Home Blog Page 3101

সৌদি আরবের কাতিফে অবরুদ্ধ অবস্থা

0

১১ জনের দেহে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ কাতিফের জনগণ গৃহবন্দি হয়ে পড়েছেন। কেননা সরকার সেখান থেকে কোনো মানুষের বাইরে যাওয়া এবং বাইরে থেকে কোনো মানুষের সেখানে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবে যে ১১ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে তারা সকলেই কাতিফেরই বাসিন্দা। ফলে কাতিফে প্রবেশ এবং বাহির হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে হয়েছে। তবে কাতিফের যে বাসিন্দারা এখনো বাহিরে আছেন তারা সেখানে নিজের বাড়িতে ফিরে যেতে পারবেন।

পুরো প্রদেশের সরকারি এবং বেসরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র নিরাপত্তা বাহিনী, ওষুধের দোকান, গ্যাস স্টেশন, স্বাস্থ্যসেবা বিভাগ, পরিবেশ, সিটি কর্পোরেশন এবং নিরাপত্তা স্থাপনা এবং দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, ইরানে ভ্রমণ শেষে ফিরে আসা ব্যক্তিদের মাধ্যমেই সেখানে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

সৌদি আরবে এ পর্যন্ত ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের সবাই হয় ইরান সফর করে এসেছিলেন কিংবা ইরান থেকে যারা ফিরেছেন তাদের সংস্পর্শে গিয়েছিলেন। কাতিফের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী শিয়া সম্প্রদায়ের। শিয়াদের ধর্মীয় পবিত্র স্থানগুলো ইরানে হওয়ায় তারা দেশটিতে সফর করে থাকেন।

‘করোনা’ কাবু করতে পারেনি শতবর্ষী বৃদ্ধকে!

0

করোনাভাইরাস থেকে পুরোপুরি সেরে উঠলেন শতবর্ষী চীনা বৃদ্ধ। করোনা থেকে সেরে ওঠা তিনিই বিশ্বের সবচেয়ে বয়ষ্ক মানুষ। চায়না রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। এর আগে করোনাভাইরাস বৃদ্ধদের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে বলে গবেষকরা জানিয়েছিলেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে এই ব্যক্তি তার শততম জন্মদিন উদযাপন করেন। শতবর্ষী এই রোগীকে শনিবার উহানের একটি হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। যদিও ওই ব্যক্তির নাম এবং ছবি প্রকাশ করা হয়নি।

গত ২৪ ফেব্রুয়ারি তিনি করোনভাইরাসের সংক্রমণ নিয়ে হুবাইয়ের মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্যসেবা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, তিনি বাধ্যক্য, আলঝাইমার, উচ্চ রক্তচাপ এবং হার্ট ফেইলিওরের মতো বেশ কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, তাকে অ্যান্টিভাইরাল ওষুধ, কনভলেসেন্ট প্লাজমা থেরাপি এবং প্রচলিত অনন্য চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার শতবর্ষী ওই ব্যক্তির সঙ্গে আরও ৮০ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা সবাই করোনা সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন।

সংক্রামক কোভিড-১৯ যা করোনাভাইরাস নামে পরিচিত এটা বয়স্ক জনগোষ্ঠী এবং যারা পূর্ব থেকেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তাদের জন্য খুবই বিপজ্জনক

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো ধরা পড়া করোনাভাইরাস। এ পর্যন্ত অন্তত ৯৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ২ হাজার ২৩৭ জন, মারা গেছেন ৩ হাজার ৪৯৭ জন।

শুধু চীনেই করোনায় আক্রান্ত হয়েছে কমপক্ষে ৮০ হাজার মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ৩ হাজার। চীনে আধিকাংশ মৃত্যু হয়েছে হুবেই প্রদেশে।

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহ হলে যে নম্বরে ফোন দেবেন

0

চীনের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের শতাধিক দেশে ছড়িছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। শনিবার (৭ মার্চ) ইতালি ফেরত দুইজনসহ মোট তিনজন বাংলাদেশির শরীরে করোনা শনাক্ত হয়। রোববার (৮ মার্চ) দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নিয়মিত ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

শরীরে করোনার লক্ষণ উপলব্ধি করার পর ওই রোগীরা নিজ থেকেই আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপরই তাদের নমূনা সংগ্রহ ও পরীক্ষা করে নিশ্চিত করা হয় তারা করোনায় আক্রান্ত।

এদিকে গতকাল (শনিবার) সংবাদ সম্মেলনে সেব্রিনা ফ্লোরা বলেন, যারা আক্রান্ত দেশ থেকে ভ্রমণ করে এসেছেন এবং যাদের মধ্যে করোনার লক্ষণ-জ্বর, কাশি, গলাব্যথা বা শ্বাসকষ্টের উপসর্গ রয়েছে, তারা আমাদের হটলাইনে যোগাযোগ করবেন।

হটলাইন নম্বরগুলো হলো: ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।

যদি কারও মধ্যে শ্বাসকষ্ট থাকে তাহলে নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়ে মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘হাসপাতালে যাবেন এবং আমাদের সাথে হটলাইনেও যোগাযোগ করবেন। আপনারা যেসব হাসপাতালে যাবেন সেখান থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করা হবে। সেখান থেকে নমুনা সংগ্রহ করে নিশ্চিত করা হবে করোনা আছে কি-না।

করোনাভাইরাস নিয়ে সর্বোচ্চ সতর্ক সরকার : বাণিজ্যমন্ত্রী

0

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকার করোনাভাইরাস নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। করোনাভাইরাসের কারণে বাংলাদেশে বাণিজ্যের ক্ষেত্রে কি প্রভাব পড়ছে সরকার তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এই ভাইরাস মোকাবেলায় সরকার সবধরণের পদক্ষেপ গ্রহণ করবে।

আজ রবিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিআইসিসি)’র উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় দ্বিতীয় সেশনে নিউ ইনকোটার্মস-২০২০ রুলসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

টিপু মুন্সী বলেন, বিশ্ববাণিজ্যে বিধিবিধান সময়োপযোগী হওয়া প্রয়োজন। বাণিজ্য বিরোধ নিরসনে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে নতুন নতুন সমস্যা দেখা দেয়। এজন্য প্রচলিত নিয়ম-কানুনগুলোরও পরিবর্তন প্রয়োজন হয়।

তিনি বলেন, ওয়ার্ল্ড বিজনেস অর্গানাইজেশনের সহায়তায় সময়ে সময়ে তালমিলিয়ে নতুন রুলস প্রবর্তন করা হয়। এজন্য নিউ ইনকোটার্মস-২০২০ রুলস চালু হতে যাচ্ছে। বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। বিদেশি বিনিয়োগও বাড়ছে।

তিনি বলেন, গত বছর ৮ দশমিক ১৫ ভাগ জিডিপি অর্জিত হয়েছে। এবছর জুলাই অক্টোবর সময়ে দেশে ৫ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার ফরেন ডাইরেক্ট ইনভেষ্টমেন্ট এসেছে। গতবছর দেশের রপ্তানি আয় ছিল ৩৯ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আগামী ২০২৪ সালে উন্নয়নশীল দেশে পরিণত হবে। প্রতিযোগিতা করেই বাংলাদেশকে বিশ্ববাণিজ্যে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, তবে বাণিজ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাণিজ্য বিরোধও বাড়বে, আর এটাই স্বাভাবিক। নতুন সমস্যা সমাধানে প্রয়োজন নতুন নিয়ম কানুন। নতুন নতুন বাণিজ্য বিরোধ সমাধানে নিউ ইনকোটার্মস-২০২০ রুলস অধিক কার্যকর হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআইসিসির প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান ও আইসিসি বাংলাদেশ ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান এবং সিইও মুহাম্মদ এ রুমি আলী।

ভাষা শহীদ ও সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ

0

মহান ভাষা আন্দোলনে অংশ নেওয়া ভাষা সৈনিক ও ভাষা শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সংস্কৃতি সচিবসহ সংশ্লিষ্টদের এই তালিকা ছয় মাসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসানের করা এক রিট আবেদনে এ আদেশ দেন। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন। রুলে ভাষা সৈনিক ও ভাষা শহীদদের তালিকা তৈরিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, ভাষা সৈনিকদের মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার কেন নির্দেশ দেওয়া হবে না, পূর্ণাঙ্গ তালিকা গেজেট আকারে প্রকাশ এবং ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি উপযুক্ত রাষ্ট্রীয় সম্মান, সম্মাননা ও সম্মানী প্রদানে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, উপযুক্ত রাষ্ট্রীয় সম্মান ও সম্মাননা ও সম্মানী প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। মন্ত্রী পরিষদ, সংস্কৃতি ও অর্থ সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ভাষা সৈনিক ও ভাষা শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, সম্মাননা, সম্মানী প্রদান ও ভাষা আন্দোলনের স্মৃতি সংরক্ষণের নির্দেশনা চেয়ে গত ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদন করা হয়। আবেদনে ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা গেজেট আকারে প্রকাশ এবং মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার নির্দেশনা চাওয়া হয়। রবিবার এ আবেদনের ওপর শুনানি হয়।

রিট আবেদনে বলা হয়েছে, বাংলা ভাষার মাধ্যমেই আমরা ভাব ও বাক প্রকাশ করে থাকি। আমাদের চিন্তা, বিবেক ও ভাব প্রকাশের স্বাধীনতা সংবিধানের ৩৯ অনুচ্ছেদ মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমাদের এই মৌলিক অধিকার যে বীর সন্তানদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের রাষ্ট্রীয় সম্মান, সম্মানী ও সম্মাননা দেওয়া আমাদের পরম দায়িত্ব ও কর্তব্য।

মোদিকে বাংলাদেশে স্বাগতম : জিএম কাদের

0

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে স্বাগতম জানিয়ে বলেছেন, মুজিববর্ষে ভারতের জনগণ ও সরকারের প্রতিনিধিত্বকারী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সফরসঙ্গীদের বাংলাদেশে স্বাগতম জানাচ্ছি।

আজ রবিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে কাদের বলেন, প্রত্যেক জাতির সামনে একজন আদর্শ নেতার প্রয়োজন। যার কর্মময় জীবন অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে। বঙ্গবন্ধু সে ধরনেরই একজন মানুষ। তার জীবনের বিভিন্ন দিক উপস্থাপন করলে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সামনে চলার অনুপ্রেরণা পাবে এবং তাদের মধ্যে দেশের সেবায় নিজেদের উৎসর্গ করার মানসিকতা তৈরি হবে।

তিনি আরো বলেন, মহান নেতার জন্মবার্ষিকীতে আমাদের দেশ ও জাতির ভারতীয় জনগণ এবং সরকারের প্রতি কৃতজ্ঞা ও ধন্যবাদ জানানো অবশ্য পালনীয় কর্তব্য।

করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করুন

0

করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের এই পরিস্থিতি মোকাবেলার সামর্থ রয়েছে।

তিনি আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব নারী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, দয়া করে করোনাভাইরাস মোকাবেলার জন্য সতর্কতামূলক পদক্ষেপের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করুন।

প্রধানমন্ত্রী একই সাথে করোনাভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কারণ সরকারের এই পরিস্থিতি মোকাবেলার সামর্থ রয়েছে। করোনা ভাইরাস বিশ্বব্যাপী উদ্বেগ হিসাবে উপস্থিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা এই বিষয়টি চব্বিশ ঘন্টা পর্যবক্ষেণ করছি এবং এ ক্ষেত্রে যে কোনও সমস্যা সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

প্রধানমন্ত্রী আরো বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বর্তমানে অনেক দেশই অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছে।

করোনাভাইরাস প্রথমে চীনের উহানে ধরা পড়ে এবং এখন বিশ্বের ৯০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে।

এই রোগে লক্ষাধিক মানুষ সংক্রমিত হয়েছে এবং তিন হাজার চারশ’রও বেশি লোক প্রাণ হারিয়েছে। অবশ্য সংক্রমিত লোকদের অর্ধেক ইতোমধ্যে আরোগ্য লাভ করেছে।

বাংলাদেশের তাপমাত্রাও করোনা ছড়ানোর উপযোগী

0

বাংলাদেশের তাপমাত্রাও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার উপযোগী। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় দাবি করা হচ্ছিলো বাংলাদেশের মতো উচ্চ তাপমাত্রার দেশে মারাত্মক নিউমোনিয়া রোগসৃষ্টিকারী ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম। কিন্তু সেই দাবিকে ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশের জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আইইডিসিআর জানিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ায় বিশ্ব পরিস্থিতির অবনতি ঘটছে দ্রুত। তাপমাত্রার সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই। উচ্চ তাপমাত্রা আছে এমন দেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। করোনা ভাইরাস সর্বোচ্চ ৭০ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত টিকে থাকতে পারে। এর ওপরে গিয়ে আর টিকতে পারে না। অথচ পৃথিবীর কোনো দেশেই এতো তাপমাত্রা নেই।

সুতরাং গ্রীষ্মকালের তাপমাত্রায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা কমে যাবে এ ভরসায় বসে থাকা যাবে না। সবাইকে সতর্ক থাকতে হবে।

ওদিকে আজ প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা জানান যে, অতি গরমে এই ভাইরাসের বিস্তার অনেকটাই কমে যাবে বা ভাইরাস মরে যাবে। নতুন একটি সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে এই ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে-এই ভাবনার ফাঁদে পড়া এড়ানো উচিত। সাধারণ ঠান্ডা বা ইনফ্লুয়েঞ্জার জীবানুগুলির মতোই এই ভাইরাস তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে ঠিক একইভাবে প্রতিক্রিয়া দেখাবে-সেটা না-ও ঘটতে পারে।

দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংজুয়ের সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সমীক্ষাটি করেছেন। নভেল করোনভাইরাসটি ছড়িয়ে পড়ার ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন প্রভাব ফেলবে কিনা-এটাই এই গবেষণার মূল বিষয় ছিল।

সমীক্ষা প্রতিবেদনটি গত মাসে প্রকাশিত হয়। তবে এটা নিয়ে এখনও পর্যালোচনা করা হয়নি। ওই গবেষণঅ প্রতিবেদনে সুপারিশ করা হয়েছিল যে, ভাইরাসেরে আচরণের প্রক্রিয়ার ওপর তাপমাত্রার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

গবেষণায় বলা হয়েছে, ‘ভাইরাসটি উচ্চ তাপমাত্রার প্রতি অত্যন্ত সংবেদনশীল। এ কারণে যেসব দেশে গরম বেশি সেখানে ভাইরাসটি ছড়িয়ে পড়তে বাধাগ্রস্ত হতে পারে।’

এই গবেষণা বলা হয়েছে, উত্তর গোলার্ধে বসন্ত এবং গ্রীষ্মের মাস আসার সাথে সাথে তাপমাত্রা এবং আর্দ্রতার বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে ব্যাপক জনস্বাস্থ্যের বিষয়গুলো আমলে না নিলে ভাইরাস সংক্রমণ হ্রাস পাবে না। এই গবেষণাটি করা হয়েছিল ফেব্রুয়ারী মাসে। এটার ‘সায়েন্টিফিক রিভিউ’ এখনো চলছে।

করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে এশিয়া-ইউরোপ-আমেরিকা সহ পুরো বিশ্ব। বাংলাদেশেও তিনজনের দেহে ধরা পড়েছে এই প্রাণঘাতি ভাইরাসের উপস্থিতি। যাদেরকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জারি করেছে উচ্চ সতর্কতা। বিশ্বের প্রতিটি দেশের সরকার ও জনগণকে করোনাভাইরাস মোকাবিলায় সতর্ক হওয়ার আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর নয়তো পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। এখনই হুঁশিয়ার না হলে মারা যাবে কোটি কোটি মানুষ।

চীনের বাইরে এই ভাইরাস ১৭গুন দ্রুত হারে ছড়িয়ে পড়ছে বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্রের মতো উন্নত এবং সচেতেন মানুষদের দেশেও করোনা ভয়াবহ আকার ধারন করছে। সেখানে আমাদের মতো অনুন্নত এবং অসচেতন দেশ যে কতোটা ঝুঁকিতে আছে তা বলার অপেক্ষা রাখে না। ফলে এখনই সতর্ক না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করবে।

করোনাভাইরাসের কোনো ওষুধ নেই। ফলে সতর্কতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণই এই ভাইরাস মোকাবিলার একমাত্র উপায়।

চীনের উহান শহর থেকে ইতিমধ্যেই বিশ্বের ৯৪টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। মারা গেছে ১৬টি দেশের সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষ। আক্রান্ত হয়েছে প্রায় ১ লাখ ৭ হাজার মানুষ।

সুউচ্চ ভবন অনুমোদনে সতর্কতা অবলম্বনের সুপারিশ

0

হাই রাইজ বিল্ডিং (সুউচ্চ ভবন) অনুমোদনের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে রাজধানীতে ভবন নির্মাণের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা অনুসরণ করা হচ্ছে কিনা তা তদারকি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি আ স ম ফিরোজ। বৈঠকে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, মো. জিল্লুল হাকিম ও মুহিবুর রহমান মানিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, সুউচ্চ ভবন লির্মাণে ইলেকট্রিক সাব স্টেশন, অগ্নি নির্বাপক সিস্টেম, জরুরি হেলিকপ্টার ল্যান্ডিং ব্যবস্থাসহ ২৬ ধরণের সতর্কতামূলক ব্যবস্থা রাখার নির্দেশনা আছে। কিন্তু অধিকাংশ ভবন নির্মাণে সেই নির্দেশনা মানা হয় না। ফলে রাজধানীতে ঝুঁকি বাড়ছে। এ নিয়ে কমিটির সদস্য ক্ষোভ প্রকাশ করেন। তারা ঝুঁকি এড়াতে উচ্চ ভবনের অনুমোদনের ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার সুপারিশ করেন। এ ছাড়া বৈঠকে নকশা অনুমোদন ব্যতীত ইমারত নির্মাণ প্রক্রিয়া বন্ধ ও ভিজিল্যান্স কার্যক্রম জোরদার করার তাগিদ দেওয়া হয়।

বৈঠকে রাজউকের বিভিন্ন প্রকল্প, নক্শা অনুমোদন নীতিমালা, অনুমোদনহীন নক্শায় নির্মিত ভবনের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা ও বিগত ৫ বছরের অডিট রিপোর্ট নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে কমিটির পক্ষ থেকে রাজউকের অনিষ্পন্ন অডিট আপত্তিসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পন্ন করে কমিটিতে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ ৫১ শতাংশ সম্পন্ন : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ দীর্ঘায়িত হবে না। ইতোমধ্যে টানেলের ৫১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

আজ রবিবার চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশে প্রথম চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে টানেলের নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ১০ হাজার ৫’শ সেগমেন্টের মধ্যে প্রায় অর্ধেক সেগমেন্ট টানেলে স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে নদীর দু’পাড়ে প্রকল্পের কাজ দৃশ্যমান হয়েছে। ১০ হাজার ৩’শ ৭৪ কোটি টাকা ব্যয়ে এ টানেল নির্মাণে বাংলাদেশ সরকার ৪ হাজার ৪’শ ৬১ কোটি টাকা যোগান দিচ্ছে। বাকী ৫ হাজার ৯’শ ১৩ কোটি টাকা চীন সরকার এ প্রকল্পে ব্যয় করছে।

ওবায়দুল কাদের বলেন, আমরা আশা করছি ২০২২ সালের মধ্যে এই টানেল পুরোপুরি ভাবে আলোর মুখ দেখবে। শেখ হাসিনা সরকারের মেগা প্রজেক্টের মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ শেষ হবে এবং চট্টগ্রামের আর্থসামাজিক উন্নয়নে এই টানেল সুদূর প্রসারী প্রভাব ফেলবে।

এ সময় তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ এমপি এবং জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম উপস্থিত ছিলেন।