Home Blog Page 3121

‘আমার সাথে আমার দুই মেয়েকেও ওরা বেইজ্জতি করল’

0

‘দাঙ্গাবাজরা ঘরে ঢুকে আমাদের বেইজ্জতি শুরু করলো। ওরা আমাদের পোশাক ছিঁড়ে ফেলে দেয়। ওদের হাত থেকে বাঁচতে শরীরে দোপাট্টা পেঁচিয়ে আমরা দোতলা থেকে লাফ দেই।’ উত্তর-পূর্ব দিল্লির আল হিন্দ হাসপাতালে বসে ৪৫ বছর বয়সী এক নারী দুই মেয়ে সহ কীভাবে পালাতে বাধ্য হয়েছেন সে গল্প বলছিলেন।

বুধবার রাতের ওই দুঃস্বপ্নের বর্ণনায় ওই নারী বলেন, ‘যখন দাঙ্গবাজরা আসে তখন আমি ঘরেই ছিলাম। তারা আমাকে ও আমার দুই মেয়েকে বেইজ্জতি করে। আমাদের পোশাক ছিঁড়ে ফেলে দেয়।’ এসময় চোখে পানি চলে আসে কারাওয়াল নগরের একটি এনজিও’র পরিচালক ওই মধ্যবয়সী নারীর।

তিনি বলেন, দোতলা থেকে লাফ দিয়ে পালানোর পরও দাঙ্গাবাজরা তাদেরকে ধর্ষণ ও হত্যা করার জন্য ধাওয়া করতে থাকে। তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় পৌঁছে আইয়ুব আহমেদ নামের এক মুদি দোকানির বাসায় আশ্রয় নেওয়ার পর দাঙ্গাবাজরা চলে যায়।

‘আহমেদ আমাদেরকে খাবার এবং পোশাক দেওয়ার পর আমরা আল হিন্দ হাসপাতালে আসি। আমি ওই দাঙ্গাবাজদেরকে সনাক্ত করতে পারবো। কেননা তারা আমাদের লেনেরই বাসিন্দা ছিলো’, জানান ওই নারী।

উত্তরপূর্ব দিল্লিতে সশস্ত্র দাঙ্গাবাজদের হামলার পর কয়েকদিনে অনেক মানুষই আল হিন্দ হাসপাতালে এসে ভর্তি হয়েছেন। তাদের প্রত্যেকেরই এমন ভয়ঙ্কর সব গল্প আছে বলার।

কারাওয়াল নগরের বাসিন্দা সালমান খান (২০) বলেন, মঙ্গলবার রাতে তার ঘরের কাছে দাঁড়ানো ছিলেন তিনি। আর তখনই দাঙ্গাবাজরা তার পিঠে অ্যাসিড ঢেলে দেয়। এরপর তার পিঠে আগুনের মতো জ্বলতে থাকে। রাত ১১টার দিকে পুলিশ তাকে হাসপাতালে পৌঁছে দেয়।

প্রাইভেট কম্পানিতে কর্মরত আকিল সাইফি (৩০) জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি অফিস থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তার পেছনে বসা ছিলো তার এক বন্ধু। যার মাথায় টুপি ছিলো। আর টুপি দেখে তাকে দাঙ্গাবাজরা আটক করে মারধর করে ছেড়ে দেয়।

গত প্রায় এক সপ্তাহ ধরে ভারতের রাজধানী দিল্লিতে মুসলিমদের ওপর উগ্র হিন্দুত্ববাদী দাঙ্গাবাজদের একতরফা হামলায় নিহতের সংখ্যা ৪০ ছাড়িয়ে গেছে। এতে আহত হয়েছেন অসংখ্য মানুষ।

সিরিয়ায় ব্যাপক হামলা শুরু করেছে তুরস্ক

0

সিরিয়ার সরকারি বাহিনীর বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা শুরু করেছে তুরস্কের সেনারা। ইদলিবে চলমান সংঘর্ষের মধ্যে বৃহস্পতিবার আসাদবাহিনীর বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত হন। এরপর পাল্টা হামলা শুরু করে তুরস্ক। এতে অন্তত ১৬ সিরিয় সেনা নিহত হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা দপ্তরের বরাতে দেশটির সরকারি সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, ১,৭০৯ জন সিরিয় সেনাকে নিষ্ক্রিয় করেছে তুর্কি সেনারা। নিষ্ক্রিয় বলতে সাধারণত নিহত অথবা বন্দিদের বুঝিয়ে থাকে তুরস্ক।

ব্রিটেনভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, বিদ্রোহীদের হটিয়ে মাস তিনেক আগে সরকারি বাহিনীর দখলে নেয়া বেশ কিছু অঞ্চলে সিরিয়ার সামরিক অবস্থানে ড্রোন ও গোলা বর্ষণ করে তুর্কি বাহিনী।

এদিকে আল জাজিরার খবরে বলা হয়, রাশিয়ার বিমানবাহিনীর সহযোগিতায় বিরোধীদের শেষ ঘাঁটি ইদলিবের দখল নিতে হামলার তীব্রতা বাড়িয়েছে আসাদবাহিনী। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত হন এবং অনেকে আহত হন। আহতদের চিকিৎসার জন্য তাদেরকে তুরস্কের ভেতর নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের হাতয় প্রদেশের গভর্নর রাহমি দোগান।

২০১৬ সালে সিরিয়ায় সেনা পাঠানোর পর প্রথমবারের মতো একদিনে এত সংখ্যক তুর্কি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেলো। এ ঘটনার পর বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসেছে এরদোয়ান সরকার। দুই ঘণ্টার ওই বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যদের পাশাপাশি উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা ছিলেন বলে জানা গেছে। পরে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার ও ঊর্ধ্বতন সামরিক কমান্ডাররা সিরিয়ার সীমান্ত থেকে আসাদবাহিনীর বিভিন্ন স্থাপনায় স্থল ও বিমান হামলার নির্দেশনা দেন।

এদিকে রাশিয়া দাবি করেছে, তুরস্ক তাদের সেনাদের অবস্থানের তথ্য দিতে ব্যর্থ হওয়ায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুদ্ধক্ষেত্রে সন্ত্রাসীদের সঙ্গে অবস্থান করায় তুর্কি সেনারা হামলার শিকার হয়েছে।

অন্যদিকে ন্যাটো মিত্র তুরস্কের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসৌলু। ইদলিব পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়ে আবারো সতর্ক করেছে জাতিসংঘ। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ১১ লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন বলেও জানানো হয়।

সোলাইমানি হত্যায় ফেঁসে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর!

0

ইরানি জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার দায়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের বিরুদ্ধে দেশটির আদালতে মামলা করেছেন আট সংসদ সদস্য।

তারা অভিযোগ করেছেন, জার্মানির পশ্চিমাঞ্চলে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ‘রামস্টেইন’ থেকে জেনারেল সোলাইমানিকে হত্যার কাজে অপারেশন পরিচালনা করা হয়েছে।

টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, মার্কিন সেনারা আফ্রিকা মহাদেশ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তৎপর ড্রোনগুলো রামস্টেইন ঘাঁটিতে বসে নিয়ন্ত্রণ করে এবং জেনারেল সোলাইমানিকে হত্যার সময়ও এই ঘাঁটি ব্যবহার করা হয়েছে বলে জার্মানির ওই আট বামপন্থি এমপি অভিযোগ করেছেন।

মেরকেলের বিরুদ্ধে অন্যতম অভিযোগকারী এমপি আলেক্সান্ডার নেউ এক বিবৃতিতে বলেছেন, একমাত্র জার্মানির ভূমিতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি রামস্টেইনে স্থাপিত একটি স্যাটেলাইট রিলে স্টেশন থেকেই ড্রোন হামলার সিগন্যাল নিয়ন্ত্রণ করা হয়।

তিনি আরো বলেন, জার্মান সরকার যুক্তরাষ্ট্রকে অবৈধ ড্রোন যুদ্ধে পৃষ্ঠপোষকতা দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে- এটা আমরা মেনে নিতে পারি না।

অ্যাঙ্গেলা মেরকেল সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি অবহেলা করে যুক্তরাষ্ট্রকে ড্রোন হামলায় সাহায্য করে যাচ্ছে বলে ওই ফৌজদারি অভিযোগে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা।

দিল্লিতে গর্ভবতী নারীকে দাঙ্গাবাজদের লাথি; জন্ম ‘বিস্ময় শিশু’র

0

ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়েছে দিল্লিতে। এখন পর্যন্ত ৪০ জনের বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। সাম্প্রদায়িক এই হানাহানির ঘটনায় ভয়াবহ সব কাহিনী প্রকাশিত হচ্ছে সংবাদমাধ্যমে। শাবানা পারভীনের সন্তান জন্মের ঘটনা জানলে যে কেউ শিউরে উঠবে। ৩০ বছর বয়সী গর্ভবতী এই নারীর পক্ষে দাঙ্গা উপদ্রুত এলকা ছেড়ে যাওয়া সম্ভব ছিল না। কয়েক দিনের মধ্যেই হয়ত তার সন্তান ভূমিষ্ঠ হবে। তাই শ্বশুরবাড়িই থেকে গিয়েছেন তিনি। কিন্তু কে জানত, সোমবারের রাত তার কাছে বিভীষিকা হয়ে দাঁড়াবে!

পারভিনের শাশুড়ি নাসিমা বলেন, ‘রাতে হঠাৎ দুষ্কৃতীরা আমাদের বাড়িতে হামলা চালায়। তখন আমরা ঘুমিয়ে পড়েছিলাম। অতর্কিত হামলায় পালিয়ে যেতে পারিনি। পারভিনের ওই অবস্থায় কীভাবেই বা পালিয়ে যাই! দুষ্কৃতীরা ধর্ম তুলে গালিগালাজ করে। আমার ছেলেকে মারধর করে। পারভিন বাধা দিতে গেল, তার উপরও হামলা চালানো হয়। ওর পেটে লাথি মারে দুষ্কৃতীরা। এরপরই পারভিনের শুরু হয়ে যায় প্রসব যন্ত্রণা।’

তখন উন্মত্ত জনতা দাপিয়ে বেড়াচ্ছিল দিল্লির বুকে। দোকানের পর দোকান জ্বলছে। রাস্তায় ইট-পাটকেল, কাচের টুকরো, লোহার রড এদিক-ওদিক ছড়িয়ে। বাতাসে গুমোট আতঙ্ক। জাফরাবাদ, মৌজপুর-সহ উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকার ছবি কার্যত একই ছিল। ওই অবস্থায় প্রসব যন্ত্রণায় কাতর স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়েন তার স্বামী। প্রথমে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি নিতে অস্বীকার করে ওই হাসপাতাল। বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। মাথা গোঁজার ঠিকানা নেই। কিন্তু কোনোভাবেই পারভিনকে হারাতে চান না তার স্বামী। ছুটে যান অল-হিন্দ হাসপাতালে।

সেই হাসপাতালেই গত বুধবার পরভিন জন্ম দেন পুত্র সন্তানের। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। যে সঙ্কটজনক অবস্থায় পরভিন ছিলেন, তাতে সদ্যোজাত যে সুস্থ, তা দেখে অবাক চিকিৎসকেরা। তারা বলছেন, পরভিন ‘মিরাক্যাল বেবি’র জন্ম দিয়েছেন। স্বভাবতই খুশি পরভীন স্বামী ও শাশুড়ি। ভূমিষ্ঠ হওয়ার আগেই দুষ্কৃতীর পাঞ্জা থেকে পালাতে পারে, সে শিশু মিরাক্যালই। কিন্তু সদ্যোজাতকে নিয়ে এখন যাবে কোথায় পরভিন? বাড়ি তো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে!

দিল্লিতে হিন্দু মুসলমানের সম্প্রীতির এক অনন্য গল্প

0

মনোজ শর্মা আর জামালউদ্দিন সাঈফী রবিবার বিকেলে তাদের বাড়ির কাছে পাশাপাশি বসেছিলেন। আর ঠিক তখনই মেইন রোডের দিক থেকে একদল সশস্ত্র দাঙ্গাবাজ এগিয়ে আসছিলো বিজয় পার্কের দিকে।

তারা ইট-পাটকেল ছুঁড়ছিল আর দোকানপাট ভাংচুর করছিলো।

অবস্থা দেখে তখন পালানো ছাড়া মিস্টার শর্মা ও মিস্টার সাঈফীর আর কোনো বিকল্প ছিলো না।

কিন্তু তারা দীর্ঘ সময়ের জন্য পালিয়ে যাননি।

কিছুক্ষণ পরেই ওই এলাকার আরও লোকজনকে একত্রিত করে নিজেদের গলি থেকে তাড়িয়ে দিয়েছেন দাঙ্গাকারীদের।

এর মধ্যে পুলিশের কয়েকটি গাড়ীও দেখা গেলো সেখানে।

ততক্ষণে দাঙ্গাকারীরা যা করেছে, প্রধান সড়কে তা ছিলো দৃশ্যমান – জানালার ভাঙ্গা গ্লাস, পুড়ে যাওয়া মোটরবাইক ও গাড়ী।

পরে পরিচ্ছন্নকর্মীরা এসব সরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করে।

স্থানীয় অধিবাসী আব্দুল হামিদের অভিযোগ, ‘পুলিশই উস্কানি’ দিয়েছে দাঙ্গাকারীদের, যারা রড আর লাঠি হাতে উত্তেজক শ্লোগান দিচ্ছিলো।

অনেকে বলছেন গুলিও হয়েছে সেদিন, আর বিহার থেকে আসা একজন শ্রমিক – মুবারক নামে একজন – তাতে প্রাণ হারিয়েছেন।

জামালউদ্দিন সাঈফী বলেন, ওইদিন দাঙ্গাকারীরা এলাকায় ঢুকতে না পারলেও পরেরদিন অর্থাৎ সোমবার তারা আবার চেষ্টা করে।

তবে তিনি বলেন যে ওইদিন তাদেরও যথেষ্ট প্রস্তুতি ছিল।

‘এলাকার প্রধান লেনগুলো বন্ধ ছিল আর বহু মানুষ একসাথে বসেছিলো,’ বলছিলেন মিস্টার সাইফী, যার নিজের বাড়িও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

মৌজপুর এলাকাতেই বিজয় পার্ক। আর ওই মৌজপুরই এবারের সহিংসতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি।

মৌজপুর-বাবরপুর মেট্রো স্টেশন এখনো বন্ধ, যদিও অন্য এলাকায় ট্রেন চলছে স্বাভাবিকভাবেই।

বিজয় পার্ক এমন একটি এলাকা, যেখানে হিন্দু ও মুসলমানরা পাশাপাশি বাস করে। এলাকার দুটি লেনে মন্দিরও আছে, আবার মসজিদও আছে – ভারতের অন্য অনেক শহরের মতোই।

ফলে যে কোনো ধরণের দাঙ্গায় এলাকাটির পরিণাম হতে পারে ভয়াবহ।

পবন কুমার শর্মা একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। তিনি জানালেন যে স্থানীয়রা একটি কমিটি করেছেন বিশ জন সুপরিচিত ব্যক্তিত্বকে নিয়ে, যাদের মধ্যে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই আছে।

তারা ঘরে ঘরে গেছেন এবং লোকজনকে কোনো গুজবে কান না দিতে অনুরোধ করেছেন।

মিস্টার শর্মা বহু বছর ধরে মন্দিরের একজন ট্রাস্টি। দাঙ্গাকারীরা ওই এলাকায় ঢুকতে চেষ্টা করার একদিন পর মঙ্গলবারে তারা একটি শান্তি মিছিল করেছেন।

জুলফিকার আহমেদ পিস কমিটির একজন সদস্য।

তিনি বলছেন, ‘গলির মুখে রাতভর আমাদের এলাকার লোকজন ছিলো। যে গলিতে হিন্দু বেশি সেখানে তাদের দায়িত্ব নিতে বলা হয়েছে। আবার যেখানে মুসলিম বেশি সেখানে মুসলমানদের দায়িত্ব দেয়া হয়েছে’।

ধরম পাল একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং এলাকায় এখন খুবই সক্রিয়। তিনি বলেন, এখন পুলিশ যদি নাও থাকে তাহলেও কিছু হতে দেব না।

বিজয় নগরে অলিগলিতে জীবন যাত্রা এখন স্বাভাবিক বলে মনে হচ্ছে। হিন্দু সবজি বিক্রেতারা আবার সক্রিয় হয়েছেন। তবে তারা যে এলাকা থেকে আসেন সেখানে তারা দাঙ্গা দেখেছেন অনেকে।

তবে গুলিতে তরুণ মুবারকের মৃত্যু মানুষকে বেশ কষ্টই দিয়েছে। আর গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন সুরেন্দ্র সিং রাওয়াত।

সূত্র: বিবিসি বাংলা

‘দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে ভাবছে সরকার’

0

‘শিক্ষা ব্যবস্থার গিয়ার পরিবর্তন করা হবে। দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে ভাবছে সরকার। শিক্ষা ব্যবস্থাকে কেরানী তৈরির উৎস কিংবা কেরানী নির্ভর প্রতিষ্ঠান না বানিয়ে বিজ্ঞানভিত্তিক ও মানবিক প্রতিষ্ঠান করা হবে। একটি কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে বেশি শিক্ষার্থী রাখা যাবে না। প্রয়োজনে কলেজ-বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানো হবে। এর জন্য প্রতি জেলাতেই মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিয়েছে সরকার।’

শুক্রবার সকালে সুনামগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নতি করেছে। দেশের পিছিয়ে পড়া অঞ্চলে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে। দেশে এখন একশোর ওপরে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় আছে। অথচ এক সময় এসব চিন্তার বাইরে ছিল। সুনামগঞ্জের হাওর এলাকাতেও মেডিকেল কলেজের কাজ শুরু হয়েছে। তাই দেশের মানুষকে উন্নয়নের পক্ষে থাকতে হবে।

সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেল মাহমুদ, উপাধ্যক্ষ মাজহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, ব্যবসায়ী মো.জিয়াউল হক, সুনামগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপনের আহ্বায়ক ইফতেখার আলম প্রমুখ।

খালেদার জামিন খারিজে সরকারের হাত নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

0

আইন ও বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। খালেদা জিয়ার জামিন নিয়ে বিজ্ঞ আদালত যা করছেন সেটা তারা ভেবে চিন্তে এবং আইন অনুযায়ী করছেন। কাজেই এখানে সরকারের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শুক্রবার দুপুরে আশুলিয়ার গেরুয়া বাজার এলাকায় দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদরাসার একটি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুবলীগ নেত্রী পাপিয়ার সাথে যারা অপরাধে জড়িত তাদের বিষয়েও তদন্ত চলছে। যারাই অপরাধের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, মাদরাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান নবাবগঞ্জী, মাদরাসার সভাপতি মিনহাজ উদ্দিন মুছা মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কেন্দ্রে গেলে ভোট দিতে পারবেন এ আশ্বাস দিচ্ছি

0

নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না। তবে, ইভিএম সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে কারিগরি বিষয়গুলো তদারকি করার জন্য বিশেষজ্ঞ সেনাসদস্যরা থাকবেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই সংক্রান্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে দিক-নির্দেশনামূলক সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আজ সকালে এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সর্বোচ্চ পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি। একজন ভোটার কেন্দ্রে গেলেই তিনি ভোট দিতে পারবেন এ আশ্বাসটুকু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দিতে পারি।

বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচন পেছানোর দাবি সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে ইসি বলেন, ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা। এরপর শুরু হবে পবিত্র রমজান মাস। এ সময়ের মধ্যেই বর্ষা চলে আসবে। বর্ষাকালে নির্বাচন করার কোনো সুযোগ নেই। ফলে নির্বাচন পেছানোর সুযোগ থাকছে না।

প্রেস ব্রিফিংকালে ইসি রফিকুল ইসলামের সাথে ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান, অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান, বশির আহমদ, রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান, কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন, খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমদ ও কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আশুলিয়ায় অভিমান করে তরুণীর আত্মহত্যা

0

আশুলিয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সাদিয়া ইসলাম (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার ডেন্ডাবর নতুনপাড়া এলাকার নিজ বাড়ি থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদিয়া ইসলাম আশুলিয়ার নতুন ডেন্ডাবর এলাকার সারোয়ার আলমের মেয়ে। সে রাজধানীর একটি নার্সিং কলেজের শিক্ষার্থী।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, পারিবারিক কলহের জের ধরে ওই তরুণী তার বাবা-মায়ের সাথে অভিমাণ করে আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে রাতেই নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

সমুদ্র মহড়ায় অংশ নিতে কাতার গেল ‘স্বাধীনতা’

0

কাতারের দোহাতে অনুষ্ঠিতব্য ৭ম আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে অংশ নিতে নৌবাহিনী যুদ্ধজাহাজ স্বাধীনতা শুক্রবার চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১৬ হতে ১৮ মার্চ এই সমুদ্র মহড়া ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। জাহাজটি নৌ জেটি ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানায়।

এ সময় সিএসও টু কমান্ডার বিএন ফ্লিট ক্যাপ্টেন কুতুব উদ্দিন মোহাম্মদ আমানত উল্লাহ্সহ স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক এ সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।

বানৌজা স্বাধীনতা জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন মোস্তফা জিল্লুর রহিম খান এর নেতৃত্বে ২২ জন কর্মকর্তাসহ মোট ১৪১ জন নৌসদস্য এ মহড়ায় অংশগ্রহণ করবেন।

সফরকালে জাহাজটি যাত্রাপথে শ্রীলংকার কলম্বো ও ভারতের মুম্বাই বন্দর এবং দেশে ফেরার পথে ওমানের মাসকাট ও ভারতের কোচিন বন্দরে শুভেচ্ছা সফরে গমন করবে।

এ মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের সাথে সামরিক সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, মহড়ায় অংশগ্রহণ শেষে জাহাজটি আগামী মাসের ৬ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবে।