Home Blog Page 3137

বিজরী-দিনারের গৃহকর্মীর রক্তাক্ত মরদেহ বাসার সামনে পড়ে ছিল

0

বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনারের বাসার গৃহকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম তানজিন (১৫)। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় উত্তরার আজমপুর ৭ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের পেছনের একটি ভবনের সামনে থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ বলছে, ৯তলা ভবনের ছাদ থেকে তানজিন লাফিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে—সে বিষয়ে কিছু জানা যায়নি।

নিহতের পারিবারিক সূত্র জানায়, তানজিন সুনামগঞ্জ জেলার শালনা থানার আবদুল হাকিমের মেয়ে। উত্তরার ওই ভবনের ৮ তলায় এবি নম্বর ফ্ল্যাটে অভিনয়শিল্পী দম্পতি বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনারের বাসায় গৃহকর্মী ছিল তানজিন।

উত্তরা পশ্চিম থানার এসআই সুকান্ত বলেন, গতকাল বেলা পৌনে ১২টায় স্থানীয়রা রক্তাক্ত লাশটি দেখতে পায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, ওই কিশোরীকে সচরাচর ছাদে যেতে দেয়া হতো না। এমনকি ওই ভবনের কেউই তেমন ছাদে যায় না। কিন্তু গতকাল বেলা পৌনে ১২টায় ওই কিশোরী ছাদে গিয়ে লাফ দেয়। আশপাশের ভবনের বাসিন্দারা জানিয়েছে, তাকে লাফ দিতে দেখে ওই ভবনের পাশের ছাদে থাকা দুই জন নিষেধও করেন। কিন্তু সে কারো কথাই শোনেনি।

এক প্রশ্নের উত্তরে এসআই বলেন, কী কারণে তানজিন আত্মহত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই বাসার সবাই তানজিনকে আদর করতেন। নিয়মিত নতুন জামা-কাপড়ও কিনে দিতেন।

পশ্চিমবঙ্গে বরকতের গ্রাম হতে যাচ্ছে ইতিহাস

0

কলকাতা থেকে ১৭৫ কিলোমিটার দূরে। মুর্শিদাবাদ জেলার একটি গ্রাম সালার। গ্রামটি হতে চলেছে ইতিহাসের সাক্ষী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন আজ শুক্রবার সেখানে উন্মোচিত হতে যাচ্ছে ভাষা শহীদ আবুল বরকতের প্রতিকৃতি। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শুভেন্দু অধিকারী এটি উন্মোচন করবেন।

ভাষা আন্দোলনের ইতিহাসের বেশ খানিকটা জড়িত এই সালার। শহীদ বরকতের জন্ম এই গ্রামে। পশ্চিমবঙ্গে মেট্রিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়তে যান বরকত। জড়িয়ে পড়েন ভাষা আন্দোলনের সঙ্গে। একুশে ফেব্রুয়ারি সেই রক্তমাখা দিনে পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন বরকত। সেইসঙ্গে সালাম, রফিক, জব্বার এবং শফিউর রহমান।

স্থানীয় তৃণমূল নেতা গৌতম রায় বলেন, ‘সালারে বরকতের নামে একটি গ্রন্থাগার এবং ক্লাব আছে। এবার আমরা ওনার প্রতিকৃতি বসাচ্ছি।’

বরকতের প্রতিকৃতি উন্মোচন নিয়ে গ্রামে এখন খুশির হাওয়া। গ্রামের অনেক বাসিন্দা কালের কণ্ঠকে বলেছেন, গ্রামে বরকতের প্রতিকৃতি যখন বসানো হচ্ছে, এর সঙ্গে যেন ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের ওপর একটি সংগ্রহশালা নির্মাণ করা হয়।

গ্রামের কয়েকজন পুরনো বাসিন্দা এখনো বলতে পারেন বরকতের কথা। তাঁরা জানান, মেধাবী ছাত্র বরকত ১৯৪৮ সালে ঢাকায় যান। দেশ স্বাধীন হওয়ার পর তাঁর পরিবারের সদস্যরা বাংলাদেশে চলে যান। যাওয়ার আগে বাড়ি এবং সংলগ্ন জমি দান করে যান।

সেই বাড়িতে এখন থাকেন গ্রামেরই এক পরিবার। পরিবারটির সদস্য গোলাম মোর্শেদ জানান, তিনি বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব বোঝেন। তিনি বলেন, ‘তবে আমাকে কোনদিন সরকারের তরফ থেকে বলা হয়নি এখানে ভাষা শহীদের নিয়ে সংগ্রহশালা হবে। যদি তেমন কোনো প্রস্তাব থাকে আমি বিবেচনা করব।’

গ্রামবাসী জানান, তারা চান সালারকে ঘিরে গড়ে উঠুক ভাষা আন্দোলন এবং ভাষা শহীদদের সংগ্রহশালা এবং স্মৃতিসৌধ। একজন বলেন, ‘আন্দোলনটি ছিল বাংলাভাষার জন্য। বাংলাদেশ যেভাবে সে আন্দোলনের কথা মনে রেখেছে, আমাদেরও মনে রাখতে হবে। আগামী প্রজন্মের জন্য বরকতের জন্মস্থান সালারকে সেই মর্যাদা দিতে হবে।’

স্থানীয় তৃণমূল নেতারা জানান, তাঁরা গ্রামের মানুষের আবেগের কথা জানেন। মন্ত্রী শুভেন্দু অধিকারীকে সেই আবেগের কথা জানাবেন বরকতের প্রতিকৃতি উন্মোচনের সময়।

সীমান্তে যৌথভাবে মহান শহীদ দিবস পালিত

0

দিনাজপুরের হিলি সীমান্তে শ্রদ্ধাঞ্জলি বিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে পালন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেইটের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফ’র উপস্থিতিতে ভারতের পক্ষে দেশটির উজ্জীবন সোসাইটির সাধারণ সম্পাদক সুরুজ দাস ও বাংলাদেশের পক্ষে মুক্তিযোদ্ধা লিয়াকত আলি শ্রদ্ধাঞ্জলি বিনিময় করেন। সেখানে দুই দেশের শিল্পীরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়। পরে বিজিবি ও বিএসএফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বক্তারা বলেন, সীমান্তে কাটাতারের বেড়া দিয়ে দুই দেশকে বিভাজন করতে পারলেও আমাদের মন, আত্মা ও ভাষাকে বিভাজন করতে পারেনি। বাংলা ভাষা, বাঙালির ভাষা সবচেয়ে গর্বের বিষয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, জয়েন্ট মুভমেন্ট করিডোরের আহ্বায়ক নবকুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

বেসরকারি খাতে দেশের প্রথম বিটুমিন প্ল্যান্ট, কাল উদ্বোধন

0

বাংলাদেশে প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে স্থাপিত বিটুমিন প্ল্যান্টের উদ্বোধন ঘটতে যাচ্ছে আগামীকাল। শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ বসুন্ধরা গ্রুপের এই শিল্পদ্যোগ দেশে বিটুমিনের চাহিদা মেটাবে।

রাজধানী ঢাকার অদূরে কেরানিগঞ্জের পানগাঁওয়ে ‘বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট’ গড়ে তুলেছে বসুন্ধরা ওয়েল অ্যান্ড গ্যাস কম্পানি লিমিটেড। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর প্রমুখ।

রিফাইন্ড ক্রুড ওয়েলের বাই-প্রোডাক্ট থেকে অর্গানিক উপাদান হিসেবে প্রস্তুত করা হয় বিটুমিন। এর কাজ পদার্থগুলোকে শক্তভাবে জুড়ে দেওয়া। রাস্তাঘাট নির্মাণে ব্যাপক হারে বিটুমিনের ব্যবহার ঘটে থাকে। কারণ বিটুমিন উৎপাদন অপেক্ষাকৃত সহজ, পুনঃব্যবহাযোগ্য, বিষক্রিয়াহীন এবং শক্তিশালী বন্ধন সৃষ্টিতে সক্ষম।

বাংলাদেশে প্রতিবছর বিপুল পরিমাণ বিটুমিন বা অ্যাসফাল্ট প্রয়োজন হয়। বিভিন্ন সূত্র বলছে, দেশে প্রতিমাসে ৪২ হাজার টনের মতো বিটুমিন দরকার। তাছাড়া উন্নয়ন কার্যক্রম বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বিটুমিনের চাহিদা বছর পেরোলেই গড়ে ১০-১৫ শতাংশ হারে বাড়ছে। চাহিদার ৯০ শতাংশই আমদানি করতে হয়। একইসাথে চাহিদা ও গুণগত মান নিশ্চিতকরণে বেসরকারিখাতের উদ্যোগে দেশে প্রথমবারের মতো প্রথমবারের মতো ‘বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট’ গড়ে উঠছে।

বসুন্ধরার এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এই অ্যাসফাল্ট প্ল্যান্ট চাহিদা অনুযায়ী উন্নত গ্রেডের বিটুমিন প্রস্তুত করবে। কাটব্যাক, এমালসিফাইড, অক্সিডাইজড এবং পলিমারসহ (এসবিএস, রাবার পাউডার) ক্রেতার চাহিদা অনুযায়ী উৎপাদন ও সরবরাহে সক্ষম এই প্ল্যান্ট। এখান থেকে বছরে সাড়ে ৮ লাখ টন বিটুমিন ও পিচ উৎপাদন করা হবে। এছাড়াও গতানুগতিক পেনিট্রেশন গ্রেড (৬০-৭০/৮০-১০০) ও উন্নত গ্রেডের বিটুমিন উৎপাদনে সক্ষম আমরা।

এর মধ্যে বিপিসির নিয়ন্ত্রণাধীন ইস্টার্ন রিফাইনারি ৭০ হাজার টন উৎপাদন করে। বাকি বিটুমিন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। তবে প্রায়ই বিদেশ থেকে নিম্নমানের বিটুমিন আমদানি করে সড়কে ব্যবহারের কারণে সড়ক টেকসই হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় দেশেই সর্বোচ্চ মানসম্পন্ন বিটুমিন উৎপাদনের পরিকল্পনা নিয়ে নতুন প্ল্যান্ট স্থাপন করেছে বসুন্ধরা গ্রুপ।

এই ফ্যাসিলিটিতে ড্রাম প্রোডাকশন এবং ফিলিং ফ্যাসিলিটিসহ লোডিং ব্যবস্থাও গড়ে তোলা হয়েছে। এখানে আদর্শ বিপণনব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। বিটুমিনের পাশাপাশি জ্বালানি তেল এবং অন্যান্য কিছু বাই-প্রোডাক্ট উৎপাদন করা হবে।

সর্বাধুনিক প্রযুক্তিতে গড়ে তোলা বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও পণ্য রপ্তানিতে উদ্যোগী হবে। শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ হিসেবে বসুন্ধরা ইতোমধ্যে সিমেন্ট, পেপার, টিস্যু, এলপিজি উৎপাদন ও বিপণন, জ্বালানি এবং ট্রেডিং খাতে উজ্জ্বল স্বাক্ষর রেখেছে।

বিকৃত উচ্চারণে নতুন প্রজন্মকে বাংলা না বলার আহ্বান প্রধানমন্ত্রীর

0

বুকের রক্ত দিয়ে মায়ের ভাষার মর্যাদা রক্ষা করেছেন ভাষা শহীদরা। আর যারা সন্তানদের মায়ের ভাষা শেখান না, তাদের দীনতা রয়েছে। শুক্রবার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, অনেক রক্তের বিনিময়ে বিশ্বে আজ বাংলা ভাষা মর্যাদা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ব একটি গ্লোবাল ভিলেজ, অন্য ভাষা শেখার প্রয়োজন আছে, তবে মাতৃভাষা বাদ দিয়ে নয়। দেশের মাটিতে থেকেও যারা সঠিক ভাবে বাংলা বলতে পারে না তাদের জন্য করুনা করা ছাড়া কিছু করার নেই।

এ সময় বিকৃত উচ্চারণে নতুন প্রজন্মকে বাংলা না বলার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পাকিস্তানিরা বার বার আমাদের ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত করেছে। ৫২তে ভাষা শহীদরা সেই ষড়যন্ত্র রুখে দিয়ে ভায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠিত করেছে। তাদের সেই অবদানে ২১শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ভাষা শেখার জন্য মাতৃভাষা ইন্সটিটিউটে বিশেষ ফান্ড গঠন করা হবে। যারা ভাষা শিখবে তারা বিভিন্ন ফেলোশিপ পাবে। নৃ গোষ্ঠির শিক্ষার্থীদের প্রাক প্রাথমিক থেকে মাতৃভাষায় লেখাপড়া করার সুযোগ করে দেয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছেন জাতির জনক বন্ধু। তিনিই প্রথম বাংলাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে গেছেন।

পদ্মা সেতুতে বসলো ২৫তম স্প্যান

0

আজ পদ্মা সেতুতে বসলো ২৫তম স্প্যান । শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৯ ও ৩০ নম্বর পিলারের ওপর বসানো হয় স্প্যানটি । এতে দৃশ্যমান হয়েছে সেতুর তিন হাজার ৭শ ৫০ মিটার অংশ। পদ্মাসেতুর প্রকৌশল সূত্র জানায়, সকালে মাওয়ার কন্সট্রাকশন ইয়ার্ড থেকে তিয়ান-ই ক্রেনে করে স্প্যানটি শরীয়তপুরের দিকে নিয়ে যাওয়া হয়। শুক্রবার বিকেল তিনটার দিকে বসানো হয় স্প্যানটি।

২৪তম স্প্যান বসানোর ১০ দিন পর বসানো হল ২৫ তম স্প্যান। পদ্মা সেতুতে ৪১ টি স্প্যানের মধ্যে ৩৭ টি স্প্যান কন্সট্রাকশন সাইটে আছে যার মধ্যে ২৫ টি বসানো হল।

পদ্মা সেতুর মোট ৪২টি পিলারের মধ্যে বর্তমানে কাজ সম্পন্ন হয়েছে ৩৮টির। সেতুতে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ৫২০টি রেল স্ল্যাব বসানো হয়েছে। ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ২১৫টি স্ল্যাব বসানো শেষ হয়েছে। পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে ২৫টি স্প্যান বসে গেছে। ৬ দশমিক ১৫ দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে।

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। স্পিকারের পর ডেপুটি স্পিকার ফজলে রাব্বী পুষ্পস্তবক অর্পণ করেন।
স্পিকার ও ডেপুটি স্পিকারের পর শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা। পরে সংসদের চিফ হুইপ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়ররা, তিন বাহিনীর প্রধানরা, পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর দেশের সূর্যসন্তান যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন দেশের কূটনীতিক, নানা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনারে।

মিলবে চিকিৎসাসেবা, খরচ দুই টাকা!

0

বর্তমান বাজারে দুই টাকা দিয়ে কী পাওয়া যাবে? এমন প্রশ্নের উত্তরে আপনি হয়তো বলবেন, দুই টাকায় সর্বোচ্চ একটা লজেন্স কিংবা একটা দিয়াশলাই মিলতে পারে। গত ১০ বছরে দেশের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে, তাতে দুই টাকায় এখন এক কাপ চা-ও মেলে না। যদি বলা হয়, দুই টাকায় চিকিৎসাসেবা মিলছে! এমন তথ্য শুনে বিস্মিত হবে অনেকে। দেশের চিকিৎসা ব্যয় যেখানে হু হু করে বাড়ছে, সেখানে দুই টাকায় কী ধরনের সেবা পাওয়া যাবে? কিংবা কারা চিকিৎসা দেন এবং কারা চিকিৎসা নেয় তা নিয়ে নিশ্চয়ই কৌতূহল তৈরি হবে।

রাজধানীর উত্তরায় কার্ডিও কেয়ার হাসপাতালে সপ্তাহের একটি দিন মেলে দুই টাকার চিকিৎসাসেবা। পারি ফাউন্ডেশন নামের একটি অলাভজনক ও স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের উদ্যোগে প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিকিৎসাসেবা দেওয়া হয়ে থাকে।

দুই টাকায় চিকিৎসাসেবা মেলে এমন খবর শুনে উত্তরায় কার্ডিও কেয়ার হাসপাতালে ভিড় বাড়ছে। উত্তরার টেগপাড়া, দিয়াবাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে শুক্রবার রোগী আসে কার্ডিও কেয়ার হাসপাতালে। এলার্জি, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, গর্ভকালীন সমস্যা, অ্যাজমা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয় সেখানে। চিকিৎসার পাশপাশি রোগীদের ওষুধও সরবরাহ করা হয় আয়োজকদের পক্ষ থেকে।

দুই টাকায় চিকিৎসাসেবার খবর শুনে সম্প্রতি এক শুক্রবার রাজধানীর উত্তরায় কার্ডিও কেয়ার হাসপাতালে সরেজমিন গিয়ে দেখা গেল, অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত মানুষ ডাক্তারের জন্য অপেক্ষা করছেন। এক এক করে রোগী দেখছেন ডাক্তার। ডাক্তার দেখানোর পর রোগীদের ওষুধও দেওয়া হচ্ছে। উত্তরার ফুলবাড়িয়া বস্তিতে থাকেন পারুল আক্তার। কোমরব্যথায় ভুগছেন দীর্ঘদিন ধরে। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছেন না। দুই টাকায় চিকিৎসাসেবার কথা শুনে চলে এসেছেন কার্ডিও কেয়ার হাসপাতালে। একই এলাকার সন্তানসম্ভাবনা মোর্শেদা আক্তার। ডাক্তারের ভিজিট দুই টাকা আর আল্ট্রাসনোগ্রামে রাখা হয় ১০ টাকা। মাত্র ১২ টাকায় চিকিৎসাসেবা পেয়ে খুশি মোর্শেদা।

দুই টাকায় চিকিৎসাসেবার ধারণাটি কিভাবে এলো জানতে চাইলে পারি ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল তালেব কালের কণ্ঠকে বলেন, ‘উত্তরা এলাকায় আমিসহ আরো কয়েকজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা বিভিন্ন পেশায় সম্পৃক্ত আমরা একসঙ্গে হলাম, উদ্দেশ্য মানুষের সেবা। তারপর এই পথচলা।’

উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেল, ২০১৮ সালের ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের দিন উত্তরার ১২ নম্বর সেক্টরে পাইলট আকারে তাঁদের স্বাস্থ্য ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। পারি ফাউন্ডেশনের কার্যনির্বাহী পদে আছেন ডা. ফয়সাল আহমেদ, যিনি এনাম মেডিক্যাল কলেজ থেকে পড়াশোনা করে এখন ফেয়ার লাইফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে কর্মরত। ডা. ফয়সাল আহমেদ বলেন, ‘প্রতীকী মূল্যে আমরা চিকিৎসাসেবা দিয়ে থাকি।’ ওষুধ কোত্থেকে আসে, এমন প্রশ্নে ডা. ফয়সাল আহমেদ জানান, স্কয়ার, ইনসেপ্টা, হেলথ কেয়ার থেকে বিনা পয়সায় ওষুধ পাওয়া যায়। সেই ওষুধ রোগীদের বিনা মূল্যে সরবরাহ করা হয়। ডা. ফয়সাল বলেন, ‘আমাদের এখানে ডাক্তার ফ্রি, ওষুধ ফ্রি। কার্ডিও হাসপাতাল কর্তৃপক্ষ সপ্তাহের এক দিন আমাদের একটি ফ্লোর ফ্রি দিচ্ছে। দুই টাকায় চিকিৎসাসেবার সঙ্গে আছেন বিভিন্ন নামকরা হাসপাতালের ডাক্তাররা। এর মধ্যে এনাম মেডিক্যালের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. দেব প্রসাদ পাল, ডা. হোসাইন রেহনুমা তারান্নুম সৃষ্টি, ডা. আবুল খায়ের ভুঁইয়া, ডা. ফয়সাল আহমেদসহ অনেকে।

‘ভাষা আন্দোলনের মূলনীতি ছিল রাজনৈতিক অধিকার নিশ্চিত করা’

0

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, আমাদের ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকারের প্রতি সীমাবদ্ধ ছিল না। এটাকে কেন্দ্র করে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশের যে মূলমন্ত্র সেটা তৈরি হয়েছে। এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতি সকল নাগরিকের সকল অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। আমরা অনেক দূর এগিয়েছি। আরো এগিয়ে যেতে হবে। এটা সারাবছর মনে রাখতে হবে।

আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ড. ইফতেখারুজ্জামান।

তিনি আরো বলেন, একুশের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, সুশাসনের আন্দোলন, দূর্নীতি বিরোধী একই সূত্রে গাথা। বাংলা ভাষা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। এটা তরুণ প্রজন্মকে জানাতে হবে।

সোমবারের মধ্যে এক হাজার কোটি টাকা দিয়ে আসুন

0

আগামী ২৪ ফেব্রুয়ারি সোমবারের মধ্যে গ্রামীণফোনকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ফান্ডে এক হাজার কোটি টাকা দিতে নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। আদালত আগামী ২৪ ফেব্রুয়ারি পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন। আদালত গ্রামীণফোনের আইনজীবীকে উদ্দেশ করে বলেছেন, সোমবারের মধ্যে এক হাজার কোটি টাকা দিয়ে আসুন। এরপর বাকি বিষয়ে আদেশ দেওয়া হবে। দুই হাজার কোটি টাকা পরিশোধে গ্রামীণফোনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন আদালত। আদালত গ্রামীণফোনের আইনজীবীকে উদ্দেশ করে বলেন, বাংলাদেশের আদালতকে ছোট ভাববেন না। মনে রাখবেন, এটি দেশের সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ গত রবিবার গ্রামীণফোনের প্রতি এ নির্দেশ দিয়েছেন। গত বছরের ২৪ নভেম্বর দেওয়া আদেশ পুনর্বিবেচনা চেয়ে গ্রামীণফোনের করা রিভিউ আবেদনের ওপর শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগ এ আদেশ দেন। আদেশের সময় গ্রামীণফোনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। বিটিআরসির পক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।

আদেশের পর ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আদালত বলেছেন সোমবারের মধ্যে এক হাজার কোটি টাকা দিয়ে আসতে। ওই দিন রিভিউ আবেদনের ওপর আদেশের জন্য দিন রেখেছেন আদালত। আমরা এখন এটা গ্রামীণফোনকে জানাব।’ তিনি বলেন, ‘আমরা আদালতে বলেছি ৫০০ কোটি টাকা এক মাসে দেব। বাকিটা ছয় মাসে সমানভাবে দেব। কিন্তু আদালত আমাদের এই আবেদন গ্রহণ করেননি।’

গতকাল শুনানিতে গ্রামীণফোনের আইনজীবী অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন বলেন, আপনারা দুই হাজার কোটি টাকা দিতে নির্দেশ দিয়েছিলেন। এই টাকা পরিশোধ করা হলে বিটিআরসির মূল দাবির ৮৭ শতাংশই পরিশোধ করা হয়ে যায়। তিনি বলেন, ‘বিটিআরসির মূল দাবি দুই হাজার ৩০০ কোটি টাকা। আমরা মূল দাবির ২৫ শতাংশ অর্থাৎ ৫৭৫ কোটি টাকা আগামী ১২ মাসের মধ্যে পরিশোধ করতে চাই।’ তিনি বলেন, ‘আমরা বিটিআরসিকে ৫০০ কোটি টাকা নিতে বলেছিলাম; কিন্তু তারা তা নেয়নি।’

এ সময় আদালত বলেন, কম টাকা নিয়ে যাবেন কেন? আপনারা তো আপিল বিভাগের আদেশ উপেক্ষা করার চেষ্টা করেছেন। এক হাজার কোটি টাকা দিয়ে এসে যদি বলতেন, তাহলেও আমরা বিবেচনা করতাম।

এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, প্রশাসক নিয়োগ দিয়ে দিন। তাহলে সব টাকা ছয় মাসের মধ্যে আদায় হয়ে যাবে।

এ সময় আদালত গ্রামীণফোনের আইনজীবীকে উদ্দেশ করে বলেন, আপনি যদি এখন বেশি টাকা দেন, তাহলে পরবর্তী সময়ে সেটা তো অ্যাডজাস্ট করে নিতে পারবেন।

অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন বলেন, ‘বিটিআরসির দাবি করা টাকার পরিমাণ নিয়ে তো আপত্তিই আছে। এটা বিচারাধীন। আমরা মনে করছি, বিটিআরসি যে পরিমাণ টাকা দাবি করছে সে পরিমাণ টাকা পাবে না।’

এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত যদি মনে করেন টাকা পরিশোধ করার জন্য আরো দু-এক দিন সময় দেবেন, তাহলে সেটা দিতে পারেন।

এ পর্যায়ে গ্রামীণফোনের আইনজীবী এ এম আমিন উদ্দিন চলতি মাসে ৫০০ কোটি টাকা দিতে রাজি হন। বাকি টাকা সমান কিস্তিতে পাঁচ মাসে পরিশোধের আবেদন জানান।

তখন আদালত বলেন, দুই হাজার কোটি টাকা দিলে সময় বাড়াব। তা না হলে সময় বাড়াব না। আদালত বলেন, আপনারা যদি মনে করেন বাংলাদেশের আদালত ছোট আদালত, এটা মনে করা ঠিক না। এটা দেশের সর্বোচ্চ আদালত।

তখন গ্রামীণফোনের আইনজীবী এ এম আমিন উদ্দিন বলেন, এই সময়ের মধ্যে পুরো টাকা পরিশোধ করা সম্ভব না। আপনারা যা বলেছেন, তা জানানোর জন্য রবিবার পর্যন্ত আমাদের সময় দিন।

আদালত বলেন, কথা বলে লাভ নেই। আগামী ৩০ দিনের মধ্যে বাকি টাকা (এক হাজার ৫০০ কোটি টাকা) দিয়ে দেবেন।

এ সময় অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন বলেন, ‘বাকি টাকা (এক হাজার ৫০০ কোটি টাকা) পরিশোধ করতে ছয় মাসের কিস্তির সুযোগ চাচ্ছি।’ এরপর আদালত আদেশ দেন।

গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা দাবি করে বিটিআরসির দেওয়া চিঠির কার্যকারিতার ওপর হাইকোর্ট গত বছরের ১৭ অক্টোবর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। এই আদেশ স্থগিত চেয়ে বিটিআরসি আপিল বিভাগে আবেদন করে। এই আবেদনের ওপর শুনানিকালে গ্রামীণফোন আপাতত কত টাকা দিতে পারবে তা প্রথমে ওই বছরের ৩১ অক্টোবরের মধ্যে এবং পরবর্তী সময়ে ১৪ নভেম্বরের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ ছিল। এ অবস্থায় গত বছরের ১৪ নভেম্বর গ্রামীণফোন আদালতকে জানায়, তারা শর্ত সাপেক্ষে ২০০ কোটি টাকা দিতে রাজি। পরে আপিল বিভাগ ২৪ নভেম্বর তিন মাসের মধ্যে দুই হাজার কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দেন।

এর আগে প্রায় ২৭টি খাতে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা (নিরীক্ষা আপত্তির দাবি) দাবি করে গ্রামীণফোনকে গত বছরের ২ এপ্রিল চিঠি দেয় বিটিআরসি। এই চিঠির বিরুদ্ধে ঢাকার নিম্ন আদালতে মামলা (মানি স্যুট) করে গ্রামীণফোন। মামলায় অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চায় গ্রামীণফোন। কিন্তু গত বছরের ২৮ আগস্ট নিম্ন আদালত এ আবেদন খারিজ করে দেন। নিম্ন আদালতের এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে গ্রামীণফোন। ওই আপিলটি শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একই সঙ্গে গ্রামীণফোনের কাছ থেকে টাকা আদায়ের ওপর দুই মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। এই নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে বিটিআরসি আপিল বিভাগে আবেদন করে। এ আবেদনে আপিল বিভাগ তিন মাসের মধ্যে দুই হাজার কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দেন। এরপর গ্রামীণফোন রিভিউ আবেদন করে।

গ্রামীণফোনের বক্তব্য
‘আপিলেট ডিভিশনের আদেশের বিষয়ে আমরা অবগত। রিভিউ পিটিশনের মাধ্যমে আমরা প্রত্যাশিত ফলাফল পাইনি। এই মুহূর্তে আমাদের কোনো মন্তব্য নেই।’