Home Blog Page 3130

এক বছরে গণপরিবহনে ৫৯ নারীকে ধর্ষণ ও যৌন নির্যাতন

0

২০১৯ সালে গণপরিবহনে ৫২টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৫৯ নারী ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছে। দেশের সড়ক, রেল ও নৌ পথে এসব ঘটনা সংঘটিত হয়।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সোমবার গনমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, সড়ক পথে ৪৪টি ,রেল পথে ৪টি ও নৌ পথে ৪টি নারী নির্যাতনের ঘটনা ঘটে। তার মধ্যে ৪৪টি ঘটনায় মামলা হয়েছে। ৯৩ আসামী গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ঘটনার ১৬ টি ধর্ষণ, ১২টি গণধর্ষণ, ৯টি ধর্ষণের চেষ্টা, ১৫টি যৌন হয়রানির ঘটনা ঘটেছে। এছাড়াও গণপরিবহনে যাতায়াতকালে নারীরা অসম্মানজনক আচরণ, নিপীড়ন, হেনস্তা, যৌন হয়রানির শিকার হচ্ছে। শুধুমাত্র পরিবহন শ্রমিক, চালক, চালকের সহকারি নয়- কখনো কখনো সহগামী পুরুষযাত্রীর দ্বারাও এ ধরনের যৌন সহিংসতার শিকার হচ্ছেন নারীরা।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী মনে করেন, এক বছরে এই সহিংসতার চিত্র শুধু সংবাদপত্রে প্রকাশ হয়েছে। প্রকৃতপক্ষে ঘটনার ভয়াবহতা অনেক বেশি। প্রতিবেদন প্রকাশকারী সংস্থাটি গণপরিবহনে সিসি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা, চালক, চালকের সহকারি ও অন্যদের আলাদা আলাদা নাম প্রকাশকারী ব্যবস্থা ও পোশাক পরিধান বাধ্যতামূলক করা, তাদের নিয়োগপত্র, জাতীয় পরিচয়পত্র ও ছবি নিয়ে তথ্যব্যাংক তৈরি করার সুপারিশ করেছে। এছাড়া গাড়ির ভেতরে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের হটলাইন ও ফোন নম্বর ও গাড়ির নম্বর দৃশ্যমান রাখার, গণপরিবহনে অস্বচ্ছ ও বিজ্ঞাপনে মোড়ানো কাচেঁর ব্যবহার বন্ধ করার সুপারিশ করে।

কেন্দ্রীয় ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবে ইউজিসি : শিক্ষাসচিব

0

কেন্দ্রীয় ভর্তিতে কারা থাকবে বা থাকবে না সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

আজ সোমবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কয়েকটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তিতে আসবে না বলে জানিয়ে দিয়েছে। এখন মন্ত্রণালয়ের করণীয়র ব্যাপারে জানতে চাইলে সচিব বলেন, আমি এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ও ইউজিসির সঙ্গে কথা বলব। বিশ্ববিদ্যালয়গুলো কেন আসতে চাচ্ছে না সে ব্যাপারেও জানার চেষ্টা করব।

সচিব বলেন, গতবছর কৃষি বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পদ্ধতির ভর্তিতে এসেছিল। এবছর বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তির আওতায় আসছে। আশা করছি আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়ই কেন্দ্রীয় ভর্তির আওতায় আসবে।

সীমান্তে চোরাচালান রোধে সজাগ থাকুন : বিজিবিকে রাষ্ট্রপতি

0

সব ধরনের লোভ-লালসার ঊর্ধ্বে উঠে সীমান্তে চোরাচালান রোধে সর্বদা সজাগ থাকতে আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

চট্টগ্রামে বিজিবি’র ৯৪তম রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, আপনাদের চরিত্রের কঠোরতার পাশাপাশি মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে হবে। আপনাদের লোভ-লালসার ঊর্ধ্বে থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে।

আব্দুল হামিদ দেশ ও জাতির প্রয়োজনের পাশাপাশি ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হতে বিজিবির নতুন সদস্যদের পরামর্শ দেন।

১৯৭৪ সালের ৫ ডিসেম্বর এ বাহিনীর তৃতীয় রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সীমান্ত এলাকাগুলোতে চোরাচালানের বিরুদ্ধে কাজ করার নির্দেশ দিয়ে গেছেন।

তিনি ওই অনুষ্ঠানে দেয়া বঙ্গবন্ধুর বক্তৃতা উদ্ধৃত করে বলেন, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে, স্মাগলারদের কোন জাত নাই, ধর্ম নাই, তারা মানুষ নামের নরপশু। ওরা সামান্য অর্থের লোভে এ দেশের সম্পদকে বিদেশে চালান দেয়।

রাষ্ট্রপতি হামিদ বিজিবির নতুন সদস্যদের প্রতি এই বাহিনীর সীমান্তে পাহারার সুনাম বৃদ্ধির লক্ষে সততা, নিষ্ঠা, কর্মদক্ষতার পাশাপাশি সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমে অক্লান্তভাবে কাজ করার পরামর্শ দেন।

অন্যান্য বাহিনীর নারী সদস্যদের অসামান্য অবদানের কথা তুলে ধরে তিনি বিজিবি’র নারী সদস্যদেরও প্রশংসা করে বলেন, তারা কর্মক্ষেত্রে কাজের মাধ্যমে তাদের যোগ্যতা ও কর্মদক্ষতা প্রমাণ করে নিজেদের শপথ রক্ষা করতে পারবেন।

রাষ্ট্রপতি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের রয়েছে দু’শত বছরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই দেশমাতৃকার সেবায় এই বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।

তিনি আরো বলেন, বিজিবি সদস্যরা দেশের অভ্যন্তরে যে কোন দুর্যোগময় মুহূর্তে জনগণের সেবায় তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে।

সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি প্যারেড গ্রাউন্ডে পৌঁছুলে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. শাফিনুল ইসলাম তাঁকে অভ্যর্থনা জানান। এই অনুষ্ঠান উপলক্ষে বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে একটি আকর্ষনীয় কুচকাওয়াজের আয়োজন করা হয়।

রাষ্ট্রপতি ছাদখোলা জিপে দাঁড়িয়ে প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

এ সময় রাষ্ট্রপতির সাথে ছিলেন বিজিবি প্রধান মেজর জেনারেল শাফিনুল ইসলাম এবং বিজিটিসি’র কমান্ড্যান্ট ও সি ব্রিগেডিয়ার জেনারেল ওমর জাহিদ।

৯৪তম ব্যাচে ২৪ সপ্তাহের প্রশিক্ষণ শেষে ৪৯ নারীসহ মোট ৫৪৪ জন নতুন সদস্য বাহিনীতে রিক্রুট হয়েছে। গত বছরের ১৫ সেপ্টেম্বর এই ব্যাচ শুরু হয়।

রাষ্ট্রপতি হামিদ পরে বিজিবি’র সেরা শিক্ষানবিশদের হাতে পদক তুলে দেন। তিনি একটি কেক কাটেন এবং অনুষ্ঠানের অংশ হিসেবে ফটো সেশনে অংশ নেন।

জাতীয় সংসদ সদস্যবৃন্দ, চিফ অব আর্মি স্টাফ জেনারেল আজিজ আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ, কূটনীতিকবৃন্দ এবং সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

সাবেক কাউন্সিলর রাজিব ২ দিনের রিমান্ডে

0

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুনানিশেষে সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হোসেন ‌এ আদেশ দেন।
সূত্র জানায়, গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থানায় সিআইডি একটি মামলা দায়ের করেছে বহুল আলোচিত কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের বিরুদ্ধে। অর্থ পাচার সংক্রান্ত এ মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, রাজিব সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, গরুর হাটে টেন্ডারবাজিসহ নানা অপরাধের মাধ্যমে অর্জিত টাকা বিদেশে পাচার করেছেন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এসব বিষয়ে তথ্য উদঘাটন করা সম্ভব হবে।

পাপিয়ার বিচার হবে : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধী যে দলেরই হোক, অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধ অনুসারেই শামিমা নূর পাপিয়ার বিচার হবে।

তিনি বলেন, যেই অপরাধে যুক্ত হবে, দলীয় কিংবা যে পরিচয় থাকুক, তাদের আইনের আওতায় আনতে হবে। সরকারের সায় রয়েছে বলেই, এসব অপরাধীদের ধরা হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না। সে যে দলেরই হোক।

ওবায়দুল কাদের আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

পাপিয়ার গ্রেপ্তারের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, অপরাধ অনুযায়ী অপরাধী শাস্তি পাবে। সরকার দলের হোক কিংবা বাইরের হোক- কোনো অপরাধীকে পার পেয়ে যেতে দেয়নি। সব অপরাধীকেই বিচারের আওতায় আনা হয়েছে। পাপিয়ার পরিচয় যেটাই হোক, অপরাধী হিসেবে এবং অপরাধ অনুযায়ী বিচার হবে।

পাপিয়ার পেছনে যারা আছেন, তাদের খুঁজে বের করা হবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধের বিচার করতে গেলে তো পেছনের লোক খোঁজা হয়, হবে না কেন? তারা সামনে আসবে না, এটা মনে করার তো কোনো কারণ নেই। আমাদের সরকারের আমলে এ ধরনের বিচার প্রক্রিয়া চলেছে। বিষয়টি যখন আদালতে যাবে, তখন তো সবকিছুই আসবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনী অপরাধের জন্য অপরাধীদেরকে গ্রেফতার করছে এবং শাস্তি দিচ্ছে। এ ব্যাপারে সরকারের সায় এবং জিরো টলারেন্স নীতি রয়েছে বলেই আজকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সেই স্বাধীনতা দেয়া হয়েছে। অপরাধ-অন্যায় যারাই করবে, তাদের যেটাই পরিচয় হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেই অনুযায়ী অ্যাকশন নেয়া হচ্ছে।

করোনাভাইরাস : মহা সঙ্কটে দক্ষিণ কোরিয়া-ইতালি-ইরান

0

করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে চীনসহ পুরো বিশ্ব। দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৩ জনে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর মিলেছে। গত দুই দিনে নতুন করে আক্রান্ত হয়েছে ৩২৭ জনেরও বেশি মানুষ। এদিকে, করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইতালি। করোনাভাইরাসে ইতালিতে রবিবার পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর মিলেছে। আক্রান্ত হয়েছেন ১৫৭ জন। অন্যদিকে, ইরানে এখন পর্যন্ত প্রায় ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৮ জন।

করোনাভাইরাস (সিওভিআইডি-নাইনটিন) এ মাত্র কয়েকদিনের ভেতরে চীনের বাইরে দক্ষিণ কোরিয়ার দেগু, ইরানের কোম এবং ইতালির মিলান ও ভেনিস সংলগ্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

করোনাভাইরাস সংক্রমণ একটা আন্তর্জাতিক চেহারা নিচ্ছে। আর এ কারণে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, চীনের সাথে কোন স্পষ্ট যোগাযোগ নেই এমন সব জায়গায় কিভাবে করোনাভাইরাস ছড়াচ্ছে-তা নিয়ে তারা উদ্বিগ্ন।

ইতালির মিলান এবং ভেনিস শহরের কাছে দুটি উত্তরাঞ্চলীয় এলাকাকে করোনাভাইরাস সংক্রমণের হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে। ভেনেতো এবং লোম্বার্ডি অঞ্চলের একাধিক শহরে নির্দেশ দেয়া হয়েছে, আগামী দু’সপ্তাহ কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া কেউ সেখানে ঢুকতে বা বেরুতে পারবে না। এর আওতায় পড়বে অন্তত ৫০ হাজার লোক।

করোনাভাইরাস সংক্রমণের জন্য এই প্রথম একটি ইউরোপীয় দেশে গোটা শহর অবরুদ্ধ করার ঘটনা ঘটল।

ইতালির প্রধানমন্ত্রী বলেছেন, চলাচলের ওপর এই নিষেধাজ্ঞা অন্তত ১৪ দিন বহাল থাকবে এবং তা কার্যকর করতে পুলিশ এবং প্রয়োজনে সেনাবাহিনীকেও ব্যবহার করা হবে।

বন্ধ করে দেয়া এলাকার বাইরেও বহু স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে, শীর্ষস্থানীয় ফুটবল লিগ সিরি-আ’র কয়েকটি ম্যাচসহ বেশ কিছু খেলা বাতিল করা হয়েছে। মিলান শহরের দক্ষিণ-পশ্চিমে একটি অঞ্চলে ভাইরাস সংক্রমণের কারণে লোকজনকে ঘরে থাকতে বলা হয়েছে।

করোনাভাইরাস সবচেয়ে দ্রুত সংক্রমিত হচ্ছে দক্ষিণ কোরিয়ায়। দেশটির কর্তৃপক্ষ বলছে, শনিবার পর্যন্ত নিশ্চিতভাবে যারা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের অধিকাংশই শিনচিওঞ্জি নামে একটি খ্রিষ্টান গোষ্ঠীর সদস্য। বলা হচ্ছে দেগু এবং চোংডোতে এই ধর্মীয় গোষ্ঠীর কয়েকশ সদস্য ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গের কথা জানানোর পরই তাদের অনেকের শরীরেই প্রথম করোনাভাইরাস পাওয়া যায়।

জানা গেছে, চোংডোতে দিন পনের আগে শিনচিওঞ্জি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার ভাইয়ের মৃত্যুর শেষকৃত্যে কয়েক হাজার মানুষ অংশ নেন। তারপরই ওই সম্প্রদায়ের পাঁচশরও বেশি অনুসারী ভাইরাসে আক্রান্ত হওয়ার নানা উপসর্গের কথা জানায়। সরকার এই গোষ্ঠীর নয় হাজারেরও বেশি সদস্যকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের মধ্যে থাকার নির্দেশ দিয়েছে।

গলাচিপা ও চিতলমারীতে অজ্ঞান করে পরিবারের সর্বস্ব লুট

0

পটুয়াখালীর গলাচিপার প্রত্যন্ত পল্লীতে গভীর রাতে টিন কেটে ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের পাঁচ সদস্যকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নিয়েছে দুষ্কৃতিকারীরা। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে উপজেলার গজালিয়া গ্রামে। চেতনানাশক স্প্রেতে অসুস্থরা বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

গজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহাবুদ্দিন জানান, রবিবার রাত ১২টার দিকে বাড়ির সবাই খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে সংঘবদ্ধ একটি দুষ্কৃতিকারী চক্র তাদের ঘরের টিন কেটে দরজা খুলে ভেতরে ঢোকে। পরে সকলকে ঘুমন্ত অবস্থায় চেতনানাশক স্প্রে করে অজ্ঞান করে প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। পরিবারের সবাই অসুস্থ থাকায় আসলে কী পরিমাণ স্বর্ণ ও টাকা হাতিয়ে নিয়েছে তা বলা সম্ভব হচ্ছে না।

গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। অসুস্থরা চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হলে বলা যাবে আসলে তাদের কী পরিমাণ টাকা বা স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

এদিকে একই ঘটনা ঘটেছে বাগেরহাটের চিতলমারীতে। খাবারে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে এক পরিবারের নগদ টাকা, স্বর্ণালঙ্কার, সেলাই মেশিনসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে করেছে দুর্বৃত্তরা।

রবিবার দিবাগত রাতে উপজেলার খড়মখালি গ্রামে বাবু মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। চেতনানাশকে ওই পরিবারের পাঁচ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান জানান, সকাল ৯টার দিকে তারা হাসপাতালে ভর্তি হয়। ধারণা করা হচ্ছে, রাতের খাবারের সাথে তাদের চেতনানাশক ওষুধ প্রয়োগ করা হয়। ভর্তিকৃত এখন আশঙ্কামুক্ত।

চিতলমারী থানার পরিদর্শক মীর শরীফুল হক জনান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ গেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ভুলগুলো শুধরাতে হবে : চীনা প্রেসিডেন্ট

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে রবিবার আরো ১৫০ জনের মৃত্যু হয়েছে। দেশটির ন্যাশনাল হেলথ কমিশন সোমবার এ তথ্য জানিয়ে বলেছে, দেশব্যাপী এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার পাঁচশ ৯২ জনে। এমন পরিস্থিতিতে করোনাভাইরাসকে চীনের স্বাস্থ্য ক্ষেত্রে সবচেয়ে বড় সংকট বলে আখ্যা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

রবিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ১৯৪৯ সালে কমিউনিস্ট চায়না প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এটাই সব থেকে বড় ‘হেলথ এমার্জেন্সি’। তিনি বলেন, আমাদের এই ভুলগুলো শুধরাতে হবে। চীনা প্রেসিডেন্ট অবস্থার গুরুত্ব স্বীকার করে নিয়ে বলেন, ‘এটা আমাদের জন্য কঠিন এবং একই সঙ্গে চরম পরীক্ষার সময়।’

এর আগেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মন্তব্যে উঠে এসেছিল করুণ ছবি। তিনি বলেছিলেন, করোনাভাইরাসে দেশের স্বাস্থ্য পরিকাঠামোর দুর্বলতা ধরা পড়েছে। তা সারাতে হবে। পরিস্থিতি মোকাবিলা ১১৫০ কোটি মার্কিন ডলার বরাদ্দ করেছে সরকার।

এরই মধ্যে রবিবারের সংখ্যা অনুযায়ী এই ভাইরাসের কবলে পড়েছেন ৭৬ হাজার ৯৩৬ জন। চীনের পর বিশ্বের অন্যান্য দেশেও ক্রমেই ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। মৃতের ও আক্রান্তের শঙ্কায় আশঙ্কিত হয়ে ‘হু’ (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন)-এর পক্ষেও সতর্কতা জারি করা হয়েছে।

সারা বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমাক্ষেত্রেও প্রভাব পড়েছে করোনার। পাকিস্তান ইরানের সঙ্গে বর্ডার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইরানে আট জনের মৃত্যুর খবর পাওয়ার পরেই ইমরান খানের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

দক্ষিণ কোরিয়ায় নতুন কোরোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড়শ ছাড়িয়ে যাওয়ায় দুটি শহরকে ‘স্পেশাল কেয়ার জোন’ হিসেবে ঘোষণা করেছে সে দেশের সরকার। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, দেশে ৮৮৯ জনের শরীরে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৩৯৪ জন। সব মিলিয়ে চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৪৬৫ জনে। আর অন্তত ২৬টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।

সূত্র : পলিটিকো।

বাংলাদেশের পাঁচ শ; ডাবলের পথে মুশফিক

0

দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে রীতিমতো রান উৎসবে মেতেছে বাংলাদেশ। দিনের শেষ সেশনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪৪.২ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ৫০১ রান। ইতিমধ্যেই লিড হয়ে গেছে ২৩৬ রানের। দেড়শ রানের মাইলফলক অতিক্রম করে ডাবল সেঞ্চুরির দিকে ছুটছেন ১৬৭* রানে অপরাজিত মুশফিকুর রহিম। তার সঙ্গী লিটন দাসও (৩৫*) দুর্দান্ত ব্যাট করছেন। বাংলাদেশ এই স্কোর কোথায় নিয়ে যায় সেটাই এখন দেখার।

আজ সকাল থেকেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গতকালের অপরাজিত দুই ব্যাটসম্যান মুমিনুল হক আর মুশফিকুর রহিম। দিনের প্রথম সেশনেই ক্যারিয়ারর ৯ম এবং অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক। এজন্য তিনি খেলেছেন ১৫৬ বল, হাঁকিয়েছেন ১২টি বাউন্ডারি। সাবলীল ব্যাটিংয়ে ৯৫ বলে ফিফটি করে ফেলেন মুশফিকও। দ্রুত ঘুরতে থাকে রানের চাকা। ৯৯* রানে অপরাজিত থেকে লাঞ্চে গিয়েছিলেন মুশফিক। মাঠে ফিরেই তুলে নেন ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরি। তিনি খেলেছেন ১৬০ বল, হাঁকিয়েছেন ১৮টি বাউন্ডারি।

মুমিনুলের বিদায়ে ২২২ রানের চতুর্থ উইকেট জুটির অবসান হয়। ২৩৪ বলে ১৪ বাউন্ডারিতে ১৩২ রানের ইনিংস উপহার দেন বাংলাদেশ অধিনায়ক। যিনি এই টেস্টে সেঞ্চুরি করার কথা দিয়েছিলেন সাংবাদিকদের। মোহাম্মদ মিঠুন ফিরেন মাত্র ১৭ রানে। এরপর মুশফিকের সঙ্গে জুটি গড়ে তোলেন লিটন দাস।

৩ উইকেটে ২৪০ রান তুলে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসের শুরুতেই ভিক্টর নাউচির বলে তরুণ সাইফ ফিরেছেন মাত্র ৮ রান করে। এরপর নাজমুলের সঙ্গে জুটিতে ৭৮ রান আসতেই ডোনাল্ড ত্রিপানোর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন ৮৯ বলে ৭ বাউন্ডারিতে ৪১ রান করা তামিম ইকবাল। ক্যারিয়ারের প্রথম ফিফটি করা নাজমুল ১৩৯ বলে ৭ চারে ৭১ রানের ইনিংস খেলে টিশুমার শিকার হন। মুশফিকুর রহিমের সঙ্গে অবিচ্ছিন্ন ৬৮ রানের জুটিতে দিনের বাকি সময় নির্বিঘ্নে কেটে যায়।

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ২২৬ রানে অল-আউট হয় জিম্বাবুয়ে। দলীয় ৭ রানে প্রথম উইকেট হারানোর পর ১১১ রানের জুটি গড়েন প্রিন্স মাসভাউরে (৬৪) এবং অধিনায়ক ক্রেইগ আরভিন। বিপজ্জনক ব্রেন্ডন টেইলর (১০), সিকান্দার রাজা (১৮) বড় ইনিংস খেলতে পারেননি। তবে সবার বিপরীতে দাঁড়িয়ে ২১৩ বলে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন ক্রেইগ আরভিন। দ্বিতীয় দিন প্রথম সেশনেই অল-আউট হয় জিম্বাবুয়ে। ৪টি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ আর নাঈম হাসান। ২টি নিয়েছেন তাইজুল।

যেভাবে সুস্থ হলেন করোনা আক্রান্ত প্রথম ভারতীয় তরুণী

0

ভারতের কেরালার এক তরুণী প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পড়াশোনার জন্য চীনে গিয়েছিলেন তিনি। দেশটিতে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ার পর ফিরে আসেন তিনি। দীর্ঘ চিকিৎসার পর সেরে ওঠেন। চীন থেকে আতঙ্কে তড়িঘড়ি করে দেশে ফিরে আসার ২দিনের মাথায় তিনি জানতে পারেন, শরীরে দানা বেঁধেছে করোনাভাইরাস। তারপরের লড়াইটা ছিল আরও কঠিন। টানা ২৪ দিন ভর্তি থাকতে হয়েছে কেরালার থ্রিশুর মেডিকেল কলেজে। দীর্ঘ চিকিৎসায় সেরে ওঠার পর চিকিৎসা পেশার উপর তার সম্মান বহুগুণ বেড়ে গেছে বলে জানাল ভারতের প্রথম করোনা আক্রান্ত তরুণী।

চীনে পড়াশোনা করতেন তিনি। সে দেশে করোনো আতঙ্ক ছড়িয়ে পড়ার পর আর এক মুহূর্তও অপেক্ষা করতে চাননি তিনি। তড়িঘড়ি দেশে ফিরে আসার উদ্যোগ নেন। কারণ, কেরালার বাড়িতে চিন্তা করছিলেন তার বাবা-মা। ২২ জানুয়ারি কলকাতা হয়ে ফেরার টিকিটের ব্যবস্থা করতে সক্ষম হন। কিন্তু, টিকিট পাওয়ার দিনেই উহানে যান চলাচল বন্ধ করে দেয় চীনের প্রশাসন। থমকে যায় গোটা শহর । যদিও কয়েকজন বন্ধুর সঙ্গে ওই রাতেই শেষ ট্রেনে চেপে বিমানবন্দরের কাছে পৌঁছে যান তিনি । যাত্রাপথে যথেষ্ট প্রতিরোধমূলক ব্যবস্থাও গ্রহণ করেছিল বলে জানান তিনি। কিন্তু, করোনার ছোবল থেকে রক্ষা পাননি। কেরালার বাড়িতে ফেরার ২দিন পর জ্বর ও গলায় ইনফেকশনের উপসর্গ দেখা দেয়। বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তিনি মেডিকেল কর্তৃপক্ষকে সব জানান। তাকে ভর্তি করা হয় থ্রিশুর মেডিকেল কলেজে। ২৭ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার চিকিৎসা চলে। এই সময়টাই তিনি মানসিকভাবে অনেক শক্তিশালী হয়েছে।

ওই তরুণী বলেন, হাসপাতালের যেসব চিকিৎসক ও কর্মী আমার চিকিৎসায় নিযুক্ত ছিলেন, তাঁরা অধিকাংশ সময়ই হাসপাতালে থেকে যেতেন। তাঁদের নিষ্ঠা এবং উদ্বেগ আমাকে মুগ্ধ করেছে। আমাকে ফোন করার অনুমতি দেওয়া হয়েছিল। ফলে, অনেকটাই চাপমুক্ত ছিলাম। এমনকি চিকিৎসা চলাকালীন পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল। হাসপাতালের কর্মীরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং বন্ধুত্বপূর্ণ ছিলেন। যখন আমাকে ছেড়ে দেওয়ার সময় হলো, তাঁরাই সবথেকে বেশি আনন্দিত হয়েছিলেন।

এই কঠিন সময়ে একবারের জন্যও আশা ছাড়েননি তিনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এমনটাই জানা তিনি।

আত্মপ্রত্যয়ের সঙ্গে তিনি বলেন, আমি এখন পজ়িটিভ এনার্জিতে ভরপুর। আইসোলেশন ওয়ার্ডে কখনোই নিজেকে একা মনে হয়নি। অনেকেই আমার জন্য প্রার্থনা করেছে। চিকিৎসা পেশাটার উপর আমার সম্মান বহুগুণ বেড়ে গেছে।”রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজারও প্রশংসা করেন তিনি।

সূত্র : ইটিভি ভারত