Home Blog Page 3124

‘পাপিয়া-সম্রাটদের জন্য আমা‌দের সব অর্জন নষ্ট হ‌য়ে যা‌চ্ছে

0

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, পাপিয়া, সম্রাটদের জন্য নিজেকে রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে। সবক্ষেত্রেই বাংলাদেশ আজ আলোকিত। তার মধ্যে কিছু কষ্ট আছে, কষ্ট গুলো হলো দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর কেন এই দেশে সম্রাট ও পাপিয়ার মতো দুর্নীতিবাজদের জন্ম হবে। তা‌দের কার‌ণে আজ আমা‌দের সব অর্জন নষ্ট হ‌য়ে যা‌চ্ছে।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

নাসিম ব‌লেন, এরশাদ ও খালেদার বিরুদ্ধে লড়াই করে রাস্তায় পুলিশের মার খেয়েছি, জেল খেটেছি। তখন কোথায় ছিল এই দুর্নীতিবাজরা? কখনো রাসেল স্কয়ারে দেখিনি এদের। খুঁজে বের করতে হবে এদের কে সৃষ্টি করেছে? আজ সবাই আওয়ামী লীগ হয়ে গেছে, আন্দোলনের সময় হাতেগোনা লোক দেখতাম। এদের জন্য লজ্জা আমার, আমাদের সবার।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জঙ্গি দমনে আমরা সফল। জঙ্গিবাদ দমনে যদি সফল না হতো, তাহলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ বাংলাদেশ জঙ্গিমুক্ত।

বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশর উপাচার্য অধ্যাপক ড.আবদুল মান্নান চৌধুরী, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, সাবেক আইজিপি ও কলামিস্ট এ কে এম শহীদুল হক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সদস্য সচিব-১ অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সদস্য সচিব-২ সৌরভ জাহাঙ্গীর প্রমুখ।

আবাসিক হোটেলগুলোতে তৎপরতা বাড়ানো হবে

0

রাজধানীর আবাসিক হোটেলগুলোতে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন। অসামাজিক কার্যকলাপ বন্ধে তৎপরতা বৃদ্ধির কথা জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, এখন থেকে হোটেলগুলোতে যাতে অসামাজিক কার্যকলাপ না হয় এবং হোটেল পরিচালনার যে নীতিমালা রয়েছে সেগুলোর বিষয়ে নজরদারি বৃদ্ধি করা হবে। দেশি-বিদেশি যারাই থাক না কেন, তাদের নাম-ঠিকানাসহ তালিকা জমা দিতে হবে। তিনি বলেন, সরাইখানা আইনে বলা আছে, আবাসিক হোটেলে প্রতিদিন কারা অবস্থান করবে তাদের তালিকা নিকটস্থ থানায় জমা দিতে হবে। হোটেলগুলোতে যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড (ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ) না ঘটে সে ব্যাপারে সজাগ থাকবে পুলিশ।

সম্প্রতি আটক যুবলীগ থেকে বহিষ্কৃত নেত্রী পাপিয়া প্রসঙ্গে বাতেন বলেন, পাপিয়ার বিরুদ্ধে র‌্যাব তিনটি মামলা করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে মামলাগুলো ডিবিতে হস্তান্তর হয়েছে। তিনি বলেন, ওইসব মামলায় পাপিয়া এখন ১৫ দিনের রিমান্ডে। এখনো তাকে জিজ্ঞাসাবাদের সুযোগ হয়নি। পাপিয়ার সঙ্গে কারা জড়িত, কারা ইন্ধনদাতা, তার অর্থের উৎস কী, তার এত বেপরোয়া হওয়ার পেছনে শক্তির উৎস কী, সবই তদন্ত করে দেখা হবে। এমনকি অনৈতিক বিষয় থাকলেও তদন্ত করে দেখা হবে।

অপর এক প্রশ্নের জবাবে বাতেন বলেন, একটি হোটেলে কী ধরনের কার্যকলাপ চলতে পারে, তাদের কি নিয়ম-কানুন আছে, কারা ভাড়া নিয়ে হোটেলে থাকতে পারবে, তা চেক করে দেখা হবে। এর বাইরে সেখানে কী কী করার নিয়ম আছে তাও দেখা হবে।

দিল্লি পুড়ছে, হিন্দুদের ঘরে আশ্রয় পেয়েছে বহু মুসলমান

0

তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, জীবিকা নির্বাহের অবলম্বন দোকানঘরও পুড়িয়ে ফেলা হয়েছে। কিন্তু বেকায়দায় পড়া ৪০ জন মুসলমানকে আশ্রয় দিয়েছে হিন্দুরা। দিল্লির অশোকনগর এলাকায় ওই ঘটনা ঘটেছে।

মঙ্গলবার যখন তাদের বাড়িঘর ও দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছিল, তখন ভুক্তভোগীদের নিরাপত্তা দিয়ে নিজেদের বাড়িতে আশ্রয় দিয়েছে হিন্দুরা।

মঙ্গলবার দুপুরে কয়েকশ উগ্র হিন্দুত্ববাদীরা অশোকনগর এলাকায় ঢুকে পড়ে। তারা মুসলমানদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়। সেখানকার স্থানীয় মসজিদে ওই সময় অন্তত ২০ জন নামাজ পড়ছিলেন। তাদেরকে বেধড়ক পেটানো হয়।

দাঙ্গাবাজরা মসজিদে ভাংচুর চালানোর পর আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা বলছেন, দাঙ্গাবাজরা দেশীয় অস্ত্র নিয়ে এসেছিল। তাদেরকে বারবার করে এসব করতে নিষেধ করা হলেও শোনেনি। বেশিরভাগ যুবকের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল।

অশোক নগরের স্থানীয় বাসিন্দা রাজেশ খেত্রি বলেন, আমরা ব্যাপক ভয় পেয়েছিলাম। মনে হচ্ছিল, আমাদের মেরে ফেলা হবে। এখানে মুসলমানদের ছয়টি বাড়ি রয়েছে। তারা সেগুলো ভেঙে আগুন ধরিয়ে দিয়েছে। আমাদের চেনে বলে কিছু বলেনি।

তিনি আরো বলেন, আমি ২৫ বছর ধরে এখানে বাস করছি। হিন্দু-মুসলমান এক পরিবারের মতো থাকি।

পিন্টু নামে এক হিন্দু যুবক বলেন, আমি হিন্দু হলেও মুসলমানদের নির্যাতন সমর্থন করি না। আমরা কখনোই মুসলমানদের কু-নজরে দেখি না। তাদের বিপদে পাশে থাকার চেষ্টা করি।

নিরাজ কুমার বলেন, সহিংসতার সময় আমরা বিচ্ছিন্ন হয়ে যাইনি। মুসলমানদের সব রকম সহায়তা করেছি। তাদের দোকান ও ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। কিন্তু তাদেরকে আমরা বাড়িতে আশ্রয় দিয়ে রক্ষা করেছি।

দিনেশ কুমার বলেন, আমরা পুলিশকে জানিয়েছি। কিন্তু পুলিশ দেরিতে এসেছে।

লিওর মাঠে হার এড়াতে পারল না জুভেন্টাস

0

বহু চেষ্টার পরও হার এড়াতে পারল না ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। দারুণ খেলে ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের বিপক্ষে নিজেদের প্রথম জয় পেল লিও।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে জুভেন্টাসকে হারিয়ে ১-০ গোলে জিতেছে লিও। একমাত্র গোলটি করেন লুকাস তুজা। জুভেন্টাসের ক্রিস্তিয়ানো রোনালদো, পাওলো দিবালারা অন্তত এই ম্যাচে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

খেলা শুরুর ৪র্থ মিনিটেই প্রথম ভালো সুযোগটি পায় জুভেন্টাস। ডি বক্স থেকে রোনালদোর চমৎকার ক্রসে একটুর জন্য পা ছোঁয়াতে পারেন হুয়ান কুয়াদরাদো। ফলে সেই গোলটি হয়নি।

খেলার ৩১তম মিনিটে দারুণ ভলিতে গোল করেন তুজা। এই গোলটিই শেষ পর্যন্ত খেলার ভাগ্য নির্ধারণ করে দেয়।

তবে গোল করার চেষ্টায় প্রথমার্ধে চারটি শট নেয় জুভেন্টাস। এর একটিও লক্ষ্যভেদ করতে পারেনি। অন্যদিকে লিও গোলের জন্য নেয় ১০ শট। প্রতিপক্ষকে একের পর এক আক্রমণ করে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক খেলে ক্লাবটি।

৬৮তম মিনিটে সমতা আনার দারুণ একটি সুযোগ ছিল দিবালার। আলেক্স সান্দ্রোর কাছ থেকে বল পেলেও গোল করতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড।

৮৭তম মিনিটে বল জালে পাঠিয়েছিলেন দিবালা। তবে অফ সাইডে থাকায় ওই গোল হয়নি। ফলে সেই এক গোলেই জিতে যায় লিও।

ফিরতি লেগে আগামী ১৭ মার্চ জুভেন্টাসের স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

২ মার্চ শুরু হচ্ছে বেসরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধন

0

আগামী ২ মার্চ (সোমবার) শুরু হচ্ছে বেসরকারি ব্যবস্থাপনায় ২০২০ সালের হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম। চলবে ৩০ মার্চ পর্যন্ত।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম এ তথ্য জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টোরিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শাহাদাত হোসাইন তসলিম বলেন, হজযাত্রী নিবন্ধনের সময় প্লেন ভাড়া বাবদ এক লাখ ৩৮ হাজার টাকাসহ সর্বনিম্ন এক লাখ ৫১ হাজার ১৯০ টাকা পরিশোধ করে নিবন্ধন করতে পারবেন। তবে হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে পুরো অর্থ অবশ্যই পরিশোধ করতে হবে।

হাব সভাপতি বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এ বছর মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজে যেতে পারবেন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার বাংলাদেশি হজ পালন করতে পারবেন।

শাহাদাত হোসাইন তসলিম বলেন, বিমান ভাড়া নির্ধারণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যারা সেবা দেবে, তারাই ভাড়া নির্ধারণ করে দেয়, এ পদ্ধতি সঠিক নয়। আগামীতে তৃতীয় পক্ষ যদি বিমান ভাড়া নির্ধারণ করে, এ দাবি জানাই। ভাড়া নির্ধারিত হওয়ার পরও প্রধানমন্ত্রীর কাছে ভাড়া কমানোর দাবি জানিয়েছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাবের দাবির প্রতি যৌক্তিকতা পোষণ করে ২ হাজার টাকা কমান, এজন্য প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই।

তসলিম আরো বলেন, হজযাত্রীদের নিজ উদ্যোগে পাসপোর্ট সংগ্রহ করতে হবে। যার মেয়াদ ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে হবে। পাসপোর্ট যাতে নির্ধারিত সময়ে পায়, এজন্য পাসপোর্ট অধিদপ্তরকে অনুরোধ করবো।

‘কোথায় গেল আমার মেয়ে’, দিল্লিতে নিখোঁজ কিশোরীকে খুঁজছেন বাবা

0

ভয়াবহ সংঘর্ষে অগ্নিগর্ভ দিল্লি। সহিংসতায় জ্বলছে উত্তর-পূর্ব দিল্লি। সংঘর্ষে মারা গেছেন অন্তত ৩৪ জন। দিল্লির এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই পরীক্ষা দিতে গিয়েছিল মেয়ে। বিকেলে স্কুল থেকে ফিরিয়ে আনতে গিয়ে বাবা দেখেন, রাস্তায় আগুন জ্বলছে। স্কুলের সামনেই পোড়ানো হচ্ছে গাড়ি। লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে উন্মত্ত বিক্ষোভকারীরা। কিন্তু মেয়ে কোথায়? স্কুলও সুনসান, নিরাপত্তারক্ষীরাও নেই। শিক্ষিকা, ছাত্রীদেরও দেখা নেই। সোমবার থেকেই নিখোঁজ ১৩ বছর বয়সী মেয়েটা। হন্যে হয়ে খুঁজে চলেছেন বাবা।

কিশোরী মেয়েটি দিল্লির খাজুরি খাস এলাকার একটি স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ে । সোমবার তার পরীক্ষা ছিল স্কুলে।

নিখোঁজ মেয়েটির বাবা বলেছেন, বিকেল ৫টা ২০ মিনিট নাগাদ স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে দেখি তুমুল অশান্তি চলছে। কিন্তু মেয়ে কোথাও নেই। আমিও বিক্ষোভের মাঝে পড়ে গিয়েছিলাম। কোনোরকমে সেখান থেকে বেরিয়ে স্কুলে ঢুকে পড়ি। কিন্তু মেয়ের খোঁজ পাইনি।

জানা গেছে, মেয়েটির পরিবার থাকে সোনিয়া বিহার কলোনিতে। সেখান থেকে স্কুলের দূরত্ব প্রায় সাড়ে চার কিলোমিটার। স্কুলে একাই যেত মেয়েটি।

তার বাবার দাবি, অশান্তির মাঝে পড়ে হয়তো স্কুলেই যেতে পারেনি সে। কেউ কি অপহরণ করল? সে উত্তরও দিতে পারেনি পুলিশ। তল্লাশি চলছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

সোমবার থেকেই ক্ষোভের আগুনে জ্বলছে উত্তর-পূর্ব দিল্লি। দাঙ্গার মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৪ জন।আহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। নিখোঁজ বহু মানুষ।

পুলিশ জানিয়েছে, মৌজপুরের বিজয় পার্কের বাসিন্দা এক যুবকও নিখোঁজ সোমবার থেকে। পরিবারের অভিযোগ, বাকিদের মতোই খুন করা হতে পারে যুবককে। অজ্ঞাতপরিচয় আততায়ীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পরিবার।

হিংসার মাঝে পড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে মোহাম্মদ সাবিরকে। বয়স ৭০ ছুঁইছুঁই।

তিনি বলেছেন, শিব বিহার এলাকার মেদিনা মসজিদের কাছে বাড়ি। স্ত্রী ও দুই ছেলেমেয়ে আটকে পড়েছে বাড়িতে। ঘিরে রেখেছে বিক্ষোভকারীরা। ওদের কাছে পৌঁছতেই পারছি না।

করোনাভাইরাসের থাবা এবার পাকিস্তানে

0

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর চেষ্টার তমতি রাখেনি পাকিস্তান। তার পরেও বুধবার সে দেশে প্রথম এই প্রাণঘাতী ভাইরাস আক্রান্তের ঘটনা সামনে এসেছে। জানা গেছে, এরই মধ্যে দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ সহযোগী ডাক্তার জাফর মির্জা এক টুইট বার্তায় লিখেছেন, পাকিস্তানে প্রথম করোনাভাইরাসের ঘটনা ধরা পড়েছে। দু’জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। আন্তর্জাতিক স্তরে নির্ধারিত প্রোটোকল অনুসারে আক্রান্তদের চিকিৎসা চলছে। প্রত্যেকের অবস্থা স্থিতিশীল। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

প্রাথমিকভাবে জানা গেছে, পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ইরানে গিয়েছিলেন। গত ২০ ফেব্রুয়ারি তিনি ইরান থেকে ফিরেছেন পাকিস্তানে।

চীনের পর করোনাভাইরাসে সব চেয়ে বেশি মৃত্যু ইরানেই হয়েছে। মৃতের সংখ্যা ৫০ জনের কাছাকাছি পৌঁছে গেছে শোনা গেলেও তেহরান জানিয়েছে, ১৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত আরো অন্তত একশ ৩৯ জন। আক্রান্তদের মধ্যে ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিচি আছেন।

ডাকঘর সঞ্চয় স্কিমের মুনাফার হার আগের মতোই

0

আগামী ১৭ মার্চ থেকে ডাকঘর সঞ্চয় স্কিমের সুদহার আবারও ১১ দশমিক ২৮ হবে। তবে এ ক্ষেত্রে অটোমেশনের শর্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, এ সিদ্ধান্ত প্রথম পর্যায়ে বাস্তবায়ন হবে জেলায়, এরপর উপজেলা পর্যায়ে। অটোমেশন হওয়ার পর ডাকঘর সঞ্চয়পত্র স্কিমে টিআইএন ও জাতীয় পরিচয়পত্র লাগবে। তবে দুই লাখ টাকা পর্যন্ত কোনো টিআইএন বা জাতীয় পরিচয়পত্র লাগবে না। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি খেলাপি ঋণ আদায়ে অ্যাসেট ম্যানেজমেন্ট করপোরেশন হবে বলে জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘সঞ্চয়পত্রের অর্ধেক আমরা অটোমেশন (স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা) করে ফেলেছি। অপব্যবহার রোধ করতেই অটোমেশন করা হয়েছে। সঞ্চয়পত্র ব্যাংক ও পোস্ট অফিস থেকে পাওয়া যায়। ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে পুরোটাই অটোমেশন হয়েছে। অটোমেশন করা না হলে এ স্কিমটা যাদের জন্য করা হয়েছিল তারা পাচ্ছিল না। যাদের পাওয়ার কথা ছিল না তারা এ সুবিধা নিয়ে নিচ্ছিল। এতে আমাদের উদ্দেশ্য পূরণ হচ্ছিল না।’

তিনি বলেন, ‘ব্যাংক থেকে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে লিমিট বাড়ানো হয়েছে। পেনশনারদের আরো বেশি করা হয়েছে। এখন যে সীমা নির্ধারণ করা হয়েছে আমার মনে হয় না কারো এর চেয়ে বেশি প্রয়োজন আছে। ডাকঘর সঞ্চয় স্কিমে বিনিয়োগ সীমাও ৩০ লাখ টাকা পর্যন্ত। যারা গ্রামের মানুষ শহরে আসতে পারে না, তাদের জন্য এটা যথেষ্ট। সেখানে সুদের হার ১১.২৮ শতাংশ রাখা হয়েছে। ১৭ মার্চ অটোমেশন শেষ হলে আগের সুদের হারে চলে যাবে। অটোমেশনের কাজ শেষ হলেই এ ঘোষণা দিতে পারব।’

ডাকঘর সঞ্চয় স্কিমের সুদহার কমানোর কারণ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যখন দেখলাম সবাই চলে যাচ্ছে পোস্ট অফিসে, বন্ধ করব কিভাবে, বন্ধ করতে হলে বলতে হবে ইন্টারেস্ট নেই। যদি একবার কিনে ফেলে তাহলে তো করার কিছু নেই।’

ডাকঘর অটোমেশন হওয়ার পর গ্রাহকদের টিআইএন ও আইডি নম্বর নেওয়া হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা জানতে চাই কারা কেনে। পোস্ট অফিসে যে ৩০ লাখ আছে সেখানে লাগবে। তবে প্রথম দুই লাখ টাকা পর্যন্ত আমরা কিছু চাইব না। তাদের কোনো রকম টিআইএন জমা দিতে হবে না।’

খেলাপি ঋণ আদায়ে কোনো করপোরেশন করা হচ্ছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা করব। বাজেটে বলা আছে। বাজেটে যেসব আইন করব বলেছি সে আইনগুলো করা হবে। অ্যাসেট ম্যানেজমেন্ট কর্পোরেশন করব। তার জন্য বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, এমডিদের মতামত নিচ্ছি। প্রসঙ্গক্রমে তিনি জানান, ব্যাংক কমিশন করা হবে অবশ্যই, তবে সময় লাগবে। এদিকে জাতীয় সঞ্চয় অধিদপ্তর ডাকঘর সঞ্চয় স্কিমের সুদহার নিয়ে ব্যখ্যা দিয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক পরিচালিত সঞ্চয় স্কিমের মুনাফার হার কমানো হয়নি। পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রের সুদহার ১১.২৮ শতাংশ, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে ১১.০৪ শতাংশ, পরিবার সঞ্চয়পত্রে ১১.৫২ শতাংশ এবং পেনশনার সঞ্চয়পত্রের সুদহার ১১.৭৬ শতাংশ বিদ্যমান রয়েছে। এ ছাড়া ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের সুদহারও একই আছে। ব্যাখ্যায় বলা হয়েছে, বিনিয়োগ উৎসাহিত করার জন্য সব ব্যাংকঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার সরকারি অনুশাসনের ধারাবাহিকতায় ডাকঘর সঞ্চয় ব্যাংক-সাধারণ হিসাব এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক-মেয়াদি হিসাবের মুনাফার হার কমানো হয়েছে। ডাকঘর সঞ্চয় ব্যাংক-সাধারণ হিসাবে মুনাফার হার ৫ শতাংশ। আর ডাকঘর সঞ্চয় ব্যাংক-মেয়াদি হিসাবে মেয়াদান্তে ৬ শতাংশ সুদ করা হয়েছে।

গুজরাট দাঙ্গা ও মোদির ভূমিকা, মার্কিন গণমাধ্যমের কটাক্ষ

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে এসেছিলেন বলেই মার্কিন সংবাদ মাধ্যমের বাড়তি নজর ছিল দিল্লির দিকে। বর্তমানে ভারতে অরাজকতা, সংঘর্ষের ঘটনা উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিটি বড় দৈনিক এবং টেলিভিশন চ্যানেলে।

সেসব পড়ে, দেখে নিন্দায় সরব হয়েছেন মার্কিন রাজনীবিদরা। তারা মনে করিয়ে দিয়েছেন, সারা বিশ্ব কিন্তু নজর রাখছে। ভারতের বিষয়গুলো নিয়ে তীব্র কটাক্ষ করেছে ‘‌নিউ ইয়র্ক টাইমস’।

ট্রাম্পের সফর চলা অবস্থায় প্রকাশিত প্রথম প্রতিবেদনে লেখা হয়েছে- প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদি দিল্লির একদিকে বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ এবং বৈঠকে ব্যস্ত ছিলেন। মোদির ‘‌হিন্দু-ফার্স্ট’‌ নীতি যে দিল্লির আরেক অংশে দাঙ্গা এবং গোষ্ঠী সংঘর্ষ হয়ে ফেটে পড়েছে, তার কোনো প্রভাব তাদের কর্মসূচিতে পড়েনি।

এই প্রতিবেদনের শিরোনাম ছিল- দিল্লির রাজপথ, হিন্দু-মুসলমানের যুদ্ধক্ষেত্র। সঙ্গে এক মুসলিমকে ঘিরে ধরে দলবেঁধে লাঠিপেটা করার ছবি দেওয়া হয়। নিউ ইয়র্ক টাইমসের পরের লেখা আরো আক্রমণাত্মক।

ট্রাম্প এবং মোদির হাসিমুখে হাত মেলানোর ছবি দিয়ে বলা হয়- হায়দরাবাদ হাউসের সাজানো বাগানে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদি তাদের বন্ধুত্বের উদযাপন করলেন। এক আধুনিক, বৈচিত্র সত্ত্বেও ঐক্যবদ্ধ ভারতের কথা আলোচনা করলেন। যখন শহরের আরেক অংশে মোদির সাম্প্রদায়িক নীতি নিয়ে গণবিক্ষোভ পুরো এলাকার জনজীবন বিপন্ন করে তুলেছে। বাড়িয়ে তুলেছে ধর্মীয় বিভাজন, রেখে গেছে এক সারি মরদেহ।

আরো বলা হয়েছে, দিল্লিতে মঙ্গলবার যা ঘটেছে, তা আরেকবার প্রমাণ করল- সুরক্ষার দুর্গের ভেতরে বসে বিশ্বনেতারা যা বলেন, বা ভাবেন, তার সঙ্গে বাস্তব পরিস্থিতির কত পার্থক্য। প্রেসিডেন্টের সফরের জাঁকজমকের থেকে সামান্য দূরেই একদল হিন্দু লোহার রড হাতে তাদের মুসলিম পড়শিদের তাড়া করছে। রাস্তায় ছড়িয়ে আছে ভাঙা ইটের টুকরো।

‘‌ওয়াশিংটন পোস্ট’‌ ডোনাল্ড ট্রাম্পকে উদদ্দ্যে করে লিখেছে- ধর্মীয় স্বাধীনতার সুরক্ষায় মোদির প্রচুর পরিশ্রমের প্রশংসা করেছেন ট্রাম্প, কিন্তু সিএএ নিয়ে মন্তব্য করতে চাননি। ট্রাম্প প্রায়ই বলেন, মোদি তার ‘‌ভালো বন্ধু’‌। সেই বন্ধুকৃত্য করতে গিয়ে মোদি, বা তার সরকারের সমালোচনা হতে পারে, এমন কোনো ব্যাপারে ট্রাম্প মন্তব্য করতে চাননি। অথচ গত কয়েক মাসে মোদি অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন, যা তার হিন্দু আধিপত্য প্রতিষ্ঠার কর্মসূচিকে সফল করবে।

আরেক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদাবাদের ‘‌নমস্তে ট্রাম্প’‌ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট যখন শান্তির বাণী শোনাচ্ছেন, তখন সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটছে দিল্লির রাজপথে। লেখাটিতে সিএএ নিয়ে সরাসরি বলা হয়েছে, মুসলিমদের ভারতে ঢোকা বন্ধ করা এবং ভারতের মুসলিম নাগরিকদের আরও বেশি কোণঠাসা করাই এই আইনি সংশোধনীর উদ্দেশ্য।

গুজরাট দাঙ্গার প্রসঙ্গ তুলে এনেছে মার্কিন টেলিভিশন চ্যানেল এমএসএনবিসি। ২০০২ সালে গুজরাট দাঙ্গার কথা বলেচে তারা। ওই সময় মুখ্যমন্ত্রী মোদির ভূমিকা নিয়েও কথা রয়েছে। যার জেরে অনেক বছর মোদির যুক্তরাষ্ট্রে যাওয়া নিষিদ্ধ ছিল।

মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর যে বহুধর্মীয় সংস্কৃতি ভারতের ভিত্তি, তার ওপর ভয়ঙ্কর আঘাত করে যাচ্ছেন। এনবিসি এই খবর দেওয়ার সময় দেখিয়েছে, দিল্লির চলতি সংঘর্ষ, সন্ত্রাসের ভিডিও ফুটেজ। পাশাপাশি দেখানো হয়েছে ট্রাম্পের সম্মানে সরকারি অনুষ্ঠানের জাকজমক, দুই নেতার সহাস্য ঘোরাফেরা। শেষে প্রশ্ন রেখেছে, এর পরেও ট্রাম্প কী করে ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে মোদির প্রশংসা করে এলেন?‌

‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আর নই’, মিমির ক্ষোভ

0

অগ্নিগর্ভ ভারতের দিল্লি। দিল্লিতে ভয়াবহ সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ঘটনায় ৩৪ জনের মৃত্যুর খবর মিলেছে। এদিকে, দিল্লির হিংসায় রবীন্দ্র-নজরুল সংস্কৃতির কথা মনে করিয়ে দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। তিনি টুইট করেছেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আর নই। মোরা রাম রহিম ভাই ভাই আর নই।’

সাম্প্রদায়িক হিংসায় জ্বলছে দিল্লি। শান্তির বার্তা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা সত্ত্বেও থামছে না অশান্তি।

টুইটারে মিমি চক্রবর্তীর প্রতিক্রিয়া : ‘আজ ভালো হয়েছে কবি গুরু তুমি বেঁচে নেই। আজ ভালো হয়েছে কবি নজরুল ইসলাম তুমি বেঁচে নেই। কারণ মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আর নই। মোরা রাম আর রহিম ভাই ভাই আর নই। যেটা আমরা এখন, সেটা আর যাই হোক মানুষ আর নই।’

দিল্লির ঘটনায় মুখ খুলছেন টালিউডের অভিনেতা থেকে পরিচালকরা। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতার অংশ উদ্ধৃত করেছেন সৃজিত মুখোপাধ্যায়। তিনি লিখেছেন,’অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী। পূরব পশ্চিম আসে তব সিংহাসন-পাশে প্রেমহার হয় গাঁথা। জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা! জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।’

সূত্র : জি-নিউজ