Home Blog Page 3104

বাবরির জায়গায় রাম মন্দির গড়তে প্রাচীন মুদ্রা উপহার মুসলিম তরুণের!

0

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হবে। এই নিয়ে চলছে বিতর্ক। তবে এই বিতর্কের মাঝে সম্প্রীতির নজর গড়লেন এক মুসলিম তরুণ। এবার এই মন্দিরে অষ্টধাতুর প্রাচীন মুদ্রা দান করে নজির গড়লেন সেই মুসলিম।

উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা সৈয়দ মোহদ ইসলাম। গ্রামে নিজের পৈত্রিক বাড়ি নির্মাণ সময় মাটি খুঁড়তে গিয়ে খুঁজে পান দুটি অষ্টধাতুর মুদ্রা। এই মুদ্রায় রয়েছে রামের প্রতিকৃতি। আর তা দেখেই সৈয়দ সিদ্ধান্ত নেন তিনি অযোধ্যার রাম মন্দিরে এই মুদ্রা দান করবেন।

সৈয়দ মোহদ ইসলাম বলেন, ২০১৯ সালের ৩০ নভেম্বরে বাড়ির ভিত খুঁড়ার সময় দুটি মুদ্রা খুঁজে পাই। তখনই সিদ্ধান্ত নিই রাম মন্দিরে এই মুদ্রা উপহার হিসেবে দান করে দেব। খুব শিগগিরই আমি অযোধ্যা যাব ও রাম তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারপার্সন মহান্ত নৃত্য গোপাল দাসের সঙ্গে দেখা করে তার হাতেই এই দুটো তুলে দেব

তবে কিছুদিন আগেই সৈয়দের স্ত্রী উদ্ধার হওয়া দুটি মুদ্রার মধ্যে একটি ৩ লাখ রুপির বিনিময়ে সোনার দোকানে বিক্রি করে দেন। তাই সৈয়দ স্থির করেন, এই মুদ্রা বিক্রি করে যদি মন্দির নির্মাণের কাজেও ট্রাস্টের সদস্যরা ব্যবহার করতে চান তাহলেও তা করার অনুরোধ জানাবেন মহন্তকে।

মোদির ঢাকা সফর ‘সফল’ করতে তৎপর কূটনীতিকরা, আসতে পারে গুরুত্বপূর্ণ ঘোষণা

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন শুরু হচ্ছে ১৭ মার্চ থেকে। ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানকে ঘিরে এবার ঢাকায় নরেন্দ্র মোদির ‘সফল’ সফর চাইছে দিল্লি।

মোদির ঢাকা সফর নিয়ে শনিবার ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে অনুষ্ঠানের সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরে ভারত-বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে শীর্ষ পর্যায়ে। পাঁচ বছর পর ঢাকার মাটিতে পা রাখতে চলেছেন মোদি। তার আগের সফরে দু’দেশের মধ্যে স্থলসীমান্ত চুক্তি হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, এ বারের সফরে এই মাপের কোনো চুক্তি হবে না ঠিকই, বরং সিএএ-এনআরসি এবং সাম্প্রতিক দিল্লি সহিংসতার জেরে সম্পর্কে যথেষ্ট মেঘ জমে রয়েছে। কিন্তু সেই মেঘ কাটিয়ে মোদির বাংলাদেশ সফরকে সফল হিসেবে তুলে ধরতে সক্রিয় ভারতীয় কূটনৈতিকরা। এ জন্য গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা আসতে পারে মোদির কাছ থেকে।

তিস্তাকে বাদ রেখে অন্য কয়েকটি নদীর পানির ভাগাভাগি নিয়ে সমঝোতা হতে পারে বলে সম্প্রতি ঢাকা সফরে ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, মোদির আসন্ন সফরের সব চেয়ে গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে দু’দেশের মধ্যে আঞ্চলিক সংযোগের নতুন দিক খোঁজা।

বাংলাদেশ এবং ভারতের মধ্যে নদীপথে যাতায়াত বাড়ানোর জন্য বেশ কিছু প্রকল্প ঘোষণা হতে পারে।

বাংলাদেশের বন্দরগুলোকে ব্যবহার করে ভারতের উত্তরপূর্বাঞ্চলে এলপিজি গ্যাস পাঠানোর নতুন উদ্যোগ নিয়েও আলোচনা হবে মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠকে। এ ব্যাপারে চট্টগ্রাম বন্দরকে বিশেষ গুরুত্ব দেয়া হবে।

এদিকে বাংলাদেশের বিভিন্ন ইসলামপন্থী দল মোদির সফর প্রতিহত করার ঘোষণা দিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে। সফর বাতিলের দাবিতে গতকাল শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে।

মাশরাফির প্রিয় কোহলি আর লিটনের ব্যাটিং

0

অসম্ভব প্রতিভাবান এক ক্রিকেটারের নাম লিটন দাস। আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর পর থেকেই ধুঁকছিলেন। ধারাবাহিক হতে পারছিলেন না। মাঝেমধ্যে বাদ পড়লেও নির্বাচকেরা তাকে বারবার সুযোগ দিয়ে যাচ্ছিলেন। যার প্রতিদান এবার দিতে শুরু করেছেন এই সুপার স্টাইলিশ ব্যাটসম্যান। ব্যাটিংয়ের টেকনিক, স্কিল, এসবের বাইরেও কিছু ব্যাপার থাকে। সৌন্দর্য, নান্দনিকতা, চোখ ও মনকে প্রশান্তি দেওয়া। মাশরাফি বিন মুর্তজা সেই অনুভূতিগুলোর পরশ পান বিরাট কোহলি ও লিটন দাসের ব্যাটিং দেখে।

শুক্রবার শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২ সেঞ্চুরি করেন লিটন। শেষ ম্যাচে তো খেলেছেন ১৭৬ রানের দৃষ্টিনন্দন ইনিংস, যা ওয়ানডেতে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তার চোখ ধাঁধানো শটগুলোর দিকে হা করে তাকিয়ে থাকতে হয়। জাতীয় দলে অভিষেকের আগেই লিটনকে মনে ধরেছিল মাশরাফির। অনেকের কাছ থেকে শুনে ঘরোয়া ক্রিকেট ম্যাচে এবং নেটে এই তরুণের ব্যাটিং দেখেছিলেন তিনি। বিদায়বেলায় মাশরাফির মুখে তাই লিটনের উজ্জ্বল ভবিষ্যতের কথা।

সিলেটে তৃতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে বিদায়ী অধিনায়ক ম্যাশ বলেন, ‘লিটনকে আমি সব সময় একটা কথা বলি, আমার দুই জনের ব্যাটিং দেখতে সব সময় ভালো লাগে; একজন বিরাট কোহলি, আরেকজন লিটন। অনেকেই রান করেন, অনেকই ভালো খেলোয়াড় আছেন। কিন্তু যতক্ষণ ওরা উইকেটে থাকে, দেখতে ভালো লাগে। আমি লিটনকে অনেক আগে থেকে এটা বলে আসছি।’

তিনি আরও বলেন, ‘লিটন মোমেন্টাম পরিবর্তন করতে পারে, উইকেটে থাকতে পারে, বড় ইনিংস খেলতে পারে- সবই পারে। আমার বিশ্বাস এখন সে নিজে ব্যাপারটি ধরতে পেরেছে, নিজের খেলাটা সুন্দরভাবে ওর মাথায় চলে এসেছে। মোটামুটি একটা অভিজ্ঞতা এখন লিটনের আন্তর্জাতিক ক্রিকেটে হয়েছে। গত পরশুও ওকে বলছিলাম, এখন সেরা সময় রান করার। আমার বিশ্বাস যে, এখন ও নিয়মিত রান করবে।’

করোনা মোকাবিলায় সেনা নামিয়েছে ভারত

0

চীন থেকে উৎপত্তি হওয়া মারণ ভাইরাস করোনা ভারতে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ৩১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো ভারতজুড়ে। পরিস্থিতি মোকাবিলায় এবার মাঠে সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

ভারতীয় সেনা সূত্রের খবর, সেনা তত্বাবধানে প্রায় ১ হাজার ৫০০ জন মানুষকে রাখার জন্য দেশের বিভিন্ন জায়গায় কোয়ারেন্টাইন সেন্টার দ্রুত তৈরি করা হবে। জয়সালমের, সুরটগড়, সেকন্দ্রাবাদ, চেন্নাই এবং কলকাতায় এই কেন্দ্রগুলি খোলা হবে বলে জানানো হয়েছে।

এদিকে, সামরিক বাহিনীতে সংক্রমণ ঠেকাতে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। ক্যান্টনমেন্ট এবং মিলিটারি স্টেশনের মধ্যে যে সব শপিং কমপ্লেক্স রয়েছে সেখান থেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্যে সেনা সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। অযথা ভিড়ে ঠাসা শপিং মল, সিনেমা হল এড়িয়ে যেতে বলা হয়েছে তাঁদের।

এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, করনো ভাইরাস সংক্রান্ত সরকারি যে নির্দেশিকা তার উপর ভিত্তি করে সেনা সদরদপ্তর থেকেও একগুচ্ছ বিধিনিষেধের তালিকা প্রকাশ করা হয়েছে। করোনা মোকাবিলায় প্রত্যেক সেনা হাসপাতালকে স্থানীয় সরকারি হাসপাতালগুলি এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ল্যাবোরেটরির সঙ্গে সংযোগ বজায় রেখে চলতে বলা হয়েছে।

হঠাৎ করেই ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় ভারতজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। পরিস্থিতি মোকাবিলায় অতিজরুরি না হলে ভারতীয়দের বিদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

করোনা সংক্রমণ মোকাবিলায় ভারতীয়দের বিদেশ ভ্রমণে একপ্রকার নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ভারতীয় সংসদে বলেন, জরুরি কাজ না থাকলে বা খুব প্রয়োজন না থাকলে আপাতত বিদেশে যাবেন না। করোনা পরিস্থিতির ওপর আমরা সবসময় নজর রাখছি।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুসারে ভারতে আগে থেকেই করোনা প্রতিরোধের প্রস্তুতি নেয়া হয়েছে। আগে বিমানবন্দরে ১২টি দেশের যাত্রীদের স্ক্রিনিং করলেও এখন সব দেশের যাত্রীদেরই স্ক্রিনিং করা হচ্ছে।

শিশুদের মধ্যে ভাইরাস সংক্রমণ এড়াতে দিল্লির সব প্রাথমিক বিদ্যালয় আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। দেশের বাকি স্কুলগুলোতেও শিক্ষার্থীদের ভিড়ে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি, স্কুলের বিভিন্ন জায়গায় সাবান ও হ্যান্ড স্যানিটাইজার রাখার নির্দেশনা দেয়া হয়েছে। কারও শরীরে করোনা আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দিলে তাকে হাসপাতালের কোয়ারেন্টাইনে বা বাড়িতে ১৪ দিন নজরদারিতে রাখতে বলা হয়েছে।

এর আগে, বুধবার সংবাদ সম্মেলনে ভারতের স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয় থেকে বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে বেশিরভাগই ইতালীয় নাগরিক, বাকিরা ভারতীয়।

তিনি জানান, গত মাসে ইতালি থেকে একদল পর্যটক ভারত সফরে যান। মঙ্গলবার তাদের মধ্যে একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। তার স্ত্রীর রিপোর্টও পজেটিভ এসেছিল। পরে সেগুলো আবার যাচাইয়ের জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে নমুনা পাঠানো হয়। বুধবার নিশ্চিত হয়, তিনিও করোনায় আক্রান্ত।

ভাইরাস সংক্রমণের আশঙ্কায় ইতালির ওই পর্যটক দলের ২১ জনকে দিল্লির চাওলায় ইন্দো-তিব্বতিয়ান বর্ডার পুলিশের কোয়ারেন্টাইন ক্যাম্পে রাখা হয়। তাদের মধ্যে ১৪ জনের নমুনার রিপোর্টে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। পাশাপাশি, তাদের সঙ্গ দেয়া ভারতীয় বাসচালকেরও শরীরেও করোনা ধরা পড়েছে। আরও দুই ভারতীয় (বাসের হেল্পার ও গাইড) কোয়ারেন্টাইনে রয়েছেন।

এর আগে দিল্লির যে ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, আগ্রায় তার ছয় আত্মীয়ের রিপোর্টও পজেটিভ এসেছে। বুধবারই গুরুগাঁওয়ে পেটিএম-এর এক কর্মী করোনা আক্রান্ত বলে নিশ্চিত হয়।

সূত্র-সংবাদ প্রতিদিন

মাশরাফিকে বিদায়ী অভিনন্দন লঙ্কান থারাঙ্গার

0

গতকাল শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ দিয়ে অধিনায়কত্ব ছেড়েছেন মাশরাফি বিন মুর্তজা। এই বিদায়বেলায় তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার সতীর্থ, ক্রিকেট বোর্ড আর দর্শকরা। বাংলাদেশের কোনো অধিনায়কের ভাগ্যে এমন বিদায় এর আগে জোটেনি। কিন্তু মাশরাফি ব্যতিক্রম। ৫০ ম্যাচ জয়ী বাংলাদেশের একমাত্র অধিনায়ক তো দেশের ক্রিকেটটাকে আজকের পর্যায়ে এনেছেন। যে কারণে শুভেচ্ছা তার প্রাপ্য। শুভেচ্ছা জানিয়েছেন লঙ্কান তারকা ক্রিকেটার উপুল থারাঙ্গাও।

মাশরাফি আর থারাঙ্গার মাঝে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। তাই ম্যাশের বিদায়ী ম্যাচের পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে প্রকাশিত হয় মাশরাফির প্রতি তার ভালোবাসার কথা। থারাঙ্গা লিখেছেন, ‘তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আমার বন্ধু, মাশরাফি বিন মুর্তজা। কী অসাধারণ একজন চ্যাম্পিয়ন তুমি! বিশ্বব্যাপী হাজার-হাজার মানুষকে উদ্বুদ্ধ করেছ প্রতিনিয়ত। আশা করি খুব শিগগিরই দেখা হবে আমাদের।’

এতদিন অধিনায়ক হিসেবে থাকলেও সবার কাছে তিনি ছিলেন ‘মাশরাফি ভাই’। দলের যে কারও খারাপ সময়ে এগিয়ে এসেছেন সবার আগে। পিঠে হাত রেখে অনুপ্রেরণা দিয়েছেন। যে কারণে আবালবৃদ্ধবনিতা, অধিনায়ক মাশরাফির বিদায়ে আপ্লুত হয়েছেন সবাই। বাংলাদেশের অধিনায়কদের সাফল্যের বিচারে মাশরাফি যে সবার ওপরে থাকবেন, সেটি নতুন করে বলার নেই। তবে পরিসংখ্যানের চেয়েও বড় অর্জন মানুষের ভালোবাসা- এতে তিনি নিজেকে যেন আরও ওপরে নিয়ে গেছেন।

মাশরাফি ভাইয়ের শেষ অধিনায়কত্বে জয় উপহার দিতে চেয়েছি আমরা

0

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও দাপুটে জয় পেয়েছে টাইগাররা। তবে নতুন ইতিহাস গড়া বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস বলেন, মাশরাফি ভাইয়ের শেষ অধিনায়কত্বে একটা ‘উইনিং নোট’ দিতে চেয়েছি আমরা। পুরো টিম চাচ্ছিলাম একটা ভালো ফলাফল করতে, সেটা হয়েছে। গতকাল শুক্রবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি

এ সময় ডাবল সেঞ্চুরি করার কোনো পরিকল্পনা ছিলো কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, প্রথম টার্গেট ছিল ৩০ ওভার খেলার। ওই পরিকল্পনায় ব্যাটিং করি। এরপর শতরান করার পর খেলার ধরন পরিবর্তন করি। যে কারণে শর্ট খেলতে হয়েছে এবং সফল হয়েছি। তবে ডাবল সেঞ্চুরির করার সুযোগ ছিল। কিন্তু ডাবল সেঞ্চুরির চিন্তা নিয়ে মাঠে নামিনি। যেহেতু আমি জিরো থেকে ব্যাটিং করছিলাম।

নিজের ঘরোয়া ম্যাচের সঙ্গে বর্তমান খেলার তফাৎ টানতে গিয়ে তিনি বলেন, আগে ৫০/৬০ রানও করতে পারিনি। এখন টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছি। আশা করছি সামনে আরো ভালো খেলতে পারব। আর ৩০ ওভার পর্যন্ত খেলতে পারলে শতরান আসবে আশা করি। এই বিশ্বাস এখন কাজ করে।

লিটন কুমার দাস বলেন, ঘরোয়া ম্যাচে ভালো ব্যাট করেও রান ষাটের ওপরে নেওয়া কষ্টসাধ্য ছিল। সেখানে আজকের ম্যাচ ক্যারিয়ারের অন্যতম। এভাবে এগিয়ে যেতে পারলে সামনে ভালো কিছু দিতে পারব।

তামিম মাঠে কি বলেছিলেন এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, যখন ৮০ রান করেছি। তখন বোলাররা খুব ভালো করছিল। আমি ও তামিম ভাই সিঙ্গেলও নিতে পারছিলাম না। তখন আমি মারকুটে ব্যাট চালাচ্ছিলাম। তামিম ভাইয়ের মোটিভেশন ছিল সময় গেলে রান আসবে, চারও আসবে। সেটা গেল আমার সেঞ্চুরির আগে। যখন ১২০/১২২ এর দিকে ব্যাট করছিলাম। তখন বলেছিলেন, এমন কিছু করে রাখ, যেনো বাংলাদেশের হয়ে টিকে থাক। অবশ্য বিগত খেলায় নার্ভাসনেস কাজ করলেও শুক্রবারের খেলায় মোটেও নার্ভাস ছিলাম না।

এদিন ১৪৩ বলে ১৬টি চার ও ৮টি ছক্কায় ১৭৬ রান করেন লিটন। আর এ রানের মধ্য দিয়ে আগের ম্যাচে তামিমের করা ১৫৮ রানের রেকর্ড ইনিংস টপকে যান তিনি।

করোনা : ভয়াবহ ঝুঁকিতে ইতালি; আক্রান্ত ৫ হাজার

0

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা বেড়েই চলেছে। এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে গত ২৪ ঘন্টায় দেশটিতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৭ -এ। এই ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন আরো সাড়ে ৪ সহস্রাধিক মানুষ।

দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

ইতালির কর্মকর্তারা জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে ৪৯ জন মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৪৬০০ জনেরও বেশি নাগরিক।

করোনাভাইরাসে দেশটিতে এখন চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে।

চীনে ডিসেম্বরে এই ভাইরাসের উদ্ভব হয়েছিল।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, বিশ্বব্যাপী প্রায় ১০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন।

সূত্র : বিবিসি

করোনার ভয়ে এবার শান্তিনিকেতনে বসন্তোৎসব বাতিল

0

করোনাভাইরাসের ভয়ে এবার শান্তিনিকেতনে হবে না ঐতিহ্যবাহী বসন্তোৎসব। এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতীর নীতি নির্ধারণকারী এগজিকিউটিভ কমিটি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় এগজিকিউটিভ কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। কারণ হিসেবে জানানো হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে একটি বিজ্ঞপ্তি এসেছে এবং তাতে বলা হয়েছে যে ক্যাম্পাসে কোনো রকম জমায়েত এড়িয়ে চলতে।

উল্লেখ্য, প্রতি বছর শান্তিনিকেতনে বসন্তোৎসবে লক্ষাধিক লোকের জমায়েত হয় এবং সারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন বসন্তের রঙে রঙিন হতে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েই একই বিজ্ঞপ্তি পাঠিয়েছে ইউজিসি এবং এই বিজ্ঞপ্তি পাওয়ার পরেই বৈঠকে বসা হয়।

এদিকে বিশ্বভারতীর এই ঘোষণার পরে শান্তিনিকেতনের হোটেল মালিকদের মাথায় হাত। এক হোটেল মালিক বলেন, ‘আমরা এ সময়টার দিকে সারা বছর তাকিয়ে বসে থাকি। কিন্তু এবার কোনো ব্যবসা হবে না।

‘৭ই মার্চ না মানার অর্থ স্বাধীনতাকে অস্বীকার করা’

0

‘৭ই মার্চের ভাষণ ও দিবসটি যারা মানে না তারা প্রকারান্তরে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করছে। ৭ই মার্চের উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা।’

আজ শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এর জন্য আলাদা কোনো আয়োজন দরকার নেই। বাঙালির জাতির হাজার বছরের ইতিহাসে ৭ই মার্চ এক অবিস্মরণীয় দিন। তিনি ১৯৭১ সালের ঐতিহাসিক এই দিনে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা দেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা।’

ওবায়দুল কাদের আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা। তার ওই ভাষণের ১৮ দিন পর পাকিস্তানি বাহিনী বাঙালি নিধনে নামলে বঙ্গবন্ধুর ডাকে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। ৯ মাসের সেই সশস্ত্র সংগ্রামের পর আসে বাংলাদেশের স্বাধীনতা।

আজ ঐতিহাসিক ৭ই মার্চ

0

আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।

এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তরের ৭ মার্চ দেওয়া ঐতিহাসিক ভাষণ পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামের বীজমন্ত্র হয়ে পড়ে। একইভাবে এ ভাষণ শুধুমাত্র রাজনৈতিক দলিলই নয়, জাতির সাংস্কৃতিক পরিচয় বিধানের একটি সম্ভাবনাও তৈরি করে।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো।

একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর এই উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিক-নির্দেশনা। এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। বঙ্গবন্ধুর এই বজ্রনিনাদে আসন্ন মহামুক্তির আনন্দে বাঙালি জাতি উজ্জীবিত হয়ে ওঠে। যুগ যুগ ধরে শোষিত-বঞ্চিত বাঙালি ইস্পাতকঠিন দৃঢ়তা নিয়ে এগিয়ে যায় কাঙ্খিত মুক্তির লক্ষ্যে।

ধর্মীয় চিন্তা, সাম্প্রদায়িকতার মানসিকতা ও দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালে গঠিত পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে ২৩ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে বাঙালি জাতিসত্ত্বা, জাতীয়তাবোধ ও জাতিরাষ্ট্র গঠনের যে ভিত রচিত হয় তারই চূড়ান্ত পর্যায়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর ছাত্র-কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের বাঙালি স্বাধীনতা অর্জনের জন্য মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে।

বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয়ী হয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনে বাঙালি জাতি। এই বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণে গর্জে ওঠে উত্তাল জনসমুদ্র। লাখ লাখ মানুষের গগনবিদারী শ্লোগানের উদ্দামতায় বসন্তের মাতাল হাওয়ায় সেদিন পত্ পত্ করে ওড়ে বাংলাদেশের মানচিত্র খচিত লাল-সবুজের পতাকা। শপথের লক্ষ বজ্রমুষ্টি উত্থিত হয় আকাশে। সেদিন বঙ্গবন্ধু মঞ্চে আরোহণ করেন বিকেল ৩টা ২০ মিনিটে। ফাগুনের সূর্য তখনো মাথার ওপর। মঞ্চে আসার পর তিনি জনতার উদ্দেশ্যে হাত নাড়েন। তখন পুরো সোহরাওয়ার্দী উদ্যান লাখ লাখ বাঙালির ‘তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে। তিনি দরাজ গলায় তাঁর ভাষণ শুরু করেন, ‘ভাইয়েরা আমার, আজ দুঃখ-ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি…।’ এরপর জনসমুদ্রে দাঁড়িয়ে বাংলা ও বাঙালির স্বাধীনতার মহাকাব্যের কবি ঘোষণা করেন- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম…, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

মাত্র ১৯ মিনিটের ভাষণ। এই স্বল্প সময়ে তিনি ইতিহাসের পুরো ক্যানভাসই তুলে ধরেন। তিনি তাঁর ভাষণে সামরিক আইন প্রত্যাহার, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, গোলাগুলি ও হত্যা বন্ধ করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া এবং বিভিন্ন স্থানের হত্যাকাণ্ডের তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানান।

বঙ্গবন্ধু বলেন, ‘ভাইয়েরা আমার, আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, মানুষের অধিকার চাই। প্রধানমন্ত্রীত্বের লোভ দেখিয়ে আমাকে নিতে পারেনি। ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিতে পারেনি। আপনারা রক্ত দিয়ে আমাকে ষড়যন্ত্র-মামলা থেকে মুক্ত করে এনেছিলেন। সেদিন এই রেসকোর্সে আমি বলেছিলাম, রক্তের ঋণ আমি রক্ত দিয়ে শোধ করবো। আজো আমি রক্ত দিয়েই রক্তের ঋণ শোধ করতে প্রস্তুত।’

তিনি বলেন, ‘আমি বলে দিতে চাই- আজ থেকে কোর্ট-কাচারি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। কোনো কর্মচারী অফিসে যাবেন না। এ আমার নির্দেশ।’

বঙ্গবন্ধুর ভাষণের সর্বশেষ দু’টি বাক্য, যা পরবর্তীতে বাঙালির স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের দিক-নির্দেশনা ও প্রেরণার হাতিয়ারে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু বলেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয়বাংলা’।

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের মাধ্যমে তাঁর রাজনৈতিক চিন্তাধারার পরিচয় দিয়েছেন। রণকৌশলের দিক থেকে এই ভাষণ অসাধারণ। এই বক্তৃতা এখনো মানুষকে শিহরিত করে।

তিনি বলেন, এই বক্তৃতার আগে রাজনৈতিক কর্মী ও জনসাধারণ স্বাধীনতা ঘোষণার জন্য এক ধরনের চাপ সৃষ্টি করেছিলেন। কিন্তু স্বাধীনতা ঘোষণা করলে যে পাকিস্তানি সেনা শাসকরা সর্বশক্তি প্রয়োগ করে তাঁদের ওপর দমন-পীড়ন চালিয়ে যাবে, সে বিষয়েও তিনি অবহিত ছিলেন।

আনিসুজ্জাামান বলেন, স্বাধীনতা ঘোষণা করবেন কি না, এমন এক প্রশ্নর জবাবে বঙ্গবন্ধু নিউজউইকের এক সাংবাদিককে বলেছিলেন ‘আমরাতো সংখ্যাগরিষ্ঠ। পশ্চিমাদের ওপর নির্ভর করছে তারা বিচ্ছিন্ন হতে চায় কিনা।’

আওয়ামী লীগের উপদেষ্টা এবং স্ইে সভায় উপস্থিত তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু তাঁর চশমাটা সেদিন ডায়াসের ওপর রেখে ১৮ মিনিটের যে ভাষণ দিয়েছিলেন, তার পুরোটাই অলিখিত। একদিকে তিনি পাকিস্তানিদের প্রতি চারদফা শর্ত আরোপ করলেন, অন্যদিকে ঘরে ঘরে দূর্গ গড়ে তুলতে বললেন। ভাতে মারার কথা বললেন, পানিতে মারার কথা বলেন।

তিনি বলেন, ‘সাতই মার্চের আগে বঙ্গবন্ধুর বাড়ি গিয়েছিলাম। একজন তাঁকে বললেন, জনগণ কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা ঘোষণা ছাড়া মানবে না। বঙ্গবন্ধু বললেন, তুমি তোমার কাজ কর। আমি তাদের নেতা, আমি তাদের পরিচালিত করব, তারা আমাকে নয়।’

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের শ্রেষ্ঠত্বের কথা তুলে ধরে ইতিহাসের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, বঙ্গবন্ধুর এ ভাষণের পর গোটা বাংলাদেশে পাকিস্তানিদের পরিবর্তে বাঙালিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। অনেকে বিভিন্ন জায়গায় পূর্ব পাকিস্তান শব্দ মুছে বাংলাদেশ লেখে।

তিনি বলেন, এ ভাষণের পর গোটা দেশ বঙ্গবন্ধুর নির্দেশনায় চলতে থাকে। এ ভাষণ গুটি কয়েক রাজাকার ছাড়া গোটা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিল।

রাজনীতি বিশেষজ্ঞদের মতে বঙ্গবন্ধুর ভাষণ শুধু বাঙালি জাতিকে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান নয়। এটি সব জাতির মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার দিক-নির্দেশনা।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল ভোর ৬টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

এছাড়াও এদিন বিকেল ৩ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সন্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সকল শাখা কমিটি কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে ঐতিহাসিক ৭ মার্চ স্মরণ করবে।