Home Blog Page 3109

ঝড়বৃষ্টি থাকবে শুক্রবার পর্যন্ত, হতে পারে শিলাবৃষ্টিও

0

সাগরে লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে ঝড়সহ বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ কারণে ঝড়বৃষ্টি হতে পারে।

এতে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকবে। আগামী সোমবার নাগাদ বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা।

ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে আবাহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

রাজধানীতে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় (০৬-১২) কিমি, যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ঘণ্টায় ৩০-৪০ কিমি পর্যন্ত উঠতে পারে।

রাশিয়া-তুরস্ক টানাপোড়েন : ট্রাম্পের কাছে গোলাবারুদ চাইলেন এরদোয়ান

0

সিরিয়ার ইদলিবে চলমান পরিস্থিতিতে রাশিয়া ও তুরস্কের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গোলাবারুদের সহায়তা চেয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই সহায়তা চেয়েছেন তিনি।

বুধবার তুর্কি প্রেসিডেন্ট নিজেই একথা জানিয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যে বৈঠক হবে তার মাধ্যমে ইদলিবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হবে বলেও আশা করেন এরদোয়ান।

সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, তুর্কি সেনাদেরকে কোনোরকম বিমান সহায়তা দেবে না মার্কিন সেনারা।

তবে মানবিক সহায়তার বিষয়টি নিয়ে হোয়াইট হাউজে আলোচনা হয়েছে।

সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জেমস জেফরি জানিয়েছেন, ন্যাটোর সদস্য হিসেবে তুরস্ককে গোলাবারুদের সহায়তা দেয়া হবে।

প্রসঙ্গত, সিরিয়ার সেনা ও মিত্র যোদ্ধারা গত কিছুদিন ধরে ইদলিব প্রদেশে অভিযান চালাচ্ছে। সেখানে বিশেষভাবে তৎপর রয়েছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী হায়াত তাহরির শাম। সিরিয়ার সেনাদের ওপর হামলা জোরদার করেছে তারা। কখনো কখনো তারা তুর্কি সেনাদের গোলাবর্ষণের আড়ালে নিজেরা সিরীয় সেনা ও মিত্র যোদ্ধাদের ওপর হামলা চালাচ্ছে। এসব হামলার জবাব দিয়েছে সিরিয়ার সেনারা। ক্রসফায়ারে পড়ে মারা গেছে তুরস্কের বহু সেনা।

গাড়ির ধাক্কায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নারী নিহত

0

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টিতে গাড়ির ধাক্কায় তাহমিনা আক্তার (৩৯) নামে আহত এক প্রবাসী বাংলাদেশির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি দুর্ঘটনার শিকার হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই নারী। পরে ২ মার্চ তার মৃত্যু হয়। মঙ্গলবার বাদ জোহর জানাজা নামাজ শেষে তাকে স্থানীয় আমা কবরস্থানে দাফন করা হয়।

ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি পুলিশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

স্প্রিংফিল্ডে স্বামী ও দুই মেয়ে নিয়ে বসবাস করছিলেন তাহমিনা।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বিকেল পৌনে ৪টার দিকে ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের একটি ক্রসওয়াকের বাইরে ভিলা পার্ক রোডের কাছে ব্যাকলিক রোড পার হওয়ার সময় একটি গাড়ি তাহমিনাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হওয়ার পর থেকে চিকিৎসাধীন ছিলেন।

ঘটনার দিন তাহমিনা তার কর্মস্থল ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টে কাজ শেষে বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় আহত হন। গাড়িটির চালক দুর্ঘটনার পর ঘটনাস্থলে থেকে পুলিশ ও গোয়েন্দাদের সহায়তা করেছেন। এছাড়া এ দুর্ঘটনা অতিরিক্ত গতি বা অ্যালকোহলজনিতও ছিল না বলে জানিয়েছে পুলিশ।

করোনার অপরীক্ষিত ভ্যাকসিন নিজের শরীরে নিলেন চীনের চিকিৎসক

0

চীনের একজন চিকিৎসক করোনাভাইরাসের অপরীক্ষিত ভ্যাকসিন নিজের শরীরে দিয়ে সারাবিশ্বের মানুষকে অবাক করে দিয়েছেন। এদিকে চীনের বিজ্ঞানীরা করোনাভাইরাস মোকাবিলার পথ খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। কয়েকমাস ধরেই ভ্যাকসিন উদ্ভাবনের জন্য পরীক্ষা চলছে এবং প্রাণীদের দেহে এর প্রভাব লক্ষ্য করার চেষ্টা অব্যাহত আছে।

কিন্তু ডা. চেন উই কয়েকধাপ এগিয়ে এসে নিজের শরীরেই এই ভ্যাকসিন নিয়ে তার প্রভাব দেখার চেষ্টা করছেন। ভ্যাকসিন নেওয়ার একটি ছবি এরই মধ্যে গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে প্রকাশ পাচ্ছে।

তাতে দেখা যায়, ৫৪ বছর বয়সী চেন উই দৃঢ় মনোবলে দাঁড়িয়ে আছেন। সাদা পোশাকের এক ব্যক্তি তার শরীরে ভ্যাকসিনটি দিয়ে দিচ্ছে। জানা গেছে, আলোকচিত্রীদের সামনেই ঘটেছে ঘটনাটি।

বিশ্বখ্যাত এপিডেমিওলজিস্ট এবং চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) মেজর জেনারেল এটি দেখাতে চেয়েছিলেন যে, চীন করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে দ্রুত এগিয়ে চলেছে। ওই ভ্যাকসিন তার দলের আরো পাঁচজনের শরীরে দেওয়া হয়েছে বলেও ল্যাডবাইবেল ডটকমের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

চীনের সেনাবাহিনীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ওই ছবি প্রকাশ করা হয়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমগুলোতেও সেই প্রতিবেদন প্রকাশ হয়েছে। তাতে বলা হয়, এখনো ভ্যাকসিনটি পরীক্ষার পর্যায়ে আছে। করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে সব রকম চেষ্টা চীন সরকার চালিয়ে যাচ্ছে। শক্তিশালী প্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্য চীন সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভ্যাকসিনটি কার্যকরভাবে প্রয়োগের জন্য নিরলসভাবে কাজ চলছে।

এর আগে ২০১৪ সালে ইবোলার ভ্যাকসিন সবার আগে আবিষ্কার করে বিশ্বব্যাপী আলোচনার শিরোনামে চলে আসেন চেন উই। ২০০০ সালে সার্স ছড়িয়ে পড়ার মুহূর্তেও তার অবদান রয়েছে।

পুরান ঢাকায় ভেজাল প্রসাধনীর কারখানায় র‍্যাবের অভিযান

0

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় ভেজাল প্রসাধনী তৈরির বেশ ক’টি কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। গতকাল রাতে ওই কারখানাগুলোতে অভিযান চালায় র‍্যাব-১০ এর সদস্যরা। নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

র‍্যাব সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় চক বাজারের দেবিদাস লেনের ৮টি ভেজাল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান শুরু করে। কারখানাগুলোতে নামী দামী ব্র্যান্ডের প্রসাধনী নকল করা হয়।

ওই সব কারখানা থেকে কোটি কোটি টাকার ভেজাল পণ্য জব্দ করে। গতকাল রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।

বাংলাদেশে চীনা প্রকল্পে করোনাভাইরাস প্রভাব ফেলবে না : দূত

0

ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং করোনভাইরাস প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে চীনের সহায়তায় চলমান মেগা উন্নয়ন প্রকল্পগুলোতে কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

তিনি বলেছেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশে চীনের বৃহদাকার উৎপাদন ও পরিচালনা কার্যক্রমে করোনাভাইরাসে প্রাদুর্ভাবের কারণে উল্লেখযোগ্য বিরূপ প্রভাব পড়বে না।

চীনা রাষ্ট্রদূত আজ বুধবার পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের সিআরইসি প্রকল্প ব্যবস্থাপনা কার্যালয়ের প্রথম বিভাগের প্রধান ক্যাম্পে এসব কথা বলেন।

রাষ্ট্রদূত আশা করেন বাংলাদেশ ও চীন এখানে চীনের সহায়তায় পরিচালিত নির্মাণ প্রকল্পগুলোর কাজ পুনরায় শুরু করতে একসাথে কাজ কার্যকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

লিমিং বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে তার দেশ ও বাংলাদেশ সরকার বাংলাদেশের সকল ক্ষেত্রে একযোগে কাজ করবে। চীন-বাংলাদেশ সহযোগিতা দুর্বল হবে না, বরং জোরদার হবে। অনেক বড় প্রকল্প এখনও স্থগিত হয়নি, নিয়মিত নির্মাণাধীন রয়েছে।

লিমিং আরো বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে বাংলাদেশের জনগণ চীনা জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে শোক ও সমবেদনা জানিয়ে চিঠি পাঠিয়েছেন এবং বাংলাদেশ চীনা জনগণকে বিভিন্ন ধরণের চিকিৎসা ও স্বাস্থ্য সরঞ্জাম পাঠিয়েছেন উল্লেখ তিনি বলেন, এই পদক্ষেপগুলো চীনা পক্ষকে গভীরভাবে স্পর্শ করেছে এবং এসবকিছু চীনা ও বাংলাদেশি জনগণের মধ্যে দীর্ঘমেয়াদি এবং গভীর বন্ধুত্বের প্রতিফলন ঘটায়।

‘করোনা প্রতিরোধে বাংলাদেশের প্রস্তুতি সন্তোষজনক নয়’

0

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশের প্রায় সবগুলো প্রতিবেশী দেশে করোনাভাইরাস আক্রান্তের তথ্য পাওয়া গেছে। করোনা আক্রান্ত ভারত এবং মধ্যপ্রাচ্য থেকে এ দেশে মানুষের অবাধ যাতায়াত রয়েছে। এসব কারণে বাংলাদেশও করোনার আক্রমণ-প্রাদুর্ভাবের ঝুঁকিতে রয়েছে। এছাড়া করোনা প্রতিরোধে এবং চিহ্নিতকরণে নেয়া পদক্ষেপও যথেষ্ট ও সন্তোষজনক নয়। এটি আশঙ্কাজনক।

বুধবার ঢাকার কেরানীগঞ্জে পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের ব্যবস্থাপনা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর বাংলাদেশে চীনা কম্পানিগুলোর বড় প্রকল্পগুলোতে গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানাতে জানাতে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, বিদেশ থেকে আসা ব্যক্তিরা ভাইরাসে আক্রান্ত কিনা বিমানবন্দরে তা যেভাবে যাচাই করা হচ্ছে সেটি অবৈজ্ঞানিক ও ত্রুটিপূর্ণ। শুধু চীন থেকে আসা ব্যক্তিদের স্ক্রিনিং করা হচ্ছে। এটি বোকামি। সবাইকেই স্ক্রিনিংয়ের আওতায় আনা উচিত। কেননা নতুন করে করোনা আক্রান্তদের ৯৫ শতাংশই চীনের বাইরের দেশগুলোর। ৬০টির মত দেশে এটি ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে ঝুঁকি বা ক্ষতি নিয়ন্ত্রণে এখন বড় সভা-সমাবেশ আয়োজন করা থেকে বিরত থাকা উচিত।’

চীনা রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে এখনও কোনো চীনা নাগরিক করোনা আক্রান্ত হয়নি। চীনে এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ার আগে বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে সরকারিভাবে প্রায় এক হাজার ৭০০ চীনা কর্মী কাজ করতো। এখন কাজ করছে এক হাজার ৩৬৫ জন। অর্থাৎ ৩৩৫ জন চীনে গিয়ে আর ফিরতে পারছে না। এর বাইরে বেসরকারি পর্যায়েও বেশ কিছু নাগরিক ছুটিতে গিয়ে আর ফিরতে পারেনি।’

লি জিমিং বলেন, ‘বাংলাদেশে অবস্থান করা চীনা কর্মীদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তা আর বাড়াচ্ছে না সরকার। এমনিতেই প্রকল্পগুলোতে চীনা কর্মী সংকট রয়েছে। তার উপর বাংলাদেশে থাকা কর্মীদেরও যদি ফেরত যেতে বাধ্য করা হয় তাহলে প্রকল্প বাস্তবায়নের গতি আরও ধীর ও অনিশ্চিত হয়ে পড়বে। এ অবস্থায় বাংলাদেশে থাকা চীনা কর্মীদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর অনুরোধ জানান তিনি।’

তিনি বলেন, ‘করোনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে অন অ্যারাইভাল ভিসা বন্ধে বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছিল তা যৌক্তিক। এখন এটি পুনর্বিবেচনা করা যেতে পারে। কেননা চীন একদিকে আক্রান্ত এলাকাকে আলাদা করে রেখেছে অন্যদিকে এ রোগের বিরুদ্ধে চলমান যুদ্ধে বিজয়ের পথে। পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। পদ্মা সেতু ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করতে এরইমধ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশে চলমান প্রকল্পগুলোর গতিশীলতা ঠিক রাখতে চীনের নাগরিকদের আসা প্রয়োজন।’

সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিশ্চিতে পদ্ম সেতু ও রেল সংযোগ প্রকল্পগুলোতে কর্মকর্তাদের শারীরিক অবস্থার প্রতিদিনের রিপোর্টিং সিস্টেম খতিয়ে দেখা হচ্ছে। ব্যাকটেরিয়া প্রতিরোধে প্রকল্প অফিসগুলো প্রতিদিন দুইবার পরিষ্কার করা হয়। করোনাভাইরাস প্রতিরোধে বুড়িগঙ্গা নদীর কাছে একটি অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হয়েছে।

ব্যাংক গ্রাহকদের উন্নত সেবা দিন : অর্থমন্ত্রী

0

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গ্রাহকদের আরো উন্নতমানের সেবা প্রদানের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। একইসাথে তিনি ব্যাংককে সামনের দিকে এগিয়ে নিতে বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগানোর নির্দেশ দেন।

তিনি বলেন, আমি আশাবাদী যে আপনারা সঠিক ও যথার্থ কাজের মাধ্যমে ব্যাংককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কোনোভাবেই এটি আর পেছনে ফিরে যেতে পারে না। আশা করি আপনারা অব্যশই সফল হবেন।

আজ বুধবার রাজধানীর শেরেবাংলানগর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোনালী ব্যাংক লিমিটেডের বার্ষিক সম্মেলন-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, সোনালী ব্যাংকের চেয়ারম্যান মো. জিয়াউল হাসান সিদ্দিকী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান বক্তব্য রাখেন।

অর্থমন্ত্রী সমাজের পিছিয়ে পড়া বা প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার জন্য সোনালী ব্যাংকের কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, যে সব মানুষ দেশের অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত নয়, তাদের অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করতে কাজ করতে হবে।

তিনি সোনালী ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের দেশ গঠতে সরকার যে কার্যক্রম হাতে নিয়েছে, আপনারা সেগুলোকে যথার্থভাবে সম্পন্ন করুন। বঙ্গবন্ধু এই ব্যাংকটির নামকরণ করেছিলেন, এটি মাথায় রেখে ব্যাংককে সামনের দিকে এগিয়ে নেওয়ার কাজ করতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে জোরালো ব্যবস্থা নিতে হবে। নতুন করে দেওয়া ঋণ যাতে কোনো খেলাপি না হয়, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। একইসাথে তিনি কোনো সংকোচ বা ভয়ভীতি না করে নিয়ম মেনে ঋণ দেওয়ার পরামর্শ দেন।

সভায় ব্যাংকের ২০২০ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন এবং করণীয় বিষয়ে আলোচনা হয়।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ৩১ মিলিয়ন ইউরো দিল ইইউ

0

ইউরোপীয় কমিশন বাংলাদেশ ও মিয়ানমারে রোহিঙ্গা সংকট মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে ৩১ মিলিয়ন ইউরো দিয়েছে। অনুদানের এই অর্থের মধ্যে ১৮.৫ মিলিয়ন ইউরো রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশের স্থানীয় জনগণের মধ্যে দুঃস্থদের সহায়তায় ব্যয় করা হবে। এই অর্থ দিয়ে জরুরি ভিত্তিতে জরুরি স্বাস্থ্য সেবা, খাদ্য সহায়তা ও শিক্ষা প্রদান করা হবে। বাকি অর্থের মধ্যে ৩.৫ মিলিয়ন ইউরো স্থানীয় জনগণের দুযোর্গ ব্যবস্থাপনা প্রস্ততিতে সক্ষমতা অর্জনে ব্যয় করা হবে।

অন্যদিকে মিয়ানমারে রাখাইন, কাচিন এবং শান রাজ্যের জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা, পুষ্টি, শিক্ষা এবং আশ্রয় প্রদানে ৬.৫ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে। এ ছাড়া সংঘর্ষ অথবা প্রাকৃতিক দুর্যোগে স্থানীয় প্রস্তুতি জোরদারে ২.৫ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে।

সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জ্যানেজ লেনার্কিক বলেন, রোহিঙ্গা সংকট তৃতীয় বছরে পড়েছে। আমাদের সহায়তা প্রদানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি। এটি ভুলে গেলে চলবে না, তাদের বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার ওপর অধিক নির্ভর করতে হচ্ছে। কক্সবাজারে রোহিঙ্গা শরনার্থী এবং স্থানীয় জনগণকে ও মিয়াসমারে দুঃস্থ রোহিঙ্গাদের সহায়তা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুযোর্গ থেকে রক্ষা করতে জীবন রক্ষাকারী সহায়তা প্রদান অব্যাহত রাখা নিশ্চিত করতে হবে।

২০১৯ সালে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের কক্সবাজারে এবং দেশের অন্যান্য স্থানে দুঃস্থ রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা প্রদানে ২৭ মিলিয়ন ইউরো এবং মিয়ানমারে গৃহহারা ও সংঘর্ষে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় ৯ মিলিয়ন ইউরো দিয়েছে।

মুজিববর্ষের আয়োজনে নাশকতার কোনো খবর পাইনি

0

মুজিববর্ষের আয়োজনে নাশকতার কোনো খবর এ পর্যন্ত পাওয়া যায়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এটা একটা জন্ম শতবার্ষিকী। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, সারাবিশ্ব যাকে সম্মান করে, শ্রদ্ধা করে। সেই মহান নেতার জন্মশতবর্ষ পালন হবে, সারাদেশ উদগ্রীব হয়ে আছে। সারা দেশের মানুষ কিভাবে এটা পালন করবে তা নিয়ে প্রতিযোগিতা চলছে। এই জায়গা থেকে কোনো নাশকতা হবে বলে আমি মনে করছি না, আমি চিন্তাও করতে পারছি না।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তাবিষয়ক উপকমিটির সভা শেষে তিনি এ সব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাশকতা প্রতিরোধ ও সোশ্যাল মিডিয়া গুজব রটনাকারীদের নজর রাখা হবে এবং এ ধরনের কিছু পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু বিকাল ৩টা ১৫ মিনিটে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠান। জেনারেল গেইট খোলা থাকবে কিন্তু ভিআইপি গেইট ৩টা ১৫ মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে।

কতগুলি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এ বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানাবে। তবে লক্ষাধিক অতিথি থাকবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আগমন এর প্রেক্ষিতে কয়েকটি সংগঠনের প্রতিবাদের ডাক দেওয়ায় কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। আমার মনে হয় তার কাছে আপনারা যে ব্যাখ্যাটি পেয়েছেন, সেটাই আমাদের বক্তব্য।

এখানে নতুন করে কিছু বলার নেই জানিয়ে তিনি বলেন, আমাদের দেশ আমাদের মত চলবে, আমরা একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ, সেই মূল্যবোধ নিয়েই আমরা কাজ করছি। আমরা সেভাবেই চলবো।

নিরাপত্তাবাহিনীর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, যা প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটা বাহিনী থাকবে। প্রয়োজন হলে দশ হাজার নিরাপত্তা বাহিনী থাকবে, তারও বেশি হলে বেশি নিরাপত্তা বাহিনী থাকবে। এখানে কোনো রকম অনিশ্চয়তার মধ্যে রাখা হবে না বলেও জানা তিনি।