান্ডলিং ক্ষমতা অনেক বাড়বে। পাশাপাশি ভবিষ্যতে এই বন্দর আন্তর্জাতিক বাণিজ্যচাহিদা মেটানো এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ত্বরিত বন্দরসেবা প্রদানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী এ প্রকল্পটিকে স্বপ্নের প্রকল্প আখ্যা দিয়ে বলেন, ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণের মধ্যে দিয়ে বৈদেশিক বাণিজ্যে আমাদের অবস্থান আরও শক্তিশালী হবে।’

প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৭৭৭ কোটি ১৬ লাখ টাকা। এর মধ্যে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (জাইকা) বৈদেশিক ঋণসহায়তা প্রদান করবে ১২ হাজার ৮৯২ কোটি ৭৬ লাখ টাকা। এ ছাড়া বাংলাদেশ সরকারের তহবিল থেকে ২ হাজার ৬৭১ কোটি ১৫ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে পাওয়া যাবে ২ হাজার ২১৩ কোটি ২৫ লাখ টাকা। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ডিসেম্বর মেয়াদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগ যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, মাতারবাড়ী সমুদ্রবন্দরে ৩০০ ও ৪৬০ মিটার দৈর্ঘ্যের দুটি টার্মিনাল থাকবে। এর একটি হবে বহুমুখী টার্মিনাল ও অপরটি কনটেইনার টার্মিনাল।
এ ছাড়া বন্দরের সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ করা হবে। একসঙ্গে আট হাজার কনটেইনারবাহী জাহাজ বন্দরে ভিড়তে পারবে।

পরিকল্পনামন্ত্রী বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) হালনাগাদ তথ্য উপস্থাপন করে বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে ৭৯ হাজার ৭৮৫ কোটি ৮৬ লাখ টাকার এডিপি বাস্তবায়ন হয়েছে, যা মোট এডিপির ৩৭ দশমিক ০৯ শতাংশ।

একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো লেবুখালী-রামপুর-মির্জাগঞ্জ সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প, এতে ব্যয় ধরা হয়েছে ৪১৯ কোটি ৮৯ লাখ টাকা, কচুয়া-বেতাগী-পটুয়াখালী-লোহালিয়া-কালাইয়া সড়কের ১৭তম কিলোমিটারে পায়রা নদীর সেতু নির্মাণ প্রকল্প, যার বাস্তবায়ন খরচ হবে ১ হাজার ৪২ কোটি ৪৮ লাখ টাকা, স্পেশাল সিকিউরিটি ফোর্সেস ফায়ারিং রেঞ্জের আধুনিকায়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ৫১ কোটি ৫৪ লাখ টাকা।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ১১৮ কোটি ২৮ লাখ টাকা, বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পে ব্যয় হবে ১৬১ কোটি ৫ লাখ টাকা, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলাধীন পাকেরদহ ও বালিজুরি এবং বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার জামথল যমুনা নদীর ভাঙন থেকে রক্ষা প্রকল্প, এর খরচ ধরা হয়েছে ৫৮৪ কোটি ৭২ লাখ টাকা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা কার্যালয়ের ২০ তলা ভিতবিশিষ্ট দুটি বেইসডসহ ১০ তলা প্রধান কার্যালয় নির্মাণ প্রকল্প বাস্তবায়নে খরচ ধরা হয়েছে ১০২ কোটি ৭৫ লাখ টাকা ও ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পের খরচ ধরা হয়েছে ৩ হাজার ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা।

সাতক্ষীরায় সোনার ৯টি বারসহ আটক এক

0

ভারতে পাচারের সময় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে সোনার নয়টি সোনার বারসহ একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। তাঁর নাম মিলন মিয়া (২৮)।

আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তবর্তী রওশনের মোড় এলাকা থেকে সোনাসহ তাঁকে আটক করা হয়। তাঁর বাড়ি উপজেলার ভাদিয়ালী গ্রামে।

বিজিবি জানায়, কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে—এমন খবরের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি কমান্ডার হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তবর্তী রওশনের মোড় এলাকায় অবস্থান নেয়। বিকেল চারটার দিকে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় মিলন মিয়াকে আটক করা হয়। এরপর তাঁর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সোনার নয়টি বার উদ্ধার হয়। উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ১৪৭ দশমিক পাঁচ গ্রাম। বাজার মূল্য ৫৬ লাখ ৭৩৭৫ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, মিলন মিয়াকে আসামি করে কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শহিদুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় মামলা করেছে। তাঁকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

বড় ধসের পর বড় উত্থান

0

এক দিন পরই ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টকএক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪৮ পয়েন্ট বা ৩ শতাংশ, লেনদেন শেষে অবস্থান করছে ৪ হাজার ১৫৬ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৪৩ পয়েন্ট বা ২ শতাংশ।

করোনায় আক্রান্ত হওয়ার খবরে গতকাল শেয়ারবাজারের সূচকের ওপর দিয়ে যেন ঝড় বয়ে যায়। সেই ঝড়ে ভালো-মন্দনির্বিশেষে সব শেয়ারের দাম পড়ে যায়। গত আট বছরের বেশি সময়ের ব্যবধানে সূচকের সর্বোচ্চ পতন ঘটে। দিন শেষে ডিএসইএক্স সূচকটি ২৭৯ পয়েন্ট বা সাড়ে ৬ শতাংশ কমে চার হাজারের ঘরে নেমে আসে। ৯৯ শতাংশ শেয়ারের দাম কমায় এক দিনে বাজার মূলধন কমে ১৭ হাজার ২৯১ কোটি টাকা। এর আগের দিনও সূচকটি ৯৭ পয়েন্ট কমে।

বাজার বিশ্লেষকেরা বলেন, করোনা নিয়ে আতঙ্কেই পুঁজিবাজারে এই ধস নামে। আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে দিয়েছেন বিনিয়োগকারীরা। তবে এটা সাময়িক প্রভাব। কেটে যাবে।

ডিএসইতে আজ ৩২৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসের চেয়ে ১৭১ কোটি টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৪৯৯ কোটি ৩৫ লাখ টাকা। ডিএসইতে আজ ৩৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২৩টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড, বিকন ফার্মা, এসকে ট্রিমজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্র্যাক ব্যাংক, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।

অন্যদিকে, সিএসইতে মোট লেনদেন হয়েছে ১২ কোটি ৬৬ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ৪৯টির, অপরিবর্তিত ১৪টির।

জুতা রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাজারেই স্বস্তি

0

পণ্য রপ্তানি নিয়ে স্বস্তিতে নেই বাংলাদেশ। দুই মাস ধরে রপ্তানি কমছে। এই অস্থির সময়েও যুক্তরাষ্ট্রের বাজারে জুতা রপ্তানিতে ভালো করছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৯ সালে বাজারটিতে এ দেশের উদ্যোক্তারা ১৬ কোটি ৯২ লাখ ডলার বা দেড় হাজার কোটি টাকার জুতা রপ্তানি করেছেন। ২০১৮ সালে রপ্তানির পরিমাণ ছিল ১৩ কোটি ৩১ লাখ ডলার। সেই হিসাবে গত বছর জুতা রপ্তানি বেড়েছে ২৭ শতাংশ।

অবশ্য কয়েক বছর ধরেই বাজারটিতে বাংলাদেশের জুতা রপ্তানি ধারাবাহিকভাবে বাড়ছে। যেমন ২০১৪ সালে ৬ কোটি ১৪ লাখ ডলারের জুতা রপ্তানি হয়েছিল। সেই রপ্তানি বেড়ে গত বছর ১৩ কোটি ৯২ লাখ ডলারে উঠেছে। তার মানে, পাঁচ বছরের ব্যবধানে জুতা রপ্তানি বেড়েছে দ্বিগুণের বেশি।

তবে যুক্তরাষ্ট্রের বাজারে ভালো করলেও সামগ্রিকভাবে চামড়ার জুতা রপ্তানিতে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম আট মাসে ৩৩ কোটি ডলারের চামড়ার জুতা রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৩ শতাংশ কম। ২০১৮-১৯ অর্থবছরে ৬০ কোটি ডলারের চামড়ার জুতা রপ্তানি হয়েছিল। অন্যদিকে কৃত্রিম চামড়া, কাপড় ও অন্যান্য উপাদানে তৈরি জুতা রপ্তানিতে স্বস্তিতে আছে বাংলাদেশ। চলতি অর্থবছরের প্রথম আট মাসে ১৮ কোটি ডলারের চামড়াবিহীন জুতা রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৫ দশমিক বেশি।

ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) তথ্যানুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রের আমদানিকারকেরা বিভিন্ন দেশ থেকে ২ হাজার ৫৪৭ কোটি ডলারের জুতা কিনেছেন। ২০১৮ সালে তাঁরা আমদানি করেছিলেন ২ হাজার ৬১৯ কোটি ডলারের জুতা। সেই হিসাবে গত বছর যুক্তরাষ্ট্রে জুতা আমদানি কমেছে ২ দশমিক ৮৩ জুতা।

অটেক্সার তথ্যানুযায়ী, বাংলাদেশ গত বছর যুক্তরাষ্ট্রের বাজারে ৬২ লাখ জোড়া জুতা রপ্তানি করেছে। ২০১৮ সালে পরিমাণটি ছিল ৫১ লাখ জোড়া। তার মানে, গত বছর ১১ লাখ জোড়া জুতা বেশি রপ্তানি করেছেন বাংলাদেশের উদ্যোক্তারা।

অ্যাপেক্স, বে, লেদারেক্স ফুটওয়্যারসহ এক শর বেশি প্রতিষ্ঠান জুতা রপ্তানির সঙ্গে যুক্ত আছে। বাংলাদেশের জুতা রপ্তানির ৬০-৬৫ শতাংশের বেশি যায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে। তারপরই ১৭-১৮ শতাংশ জুতা রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। জাপানে রপ্তানি হয় ৬-৭ শতাংশ জুতা।

যুক্তরাষ্ট্রের বাজারে জুতার বড় ব্যবসা করে টিম্বারল্যান্ড। বর্তমানে ব্র্যান্ডটি তাদের ৩০ শতাংশ জুতা বাংলাদেশি কয়েকটি কারখানা থেকে নিচ্ছে। সে জন্য সাম্প্রতিক সময়ে বাজারটিতে রপ্তানি ভালো হচ্ছে। এসব তথ্য দিয়ে অ্যাপেক্স ফুটওয়্যারের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবদুল মোমেন ভূঁইয়া গতকাল প্রথম আলোকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন কয়েকটি ব্র্যান্ড খোঁজখবর নিচ্ছে। আশা করছি, ভবিষ্যতে জুতা রপ্তানি আরও বৃদ্ধি পাবে।’

যুক্তরাষ্ট্রের বাজারে জুতা রপ্তানিতে বরাবরের মতোই শীর্ষে রয়েছে চীন। তবে তাদের রপ্তানি কমেছে। ২০১৮ সালে চীন ১ হাজার ৩৮৮ কোটি ডলারের জুতা রপ্তানি করেছিল। গত বছর সেটি ১১ শতাংশ কমে ১ হাজার ২৫৯ কোটি ডলারে নেমেছে। চীনের পরেই সবচেয়ে বেশি রপ্তানি করে ভিয়েতনাম। গত বছর ভিয়েতনাম ৬৭৭ কোটি ডলারের জুতা রপ্তানি করেছে, যা ২০১৮ সালের চেয়ে ১০ শতাংশ বেশি। ২০১৮ সালে ভিয়েতনাম রপ্তানি করেছিল ৬১৫ কোটি ডলারের জুতা।

ট্রাম্পের দেশে তৃতীয় সর্বোচ্চ জুতা রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া। গত বছর ১৬৩ কোটি ডলারের জুতা রপ্তানি করেছেন দেশটির উদ্যোক্তারা। ২০১৮ সালের তুলনায় তাঁদের রপ্তানি বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮৪ শতাংশ। বাজারটিতে ইতালি চতুর্থ সর্বোচ্চ ১৫৪ কোটি ডলারের জুতা রপ্তানি করেছে। বাংলাদেশের প্রতিবেশী ভারত গত বছর যুক্তরাষ্ট্রে ৪৬ কোটি ডলারের জুতা রপ্তানি করেছে। ২০১৮ সালে তাদের রপ্তানি ছিল ৪৩ কোটি ডলারের। সেই হিসাবে গত বছর তাদের রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৯৭ শতাংশ।

যুক্তরাষ্ট্রের বাজারে ভালো করলেও সামগ্রিকভাবে জুতা রপ্তানি নিয়ে দুশ্চিন্তায় আছেন বাংলাদেশের এই খাতের উদ্যোক্তারা। তাঁরা বলছেন, বৈশ্বিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) অনুমোদনবিহীন কোনো ট্যানারি থেকে চামড়া কেনে না ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বড় ব্র্যান্ডগুলো। তবে সেটি অর্জন করতে পারেনি সাভারের চামড়াশিল্প। কারণ, কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের (সিইটিপি) কাজই পুরোপুরি কার্যকর হয়নি। তাই অধিকাংশ জুতা রপ্তানিকারককে আমদানি করা চামড়ার ওপরই নির্ভর করতে হচ্ছে।

জানতে চাইলে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বিসিক বলেছিল, এলডব্লিউজির অনুমোদনের জন্য ৩১ জানুয়ারিতে আবেদন করবে, কিন্তু তারা সেটি করতে পারেনি। এলডব্লিউজির অনুমোদন না থাকায় কয়েক বছর ধরে আমাদের চামড়ার বড় বাজার হচ্ছে চীন। কিন্তু করোনাভাইরাসের কারণে চীনা ক্রেতারাও পণ্য নিচ্ছেন না। সব মিলিয়ে কঠিন সময় পার করছি আমরা।’

আউটস্ট্যান্ডিং উইমেন অ্যাওয়ার্ডস পেলেন আট নারী

0

সম্প্রতি ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের উদ্যোগে দেশবরেণ্য আটজন নারীকে আউটস্ট্যান্ডিং উইমেন অ্যাওয়ার্ডস ২০২০ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছে উপস্থিত ছিলেন পোশাকমালিক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত সভাপতি রুবানা হক। তিনি আউটস্ট্যান্ডিং উইম্যানদের অ্যাওয়ার্ড তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর। উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের বিজনেস ডিরেক্টর মো. কামরুল হাসান ও মার্কেটিং ম্যানেজার খন্দকার ইশতিয়াক আহমদ। অনুষ্ঠানে আটটি বিশেষ ক্যাটাগরিতে আটজন নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত নারীরা হলেন মেডিকেল সায়েন্সে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট সামিনা চৌধুরী, সোশ্যাল সার্ভিসে বাংলাদেশ এনভায়রনমেন্ট লইয়ার্স অ্যাসোসিয়েশনের (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, উদ্যোক্তা: খান’স কিচেনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বেগম, শিক্ষায় ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা সুলতানা, করপোরেটে ব্র্যাক ইন্টারন্যাশনালের ডিরেক্টর (হিউম্যান রিসোর্সেস) শারমিন সুলতান, ক্রীড়ায় স্প্রিন্টার শিরিন আক্তার, ফ্যাশনে মডেল পিয়া জান্নাতুল, সংগীতে কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত প্রায় পাঁচ শতাধিক নারী অংশগ্রহণ করেন। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের এ উদ্যোগ বাংলাদেশের নারীদের সামনে আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি

তেলের দাম কমায় ক্ষতির মুখে যারা

0

১৯৯১ সালের ১৭ জানুয়ারি শুরু হওয়া প্রথম উপসাগরীয় যুদ্ধের পর গতকাল সোমবারই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এক দিনের কেনাবেচায় সর্বোচ্চ কমেছে। গতকাল এক দিনেই জ্বালানি তেলের দাম কমেছে ৩৩ শতাংশ। করোনা মহামারির প্রভাব যেন ছড়িয়ে পড়েছে বিশ্ব তেলের বাজারে।

গতকাল তেলের বাজারে দিনভরই অস্থিরতা ছিল। একপর্যায়ে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম কমে ২৭ দশমিক ৩৪ ডলারে নেমে আসে। ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারির পর এটি বিশ্ববাজারে জ্বালানি তেলের সর্বনিম্ন দর। লেনদেনের এর আগে-পরে অবশ্য ব্যারেলপ্রতি কখনো ৩৩ দশমিক ৮৯ ডলার, কখনোবা ৩১ দশমিক শূন্য ২ ডলার, কখনো ৩০ দশমিক ১৬ ডলারে কেনাবেচা হয়। শেষ লেনদেন হয় ৩৩ দশমিক ১৫ ডলারে।

সিএনএনের এক বিশ্লেষণে বলা হচ্ছে, বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব গত সপ্তাহে শেষে তেলের ‘দাম-যুদ্ধ’ শুরু করায় বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। গত শুক্রবার তেলের দাম বাড়ানোর জন্য উৎপাদন কমাতে ওপেক ও রাশিয়া কোনো চুক্তিতে না পৌঁছাতে পারায় পরদিন সৌদি আরব তাদের তেলের দাম কমিয়ে দেয়। শুরু হয় তেলের ‘দাম-যুদ্ধ’। এমনিতেই কয়েক মাস ধরে করোনাভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপীই জ্বালানির চাহিদা কমে গেছে। করোনার কারণে চীন থেকে প্রতিদিন এক কোটি ব্যারেল তেলের চাহিদা কমে গেছে।

ক্রমহ্রাসমান চাহিদা কমার কারণে দাম কমায় কে যে লাভবান হবে, তা বলা মুশকিল। প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর তেল কোম্পানিগুলো বাজারে শেয়ারের দর হারাতে শুরু করেছে। রাশিয়ার দাবি, দাম কমে যাওয়ায় তাদের অর্থনীতিতে তেমন প্রভাব পড়বে না। কারণ, ব্যারেলপ্রতি ৪০ ডলার ধরে বাজেট পরিকল্পনা করে রাশিয়া।

উপসাগরীয় দেশগুলো, যেমন: সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত তেলনির্ভর অর্থনীতি। এসব দেশের সরকারি ব্যয় অনেক বেশি। নিজেদের আয়–ব্যয়ের হিসাব মেলাতে প্রতি ব্যারেল তেলের দাম অন্তত ৭০ ডলার হওয়া প্রয়োজন তাদের জন্য। এ ছাড়া তেল রপ্তানিনির্ভর দেশ, যেমন: ইরাক, ইরান, লিবিয়া ও ভেনেজুয়েলাকে চড়া মূল্য দিতে হবে। পার পাবে না যুক্তরাষ্ট্রও। কম দাম দেশটির তেল কোম্পানিগুলোকে ভালোই আঘাত করবে।

অবশেষে উহানে গেলেন সি চিন পিং

0

করোনাভাইরাসের প্রাদুর্ভাব যে উহান শহরে, সেখানে গেলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। রোগ ছড়ানোর পর আজ মঙ্গলবার প্রথম সেখানে গেলেন চীনের প্রেসিডেন্ট। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চীন কর্তৃপক্ষ বলছে, দেশটিতে ভয়াবহ পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। প্রেসিডেন্টের সফর তারই বহিঃপ্রকাশ।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান। গত জানুয়ারির শেষ দিক থেকে শহরটি কার্যত পুরো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। দুই সপ্তাহ ধরে এখানে সংক্রমণের হার কমতে শুরু করেছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, চীনের কমিউনিস্ট পার্টির প্রধান সি উড়োজাহাজে করে উহানে পৌঁছান। তাঁর এই সফরের লক্ষ্য ‘মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ পরিস্থিতি সরজমিনে দেখা’।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেখা গেছে, ভিডিওর সংযোগের মাধ্যমে নগরের একটি হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও রোগীদের সঙ্গে মাস্ক পরে কথা বলছেন সি। তিনি এ দফায় সামরিক কর্মকর্তা, সমাজসেবাকর্মী, পুলিশ, স্থানীয় অধিবাসী ও রোগীদের সঙ্গে কথা বলবেন।

মাও সে তুংয়ের পর চীনের সবচেয়ে ক্ষমতাশালী শাসক হিসেবে গণ্য করা হয় সি চিন পিংকে। রাষ্ট্রীয় গণমাধ্যমে তাঁর সরব উপস্থিতি থাকে প্রতিদিন। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁকে গণমাধ্যমে খুব একটা দেখা যাচ্ছিল না। তাঁর চেয়ে বরং প্রধানমন্ত্রী লি কেছিয়াংয়ের উপস্থিতিই জোরালো ছিল। সংকট মোকাবিলায় লিকে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জানা গেছে। লি এবং উপপ্রধানমন্ত্রী সুন চুনলান এর আগেই উহান ঘুরে গেছেন।

সাম্প্রতিক সময়ে সংক্রমণের হার কমতে শুরু করলে রাষ্ট্রীয় গণমাধ্যম এই সংকট মোকাবিলার সির ভূমিকা তুলে ধরতে আবার সচেষ্ট হয়। গত মাসে করোনা নিয়ে সরকাররে ভূমিকা তুলে ধরে বক্তব্যও দেন সি।

সির এই সফর নিয়ে হংকংয়ের ব্যাপ্টিস্ট ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ব্রুস লিউই বলেন, ‘করোনা পরিস্থিতি যখন ভয়াবহ অবস্থায় পৌঁছেছিল, তখন সমালোচনার ভয়েই প্রাদুর্ভাবের মূল জায়গাটায় যেতে চাননি সি। কিন্তু এখন পরিস্থিতি ভালো হওয়ায় প্রশংসার ভাগীদার হওয়ার জন্যই তিনি সেখানে গেছেন।’

ভয়াবহ পরিস্থিতির মধ্যে গত সপ্তাহে চীনের উপপ্রধানমন্ত্রী সুন চুনলান উহানে গেলে স্থানীয় মানুষের রোষের মুখে পড়েন। ব্রুস লিউই নামের একজন বলেন, ‘সির আগে উহানে গিয়ে সুন জনরোষের ঝুঁকিটা আগে কমিয়ে দিয়েছিলেন। বলা যায়, সির পথ পরিষ্কার করেছিলেন।’

চীন থেকে শতাধিক দেশে ছড়িয়ে পড়া এই ভয়াবহ ভাইরাসে আক্রান্ত হয়ে চার হাজারের বেশি মানুষ মারা গেছে। এর মধ্যে বেশির ভাগই চীনের। আজ চীন ঘোষণা করেছে, মাত্র ১৭ জন নতুন করে সংক্রামিত হয়েছে এ ভাইরাসে। গত ২১ জানুয়ারি থেকে চীন করোনা আক্রান্ত ব্যক্তিদের উপাত্ত দেওয়া শুরু করে। এরপর থেকে আজই আক্রান্ত মানুষের সংখ্যা সর্বনিম্ন।

জনস্বাস্থ্যই আমাদের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কর্মসূচি এমনভাবে উদ্‌যাপিত হবে, যাতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মাধ্যমে জনগণ স্বাস্থ্যঝুঁকিতে না পড়ে। তিনি বলেন, ‘প্রাণঘাতী ভাইরাস যেহেতু বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করেছে, কাজেই জনগণের সুরক্ষা এবং স্বাস্থ্যের প্রতি মনোনিবেশ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সে কারণেই আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন কর্মসূচি পুনরায় সাজিয়েছি।’

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর সরকারি বাসভবন গণভবনে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকের প্রারম্ভিক ভাষণে এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই জনগণ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তাদের মঙ্গলের কথা চিন্তা করেই আমরা কর্মসূচি (জন্মশতবর্ষ উদ্‌যাপন) নতুন করে সাজিয়েছি, যদিও এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক ছিল।’

প্রাণঘাতী এই ভাইরাসের কারণে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চাপ বাড়ানোর আহ্বান

সফররত ফ্রান্সের সশস্ত্র বাহিনী বিভাগের মন্ত্রী ফ্লোরেন্স পারলি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিয়ে যাওয়ার জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি গতকাল দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে আরও বলেন, তাঁর দেশ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

ফ্লোরেন্স পারলি লালমনিরহাটের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদানের বিষয়ে তাঁর দেশের আগ্রহের কথা ব্যক্ত করেন। জবাবে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন এবং এ ক্ষেত্রে আরও সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এই খাতে ফ্রান্সের সঙ্গে আরও সহযোগিতা দেখতে চাই।’

১৭ মার্চ মুজিব বর্ষের মূল অনুষ্ঠান হচ্ছে না, অনুষ্ঠানে কাটছাঁট

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান কাটছাঁট করা হয়েছে। ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠেয় মূল অনুষ্ঠানটি ওই দিন হচ্ছে না। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জনস্বার্থে ও জনকল্যাণে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সরকার।

রোববার রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে মুজিব বর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস ও সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত হয়েছে। বড় পরিসরে জনসমাগম করা হবে না।’ জনস্বাস্থ্যের কথা বিবেচনায় অনুষ্ঠানসূচিতে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।

এর আগে রোববার বিকালে বাংলাদেশে তিনজন কোভিড-১৯ রোগী ধরা পড়ার তথ্য প্রকাশিত হয়। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ কথা জানানোর পর রাতে বৈঠকে বসে জাতীয় কমিটি।

বার্তা সংস্থা ইউএনিব জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার উপস্থিতিতে জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় মুজিব বর্ষের অনুষ্ঠান বিষয়ে পর্যালোচনা হয়। ওই বৈঠক শেষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ ব্রিফিংয়ে মুজিব বর্ষের অনুষ্ঠান সংক্ষিপ্ত করার কথা জানান কামাল আবদুল নাসের। তিনি জানান, বর্তমানে করোনাভাইরাসের কারণে যে বিশ্ব পরিস্থিতি, সে বিষয় বিবেচনায় নিয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় জনসমাগম পরিহারের সিদ্ধান্ত হয়েছে। তবে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপনের কর্মসূচি থাকছে। এ ছাড়া স্মারক ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা হতে পারে, তা–ও সীমিত পরিসরে করার পরামর্শ দেওয়া হয়েছে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া মুজিব বর্ষের অনুষ্ঠান প্রচার ও প্রকাশ করবে। সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এসবের মাধ্যমে জনগণ সম্পৃক্ত থাকবে।

কামাল আবদুল নাসের বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান চলতি বছরের ১৭ মার্চ থেকে শুরু হয়ে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত চলবে। ফলে বিদেশি অতিথিদের উপস্থিতিতে যেসব অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেগুলো পরে অনুষ্ঠিত হতে পারে।’

জাতীয় প্যারেড গ্রাউন্ডে জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কয়েকজন বিশ্বনেতা উপস্থিত থাকার কথা ছিল। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ওই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ব্যক্তি ও কর্মজীবন নিয়ে হলোগ্রাফিক উপস্থাপনা ও থিম সং পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি, শত শিশুর কণ্ঠে গানসহ বর্ণাঢ্য আয়োজন ছিল। অনুষ্ঠানে দেড় লাখ মানুষের সমাগম হওয়ার পরিকল্পনা করেছিলেন আয়োজকেরা।

কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘বড় আকারের জনসমাবেশ পরিহার করে জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানগুলো চলবে। আমরা আমাদের জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করব। বছরজুড়ে মুজিব বর্ষের অনুষ্ঠান চলবে।’ তাঁর মতে, এটি অনুষ্ঠান স্থগিত রাখা নয়; অনুষ্ঠান কিন্তু চলবে। তবে বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামাল আবদুল নাসের বলেন, ‘পূর্বনির্ধারিত অনুষ্ঠানের পরিবর্তে কীভাবে তা উদ্‌যাপিত হবে, সে সম্পর্কে আজ রোববার জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠক আছে। বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

দৃশ্যমান হলো ৩৯০০ মিটার

0

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ২৮ ও ২৯ নম্বর পিলারের ওপর বসানো হ‌লো ২৬তম স্প্যান। এর মধ্য দিয়ে সেতুর তিন হাজার ৯০০ মিটার দৃশ্যমান হ‌লো। আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৯টা ৫ মি‌নি‌টে স্প্যান‌টি খুঁটি‌তে বসা‌নোর কাজ শেষ হয়।

এর আগে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পদ্মা সেতু‌তে বসা‌নো হয় ২৫তম স্প্যান। ১৯ দি‌নের মাথায় বস‌ল ২৬তম স্প্যান।

পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল কা‌দের মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল কা‌দের বলেন, গতকাল সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে জাজিরা প্রান্তের দিকে রওনা দেয় ক্রেন। দুপুর ২টার দিকে জাজিরা প্রান্তের ২৮ ও ২৯ নম্বর পিলারের কাছে পৌঁছয় স্প্যান‌টি। আজ মঙ্গলবার (১০ মার্চ) ভো‌রে এটি খুঁটির ওপর ওঠানোর কাজ শুরু করেন সেতু প্রকল্পের প্রকৌশলী এবং কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ৯টা ৫ মি‌নি‌টে স্প্যান‌টি পু‌রোপু‌রি খুঁটি‌তে বসা‌নোর কাজ শেষ হয়।

গত ১৪ জানুয়ারি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৩২ ও ৩৩ নম্বর পিলারের ওপর বসানো হয় ২১তম স্প্যান, ২৩ জানুয়ারি মাওয়া প্রান্তের ৫ ও ৬ নম্বর পিলারের ওপর বসানো হয় ২২তম স্প্যান। চলতি মাসের ২ ফেব্রুয়ারি বসেছে ২৩তম, ১১ ফেব্রুয়ারি ২৪তম এবং ২১ ফেব্রুয়ারি বসানো হয় ২৫তম স্প্যান।

পদ্মা সেতু প্রকল্প সূত্র জানায়, চলতি বছর পদ্মা সেতুতে সবগুলো স্প্যান বসানো শেষ হয়ে যাবে। আগামী বছরের জুলাই মাস নাগাদ সেতুর ওপর দিয়ে যান চলাচল করবে। একইসঙ্গে বেশিরভাগ পিলার প্রস্তুত হওয়ার ফলে চলতি বছর প্রতি মাসে তিনটি করে স্প্যান বসানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে জানুয়ারি মাসে বসেছে দুটি স্প্যান এবং ফেব্রুয়ারি মাসে বসছে তিনটি স্প্যান।

পুরো সেতুতে মোট পিলারের সংখ্যা ৪২টি। প্রতিটি পিলারে রাখা হয়েছে ছয়টি পাইল। একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব ১৫০ মিটার। এই দূরত্বের লম্বা ইস্পাতের কাঠামো বা স্প্যান জোড়া দিয়েই পদ্মা সেতু নির্মিত হচ্ছে। ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। স্প্যানগুলো চীন থেকে তৈরি করে বাংলাদেশে আনা হয়।