Home Blog Page 3138

তিন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

0

কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ আদেশ দেন। চাঁদাবাজির অভিযোগে করা মামলার আসামি পঙ্কজ শর্মার করা আবেদনে হাইকোর্ট এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ কে এম ফয়েজ ও বিথী রায়।

যে তিন চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন রামু স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. চিন্ময় বড়ুয়া, রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন ডা. শর্মিলা বড়ুয়া এবং রাজারকুল ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের সাবেক সহকারী সার্জন ডা. মৃত্যুঞ্জয় বড়ুয়া।

গতকাল আদেশের পর অ্যাডভোকেট এ কে এম ফয়েজ বলেন, কক্সবাজারের রামু উপজেলার মেরুংলোয়া গ্রামের বাসিন্দা শিরুপন বড়ুয়া চাঁদাবাজির অভিযোগে নয়ন শর্মা, আংগুরী বালা শর্মা ও পঙ্কজ শর্মার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় মামলার বাদী মেডিক্যাল সার্টিফিকেট দাখিল করেন।

বিবাদীরা ওই মেডিক্যাল সার্টিফিকেট মিথ্যা উল্লেখ করে তদন্ত চেয়ে কক্সবাজারের ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দেন। এ আদেশের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার বাদী কক্সবাজার দায়রা জজ আদালতে আবেদন করেন। আদালত বাদীর আবেদন খারিজ করেন। এরপর সিভিল সার্জন তদন্ত করে মেডিক্যাল রিপোর্ট মিথ্যা বলে প্রমাণিত হয়।

এরপর প্রতিবেদন এবং ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ স্থগিত চেয়ে জেলা জজ আদালতে রিভিশন আবেদন করেন ওই তিন চিকিৎসক। দায়রা জজ আদালত ম্যাজিস্টেট আদালতের আদেশ স্থগিত করে দেন। এ অবস্থায় দায়রা জজ আদালতের আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন পঙ্কজ শর্মা। আবেদনে ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ বহাল রেখেছেন।

‘বিএনপির রাজনীতি খালেদার বন্দিদশায় আটকা

0

‘খালেদা জিয়া কোনো রাজনৈতিক নন। তিনি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে শাস্তি ভোগ করছেন। বিএনপির রাজনীতি তাঁর (খালেদা জিয়া) অসুস্থ আর বন্দিদশার মধ্যে আটকে আছে।

আজ বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল। এইবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এসেছে মুজিব বর্ষের দ্বারপ্রান্তে। বাংলা ভাষাকে জাতিসংঘের সরকারি ভাষা হিসেবে অভিষিক্ত করার লক্ষ্যে আমরা কাজ করছি।

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া কতটুকু বাংলাভাষা ধারণ করেন সেটিই প্রশ্ন। কারণ তিনি ম্যাট্রিক পরীক্ষায় বাংলায় ফেল করেছিলেন আর উর্দুতে পাস করেছিলেন।’ তিনি বলেন, ‘তাঁদের (বিএনপি) আন্দোলনের কথা ১১ বছর ধরে শুনে আসছি৷ তাদের এই কথাগুলো মানুষের কাছে হাস্যকর হয়ে দাঁড়িয়েছে। তাঁকে (খালেদা জিয়া) মুক্ত করার আইনি পথ ছাড়া অন্যকোন পথ নেই।’

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাল ঢাকা বিশ্ববিদ্যালয়

0

মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ শ্রদ্ধা জানান।

এ সময় উপাচার্য ড. আখতারুজ্জামান বলেন, আমাদের একটি প্রমিত, পরিশীলিত ভাষা উন্নয়ন খুবই জরুরি। ভাষা উন্নয়ন যেন শুধু সাহিত্যের ভাষা না হয়। এই ভাষাটি হতে হবে বিজ্ঞানের ভাষা, চিকিৎসা বিজ্ঞানের ভাষা ও প্রকৌশল বিজ্ঞানের ভাষা। তাহলেই এই ভাষার ব্যাপকতা বৃদ্ধি পাবে।

তিনি আরো বলেন, ভাষা আন্দোলনের মৌলিক দর্শন ছিল যে কোনো জাতিগোষ্ঠীর ভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকা। এটাই বিশ্ব সভ্যতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অবদান।

‘বিএনপি চাইলে এ আয়োজনে সম্পৃক্ত হতে পারে’

0

মুজিববর্ষ উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না এবং সম্প্রদায়িক শক্তি তাদের মুজিববর্ষের আয়োজনে সম্পৃক্ত করা হবে না। তবে বিএনপি চাইলে এ আয়োজনে সম্পৃক্ত হতে পারে।

বৃহস্পতিবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্য এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সভার মূল এজেন্ডা ছিলো সফলভাবে মজিববর্ষ উদযাপন করতে সামগ্রিক অগ্রগতি এবং প্রস্তুতি পর্যালোচনা।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু মহানায়ক, তাকে নিয়ে আমরা দলীয়করণ করতে চাই না। তিনি সবকিছুর ঊর্ধ্বে। দল-মত-নির্বিশেষে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে সকলের জন্যই এ মুজিববর্ষ উদযাপন উন্মুক্ত থাকবে। এখানে সংকীর্ণতার কোন সুযোগ নেই।

বিএনপি আমন্ত্রণ পাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের জাতীয় সম্মেলনে বিএনপিকে দাওয়াত দিয়েছি। আর মুজিববর্ষের ক্ষণগণনায় তারা আমন্ত্রিত ছিলো। এখন তারা ডিসাইড করবেন, তারা থাকবেন কিনা। তাদের আমন্ত্রণ জানাচ্ছি, তারা অংশগ্রহণ করবে কিনা, সেটা তাদের ব্যাপার।

যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না এবং সম্প্রদায়িক শক্তি তাদের মুজিববর্ষ উদযাপনে সম্পৃক্ত করা হবে না জানিয়ে উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, সাম্প্রদায়িক শক্তিকে এর সঙ্গে সম্পৃক্ত করতে চায় না। এটা পরিষ্কারভাবে বলতে চাই।

মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে ২২ এবং ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। ২২ তারিখ অধিবেশন শুরুর আগে, আমরা যারা একাদশ জাতীয় সংসদ এর সদস্য; তারা একযোগে ধানমন্ডির বঙ্গবন্ধুর নিজস্ব যে বাসভবন সেই বাসভবনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবো। এর মধ্য দিয়ে বিশেষ অধিবেশনের কার্যক্রম শুরু হবে।

অধিবেশনের দুদিন বঙ্গবন্ধুকে নিয়ে সংসদে সদস্যরা বক্তব্য রাখবেন বলে জানান ক্ষমতাসীনদের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা।

মুজিববর্ষ উদযাপনের মধ্যদিয়ে দেশকে সারাবিশ্বের সামনে ‘বাংলাদেশ ব্রান্ড’ হিসেবে উপস্থাপনের বিশেষ পরিকল্পনা নিয়েছে সরকার৷

রমজানে দাম নিয়ন্ত্রণে ৩০ হাজার টন ভোজ্য তেল কিনবে সরকার

0

স্থানীয় বাজার থেকে দরপত্রের মাধ্যমে ৩০ হাজার মেট্রিক টন পরিশোধিত সয়াবিন তেল কিনবে সরকার। এ ছাড়া ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত চিনিও কেনা হবে। পরিশোধিত তেল সরবরাহ করবে ‘সুপার অয়েল রিফাইনারি লিমিটেড’ এবং ‘বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস লিমিটেড’। আর পরিশোধিত চিনি সরবরাহ করবে ‘সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের মাধ্যমে এগুলো কেনা হবে। আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের চাহিদা ও সরবরাহ স্বাভাবিক রাখতে এগুলো কেনা হচ্ছে। এ দুটি প্রস্তাবসহ আটটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’। এতে মোট ব্যয় হবে প্রায় ৯০৯ কোটি টাকা। গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা ও সরবরাহ স্বাভাবিক রাখতে স্থানীয় বাজার থেকে ৩০ হাজার মেট্রিক টন পরিশোধিত সয়াবিন তেল কেনা হবে। একই সঙ্গে ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত চিনি দরপত্রের মাধ্যমে সরাসরি কিনবে বাণিজ্য মন্ত্রণালয়। এগুলো কেনা হবে টিসিবির মাধ্যমে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জানান, ১৫ হাজার মেট্রিক টন করে মোট ৩০ হাজার মেট্রিক টন পরিশোধিত সয়াবিন তেল সরবরাহ করবে ‘সুপার অয়েল রিফাইনারি লিমিটেড’ এবং ‘বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস লিমিটেড’। এতে মোট ব্যয় হবে ২৯৭ কোটি ৩৯ লাখ টাকা। সরবরাহকৃতব্য তেলের মধ্যে পাঁচ হাজার মেট্রিক টনের সমপরিমাণ দুই লিটারের পেট বোতল এবং ২৫ হাজার মেট্রিক টনের সমপরিমাণ পাঁচ লিটারের পেট বোতল তেল রয়েছে। প্রতি লিটার তেলের মূল্য যথাক্রমে ৯১ টাকা ৯৫ পয়সা এবং ৯০ টাকা ৯৫ পয়সা। তিনি জানান, অন্যদিকে ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত চিনি সরবরাহ করবে ‘সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’। ট্যাক্স ও টিসিবির গুদামে পরিবহনসহ এতে মোট ব্যয় হবে ১৫৩ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। প্রতি কেজি চিনির দাম পড়বে ৬১ টাকা ২৫ পয়সা।

অর্থমন্ত্রী বলেন, ‘দেশে ই-জিপি সিস্টেম প্রচলন হওয়ার পর থেকে আমরা ভালো ফলাফল পাচ্ছি। বিশেষ করে আগে বিভিন্ন প্রকল্পের টেন্ডার নিয়ে নানা ধরনের অরাজকতার সৃষ্টি হতো। এ ব্যবস্থা প্রচলনের পর থেকে সেসব আর হয় না। এ ছাড়া সরকারের রাজস্ব বেড়েছে।’

তিনি জানান, ই-জিপি সিস্টেম অধিকতর উপযোগীকরণ, পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য ডিআইএমএপিপি প্রকল্পের আওতায় ‘বাংলাদেশ ই-জিপি সিস্টেম অ্যানহান্সমেন্ট, অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স (ইওএম)’ শীর্ষক পরামর্শক সেবা ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৮৫ কোটি ১৭ লাখ ৪৯ হাজার টাকা। পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে যৌথভাবে ভারতীয় প্রতিষ্ঠান ‘জিএসএস ইনফো টেক লিমিটেড’ ও দেশীয় প্রতিষ্ঠান ‘নমিনেটেড সাব-কনসালট্যান্ট দোহাটেক নিউ মিডিয়া’।

অর্থমন্ত্রী জানান, বৈঠকে মোংলা বন্দরের যন্ত্রপাতি ক্রয়ে তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। জার্মানির একটি প্রতিষ্ঠান এসব যন্ত্রপাতি সরবরাহ করবে। এর সঙ্গে সহযোগী দেশীয় প্রতিষ্ঠানটি হচ্ছে ‘ম্যাক্সোন পাওয়ার লিমিটেড’। তিনটি ক্রয় প্রস্তাবে মোট ব্যয় হবে ১৯৪ কোটি ৫৩ লাখ টাকা।

তিনি জানান, এ ছাড়া বৈঠকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রজেক্ট-১ : ডেভেলপমেন্ট অব শেওলা, ভোমরা রামগড় ল্যান্ড পোর্ট অ্যান্ড আপ-গ্রেডেশন অব সিকিউরিটি সিস্টেম অব বেনাপোল ল্যান্ড পোর্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় ডেভেলপমেন্ট অব শেওলা ল্যান্ড পোর্ট (প্যাকেজ নং বিএলপিএ /ডাব্লিউ-২) প্যাকেজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১২৩ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার টাকা। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে ‘এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ এবং ‘মেসার্স অনিক ট্রেডিং করপোরেশন’।

র‌্যাপ গায়ক পপ স্মোককে গুলি করে হত্যা

0

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে র‌্যাপ সঙ্গীতশিল্পী ও গীতিকার বাশার বারাকাহ জ্যাকসনকে গুলি করে হত্যা করা হয়েছে। যিনি পপ স্মোক নামেই বেশি পরিচিত ছিলেন। লস অ্যাঞ্জেলসের পুলিশ রেডিও ওয়ান নিউজবিটকে জানিয়েছে, বাসায় ডাকাতিকালে একজন তাকে গুলি করে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে হত্যাকারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এটি ডাকাতির ঘটনা উল্লেখ করে পুলিশ জানিয়েছে, একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, অজ্ঞাত সংখ্যক সন্দেহভাজন পশ্চিম হলিউডের একটি এলাকায় প্রবেশ করেছে।

পুলিশ স্থানীয় সময় বুধবার বিকেল ৪টা ৫৫ মিনিটে ডাকাতির বিষয়ে ফোন পায় এবং এর ছয় মিনিট পর ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে তারা বলছে, এ ঘটনায় কাউকে চিহ্নিত করা যায়নি এবং গ্রেফতারও করা হয়নি।

মাত্র এক সপ্তাহে আগেই পপ স্মোক ওয়ানএক্সট্রা-তে ডিজে টার্গেট শোতে অংশ নিয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জায়গায় তার পারফর্ম করার কথা ছিল। এছাড়া আগামী এপ্রিলে লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহামে পারফর্ম করতে যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল।

১৯৯৯ সালের ২০ জুলাই নিউইয়র্কের ব্রুকলিনে জ্যামাইকান মা এবং পানামানিয়ান বাবার ঘরে বাশার বারাকাহ জ্যাকসনের জন্ম।

২৯ ফেব্রুয়ারি রিসেপশন ও সৃজিত-মিথিলার প্রস্তুতি

0

সৃজিত-মিথিলা। বিয়ের পর থেকেই খবরের শিরোনামে তারা। আগামী ২৯ ফেব্রুয়ারি যে রিসেপশনের দিন সেটা লুকিয়ে রাখতে চাইলেও পারেননি সৃজিত মুখোপাধ্যায়। গত ৬ ডিসেম্বর পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে আইনি কাজটা সেরে ফেলেন তারা। এবার ভূরিভোজের পালা। কিন্তু সেদিনের পোশাকের দায়িত্বভার পড়েছে ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের ওপর।

এ বিষয়ে জিজ্ঞেস করতেই হাসলেন শর্বরী দত্ত। তিনি বলেন, সৃজিত-মিথিলা দু’জনেই এসেছিল ‘শূন্য’তে। ওদের পছন্দের রং লাল। শুনলাম মিথিলা লাল পরছে। সেটা মাথায় রেখেই সৃজিতের পোশাকের জন্য লাল রং বেছে নিয়েছি। আচকান আর ধুতি পরাব সেদিন ওকে। পোশাকে থাকবে ঘন সুতোর কাজ।

কিন্তু মিথিলার জন্য কী থাকছে? শর্বরী বললেন, মিথিলাকে একটা ওড়না দিচ্ছি। শাড়িটা তো ওর ভাবনায় পরবে।

পোশাকের মতো নিমন্ত্রণপত্রেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। সেখানে ঘুরেফিরে এসেছে সৃজিতের সিনেমার অনুষঙ্গ। পোশাকেও তেমনই আশ্চর্য ঘটনা ঘটতে চলেছে। সৃজিতের আচকানের কারুকাজে জঙ্গলের নানা মোটিফ। ‘কাকাবাবু’ সিরিজে আবার হাত দিচ্ছেন সৃজিত। এবার অভিযান জঙ্গলে। রিসেপশনের পোশাকেও থাকবে সেই সংকেত।

সূত্র: আনন্দবাজার

বিয়ে নিয়ে মুখ খুললেন আলিয়া

0

রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের প্রেম নিয়ে বেশ কিছুদিন ধরেই বলিউডে জোর গুঞ্জন শুরু হয়েছে। শোনা যায়, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সিনেমা ব্রক্ষ্মাস্ত্রের শুটিং সেট থেকেই নাকি আলিয়া ভাট এবং রণবীর কাপুরের সম্পর্কের সূত্রপাত।

তাদের সম্পর্কের শুরু থেকেই বিয়ে নিয়েও শুরু হয় আরও একদফা গুঞ্জন। শোনা যায়, আগামী ডিসেম্বরেই নাকি রণবীরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আলিয়া ভাট। বিয়ে নিয়ে সম্প্রতি ফিল্মফেয়ারের মঞ্চে মুখ খোলেন আলিয়া।

তিনি বলেন, তিন সপ্তাহ পরপর তার সঙ্গে রণবীরের বিয়ের গুঞ্জন শুরু হয়। ওই গুঞ্জন শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হবে বলে তার মনে হতে শুরু করে। অর্থাৎ এ মুহূর্তে রণবীরের সঙ্গে যে তার বিয়ের কোনও সম্ভাবনা নেই, তা স্পষ্ট করে দেন মহেশ ভাটের মেয়ে।

এদিকে সম্প্রতি গলি বয় এবং রাজির জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতায় আলিয়াকে কটাক্ষ করেন কঙ্গনা রানাউতের দিদি রঙ্গোলি চান্দেল।

এমনকি, রাজি, গলি বয়, গাঙ্গুবাই কাঠিওয়াড়ির জন্য আলিয়াকে ‘জেহাদি’ রাজনীতির প্রশিক্ষণ দেয়া হয়েছে বলেও কটাক্ষ করেন রঙ্গোলি। যদিও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি আলিয়া ভাট।

সাকিবই হচ্ছেন তিন ফরম্যাটের অধিনায়ক?

0

বাংলাদেশর ক্রিকেটের এখন ক্রান্তিকাল চলছে। হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। যদিও জিম্বাবুয়ে দল এসেছে সিরিজ খেলতে, এখন বেশ কয়েকটি জয় আশা করা হচ্ছে। কিন্তু ক্রিকেটাররাও জানেন যে, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল বুধবার বলে দিয়েছেন, এই জিম্বাবুয়ে সিরিজই হচ্ছে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার শেষ সিরিজ। তা তিনি অবসর নেন বা না নেন। প্রশ্ন হচ্ছে, এখন অধিনায়ক হবে কে?

একমাসের মাঝেই ওয়ানডের নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিবি। সাকিব যে এখনই অধিনায়ক হচ্ছেন না সেটা আর বলে দিতে হয় না। কারণ আইসিসির কোপে পড়ে এক বছর নিষিদ্ধ আছেন বিশ্বসেরা অল-রাউন্ডার। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরতে এখনো তার ৮ মাস বাকি। টেস্ট ও টি-টোয়েন্টিতে সাকিব বাংলাদেশের অধিনায়ক। তার অনুপস্থিতিতে টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ আর টেস্টে নেতৃত্ব দিচ্ছেন মুমিনুল হক। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর যে সাকিবকে ওয়ানডে অধিনায়কত্বের দায়িত্ব নিতে হবে, সেটারও ইঙ্গিত পাওয়া গেছে বিসিবি প্রধানের কথায়।

সাকিবকে নেতৃত্ব দেওয়া নিয়ে বোর্ডপ্রধান নাজমুল হাসান বলেছেন, ‘ওয়ানডেতে তো অবশ্যই। সে যদি ফেরত আসে, সে যদি আবার ফর্মে ফেরে আর যেমন ছিল তেমনই থাকে, তাহলে ওয়ানডে অধিনায়কত্বের মূল দাবিদার তো সে-ই। সাকিব সব সময়ই দাবিদার ছিল।’ কিন্তু সমস্যা হচ্ছে, সাকিবের ফেরার আগে অক্টোবর পর্যন্ত বাংলাদেশকে ৫০ ওভারের সংস্করণে নেতৃত্ব দেবেন কে? মুমিনুল আর মাহমুদউল্লাহকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়ানডে ফরম্যাটও কি ভারপ্রাপ্ত দিয়ে চালিয়ে নেওয়া হবে? দেশের ক্রিকেটাঙ্গনে আপাতত এই জল্পনাই চলছে।

ডেথ ওভারে ব্যাটিং-বোলিং নিয়ে চিন্তায় সালমা

0

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নামার আগে বৃষ্টির কারণে প্রথম ম্যাচ পরিত্যক্ত হলেও, আজ নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে দুর্দান্ত এক জয়ের স্বাদ নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই জয় টুর্নামেন্টের মূল পর্ব শুরুর আগে বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলেছে বলে জানান বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। তবে ঠিকই কপালে চিন্তার ভাঁজ রয়েছে। ডেথ ওভার নিয়ে। ইনিংসের শেষ দিকে, ব্যাটিং-বোলিংয়ে আরও উন্নতি চান সালমা।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে সালমা বলেন, ‘ভালোভাবে টুর্নামেন্ট শুরু করতে এই জয় আমাদের অনেক আত্মবিশ্বাসী করে তুলবে।ব্যাটিং পারফরম্যান্স নিয়ে আমরা সন্তুষ্ট, কিন্তু শেষ পাঁচ ওভারে আমাদের সমস্যায় পড়তে হয়েছে। আমাদের রান-রেটও খুব ভালো ছিল না। তাই এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। বোলিংয়ের সময়ে আমরা ডেথ ওভারে ভালোভাবে ইয়র্কার লেংথে বল করতে পারিনি।’

বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে এমন ম্যাচ দলকে নতুনভাবে গুছিয়ে নিতে সহায়তা করবে বলে মনে করেন সালমা, ‘বিশ্বকাপের আগে এমন ম্যাচ নিজেদেরকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার ও ভাবার সুযোগ করে দিয়েছে।’

আগামীকাল থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এবারের আসরে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ- স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী সোমবার পার্থে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া, ২৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশ।