Home Blog Page 3134

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আউটসোর্সিং নিয়োগ বন্ধের দাবিতে বিক্ষোভ

0

দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগ প্রথা বাতিলের দাবিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে আজ রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তর ভবনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মচারীরা এ বিক্ষোভে অংশ নেন।

ভিডিওতে দেখুন বিক্ষোভের একাংশ-

দুই বিশ্ববিদ্যালয়কে জরিমানা করলেন হাইকোর্ট

0

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি) ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন আপিল বিভাগ।

এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না- বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এমন বিধান অমান্য করায় এ জরিমানা করা হয়েছে দুই বিশ্ববিদ্যালয়কে। বার কাউন্সিলকে ১০ লাখ টাকা দেওয়া সাপেক্ষে তাদের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে উল্লেখ করা হয়েছে আদেশে।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।

গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুই ইউনিভার্সিটির ভিসিকে তলব করেন আদালত। আজ রবিবার তাঁরা হাজির হলে এ আদেশ দেন আদালত।

ইউনিভার্সিটির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী এবিএম আলতাফ হোসেন। আদালতে বার কাউন্সিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।

এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না বলে বিধান রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)। এদিকে, বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। কিন্তু তাদের ৫০ জনের বেশি নিতে রাজি হয়নি বার কাউন্সিল। এরপর হাইকোর্টে রিট করেন শিক্ষার্থীরা।

হাইকোর্ট শিক্ষার্থীদের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দেন। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে বার কাউন্সিল।

এক লাখ করে টাকা পাচ্ছেন ৯৬ জলদস্যু

0

কক্সবাজারের মহেশখালীতে আত্মসমর্পণ করা ৯৬ জলদস্যুকে পুনর্বাসনের অংশ হিসেবে এক লাখ টাকা করে আর্থিক অনুদান দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেওয়া এই অর্থের অনুমোদন দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

গত বছরের ২৩ নভেম্বর কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে ১২ বাহিনীর ৯৬ জন জলদস্যু ও অস্ত্র কারিগর আত্মসমর্পণ করেছিলেন। প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার মোহাম্মদ শামীম মুসফিক স্বাক্ষরিত ওই চিঠি গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়। চিঠিতে বলা হয়, আত্মসমর্পণ করা জলদস্যু ও অস্ত্রকারিগরদের পুনর্বাসনের জন্য প্রত্যেককে এক লাখ টাকা করে ৯৬ জনকে ৯৬ লাখ টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা করা হয়েছে। চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব আবু বকর ছিদ্দীক কালের কণ্ঠকে বলেন, আত্মসমর্পণ করলে তাঁদের যেসব সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো ইতিমধ্যে দেওয়া হয়েছে। বর্তমান সরকার সন্ত্রাস দমনে প্রতিশ্রতিবদ্ধ।

করোনা আক্রান্ত হয়ে ইতালিতে আরো একজনের মৃত্যু

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজন মারা গেছেন ইতালিতে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। উত্তর ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে ৩০ জন আক্রান্ত হয়েছেন। ইতালির উত্তরাঞ্চলীয় ১০টি শহরে এক সপ্তাহের জন্য জনসমাগমস্থল বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, করোনা আক্রান্ত হয়ে নিহত ব্যক্তি মিলানের লম্বার্ডি অঞ্চলের বাসিন্দ। এর আগে ৭৭ বছর বয়সী এক ব্যক্তিও মারা যান। তিনি ভেনেটো অঞ্চলের কাছেই পদুয়ার বাসিন্দা ছিলেন।

সারা বিশ্বের মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার দু’শ ৮৮ জনে ঠেকেছে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার তিনশ ৪৫ জনে।

ইসরায়েল ও লেবাননেও এই ভাইরাসে প্রথম সংক্রমণের খবর পাওয়া গেছে । চীনের বাইরে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইরানে চার জন মারা যাওয়ার পর এমন উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটির প্রধান টেডরস আধানম গেব্রিয়াসাস।

এদিকে, দক্ষিণ কোরিয়ায় একদিনেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২০৪ জন।

স্বাধীনতা ও মুক্তির লড়াইয়ে বামপন্থিরা অগ্রণী ভূমিকা পালন করেছে : মেনন

0

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বামপন্থিরা কারো ‘খালু’ ছিল না। তারা স্বাধীনতা ও মুক্তির লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রথম স্বাধীনতার সাহসী উচ্চারণ করেছে বামপন্থিরাই।

আজ শনিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডস্থ বিএমএ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা ঘোষণার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ওয়ার্কার্স পার্টি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। বক্তৃতা করেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (মেনন গ্রুপ) তৎকালীন সভাপতি মোস্তফা জামাল হায়দার, শামসুল হুদা, অধ্যাপক মেজবাহ কামাল ও শ্রমিক নেতা আবুল হোসাইন।

সভায় সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেন, একথা ধ্রুবতারার মতো সত্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা দিয়েছেন। নেতৃত্ব দিয়ে তাকে চূড়ান্ত রূপ দিয়েছেন। তবে এর সাথে বামপন্থি ও কমিউনিস্টদের স্বপ্ন ঘাম, অশ্র আর রক্ত জড়িয়ে আছে। কিছু বামপন্থীর ভুলের জন্য স্বাধীনতার গৌরব থেকে বামপন্থিদের বাদ দেওয়া যাবে না। তাহলে যারা ছাপান্নতে ’৯৮ ভাগ স্বায়ত্ত্বশাসন অর্জিত হয়েছে বলে দাবি করেছিল, পূর্ব বাংলার উপর সংখ্যাসাম্যের নীতি চাপিয়ে দিয়েছিল ইতিহাসে তাদের স্থান কোথায় হবে? তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা সকল উত্থান-পতনের মধ্য দিয়ে জনগণের ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। এ গৌরব সবারই।

সাবেক মন্ত্রী মেনন বলেন, স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। কিন্তু জনগণতন্ত্র দূরে থাক, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। তাই বলে জনগণতন্ত্রের স্বপ্ন, সমাজতন্ত্রের স্বপ্ন মিথ্যা হয়ে যায়নি। ভবিষ্যতে স্বাধীন জনগণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম জোরদার করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ১৯৭০ সালের ২২ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন আয়োজিত একুশে ফেব্রুয়ারির জনসভায় ‘স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার ঘোষণা ও তার ১১ দফা কর্মসূচি’ উত্থাপিত করায় সামরিক আদালত রাশেদ খান মেনন ও কাজী জাফরকে সাত বছর সশ্রম কারাদণ্ড ও তাদের সম্পত্তির ষাট ভাগ বাজেয়াপ্ত এবং মোস্তফা জামাল হায়দার ও মাহবুবুল্লাহকে এক বছর সাজা প্রদান করে।

বিল দাখিলের তিনদিনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে যাবে পেনশন

0

পেনশনে যাওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তি কমাতে ছুটি নগদায়ন মঞ্জুরির আদেশ বিল দাখিলের তিন কর্মদিবসের মধ্যে পেনশনভোগীর ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে পেনশনের অর্থ। এছাড়া মাসিক সুবিধার টাকা ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক হিসাবে পাঠিয়ে দেয়া হবে।

সরকারি চাকরিজীবীদের পেনশন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়ে পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান এনডিসি স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ছুটি নগদায়ন মঞ্জুরির আদেশ বিল দাখিলের তিন কর্মদিবসের মধ্যে পেনশনভোগীর ব্যাংক হিসাবে ওই টাকা চলে যাবে।

এছাড়া মাসিক সুবিধার টাকা ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক হিসাবে পাঠিয়ে দেয়া হবে। প্রত্যেক মন্ত্রণালয়, বিভাগ শুধু পেনশনের বিষয়টি দেখার জন্য একজন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।

সরকারি চাকরিজীবীদের পেনশন সহজীকরণ আদেশে বলা হয়, অবসর গ্রহণের আগে ইএলপিসি পাওয়ার এক মাসের মধ্যে সংশ্লিষ্ট চাকরিজীবীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ওই আবেদনে প্রাপ্য ছুটি, ছুটি নগদায়ন, ভবিষ্যৎ তহবিলের স্থিতি উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এই আবেদন পাওয়ার পাঁচ মাসের মধ্যে কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।

বিশেষ করে সরকারের আদায়যোগ্য অর্থের পরিমাণ নির্ধারণ করে আদায়ের ব্যবস্থা করবে। এই প্রক্রিয়ার পর তিন মাসের মধ্যে কর্তৃপক্ষ অবসরোত্তর ছুটি, ছুটি নগদায়ন ও পেনশন মঞ্জুরিপত্র জারি করবেন।

সেখানে বলা হয়, ছুটি নগদায়ন মঞ্জুরির আদেশ পাওয়ার পর বিল দাখিলের তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট পেনশনভোগীর ব্যাংক হিসাবে ওই টাকা চলে যাবে।

পেনশন মঞ্জুরির কাগজপত্র প্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে পেনশন নির্ণয়-সংক্রান্ত হিসাব যথাযথভাবে যাচাইপূর্বক সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস পেনশন পরিশোধ আদেশ (পিপিও) জারি করা হবে। আনুতোষিকের টাকার চেক বা ইএফটি পিআরএল শেষ হওয়ার পর দিন চূড়ান্ত অবসরগ্রহণের দিন সংশ্লিষ্ট কর্মচারীর নিকট বা ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ নিশ্চিত করতে হবে।

অনুত্তোলিত পেনশন এবং বকেয়া পেনশনের ক্ষেত্রে সাত কর্মদিবসের মধ্যে নিষ্পত্তিকরণ: ইএফটি জেনারেট কতে হইবে। অডিট আপত্তি থাকিলে ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করিতে হইবে। চূড়ান্ত অবসর গ্রহণের এক বৎসরের মধ্যে বিভাগীয় মামলা থাকলে নিষ্পত্তি করিতে হইবে।

প্রতি মাসের পেনশন পরবর্তী মাসের এক তারিখে পেনশনারের ইএফটি-এর মাধ্যমে তাহার ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করতে হবে।

এছাড়া নতুন প্রজ্ঞাপনে পেনশন সংক্রান্ত সব ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কর্মকর্তাদের বদলিতে এলপিসি ইলেকট্রনিক্যালি পূরণ করতে হবে এবং অনলাইনে প্রেরণ নিশ্চিত করতে হবে। কোনো সরকারি কর্মচারী পিআরএলে যাওয়ার তিন বছর আগের কোনো কাগজপত্র, রেকর্ড বা না-দাবি প্রত্যয়নপত্র তার কাছে চাওয়া যাবে না।

ঐতিহ্যের ধারায় এগিয়ে যাবে জাতীয় সংসদ : স্পিকার

0

ঐতিহ্যের ধারায় জাতীয় সংসদ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত বার্ষিক বনভোজন-২০২০ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

দিনব্যাপী অনুষ্ঠানে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবু, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খানসহ কর্মকর্তা-কর্মচারীগণ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন।

স্পিকার বনভোজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, এমন আয়োজন নিজেদের মধ্যে আন্তরিকতা ও বন্ধুত্ব আরো সুদৃঢ় হয়। এক্ষেত্রে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক পরামর্শ ও নির্দেশনা রয়েছে। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল অর্জন এসেছে। এ বছর জাতি উদযাপন করতে যাচ্ছে ‘মুজিববর্ষ-২০২০’। জাতীয় সংসদ বিশেষ অধিবেশন, শিশুমেলাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে জাতীয় সংসদ জাতির পিতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।

এ সময় স্পিকার সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

মাদক উৎপাদন না করেও আমরা মাদকের শিকার : স্বরাষ্ট্রমন্ত্রী

0

জঙ্গি-সন্ত্রাসবাদের মতো মাদকের বিরুদ্ধেও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান কামাল। তিনি বলেছেন, সরকার জঙ্গি দমনে সফল হয়েছে। জঙ্গি-সন্ত্রাসবাদের মতো মাদকের বিরুদ্ধেও সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে। সকলের সহযোগিতায় এই মাদক নিয়ন্ত্রণে সরকার সফল হবে।

আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে আহছানিয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ঢাকা আহছানিয়া মিশন পরিচালিত মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের ৩০ বছরপূর্তি উপলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম। অনুষ্ঠানে বক্তৃতা করেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক সঞ্জয় কুমার চৌধুরী, আহছানিয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফজলে এলাহী এবং ঢাকা আহছানিয়া মিশনের পরিচালক ইকবাল মাসুদ।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, একটি জাতিকে ধ্বংস করার জন্য মাদক সব থেকে বড় হাতিয়ার। যুব সমাজের মধ্যে মাদক ঢুকিয়ে দিতে পারলেই সেই জাতি ধ্বংস নিশ্চিত। আমাদের দেশের যুব সমাজকে মাদকাসক্ত করার নানা ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। কিন্তু সরকার এ বিষয়ে সতর্ক রয়েছে। মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নানামূখী কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরো বলেন, মাদক উৎপাদন না করেও আমরা মাদকের শিকার। তাই মাদক পাচারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। মুজিব বর্ষকে সামনে রেখে মাদক নির্মূলে সরকার ও বেসরকারি পর্যায়ে সমন্বিত পদপে গ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক বলেন, দেশের কারাগারগুলোর বন্দিদের মধ্যে ৩০ দশমিক ০৪ শতাংশই মাদকে সম্পৃক্ত। তাদের মধ্যে মাদকাসক্ত ও মাদকবহনকারী রয়েছে। বিপুল সংখ্যক এই মাদকসম্পৃক্তদের কারাগারে রাখা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ এদের জন্য মাদকসম্পৃক্ত নন এমন বন্দিরাও ঝুঁকিতে থাকেন।

তিনি আরো বলেন, এই মাদকসম্পৃক্ত বন্দিদের আলাদা রাখার চেষ্টা চলছে। কিন্তু কারাগারাগুলোতে ধারণমতার দ্বিগুণ বন্দি থাকায় তা সব সময়ে করা যায় না। তারপরও কারাগারে মাদক ঠেকাতে সন্দেহভাজন বন্দিদের তল্লাশির জন্য ডগ স্কোয়াডের অনুমোদন দিয়েছে সরকার। এই ডগ স্কোয়াড দিয়ে আগামীতে তল্লাশি করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন মহাপরিচালক সঞ্জয় কুমার চৌধুরী। তিনি বলেন, চাহিদা ও সরবরাহ কমাতে পারলেই বোঝা যাবে দেশে মাদকাসক্তের সংখ্যা কমছে। আমরা সেটাই করার চেষ্টা করছি। এ ক্ষেত্রে জনগণকে আরো বেশী সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মাদকবিরোধী প্রতিবেদনের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার দুই সাংবাদিকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। স্মারক পেয়েছেন যমুনা টেলিভিশনের নাযমুস সাইদ ও দৈনিক সমকালের তাসলিমা তামান্না। এ ছাড়া আহছানিয়া মিশনের স্বাস্থ্য সুরা বিভাগের ১০ জন সদস্যকে পুরস্কৃত করা হয়। সবশেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বছরব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রস্তাবিত শিক্ষা আইনের কয়েকটি ধারা-উপধারা সংশোধনের দাবি প্রকাশকদের

0

বাংলাদেশে কোনও ‘নোট গাইড’ বই নেই বলে দাবি করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। সংগঠনটির সহ-সভাপতি কামরুল হাসান শায়ক বলেন, “বাজারে ‘নোট গাইড’ বইয়ের কোনও অস্তিত্ব নেই। অনুশীলনমূলক বইকে নোট গাইডের তকমা দিয়ে বিক্রি বন্ধ করার প্রস্তাব করা হয়েছে আইনে। এই বিধিনিষেধ আরোপের যে প্রস্তাব’ তা শিক্ষাখাত তথা জাতির বৃহত্তর স্বার্থে পুনর্বিবেচনার দাবি রাখে। তা না হলে পুরো শিল্প ধ্বংসের মুখে পড়বে।”

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৯ -এর কয়েকটি ধারা-উপধারা সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলনে আয়োজন করে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিসহ ১২টি সংগঠন। আগামী ২৪ ফেব্রুয়ারি সোমবার সারা দেশের বইয়ের দোকান বন্ধ রেখে মানববন্ধন করবে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।

আইনে অনুশীলন বইয়ের সংজ্ঞা ঠিক করার দাবি করে জনাব শায়ক বলেন, ‘আইনে অনুশীলন বইয়ের সংজ্ঞায়িত করতে হবে। অনুশীলন বইয়ের মানোন্নয়ন এবং অনিয়ম নিয়ন্ত্রণের জন্য মনিটরিং সেল গঠন করা যেতে পারে।’

শায়ক দাবি করে বলেন, অনুশীলন বই বন্ধ হয়ে গেলে শিক্ষার্থীরা পুরোপুরি কোচিং সেন্টার ও গৃহশিক্ষকের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। এছাড়া অনুশীলন বইয়ের খাতে বিশাল যে জনগোষ্ঠী কর্মরত আছেন, তারা বেকার ও অর্ধবেকার হয়ে পড়বেন। ২৩ লাখ ১০ হাজার মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে।’

লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি আরিফ হোসেন ছোটন বলেন, “প্রস্তাবিত আইনে নোট গাইড’ সংজ্ঞায়িত করা হয়েছে কিন্তু অনুশীলনমূলক বইয়ের কোনও সংজ্ঞা নেই। ‘নোট গাইড’ হচ্ছে পাঠ্যবইয়ে দেওয়া উত্তরগুলো সরাসরি থাকে’ যা বাণিজ্যিকভাবে বিক্রি করা হয়। শিক্ষার্থীরা তা মুখস্ত করে পরীক্ষায় অংশ নেয়। অন্যদিকে অনুশীলন বইয়ের বিষয় বস্তু হচ্ছে পাঠ্য বিষয়ের সহজে অনুধাবন, প্রশ্নের নমুনা, উন্নত উত্তর লেখন পদ্ধতি। শিক্ষার্থীরা অনুশীলন বই মুখস্ত করে না। কারণ তা মুখস্ত করে কোনও লাভ নেই। সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় কোনও প্রশ্ন কমন পড়ে না।”

সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের অনুশীলন বই উপস্থাপন করেন কামরুল হাসান শায়ক। বিশ্বের বিভিন্ন দেশে অনুশীলন বইয়ের সহাতায় পাঠ্যপুস্তক বই প্রকাশিত হয় দাবি করে সংগঠনের সভাপতি আরিফ হোসেন বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে একেক রকম সহায়ক বা অনুশীলন বই রয়েছে। সিঙ্গাপুরে শুধুমাত্র অনুশীলন বই দিয়েই চলে লেখাপড়া।’

নোট বই থেকে পরীক্ষায় প্রশ্নপত্র কমন পড়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সংগঠনের সহ-সভাপতি শ্যামল পাল বলেন, ‘কোনও অনুশীলন বই থেকে প্রশ্ন কমন পড়েনি। এটা বিগত বছরের প্রশ্ন থেকে এই বছরের প্রশ্ন করা হয়েছে। এই জন্য আমরা দায়ি নই। যারা প্রশ্নের প্রণেতা তারাই দায়ি।’

বক্তরা প্রস্তাবিত শিক্ষাআইন ২০১৯-এ সংশোধন ও সংযোজনের সুস্পষ্ট দাবি উত্থাপন করেন। দাবিটি নিম্নরূপ—

পরিমার্জিত শিক্ষা আইন-২০১৯ এর খসড়া
২(১১) “নোট ও গাইড বই” অর্থ যে পুস্তকসমূহে পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর আলোকে বিভিন্ন পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি উত্তর লিপিবদ্ধ থাকে, যাহা বাণিজ্যিকভাবে বিক্রয় করা হয়।
১৬(১) কোন ধরনের নোট বই বা গাইড বই মুদ্রণ, বাধাই, প্রকাশ বা বাজারজাত করা যাইবে না।
১৬(২) উপ-ধারা (১) এর বিধানের লংঘন করিয়া কেহ কোনো কার্য করিলে তিনি অনুর্ধ্ব তিন বত্সর কারাদণ্ড বা অনুর্ধ্ব পাচ লক্ষ টাকা অর্থ বা উভয় দণ্ডনীয় হবেন।
১৬(৩) কোন শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক শিক্ষার্থীদের নোট বই, গাইড বই ক্রয় বা পাঠে বাধ্য করিলে বা উত্সাহ প্রদান করিলে উহা অসাদাচরণ হিসেবে গণ্য হবে, এবং সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবস্থাপনা কমিটি বা পরিচালনা কমিটির সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক এখতিয়ারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাইবে।

অন্তর্ভুক্ত করার দাবি
২(১১) ‘নোট-গাইড বই’ অর্থ যে পুস্তকসমূহে পাঠ্যপুস্তক বোর্ডের (NCTB) পাঠ্যপুস্তকে প্রদত্ত প্রশ্নাবলির উত্তর লিপিবদ্ধ থাকে, যাহা বাণিজ্যিকভাবে বিক্রয় করা হয়।
‘অনুশীলনমূলক বই’ অর্থ যে পুস্তকসমূহে পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ব্যাখ্যা-বিশ্লেষণ এবং পর্যাপ্ত নমুনা প্রশ্ন ও উত্তর কিংবা টেক্সট লিপিবদ্ধ থাকে, যাহার অনুশীলন শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে সহায়ক হয়।
১৬(১) কোন ধরনের নোট বই বা গাইড বই মুদ্রণ, বাঁধাই, প্রকাশ বা বাজারজাত করা যাইবে না। তবে যদি তা নোট-গাইড না হয়ে এমন হয় যাহা অনুশীলনের মাধ্যমে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায় অথবা যাহা শিক্ষা সহায়ক সাপ্লিমেন্টারি টেক্সট বই বা অনুশীলনীমূলক বই, তাহা প্রকাশ করা যাইবে।
উপ ধারা ১৬(৪) নতুন যুক্ত করতে হবে
জ্ঞান অর্জনে সহায়ক যে কোন অনুশীলনমূলক শিক্ষা উপকরণ বা বই-এর জন্য ২নং উপধারা প্রযোজ্য হইবে না।

অনুশীলনমূলক বই— বিক্রি বন্ধের জন্য ২০১৫ সালে হাইকোর্টের দেওয়া রুল এখনও নিষ্পতি হয়নি দাবি করে আইনজীবি পার্থ সারথি মন্ডল বলেন, “রিটের আদেশে বলা ছিল রুল নিষ্পতি না হওয়া পর্যন্ত ‘অনুশীলনমূলক সহায়ক বই’ বিক্রি অব্যাহত থাকবে। কিন্তু আইনপ্রয়োগকারী সংস্থা ও স্থানীয় প্রশাসন তা মানছেন না। তারা এটা নিয়ে ফায়দা নেওয়া চেষ্টা করছেও। যা আদালত অবমাননার শামিল।’’

প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৯ এর কয়েকটি ধারা-উপধারা সংশোধনের দাবিতে আগামী ২৪ ফেব্রুয়ারি সারাদেশে মানববন্ধন করবে সংগঠনগুলো। ওইদিন সারাদেশের বই বিক্রির দোকান বন্ধ রাখাও ঘোষণা দিয়েছেন সংগঠনের সভাপতি আরিফ হোসেন ছোটন।

সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন (ছোটন), সহ-সভাপতি শ্যামল পাল, সহ-সভাপতি কামরুল হাসান শায়ক, সহ-সভাপতি মির্জা আলী আশরাফ কাশেম, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির রাজধানী কমিটির সভাপতি মাজহারুল ইসলাম, বাংলাদেশ ওয়েব প্রিন্টার্স এসোসিয়েশনের সভাপতি রাব্বানি জাব্বার, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাবেক সভাপতি ওসমান গনি, বাংলাদেশ পুস্তক বাঁধাই ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ আল মাহমুদ।

বঙ্গবন্ধু আমাদের সফলতার প্রধান উৎস : আহমেদ আকবর সোবহান

0

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, আমাদের সমস্ত সফলতার প্রধান উৎস আমাদের বঙ্গবন্ধু; যিনি এ দেশের স্বপ্ন দেখতেন। তিনি দেশটা স্বাধীন করেছেন। স্বাধীন করার পরে তিনি যখন দেশটা গড়তে শুরু করলেন, ষড়যন্ত্রকারীরা তাকে নির্মমভাবে হত্যা করল। বঙ্গবন্ধু থাকলে হয়তো আরো ২৫ বছর আগে আজকের অবস্থানে যেতে পারতাম।

আজ শনিবার রাজধানীর অদূরে কেরাণীগঞ্জের পানগাঁওয়ে স্থাপিত দেশের প্রথম বেসরকারি বিটুমিন কারখানা ‘বসুন্ধরা বিটুমিন প্লান্ট’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরকারি-বেসরকারি নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড ও অবকাঠামো নির্মাণ খাতে গতি আনতে বেসরকারি পর্যায়ে বিটুমিন উৎপাদনের পদক্ষেপ নিয়েছে বসুন্ধরা গ্রুপ। আজ শনিবার বেলা পৌনে ১২টায় পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। একে একে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা।

বসুন্ধরা গ্রুপের সিস্টার কনসার্ন বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কম্পানি লিমিটেড নির্মিত এই কারখানায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিশেষ অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং অনুষ্ঠানের সভাপতি আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান বলেন, আমাদের বসুন্ধরা গ্রুপ অন্তত ৩০টি শিল্পকারখানা করেছে। বিশাল দুটি হাউজিং করেছে। বসুন্ধরা গ্রুপের একটি বৈশিষ্ট্য, বসুন্ধরা গ্রুপ শুধু নিজের জন্য করে না।

তিনি বলেন, আমাদের সমস্ত উৎসাহ-উদ্দীপনার মূল বঙ্গবন্ধু। তার উৎসাহ-উদ্দীপনায় আজ বাংলাদেশ সৃষ্টি হয়েছে। দেশের অর্থনীতি উন্নত হয়েছে। একসময় বলা হতো তলাবিহীন ঝুড়ি, আজ সারা দুনিয়া বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।

পরিশোধিত ক্রুড অয়েলের উপজাত থেকে তৈরি বিটুমিন সড়ক-মহাসড়ক নির্মাণে ব্যবহার করা হয়। আর বাংলাদেশের মতো দেশগুলো বেশির ভাগ ক্ষেত্রেই আমদানি করা বিটুমিনের ওপর নির্ভরশীল। দেশে বিটুমিনের মাসিক চাহিদা ৪২ হাজার টন। এই চাহিদা প্রতিবছর গড়ে ১০ থেকে ১৫ শতাংশ হারে বাড়ছে। বসুন্ধরা বিটুমিন প্লান্ট এককভাবে বছরে সাড়ে আট লাখ মেট্রিক টন বিটুমিন উৎপাদন করতে পারবে। ফলে সরকারের বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

সূত্র জানায়, আমদানিনির্ভরতা কমিয়ে একই সঙ্গে সময়মতো চাহিদার জোগান এবং গুণগত মান নিশ্চিত করতে বেসরকারি খাতে বসুন্ধরা গ্রুপই দেশে প্রথমবারের মতো বিটুমিন উৎপাদনের উদ্যোগ নিয়েছে। এই কারখানায় উৎপাদিত বিটুমিন মানগত দিক দিয়ে সাধারণ বিটুমিনের চেয়ে আরো উন্নত হবে। এটি হবে বিশ্বের সেরা ব্র্যান্ডের বিটুমিনের সঙ্গে তুলনীয়। এ ছাড়া ক্রেতার চাহিদামতো গ্রেড ও মানের বিটুমিন সরবরাহ করা যাবে।

বসুন্ধরা বিটুমিন কারখানাটি স্টেট অব আর্ট অবকাঠামো হিসেবে গড়ে তোলা হয়েছে, যেখানে রয়েছে উন্নত মানের সব সেবা ও সুযোগ-সুবিধা। ক্রেতাকে চাহিদা অনুয়ায়ী সময়মতো ড্রাম বা বাল্ক আকারে বিটুমিন সরবরাহ দেওয়ার জন্য কারখানা এলাকায় দক্ষ ও মানসম্পন্ন সুযোগ-সুবিধার অবকাঠামোও গড়ে তোলা হয়েছে। নতুন কারখানাটি চাহিদা অনুযায়ী উন্নত গ্রেডের বিটুমিন উৎপাদন করবে। কাটব্যাক, এমালসিফাইড, অক্সিডাইজড ও পলিমারসহ (এসবিএস, রাবার পাউডার) ক্রেতার চাহিদা অনুযায়ী উৎপাদন ও সরবরাহে সক্ষম এই প্লান্ট।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিয়ন্ত্রণাধীন ইস্টার্ন রিফাইনারি অভ্যন্তরীণভাবে কিছু বিটুমিন উৎপাদন করে। চাহিদার বাকি ৯০ শতাংশই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। আর আমদানি করা বিটুমিনের মান নিয়ে প্রশ্ন আর অভিযোগ উঠেছে বারবার। বলা হয়েছে, নিম্নমানের হওয়ায় এসব বিটুমিন সড়কে ব্যবহারের পর তা টেকসই হচ্ছে না। এতে সরকারের উন্নয়ন প্রকল্পের অর্থের সদ্ব্যবহার সম্ভব হচ্ছে না। আবার সরকারকে চাপে পড়ে আবার নতুন প্রকল্পও নিতে হয় মাঝেমধ্যে। এ অবস্থায় দেশেই সর্বোচ্চ মানসম্পন্ন বিটুমিন উৎপাদনের পরিকল্পনা পুরো অবকাঠামো উন্নয়ন খাতে ইতিবাচক বড় ভূমিকা রাখবে। আর বসুন্ধরা বিটুমিন প্লান্টটিও স্থাপন করা হয়েছে সেই লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে। এখানে আদর্শ বিপণন ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। বিটুমিনের পাশাপাশি এই প্লান্টে জ্বালানি তেলসহ কিছু বাই-প্রডাক্টও উৎপাদন করা হবে।

দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ হিসেবে বসুন্ধরা এরই মধ্যে সিমেন্ট, পেপার, টিস্যু, এলপিজি উৎপাদন ও বিপণন, জ্বালানি এবং ট্রেডিং খাতে সাফল্যের স্বাক্ষর রেখেছে। এরই ধারাবাহিকতায় সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত বসুন্ধরা বিটুমিন প্লান্টও রপ্তানিনির্ভরতা দূর করে অভ্যন্তরীণ চাহিদার অতিরিক্ত উৎপাদন করে বিদেশে বিটুমিন রপ্তানিতে উদ্যোগী হবে।