Home Blog Page 3103

করোনার সময়ে ইউরোপের আকাশে উড়ছে ভুতুড়ে বিমান!

0

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এই কারণে আকাশ পথে যাত্রীর সংখ্যা কমেছে। ফলে ইউরোপের আকাশে এখন বিমানগুলো যেন ভুতুড়ে অবস্থা। যাত্রী ছাড়াই চলছে বিমান। হাজার হাজার গ্যালন জ্বালানি পুড়িয়ে, পরিবেশের ক্ষতি করে এবং বিপুল পরিমাণে আর্থিক গচ্ছা দিয়ে তাদেরকে এমন ‘ভুতুড়ে’ বিমান উড্ডয়ন অব্যাহত রাখতে হয়েছে।

ইউরোপের বিধি অনুযায়ী, এই মহাদেশের বাইরে যাত্রী আনা নেওয়ায় নিয়োজিত বিমান সংস্থাকে বরাদ্দকৃত ফ্লাইট সংখ্যার ৮০ শতাংশ ব্যবহার করতে হবে। না হলে বরাদ্দকৃত ফ্লাইট সংখ্যা বাতিল করে দেওয়া হবে।

করোনাভাইরাসের প্রকোপকে কেন্দ্র করে বাণিজ্যিক বিমান সংস্থাগুলোর যাত্রী সংখ্যা অনেকক্ষেত্রেই প্রায় শূন্যে এসে ঠেকেছে। আর অনেক ক্ষেত্রেই বিমান চলাচলের ওপর আরোপ করা হয়েছে বিধি নিষেধ। সব মিলিয়ে এমন পরিস্থিতিতেও যাত্রীহীন খালি বিমান নিয়েই আকাশে উড়ছে যাত্রীবাহী উড়োজাহাজ।

এদিকে, আর্থিক ও পরিবেশের ক্ষতি ঠেকানোর জন্য বিমান সংস্থাগুলোকে ‘ভুতুড়ে’ উড়োজাহাজ চালানোর দায় থেকে অব্যাহতি দেওয়ার দেন দরবার চলছে। অবশ্য, হংকং ও চীনের মূল ভূখণ্ডের যাতায়াতকারী বিমান সংস্থাগুলোকে বাধ্যতামূলক উড্ডয়ন থেকে এরই মধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে।

করোনা প্রতিরোধ করবে এই আশায় মদ খাচ্ছেন ইরানিরা!

0

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করবে এমন গুজব থেকে অধিক মাত্রায় মদ পান শুরু করছেন ইরানের লোকেরা। রাজধানী তেহরানের এক হাসপাতালের কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে হাসপাতালে বিষাক্ত মদ পানে অসুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

শাহিন শাদনিয়া নামের ওই কর্মকর্তা ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজকে বলেছিলেন যে, কিছু ক্ষেত্রে মিথানল সমৃদ্ধ বিষাক্ত অ্যালকোহল পান রোগীদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানে ১৯৭৯ সালে অ্যালকোহলিক স্পিট,ওয়াইন এবং বিয়ার পান নিষিদ্ধ করা হয়েছে। তবুও দেশটির অনেক লোক নিয়মিত ভদকা এবং অন্যান্য মদ পান করে থাকেন। তারা এগুলো বাড়িতে কিংবা গোপনে পান করে থাকেন।

অধিকাংশ সময়ে তারা বাড়িতে তৈরি উচ্চমাত্রার মিথেনল সমৃদ্ধ মদ পান করে থাকেন। সঠিকমাত্রায় পরিশোধন না হওয়া বাড়িতে তৈরি এ ধরণের মদ পানের ফলে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। বিষক্রিয়া বেশি হলে মৃত্যুর ঘটনাও ঘটছে। ইরানে বাণিজ্যিকভাবে মদ উৎপাদন এবং বাজারজাতকরণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। যেহেতু ইরানে কোনও বাণিজ্যিক মদ বিপণনের কোন সুযোগ নেই, তাই তারা বাড়িতে তৈরি মদ খেয়েই আত্মারা প্রশান্তি নিবারণ করে। ফলে মাঝে মধ্যে অনেক মানুষের মৃত্যু ঘটে।

এমনকি করোনাভাইরাস মহামারী হওয়ার আগে দেশটিতে বিষাক্ত অ্যালকোহলে পানে প্রতি বছর কয়েশ মানুষের মৃত্যুর ঘটনা ঘটে।

গত ১৯ ফেব্রুয়ারি দেশটিতে প্রথম করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া যায়। এরপর জনগণের মধ্যে গুজব ছড়িয়েছে যে, অ্যালকোহল পান করলে করোনার সংক্রমণ রোধ করা যায়। ফলে এই সময়ে দেশটিতে অ্যালকোহল পানের পরিমাণ বেড়ে গেছে বহু গুণে।

চিকিত্সকরা এখন জনগণকে সতর্ক করে দিচ্ছেন যে কোভিড-১৯ করোনাভাইরাসে রোধে অ্যালকোহলের কোনও প্রভাব নেই এবং তাদের কেবল চিকিৎসকদের সাধারণ পরামর্শ অনুসরণ করা উচিত।

নারী দিবসে বিশ্বকাপ জয়ের লক্ষ্য ভারতীয় মেয়েদের

0

আগামীকাল ৮ মার্চ বিশ্ব নারী দিবসে মেলবোর্নে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত। অস্ট্রেলিয়ার সামনে পঞ্চম শিরোপা জয়ের হাতচ্ছানি। আর প্রথমবারের মত ফাইনালে উঠে শিরোপার স্বাদ নিতে চায় ভারত। মেলবোর্নে দুপুর ১টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

ফেভারিটের তকমা নিয়ে আরও একটি ফাইনাল খেলতে নামছে অস্ট্রেলিয়া। আগের ছয় আসরের পাঁচটিতেই ফাইনাল খেলেছে তারা। শিরোপা জিতেছে চারবার। গেল আসরেও শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ে অসি নারী দল। ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। তাই শিরোপা ধরে রাখার মিশন নিয়ে ফাইনাল খেলতে নামছে অস্ট্রেলিয়া। শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদি অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং।

প্রথমবারের মতো ফাইনালে ভারত। প্রথমবারের মতো শিরোপা জয়ের লক্ষ্য ভারত অধিনায়ক হরমনপ্রিত কাউরেরও। মেলবোর্নের ফাইনাল ম্যাচের ভেন্যুর ধারনক্ষমতা প্রায় ১ লাখ। আশা করা হচ্ছে, ফাইনাল ম্যাচের গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ থাকবে। দর্শকদের উপস্থিতি আশানুরূপ হলে রেকর্ডও গড়তে পারে। কারণ আগামীকাল বিশ্ব নারী দিবস। আর এমন দিনে নারীদের ফাইনাল বলে, রেকর্ড সংখ্যক দর্শকের প্রত্যাশা।

১৯৯৯ সালে নারীদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে দর্শকসংখ্যা ছিল ৯০, ১৮৫ জন। ক্যালিফোর্নিয়ার রোজ বোলের সেই ফাইনালে চীনকে টাইব্রেকারে হারিয়েছিল যুক্তরাষ্ট্র। এবারের আসরে একই গ্রুপে ছিল ভারত ও অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারায় ভারত। সেটি ছিল গ্রুপ পর্বে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ। এরপর গ্রুপ পর্বের বাকী তিন ম্যাচ জিতে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে ভারত।

সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ‘বি’ গ্রুপে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান দখল করে ইংলিশরা। তাই গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিতে ভারতের মুখোমুখি হয় ইংল্যান্ড। বৃষ্টির কারণে সেই ম্যাচটি পরিত্যক্ত হয়। আর গ্রুপ পর্বে পয়েন্ট বেশি থাকায় ফাইনালের টিকিট পায় ভারত। তাই হতাশায় নিমজ্জিত হয়ে বিশ্বকাপ শেষ করতে হয় ইংল্যান্ড। ভারতের কাছে হারের পর গ্রুপ পর্বে পরের তিন ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে অস্ট্রেলিয়া। শেষ চারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে ৫ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে অস্ট্রেলিয়া।

ফাইনাল নিয়ে ল্যানিং বলেন, ‘ফাইনাল ম্যাচটি অনেক বেশি কঠিন হবে। ভারত খুবই ভালো দল। পুরো আসরেই তারা দুর্দান্ত ক্রিকেট খেলেছে। তবে ফাইনালে যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। শিরোপা ধরে রাখাই আমাদের প্রধান লক্ষ।’

ভারতের অধিনায়ক কাউর বলেন, ‘প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে আমরা। চাপ না নিয়ে ফাইনাল উপভোগ করা উচিত এবং নিজেদের সেরাটা দিতে হবে। আগের ম্যাচগুলো এখন আমাদের কাছে স্মৃতি। ফাইনালের দিনটি নতুন, নতুনভাবে সবকিছু শুরু করতে হবে। প্রথম বল থেকে সেরা ক্রিকেট খেলতে হবে।’

৭ মার্চ পালন করলে দেশবাসী বিএনপিকে বাহবা দেবে : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ঐতিহাসিক ৭ মার্চ পালন না করার অর্থ দেশের স্বাধীনতাকে অস্বীকার করার শামিল। সমগ্র জাতি ৭ মার্চ পালন করলেও বিএনপিসহ কয়েকটি দল এটি পালন করে না, তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভাষণকে স্বীকৃতি দিতে পারেনি।

আজ শনিবার রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) আয়োজিত ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্ব প্রামান্য ঐতিহ্য আলোচনাসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ৭ মার্চের ভাষণ কোনো দলের নয়, সমগ্র জাতির। ইউনেস্কো এই ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের দলিল হিসেবে ঘোষণা এবং স্বীকৃতি দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দ্বারপ্রান্তে বিএনপি ভুলের রাজনীতি থেকে বেরিয়ে আসবে এবং ভবিষ্যতে ৭ মার্চ পালন করবে। তাহলে দেশের মানুষ তাদেরকে বাহবা দেবে।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) স. ম. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সভায় তথ্যসচিব কামরুন নাহার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ১৯৭১ সালের ৭ মার্চে জাতির পিতার ঐতিহাসিক ভাষণ ধারণকারী দলের সদস্যদের মধ্যে স্মৃতিচারণ করেন আমজাদ আলী খন্দকার ও সৈয়দ মইনুল আহসান।

পরে ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ ধারনকারী ৮ সদস্যদের মধ্যে পদক প্রদান করেন তথ্যমন্ত্রী। এর মধ্যে আমজাদ আলী খন্দকার ও সৈয়দ মইনুল আহসান সরাসরি এবং অন্যান্যদের পরিবারের সদস্যরা হাছান মাহমুদের হাত থেকে পদক গ্রহণ করেন।

ভারত-ইসরায়েলের দিকে ধেয়ে আসছে পঙ্গপাল!

0

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা ফাও’র পঙ্গপাল পূর্বাভাসবিষয়ক সিনিয়র কর্মকর্তা কেনেথ ক্রিসম্যান বলেছেন, পঙ্গপালের বিশাল একটি ঝাঁক ভারত ও ইসরায়েলের দিকে ধেয়ে আসছে। এই ঝাঁক চলতি বছরের শেষ নাগাদ মিশরে পৌঁছাতে পারে। আর ইসরায়েলে পৌঁছাতে পারে মে মাসের দিকে। এছাড়া মে থেকে জুলাই মাসের মধ্যে ভারতে হানা দিতে পারে পঙ্গপালের এই ঝাঁক।

ইউরোপ পঙ্গপালের এই ঝাঁকের আওতার বাইরে রয়েছে উল্লেখ করে তিনি আরো জানান, মরুভূমি থেকে সৃষ্ট পঙ্গপালের ঝুঁকিতে নেই চীনও। অর্থাৎ চীন পঙ্গপালের প্রাকৃতিক পাল্লার বাইরেই রয়েছে। আবহাওয়া অত্যন্ত শীতল হওয়ায় পঙ্গপালের ঝাঁক হিমালয় পর্বতমালাও পার হতে পারবে না বলেও জানান তিনি।

দিনে প্রায় দেড়শ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম পঙ্গপালকে পরিযায়ী বা যাযাবর অর্থাৎ মাইগ্রেটরি পতঙ্গকুলের মধ্যে সবচেয়ে বিধ্বংসী হিসেবে গণ্য করা হয়। সাধারণ একটি ঝাঁকে আট কোটি পতঙ্গ থাকতে পারে। দিনে এই পঙ্গপাল ৩৫ হাজার মানুষের খাবার খেয়ে নিতে পারে। পার্সটুডের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

এর আগে ২০০৪ সালে পশ্চিম আফ্রিকায় আড়াইশ কোটি ডলার সমপরিমাণ শস্য নষ্ট করেছিল পঙ্গপাল। ১৯১৫ সালে সবচেয়ে পঙ্গপালের সবচেয়ে মারাত্মক হামলা হয়েছিল। প্রথম মহাযুদ্ধের সময়ে পঙ্গপালের হামলার শিকার হয়েছিল সিরিয়া এবং উসমানি সাম্রাজ্যের অন্যান্য অংশ।

জরুরি বৈঠক ডেকেছেন শেখ হাসিনা

0

আগামী সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা।

ওইদিন সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা মোকাবিলায় ৫২টি পরীক্ষাগার চালু করেছে ভারত

0

ভারতে করোনা আক্রান্ত ৩১ জন খবর পাওয়া গেছে। করোনা আতঙ্ক গ্রাস করেছে কাশ্মীরকেও। তবে ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। প্রাথমিক সতর্কতা হিসেবে দিল্লিসহ বেশ কয়েকটি জেলায় সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে ভারতে করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। এমন পরিস্থিতে তারা করোনা মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে করোনার নমুনা পরীক্ষা করা জন্য ৫২টি ল্যাবরেটরি চালু করেছে। আরো ৫৭টি ল্যাবরেটরি চালু রেখেছে নমুনা সংগ্রহে সাহায্য করার জন্য। রোগ নির্ণয় ও সনাক্তকরণে ক্ষমতা বাড়ানোর জন্যই এই উদ্দ্যোগ গ্রহণ করেছে।

ভারতের এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, করোনা আক্রান্ত দেশগুলোতে ভ্রমণের ইতিহাসসহ লক্ষণ দেখে সন্দেহজনক ব্যক্তি থেকে নমুনা স্ক্রিন করার হার বাড়ছেই। তাই স্বাস্থ্য গবেষণা অধিদপ্তর বা আইসিএমআর ভারতে করোনা পরীক্ষার জন্য ৫২টি পরীক্ষাগার চালু করেছে।

‘শিরশ্ছেদ’ হতে পারে আটক তিন সৌদি যুবরাজের!

0

সৌদি বাদশাহ সালমানের ভাই ও ভাতিজাসহ তিন প্রিন্সকে আটক করা হয়েছে। অভ্যুত্থান চেষ্টার অভিযোগে তাদেরকে আটক করেছে সৌদি সরকার। শুক্রবার ভোরেই তাঁদের আটক করেন কালো পোশাক পরা নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আটক তিন প্রিন্স হলেন বাদশাহ সালমানের ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ, ভাতিজা মোহাম্মদ বিন নায়েফ ও প্রিন্স নাওয়াফ বিন নায়েফ।

ওয়াল স্ট্রিট জার্নালের খবরে দাবি করা হয়, রাজকীয় আদালত তাদের বিরুদ্ধে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সিংহাসনচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। এতে তাদের যাবজ্জীবন কারাদণ্ড এমনকি শিরশ্ছেদও হতে পারে।

যুবরাজ সালমানের নিজের সিংহাসনে আরোহনের ক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী না রাখতেই এই আটক অভিযান বলে ডেইলি মেইলের খবরে বলা হয়েছে।

প্রিন্স আহমেদ ও বিন নায়েফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। ২০১৭ সাল পর্যন্ত সৌদি সিংহাসনের উত্তরসূরি ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন বিন নায়েফ। তার ছোট ভাই নওয়াফ বিন নায়েফকেও গ্রেফতার করা হয়েছে।

ক্ষমতা সুসংহত করতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ধরপাকড় অভিযানে সর্বশেষ আটক হলেন আহমেদ ও বিন নায়েফ।

যুক্তরাষ্ট্রভিত্তিক র‌্যান্ড কর্পোরেশনের নীতিবিশ্লেষক বেকা ওয়াসের ব্লুমবার্গকে বলেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। তার উত্থানের ক্ষেত্রে সব হুমকি ইতিমধ্যে তিনি সরিয়ে দিয়েছেন। পাল্টা প্রতিক্রিয়া ছাড়াই তার সমালোচকদের হত্যা করছেন।

আল-জাজিরার সাংবাদিক জামাল এলশায়াল বলেন, সৌদি রাজপরিবারের দুই জ্যেষ্ঠ সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি। কী কারণে যে এই গ্রেফতার, তা জোর দিয়ে বলা যাচ্ছে না। আর এ বিষয়ে কিছু বলা অপ্রয়োজনীয়। কারণ সেখানে স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতা বলতে কিছু নেই।

তিনি বলেন, যে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তারা সৌদির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অন্যতম। দীর্ঘ সময় তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না। কাজেই অভ্যুত্থান চেষ্টার যে অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে, তা খুবই অসম্ভব ও কঠিন। তারা আগে থেকেই মারাত্মক বিধিনিষেধের মধ্যে রয়েছেন।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, এর একটি সম্ভাব্য মতলব হতে পারে বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বয়স। তিনি এখন ৮৪ বছরে রয়েছেন। বাবার মৃত্যু কিংবা সিংহাসন ত্যাগের আগে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের আটকে রাখতে চাচ্ছেন উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান।

রাজপরিবারে প্রিন্স আহমেদ বিশেষ মর্যাদা বহন করেন। কারণ বাদশাহ সালমানের একমাত্র জীবিত আপন ভাই তিনি। আর বাদশাহ আবদুল আজিজের জীবত সন্তানদের মধ্যে একজন তিনি। কাজেই শাসক পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের মধ্যে তার ব্যাপক কদর রয়েছে।

এর আগে নিজের ভাইকে সিংহাসনের উত্তরসূরি মনোনয়ন দিতেন সৌদি শাসকরা। কিন্তু বাদশাহ সালমান প্রথমবারের মতো ২০১৭ সালে নিজের ছেলেকে এই পদে বসান।

২০১৮ সালে লন্ডনে বিক্ষোভকারীদের মুখোমুখি হওয়ার সময় সৌদি আরবের বর্তমান নীতির সমালোচনা করার পর থেকে প্রিন্স আহমেদকে প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবতে শুরু করেন যুবরাজ।

বিক্ষোভকারীরা তখন ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। কাজেই প্রতিবেশী দেশটিতে মানবিক সংকটের দায় নেয়ার ক্ষেত্রে বাকি রাজপরিবারের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছেন প্রিন্স আহমেদ।

এক ভিডিওতে রাজপরিবারের নাম নিয়ে তাকে বলতে শোনা গেছে, আল-সৌদে এসব কি হচ্ছে? এসবের জন্য বাদশাহ ও তার সন্তানই দায়ী। এরপরে ইন্টারনেটে ক্ষুব্ধ সৌদিরা প্রিন্স আহমেদের আনুগত্য মেনে চলার প্রতিশ্রুতি দেন।

কিন্তু দ্রুতই এটা পরিষ্কার হয় যে সিংহাসনের উত্তরসূরি হওয়ার কোনো ইচ্ছা তার নেই। একটি বিবৃতি ইস্যু করে তিনি বলেন, তার মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

রাজপরিবারের যেসব সদস্যদের অবাধ্য হিসেবে বিবেচনা করছেন যুবরাজ, তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, প্রিন্স আহমেদের ক্ষেত্রে প্রথমে তেমনটি ঘটতে দেখা যায়নি। তিনি অনেকটা স্বাধীনভাবেই দেশে ফিরে আসা ও চলাচলের সুযোগ পান।

বুধবার তিনি অবকাশ থেকে ফিরে আসেন এবং পরের দিনেই গ্রেফতার হন। ক্ষমতাসীন আল-সৌদ পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের নিয়ে গঠিত হাইয়াতুল বাইয়ার তিন সদস্যের একজন তিনি। ২০১৭ সালে মোহাম্মদ বিন সালমানকে যখন সিংহাসনের উত্তরসূরি করা হয়, তখন প্রিন্স আহমেদ তার বিরোধিতা করেন।

প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ ছিলেন সাবেক যুবরাজ। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। তাকে মোহাম্মদ বিন সালমানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবেই বিবেচনা করা হয়ে আসছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি দেশের তিন সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ করেছেন। যার মধ্যে সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ড বাহিনীও রয়েছে। কাজেই ক্ষমতার লড়াইয়ে তিনি তাৎপর্যপূর্ণ সুবিধা পাবেন বলেই মনে করা হচ্ছে।

এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ। মার্কিন গোয়েন্দা বাহিনীর সঙ্গে তার বেশ জানাশোনা আছে। রাজপরিবারের মধ্যে যেটাকে সম্পদ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান কেবল তাকে ক্ষমতাচ্যুতই করেননি, ব্যাপক অপমান ও লাঞ্ছনাও দিয়েছেন। নিজের পদ থেকে সরে দাঁড়াতে বর্তমান যুবরাজের সহযোগীরা তাকে শারীরিকভাবে জবরদস্তি করেছেন।

তাকে দীর্ঘ সময় আটক রাখার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাবঞ্চিত করা হয়েছে। বিন নায়েফের সম্পদ জব্দ করা হয়। আর সামাজিকমাধ্যমে তার বিরুদ্ধে প্রচার চালানো হয়, তিনি ব্যথানাশকে আসক্ত।

তার ক্ষমতা কেড়ে নেয়া হয় এবং স্বাধীন চলাচল বন্ধ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কালো উর্দি ও মাস্ক পরা লোকজন রিয়াদে তার ডেজার্ট ক্যাম্পে আসেন এবং তাকে ও তার ছোটভাইকে তুলে নিয়ে যান। এসময় তার বাড়িঘর তল্লাশি ও যোগাযোগ লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়।

তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ তোলা হয়েছে। রাজপরিবারের অবাধ্য সদস্যদের গ্রেফতার যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিত্য অভ্যাস। মূলত ক্ষমতা সুসংহত করতেই তিনি এই ধরপাকড় চালাচ্ছেন বলে সমালোচকদের দাবি।

সূত্র- নিউইয়র্ক টাইমস, আল-জাজিরা।

নিষিদ্ধই থাকছেন সাবেক উয়েফা প্রধান

0

ফুটবলে চার বছরের জন্য নিষিদ্ধ সাবেক উয়েফা প্রধান মিশেল প্লাতিনি ইউরোপের একটি মানবাধিকার আদালতে আপীল করে হেরে গেছেন। ২০১১ সালে তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্লাটারের কাছ থেকে দুই মিলিয়ন সুইস ফ্রা বেতন হিসেবে গ্রহণের দায়ে তাকে ওই শাস্তি দেয়া হয়েছিল।

স্ট্রাসবার্গে একটি আদালতে সাত বিচারকের আদালত প্লাতিনির বিরুদ্ধে ফুটবল সংক্রান্ত পেশাদার কার্যক্রমের উপর আরোপিত নিষেধাজ্ঞা সঠিক বলে মত প্রকাশ করেছে। আদালত বলেন,’ফুটবল পরিচালনা পরিষদের শীর্ষ পদে থেকে প্লাতিনি যা করেছেন তা গুরুতর অপরাধ। যে কারণে ক্রীড়াঙ্গন ও ফুটবলের ভাবমুর্তি পুনরুদ্ধারে তার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা যুক্তিযুক্ত।’

ফলে প্লাতিনি আবেদনটি খারিজ করার নির্দেশ দেন আদালত। সাবেক মিত্র ব্লাটারের কাছ থেকে ২০১৫ সালে ফিফার সহ-সভাপতির দায়িত্ব পালন করা ৬৪ বছর বয়সি ফরাসি তারকা প্লাতিনির এই অর্থ গ্রহনের ঘটনাটি দারুন সমালোচিত হয়েছিল। আদালতের এই রায়টির সঙ্গে সঙ্গতি রয়েছে ফিফার এথিকস কমিটি ও সুইস ফেডারেল ট্রাইব্যুনাল কর্তৃক গঠিত কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস এর রায়।

ফিফা বলেছে, সাবেক সভাপতি ব্লাটারের কাছ থেকে ২০১১ সালের ফেব্রুয়ারিতে নিয়মবহির্ভুত পাওয়া এই অর্থ ফিরিয়ে আনার জন্য তারা প্রচেস্টা অব্যাহত রাখবে।

নুসরাতের মুকুটে নয়া পালক

0

প্রথমবার অভিনয় জগতের সঙ্গে সঙ্গে রাজনীতি মঞ্চে প্রবেশ করেই জিতে নিলেন ‘তুমি অনন্যা’ পুরস্কার। আন্তর্জাতিক নারী দিবসের ঠিক দু’দিন আগে জ্ঞানমঞ্চে অনুষ্ঠিত হল এই অ্যাওয়ার্ড শো। আর সেখানেই ‘এক্সেলেন্স ইন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স’র জন্য নুসরাত পেলেন সেরার শিরোপা।

সংসদীয় কাজের ওপর ভিত্তি করে পার্লামেন্টে অনন্য পারফরম্যান্সের জন্যে নুসরাত জয় করেছেন ১৫তম ‘তুমি অনন্যা’ পুরস্কার। এই পুরস্কার তিনি উৎসর্গ করেছেন জনসাধারণের উদ্দেশে। সম্মানিত হয়ে নুসরত জাহান জানান, আশা করি ভবিষ্যতেও দেশ এবং দশের জন্য এভাবেই কাজ করে যেতে পারব।

রাজনীতির ময়দানে প্রথমবার পা রেখেই সাংসদ নির্বাচিত হয়েছেন। গত লোকসভা নির্বাচনের সময় বিপুল ভোটে বিরোধী দলপ্রার্থীকে হারিয়ে বসিরহাট থেকে জয়ী হয়েছেন। পার্লামেন্টে নিজের সংসদীয় এলাকার মানুষদের জন্য নয়া প্রকল্পের প্রস্তাব রেখে মন জয় করেছেন বসিরহাটের মানুষদের। একাধিকবার তৃণমূল সাংসদ তথা অভিনেত্রীর মানবিকতা নজর কেড়েছে রাজ্যবাসীর। এবার নারী দিবসের আগে সাংসদ হিসেবে জিতে নিলেন ‘তুমি অনন্যা’ পুরস্কারও।