Home Blog Page 3105

চীনা নাগরিকের সঙ্গে শাবনূরের বিয়ে হয়েছিল, দাবি স্বামীর

0

‘অনীক মাহমুদ মাদকাসক্ত। অনেকবার মধ্যরাতে মদ্যপ অবস্থায় বাসায় এসে আমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে।’ স্বামীকে নিয়ে তালাক নোটিশে এমনটাই অভিযোগ করেছেন শাবনূর। সব অভিযোগ অস্বীকার করেছেন অনীক। পাল্টা শাবনূরের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অনীক। শুক্রবার বিকেলে ফোন দিয়ে অনীক বলেন, ‘শাবনূরকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম। আমার বিরুদ্ধে তাঁকে অভিযোগের প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে না পারলে তাঁকে সব অভিযোগ প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে।’

শাবনূরের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি স্বামী অনীক মাহমুদের কাছে বিচ্ছেদ চেয়ে নোটিশ পাঠিয়েছেন শাবনূর। নোটিশে শাবনূর তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, ‘একজন মুসলিম স্ত্রীর সঙ্গে তাঁর স্বামী যে ব্যবহার করেন, অনীক সেটা করছে না। উল্টো নানাভাবে আমাকে নির্যাতন করে। এসব কারণে আমার জীবনে অশান্তি নেমে এসেছে। চেষ্টা করেও এসব থেকে তাকে ফেরাতে পারিনি। বরং আমার সন্তান এবং আমার ওপর নির্যাতন আরও বাড়তে থাকে। উপরোক্ত কারণগুলোর জন্য মনে হয় তার সঙ্গে আমার আর বসবাস করা সম্ভব নয় এবং আমি কখনো সুখী হতে পারব না। তাই নিজের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর জীবনের জন্য তার সঙ্গে সব সম্পর্ক ছেদ করতে চাই। মুসলিম আইন এবং শরিয়ত মোতাবেক আমি তাকে তালাক দিতে চাই। আজ থেকে সে আমার বৈধ স্বামী নয়, আমিও তার বৈধ স্ত্রী নই।’

বিচ্ছেদের নোটিশ এখনো হাতে পাননি বলে জানালেন অনীক। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে এবং টেলিভিশনে বিচ্ছেদের যেসব কারণ দেখানো হয়েছে, তা নিয়ে বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন অনীক। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হচ্ছে, জবাব দিইনি শুধু আমার সন্তান আইজানের দিকে তাকিয়ে। শাবনূরও আমার সন্তানের মা, এটাও একটা ব্যাপার কাজ করেছে। আমাকে বলা হচ্ছে পর–নারীতে আসক্ত, মাদকাসক্ত। সন্তানের ভরণপোষণের দায়িত্ব নিইনি—আমি শাবনূরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, এসবের কোনো প্রমাণ যদি সে দিতে পারে, আমি যেকোনো শাস্তি মাথা পেতে নেব।’

সন্তানের জন্মের পর থেকেই শাবনূর ও অনীক আলাদা থাকছেন। শাবনূর এটিকে বনিবনা না হওয়া বললেও অনীক বললেন ভিন্ন কথা। অনীকের দাবি, ‘বিয়ের পর তিনি জানতে পারেন, একজন চীনা নাগরিকের সঙ্গে শাবনূরের বিয়ে হয়েছিল। স্বামী হিসেবে এটা শোনার পর তিনি বিস্মিত হন। আড়াই বছর আগে একবার হঠাৎ করে কোনো কথা নেই বার্তা নেই, শরীফ নামের একজন লোকের সঙ্গে মালয়েশিয়া চলে যাওয়ার বিষয়টিও বলেন। অনীক বলেন, ‘এত কিছুর পরও আমি চুপচাপ ছিলাম। বিভিন্ন মিডিয়া থেকেও জানতে চেয়েছিল, আমাদের সম্পর্ক ঠিক আছে কি না। আমি কিন্তু বলেছি, উই আর ফাইন। আমার তো সমাজ আছে, সবার সঙ্গে চলতে হয়, আত্মীয়স্বজন আছে, পরিবার আছে, পরিবারকেও সবার সঙ্গে চলতে হয়। সন্তানের দিকে তাকিয়ে তাই কাউকে কিছু বুঝতে দিইনি। এখন আমার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ করা হচ্ছে, এসব শুনে আমার বাবা অসুস্থ, হাসপাতালে ভর্তি।’

অনীকের দাবি, তিনিই শাবনূরকে মদ্যপ অবস্থায় পেয়েছেন। বললেন, ‘একজন মানুষ ও স্বামী হিসেবে এসব তো মেনে নেওয়া যায় না। তাই দূরে থেকেছি। শাবনূরকে বাংলাদেশে স্বনামধন্য, জনপ্রিয় এবং অত্যন্ত ভালো মানের অভিনয়শিল্পী হিসেবে শ্রদ্ধা করি। সেভাবেই তাঁর সঙ্গে আমার পরিচয়। আমার সন্তানের মা হিসেবে, আমার সাবেক স্ত্রী হিসেবেও তিনি সম্মানের দাবিদার। কিন্তু তাই বলে আমার সম্পর্কে যা খুশি তা–ই মিডিয়াকে বলবে—এটা তো মানা যায় না!’

অনীক বলেন, ‘আমাকে মাদকাসক্ত বলা হলো। সবার উদ্দেশে বলতে চাই, আমি প্রতিদিন সকাল ছয়টায় ঘুম থেকে উঠি। এরপর দুই-তিন ঘণ্টা জিমে ওয়ার্কআউট করি। অনেক বেশি স্বাস্থ্যসচেতন মানুষ। আমি অনেক বডি বিল্ডিং প্রতিযোগিতায় বিচারক হিসেবেও থাকি। একজন স্বাস্থ্যসচেতন মানুষ কীভাবে মাদকাসক্ত, সেটা সবার কাছে জানতে চাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার রক্ত পরীক্ষা করা হোক। যদি মাদকাসক্তের কোনো নমুনা পাওয়া যায়, তাহলে যা শাস্তি প্রাপ্য তা–ই মেনে নেব। শাবনূরের রক্তও পরীক্ষা করা হোক। আমি আসলে এসব মেনে নিতে পারছি না। আমার হাতে কোনো নোটিশ এল না, টেলিভিশন আর পত্রিকায় দেখছি, সন্তানের ভরণপোষণও দিই না! সবার কাছে প্রশ্ন রাখছি, সন্তানের ভরণপোষণ দেওয়ার হিসাব কি আমাকে রাখতে হবে? আমার ছেলে অস্ট্রেলিয়ায় থাকুক কিংবা বাংলাদেশে থাকুক—সব সময় বাবা হিসেবে যাবতীয় দায়িত্ব পালন করেছি। কিন্তু আফসোস, দেড় বছর ধরে সন্তানকে দেখার সুযোগ থেকেও আমি বঞ্চিত।’

জানা গেছে, ২০১১ সালের ৬ ডিসেম্বর অনীক মাহমুদের সঙ্গে আংটি বদল করেন শাবনূর। এরপর ২০১২ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন তাঁরা। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর আইজান নিহান নামের এক ছেলেসন্তানের মা হন শাবনূর। ছেলেকে নিয়ে তিনি এখন অস্ট্রেলিয়ায় থাকেন।

বেশ কিছুদিন ধরে বিনোদন অঙ্গনে গুঞ্জন, শাবনূর-অনীকের বিচ্ছেদ হয়ে গেছে। সে সময় অনীক বলেছিলেন, এমন কিছু হয়নি। তাঁরা একসঙ্গেই আছেন, ভালো আছেন। শাবনূরের পারিবারিক সূত্র জানিয়েছে, দুই পরিবার মিলে কয়েক দফা আলোচনা করে সংসার টিকিয়ে রাখতে চেয়েছে। কিন্তু দুজনের মতের অমিল এতটাই চূড়ান্ত রূপ ধারণ করে, তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে হয়।
বিচ্ছেদের সিদ্ধান্তের বিষয়ে সিডনি থেকে শাবনূর প্রথম আলোকে বলেন, ‘সন্তান জন্মের পর থেকেই আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। অনেকগুলো বিষয়ে মতের অমিল হচ্ছিল। এরপর আমরা আলাদা থাকা শুরু করি। ভাবলাম, একটা সময় উপলব্ধিতে পরিবর্তন আসবে। কিন্তু তা আর হলো না। এরপর অনীকের বাবা-মায়ের সঙ্গেও কথা বলা হয়। অনেক চেষ্টার পরও বনিবনা হচ্ছিল না। তারপর ভাবলাম, এভাবে থাকার চেয়ে আলাদা থাকাটাই ভালো। আইনজীবীর মাধ্যমে ২৬ জানুয়ারি তালাক নোটিশ অনীকের বাসায় পাঠানো হয়।’

শাবনূর বলেন, ‘অভিনয়ে এসে অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে নিজেকে সবার ভালোবাসার মানুষ হিসেবে তৈরি করেছি। সংসারজীবন শুরু করেছিলাম ভালো থাকার আশায়। চলচ্চিত্রে সবার ভালোবাসা পাওয়া আমার হয়তো সংসারজীবনের ভালোবাসা ভাগ্যে লেখা ছিল না। তাই সংসারজীবনে বিচ্ছেদ করতে হয়েছে। অনীকের পরিবার আছে, আমারও পরিবার আছে—দুজনেরই সমাজ আছে, সেখানে দুজন নিজেদের মতো করে থাকুক, এটাই চেয়েছি।’

কী এমন মতের অমিল হয়েছিল যে বিচ্ছেদের মতো সিদ্ধান্ত নিতে হয়েছে? এমন প্রশ্নে শাবনূর বলেন, ‘সন্তান জন্মের পর অনীক পরিবারের প্রতি অনেক দায়িত্বশীল আচরণ করত না। অনেকবার বলার পরও তার দায়িত্ব আর আচরণগত পরিবর্তন আসেনি, তাই ভাবলাম, এভাবে থাকার চেয়ে না থাকাটাই ভালো।’

১৭ গুণ দ্রুত হারে ছড়াচ্ছে করোনাভাইরাস!

0

এশিয়া পেরিয়ে ইউরোপে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস আতঙ্ক। চীনের পরই এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার বিচারে সবচেয়ে এগিয়ে ছিলো ইরান, তার পরেই ছিলো ইতালি। তবে এবার ইউরোপের ইতালিতে মৃত্যুর সংখ্যা ইরানের চেয়েও বেড়ে গেছে। সবমিলিয়ে গোটা বিশ্বে ক্রমাগত আতঙ্ক গ্রাস করছে করোনা ভাইরাস নিয়ে। এরই মধ্যে বিশ্বস্বাস্থ্য সংস্থা হু জানালো আরো ভয়ানক তথ্য।

তারা জানিয়েছে, চীনের বাইরে করোনাভাইরাস ১৭ গুণ বেশি দ্রুত হারে ছড়িয়ে পড়ছে। ফলে সতর্কতা অবশ্যই জরুরি।

এদিকে ক্রমেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে ভারতে। একের পর আক্রমণের ঘটনায় মোট ৩০ জন আক্রান্ত হয়েছেন বলে খবর। দিল্লি, তেলাঙ্গানা, গাজিয়াবাদ,লখনউয়ের মতো জায়গায় এই ঘটনার জেরে হাসপাতালের আইসোলেশনে রয়েছেন ৩০ জন।

করোনা ভাইরাসের জেরে ইতালিতে মৃত্যু হয়েছে এপর্যন্ত ১৪৩ জনের। ইউরোপ জুড়ে এই ঘটনা নিয়ে আতঙ্ক দানা বেঁধেছে। ইরানে মারা গেছে ১২৪ জন।

অধিনায়ক মাশরাফির শেষটায় জয় উপহার দিল বাংলাদেশ

0

তৃতীয় ওয়ানডেতে ডি/এল নিয়মে জিম্বাবুয়েকে ১২৩ রানে হারাল বাংলাদেশ। জিম্বাবুয়েকে তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল মাশরাফি বিন মুর্তজার দল
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগের দুই ওয়ানডেতে তেমন দর্শক দেখা যায়নি। আজ তৃতীয় ওয়ানডেতে দৃশ্যটা কিছুটা হলেও পাল্টেছে। বেশ ভালোসংখ্যক দর্শকের উপস্থিতি। প্রচুর ব্যানার। এর মধ্যে বেশির ভাগ ব্যানারেই একটা নাম—মাশরাফি!

অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার শেষ ম্যাচ। সঙ্গে ছুটির দিন। এ দুটি উপলক্ষ মিলিয়ে গ্যালারিতে দর্শক সমাগম হবে এবং তাদের ব্যানার-ফেস্টুনে যে মাশরাফির প্রাধান্য থাকবে সেটি অনুমিতই ছিল। আর ছিল জয়? না, শেষ বলটা হওয়ার আগে ক্রিকেটে জয় কখনো অনুমিত হয় না। কথাটা অবশ্য পুরোপুরি ঠিকও বলা যায় না।

বৃষ্টিবিঘ্নিত এ ম্যাচে আগে ব্যাট করে ৪৩ ওভারে ৩ উইকেটে ৩২২ রান তুলেছিল বাংলাদেশ। বৃষ্টি আইনে এ লক্ষ্যটাই জিম্বাবুয়ের জন্য বেড়ে দাঁড়ায় ৪৩ ওভারে ৩৪২। এই পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ২৭.৫ ওভারে জিম্বাবুয়ের ইনিংস ৬ উইকেটে ১৬৪ রানে পরিণত হলে ম্যাচের আর কী থাকে!

যেটুকু বাকি থাকে তা শুধুই আনুষ্ঠানিকতা আর অধিনায়ক মাশরাফির বিদায়ী ম্যাচকে যতটুকু সম্ভব রাঙানো। ব্যাটিংয়ে তামিম ইকবাল-লিটন দাসের পর বোলিংয়ে সবার ‘যৌথ প্রযোজনা’য় সে কাজটিই করেছেন ক্রিকেটাররা। তাতে তৃতীয় ওয়ানডেতে ১২৩ রানের জয়ে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল বাংলাদেশ। আর অধিনায়ক হিসেবে মাশরাফি তাঁর শেষ ম্যাচে দেখা পেলেন ৫০তম জয়ের। ৩৭.৩ ওভারে ২১৩ রানেই অলআউট জিম্বাবুয়ে।

জয়ের পর অধিনায়ক মাশরাফিকে কাঁধে তুলে মাঠে ঘুরেছেন ক্রিকেটাররা। মাশরাফিকে কাঁধে তুলেছিলেন তামিম ইকবাল, সঙ্গে ছিলেন বাকি ক্রিকেটাররা।

ভয়ংকর লিটনের ১৭৬

0

সিরিজের প্রথম ম্যাচে হাঁকিয়েছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। দ্বিতীয় ম্যাচে দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হন। আজ তৃতীয় ম্যাচেই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন লিটন দাস। শুধু সেঞ্চুরিই নয়, ৭ ওভার কমে যাওয়া ম্যাচে এই ড্যাশিং ওপেনার এগিয়ে যাচ্ছিলেন ডাবল সেঞ্চুরির দিকে। শেষ পর্যন্ত তাকে থামতে হয়েছে ১৭৬ রানে।

লিটনের ১৪৩ বলের টর্নেডো ইনিংসে ছিল ১৬টি চার এবং ৮টি ছক্কার মার। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আগের রেকর্ড ছিল তার ওপেনিং সঙ্গী তামিম ইকবালের- ১৫৮। একইসঙ্গে তামিম ইকবালের ৭ ছক্কা ছাড়িয়ে ইনিংসে সর্বোচ্চ ৮ ছক্কায় আরেকটি রেকর্ডও গড়েন লিটন।

লিটনের বিদায়ের সঙ্গে ভাঙে ২৯২ রানের ওপেনিং জুটি! ওয়ানডে ফরম্যাটে এটা যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। অন্যপ্রান্তে থাকা তামিম ইকবালও সেঞ্চুরি তুলে নিয়েছেন। প্রথমবারের মতো কোনো ওয়ানডেতে সেঞ্চুরি পেলেন বাংলাদেশের দুই ওপেনার। তাদের রেকর্ড গড়া ইনিংসে রানের পাহাড় গড়ছে বাংলাদেশ। টানা তিন ম্যাচে গড়েছে তিনশ ছাড়ানো সংগ্রহ।

বিশ্ব ক্রিকেটে তৃতীয় তামিম-লিটনের জুটি

0

ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। আজ সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে উদ্বোধনী জুটিতে ২৪৫ বলে ২৯২ রান করেন দুজন। এর মধ্যে তামিম করেন ১০৪ বলে ১১০ রান। আর লিটন করেন ১৪৩ বলে ১৭৬ রান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই ওপেনিং জুটি বিশ্বে তৃতীয় স্থানে আছে।

উদ্বোধনী জুটিতে তামিম-লিটনের রেকর্ডে ভেঙ্গে গেল সাকিব আল হাসান-মাহমুদুল্লাহ রিয়াদের রেকর্ডটি। তামিম-লিটনের আগে বাংলাদেশের পক্ষে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটিটি এতোদিন দখলে রেখেছিলেন সাকিব-মাহমুদুল্লাহ। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের ম্যাচে কার্ডিফে পঞ্চম উইকেটে ২২৪ রান করেছিলেন সাকিব-মাহমুদউল্লাহ। সাকিব-মাহমুদুল্লাহর ২২৪ রানের সুবাদে ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ। সাকিব ১১৪ ও মাহমুদুল্লাহ অপরাজিত ১০২ রান করেন।

আজ তামিম-লিটনের ব্যাটিং তান্ডবে ভেঙ্গে গেল শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেনের ২১ বছর আগের রেকর্ড। ১৯৯৯ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ১৭০ রান করেছিলেন শাহরিয়ার ও মেহরাব। ৩৫ দশমিক ৪ ওভার পর্যন্ত ব্যাট করেছিলেন তারা। শাহরিয়ার ৬৮ রানে থামলেও ১০১ রানে আউট হন মেহরাব। মেহরাবের ইনিংসটিই ছিলো ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি।

তামিম-লিটনের আজকের ২৯২ রানের জুটিটি যেকোনো উইকেট বিচারে বিশ্ব মঞ্চে ষষ্ঠস্থানে। আর উদ্বোধনী জুটির হিসেবে তৃতীয়স্থানে। প্রথম স্থানে আছেন উইন্ডিজের দুই বিধ্বংসী ওপেনার শাই হোপ আর জন ক্যাম্পবেল। ডাবলিনে গত বছরের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তারা করেছিলেন ৩৬৫ রানের ওপেনিং জুটি। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের ইমাম উল হক আর ফখর জামানের ৩০৪ রান। ২০১৮ সালের জুলাইয়ে বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে এই রান করেন তারা।

ফুরফুরে মেজাজে রিয়াল; ব্যাকফুটে বার্সেলোনা

0

এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়ে এক পয়েন্টের ব্যবধানে তালিকার শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। ওই ব্যবধান খুবই সামান্য হলেও এর প্রভাব সুদুর প্রসারী। ক্লাসিকো জয়ের অনুপ্রেরণা নিয়ে রিয়াল লা লিগায় আগামীতে আরো এগিয়ে যাবার রসদ পাবে, আর চাপ ভর করবে বার্সেলোনার উপর।

আগামীকাল শনিবার লা লিগায় রিয়াল সোসিয়েদাঁদকে আথিথেয়তা দিবে বার্সেলোনা। যে দলটি সর্বশেষ ছয় ম্যাচের সবকটিতেই জয়লাভ করেছে। গত বুধবার মিরান্দেসকে হারিয়ে প্রথমবারের মত কোপা দেল রের ফাইনাল নিশ্চিত করায় তারা এখন ভীষণ উজ্জীবিত। কারণ ৩২ বছরের মধ্যে এই প্রথম তারা টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বার্সাকে এমন জবাবদিহির মধ্যে পড়তে হলেও, রিয়াল মাদ্রিদকে রোববার বেনিটো ভিলামারিনে রিয়াল বেতিসকে হারিয়ে প্রমান করতে হবে তারা নবযাত্রার সুচনা করেছে। তবে বার্সেলোনা যদি আরেকটি ব্যর্থতা পরিহার করতে পারে তাহলে রিয়াল ফের পিছিয়ে পড়বে। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে স্বাগতিক নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের পথে আরো এক ধাপ এগিয়ে গেছে। কারণ ঘরের মাঠে ফিরতি লেগে সফল হবার প্রত্যাশা করছে কাতালান জায়ান্টরা।

তবে সেই দিকে পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। কারণ তারা হেরে গেছে ম্যানচেস্টার সিটির কাছে। পাঁচ ম্যাচের মধ্যে একটি মাত্র জয়ের পর রিয়ালের বার্সাকে হারানোটা অঘটন বলেই মনে করেন গেরার্ড পিকে। তিনি বলেন, ‘আমরা তাদেরকে হারানোর সুযোগ হাতছাড়া করেছি। প্রথমার্ধে তারা খুব একটা ভাল খেলেনি। তাদের বিপক্ষে এ পর্যন্ত আমি যতগুলো ম্যাচ খেলেছি তাতে এই দলটিকেই সবচেয়ে বাজে মনে হয়েছে।’

তবে এখন এগিয়ে যাবার সুযোগ সৃষ্টি হয়েছে মাদ্রিদের। তবে এ জন্য তাদেরকে আপাতত এটি নিশ্চিত করতে হবে তারা যেন বেতিসের বিপক্ষে লেজে গোবরে করে না ফেলে। এরপর নিজেদের মাঠে এইবারের বিফক্ষে খেলতে হবে রিয়ালের। পরে তারা চ্যাম্পিয়ন্স লিগের এ্যাওয়ে ম্যাচ খেলতে ম্যানচেস্টার সিটি সফর করবে। সেখানে যদি উল্লেখ যোগ্য পারফর্মেন্স করতে না পারে তাহলে ঘরোয়া লিগে ফিরে ভ্যালেন্সিয়া ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সেই ব্যর্থতা কাটাতে হবে।

রিয়াল কোচ জিনেদিন জিদান বলেন, ‘শেষ অবধি আমাদের এগিয়ে যেতে হবে। এই মৌসুমে এখন আমরা সবচেয়ে কঠিন সময় পাড়ি দিতে যাচ্ছি।’

যুদ্ধের কিনার থেকে ফিরে এলো রাশিয়া-তুরস্ক, অস্ত্রবিরতি ঘোষণা

0

সিরিয়ার ইদলিব নিয়ে রাশিয়ার সঙ্গে তুরস্কের চলমান যুদ্ধাবস্থার অবসান হয়েছে। অস্ত্রবিরতির ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে ছয় ঘণ্টা ধরে বৈঠক করেন বিশ্বের প্রভাবশালী এই দুই নেতা।

সিরিয়ার সর্বশেষ বিদ্রোহী ঘাঁটি ইদলিবে গত ডিসেম্বর থেকে রক্তপাত ও সহিংসতা বাড়ছিল। অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে রুশ-সমর্থিত সিরীয় সরকার অভিযান শুরু করলে উত্তেজনা বেড়ে যায়।

রাশিয়ার রাজধানী মস্কোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে এই অস্ত্রবিরতি কার্যকর করা হয়েছে।

সিরীয় সেনাবাহিনীকে বিতাড়িত করতে ইদলিবে কয়েক হাজার সেনা পাঠিয়েছে তুরস্ক। তিনি বলেন, সিরীয় সরকারি বাহিনী অব্যাহত হামলা চালিয়ে আসলে তুরস্ক নীরব বসে থাকবে না। আঙ্কারা তখন সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে।

পুতিন বলেন, তুরস্কের সঙ্গে সবসময় রাশিয়া একমত না হলেও আশা করা হচ্ছে যে এই চুক্তি ইদলিবের সংঘাতের অবসানে সহায়তা করবে। এতে সাধারণ মানুষের ভোগান্তি যেমন কমবে, তেমনি ক্রমবর্ধমান মানবিক সংকটও কমে আসতে থাকবে।

চুক্তি কার্যকর করা হলেও তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদুলু বলছে, শুক্রবার সকালে ২১ সিরীয় সেনাকে হত্যা করেছে তুর্কি বাহিনী। এছাড়া দুটি কামান ও দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ধ্বংস করে দেয়া হয়েছে।

ডিসেম্বরের শেষ থেকে অন্তত ১০০ শিশুসহ তিন শতাধিক বেসামরিক নাগরিক ইদলিবে নিহত হয়েছেন। আর তুর্কিশ সীমান্ত বরাবর প্রায় ১০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন।

আগামীকাল দেশে ফিরবেন রাষ্ট্রপতি

0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উরুগুয়ে এবং লন্ডনে ১১ দিনের সরকারি সফর শেষে কাল শনিবার দেশে ফিরবেন।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ আজ শুক্রবার বলেন, রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বিমান শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

রাষ্ট্রপতি মন্টেভিডিওতে উরুগুয়ের প্রেসিডেন্সিয়াল কমান্ড হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেওয়ার পর এবং ৪ মার্চ লন্ডনে আরো কিছু বেসরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর দেশে ফিরে আসছেন।

আবদুল হামিদ এমিরেটস এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে গত ২৬ ফেব্রুয়ারি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছিলেন।

রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ সফরে তাঁর সঙ্গে রয়েছেন।

তাপমাত্রার সঙ্গে করোনাভাইরাসের কোনো সম্পর্ক নেই!

0

তাপমাত্রার সঙ্গে করোনাভাইরাসের কোনো সম্পর্ক নেই। এই ভাইরাসটি বাতাসে ছড়ায় না। কিন্তু মানুষের সংস্পর্শে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন ভারতের কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের মহাপরিচালক বলরাম ভর্গব।

গত বৃহস্পতিবার দিল্লিতে বৃষ্টি হয়েছে। এতে ভারতের তাপমাত্রা কমেছে। কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে বলরাম ভর্গব বলেছেন, আবহাওয়ার পরিবর্তন হলে করোনভাইরাস ছড়িয়ে পড়ায় কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, ভাইরাসটি কম তাপমাত্রায় ছড়িয়ে পড়ে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কাশি এবং সর্দির মতো অসুখে আক্রান্ত হলে শরীরের যত্ন নিতে পরামর্শ দিয়েছেন তিনি।

ভারতে ৩১ জনের দেহে নিশ্চিতভাবেই করোনাভাইরাস ধরা পড়েছে। তাদের মধ্যে আছেন ১৬ জন ইতালীয় নাগরিক। চীনের উহান শহরে সি ফুডের বাজারে প্রথম ধরা পড়েছিল করোনাভাইরাস। সেখান থেকে ছড়িয়েছে সারা বিশ্বে।

মক্কা থেকে তিয়েনআনমেন স্কয়ার, করোনার আগের ও পরের স্যাটেলাইট চিত্র!

0

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে লোকেরা ব্যস্ত স্থানগুলি এড়ানো এবং ভ্রমণের পরিকল্পনা বন্ধ করে দেওয়ার কারণে বিশ্বজুড়ে পর্যটনকেন্দ্রগুলি খালি হয়ে গেছে। স্যাটেলাইটের আগের এবং পরের ছবিগুলো দেখলে বোঝা যাচ্ছে চীনের তিয়েনআনমেন স্কয়ার, মিলানের পিয়াজা ডেল ডুমোমো থেকে শুরু করে সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ পর্যন্ত বহু জনপ্রিয় সাইটের পাদদেশের লোকসমাগম কতটা কমেছে।

মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সারের তোলা এরিয়াল ছবিগুলি এক বছরের ব্যবধানে বা কিছু ক্ষেত্রে মাত্র কয়েকদিন বাদে তোলা হয়েছিল।

ভাইরাসটি বিশ্বের কমপক্ষে ৮৮ টি দেশে ছড়িয়ে পড়েছে। ৯৮ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাসে সংক্রামিত হয়েছে। যাদের বেশিরভাগই এশিয়ার।

মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা মক্কার পবিত্র গ্রান্ড মসজিদ। এই মসজিদের প্রাণকেন্দ্রে কাবা শরিফের অবস্থান। গ্রান্ড মসজিদ চত্বর রাতদিন ২৪ ঘন্টা মানুষের সমাগম থাকে। তবে করোনা আতঙ্কে এখন মুসলমানদের পবিত্র এই চত্বর খাঁ খাঁ করছে। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করায় সৌদি আরব বিদেশি এবং নিজ দেশের নাগরিকদের পবিত্র ওমরাহ পালন স্থগিতের ঘোষণা দেয়। পবিত্র কাবা এখন জনমানবশূন্য। তাওয়াফ বন্ধ রয়েছে।

এদিকে কাবা শরিফকে প্রথমবারের মতো জনমানবশূন্য দেখে অনেকেই অবাক হয়েছেন। টুইটারে একজন লিখেছেন, আমার জীবনে প্রথমবারের মতো কাবা শরিফকে খালি দেখলাম। আরেকজন লিখেছেন, ‘একেবারেই বিরল ঘটনা’। অপর এক টুইট ব্যবহারকারী লিখেছেন, ‘এটা আমি কখনও কল্পনাও করতে পারি নাই।’