Home Blog Page 3132

ইরানের নির্বাচনে যুক্তরাষ্ট্রবিরোধীদের জয়জয়কার

0

ইরানে সদ্য অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেতে যাচ্ছে দেশটির মার্কিনবিরোধী কট্টরপন্থিরা। এ পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা গেছে, ২৯০টির মধ্যে কট্টরপন্থিরা পেয়েছে ১৭৮টি আসন, বিপরীতে সংস্কারপন্থিরা পেয়েছে মাত্র ১৭টি আসন।

এমন ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা নির্বাচনে বড় ধরণের প্রভাব ফেলেছে।

ইরানি গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের প্রতিদিনের আড্ডা- সর্বত্রই সদ্য শেষ হওয়া পার্লামেন্ট নির্বাচনের আলোচনা। কট্টরপস্থিদের বড় জয় নিশ্চিত হওয়ার পর অধিকাংশ ইরানি একে স্বাগত জানিয়েছে।

তবে অনেকের অভিযোগ, কারাসজির মাধ্যমে জয় ছিনিয়েছে নিচ্ছে প্রবল মার্কিনবিরোধী হিসেবে পরিচিত দেশটির কট্টরপন্থিরা।

তারা বলছে, তাদের ওপর কোন বিশ্বাস নেই। নির্বাচনের পরেও তারা কোন কথা রাখবে না, যা তারা প্রতিজ্ঞা করেছিল।

দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, জনপ্রিয় সমরবিদ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রবল উত্তেজনার বিষয়টি ভোটারদের ওপর প্রভাব ফেলেছে। তবে ইরানে চলমান অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় ক্ষমতাসীনদের মনোযোগী হতে হবে বলেও জোর দেন তারা।

রাজনৈতিক বিশ্লেষক হামিদ গোলামজাদেহ বলেন, একটা বিষয় পরিষ্কার যে, জনগণ অর্থনৈতিক ব্যবস্থা সংস্কারের পাশাপাশি বিদ্যমান সব সমস্যার সমাধান চায়। আর নির্বাচনের আগে সবগুলো রাজনৈতিক দলই এসব বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু বৈশ্বিক রাজনৈতিক অঙ্গনে পদক্ষেপের কারণে কট্টরপস্থিরা এগিয়ে গেছে বলে আমি মনে করি।

ফের ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান

0

ফের ভেঙে পড়েছে ভারতের যুদ্ধবিমান। রবিবার রুটিন প্রশিক্ষণের সময় ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। তবে পাইলট অক্ষত রয়েছেন। এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে। পাইলটকে ডাক্তারদের নজরদারিতে রাখা হয়েছে।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গোয়া উপকূলের কাছে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নিয়মিত প্রশিক্ষণের সময় একটি মিগ-২৯ বিমান বিধ্বস্ত হয়। বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন এবং তাদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা দপ্তরের মুখ্য জনসংযোগ কর্মকর্তা মেহুল কারনিক বলেন, পাইলট নিজেকে সুরক্ষিতভাবে ইজেক্ট করেছেন। তাকে উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০১৯ সালের নভেম্বরে মিগ ২৯কে আরেকটি যুদ্ধবিমান গোয়ার রাজধানী থেকে ৩০ কিমি দূরে গিয়ে ভেঙে পড়ে। ঘাঁটি থেকে টেক অফ করার পর এক ঝাঁক পাখির গায়ে ধাক্কা লেগে ভেঙে পড়ে যুদ্ধবিমানটি।

শিবলিঙ্গে না ঢেলে দুঃস্থ শিশুদের দুধ-পাউরুটি বিলি

0

শিবরাত্রি উপলক্ষ্যে ‘শিবজ্ঞানে জীবসেবা’ করতে চলেছে পশ্চিমবঙ্গের আসানসোল ব্রাদারহুড। একদিকে যখন ভক্তরা শিবের মাথায় দুধ ঢালবেন অন্যদিকে একদল যুবক-যুবতী মন্দির চত্বরে দুধ-পাউরুটি-বিস্কুট খাওয়াবেন দুঃস্থ শিশুদের। সংস্থার সদস্যদের মতে, দুধের অভাবে অপুষ্টিতে ভুগছেন শহরের দুঃস্থ ও পথশিশুরা। ক্যালসিয়ামের অভাব দেখা দিচ্ছে ওইসব শিশুদের শরীরে। তাই দুধ অপচয় না করে শিশুদের খাওয়ানোর বার্তা দিতেই কর্মসূচি নেওয়া হয়েছে। শিবরাত্রির মতো বিশেষ দিনে আসানসোল জিটি রোডের ধারে আশ্রমমোড়ে শনিমন্দির এলাকায় শুক্রবার দুধ, পাউরুটি, বিস্কুট, চকলেট বিলি হবে এদিন। শিশুদের দুধের প্যাকেট ও ব্রাউন পাউরুটি দেওয়া হবে শিবরাত্রিতে।

ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাত্রি ভক্তদের কাছে খুবই পবিত্র দিন। গোটা বছরে শিবরাত্রির সংখ্যা বারো হলেও ফাল্গুন মাসের এই তিথিটিই সবচেয়ে পবিত্র বলে ধরা হয়। রাত্রিবেলা চার প্রহরে শিবলিঙ্গকে দুধ, দই, ঘি, মধু ও গঙ্গাজল দিয়ে স্নান করানো হয়। তারপর বেলপাতা, নীলকন্ঠ ফুল, ধুতুরা, আকন্দ, অপরাজিতা ফুল দিয়ে পুজো করা হয়। এছাড়াও প্রতি সোমবার ভক্তরা শিবলিঙ্গের মাথায় জল ও দুধ ঢালেন ভক্তরা। ব্রাদারহুডের সদস্যদের দাবি, এমন ভক্তিতে মহাদেব খুশি হন কি না জানা নেই, তবে এতে দুধের অপচয় তো হয়ই।

শিবরাত্রি উপলক্ষ্যে বছরে একবার করে শিবলিঙ্গে দুধ ঢালেন ভক্তরা। দুধের পরিমাণ জনপ্রতি ২৫০ গ্রাম। একটি পরিবারের জন্য গড়ে দুধের খরচ পড়ে ১ লিটার। ব্রাদারহুডের সম্পাদক পারমিতা মজুমদার বলেন, ‘রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দরা জীবে প্রেমের মাধ্যমেই ঈশ্বর সেবার কথা বলে গিয়েছেন। শ্রীশ্রী রামকৃষ্ণদেব শিবজ্ঞানে জীবসেবার কথা বলে গিয়েছেন। সেই পথকেই আমরা অনুসরণ করছি। তাই মন্দিরে দুধ না ঢেলে অপুষ্টির শিকার শিশুদের মুখে দুধ ও খাবার তুলে দেব।’

সভাপতি প্রশান্ত চক্রবর্তী বলেন, ‘আমাদের এই কর্মসূচি দেখে যাঁরা মন্দিরে যাবেন তাঁরাও দুধের অপচয়ের বাস্তবতা বুঝতে পারবেন।’ তিনি বলেন, ‘হিন্দু মহাপুরাণ তথা শিব মহাপুরাণ অনুসারে এইরাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এইরাত্রেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। এরকম একটা দিনে দুঃস্থ অপুষ্টির শিকার শিশুরাও ভাল খাবার খেতে পাক এটা মনে হয় ঈশ্বরও চাইবেন।’

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শিবরাত্রি উপলক্ষ্যে এই নতুন বার্তা তুলে ধরা হচ্ছে। মন্দিরে মন্দিরে এই কর্মসূচি পালন হোক এই আহ্বান জানাচ্ছে আসানসোল ব্রাদারহুড।

বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে রণক্ষেত্র দিল্লি

0

ভারতের মুসলিমবিরোধী বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে ফের উত্তপ্ত দিল্লি। মৌজপুর এলাকা রণক্ষেত্রের চেহারায় রূপ নিয়েছে আজ রবিবার। এলাকায় মেট্রোও বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছুক্ষণের জন্য।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) পক্ষে একটি মিছিল চলছিল মৌজপুর এলাকায়। কাছে জাফরাবাদে চলছে সিএএ বিরোধী বিক্ষোভ। মৌজপুরের মিছিলে এদিন পাথর ছোড়ার অভিযোগ ওঠেছে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যান্য এলাকা থেকে ডিসিপিদের ডাকা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্যারামিলিটারি ফোর্স মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী (সিএএ) ও সিএএ-র পক্ষে থাকা লোকজনের মধ্যে ঝামেলা শুরু হয়। দুপুর ৩টার দিকে জাফরাবাদ মেট্রো স্টেশনের কাছে হাজির হন বিজেপি নেতা কপিল মিশ্র ও তার অনুসারীরা। ৪টার দিকে তাদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে একদল লোক। ভিড় এত বেড়ে যায় যে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনাস্থল থেকে ‘জয় শ্রী রাম’ ধ্বনিও শোনা গেছে।

আমরা নগরীর সকল সুবিধা গ্রামে দিচ্ছি : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা নগরীর সমস্ত সুযোগ-সুবিধা গ্রামে দিচ্ছি। কাজেই গ্রামের মানুষের রাজধানীমুখী প্রবণতা কমে আসছে।

প্রধানমন্ত্রী আজ রবিবার তাঁর কার্যালয়ে (পিএমও) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের সোনারগাঁ-বুয়েট লিংক এর হাতিরঝিল অংশের পুনঃএলাইনমেন্ট-এর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা অবলোকনকালে একথা বলেন।

উপস্থাপনাটি অবলোকনের পর প্রধানমন্ত্রী নতুনভাবে নকশা করা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নকশায় তাঁর সম্মতি প্রদান করেন, যা পলাশিকে কাঁটাবন হয়ে বিয়াম (বিআইএএম) ভবনের দক্ষিণ অংশে হাতির ঝিল লেকের প্রান্তের সঙ্গে সংযুক্ত করবে।

প্রধানমন্ত্রী বলেন, এটা ঠিক আছে। আপনি এটা বাস্তবায়ন করতে পারেন (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সোনারগাঁ-বুয়েট লিংক এর হাতিরঝিল অংশের পুনঃএলাইনমেন্ট)।

পূর্ববর্তী প্রস্তাবে, হাতিরঝিল লেক এবং পান্থকুঞ্জের মাঝামাঝি বরাবর এই লিংকের অ্যালাইনমেন্টের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী লেক (হাতিরঝিল) এবং পান্থকুঞ্জকে সুরক্ষা করে নতুনভাবে নকশা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে নির্দেশ দেন।

এই সংযোগের ফলে পুরাতন ঢাকা ও ধানমন্ডির বাসিন্দারা উপকৃত হবেন এবং এটি দিয়ে প্রতিদিন প্রায় ২০ শতাংশ যানবাহন প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন যে, একদা মতিঝিলে একটি বড় ঝিল (জলাশয়) ছিল, তবে পাকিস্তানি শাসক আইয়ুব খান তা ধ্বংস করেন। তিনি এ সময় উন্নয়ন পরিকল্পনায় সংশ্লিষ্টদের জলাশয় বিশেষ করে পুকুর রক্ষা করে পরিকল্পনা প্রণয়নেরও নির্দেশ দেন।

সরকারি কর্মকর্তাদের শহরে বসবাসের মানসিকতার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তারা এখন শহরে থাকতে চান। তাদের বদলি করা হলে তাদের পরিবারকে শহরে রেখে নিজেরাই কেবল কর্মস্থলে যান।

এ প্রসঙ্গে তিনি বলেন, অতীতে জেলার স্কুল, কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানের উন্নতি হয়েছে কেননা মন্ত্রী, সংসদ সদস্য এবং সরকারী কর্মকর্তাগণ জেলায় থাকতেন।

জনগণের ট্রাফিক আইন মেনে না চলার মানসিকতার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।

তিনি বলেন, ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস থাকার পরেও জনগণ রাস্তা দিয়ে পারাপার হচ্ছে,পথচারি এবং চালক কেউই জেব্রা ক্রসিং মানছেন না।

প্রধানমন্ত্রী বলেন, একবার পরিকল্পনা (উন্নয়ন প্রকল্পগুলোর) গৃহীত হলে সেগুলো সংহত করা এবং একে অপরের পরিপূরক হওয়া উচিত।

৪৬ দশমিক ৭৩ কি.মি. দৈর্ঘ্যরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি পিপিপি প্রকল্পের আওতায় ৮ হাজার ৯৪০ দশমিক ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। প্রকল্পের প্রথম ধাপের কাজ ৫৫ শতাংশ সম্পন্ন হয়েছে এবং প্রকল্পের সার্বিক কাজ সম্পন্ন হয়েছে ১৮ শতাংশ।

তিনটি ধাপে প্রকল্পটি সম্পন্ন হবে-হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর- কুড়িল- বনানী- মহাখালী- তেজগাঁও- মগবাজার- কমলাপুর- সায়েদাবাদ- যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক (কুতুবখালী) পর্যন্ত।

যোগাযোগবিদ এবং বুয়েটের শিক্ষক অধ্যাপক মো.শামসুল হক অনুষ্ঠানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সোনারগাঁ-বুয়েট লিংক এর হাতিরঝিল অংশের পুনঃএলাইনমেন্ট প্রকল্পের প্রেজেন্টেশন প্রদান করেন। প্রকল্প বিশেষজ্ঞ কমিটির আহবায়ক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এবং প্রকল্পের স্থপতি সদস্য ইকবাল হাবিব এ সময় প্রকল্প সম্পর্কে তাঁদের অভিমত দেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পিএমও’র এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, পিএমও সচিব মো.তোফজ্জল হোসেন মিয়া, প্রেস সচিব ইহসানুল করিম এবং সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিতব্য ভবনের সংশোধিত স্থাপত্য নকশা প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। নকশা প্রত্যক্ষকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করেন। নকশা উপস্থাপন করেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান।

এ সময় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রেস সচিব ইহসানুল করিম এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আরা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

টাকা দিতেই হবে- গ্রামীণফোনের এ বোধোদয় সুখের খবর

0

আদালতের নির্দেশ অনুযায়ী টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) বকেয়া রাজস্বের ১০০০ কোটি টাকা পরিশোধ করায় গ্রামীণফোনকে ধন্যবাদ জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক। তিনি বলেছেন, গ্রামীণফোন মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে প্রোপার আন্ডারস্ট্যান্ডিং এ এসেছে। টাকা যে দিতেই হবে, দেরিতে হলেও গ্রামীণফোনের তা বুঝতে পারাটা সুখের খবর।

আজ রবিবার দুপুরে বিটিআরসি কার্যালয়ে গিয়ে গ্রামীণফোনের (জিপি) কর্মকর্তারা চেক হস্তান্তরকালে তিনি এ মন্তব্য করেন।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, অনেক দিন ধরে ভুল বোঝাবুঝি হচ্ছিল। আজ সংবিধান রক্ষা হলো, সুপ্রিম কোর্টের আদেশ রক্ষা হলো। এ সরকার তার প্রাপ্য অর্থের কিছু হলেও পেল, যা জনগণের টাকা। টাকা দেওয়ার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ দিই, দেরি হলেও ব্যাপারটি বুঝতে পেরেছে, টাকাটা দেওয়াই যখন লাগবে, দিয়ে দিয়েছে তারা।

তিনি বলেন, হয়তো কোনো ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিংয়ে সমস্যা হয়েছিল, তারা মনে করেছিল কোর্টে গিয়ে হয়তো কিছু কম পাবে। অনেক টাকা বিলম্ব করতে পারলে ব্যবসায়িক লাভ হবে। গ্রামীণফোন শেষে হলেও মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে প্রোপ্রার আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছে, এটি আমাদের জন্য খুব সুখের খবর।

এর আগে দুপুরে আদালতের নির্দেশ মেনে ১০০০ কোটি টাকা পরিশোধ করতে বিটিআরসি কার্যালয়ে যান গ্রামীণফোনের (জিপি) কর্মকর্তারা।

গত বৃহস্পতিবার গ্রামীণফোনের রিভিউ আবেদনের ওপর শুনানি শেষে সোমবারের মধ্যে বিটিআরসিকে এক হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন আপিল বিভাগ।

গত বছরের ২৪ নভেম্বর নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে বিটিআরসিকে দুই হাজার কোটি টাকা পরিশোধ করতে গ্রামীণফোনকে নির্দেশ দেন উচ্চ আদালত। যার মধ্যে এক হাজার কোটি টাকা পরিশোধ করলো তারা। বাকি এক হাজার কোটির টাকার বিষয়ে আগামীকাল সোমবার সিদ্ধান্ত জানাতে পারেন আদালতের।

শিশু সায়মা হত্যা মামলার যুক্তিতর্ক শুনানি ৫ মার্চ

0

রাজধানীর ওয়ারীতে সিলভারডেল স্কুলের নার্সারির ছাত্রী সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণ ও খুনের ঘটনায় করা মামলার যুক্তিতর্ক শুনানির দিন আগামী ৫ মার্চ ধার্য করা হয়েছে। আজ রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কাজী আবদুল হান্নান এ তারিখ ধার্য করেন।

আজ এই মামলায় একমাত্র আসামি হারুন অর রশিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন আসামি। যদিও আসামিকে গ্রেপ্তারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে সায়মা হত্যার দায় স্বীকার করেছিলেন।

এ ঘটনায় গত ২ জানুয়ারি একমাত্র আসামি হারুণ অর রশীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর আগে গত বছরের ৫ নভেম্বর হারুনকে আসামি করে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়। চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওয়ারী জোনাল টিম (নিরস্ত্র) মো. আরজুন।

প্রসঙ্গত, গত বছরের ৫ জুলাই সন্ধ্যার পর ওয়ারীর একটি বাড়ির নয় তলায় শিশু সায়মার লাশ পাওয়া যায়। ওই বাড়ির ৬ষ্ঠ তলায় সায়মা তার পরিবারের সঙ্গে থাকত। লাশ পাওয়ার আগে সে তার মাকে ওপরের তলায় খেলতে যাচ্ছিল বলে জানায়। কিন্তু সে ফিরে না আসায় তাঁর খোঁজ করতে গিয়ে নবম তলায় তার গলায় রশি পেচানো অবস্থায় সায়মার মরদেহ পাওয়া যায়। পরে এ ঘটনায় সায়মার বাবা আবদুস সালাম বাদী হয়ে ওয়ারী থানায় মামলা করেন।

এরপর পুলিশ গত বছরের ৭ জুলাই কুমিল্লার তিতাস থানার ডাবরডাঙ্গা এলাকা থেকে হারুন অর রশিদকে গ্রেপ্তার করে। পরদিন হারুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে সায়মাকে হত্যার দায় স্বীকার করেন। তিনি জবানবন্দিতে বলেন, এক মাস আগে থেকে তার খালাতো ভাই পারভেজের বাসায় ছিলেন। ওয়ারীতে যে ভবনে ঘটনা ঘটে ওই ভবনের সাত তলায় পারভেজ থাকেন। ঘটনার আগে ভবনের লিফট দিয়ে নামার সময় সায়মার সঙ্গে তার দেখা হয়। লিফটইে সে সায়মার সঙ্গে খারাপ কাজ করবে বলে সিদ্ধান্ত নেয়। পরে ছাদে দেখার কথা বলে সে সায়মাকে ছাঁদে নিয়ে যায়। ছাঁদে নিয়ে সায়মাকে সে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু সায়মা চিৎকার করতে থাকে। মুখ চেপে ধরে সায়মাকে সে ধর্ষণ করে।

ধর্ষণের এক পর্যায়ে সায়মা নিস্তেজ হয়ে পড়ে। তখন হারুন ভয় পায়। সায়মার জ্ঞান ফিরলে সে মানুষের কাছে ঘটনা বলে দেবে। এ কারণে যাতে ঘটনা প্রকাশ না পায় সেজন্য তার গলায় দড়ি পেচিয়ে তাকে হত্যা করা হয়। পরে সায়মাকে টেনে নিয়ে রান্না ঘরের সিলিংকের নীচে ফেলা হয়। এরপর তিনি(হারুন) পালিয়ে যায়।

আমলাতান্ত্রিক জটিলতায় এডিবির অর্থ ফেরত যাওয়ার আশঙ্কা!

0

হালকা যানবাহন চলাচলের দুই লেনসহ ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক প্রকল্প আমলাতন্ত্রিক জটিলতার জালে আটকে আছে। অথচ আগামী জুনের মধ্যে প্রকল্প অনুমোদন না হলে অর্থায়নে সম্মত হলেও এশিয় উন্নয়ন ব্যাংক অর্থ ছাড় করতে পারবে না। আগামী জুনের মধ্যে প্রকল্প অনুমোদন না হলে তার বাস্তবায়ন শুরু হতে এক বছর পিছিয়ে যাবে। এতে এশিয় উন্নয়ন ব্যাংক বিমুখ হয়ে অন্য প্রকল্পে এ অর্থ দিয়ে দিতে পারে।

আগামী জুলাইয়ের মধ্যে অর্থ ছাড়ের বিষয়টি চূড়ান্ত হলে সেপ্টেম্বরে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান হবে। এডিবির পক্ষ থেকে বলা হচ্ছে মহাসড়কের নকশা অবশ্যই জুন মাসের মধ্যে অনুমোদন হতে হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও অন্য সংশ্লিষ্ট প্রকৌশলীরা অবশ্য বলছেন, নকশা প্রণয়ন ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় দেড়-দুইমাস সময় লাগবে।

এ অবস্থায় এডিবির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি প্রকল্প অনুমোদনের জন্য তাগাদা দেন। এছাড়াও তিনি এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জানা গেছে, ১৯৯২ সালে এডিবি এ খাতে অর্থ বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছিল। তবে আমলাতান্ত্রিক জটিলতায় তা সম্ভব হয়নি। এ বছর যেন এ ধরনের আমলাতান্ত্রিক জটিলতায় অবকাঠামো উন্নয়ন কাজ বাতিল না হয় সেজন্য এডিবি সরকারের সহযোগিতা কামনা করেছে। ১৯৭৩ সালে বাংলাদেশ এডিবির সদস্যপদ লাভের পর থেকে বিভিন্ন প্রকল্পে ২৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে।

সওজ অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্পের নতুন রুটের নকশা তৈরি করা হচ্ছে। তাতে দূরত্ব ২২৬ কিলোমিটার থেকে ১৬ কিলোমিটার কমবে। গত ২৯ জানুয়ারি রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ প্রকল্প নিয়ে মতবিনিময় সভায় সওজ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানিয়েছিলেন, প্রকল্পে জমি অধিগ্রহন করা হবে সবমিলে আট লেনের। মহাসড়কে গাড়ি চলবে ৮০-১২০ কিলোমিটার গতিবেগে। চুক্তি স্বাক্ষরের পর তিন বছরে এ মহাসড়ক নির্মান করা সম্ভব হবে। নরসিংদীর মাধবদী ও পাঁচদোনায় দূরত্ব কমবে তিন কিলোমিটার। এভাবে নতুন নকশা অনুসারে প্রায় ১৬ কিলোমিটার পথ কমবে।

প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ১৪০ কোটি ৮৭ লাখ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে এটির কাজ শেষ করা হবে। প্রাথমিক প্রকল্প প্রস্তাবের নীতিগত অনুমোদন হয়েছে। তবে প্রকল্পের উন্নয়ন প্রকল্প ছক-ডিপিপি চূড়ান্ত হয়নি।

পবিত্র শবে মিরাজ কবে, জানা যাবে সোমবার

0

আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

১৪৪১ হিজরি সনের পবিত্র শবে মিরাজের তারিখ নির্ধারণ এবং রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে ডোপটেস্ট বাধ্যতামূলক

0

মাদকমুক্ত শিক্ষিত জাতি গঠনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে ডোপটেস্ট বা বিশেষ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদীয় কমিটির সুপারিশের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়েছে, এখন থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে অবশ্যই ডোপটেস্টে উত্তীর্ণ হতে হবে। শুধু তাই নয়, দেশের সকল সরকারি-বেসরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন সকল অধিদপ্তর ও সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা হতে ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর সকল শ্রেণির সরকারি চাকুরিতে প্রবেশের সময় বিদ্যমান ব্যবস্থার সাথে ডোপটেস্ট অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু। বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ ও সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে চলমান মাদকবিরোধী অভিযান নিয়ে আলোচনা হয়। এ অভিযানের পক্ষে সামাজিক আন্দোলন জোরদার, সচেতনতা বৃদ্ধি ও সংশ্লিষ্ট সকলকে মাদকের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া কারাগারে মাদকাসক্তদের পৃথকভাবে রাখার সুপারিশ করা হয়।

বৈঠকে রাজনৈতিক পদধারী যারা আটক হচ্ছেন তাদের বিষয়ে গভীর তদন্ত করতে বলা হয়েছে। এদের পেছনে কারা মদদ দিচ্ছে, তাদের খুঁজে বের করতে বলা হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণকারী চরমপন্থিরাদের নিবিড় পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্ট জেলা ও মেট্রোপলিটন এলাকার সকল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশনা মোতাবেক কাজ করা হচ্ছে। তদের সার্বিক কার্যক্রম পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। এ ছাড়া বৈঠকে গ্রামীণ এলাকার থানার কর্মকর্তা-কর্মচারীদের জন্য পর্যপ্ত আবাসনের ব্যবস্থা রাখার সুপারিশ করা হয়েছে।