Home Blog Page 3123

পাপিয়াকাণ্ড : কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের সন্ধান!

0

দেশের বিভিন্ন এলাকা থেকে তরুণীদের চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে এসে জোর করে যৌনকর্মী বানানো সহ মারাত্মক সব অপরাধের দায়ে গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউসহ গ্রেপ্তার চারজনকে তিন মামলায় পাঁচ দিন করে ১৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদে পাপিয়া ওরফে পিউদের মুখ থেকে বেরিয়ে আসছে অনেক পিলে চমকানো তথ্য।

জানা গেছে, অভিজাত ও ধনাঢ্য ব্যক্তিদের বিকৃত চাহিদা মেটাতে শামীমা নূর পাপিয়া তার ডেরায় রাশিয়া থেকে মডেল ও তরুণীদের নিয়ে আসতেন। মাসখানেক আগে তেমনই ১২ রুশ মডেল তরুণীর দেশে প্রবেশের খোঁজ-খবর করতে গিয়েই পাপিয়ার জগতের সন্ধান মেলে। কেঁচো খুঁড়তে গিয়ে সন্ধান মেলে কেউটে সাপের!

মাসখানেক আগে ১২ রুশ তরুণী ঢাকায় আসেন। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ইমিগ্রেশনে আটকা পড়েন তারা। শেষ পর্যন্ত পাপিয়া তাদের ছাড়িয়ে আনেন। কেন, কোন কারণে, কোন অনুষ্ঠানে অংশ নিতে তারা ঢাকায় এসেছেন এমন কোনো তথ্য ওই মডেলদের কাছে না থাকায় বিষয়টির খবর গোয়েন্দাদের মাধ্যমে পৌঁছায় সরকারের শীর্ষ পর্যায়ে। এরপরই তাদের সম্পর্কে খোঁজ-খবর শুরু হয়। ওই সূত্র ধরেই বেরিয়ে আসে পাপিয়ার অপরাধের গোপন সাম্রাজ্যের সন্ধান।

গত শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ছেড়ে পালানোর সময় জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে শামীমা নূর পাপিয়া ওরফে পিউসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। পিউসহ গ্রেপ্তার চারজনকে তিন মামলায় পাঁচ দিন করে ১৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তি চেয়ে আইনি নোটিশ

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম আজ বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন। নোটিশ পাওয়ার ৩ দিনের মধ্যে নিজ নিজ ক্ষেত্র অনুযায়ী বিবাদীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির কিছু অংশ উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি বিভাগে পাঠ্য হিসেবে অন্তর্ভূক্ত করার বিষয়ে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে এই নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, উক্ত মহামূল্যবান গ্রন্থখানা উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ্য করার বিষয়ে উচ্চমাধ্যমিক পর্যায়ের বিশিষ্ট শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন অধ্যক্ষকে নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক কয়েকজন ভাইস চ্যান্সেলরকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করবেন। পরবর্তীতে তাদের মতামত নিয়ে বিষয়টি চূড়ান্ত করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হবে।

টেলিটকের সেবার মান নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ

0

রাষ্ট্রায়ত্ত মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে টেলিটকের সেবার মান বাড়ানোর পাশাপাশি আইটি ভিলেজের জন্য বরাদ্দকৃত ৪৭ একর ভূমি সম্পর্কিত মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেনজীর আহমদ, মো. নুরুল আমিন, জাকিয়া পারভীন খানম ও অপরাজিতা হক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ সাংবাদিকদের বলেন, দেশের অন্যান্য মোবাইল কম্পানির চেয়ে টেলিটকের নেটওয়ার্ক এখনও অনেক দুর্বল। রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটির অনেক দূর এগিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে তা ঘটেনি। এজন্য সংসদীয় কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। বৈঠকে মোবাইল নেটওয়ার্ক শক্তিশালী করা ছাড়াও তা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

কমিটি সূত্র জানায়, বৈঠকে হাইটেক পার্কের বিভিন্ন প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। আইটি ভিলেজের জন্য বরাদ্দ ৪৭ একর ভূমি সম্পর্কিত মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এ ছাড়া কিছু সংখ্যক প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে পরীক্ষামূলকভাবে ডিজিটালাইজড (আধুনিকায়ন) করা, দেশের প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সেবা উন্নতকরণ এবং টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।

কমিটির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গৃহীত কর্মসূচি পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দশনা দেওয়া হয়েছে।

সাভার থানার ওসিসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

0

মামলা না নিয়ে অপহরণকারীদের ছেড়ে দেওয়ার অভিযোগে ঢাকার সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও চার পুলিশ কর্মকর্তাসহ আট জনের বিরুদ্ধে মামলা করেছেন এক মানবাধিকারকর্মী। আজ বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কামরুন্নাহারের আদালতে এই মামলা করা হয়।

‘মানবাধিকার খবর’ নামে মাসিক পত্রিকার সম্পাদক ও মানবাধিকারকর্মী রিয়াজ উদ্দিন এই মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ৩০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন সাভার থানার ওসি এফ এম শাহেদ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকারিয়া, উপ-পরিদর্শক (এসআই) পলি, সাভার থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক, বৃষ্টি নামে এক নারী, তার স্বামী শুধাংশ রায় এবং নয়ন কুমার ও রনি। এ ছাড়া অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বাদী রিয়াজের সঙ্গে গত বছর ডিসেম্বরে আসামি বৃষ্টির ফেসবুকে পরিচয় হয়। বৃষ্টি বাদীকে একটি ছেলেসহ বিভিন্ন অসহায়ত্বের কথা বলেন। বাদী মানবাধিকারকর্মী হওয়ায় তার কাছে সহায়তা চান এবং সরেজমিনে অসহায়ত্ব দেখে প্রতিবেদন প্রকাশের অনুরোধ করেন। বাদী সরল বিশ্বাসে আসামি বৃষ্টির কথায় গত ৩ ফেব্রুয়ারি হেমায়েতপুরের বালুর মাঠের সোহরাব হোসেনের বাড়িতে দুপুর ১টার দিকে যান। সেখানে তিন-চারজন ছেলে তাকে বৃষ্টির ভাড়া বাড়িতে নিয়ে যান। বাড়িতে ঢোকার পর দরজা বন্ধ করে তাকে বেঁধে মারধর করে টাকা-পয়সা ( নগদ ১০ হাজার টাকা), মোবাইল, ক্যামেরা, এটিএম কার্ড নিয়ে যান। এরপর নির্যাতন করে এটিএম কার্ড ও বিকাশের পিন নম্বর নিয়ে ৬ হাজার টাকা তুলে নেন। এরপর বাদীর মোবাইল নম্বর থেকে তার স্ত্রীসহ বিভিন্ন জনকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা। কিন্তু পরে কোনো মুক্তিপণ না পেয়ে বিকেল ৪টার দিকে সাভার এলাকায় ছেড়ে দেন। এরপর বাদী সাভার থানায় যান এবং এ বিষয়ে অভিযোগ করেন।

সাভার থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির এসআই এনামুল হক ঘটনার দিন সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে বৃষ্টি, নয়ন কুমার, রনি ও অজ্ঞাত এক নারীকে থানায় নিয়ে আসেন। থানায় আসার পর মামলার প্রস্তুতির একপর্যায়ে পুলিশ বাদীকে আসামিদের সঙ্গে সমঝোতা করতে বলেন। সমঝোতা না করলে উল্টো ধর্ষণ ও শ্লীলতাহানির মামলায় বাদীকে মামলা দিয়ে আদালতে চালানের ভয় দেখান। পরে বাদীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাকে থানা ছাড়তে বাধ্য করেন। এরপর বাদী জানতে পারেন আটকরা সংঘবদ্ধ প্রতারক চক্র। তাদের কাছ থেকে পাঁচ লাখ টাকা ঘুষ নিয়ে ওসিসহ অন্য পুলিশ কর্মকর্তারা আটককারীদের ছেড়ে দেন।

গভীরভাবে দেখেই আইনি সিদ্ধান্ত দিয়েছেন হাইকোর্ট

0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়টি গভীরভাবে দেখেই আইনি সিদ্ধান্ত দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেওয়ার পর আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক রাজধানীর গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপি থেকে অনেক কিছু বলা হয়। অনেক কিছু দাবি করা হয়। সেগুলো অযৌক্তিক। এসব বক্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন মনে করেন না আইনমন্তী।

তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন, সেই চিকিৎসাটা চালানোর জন্য অনুমতির প্রয়োজন। কিন্তু চিকিৎসকরা অনুমতি পাননি। এ কারণেই চিকিৎসা শুরু করা যায়নি।

আইনমন্ত্রী বলেন, একজন যদি গুরুতর অসুস্থ হয়ে থাকেন, সেজন্য তার চিকিৎসার জন্য অনুমতি দেওয়াটাই স্বাভাবিক। এখানে যে অনুমতি দেওয়া হচ্ছে না। এটাকে আমরা তার দিক থেকে অস্বাভাবিক মনে করছি।

তিনি বলেন, সুপ্রিম কোর্টেও আপিল বিভাগে আগে খালেদা জিয়ার জামিন আবেদন করা হয়েছিল। আপিল বিভাগ কিছু পর্যবেক্ষণ দিয়ে ওই আবেদন খারিজ করে দেন। আবার বিএনপির আইনজীবীরা খালেদা জিয়ার জামিনের জন্য আবেদন করেন। সেখানে আদালত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকদের কাছে প্রতিবেদন চান।

মন্ত্রী বলেন, ডাক্তারদের প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। আদালত জানতে চেয়েছিলেন, আপিল বিভাগের খালেদা জিয়ার অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য তাঁর অনুমতি লাগবে। খালেদা জিয়া সেই অনুমতি দিয়েছেন কী না। ডাক্তারদের প্রতিবেদনে জানানো হয়েছে, তিনি নাকি সেই অনুমতি দেননি।

আনিসুল হক বলেন, যেহেতু চিকিৎসাটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে করা যায় এবং যেহেতু খালেদা জিয়ার অনুমতি চিকিৎসকরা পাননি। তাই তারা কাজ শুরু করতে পারেনননি। আদালত বলেছেন, ‘তিনি (খালেদা জিয়া) যেহেতু অনুমতি দেননি, এতে আমাদের করার কিছু নেই।’ এই কারণেই জামিন আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে।

‘৯ম ওয়েজবোর্ড বাস্তবায়নে উভয় পক্ষকে ছাড় দিতে হবে’

0

৯ম ওয়েজবোর্ড বাস্তবায়নে সাংবাদিক ও মালিক উভয় পক্ষকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ বিষয়ে শুধু বৈঠক করলে হবে না। সাংবাদিকদের নিজেদের মধ্যেও বসতে হবে। কারণ আপনারা যারা বেতন নেবেন আর যারা বেতন দেবেন তাদের সঙ্গে একটা কম্প্রোমাইজ করতে হবে। তাদের সঙ্গে পয়েন্ট অব নোটে গেলে, সেখানে বিষয়টা কোথায় দাঁড়ায় এখন আপনারা বিষয়টা পদে পদে টের পাচ্ছেন। সমাধান তো হচ্ছে না মামলার পর মামলা, কাউন্টার মামলা। এর মধ্য দিয়ে তো সমাধান হবে না।

আজ বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, এখানে সাংবাদিকদের স্বার্থকেও আমাদের দেখতে হবে। আবার যারা মালিকপক্ষ সাংবাদিকদের বেতন ভাতা দেবেন তাদের সঙ্গেও কিছুটা বোঝাপড়ার বিষয় আছে। তা না হলে তো সমাধান হবে না। এটা সবাইকে বুঝতে হবে। আমাদের একটি বাস্তবভিত্তিক মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। এখানে যুক্তির বিচারে চলতে হবে, যার যার অবস্থানে অনড় থাকলে এ সমস্যার সমাধান হবে না। এটা হলো বাস্তবতা।

ওবায়দুল কাদের বলেন, ৯ম ওয়েজবোর্ডের বিষয়ে আগেই সিদ্ধান্ত হয়েছে। এখন মন্ত্রিসভা কমিটি ফাইনালি দেখে একটা সিদ্ধান্ত দিয়েছে, একটা অ্যাডজাস্টমেন্টের (মানিয়ে নেয়া) চেষ্টা করেছে। এখন সাংবাদিক ইউনিয়ন তার বিরুদ্ধে আবার রিট করেছে।

৯ম ওয়েজবোর্ডকে কেন্দ্র করে ছাঁটাই চলছে প্রশ্নে তিনি বলেন, ছাঁটাই প্রক্রিয়া তো তাদের (মালিকপক্ষ) হাতে। তারা মামলায় যাবেন ছাঁটাই করবেন সে অস্ত্র তো তাদের হাতে। যেহেতু তারা প্রতিষ্ঠানের মালিক। মালিক হিসেবে ছাঁটাইয়ের অধিকার তাদের আছে বলেও উল্লেখ করেন তিনি।

দুদক স্বাধীন না হলে সরকারের মন্ত্রী-এমপিরা টার্গেটে কেন?

0

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুদক স্বাধীন না হলে সরকারের মন্ত্রী-এমপিরা টার্গেটে কেন। দুদক ততটুকুই স্বাধীন যতটুকু সরকার চায়- এটা যদি হয় তাহলে সরকারের এত মন্ত্রীর বিরুদ্ধে দুদকের আজকে এত তদন্ত, এত চার্জশিট কেন? সরকারের অনেক এমপি-মন্ত্রীর বিরুদ্ধে দুদক দুর্নীতির অভিযোগ এনেছে।

আজ বৃহস্পতিবার সমসাময়িক ইস্যুতে ডাকা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নেরর জবাবে তিনি এ মন্তব্য করেন।

দেশের প্রথম এক্সপ্রেসওয়ের ঢাকা-ভাঙ্গা উদ্বোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটার প্রস্তুতি সম্পন্ন। তবে মার্চ মাসে প্রধানমন্ত্রীর ব্যস্ততা খুব বেশি। আপনারা জানেন, মুজিববর্ষের ক্ষণগণনা চলছে। আর ১৮ দিন বাকি।

তিনি বলেন, মুজিববর্ষে বিদেশি অতিথিরাও আসবেন। এ জন্য যাবতীয় প্রস্তুতি কাজ এগিয়ে চলছে। প্রস্তুতির চূড়ান্ত পর্যায় এখন। পাশাপাশি এক্সপ্রেসওয়ে উদ্বোধন আমাদের খুব জরুরি বিষয়। কারণ এটা যোগযোগের জন্যও খুব প্রয়োজনীয়। কারণ মুজিববর্ষে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে অনেকেই যাবেন। সে যাত্রার সময় বাঁচানো ও সহজ করার বিষয় রয়েছে। এটা অত্যন্ত দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ে। এর কাজ শেষ হয়েছে এখন উদ্বোধন হবে।

কাদের বলেন, প্রধানমন্ত্রী কর্মব্যবস্ততার কারণে আপাতত বিষয়টি নিয়ে দুইভাবে ভাবছেন। তিনি ভাবছেন, আগামী ১৭ মার্চ উপলক্ষে বাই রোডে তিনি টুঙ্গিপাড়া যাবেন। তার আগেই ১১-১২ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করবেন বলে জানান তিনি।

‘খালেদার জামিন খারিজে হাইকোর্টের সিদ্ধান্ত যথাযথ’

0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন নাকচে হাইকোর্টের সিদ্ধান্তকে যথাযথ বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, যেহেতু খালেদা জিয়া অ্যাডভান্স চিকিৎসার অনুমতি দেননি, তাই সেটা বিবেচনা করেই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ জামিন দেননি।

আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, কিছুক্ষণ আগে জানলাম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ খালেদা জিয়ার জামিন নাকচ করে দিয়েছেন। তারপরই আমি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, খালেদা জিয়া আগেও জামিন চেয়েছিলেন, তখন হাইকোর্ট কিছু অবজারভেশন দেন। সেই পর্যবেক্ষণে বুধবারের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসার প্রতিবেদন পৌঁছে দিতে নির্দেশ দেন। তারা প্রতিবেদন পেয়েছে, প্রশ্নের উত্তরও পেয়েছে। তাই হাইকোর্ট বিভাগ এ সিদ্ধান্ত দিয়েছে।

আনিসুল হক বলেন, যেহেতু চিকিৎসাটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে করা যায় এবং সেখানে যেহেতু তারা খালেদা জিয়ার অনুমতি পাননি, তাই তারা চিকিৎসা কাজ শুরু করতে পারেননি।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ আদেশ দেন।

কোনো বিমানসংস্থাই বাংলাদেশের ওমরাহ যাত্রীদের নিচ্ছে না

0

বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট নিচ্ছে না ওমরাহ যাত্রীদের। আজ বৃহস্পতিবার ঢাকা, সিলেট ও চট্টগ্রাম থেকে কোনো ফ্লাইট ওমরাহ ও সৌদি ভিজিট ভিসা যাত্রীদের নেয়নি। পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত ওমরাহ ও ভিজিট ভিসাপ্রাপ্ত যাত্রীদের অপেক্ষা করতে বলা হয়েছে।

কয়েকটি এয়ারলাইন্স জানিয়েছে, সৌদি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল এয়ারলাইন্সের জন্য জারি করা নির্দেশনাটি আজ সকালেই তারা পেয়েছেন। এরপর থেকে তারা ফোন করে যাত্রীদের জানানো শুরু করেছেন।

ঢাকার বেশ কয়েকটি এয়ারলাইন্সের এজেন্টদের সাথে যোগাযোগ করে জানা গেছে, কিছু এয়ারলাইন্স যাত্রীদের বিমানে উঠিয়েও পরে তাদের নামিয়ে নিয়েছে। আর অনেক এয়ারলাইন্স চেক ইন করছে না বা বোর্ডিং কার্ডই দিচ্ছে না।

হজ এজেন্সি এসোসিয়েশন বাংলাদেশের সভাপতি সাহাদাৎ হোসেন তসলিম জানিয়েছেন, বাংলাদেশে আজ সকাল থেকে ওমরাহ করার উদ্দেশ্যে বিমানবন্দরে যারা গেছেন তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

সৌদি আরবে করোনাভাইরাস ছড়িয়ে পরা প্রতিরোধ করতে সতর্কতা হিসেবে বিদেশিদের জন্য ওমরাহ করার সুবিধা স্থগিত করার পর সমস্যা শুরু হয়েছে।

তিনি বলছেন, বাংলাদেশের যে তিনটি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক বিমান যাতায়াত করে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সবগুলো বিমানবন্দরে প্রায় এক হাজারের মতো সৌদিগামী যাত্রী আটকে পড়েছেন।

ঢাকাতেই এই সংখ্যা ৫০০ মতো হবে বলে তিনি জানিয়েছেন। অনেকেই বাড়ি ফিরে যাচ্ছেন।

সাহাদাৎ হোসেন তসলিম বলছেন, এই মুহূর্তে ১০ হাজার লোকের ওমরাহ ভিসা করা আছে আর তাদের অর্ধেকেরই টিকেট করা হয়ে গেছে। এখন তাদের যাওয়া অনিশ্চিত হয়ে পরেছে।

তিনি বলছেন, ওমরাহ ভিসা সাধারণত ১৫ দিনের জন্য দেয়া হয়ে থাকে। ভিসা করার সময়ই হোটেল বুকিং দেখাতে হয়। এখন সৌদি সরকার কবে এই স্থগিতাদেশ তুলে নেবে তা নিশ্চিত নয় বলে ওই দশ হাজার ব্যক্তি যেতে পারবে বলে মনে হচ্ছে না।

ঢাকার বাসিন্দা সুমাইয়া খান আশা পরিবারের আটজনসহ ওমরাহ করতে যাওয়ার জন্য সবকিছু ঠিকঠাক করে ফেলেছিলেন।

তিনি বলছেন, আমাদের টিকেট ও হোটেল কনফার্ম ছিল। অর্ধেকের মতো টাকা দেয়া হয়ে গেছে। মার্চের ১১ তারিখ যাওয়ার কথা ছিল। এখন বাসা থেকে এয়ারলাইন্স অফিসে গেছে খবর নিতে। আজ সকালটা শুরুই হয়েছে এই খবর দিয়ে। ওমরাহ করতে যাবো বলে ছুটিও নেয়া হয়েছে। এখন সবচেয়ে বেশি হতাশ আমার মা।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে আজই বিদেশিদের জন্য ওমরাহ করার সুবিধা স্থগিত করেছে।

করোনাভাইরাস ছড়িয়ে পরার আশংকায় এটি করা হয়েছে যেহেতু সৌদি আরবের প্রতিবেশী অন্তত চারটি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।

একই সাথে ভিসা থাকা সত্ত্বেও করোনাভাইরাস ধরা পরেছে এমন এলাকা থেকে আসা বিভিন্ন দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

তবে এক্ষেত্রে নির্দিষ্ট করে দেশগুলির নাম উল্লেখ করা হয়নি। মক্কায় ওমরাহ বন্ধ করার পাশাপাশি মদিনায়ও প্রবেশ বন্ধ করা হয়েছে।

সূত্র : বিবিসি বাংলা

ফের বাড়ল বিদ্যুতের দাম

0

পাইকারি, খুচরা ও সঞ্চালণ তিন ক্ষেত্রেই বিদ্যুতের দাম আরেক দফা বাড়িয়েছে সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক সংবাদ সম্মেলনে মূল্য বৃদ্ধির এই ঘোষণা দিয়ে বিইআরসি চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেন, মার্চ থেকে এ দাম কার্যকর হবে।

বিদ্যুতের পাইকারি মূল্য গড়ে ৪.৭৭ টাকা/ কি.ও.ঘ থেকে বৃদ্ধি করে শতকরা ৮.৪ ভিত্তি করে ৫.১৭ টাকা করা হয়েছে। খুচরা বিদ্যুতের মূল্য গড়ে ৬.৭৭ টাকা/কি.ও.ঘ থেকে শতকরা ৫.৩ বৃদ্ধি করে ৭.১৩ টাকা করা হয়েছে। এ ছাড়াও বিদ্যুতের সঞ্চালন মূল্যহার গড়ে ০.২৭৮৭ টাকা/ কি.ও.ঘ শতকরা ৫.৩ ভাগ বৃদ্ধি করে ০.২৯৩৪ টাকা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মো. মকবুল ই-এলাহি চৌধুরী, বজলুর রহমান, মোহাম্মদ আবু ফারুক এবং রহমান মুর্শেদ।

এর আগে রাজধানীর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) অডিটোরিয়ামে ২০১৯ সালের ২৮ নভেম্বর থেকে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর শুনানি শুরু হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ইস্যুতে ওই গণশুনানি করে।