Home Blog Page 3106

যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধের কথা ভাবছে, হুঁশিয়ারি রাশিয়ার

0

আমেরিকার পরমাণু যুদ্ধের কথা ভাবছে বলে আজ শুক্রবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে পরমাণু যুদ্ধের কথা ভাবছে আমেরিকা। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিজ পরমাণু অস্ত্রের সক্ষমতা কেবল বাড়াচ্ছেই না বরং হালকা পরিস্থিতিতেও এ সব অস্ত্র ব্যবহারের সীমারেখা নামিয়ে আনছে। ফলে সামান্য অজুহাতেও পরমাণু অস্ত্র ব্যবহারের আশংকা বাড়ছে।

রাশিয়া আগ্রাসন চালাতে যাচ্ছে এ জাতীয় ভুয়া হুমকির ভিত্তিতে মার্কিন পরমাণু অস্ত্র ব্যবহারের আশংকাই কেবল বাড়ছে বলেও জানান তিনি।

পাশাপাশি তিনি উত্তেজনা হ্রাস এবং বৈশ্বিক স্থিতিশীলতা বাড়ানোর লক্ষ্যে আমেরিকাকে অস্ত্র নিয়ন্ত্রণের পথ বেছে নেয়ার আহ্বানও জানান।

কমছে রসুনের দাম, পড়তি পেঁয়াজও

0

বাজারে অবশেষে কমেছে রসুনের দাম। নতুন মৌসুমের দেশি রসুন ক্রেতারা এখন ৮০ থেকে ১০০ টাকা কেজির মধ্যেই কিনতে পারছেন। কমছে পেঁয়াজের দামও। ব্যবসায়ীরা বলছেন, ১৫ মার্চ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলে দাম আরও কমবে। তবে চাল, চিনি ও ভোজ্যতেলের দাম এখনো চড়া।

পেঁয়াজ ও রসুনের দাম কমার মধ্য দিয়ে দীর্ঘ সময় ধরে মসলার বাজারে যে ভয়ানক অস্বস্তি ছিল, তা কাটতে শুরু করেছে। সাধারণ মানুষকে গত ডিসেম্বর থেকে ব্যাপক চড়া দামে রসুন কিনতে হচ্ছিল। তারও আগে, সেপ্টেম্বর থেকে চড়া ছিল পেঁয়াজের দাম। যদিও এখনো পণ্য দুটির দাম স্বাভাবিক হয়নি।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত বছরের একই সময়ের তুলনায় এখনো পেঁয়াজের দাম ১৭৭ শতাংশ বেশি। আর রসুনের দর বেশি ৪২ শতাংশ।

ঢাকার কাজীপাড়ায় গতকাল বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ বিক্রেতারা প্রতি কেজি দেশি ও মিয়ানমারের পেঁয়াজ ৮০ এবং দেশি রসুন ৮০ টাকা দরে বিক্রি করছিলেন। বাজারে ঢুকে দেখা গেল, বিক্রেতারা সব কটি পণ্যের দামই ১০০ টাকা চাইছিলেন। তবে দর-কষাকষি করে কিছুটা কমানো যাচ্ছিল। বিকেলে ঢাকার কারওয়ান বাজারে দেখা যায়, পাইকারি বাজারে (৫ কেজি কেনা যায়) দেশি পেঁয়াজের কেজিপ্রতি দর ৭০-৭২ টাকা, মিয়ানমারের ছোট পেঁয়াজ ৭৫ টাকা ও বড় পেঁয়াজ ৭২ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা।

বাজারে এখন মূলত মিয়ানমারের পেঁয়াজই সবচেয়ে ভালোমানের এবং বেশি বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগেও এ পেঁয়াজের কেজি ১৪০ টাকা ছিল। আর দেশি নতুন রসুনের কেজি ছিল ১৫০ টাকা। কমেছে চীনা রসুনের দামও। ২০০ টাকা থেকে নেমে তা ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নিজেদের বাজার সামাল দিতে ভারত গত ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে। এর পরই বাংলাদেশের বাজারে লাফিয়ে লাফিয়ে পেঁয়াজের দাম বাড়তে থাকে। একসময় দেশি পেঁয়াজের কেজি ২৫০ টাকায় উঠেছিল।

ভারত ১৫ মার্চ থেকে পেঁয়াজ রপ্তানির দরজা খুলে দেবে। এ সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি হয়েছে। ভারতীয় পেঁয়াজ আসার সময় দেশি নতুন মৌসুমের হালি পেঁয়াজও বাজারে উঠতে শুরু করবে। চাষিরা দাম একেবারে কমে যাওয়ার আশঙ্কা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

চাল, চিনি ও ভোজ্যতেলের দাম এখনো চড়া। মধ্যম আয়ের পরিবারে এক কেজি সরু চাল কিনতে হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকা দরে।

কারওয়ান বাজারের মসলা-জাতীয় পণ্যের বিক্রেতা সাকিব আহমেদ আদা ও শুকনা মরিচের দাম কমার খবর দেন। তিনি বলেন, মাসখানেক আগেও প্রতি কেজি শুকনা মরিচ ৩৮০ টাকা দরে বিক্রি করেছেন। এখন দেশি, ইন্দোনেশিয়া ও ভারতীয় মরিচ ২৪০ থেকে ২৫০ টাকার মধ্যে পাওয়া যায়। আদা কেনা যায় ১২০ টাকা দরে। অবশ্য চীনা আদা ১৪০-১৫০ টাকা দরেই বিক্রি হয়।

চালের বাজার নিয়ে অস্বস্তি বাড়ছেই। ঘরের চাল ফুরোনোর পর যাঁরা নতুন করে বাজারে চাল কিনতে গেছেন, তাঁদেরই চড়া দাম দিতে হয়েছে। যেমন, রফিকুল ইসলাম কাজীপাড়া থেকে প্রতি ২ মাস পরপর ৫০ কেজির এক বস্তা মিনিকেট চাল কেনেন। আগের দফায় কিনেছিলেন ৪৬ টাকা কেজি দরে। এখন তা ৫৫ টাকা। তিনি বলেন, ‘এক বস্তা চাল কিনতেই এখন আমাকে ৪৫০ টাকা বাড়তি ব্যয় করতে হচ্ছে।’ খুচরা বাজারে এক কেজি চিনির দাম এখন ৬৮-৭০ টাকা। বড় বাজারে তা ৬৬ টাকায় পাওয়া যায়। গত মাসে চিনির দাম এক দফা বেড়েছে। এর আগে খুচরায় সর্বোচ্চ দর ৬৫ টাকা ছিল। ভোজ্যতেলের দাম কমেনি, বরং কিছুটা বাড়তির দিকে। টিসিবি বলছে, বাজারে খোলা সয়াবিন তেলের দাম এখন লিটারপ্রতি ৮৯ থেকে ৯০ টাকা, যা এক সপ্তাহ আগে ৮৫ থেকে ৮৮ টাকা ছিল।

আসন্ন পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সতর্ক করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে ২৮তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘খাতুনগঞ্জের ব্যবসায়ীদের কাছে আমাদের অনেক আশা। কেউ পণ্য মজুত করে অনেক টাকা আয় করে ফেলবেন, আবার কেউ না খেয়ে থাকবে, তা যেন না হয়।’

করোনা সন্দেহে বাংলাদেশি নারী কলকাতার হাসপাতালে

0

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে কলকাতার বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে এক বাংলাদেশি নারীকে। জ্বর ও শ্বাসকষ্টসহ একাধিক উপসর্গ রয়েছে তার। চট্টগ্রাম থেকে রিজেন্ট এয়ারে কলকাতা এয়ারপোর্টে পৌঁছান ওই নারী। বিমানবন্দরে চেকআপে তার জ্বর ও শ্বাসকষ্ট ধরা পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে ভগবানপুরে ইন্দোনেশিয়া-ফেরত এক যুবককে ঘিরে তৈরি হয়েছে সন্দেহ। তার শরীরেও করোনা ভাইরাসের একাধিক উপসর্গ দেখা গেছে।

এরইমধ্যে ভারতে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। তবে করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। ভারত করোনা ভাইরাস মোকাবিলায় পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে বলে সংসদে বিবৃতি দিয়ে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সংসদে করোনা ভাইরাস নিয়ে বিবৃতি দিতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, করোনা ভাইরাস নিয়ে অযথা ভারতীয়দের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

সারা বিশ্বে মানুষ এখন পাট পণ্যের দিকে ঝুঁকছে

0

পরিবেশ বিপর্যয় ঠেকাতে সারা বিশ্বে পলিথিন ও প্লাস্টিক পণ্য বর্জন শুরু হয়ে গেছে। পাট ও পাটজাত পণ্যের দিকে মানুষ ঝুঁকে পড়ছে। এর মধ্যে দিয়ে পাটের জাগরণ শুরু হয়েছে।

আজ শুক্রবার (০৬ মার্চ) সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে পাট পণ্যের বিস্তার ঘটেছে। আগে অনেকে বলতো পাট মরে গেছে, কিন্তু এখন থেকে মনে করতে হবে পাঠ জেগে উঠেছে। যার বড় প্রমাণ বাংলাদেশে চলতি অর্থবছরে পাটখাতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন। চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে বাংলাদেশ পাট ও পাটজাত পণ্যে ৬১৬ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলারের রফতানি আয় করেছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৮২ শতাংশ বেশি।

বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন প্রসঙ্গে গোলাম দস্তগীর গাজী বলেন, পরিবেশ রক্ষায় পাটের তৈরি বহুমুখী পাটপণ্য উৎপাদন করছে বাংলাদেশ। আমরা ইতোমধ্যে ২৮২ টি বহুমুখী পণ্য উৎপাদন করছি। যা অনেকেই জানেন না। তাদের কাছে অনুরোধ আপনারা পাট মেলায় যাবেন এবং পাট সম্পর্কে জানবেন। সেখানে গেলে কোনো না কোনো পণ্য আপনাদের পছন্দ হবেই।

বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, অনেকের ধারণা ছিল পাট দিয়ে বস্তা-ছালা এসব হয়। কিন্তু এখন ধারণা পাল্টেছে। এখন পাট দিয়ে বিভিন্ন রকমের গিফট আইটেম তৈরি হয়। চা’য়ের মতো পাট পাতার পানীয় হয়, যা খুবই স্বাস্থ্যকর। পাটের জুতা, ব্যাগ, সুতা, কাপড়, শাড়ি থেকে শুরু করে বহু পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে। পরিবেশ রক্ষায় পলিথিনের বিকল্প ‘সোনালি ব্যাগ’ ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, বেশিদিন নেই যেখানে বিশ্ববাজারে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া বলেন, বিশ্ব ফুটবলার রোনালদোর পায়ের সু বাংলাদেশের পাট দিয়ে তৈরি হয়। যেটি আর কোথাও বিক্রি হয় না, উৎপাদনের পর সরাসরি তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। তাই সবার কাছে অনুরোধ আমরা যখন প্রিয়জনকে উপহার দিই এবং বিদেশিদের গিফট আইটেম পাঠাই তখন যেন পাটের পণ্য দেওয়া হয়। এতে পাটের বিস্তার ঘটবে।

অন্যান্যের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম, পাট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) সওদাগর মুস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বস্ত্র ও পাট খাতে বিশেষ অবদানের জন্য ১১টি ক্যাটাগরিতে ১১ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পুরস্কৃত করা হয়।

শতাধিক বিচারপতি নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতি

0

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সুপ্রিম কোর্টের শতাধিক বিচারপতি।

আজ শুক্রবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে বিচারপতিরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কমনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন। পরে সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন তাঁরা।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা ও দায়রা জজ অমিত কুমার দে -সহ স্থানীয় বিচারকরা এ সময় উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের কর্মসূচির অংশ হিসেবে প্রধান বিচারপতির নেতৃত্বে শতাধিক বিচারপতি টুঙ্গিপাড়ায় আসেন বলে জানা গেছে।

‘মুজিববর্ষ পালনের নামে চাঁদাবাজি করলে ব্যবস্থা’

0

‘মুজিববর্ষ পালনের জন্য কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতা চিরস্থায়ী নয়। মুজিববর্ষ পালনের নামে কেউ চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আজ শুক্রবার (৬ মার্চ) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, মুজিববর্ষ পালনকালে দলের নেতাকর্মীরা অনেকে পোস্টার, লিফলেট, ব্যানার ও বিলবোর্ড করবেন। কিন্তু সেখানে নিজেদের ছবি ব্যবহার করবেন না। তবে নামটা ব্যবহার করতে পারেন। ছবি ব্যবহার যারা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সেতুমন্ত্রী বলেন, এ ব্যাপারে মনিটরিং করার জন্য দলের একটি টিম থাকবে। কে কোথায় কী করছেন সব মনিটরিং করা হবে। তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে কোনো কর্মসূচি পালন করতে গিয়ে এবং অর্থসংগ্রহের নামে চাঁদাবাজি করবেন না। নিজেরা অর্থ দিয়ে তারপর প্রোগ্রাম করবেন। কোনো প্রকার চাঁদাবাজির খবর পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

ওবায়দুল কাদের আরো বলেন, মুজিববর্ষ শুধু ১৭ মার্চের কর্মসূচি নয়। এটা সারা বছরের কর্মসূচি। ১৭ মার্চ প্যারেড গ্রাউন্ডে বছরব্যাপী কর্মসূচি শুরু হবে। ওই কর্মসূচিতে বিদেশি অতিথিরা থাকবেন। ওই অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন তিনি।

মালয়েশিয়ায় মাহাথিরের বিদায় ও সরকার পতনের নেপথ্যে

0

দীর্ঘ ৬০ বছর ধরে ক্ষমতায় ছিল দলটি। সেই দলটিকেই নির্বাচনে হটিয়ে সরকার গঠনের ঘটনা ঘটে দুই বছর আগে। পুরনো দলটি আবার ক্ষমতাসীন হয়ে যে জোট এতটা আশার সঞ্চার করেছিলো এত দ্রুত কেন তাদের পতন হলো?

মালয়েশিয়ায় নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন মুহিদ্দিন ইয়াসিন। রাজনীতিতে তার যাত্রা ছিল সাদামাটা। ২০১৬ সালে ক্ষমতা হারানো ইউনাইটেড মালেজ ন্যাশনাল অর্গানাইজেশন বা ইউএনএমও থেকে বের করে দেয়া হয় তাকে। এরপর তিনি মালয়েশিয়ার দীর্ঘদিনের প্রভাবশালী রাজনৈতিক মাহাথির মোহাম্মদ এবং আনোয়ার ইব্রাহিমের সাথে হাত মেলান। যার ফলশ্রুতিতে গড়ে ওঠে বেশ কয়েকটা জাতিসত্তা ও দলের সংমিশ্রণে ‘পাকাটান হারাপান’ নামে একটি দল।

মালয়েশিয়ায় দুর্নীতির বিরুদ্ধে সেসময় যে ব্যাপক জনরোষ তৈরি হয়েছিল সেটি তারা কাজে লাগিয়েছিলেন। ইউএনএমও’র নেতৃত্বে দীর্ঘদিন ক্ষমতায় আসীন বারিসান ন্যাশনাল জোটের পতন ঘটিয়ে দেন তারা। গত কয়েক সপ্তাহে সেই খেলা বেশ ভালই দেখিয়েছেন মুহিদ্দিন ইয়াসিন। ৩০ জন এমপি নিয়ে সরকার থেকে বের হয়ে যান এবং তার পুরনো দলের সাথে জোট গড়ে তুলে পুরোপুরি পট পরিবর্তন করে দেন।

২০১৮ সালের নির্বাচনে রাজনৈতিক রূপান্তরের মাধ্যমে দেশটিতে যে নবযুগের সূচনা হয়েছিল, মুহিদ্দিন ইয়াসিনের দাবার গুটির চাল তা চুরমার করে দেয়।

সাঈদ সাদিক, তরুণ রাজনৈতিক যিনি ২০১৮ সালে নির্বাচনে জিতে সবাইতে তাক লাগিয়ে দিয়েছিলেন। তাকে বলা হচ্ছিল পরিবর্তনের প্রতীক। তিনি এক টুইটার বার্তায় লেখেন, “আমি ব্যর্থতার জন্য আমি দু:খিত। আমি চেষ্টা করেছি, আমি সত্যিই ওদের থামাতে চেষ্টা করেছি।”

মুহিদ্দিন ইয়াসিনের দলের সদস্য সাঈদ সাদিক এখন তার সাথে আবার যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। মুহিদ্দিন ইয়াসিন যেভাবে সরকার গঠন করেছেন তাকে পেছনের দরজার কারসাজি বলে সমালোচনা করে তার সরকারকে আখ্যা দেয়া হচ্ছে ‘ব্যাকডোর গভর্নমেন্ট ‘।

আইনজীবী ও অ্যাক্টিভিস্ট ফাদিয়া নাদওয়া বলেছিলেন, “পুরো বিশ্বাসঘাতকতা। জনগণ এর জন্য আপনারা দয়া করে ভোট দেবেন না।”

বলা হচ্ছিল ‘পাকাটান হারাপান’ এক অনন্য জোট যাতে ছিল আনোয়ার ইব্রাহিমের সংস্কারপন্থী দল কিদালিন, মালয়েশিয়ার চীনা জাতিগোষ্ঠীর দল দ্যা ড্যাপ এবং ইউএনএমও বিরোধী দুটি মালে জাতিগোষ্ঠীর দল আমানাহ এবং বারসাতু। শেষ দলটির নেতৃত্বে ছিলেন ঝানু রাজনীতিবিদ মাহাথির মুহাম্মদ।

তার পৃষ্ঠপোষকতার কারণে ক্ষমতাসীন দলকে বর্জনের শক্তি পেয়েছিল মালে জাতিগোষ্ঠী। মালয়েশিয়ার সুশীল সমাজের গঠিত বেশ কিছু সংস্থার সমর্থনও পেয়েছিল ‘পাকাটান হারাপান’।

মালয়েশিয়ার ইউএনএমও দলের দীর্ঘ ষাট বছরের ক্ষমতাকালীন দেশটিতে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিপক্ষে ছিলেন সেখানকার সুশীল সমাজ। কিন্তু ২০১৮ সালের মে মাস পর্যন্ত কেউই নিশ্চিত ছিলেন না যে ‘বারিসান’ জোটকে ক্ষমতাচ্যুত করা যাবে। তবে এক ধরনের উত্তেজনার পরিবেশ অনুভূত হচ্ছিল। মাহাথির মোহাম্মদ তার প্রচারণায় সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তার স্ত্রী রোজমাহকে রীতিমতো ‘চোর জুটি’ বলে আখ্যা দিয়েছেন।

দেশটিতে জীবনধারণের খরচ বৃদ্ধি পাওয়া বিশেষ করে পণ্য বিক্রির উপরে একটি বিশেষ কর আরোপ করার বিষয়টি বিরোধীরা খুব ব্যবহার করেছেন। সাধারণত সরকারপন্থী মালে জাতিগোষ্ঠীর ভোট পাকাটান, বারিসান ও ইসলামিক পার্টির মধ্যে তিনভাগে ভাগ হয়ে গিয়েছিল।

দুই বছরেই নতুন সরকারে পতন যেভাবে

দুই বছর আগে পাকাটান জোটের যাত্রা যে কিছুটা অস্বস্তির হবে সেটি বোঝাই যাচ্ছিল। বিশেষ করে মাহাথির মোহাম্মদ এবং আনোয়ার ইব্রাহিমরে মধ্যে ৩০ বছরের একটি জটিল ইতিহাস রয়েছে। আনোয়ার ইব্রাহিম একসময় ছিলেন মাহাথির মোহাম্মদের শিষ্য। মনে করা হতো তিনিই হবেন মাহাথির মোহাম্মদের উত্তরসূরি। কিন্তু ইব্রাহিম তার পাঁচ বছরের কারাবাসের জন্য মাহাথির মোহাম্মদকে দায়ী করে থাকেন।

তবে পাকাটান জোটের জন্য তারা দুজন বিভেদ ভুলে আবার একত্রিত হন। তারা একমত হন যে মাহাথির মোহাম্মদ নির্বাচনী প্রচারণার নেতৃত্ব দেবেন, জয়ী হলে প্রথম দুই বছর প্রধানমন্ত্রীর পদে থাকবেন এবং তারপর আনোয়ার ইব্রাহিমের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

কিন্তু কী প্রক্রিয়ায় সেটি হবে সে নিয়ে কথাবার্তা হয়নি। একই সাথে দেশটিতে চলমান বৈরী অর্থনৈতিক পরিস্থিতি কিভাবে সামাল দেবো পাকাটান জোট সেনিয়ে তাদের মতবিভেদ ছিল।

জীবনযাত্রার খরচ বাড়লেও বেতন বাড়েনি

মারদেকা সেন্টার ফর অপিনিয়ন রিসার্চ সংস্থার ইব্রাহিম সুফিয়ান বলেন”অনেক দেশের মতো আমাদের মধ্যেও একধরনের অসন্তোষের সমস্যা রয়েছে।”

তিনি বলেন, “আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি আছে কিন্তু জীবনযাত্রার খরচ বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে বেতন বাড়েনি। বিশেষ করে মালে জনগোষ্ঠী ও তরুণ প্রজন্মের।”

“আবার ভাল বেতন মেলে যথেষ্ট পরিমাণে তেমন কর্মসংস্থান তৈরি হচ্ছিল না। জোটের সামনে সেটি একটি চ্যালেঞ্জ ছিল। তারা যখন ক্ষমতা নেয় তখন তারা আবিষ্কার করে যে সব তহবিল শূন্য এবং তাদের বিশাল অংকের ঋণের বোঝা টানতে হবে।”

১৯৫৭ সালে স্বাধীনতার পর থেকে মালয়েশিয়াকে সবসময় বলা হয়ে থাকে নানা জাতিসত্তার দেশ। মালে উপদ্বীপ ও বোর্নিও অঞ্চলের কয়েকটি আদিবাসী গোষ্ঠী আর মালে জাতিগোষ্ঠীকে বলা হয় ‘বুমিপুতেরা’ যারা দেশটির মোট জনসংখ্যার ৬৮ শতাংশ।

সংখ্যালঘুদের মধ্যে সবচেয়ে সফল হচ্ছে ব্রিটিশ আমলে মালয়েশিয়ায় আসা চীনা বংশোদ্ভূতরা। ১৯৬৯ সালে এক দাঙ্গার পর তৎকালীন সরকার সিদ্ধান্ত নেয় যে রাষ্ট্রীয় নীতিমালাগুলো ‘বুমিপুতেরা’ বিশেষ করে মালে সম্প্রদায়ের প্রতি পক্ষপাতমূলক হওয়া জরুরী।

ইউএমএনও দলটি নিজেদেরকে মালে জাতিগোষ্ঠীর অভিভাবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে। চীনাদের তুলনায় মালে জাতিগোষ্ঠী ছিল অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া। ১৯৮০ ও ৯০-এর দশক পর্যন্ত মাহাথির মুহাম্মদের ২২ বছরের শাসনকালে এই নীতির ব্যত্যয় হয়নি।

তাদের জন্য হাতে নেয়া হয়েছিল বড় তহবিলের নানা রকম রপ্তানিমুখি প্রকল্প। কিন্তু বড় সমস্যা ছিল স্বজনপ্রীতি ও দুর্নীতি। কিন্তু মালেরা তাদের প্রতি সরকারি উদারতা চলমান থাকবে বরে আশা করে আসছিল।

বেশ ভালো চীনা অংশীদারিত্ব সম্বলিত পাকাটান জোট হয়ত সেই উদারতায় রাশ টেনে ধরতে পারে তেমন আশংকা তৈরি হয়েছিলে মালেদের মধ্যে তাই পাকাটানদের প্রতি তাদের সমর্থনেও ক্ষয়ের লক্ষণ দেখা দিয়েছিল।

বিশাল অংকের অর্থ তহবিল এধার ওধার হওয়ার খবরে ইউএমএনও’র সুখ্যাতি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যে অর্থের একটি অংশের গন্তব্য ছিল নাজিব রাজাকের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে।

কিন্তু পাকাটান সম্পর্কে মালেদের মধ্যে যে হতাশা তৈরি হচ্ছিল আর অর্থনৈতিক মন্দার বিষয়টি কাজে লাগাতে মোটেও দেরি করেন নি ইউএমএনও। পাকাটান ইতিমধ্যেই জোহর অঞ্চলে ছয়টি উপ নির্বাচনের পাঁচটিতেই হেরেছে।

সংকটের শুরু ক্ষমতার উত্তরাধিকার থেকে

সংকট শুরু হয় ক্ষমতার উত্তরাধিকার নিয়ে। মাহাথির মোহাম্মদের এই দফায় প্রধানমন্ত্রীত্বের দ্বিতীয় বর্ষপূর্তিতে আনোয়ার ইব্রাহিমের সমর্থকেরা উত্তরাধিকার প্রসঙ্গে একটি নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান।

মাহাথির মোহাম্মদ তাতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে অবশ্য আনোয়ারের সমর্থকেরা পিছু হটেন। কিন্তু পাকাটান জোটের মধ্যে বিভেদ ও উত্তেজনা বাড়তে থাকায় এক পর্যায়ে মুহিদ্দিন ইয়াসিন ৩০ জন এমপি নিয়ে জোট সরকার থেকে বের হয়ে আবার পুরনো দলে যোগ দেন।

গত চল্লিশ বছর ধরে মানুষজন যেভাবে ভেবেছে, এবারো অনেকে মনে করেছে মাহাথির মুহাম্মদই পেছন থেকে কলকাঠি নাড়ছেন। কিন্তু তিনি নিজের পদত্যাগের কথা জানিয়ে সবাইকে হতবিহবল করে দেন।

মাহাথির মুহাম্মদের প্রতি যদিও অনেকে সমর্থন দিয়েছেন এমনকি আনোয়ার ইব্রাহিমও। তবে মুহিদ্দিন ইয়াসিনের ভূমিকাকে তিনি জোটের মধ্যে অভ্যুত্থান বলে আখ্যা দেন। তবে সপ্তাহ খানেকের মধ্যে পরিষ্কার হয়ে ওঠে যে ৯৪ বছর বয়সী ঝানু রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ হিসেবে কিছু গোলমাল করেছেন।

রাজপ্রাসাদের সমর্থন ছিল মুহিদ্দিনের দিকে?

সাংবিধানিক দায়িত্ব বলে মালয়েশিয়ার বাদশাহ আব্দুল্লাহ মুহিদ্দিন ইয়াসিনকে নতুন সরকার গঠনের আহবান জানান। এরপরই তিনি মুহিদ্দিন ইয়াসিন দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

মাহাথির মোহাম্মদ এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন এবং পরবর্তী সংসদ অধিবেশন শুরু হলে নতুন সরকারের পতনের জন্য কাজ করবেন। কিন্তু রাজপ্রাসাদের সমর্থন মুহিদ্দিন ইয়াসিনের জন্য এখন বড় আশীর্বাদ।

অন্যদিকে মাহাথির মুহাম্মদের সাথে মালয়েশিয়ার সুলতানদের বিবাদের ইতিহাস রয়েছে। আশি ও নব্বইয়ের দশকে বাদশাহ আব্দুল্লাহ’র বাবার সময়ে মাহাথির মুহাম্মদ রাজপরিবারের ক্ষমতা সীমিত করার সাংবিধানিক পরিবর্তন আনতে চেয়েছিলেন, বলছিলেনে নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের ক্লাইভ কেসলার।

হয়ত বাদশাহ আব্দুল্লাহ’র সিদ্ধান্ত সেকারণেই মুহিদ্দিন ইয়াসিনের পক্ষে প্রভাবিত হয়েছে। কেসলার বলছেন, “স্মৃতি ও মনের ক্ষোভ এত দ্রুত মিলিয়ে যায় না।”

সব মিলিয়ে দুই বছর পর মুহিদ্দিন ইয়াসিনের সাথে হাত মিলিয়ে আবারও ক্ষমতায় ইউনাইটেড মালেজ ন্যাশনাল অর্গানাইজেশন। আনোয়ার ইব্রাহিমের যেমন আবারও আশাভঙ্গ হল তেমনি মাহাথির মোহাম্মদের সামনেও আর কোন রাস্তা খোলা আছে বলে মনে হচ্ছে না। সূত্র : বিবিসি বাংলা।

রাজধানীতে জাতীয় পাট দিবসের শোভাযাত্রা

0

সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ শুক্রবার (৬ মার্চ) সারা দেশে পালিত হচ্ছে ‘জাতীয় পাট দিবস-২০২০’।

এ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। আজ শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সচিবালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জিপিও মোড় হয়ে, পল্টন ও কাকরাইল সড়ক প্রদক্ষিণ করে ঢাকা অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া ফিতা কেটে এবং পায়রা ও বেলুন উড়িয়ে জাতীয় পাট দিবস উদ্বোধন করেন। তিনি বলেন, পরিবেশ দূষণরোধ ও পরিবেশ সম্পর্ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং পাটের পরিবেশবান্ধব বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে করতে এ র‍্যালি। সোনালি আঁশের সোনালি দিন ফিরে আসবে এ প্রত্যাশায় শুভ উদ্বোধন ঘোষণা করছি।

পাট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) সওদাগর মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ, বিটিএমসির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান প্রমুখ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।

ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টিসহ বর্ণিল আয়োজনে পাট অধিদপ্তর, বাংলাদেশ পাটকল করপোরেশন, জেডিপিসি, বিজেএমএ, বাংলাদেশ জুট গুডস এসোসিয়েশন, বিজিএসহ সারা দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন পাটকল কারখানার শ্রমিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন শোভাযাত্রায়।

একদম জয়ার মতো দেখতে

0

বাংলাদেশ এবং কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়া তার অভিনয় দিয়ে শুধু বাংলাদেশের মানুষের মন জয় করেছেন এমন নয়, কলকাতাতেও রয়েছে তার ভক্ত দল। কলকাতায় সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল থেকে শুরু করে অতনু ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকের সঙ্গে কাজ করে ফেলেছেন তিনি। কলকাতার আবির চট্টোপাধ্যায় থেকে প্রসেনজিৎ সকলের সঙ্গেই জুটি বেঁধেছেন জয়া।

এবার সোশ্যাল মিডিয়ায় তার এমনই একটি ছবি বেশ সাড়া ফেলেছে। সম্প্রতি জয়া আহসান তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ফটোশুটের ছবি শেয়ার করেন, যা দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা। ছবিতে দেখা গেছে, জয়ার পাশে বসে রয়েছেন আরেক জয়া। অর্থাৎ হুবহু তার মতোই দেখতে ওই নারী। অনেকেই ছবিটিকে এডিট বা ক্যামেরার কারসাজি বলে এড়িয়ে যেতে বলেছেন।

তবে বেশিরভাগই বলছেন– এত নিখুঁত এডিট কি সম্ভব? তারা জানতে চাইছেন, একদম জয়ার মতোই দেখতে কে এই নারী? জানা গেছে, ইনি আর কেউ নন, তিনি জয়ার বড় বোন। তার নাম কান্তা করিম। দুই বোনের মুখের এতটাই মিল– যে কেউ দেখে থমকে যাবেন। যমজ ভাববেন।

কান্তা করিম পেশায় অভিনেত্রী নন বলেই তাকে মিডিয়ায় দেখা যায়নি। তবে অভিনয়ে তার আগ্রহ রয়েছে বলে জানা গেছে। এমন খবরে দুই বোনকে একসঙ্গে পর্দায় দেখতে চাচ্ছেন ভক্তরা।

প্রসঙ্গত বাংলাদেশের পাশাপাশি কলকাতায় সুখ্যাতি রয়েছে জয়া আহসানের। কলকাতায় সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল থেকে শুরু করে অতনু ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি।

আবির চট্টোপাধ্যায় থেকে প্রসেনজিতের মতো বড়মাপের অভিনেতার বিপরীতেও অভিনয় করেছেন এই লাস্যময়ী বাংলাদেশি তারকা

তাপস পালকে হত্যা করা হয়েছে, দাবি পরিবারের

0

১৯৮০ সালে প্রথম ‘দাদার কীর্তি’ সিনেমাতে অভিনয় করেই বাঙালির মন জয় করে নেন ২২ বছরের তরুণ অভিনেতা তাপস পাল। এই ছবিতে তার নায়িকা ছিলেন মহুয়া রায় চৌধুরী। কেদার চরিত্রে অভিনয় করে কোটি হৃদয়ে প্রেমের আলো ছড়িয়ে দিয়েছিলেন তিনি। ‘দাদার কীর্তি’র পর ‘ভালোবাসা ভালোবাসা’ নামের আরকটি ছবিতে দেবশ্রীর বিপরীতে অভিনয় করে সাড়া ফেলে দেন তিনি।

পরের ছবিটিও সুপারহিট হয়। ১৯৮১ সালে ‘সাহেব’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান তাপস পাল। এরপর দীর্ঘ সময় বাংলা সিনেমায় রাজত্ব করেছেন এই অভিনেতা। একে একে উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা। ১৮ ফেব্রুয়ারি তিনি পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মুম্বাইয়ের বান্দ্রার এক হাসপাতালে মারা যান এই অভিনেতা তথা প্রাক্তন সাংসদ তাপস পাল।

এদিকে বুধবার (৪ মার্চ) স্বামীর মৃত্যু প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন তাপস পালের স্ত্রী নন্দিনী পাল। অভিযোগ করলেন, তার স্বামীকে মেরে ফেলা হয়েছে। তিনি ন্যায়বিচার চান বলেও জানান নন্দিনী।

‘আমার স্বামীকে ওই হাসপাতাল মেরে ফেলেছে। আমি এর ন্যায়বিচার চাইতে মুম্বাইয়ে এসেছি’- হাসপাতালের প্রতি অভিযোগের আঙুল এভাবেই তুললেন নন্দিনী।

তার দাবি, গত ১ ফেব্রুয়ারি অসুস্থ তাপসকে তিনি বান্দ্রার একটি হাসপাতালে ভর্তি করেন। অভিযোগ, তাপসের অসুস্থতার সম্পর্কে বলতে গেলে সেখানকার চিকিৎসক তা শুনতে রাজি হননি। উল্টে বলেন, রোগীর ‘পাস্ট হিস্ট্রি’ শুনতে তিনি উৎসাহী নন। অভিযোগ, অসুস্থ তাপস পালকে দেখে ওই চিকিৎসক নন্দিনীকে প্রশ্ন করেন, ‘আপনি কেন তাকে হাসপাতালে এনেছেন?’

এমনকি ৫০ হাজার টাকা জমা না করলে তাপসের চিকিৎসা শুরু করা হবে না বলে হাসপাতাল জানানো হয় বলে নন্দিনীর অভিযোগ। কিন্তু মাঝরাতে তার কাছে অত টাকা না থাকায় মেয়ের বাড়িওয়ালার সাহায্যে টাকার বন্দোবস্ত করে তাপসকে ভেন্টিলেশনে দিতে হয় বলে দাবি নন্দিনীর! নন্দিনীর দাবি, ৭ ফেব্রুয়ারি তাপস পালের ভেন্টিলেশন খুলে দেওয়া হয়। তাপস তখন একেবারেই সুস্থ ছিলেন বলে দাবি করে তার স্ত্রী এ দিন বলেন, ‘আমার দিকে তাকিয়ে ও হাসল। বলল, বাপরে তুমি যা করলে! আমি বলেছিলাম, তুমি একদম ঠিক আছো।’

এর পর থেকেই সমস্যা শুরু হয় বলে অভিযোগ করে নন্দিনী জানান, ঠিকমতো খেতে দেওয়া হত না তাপস পালকে। নার্সরা ক্যাফেটেরিয়া থেকে খাবার এনে খাওয়াতে বলত। এ নিয়ে তাঁর মেয়ের সঙ্গে এক দিন নার্সদের ঝামেলাও হয়ে বলে নন্দিনীর অভিযোগ। তার আরও দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতায় ফের অসুস্থ হয়ে যান তাপস পাল। আমার সম্মতিতেই ডায়ালিসিস শুরু হয়। নন্দিনী এ দিন বলেন, ‘হঠাৎ দেখি তাপসকে একদিন বেঁধে রেখেছে। কেন জানতে চাওয়ায় তারা বলেন, এখন শিফ্টিং চলছে। কারও নজরে রাখা সম্ভব নয় তাই বেঁধে রাখা হয়েছে।’

নন্দিনী আরও অভিযোগ করেছেন, তাপস পালের প্রস্রাব স্বাভাবিক হওয়া সত্ত্বেও তাকে ক্যাথিটার পরিয়ে রাখা হয়। নন্দিনী জানান, এই পরিস্থিতিতেই তারা ঠিক করেন, ১৭ ফেব্রুয়ারি তাপসকে নিয়ে কলকাতায় ফিরবেন। কিন্তু সেদিন রাতেই সব ওলটপালট হয়ে যায় বলে দাবি করেন তিনি। নন্দিনীর দাবি, ওই দিন হাসপাতাল থেকে ফোন করে জানানো হয় তাপস পালের হিমোগ্লোবিন কমে ৩.৫ হয়ে গিয়েছে। তার কথায়, ‘ওই দিন সকালেই আমি দেখেছি তাপসের হিমোগ্লোবিন ৯। আশ্চর্যরকমভাবে হাসপাতাল কর্তৃপক্ষ ওকে রক্ত না দিয়ে আমাদের অনুমতির জন্য অপেক্ষা করছিলেন। এর পর কার্ডিয়াক অ্যারেস্ট। পর পর। তখনও সিনিয়র কোনও ডাক্তার নেই। একজন ট্রেনি আর অন্য এক ডাক্তার।’

গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ন্যায়বিচারের দাবি জানাচ্ছেন নন্দিনী। তিনি বলেন, ‘তাপসের সম্পর্কে এত অন্যায়, এত ভুল কথা শুনতে হয়েছে যে, মেয়ে এবং আমি আর পেরে উঠছি না। তবে এই মৃত্যুর বিচার আমি চাইবই। ছাড়ব না।’ নন্দিনীর অভিযোগ নিয়ে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হলে হাসপাতালের পিআরও কর্ণ দেলিমা বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যা জানানোর জানাব।’