Home Blog Page 3098

বসল পদ্মা সেতুর ২৬তম স্প্যান

0

পদ্মা সেতুর ২৬তম স্প্যান বসানো হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে ‘৩-এফ’ নামের স্প্যানটি শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৮ ও ২৯ নম্বর পিলারের ওপর বসানোর কাজ শেষ হয়।

২৫তম স্প্যান বসানোর ১৮ দিনের মাথায় বসানো হলো ২৬তম স্প্যানটি। এর মধ্য দিয়ে পদ্মা সেতুর তিন হাজার ৯০০ মিটার দৃশ্যমান হলো।

পদ্মা সেতুর উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, গতকাল সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনে করে জাজিরা প্রান্তের দিকে রওনা দেয়। দুপুর ২টার দিকে জাজিরা প্রান্তের ২৮ ও ২৯ নম্বর পিলারের কাছে পৌঁছায় স্প্যানটি।

আজ মঙ্গলবার (১০ মার্চ) ভোরে স্প্যানটি পিলারের ওপর ওঠানোর কাজ শুরু হয়। সকাল ৯টা ৫ মিনিটে স্প্যানটি পুরোপুরি বসানোর কাজ সম্পন্ন হয়। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে স্প্যান বসাতে পারলে আগামী বছরের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানো কাজ শেষ হবে।

হুমায়ুন কবির আরো জানান, পদ্মা সেতুর ৪২টি পিলারের মধ্যে বর্তমানে কাজ সম্পন্ন হয়েছে ৩৯টির। সেতুতে দুই হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ৬৯০টি বসানো হয়েছে।

শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ পিতা-পুত্র আটক

0

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুইজন যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। গতকাল সোমবার তারা নভো এয়ারযোগে কক্সবাজার থেকে ঢাকায় এসে ধরা পড়েন। এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন- মো. ইউনুস (৪৫) এবং পুত্র মো. রাসেল (১৫)। তারা সম্পর্কে পিতা-পুত্র। ইউনুস কক্সবাজার জেলার টেকনাফ নোয়াপাড়া (সাবরাং) গ্রামের ফকির আহমদের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পিতা মো. ইউনুস (৪৫) এবং পুত্র মো. রাসেল (১৫) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার সন্নিকটে অপেক্ষাগার এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত আর্মড পুলিশ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। পরবর্তীতে তাদের বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা তাদের পায়ুপথে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে বাবা ইউনুসের পায়ুপথ থেকে ১৮৫০ পিস এবং মো. রাসেলের পায়ুপথ থেকে ১০০০ পিস ইয়াবা বের করে আনা হয়।

জানা গেছে, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে নয়াপাড়া (সাব্রাং) টেকনাফের জাবেদ নামে একজন তাদেরকে এই ইয়াবা ঢাকায় এক ব্যক্তির কাছে প্রদেয় মোবাইলে যোগাযোগের মাধ্যমে পৌঁছানোর কথা বলে। বিনিময়ে ৩০ হাজার টাকা পেতেন ইউনুস।

করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি

0

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আইইডিসিআরের মতামত অনুযায়ী করোনাভাইরাসের কারনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।

শিক্ষাপ্রতিষ্ঠানে করোনাভাইরাসের বিষয়ে সচেতনতামূলক প্রয়োজনীয় নির্দেশনা প্রেরণ করা হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয় বিষেশজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ১৫৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, মানসম্মত শিক্ষা অর্জন করতে হলে মানসম্মত শিক্ষক খুবই জরুরী। শিক্ষকদের প্রতিনিয়ত আপডেট থাকতে হবে। বর্তমান বিশ্বে সব কিছু খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ের সাথে আমরা পরিচিত হচ্ছি।

তিনি আরো বলেন, অনার্স, মাস্টার্স অথবা পিএচডি ডিগ্রী নিলেই পড়ালেখা শেষ হয়ে গেল তা নয়। আমাদের জীবনব্যাপী শিক্ষা গ্রহন করতে হবে। আমাদের শিখতে হবে কিভাবে জীবনব্যাপী শিখতে হয়। সর্বস্তরের শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে কাজ করছে সরকার।

করোনা সন্দেহে তিনজনকে বিমানবন্দর থেকে হাসপাতালে

0

করোনাভাইরাস সন্দেহে ইতালি ফেরত দুজন এবং সিঙ্গাপুর ফেরত এক শিশুকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্র থেকে জানা গেছে, এই তিনজন কাতার এয়ারওয়েজ, এমিরেটস ও সিঙ্গাপুর এয়ারলাইন্সে ঢাকায় আসেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক শাহারিয়ার সাজ্জাদ সাংবাদিকদের জানান, ইতালি থেকে আসা দুজনের শ্বাসকষ্ট ছিল। সিঙ্গাপুর থেকে আসা ব্যক্তির ছিল জ্বর।

তিনি বলেন, তাদের (ইতালি ফেরত) শ্বাসকষ্ট, নিউমোনিয়ার লক্ষণ ছিল। এটা যেহেতু করোনা আক্রান্তের একটা উপসর্গ, এ কারণে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। সিঙ্গাপুর থেকে আসা যাত্রীর শরীরে জ্বর থাকায় তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে।

করোনাভাইরাস : কোয়ারেন্টাইনে পর্তুগালের প্রেসিডেন্ট

0

করোনাভাইরাসে আক্রান্তের শঙ্কায় নিজ থেকে কোয়ারেন্টাইনে গেছেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রিবেলো ডি সুজা। রবিবার দেশটির সরকারি ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি পর্তুগালের উত্তরাঞ্চলীয় একটি স্কুলে একদল শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট মার্সেলো রিবেলো। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে ছবিও তোলেন। পরে এক শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে স্কুলটি বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকেই তিনি সমস্ত সরকারি কার্যক্রম বাতিল করে বাড়িতে অবস্থান নেন।

প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়, মার্সেলো রিবেলোর মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে তিনি যে স্কুলে গিয়েছিলেন সেখানে এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হওয়া তিনি কোয়ারেন্টাইনে গেছেন। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এখন থেকে বাড়িতে বসে কাজ চালিয়ে যাবেন।

পর্তুগালে এখন পর্যন্ত ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে মৃত্যুর ঘটনা ঘটেনি।

চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৫৬ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ৮২৮ জন। বিশ্বের ১০৯টি দেশ ও অঞ্চলে এ ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। শুধু চীনের মূল ভূখণ্ডেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৩৫ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১১৯ জনের। চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩৮২ এবং মৃত্যু হয়েছে ৫১ জনের।

চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইতালিতে। দেশটিতে এক দিনেই ১৩৩ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৬ জনে। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৭৫ জনে। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে ইতালি সরকার। অন্যদিকে ইরানে এখন পর্যন্ত ৬ হাজার ৫৬৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৯৪ জন।

এখন পর্যন্ত বাংলাদেশে এ ভাইরাসে তিনজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এর মধ্যে দুজন ইতালি ফেরত। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। এ তিনজনের সংস্পর্শে এসেছিলেন এমন আরও ৪০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আফগানিস্তানে একই দিনে শপথ নিলেন দুইজন প্রেসিডেন্ট

0

আফগানিস্তানের দুই রাজনীতিবিদ সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের জয়ী দাবি করেছেন। এবার নিজেদের প্রেসিডেন্ট ঘোষণা করে একই দিনে তাঁরা আলাদা আলাদা শপথ গ্রহণ করেছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, একইদিনে প্রেসিডেন্ট হিসেবে আলাদা আলাদা শপথ গ্রহণ করেছেন আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহ।

দুই নেতার মধ্যে দ্বন্দ্ব নিরসনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ব্যর্থ হওয়ার পর সোমবার দেশটিতে এ নজিরবিহীন ঘটনা ঘটেছে।

আল জাজিরা জানায়, এদিন কাবুলের প্রেসিডেনশিয়াল প্রাসাদে বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনির শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মার্কিন সরকার ও সামরিক বাহিনীর প্রতিনিধিদের পাশাপাশি ন্যাটোর সেনা কমান্ডাররাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে আশরাফ গনির প্রধান প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহও বিশাল আয়োজন করে রাজধানীর আরেক স্থানে শপথ নেন। বর্তমানে আফগানিস্তানের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বরত আব্দুল্লাহ আব্দুল্লাহর পক্ষেও দেশটির রাজনৈতিক অঙ্গনের অনেকের সমর্থন রয়েছে।

এর আগেও এই দুই নেতার মধ্যে দ্বন্দ্বের কারণে আফগানিস্তানে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। কিন্তু একই পদে দুইজন আলাদাভাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে আফগানিস্তান নতুন করে রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় ৫ মাস পর গত ১৮ ফেব্রুয়ারি আশরাফ গনিকে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। নির্বাচনে তিনি ৫০.৬৪ শতাংশ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফগানিস্তানের নির্বাহী প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ পেয়েছিলেন ৩৯.৫২ শতাংশ ভোট।

নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন আব্দুল্লাহ আবুল্লাহ। এর আগের সরকারে উভয়েই পদধারী ছিলেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের চুক্তির পর যখন দেশটিতে দীর্ঘ কয়েক বছরের সহিংসতার অবসান ঘটিয়ে শান্তির প্রত্যাশা করা হচ্ছে তখন এই পাল্টাপাল্টি অভিষেক অনুষ্ঠান দেশটিকে নতুন অস্থিরতার দিকে ঠেলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অপর দুই প্রার্থী গুলবুদ্দিন হেকমতিয়ার ও রহমতুল্লাহ নাবিল যথাক্রমে চার ও দুই শতাংশ ভোট পেয়েছেন।

করোনাভাইরাস কেড়ে নিল এক বাংলাদেশির প্রাণ

0

ব্রিটেনে গতকাল রবিবার যে তৃতীয় ব্যক্তি করোনাভাইরাসে মারা গেছেন, তিনি একজন ব্রিটিশ-বাংলাদেশি। সংক্রমণ ধরা পড়ার মাত্র পাঁচ দিনের মাথায় ম্যানচেস্টারের এক হাসপাতালে তিনি মারা যান। তার ছেলে বিবিসি বাংলার মোয়াজ্জেম হোসেনের কাছে বর্ণনা করেছেন কীভাবে ইতালিতে বেড়াতে গিয়ে তাঁর বাবা করোনাভাইরাসের শিকার হয়েছিলেনঃ

“প্রতি বছরের শুরুতে আমার বাবা ইতালিতে বেড়াতে যান দুই-তিন সপ্তাহের জন্য। এটা তার একটা প্রিয় বেড়ানোর জায়গা। কারণ বহু বছর তিনি ইতালিতে ছিলেন। ১৯৮৯ সালে তিনি বাংলাদেশ থেকে ইতালি আসেন। তখন তিনি বয়সে তরুণ।

উত্তর ইতালির যে শহরে আমরা থাকতাম সেটা মিলান থেকে ৫০ মাইল দূরে। সেখান থেকে সুইজারল্যাণ্ডের সীমান্তও বেশি দূরে নয়। বহু বছর আমরা সেখানে ছিলাম। আমার জন্ম সেখানেই। বড় হয়েছি সেখানে।

পাঁচ-ছয় বছর আগে আমরা পাকাপাকিভাবে ব্রিটেনে চলে আসি। আমরা থাকি ম্যানচেস্টারের কাছে। কিন্তু আমার বাবা ইতালিতে বেড়াতে যেতে পছন্দ করতেন। আমরাও প্রতি বছর গ্রীষ্মে পরিবারের সবাই মিলে সেখানে বেড়াতে যেতাম। তবে বাবা প্রতি বছরের শুরুতে নিয়ম করে বেড়াতে যেতেন ইতালিতে তার পুরোনো শহরে । এবছরও গিয়েছিলেন।

ফেব্রুয়ারির মাঝামাঝি তিনি সেখানে যান। তখনও ইতালিতে করোনাভাইরাস এত ব্যাপকভাবে ছড়ানোর কথা শোনা যায়নি। কিন্তু তিনি যে দুই সপ্তাহ ইতালিতে ছিলেন, তার মধ্যেই পরিস্থিতি দ্রুত খারাপ হয়। ব্যাপকভাবে সেখানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।

ফেব্রুয়ারির ২৯ তারিখ বাবা ফিরে আসলেন ইতালি থেকে। তখনও তিনি সুস্থ। কিন্তু তিন দিন পর সব যেন ওলট-পালট হয়ে গেল।

মার্চের তিন তারিখ, মঙ্গলবার। সেই মঙ্গলবারটা ছিল আর যে কোন দিনের মতোই। আমাদের বাড়ির কাছে যে হেলথ সেন্টার, বাবা সেখানে গিয়েছিলেন ডাক্তার দেখাতে। এই অ্যাপয়েন্টমেন্টটা আগে থেকেই ঠিক করা ছিল।

বাবার বয়স ছিল ৬০ বছর। তার নানা ধরনের অসুস্থতা ছিল, যা নিয়ে তিনি বেশ ভুগছিলেন। কোলেস্টেরল, আর্থ্রাইটিস, হৃদরোগ, অ্যাজমা, শ্বাসকষ্ট। তবে এসবের পরও তিনি মোটামুটি ভালোই ছিলেন। তিনি একশোভাগ সুস্থ ছিলেন, এটা বলা যাবে না, কিন্তু মোটামুটি ভালো ছিলেন।

করোনাভাইরাস নিয়ে যেহেতু আতংক ছড়িয়ে পড়েছিল, তাই আমি কিছু মাস্ক কিনেছিলাম। আমি আমার মা-বাবাকে বললাম, বাইরে যাওয়ার সময় যেন তারা মাস্ক পরে বের হন।

গত মঙ্গলবার বাড়ির কাছের হেলথ সেন্টারে যখন বাবা গেলেন, তখন ডাক্তার এবং নার্সরা তাকে জিজ্ঞেস করলেন, কেন তিনি মাস্ক পরে আছেন। তিনি বললেন, মাত্র দুদিন আগে তিনি ইতালি থেকে এসেছেন।

সাথে সাথে সেখানে আতংক ছড়িয়ে পড়লো। তাকে আলাদা করে ফেলা হলো। নর্থ ম্যানচেস্টার জেনারেল হাসপাতাল থেকে একটা জরুরি দল চলে এলো। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো।

তার সঙ্গে আমাদের সেদিনই শেষ দেখা। আমরা বুঝতে পারিনি যে আর কোনদিন তার সঙ্গে আর দেখা হবে না।

হাসপাতালে প্রথম কয়েকদিন তিনি বেশ ভালোই ছিলেন। কিন্তু তারপর ডাক্তাররা বলছিলেন, তার রক্তে যথেষ্ট অক্সিজেন যাচ্ছে না। তার হার্টবিট অনিয়মিত। এভাবেই চলছিল কয়েকদিন। তারপর রবিবার তিনি মারা গেলেন।

এদিকে বাড়িতে আমাদেরও রীতিমত আলাদা করে রাখা হয়েছিল। আমরা ঘর থেকে বেরুতে পারছিলাম না। কোথাও যেতে পারছিলাম না। বাবার খবরাখবর আমরা পেতাম টেলিফোনে।

যে ওয়ার্ডে তাকে রাখা হয়েছিল, সেখানে আমরা ফোন করতাম। সেখান থেকেই আমরা খবর পেতাম। আমরা তার সঙ্গে সরাসরি কথা বলতে পারতাম না।

গতকাল রবিবার সকালে হাসপাতাল থেকে ফোন এলো আমাদের কাছে। তারা বললো, আধ ঘন্টা আগে বাবা মারা গেছেন। আমি বিশ্বাস করতে পারছিলাম না। খবরটা শুনে ধাতস্থ হতে আমার কয়েক ঘন্টা সময় লেগেছিল। আমার বাবাকে আমি আর কোনদিন দেখতে পাবো না!

এরকম একটা খবর যখন আপনি পান, সেটা বুঝতেই আপনার অনেক সময় লেগে যায়। আমি ছিলাম শোকাহত। আমাদের বাড়িতে কান্নার রোল পড়ে গেল।

বাবার মৃত্যুর খবর পেলেও আমরা কিছুই করতে পারছি না, কোথাও যেতে পারছি না। কারণ আমাদের সবাইকে ‘আইসোলেশনে’ রাখা হয়েছে। প্রতিদিন পাবলিক হেলথ ইংল্যাণ্ড থেকে আমাদের সবার কাছে টেক্সট আসে। তারা জানতে চায়, আমাদের সব ঠিক আছে কীনা। আমাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের কোনো লক্ষণ আছে কীনা। প্রতিদিন আমাদের সেই টেক্সটের জবাব দিতে হয়। এখন পর্যন্ত আমরা সবাই ভালো আছি। আমাদের কারো মধ্যে করোনাভাইরাসের কোন লক্ষণ নেই।

আমরা এক সপ্তাহ এই অবস্থায় আছি। আরও এক সপ্তাহ থাকতে হবে।

আমরা যেহেতু আইসোলেশনে আছি, তাই আমার বাবার জানাজা বা দাফন কোন কিছুই করতে পারছি না। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা লাশ আরও কিছুদিন মর্গে রেখে দেবে । আরও এক সপ্তাহ পর যখন আমাদের মুক্তি মিলবে, তখন আমরা বাবার জানাজা, দাফন এগুলোর আয়োজন করতে পারবো।

আমরা এখনো জানি না, তার জানাজা-দাফন এগুলো আমরা স্বাভাবিকভাবে করতে পারবো কিনা। কারণ তিনি তো স্বাভাবিকভাবে মারা যাননি। পাবলিক হেলথ ইংল্যাণ্ড যা বলে, সেই মতই আমাদের কাজ করতে হবে।

মাত্র দুমাস আগেও আমরা জানতাম না করোনাভাইরাস জিনিসটা কী, এই ভাইরাসটাই ছিল না। এখন এই ভাইরাস আমার বাবাকে কেড়ে নিল।”

সূত্র: বিবিসি বাংলা

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি এখনও হয়নি : শিক্ষামন্ত্রী

0

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে করোনাভাইরাস প্রতিরোধের জন্য প্রয়োজনে বিশেষজ্ঞদের মতামতের পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। করোনাভাইরাস সম্পর্কে জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের মতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি এখনও হয়নি।

আজ সোমবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ১৫৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে সচেতনতামূলক প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হচ্ছে।

দীপু মনি বলেন, করোনাভাইরাস সম্পর্কিত জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞ প্রতিষ্ঠান আইইডিসিআর’র মতামত অনুযায়ী দেশে এখনও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় বিষেশজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

করোনা মোকাবেলায় সবার সহযোগিতা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

0

করোনাভাইরাস মোকাবেলায় সবার সহযোগিতা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। তিনি বলেছেন, এটা নিয়ে আমরা আতঙ্কিত কিন্তু এটা খুব বেশি মারাত্মক নয়। এটায় মৃত্যুর হার অনেক কম।

আজ সোমবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গুজব যাতে না ছড়ায় সেদিকে খেলাল রাখতে হবে। আমরা আশা করি আপনারা সবাই যত্নশীল হবেন। দেশের বিষয়ে একটা মুহূর্ত এখন সকলের সহযোগিতা দরকার।

তিনি বলেন, আমাদের এখানে অনেক ঘনবসতি। এক কোটি লোক বাইরে কাজ করে। ১০২ দেশে ভাইরাস ছড়িয়ে গেছে। আমাদের লোক সব দেশেই আছে। এখন আমরা পোস্টার ব্যানার লিফটলেট দেওয়ার ব্যবস্থা করব। আগামী দুই দিনের মধ্যে সারা দেশে পৌঁছে যাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

উন্নত দেশের চেয়ে বাংলাদেশে করোনা প্রস্তুতি ভালো : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধের প্রস্তুতি অনেক ভালো।

আজ সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের এক সভা শেষে তিনি এসব কথা বলেন।

ড. হাছান এ সময় বলেন, যে ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের ইতিমধ্যেই নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের সাথে সম্পৃক্ত আরো ৪০ জনকে পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।

তিনি বলেন, বিমানবন্দরে সবাইকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে যেহেতু ১০ থেকে ১৫ দিন করোনাভাইরাস সুপ্ত অবস্থায় থাকে, সেই সময় টের পাওয়া যায় না। ফলে এরকম কেউ ঢুকে পড়তে পারে। অবশ্য এ বিষয়ে আমার থেকে বিশেষজ্ঞরা বেশি ভালো বলতে পারবেন। তবে করোনা প্রতিরোধে বিমানবন্দরে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।