Home Blog Page 3099

করোনাভাইরাস : বিশ্বজুড়ে অর্ধেকের বেশি ফ্লাইট বন্ধ করে দিল বিমান বাংলাদেশ

0

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সংকট তৈরি হওয়ায় সারাবিশ্বে চালানো ১৪২টি ফ্লাইটের মধ্যে ৬৬টি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানের এমডি মোকাব্বির হোসেন সোমবার বিবিসি বাংলাকে বলেন, করোনাভাইরাসের কারণে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে তিনি জানান, কাতার সরকারের নিষেধাজ্ঞার কারণে আজ ৯ মার্চ থেকে দোহাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটসমূহ পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাতিল করা হল। বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় যাত্রী সংকট তৈরি হওয়ায় সারা বিশ্বে চালানো ১৪২টি ফ্লাইটের মধ্যে ৬৬টি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে বাংলাদেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার কারণে কুয়েত এবং কাতারে সব ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এবার আরো নয়টি রুটে ফ্লাইট কমিয়ে আনা হলো। এসব রুটের মধ্যে রয়েছে কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, কাঠমান্ডু, দিল্লি, কলকাতা, জেদ্দা ও মদিনা।

কতদিন এই সিদ্ধান্ত বহাল থাকবে এমন প্রশ্নে মোকাব্বির হোসাইন বলেন, কুয়েত আর কাতার যেহেতু নিজেরাই নিষেধাজ্ঞা দিয়েছে, তাই সেখানে তাদের কিছু করার নেই। ওই দেশের সরকার নিষেধাজ্ঞা সরিয়ে নিলে তখন যোগাযোগ স্বাভাবিক হবে।

আর করোনাভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতি স্বাভাবিক হলে এবং যাত্রী সংখ্যা বাড়লে অন্য রুটগুলোতে ফ্লাইটের সংখ্যা আবার আগের মতো বাড়ানো হবে বলেও জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই কর্মকর্তা।

এদিকে দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় অতিরিক্ত সতর্কতা গ্রহণ করেছে প্রশাসন। বিদেশফেরত যাত্রীদের বিমানবন্দরে স্ক্রিনিংয়ের পাশাপাশি কোয়ারেন্টাইনে থাকারও ব্যবস্থা করা হচ্ছে। ছয় দেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। দেশগুলো হচ্ছে- চীন, ইতালি, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইরান ও থাইল্যান্ড।

এ তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ। তিনি বলেন, এ ছয় দেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে থার্মাল স্ক্যানারে পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। একই সঙ্গে অবতরণের পর ‘হেলথ ডিক্লারেশন’ ফরম দেয়া হচ্ছে, এখানে তাদের শারীরিক বিষয়সহ বিভিন্ন তথ্য পূরণ করতে হবে। স্বাস্থ্য তথ্য কার্ডও দেয়া হচ্ছে। ছয় দেশ থেকে আসা যাত্রীদের শরীরে জ্বর না থাকলেও তাদের বাধ্যতামূলকভাবে নিজ বাড়িতে বা তারা যেখানে থাকবেন, এখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

তবে বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার সময় যদি যাত্রীর শরীরে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট বা এর বেশি তাপমাত্রা থাকে, তা হলে তাকে সরাসরি কুয়েতমৈত্রী হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হবে।

গত ২১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে ২ লাখ ৬ হাজার ১০ যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৬১ জনের জ্বর ছিল। আর পাঁচজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, প্রথমবারের মতো বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা জানান, ধরা পড়া করোনা রোগী দুজন ইতালিফেরত। তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের সংস্পর্শে আসা ৪০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সরকার ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

করোনার হটলাইনে কল করেছেন ৫০৯ জন

0

করোনা ভাইরাসের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের হটলাইনে ৫০৯টি কল এসেছে বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তবে দেশে নতুন করে কারও শরীরে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি। সোমবার (৯ মার্চ) রাজধানীর মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

মীরজাদা সেব্রিনা ফ্লোরা বলেন, গতকাল আমরা যখন করোনা ভাইরাসে তিনজনের আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছি তারপর থেকে আমরা মোট ৫০৯টি কল পেয়েছি। এরমধ্যে ৪৮৯টি কলই করোনা সংক্রান্ত। অনেকেই করোনা সম্পর্কিত নানা তথ্য জানার জন্য কল দিচ্ছেন। অনেকে হট লাইনের নাম্বার ব্যস্ত পাচ্ছেন।

তিনি আরও বলেন, আইইডিসিআরে সরাসরি ১৮ জন এসেছেন। গত ২৪ ঘণ্টায় আমরা আরও চারজনের নমুনা সংগ্রহ করেছি। সেই চারজনের কারও মধ্যেই করোনার উপস্থিতি পাওয়া যায়নি। তাই এখনও পর্যন্ত সর্বমোট শনাক্ত রোগীর সংখ্যা তিনজন।

বড় জমায়েত এড়িয়ে চলতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

0

করোনাভাইরাসের কারণে বড় জমায়েত এড়িয়ে চলতে সকলকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর এ আহ্বানের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম জানান, করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ধরা পড়েছে। আমাদের প্রস্তুতিও শুরু হয়েছে। আমরা সব সময়ই এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে থাকি। চীন থেকে যখন ছাত্রদের নিয়ে আসা হলো তখনও আমরা প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে কোয়ারেনটাইনে রাখার ব্যবস্থা করেছিলাম।

তিনি বলেন, বড় গ্যাদারিং এড়িয়ে চলব, অ্যাভয়েড করব যতদূর সম্ভব, সেটাই (প্রধানমন্ত্রীর) নির্দেশনা। উনি বলেছেন যে, এখন আমাদের কী করতে হবে, আপনাদের কাছে যে অনুরোধটা আমাদের মাধ্যমে উনার- সেটা হলো যে আমরা যেন আতঙ্কিত না হই। কারণ এটা একটা ভাইরাস।

আসাদুল ইসলাম বলেন, এটা নিয়ে আমাদের আকঙ্কিত হওয়ার কিছু নেই। পৃথিবীতে এ ঘটনা ঘটেছে তারা ম্যানেজ করছে। আমরা মিডিয়া থেকে জানতে পারছি এতো লোক আক্রান্ত হয়েছে, এতো লোক মারা গেছে। কিন্তু যেটা কম শুনেছি সেটা হলো কতো লোক সুস্থ হয়ে গেছে।

এ ছাড়া মন্ত্রিসভায় বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন ২০১৯ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনে ভার্চুয়াল জাদুঘর করার বিষয়টিও যুক্ত করা হয়েছে। এতে ২৫টি ধারা রয়েছে।

আক্রান্ত তিনজনের সংস্পর্শে আসা ৪০ জন কোয়ারেন্টাইনে : স্বাস্থ্যসচিব

0

বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত ৩ জনের সংস্পর্শে এসেছে এমন ৪০ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব মোহাম্মদ আসাদুল ইসলাম।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম।

স্বাস্থ্যসচিব বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী, তাদের আমরা ফার্স্ট কন্ট্রাক্ট ধরব, এক্সটেন্ডেড কন্ট্রাক্ট ধরব, তাদের কীভাবে কোয়ারেন্টাইল করব- সবকিছু ফলো করেই আমরা ব্যবস্থা নিচ্ছি।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই আছে। এ আশঙ্কা রোধের জন্য আমরা ব্যবস্থাও করেছি। তাদের কন্ট্রাক্ট ট্র্যাকিং করে কোথায় গেছে, কাদের সঙ্গে মিশেছে- সবকিছু করে…আমরা প্রথমজনের জন্য ৪০ জনকে ট্র্যাক করেছি। কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছি।

তিনি বলেন, স্কুল-কলেজ বন্ধ করার মতো অবস্থা এখনো সৃষ্টি হয়নি। তবে করোনাভাইরাস প্রতিরোধে আপাতত বড় ধরনের জমায়েত এড়িয়ে চলতে হবে। সবাইকে সাবধান থাকতে হবে।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্কুল-কলেজ বন্ধের প্রয়োজনীয়তা, আক্রান্ত দেশগুলোর সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করার মতো বিষয়সহ সার্বিক আরো সিদ্ধান্ত বিকেল ৪টার সভায় জানানো হবে।

মোদির বাংলাদেশ সফর বাতিল

0

করোনাভাইরাসের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকারের নেওয়া এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

গতকাল রবিবার বিকেলে বাংলাদেশে তিনজন কোভিড-১৯ রোগী ধরা পড়ার তথ্য প্রকাশিত হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান কাটছাঁট করা হয়। আগামী ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠেয় মূল অনুষ্ঠানটি ওই দিন হচ্ছে না। ওই অনুষ্ঠানে থাকার কথা ছিল মোদির।

অনুষ্ঠানে আরো যোগ দেওয়ার কথা ছিল ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেক হুন সেন, ইউনেস্কোর সাবেক মহাসচিব ইরিনা বোকোভাসহ বেশ কয়েকজন বিদেশি অতিথির। এ ছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তের থাকার বিষয়েও আলোচনা চলছিল।

আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে সীমিত টিকিটি; কম দর্শক চায় বিসিবি

0

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে দর্শক সংখ্যা সীমিত করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি। বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে টিকিট বিক্রি সীমিত করা হয়েছে। আর এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে জনস্বার্থকে। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনকে শনাক্ত করার পর বিসিবি এই ব্যবস্থা নেয়।

বিষয়টি আলোচনায় আসে আজ সন্ধ্যার ওই ম্যাচের টিকিট না পাওয়াকে কেন্দ্র করে। টি-টোয়েন্টি ম্যাচের জন্য সকালে সাড়ে নয়টা নাগাদ টিকিট কিনতে গিয়েছিলেন এলাহী শুভ, যিনি বাংলাদেশ ক্রিকেট দলের একজন ভক্ত ও নিয়মিত মাঠে খেলা দেখেন। তিনি জানান, সকালে যখন টিকিটের নির্ধারিত কাউন্টারে যান তখন সেখানে তিনি টিকিট পাননি। মাশরাফি বিন মুর্তজার অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও একদিনের আন্তর্জাতিক সিরিজের কোনো ম্যাচেই বলার মতো দর্শক হয়নি।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজেও খুব বেশি দর্শক আগ্রহ দেখা যায়নি। টিকেট কী কারণে বিক্রি সীমিত হয়েছে তা জানতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জ্যেষ্ঠ মিডিয়া কর্মকর্তা রাবিদ ইমাম বলেন যে, এই বিষয়ে এখনো কোনো নিদের্শনা পাননি তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির প্রধান নিশ্চিত করেন যে টিকিট বিক্রি সীমিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জালাল ইউনুস বলেন, ভীড় কমানোর জন্য এই উদ্যোগ নিয়েছে বিসিবি। এখানে ‘জনসচেতনতাই মূল উদ্দেশ্য’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা জনসচেতনতার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছি যে একজনকে যাতে একটার বেশি টিকেট না দেয়া হয়।’ আগের নিয়ম অনুযায়ী একজন সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।

শুধু খেলা নয় বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও নানা অনুষ্ঠানে বিধিনিষেধ আনা হচ্ছে। রবিবার রাতে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি জানিয়েছে, জনসমাগম হবে এমন অনুষ্ঠানগুলো আপাতত এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে রবিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন। তিনি জানান যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি কনসার্ট আয়োজন করা হবে, যেখানে থাকবেন উপমহাদেশের জনপ্রিয় সুরকার এ আর রহমান।

এছাড়া বিসিবি সভাপতি বলেন, ঢাকায় ২১ ও ২২শে মার্চ এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের খেলা হবে ঢাকায়। পাপন এই ঘোষণা দেওয়ার আগেই অবশ্য বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়। তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাপন বলেন, করোনাভাইরাস নিয়ে কোনো কিছু বলা খুব কঠিন। একটা জিনিস নিশ্চিত এখন পর্যন্ত সব ইভেন্টই সফলভাবে হবে। সামনে কী হবে তা তো জানি না, করোনাভাইরাস সব দেশে পাওয়া যাচ্ছে। সরকার কী পদক্ষেপ নেবে এবং পরিস্থিতি কী হবে সেটার ওপর নির্ভর করবে।

-বিবিসি বাংলার প্রতিবেদন অবলম্বনে

করোনা এড়াতে সব পর্যটকদের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ নেতানিয়াহুর

0

ইসরায়েলে করোনা আতঙ্কে সব পর্যটকদের কোয়ারেন্টাইনে রাখার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। করোনা শনাক্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় এক প্রেস কনফারেন্সে এ সিদ্ধান্ত জানান নেতানিয়াহু।

করোনা ঝুঁকি কমাতে জার্মানী, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া থেকে আগত সব পর্যটকদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে দেশটিতে ৩৯ জনকে করোনা শনাক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া করোনা আতঙ্কে ১ হাজারের মত মানুষকে আলাদা পর্যব্ক্ষেণে রাখা হয়েছে।
এরই মধ্যে করোনা আতঙ্কে বন্ধ করা হয়েছে বেথেলহামের গীর্জা ও মসজিদ। বেথেলহামে ১৯ জনকে করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

সায়মা হত্যায় হারুনের মৃত্যুদণ্ড: যা বলা হয়েছে রায়ে

0

রাজধানীর ওয়ারীতে সিলভারডেল স্কুলের নার্সারির ছাত্রী সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণের পর খুনের দায়ে এই মামলার একমাত্র আসামি হারুন-অর-রশীদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার (৯ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কাজী আবদুল হান্নান এই রায় দেন।

ট্রাইব্যুনাল রায়ে বলেছেন, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে। আসামি হারুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষীদের সাক্ষ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আসামি বর্বরতার পরিচয় দিয়েছেন। একটি শিশুকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করায় আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই প্রাপ্য। আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্টেও অনুমোদন নিতে হবে। তবে আসামি ইচ্ছে করলে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। ট্রাইব্যুনাল মামলার নথি, মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য দ্রুত হাইকোর্টে পাঠানোর নির্দেশ দেন।

গত বছর ৫ জুলাই সন্ধ্যার পর ওয়ারীর একটি বাড়ির নয় তলায় শিশু সায়মার লাশ পাওয়া যায়। ওই বাড়ির ষষ্ঠ তলায় সায়মা তার পরিবারের সঙ্গে থাকতো। লাশ পাওয়ার আগে সে তার মাকে ওপরের তলায় খেলতে যাচ্ছিল বলে জানায়। কিন্তু সে ফিরে না আসায় তার খোঁজ করতে করতে নবম তলায় তার গলায় রশি পেঁচানো অবস্থা পাওয়া যায়।

ওই ঘটনায় সায়মার বাবা আবদুস সালাম বাদী হয়ে ওয়ারী থানায় মামলা করেন। পুলিশ গত বছর ৭ জুলাই কুমিল্লার তিতাস থানার ডাবরডাঙ্গা এলাকা থেকে হারুন অর রশিদকে গ্রেপ্তার করে। পরদিন হারুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে সায়মাকে হত্যার দায় স্বীকার করেন।

তিনি জবানবন্দিতে বলেন, এক মাস আগে থেকে তার খালাত ভাই পারভেজের বাসায় ছিলেন। ওয়ারীতে যে ভবনে ঘটনা ওই ভবনের সাততলায় পারভেজ থাকেন। ঘটনার আগে ভবনের লিফট দিয়ে নামার সময় সায়মার সঙ্গে তার দেখা হয়। লিফটইে তিনি সায়মার সঙ্গে খারাপ কাজ করবেন বলে সিদ্ধান্ত নেন। পরে ছাদ দেখার কথা বলে তিনি সায়মাকে ছাদে নিয়ে যান। ছাদে নিয়ে সায়মাকে ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু সায়মা চিৎকার করতে থাকে। এরপর মুখ চেপে ধরে সায়মাকে ধর্ষণ করেন তিনি।

ধর্ষণের একপর্যায়ে সায়মা নিস্তেজ হয়ে পড়ে। তখন হারুন ভয় পান। সায়মার জ্ঞান ফিরলে সে মানুষের কাছে ঘটনা বলে দেবে। এ কারণে যাতে ঘটনা প্রকাশ না পায় সেজন্য তার গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করা হয় তাকে। পরে সায়মাকে টেনে নিয়ে রান্না ঘরের সিংকের নিচে ফেলা হয়। এরপর পালিয়ে যান হারুন।

এ মামলায় সায়মার বাবা, মা, ভাই-বোন, প্রতিবেশী, সায়মার ময়না তদন্তকারী চিকিৎসক, আসামির জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, তদন্ত কর্মকর্তাসহ মোট ১৪ জন সাক্ষ্য দেন।

আরও ৪ জনের করোনাভাইরাস পরীক্ষা, ফলাফল নেগেটিভ

0

বাংলাদেশে প্রথমবারের মতো তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায়নি।

আজ সোমবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নতুন করে ৪ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। তবে ফলাফল নেগেটিভ এসেছে।

গতকাল রবিবার বিকেলে আইইডিসিআর জানায়, বাংলাদেশে তিনজনের করোনাভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে একজন নারী ও দুজন পুরুষ।

আইইডিসিআর জানিয়েছে, যারা বিদেশ থেকে আসছেন তারা সতর্কতার অংশ হিসেবে নিজেদের বাড়িতে অবস্থান করবেন। যাতে করোনার কোন ধরণের লক্ষণ ধরা পড়লে ব্যবস্থা নেয়া যায়। এতে অন্যরা সংক্রমণ ঝুঁকি থেকে রক্ষা পাবে। করোনা আক্রান্ত নন এমন ব্যক্তিদের মাস্ক ব্যবহার করার প্রয়োজন নেই বলেও জানিয়েছে আইইডিসিআর।

করোনার ভয়ে সৌদিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

0

করোনাভাইরাস ছড়িয়ে যাওয়া ঠেকাতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে সৌদি আরবে। আজ সোমবার থেকেই সে দেশে এ নির্দেশনা কার্যকর হওয়ার কথা। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সৌদি আরবের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সৌদি প্রেস অ্যাজেন্সির বরাত দিয়ে আল অ্যারাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পূর্ব কাতিফ রাজ্য পুরোপুরি কোয়ারেনটাইন করে রাখা হবে। সেখানে এক দিনেই ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিরোধ এবং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেন ছাত্রছাত্রী ও কর্মকর্তাদের এই ভাইরাসে আক্রান্তের হাত থেকে রক্ষা করা যায়। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বেসরকারি ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানও এই নির্দেশনার আওতায় থাকবে।