Home Blog Page 3139

‌যে কোনো একটি ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন কোহলি

0

বর্তমান সময়ে ক্রিকেটের তিন ফরম্যাট দাপিয়ে বেড়াচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে আর বেশিদিন নয়, বছর তিনেক পর তিনি একটি ফরম্যাট থেকে অবসর নিতে চান। নিউজিল্যান্ডের বিপক্ষে বেসিন রিজার্ভের প্রথম টেস্ট ম্যাচের আগে কোহলি তার ক্যারিয়ার নিয়ে এমনই ইঙ্গিত দিয়েছেন। সামনে ভরা ক্রিকেট মরসুম ভারতের। পরের ৩ বছরে ২টি টি টোয়েন্টি এবং একটি ওয়ানডে বিশ্বকাপ খেলতে হবে ভারতকে। সেই ইভেন্টগুলোর পরেই হয়তো যে কোনো একটি ফরম্যাট থেকে অবসর নেবেন তিনি।

ভারত অধিনায়ক বলেছেন, ‘আমি বড় প্রেক্ষাপটে দেখছি। কঠিন ৩টি বছরের জন্য আমি নিজেকে প্রস্তুত করছি। এর পরেই হয়তো অন্য কথাবার্তা শুনতে পাবেন আমার কাছ থেকে। আগামী দুই-তিন বছরে আমার কোনো সমস্যা হবে না। কিন্তু আমার বয়স যখন ৩৪ বা ৩৫ হবে, তখন শরীর হয়তো বেশি ধকল নিতে পারবে না। তখন কোনো একটা ছাড়তে হবে। আগামী তিন বছরে দল আমার থেকে অনেককিছুই চাচ্ছে। সুতরাং একইভাবে খেলে যেতে চাই।’

কোহলির বয়স এখন ৩১। এই মুহূর্তে বিশ্বের অন্যতম ফিট ক্রিকেটারও তিনি। কিন্তু টানা ক্রিকেট খেলে যাওয়ার ধকল তার শরীর বেশিদিন নিতে পারবে না। কোহলি জানেন এই সত্যিটা। তাই ভারত অধিনায়ক বলছেন, ‘প্রায় ৮ বছর ধরে আমি বছরে ৩০০ দিন ক্রিকেট খেলে চলেছি। এর মধ্যে রয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, প্র্যাকটিস সেশন। সব সময়ে নিজের সেরাটা উজার করে দিতে হয় মাঠে। সব কিছু মিলিয়ে শরীরের উপরে চাপ পড়ে যায়।’

‘এক মাসের মধ্যেই আসছে করোনার প্রতিষেধক’

0

করোনা ভাইরাসের প্রতিষেধক আসতে দেড় বছর লাগার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির এক বিজ্ঞানী দাবি করছেন, আগামী এক মাসের মধ্যেই প্রাণঘাতী এ ভাইরাসের প্রতিষেধক পাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিষেধক গবেষণা প্রতিষ্ঠান জেনার ইনস্টিটিউটের প্রফেসর সারাহ গিলবার্ট জানিয়েছেন, তিনি ও তার দল করোনা ভাইরাস থেকে সৃষ্ট রোগ কোভিড-১৯ বিস্তার রোধে দ্রুত কাজ করছেন। শিগগিরই ইতালিতে এ প্রতিষেধক প্রস্তুত করা হবে। এছাড়া পরীক্ষামূলকভাবে (ক্লিনিক্যাল ট্রায়াল) এর অন্তত এক হাজার ডোজ ব্যবহার করা হবে।

সারাহ গিলবার্টের এ দলটিই ২০১২ সালে ছড়িয়ে পড়া মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম) ভাইরাস মোকাবিলায় গবেষণা করছিলেন। একই গোত্রের হওয়ায় নভেল করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরিতে আগের অভিজ্ঞতাই কাজে লাগাচ্ছেন তারা।

জেনার ইনস্টিটিউটের ওয়েবসাইটে এক বিবৃতিতে প্রফেসর গিলবার্ট বলেন, এনসিওভি-১৯ এর মতো নতুন প্যাথোজেনগুলোর জন্য দ্রুত প্রতিষেধক প্রয়োজন। অন্য করোনা ভাইরাসের ক্ষেত্রে ভালো কাজ করে এমন প্রযুক্তি ব্যবহার করে আমরা ‘ক্লিনিক্যাল ট্রায়ালের’ জন্য প্রস্তুত হওয়ার সময় কমিয়েছি। এটি যত দ্রুত সম্ভব শেষ করতে আমাদের সঙ্গে কাজ করছে অ্যাডভেন্ট।

ইতোমধ্যে ইতালিয়ান ওষুধ প্রস্তুতকারক অ্যাডভেন্ট এসআরএল করোনা ভাইরাসের প্রতিষেধক উৎপাদনে রাজি হয়েছে। ফলে দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে কাজ। এক মাসের মধ্যেই ব্যবহারের জন্য প্রস্তুত হবে করোনা ভাইরাসের প্রতিষেধক।

কোনও রোগের প্রতিষেধক প্রস্তুত করতে সাধারণত কোটি কোটি ডলার প্রয়োজন হয়। এরপর তা পরীক্ষা করা হয় হাজারও মানুষের ওপর। সেখানে সফল হলেও প্রতিষেধক বাজারে বিক্রির আগে বেশ কিছু নীতিমালা অনুসরণ করতে হয়।

সূত্র: ডেইলি মেইল

‘জার্মানির কিছু মানুষকে হত্যার কোনো বিকল্প নেই’

0

জার্মানির হানায়ু শহরে গুলি করে ৯ জনকে হত্যার ঘটনায় সন্দেহভাজনদের একজন উগ্র ডানপন্থী মতদর্শের অনুসারী বলে জানা গেছে।

৪৩ বছর বয়সী ওই সন্দেহভাজন উগ্র ডানপন্থী সন্ত্রাসীকে আজ সকালে তার বাড়িতে বৃদ্ধ মায়ের পাশে মৃত অবস্থায় পাওয়া গেছে।

স্থানীয় পত্রিকা বিল্ড জানিয়েছে, ‘টবিয়াস আর’ নামের ওই সন্দেহভাজন সন্ত্রাসী হত্যাকাণ্ডে তার জড়িত থাকার স্বীকারোক্তি দিয়ে একটি চিঠি ও ভিডিও রেখে গেছে। যেগুলোতে তার উগ্র ডানপন্থী মতাদর্শের প্রকাশ দেখা গেছে।

বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, তার লেখা ২৪ পৃষ্ঠার চিঠিতে বলা হয়েছে, জার্মানিতে বসবাসকারী কিছু সংখ্যক মানুষকে হত্যার কোনো বিকল্প নেই। কেননা তাদেরকে জার্মানি থেকে বের করে দেওয়া সম্ভব হচ্ছে না।

বুধবার রাত ১০টার দিকে প্রথমদফায় ‘মিডনাইট’ নামের একটি শিশা বারে এলোপাথাড়ি গুলি চালিয়ে এই হত্যাযজ্ঞ শুরু করা হয়।

এক প্রত্যক্ষদর্শী জানান, ‘কেউ একজন বন্দুক নিয়ে শিশা বারের ভেতরে ঢুকে গুলি চালাতে থাকে।’ এতে তিনজন নিহত হয়।

এরপর হামলাকারী সেখান থেকে বের হয়ে পালিয়ে যায়। ওই বার থেকে মাত্র ২ মাইল দূরে ‘অ্যারেনা’ নামের আরেকটি শিশা বারে হামলা চালায়। এতে নিহত হয় আরো ৫ জন।

বৃহস্পতিবার সকালে এই দুই হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জন হয়েছে। গুরুতর আহত আরো ৫ জনের অবস্থাও সংকটাপন্ন।

দ্বিতীয় হামলার পরপরই হামলকারী নিজের বাড়িতে চলে যায়। সিসিটিভি ফুটেজ দেখে বৃহস্পতিবার সকালে পুলিশ তার বাড়িতে গিয়ে হাজির হলে তাকে তার ৭২ বছর বয়সী বৃদ্ধা মায়ের পাশে মৃত অবস্থায় পাওয়া যায়।

এই ঘটনায় আরো এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তবে ঠিক কতজন হামলাকারী এই হত্যাযজ্ঞে অংশ নিয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

হিটলারের নাৎসিবাদের পতনের ৭৫ বছর পর ফের জার্মানিতে উগ্র ডানপন্থীদের সহিংসতা মাথাচাড়া দিয়ে উঠছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির উদারবাদীরা।

সূত্র: দ্য সান

নারীদের ভুয়া ছবি ব্যবহার করে ইসরায়েলি সৈন্যের ফোন হ্যাক হামাসের!

0

নারীদের ভুয়া ছবি ব্যবহার করে তাদের বেশ কিছু সৈন্যের ফোন হ্যাক করেছে হামাস। বিভিন্ন ভঙ্গিতে যেসব নারীদের ছবি ব্যবহার করা হয়েছে, দেখে মনে হচ্ছে তারা পুরুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সৈন্যদের কাছে অল্প বয়সী নারীদের নকল ছবি পাঠানো হয়েছিল। সেগুলো খুলে দেখার সাথে সৈন্যদের অজান্তে তাদের মোবাইলে একটি অ্যাপ হয়ে যায়। হ্যাকাররা ভুল হিব্রু ব্যবহার করেছে। ওই নারীরা দৃষ্টি প্রতিবন্ধী অথবা বধির এমনটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। বন্ধুত্ব হওয়ার পর সেনাদের একটা লিংক পাঠানো হয়েছে এবং বলা হয়েছে এটির মাধ্যমে তারা একে অপরকে ছবি পাঠাতে পারবে।

লিংকে ক্লিক করার পর ফোনে ম্যালওয়ার ডাউনলোড হয়ে গেছে। এর ফলে ফোনগুলোতে এমন এক ভাইরাস ইন্সটল হয়েছে যা দিয়ে ফোনের সকল ছবি, ফোন নম্বর, তথ্য ও অবস্থান জানা সম্ভব। এই ভাইরাস দিয়ে ফোন ব্যবহারকারীর অজান্তে সেটি দিয়ে ছবি তোলা ও ভিডিও করা সম্ভব। ওই মুখপাত্র বলছেন, তাতে অবশ্য তেমন কোনো গোপন তথ্য তারা নিতে পারেনি।

গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস ও ইসরায়েল একে অপরকে চিরশত্রু বলে মনে করে। তারা নিয়মিত একে অপরের গোপন তথ্য সংগ্রহ করতে চেষ্টা করে। কাছাকাছি সময়ে এনিয়ে তৃতীয়বারের মতো হামাস এমন তথ্য চুরি করতে সৈন্যদের মোবাইল ফোনে ঢোকার চেষ্টা চালিয়েছে।

তবে মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথান কর্নিকাসের মতে, একটি ছিল কৌশলগত দিক থেকে সবচাইতে অগ্রসর। তিনি বলছেন, দেখে মনে হচ্ছে আগের থেকে আরো অনেক কিছু শিখেছে।

নারী নাগরিকের যে প্রশ্নে ঘাবড়ে গেলেন পুতিন!

0

বিশ্বের শীর্ষ ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে অঘোষতিভাবে এক নম্বরে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই পুতিনকেই এক নারী নাগরিকের প্রশ্নে পড়তে হয়েছে বিব্রতকর পরিস্থিতিতে।

তাঁর এক সময়ের রাজনৈতিক উপদেষ্টা মেয়র আনাতোলি সোবচাকের মৃত্যুর প্রতিষ্ঠাবার্ষীকিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বুধবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এক নারীর প্রশ্নের সম্মুখীন হন পুতিন। ওই নারী হঠাৎ পুতিনকে জিজ্ঞাসা করে বসেন, দয়া করে বলুন মাসে ১০,৮০০ রুবল (১৭০ ডলার) বেঁচে থাকা সম্ভব কিনা?

প্রশ্নের উত্তরে খুবই ক্ষীণ কণ্ঠে পুতিন বলেন, আমি মনে করি তা কঠিন। ওই নারী আবারও বলেন, আমি জানি আপনি মাসে ৮ লাখ রুবল পান। এর উত্তরে পুতিন বলেন, রশিয়ার অনেকে উচ্চ আয় করলেও প্রেসিডেন্টের বেতন সর্বোচ্চ নয়। ওই নারী আবারও বলেন, আমার পড়াশোনা থাকা এগুলো বাদ দিলেও প্রতি মাসে বাজার খরচ হয় ১ হাজার রুবল।

এছাড়া ফ্ল্যাটের ইউটিলিটি বিল দিতেই ৪ হাজার রুবল খরচ হয়ে যায়। এগুলো কি আপনি ঠিক করবেন না। পুতিন উত্তরে জানান তিনি এই সকল সমস্যার সমাধানের সর্বোচ্চ চেষ্টা করছেন। পরে ওই নারী পুতিনের সঙ্গে একটি ছবি তোলার অনুরোধ জানালে ভ্লাদিমির পুতিন তার মনের ইচ্ছা পূরণ করেছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

করোনা আক্রান্ত বাংলাদেশি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

0

সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজের (এনসিআইডি) নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন করোনাভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশি। ১২ দিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন এ রোগী বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানা গেছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আগে ৩৯ বছর বয়সী ওই বাংলাদেশি নাগরিকের ফুসফুসে জটিল প্রদাহ ছিল। বুধবার বিকালে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, বাংলাদেশের পাঁচ নাগরিকের মধ্যে প্রথমে আক্রান্ত হওয়া ব্যক্তির অবস্থা গুরুতর। তাকে সুস্থ করতে হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সিঙ্গাপুরের এনসিআইডি কর্তৃপক্ষের বরাত দিয়ে বাংলাদেশের হাইকমিশনার জানান, আক্রান্ত প্রথম বাংলাদেশি মঙ্গলবার দিনের শেষ ভাগ থেকে চিকিৎসায় কিছুটা সাড়া দিচ্ছেন। তবে নিবিড় পরিচর্যাকেন্দ্রে থাকা ওই রোগীর শারীরিক অবস্থা কেমন যেতে পারে, এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো আগাম মন্তব্য করতে চাইছে না।

এর আগে বুধবার সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ব্রিভিয়ান বালাকৃষ্ণান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। তার বরাত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন জানান, ৩৯ বছর বয়সী ওই বাংলাদেশি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। তার অবস্থা আশঙ্কাজনক।

৩৯ বছর বয়সী ওই যুবক অনেক দিন ধরেই শ্বাসকষ্ট ও কিডনি জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত পাঁচজনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

গণপিটুনিতে রেনু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২৩ মার্চ

0

রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে তাসলিমা বেগম রেনুকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৩ মার্চ দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই তারিখ ধার্য করেন।

আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় মহানগর হাকিম মোহাম্মাদ জসিম নতুন এ তারিখ ধার্য করেন।

গত বছরের ২০ জুলাই সকালে উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে ওই নারীকে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ জনতা। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মরদেহ সনাক্ত করেন তার ভাগনে ও বোন রেহানা। পরে ভাগনে নাসির উদ্দিন টিটো বাদী হয়ে অজ্ঞাতনামা ৪০০/৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

জানা গেছে, রেনুর ১১ বছরের এক ছেলে ও চার বছর বয়সী মেয়ে রয়েছে। আড়াই বছর আগে স্বামী তসলিম উদ্দিনের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে ছেলে-মেয়েকে নিয়ে মহাখালী ওয়ারলেস গেইট এলাকায় থাকতেন তিনি। ঘটনার দিন তিনি ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য বাড্ডায় যান।

এ ঘটনায় ইব্রাহিম হোসেন হ্নদয়, বাচ্চু, শাহীন , বাপ্পী, কামাল হোসেন, আবুল কালাম আজাদ, জাফরসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কারাগারে আছেন। কয়েকজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

শহীদ মিনারে তিন ধাপের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে : র‌্যাব ডিজি

0

একুশে ফেব্রুয়ারিতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন ঘিরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাকে পাঁচটি সেক্টরে বিভক্ত করে তিন ধাপের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

বেনজীর আহমেদ বলেন, অমর একুশের নানা আয়োজনকে নির্বিঘ্ন করতে বহুমুখী নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তিন ধাপে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে র‌্যাবের। আজ দুপুর পর্যন্ত প্রথম ধাপ, আজ দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং পরবর্তী সময়ে তৃতীয় ধাপের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। তবে দ্বিতীয় ধাপের নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাকে পাঁচ সেক্টরে বিভক্ত করে সার্বিক নিরাপত্তায় র‌্যাব প্রস্তুত থাকবে বলেও জানান র‌্যাব ডিজি। তিনি বলেন, পুরো এলাকায় পর্যাপ্ত পরিমাণ ফুট পেট্রোল, বাইক ও কার পেট্রোল টিম নজরদারি করবে। সাদা পোশাকে বিপুল সংখ্যক র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবে।

বেনজীর আহমেদ বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় স্পেশাল ফোর্স রিজার্ভ থাকবে এবং র‌্যাবের হেলকপ্টার স্ট্যান্ডবাই থাকবে।

তিনি আরো বলেন, ‘আজিমপুর কবরস্থানেও অনেকে শহীদদের কবরে শ্রদ্ধা জানাবেন, সেখানেও র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় এবং জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ এলাকায় একুশের নিরাপত্তায় র‌্যাবের নজরদারি থাকবে।’

র‌্যাব ডিজি বলেন, ‘এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ ইভেন্টে যতো বেশি নিরাপত্তা থাকবে, মানুষ ততো স্বাচ্ছন্দ্যে এবং আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিতে পারবেন। নিরাপত্তার বিষয়টি এখন শুধু বাংলাদেশেরই বিষয় নয়, এটি বৈশ্বিক চিত্র। বাংলাদেশও নিরাপত্তার ক্ষেত্রে গ্লোবাল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে থাকে। তাই নিরাপত্তা বিষয়টিকে অতিরিক্ত না দেখে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখা উচিৎ।’

র‌্যাব প্রধান বলেন, আমরা প্রতিনিয়ত হুমকির বিষয়টি পর্যালোচনা করছি। র‌্যাবের নিজস্ব গোয়েন্দা সংস্থা অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে তথ্য-উপাত্ত পর্যালোচনা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও নজর রয়েছে।

তিনি আরো বলেন, ‘যেকোনো হুমকির বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনে তা হালনাগাদ করা হবে।’

ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের সদস্যকে চাকরি ডিএসসিসির

0

রাজধানীর পুরান ঢাকার চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানসনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরি, দোকান বরাদ্দ এবং আর্থিক অনুদান দিয়েছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার ডিএসসিসির ব্যাংক ফ্লোরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা হস্তান্তর করেছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

জানা গেছে, গত বছরের ২০ ফেব্রুয়ারি রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু হয় ৭১ জনের। নিহত এবং আহতদের মধ্যে মোট ৩১ পরিবারকে সহায়তার আওতায় এনেছে ডিএসসিসি। এর মধ্যে ক্ষতিগ্রস্থ ৩১ টি পরিবারের সদস্যদের সিটি করপোরেশনে বিভিন্ন পদে চাকরি দেওয়া হয়েছে। এছাড়া চারটি পরিবারের প্রত্যেককে ২ লাখ টাকা করে আর্থিক অনুদান এবং দুই পরিবারকে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। উচ্চ শিক্ষিত সদস্য থাকা চারটি পরিবারের সদস্যকে আগামি দুই সপ্তাহের মধ্যে যোগ্যতা অনুযায়ী চাকুরীর ব্যবস্থা করার ঘোষণাও দিয়েছে ডিএসসিসির মেয়র। আজ চাকরির নিয়োগপত্র, দোকানের বরাদ্দপত্র এবং টাকার চেক প্রদান করেছেন সাঈদ খোকন।

এ সময় তিনি বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমরা ৩১টি পরিবার থেকে আবেদন পেয়েছিলাম। তাদের ভেতর থেকে ২১ জনকে আমরা চাকরি দিচ্ছি। অনেকে আর্থিকভাবে স্বচ্ছল পরিবারের সদস্য থাকায় চাকরি করতে চাননি। তাদের দোকান বরাদ্দ দেওয়া হয়েছে এবং চার পরিবারকে দুই লাখ টাকা করে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমি চাইলেই একজনকে সরকারি চাকরি দিতে পারি না। এই চাকরি দিতে আমাকে অনেক জায়গা থেকে অনুমতি নিতে হয়েছে। অগ্নিকাণ্ডের পর আমাদের অভিযান ও মনিটরিং শেষে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েই আমরা সেখান থেকে এসেছি। এরপরও যারা আমাদের কাছে সাহায্যের জন্য এসেছেন, আমরা আমাদের সাধ্যমত করেছি। আগামীতেও কেউ এলে আমরা চেষ্টা করব।

অনুদান হস্তান্তরের সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরিফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মাতৃভাষার মর্যাদাকে সমুন্নত রাখতে হবে : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃভাষার মর্যাদাকে সমুন্নত রাখা এবং দেশের সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীতে এখন আর একা একটি দেশ চলতে পারেনা, অন্য দেশকে সাথে নিয়েই চলতে হয় এবং জীবন-জীবিকার জন্য অন্যভাষা শেখারও প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু তাই বলে নিজের ভাষাকে ভুলে যাওয়া,নিজের ভাষা বিস্মৃত হওয়া এটা আমাদের জন্য মোটেই ঠিক নয়।

তিনি বলেন, বিভিন্ন কাজে কর্মে অনেককে ঘটনাক্রমে বিদেশে থাকতে হয়। কিন্তু, এই ভাষার মর্যাদাকে সবসময় আমাদের দিয়ে যেতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আজ সকালে ‘একুশে পদক-২০২০’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০ ব্যক্তি এবং এক প্রতিষ্ঠানকে এ বছর দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসরকারী এ সম্মাননা ‘একুশে পদক’ প্রদান করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এই একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করা। একুশ শিখিয়েছে আত্মমর্যাদাবোধ। একুশের এই রক্তের অক্ষরেই লিখে রাখা হয়েছিল আগামী দিনে আমাদের স্বাধীনতা।

শেখ হাসিনা বলেন, অমর একুশে ফেব্রুয়ারি দিনটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের। আমরা চাই এই গৌরবের ইতিহাস আমাদের দেশের প্রজন্মের পর প্রজন্ম যেন জানতে পারে।

তিনি বলেন, মাতৃভাষা আন্দোলন শুধু মাতৃভাষার জন্য আন্দোলন ছিলনা, পক্ষান্তরে এটা ছিল স্বাধীকার আদায়ের,স্বাধীনতার আন্দোলন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতার অংশবিশেষ উল্লেখ করেন।

জাতির পিতা বলেন, ১৯৫২ সালের আন্দোলন কেবলমাত্র ভাষা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিলনা, এ আন্দোলন ছিল সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।

উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২০ সালের একুশে পদক বিজয়ী হিসেবে ২০ ব্যক্তি এবং এক প্রতিষ্ঠানসহ ২১ জনের তালিকা ঘোষণা করেন।

পদকপ্রাপ্তরা হচ্ছেন- ভাষা আন্দোলনে মরহুম আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর), শিল্পকলায় (সংগীত) বেগম ডালিয়া নওশিন, শঙ্কর রায় ও মিতা হক, শিল্পকলায় (নৃত্য) মো. গোলাম মোস্তফা খান, শিল্পকলায় (অভিনয়) এম এম মহসীন, শিল্পকলায় (চারুকলা) অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান, মুক্তিযুদ্ধে মরহুম হাজি আক্তার সরদার (মরণোত্তর), মরহুম আব্দুল জব্বার (মরণোত্তর), মরহুম ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) (মরণোত্তর), সাংবাদিকতায় জাফর ওয়াজেদ (আলী ওয়াজেদ জাফর), গবেষণায় ড. জাহাঙ্গীর আলম, হাফেজ-ক্বারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ, শিক্ষায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, অর্থনীতিতে অধ্যাপক ড. শামসুল আলম, সমাজসেবায় সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ভাষা ও সাহিত্যে ড. নুরুন নবী, মরহুম সিকদার আমিনুল হক (মরণোত্তর) ও কবি, সহিত্যিক, মুক্তিযোদ্ধা বেগম নাজমুন নেসা পিয়ারি এবং চিকিৎসা ক্ষেত্রে প্রসূতি মায়ের জীবন রক্ষায় সায়েবা’স কীটের উদ্ভাবক অধ্যাপক ডা. সায়েবা আখতার। পাশাপাশি ‘গবেষণা’য় একুশে পদকের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

পদক বিজয়ীরা প্রত্যেকে নিজে এবং মরণোত্তর পদক বিজয়ীদের পক্ষে তাঁদের পুত্র ও কন্যাগণ প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণ করেন। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট’র পক্ষে পদক গ্রহণ করেন এর মহাপরিচালক ড.ইয়াহিয়া মাহমুদ।

বায়ান্ন’র একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদদের মহান আত্মত্যাগ স্মরণে সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিয়ে আসছে।

পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ৩ তোলা ওজনের ১৮ ক্যারেট সোনার তৈরী একটি স্বর্ণপদক, পুরস্কারের অর্থের চেক এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হয় ।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিব ড. মো.আবু হেনা মোস্তফা কামাল স্বাগত বক্তৃতা করেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিজয়ীদের সাইটেশন পাঠ করেন।

মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, বিচারপতিবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, তিন বাহিনী প্রধানগণ, সরকারের উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, কবি, সাহিত্যিক, লেখক, শিল্পী, সাংবাদিকসহ বিশিষ্ট নাগরিকবৃন্দ, পূর্ববর্তী একুশে পদক বিজয়ীগণ, বিভিন্ন দেশের কূটনিতিক ও সংস্থার প্রধান এবং আমন্ত্রিত অতিথিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।