Home Blog Page 3140

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

0

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউন শহরে এক বাংলাদেশি ব্যবসায়ীকে নিজ দোকানে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ব্যক্তির নাম দুলাল।

গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ফেনীর মাতুভূঞা ইউনিয়নের হীরাপুর গ্রামের মজিব মুন্সিবাড়ির মালেক সর্দারের ছেলে দুলাল ২০০৮ সালের ডিসেম্বর মাসে ভিটেমাটি বিক্রি করে আফ্রিকায় পাড়ি জমান।

ঘটনার সময় অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী দোকানে প্রবেশ করে মালামাল লুট করলে তাতে বাধা দেন দুলাল। এ সময় সন্ত্রাসীরা তাঁর মাথায় গুলি করে মালামাল নিয়ে পালিয়ে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত দুলালের দুই ছেলেমেয়ে রয়েছে।

সোমবারের মধ্যে দিতে হবে হাজার কোটি টাকা

0

আগামী সোমবারের (২৪ ফেব্রুয়ারি) মধ্যে গ্রামীণফোনকে বিটিআরসির ফান্ডে এক হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ।

আদালত গ্রামীণফোনের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘দুই হাজার কোটি টাকা দিতেই হবে। তবে সোমবারের মধ্যে এক হাজার কোটি টাকা দিয়ে আসুন। এরপর বাকি বিষয়ে আদেশ দেওয়া হবে।’

দুই হাজার কোটি টাকা পরিশোধে গ্রামীণফোনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন আদালত। আদালত গ্রামীণফোনের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের আদালতকে ছোট ভাববেন না। মনে রাখবেন, এটা দেশের সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ গ্রামীণফোনের প্রতি এ নির্দেশ দিয়েছেন।

গতবছরের ২৪ নভেম্বর দেওয়া আদেশ পুনর্বিবেচনা চেয়ে গ্রামীণফোনের করা রিভিউ আবেদনের ওপর শুনানি শেষে আজ বৃহস্পতিবার আপিল বিভাগ এ আদেশ দেন। আদেশের সময় গ্রামীণফোনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। আর বিটিআরসির পক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।

আদালতে গ্রামীণফোনের পক্ষ থেকে দুই হাজার কোটি টাকা পরিশোধ করতে সময় আবেদন করা হয়। আইনজীবী বলেন, আমরা এই টাকা পরিশোধে ছয় মাস সময় চাচ্ছি। তবে প্রথমে এক মাসের মধ্যে ৫০০ কোটি টাকা দেব। বাকি টাকা পাঁচটি কিস্তিতে দিতে চাই। এসময় আদালত বলেন, তা হবে না। আপনারা সোমবারের মধ্যে এক হাজার কোটি টাকা দিয়ে আসুন। এরপর বাকি বিষয়ে আদেশ দেব।

গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা দাবি করে বিটিআরসি দেওয়া চিঠির কার্যকারিতার ওপর হাইকোর্ট গতবছর ১৭ অক্টোবর অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। এই আদেশ স্থগিত চেয়ে বিটিআরসি আপিল বিভাগে আবেদন করে। ওই আবেদনের ওপর শুনানিকালে গ্রামীণফোন আপাতত কত টাকা দিতে পারবে তা প্রথমে ওইবছরের ৩১ অক্টোবরের মধ্যে এবং পরে ১৪ নভেম্বরের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ ছিল। এ অবস্থায় গতবছর ১৪ নভেম্বর গ্রামীণফোন আদালতকে জানায়, প্রতিষ্ঠানটি শর্তসাপেক্ষে ২০০ কোটি টাকা দিতে রাজি। পরবর্তীতে আপিল বিভাগ ২৪ নভেম্বর তিন মাসের মধ্যে দুই হাজার কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দেন।

এর আগে প্রায় ২৭টি খাতে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা (নিরীক্ষা আপত্তির দাবি) দাবি করে গ্রামীণফোনকে গতবছর দুই এপ্রিল চিঠি দেয় বিটিআরসি। এই চিঠির বিরুদ্ধে ঢাকার নিম্ন আদালতে মামলা (মানি স্যুট) করে গ্রামীণফোন। মামলায় অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চায় গ্রামীণফোন। কিন্তু গতবছর ২৮ আগস্ট নিম্ন আদালত এ আবেদন খারিজ করে দেন।

নিম্ন আদালতের ‌ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে গ্রামীণফোন। আপিলটি শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একইসঙ্গে গ্রামীণফোনের কাছ থেকে টাকা আদায়ের ওপর দুই মাসের অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। ওই নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে বিটিআরসি আপিল বিভাগে আবেদন করে।

মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা

0

আগামী মঙ্গলবার কিংবা বুধবার থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

চলতি মাসের ২৪ তারিখে দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ২৫/২৬ তারিখের দিকে অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদ সাহানা সুলতানা আজ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ পটুয়াখালিতে ৩১ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

পরবর্তী ৭২ ঘন্টার শেষের দিকে হালকা ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকায় আজ সকাল ৬ টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫৬ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২৮ মিনিটে।

একুশে পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী

0

অমর একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২০ ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের মাঝে ‘একুশে পদক-২০২০’ প্রদান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠান শুরু হয়।

গত ৫ ফেব্রুয়ারি নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২০ সালের একুশে পদক বিজয়ী হিসেবে ২০ ব্যক্তি এবং এক প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে।

একুশে পদক ২০২০ পেলেন যাঁরা পাচ্ছেন তাঁরা হলেন- ভাষা আন্দোলনে মরহুম আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর), শিল্পকলায় (সংগীত) বেগম ডালিয়া নওশিন, শঙ্কর রায় ও মিতা হক, শিল্পকলায় (নৃত্য) মো. গোলাম মোস্তফা খান, শিল্পকলায় (অভিনয়) এম এম মহসীন, শিল্পকলায় (চারুকলা) অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান, মুক্তিযুদ্ধে মরহুম হাজি আক্তার সরদার (মরণোত্তর), মরহুম আব্দুল জব্বার (মরণোত্তর), মরহুম ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) (মরণোত্তর), সাংবাদিকতায় জাফর ওয়াজেদ (আলী ওয়াজেদ জাফর), গবেষণায় ড. জাহাঙ্গীর আলম, হাফেজ কারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ, শিক্ষায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, অর্থনীতিতে অধ্যাপক ড. শামসুল আলম, সমাজসেবায় সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ভাষা ও সাহিত্যে ড. নুরুন নবী, মরহুম সিকদার আমিনুল হক (মরণোত্তর) ও বেগম নাজমুন নেসা পিয়ারি এবং চিকিৎসায় অধ্যাপক ডা. সায়েবা আখতার। পাশাপাশি ‘গবেষণা’য় একুশে পদকের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিয়ে আসছে। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে দেওয়া হচ্ছে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, পুরস্কারের অর্থ এবং একটি সম্মাননাপত্র।

শিশু সায়মা হত্যা : সাক্ষ্যগ্রহণ শেষ আত্মপক্ষ সমর্থন ২৩ ফেব্রুয়ারি

0

রাজধানীর ওয়ারীতে সিলভারডেল স্কুলের নার্সারির ছাত্রী সামিয়া আফরিন সায়মা ধর্ষণ ও খুনের ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। গতকাল বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক কাজী আবদুল হান্নান তিন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর আগামী ২৩ ফেব্রুয়ারি আসামির আত্মপক্ষ সমর্থনের তিন ধার্য করেন।

গতকাল শেষ দিনে সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. আরজুন, প্রথম তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ ও ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিত্সক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. সোহেল মাহমুদ।
গত ২ জানুয়ারি একমাত্র আসামি হারুন অর রশীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। গত বছর ৫ নভেম্বর হারুনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়।

গত বছরের ৫ জুলাই সন্ধ্যার পর ওয়ারীর একটি বাড়ির নবম তলায় শিশু সায়মার লাশ পাওয়া যায়। ওই বাড়ির ষষ্ঠ তলায় সায়মা তার পরিবারের সঙ্গে থাকত। লাশ পাওয়ার আগে সে তার মাকে ওপরের তলায় খেলতে যাচ্ছিল বলে জানায়। কিন্তু সে ফিরে না আসায় তার খোঁজ করতে করতে নবম তলায় তাকে গলায় রশি পেঁচানো অবস্থা পাওয়া যায়। এ ঘটনায় সায়মার বাবা আবদুস সালাম বাদী হয়ে ওয়ারী থানায় মামলা করেন। পুলিশ ৭ জুলাই কুমিল্লার তিতাস থানার ডাবরডাঙ্গা এলাকা থেকে হারুন অর রশীদকে গ্রেপ্তার করে। পরদিন হারুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে সায়মাকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করেন।

রাজধানীতে জাল টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

0

রাজধানীর কদমতলীতে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কাওসার হামিদ খান (৪৫), হেলাল উদ্দিন (৫০) ও বাবু শেখ (৩৬)।

ডিএমপি ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের রোবারি প্রিভেনশন দলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোলায়মান মিয়া জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৫ লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি পেনড্রাইভ, চার বান্ডেল জাল টাকা তৈরির কাগজ ও চারটি প্রিন্টারের কালি জব্দ করা হয়েছে।

তাঁরা প্রত্যেকে জাল টাকা ক্রয়-বিক্রয় ও প্রস্তুতকারী চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করা হয়েছে।

আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি বাদীর

0

রাজধানীর পল্লবী থানায় নিয়ে মো. ইশতিয়াক হোসেন জনি নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে যুক্তিতর্ক শুনানি শেষ করেছে বাদীপক্ষ। গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে যুক্তিতর্ক শুনানি হয়।

বাদীপক্ষের শুনানি শেষ হওয়ার পর আসামিপক্ষ শুনানি শুরু করে, কিন্তু শুনানি শেষ না হওয়ায় বিচারক কে এম ইমরুল কায়েশ আজ বৃহস্পতিবার আবার শুনানির দিন ধার্য করেন। গত ৯ ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ সমর্থনের পর আদালত গতকাল যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করে।

থানায় নিয়ে জনিকে নির্যাতন করে হত্যার ঘটনায় ২০১৪ সালের ৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমানসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন জনির ছোট ভাই ইমতিয়াজ হোসেন রকি। আদালত ২০১৬ সালের ১৭ এপ্রিল পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

0

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবক (২২) নিহত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে সড়ক ও জনপথ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন, নিহতের পরনে কালো রঙের জিন্সের প্যান্ট এবং গায়ে টি-শার্ট রয়েছে।

ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পারভেজ আলম নামে এক ব্যক্তি জানান, রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে আনার পর চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে ধাক্কা দেওয়া বাসটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন পরিদর্শক বাচ্চু মিয়া।

কক্সবাজার সাগর তীরে উঁচু স্থাপনা নির্মাণ করা যাবে না : প্রধানমন্ত্রী

0

কক্সবাজার সমুদ্রের তীরে উচ্চ-স্থাপনা নির্মাণ না করার জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা সমুদ্রের তীর ঘেঁষে উচ্চ-স্থাপনা নির্মাণের অনুমতি দেব না।

তিনি আজ বুধবার সকালে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে (পিএমও) কক্সবাজার এলাকায় নির্মানাধীন তিনটি স্পেশাল ট্যুরিজম পার্কের (বিশেষ পর্যটন উদ্যান) মাস্টার প্ল্যান অবলোকনকালে এ নির্দেশ প্রদান করেন।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃর্পক্ষকে (বেজা) মহেশখালীতে সোনাদিয়া ইকো-ট্যুরিজম পার্ক এবং টেকনাফ উপজেলায় নাফ ট্যুরিজম পার্ক (এনএএফ) এবং সাবরং ট্যুরিজম পার্ক স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে।

মাস্টার প্ল্যানগুলোর লক্ষ্য হলো বাস্তুসংস্থান সংক্রান্ত ভারসাম্য এবং জীববৈচিত্র, দেশের কৃষ্টি, সংস্কৃতি এবং পরম্পরাকে রক্ষা করে পর্যটনবান্ধব অঞ্চল গড়ে তোলা এবং কক্সবাজার জেলার আওতাধীন বিভিন্ন পর্যটন এলাকাগুলোর মধ্যে সেতুবন্ধ রচনা করা।

প্রধানমন্ত্রী ভূমিকম্প, ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ সহনশীল করে ট্যুরিজম পার্কের বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য সংশ্লিষ্টদের আহবান জানান।

তিনি বলেন, এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুন্ন রেখেই ট্যুরিজম পার্ক নির্মাণ করতে হবে।

কক্সবাজার সমুদ্র সৈকতকে বিশ্বের সর্ববৃহৎ বালুময় সমুদ্র সৈকত আখ্যায়িত করে সরকার প্রধান বলেন, এই ৮০ মাইল দীর্ঘ সমুদ্র সৈকত বিশ্বের অন্যতম সুন্দর একটি পর্যটন কেন্দ্র।

প্রধানমন্ত্রী সাবরং ট্যুরিজম পার্কটি কেবলমাত্র বিদেশিদের জন্যই নির্মাণের নির্দেশনা দেন।

তিনি প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা সম্বলিত করে আন্তর্জাতিক মানসম্পন্নভাবে এই পার্কটি নির্মাণে সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে নির্দেশ দিয়ে বলেন, এটি এমনভাবে নির্মাণ করতে হবে যাতে অন্যান্য দেশের পর্যটকেরা এর প্রতি আকর্ষিত হয় এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে আসে।

নাফ ট্যুরিজম পার্কের বিষয়ে শেখ হাসিনা আগামী তিন বছরের মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন, যাতে করে তিনি নিজে এর উদ্বোধন করতে পারেন। তিনটি ট্যুরিজম পার্কে আরো নানারকম সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও তিনি এসময় সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে নির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়’র (বুয়েট) সাবেক অধ্যাপক খায়রুল আনাম অনুষ্ঠানে সাবরং এবং নাফ ট্যুরিজম পার্কের মাষ্টার প্ল্যানের বিভিন্ন উল্লেখযোগ্য্য দিক উপস্থাপন করেন। অন্যদিকে বালাকৃষ্ণাণ সুরেশ মাহিন্দ্র ভিডিও প্রেজেন্টেশনের সাহায্যে সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্কের মাষ্টার প্ল্যান তৈরির পরামর্শদাতা প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীকে আশ্বাস প্রদান করেন যে, আগামী ২৪ মাসের মধ্যেই এখানে পর্যটকরা পরিভ্রমণ করতে পারবেন এবং পার্কটিকে সম্পূর্ণ রুপ দিতে ৯ বছর সময় লাগবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃর্পক্ষ (বেজা) সমুদ্র তীরবর্তী অঞ্চলের বাস্তুগত ভারসাম্য সুরক্ষা এবং জীববৈচিত্র সংরক্ষণ করে এই ট্যুরিজম পার্কটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে।

সোনাদিয়ায় দেশের প্রথম ইকো ট্যুরিজম পার্ক নির্মাণের জন্য ইতোমধ্যে বেজা ‘মাহিন্দ্র কনসালটিং ইঞ্জিনিয়ার্স’ এবং ‘ডেভকন কনসালটেন্টস লিমিটেড’কে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিযুক্ত করেছে।

কক্সবাজারের আওতাধীন সাবরং এবং নাফ ট্যুরিজম পার্ক স্থাপনের জন্য বাংলাদেশের ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট এবং কোরিয়ার দোহওয়া (ডিওএইচডব্লিউএ) কনসালটেন্ট লিমিটেডকে পরামর্শক সংস্থা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোনাদিয়ায় ৮ হাজার ৯৬৭ একর জমির ওপর সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্কটি গড়ে তোলা হচ্ছে। যার ৯০৯ একর জমিকে কাজে লাগানো হবে এবং বাদ বাকি অংশ অটুট থাকবে।

প্রধানমন্ত্রীর মুখ সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, পিএমও সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রেস সচিব ইহসানুল করিম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এর আগে বেজা’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী তিনটি মাষ্টার প্লানের বিশদ বর্ণনা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া সর্বশেষ নির্দেশনা অনুযায়ী আগামী একমাসের মধ্যে এই মাস্টার প্ল্যান চূড়ান্ত করা হবে।

নাফ ট্যুরিজম পার্ক এবং সাবরং ট্যুরিজম পার্কের নির্মাণও তিন বছরের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সাবরং ট্যুরিজম পার্ক কক্সবাজার জেলায় দেশের প্রথম বিশেষ পার্ক হবে এবং টেকনাফ উপজেলার সাবরং ইউনিয়নের এক হাজার ৪৭ একর ভুমি জুড়ে হবে এর অবস্থান। সাবরং ইউনিয়নটি একটি অপূর্ব পাহাড় এবং সমুদ্র সৈকত বেষ্টিত, বহুমুখী বিচিত্র এবং প্রশংসনীয় সুন্দর এলাকা।

নাফ ট্যুরিজম পার্ক যে জায়গায় গড়ে উঠছে সেটি অতীতে জালিয়ার দ্বীপ হিসেবে পরিচিত ছিল এবং এটিই হবে বাংলাদেশের প্রথম দ্বীপ ভিত্তিক ট্যুরিজম পার্ক। যার আয়তন ২৭১ একর। কক্সবাজার জেলার টেকানাফ উপজেলার নাফ নদীর মাঝে জেগে ওঠা ডিম্বাকৃতির দ্বীপটিতেই নাফ ট্যুরিজম পার্কের অবস্থান।

প্রেস কাউন্সিলের পরিচয়পত্রের বাইরে সাংবাদিকতার সুযোগ থাকবে না

0

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সারাদেশের সাংবাদিকদের ডাটাবেজ করা হচ্ছে। ডাটাবেজের কাজ শেষে সবাইকে সুনির্দিষ্ট পরিচয়পত্র প্রদান করা হবে। প্রেস কাউন্সিলের পরিচয়পত্রের বাইরে সাংবাদিকতার সুযোগ থাকবে না।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে সব সাংবাদিককে প্রশিক্ষণের আওতায় আনা হবে। এই পেশাকে উন্নত ও সমৃদ্ধ করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছি।

আজ বুধবার ‘সংবাদপত্র ও সাংবাদিকতার মান উন্নয়ন’র লক্ষে কক্সবাজারের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ এসব কথা বলেন।

বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ডাটাবেজের অন্তর্ভুক্ত কেউ সংবাদ সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার হলে প্রেস কাউন্সিল থেকে সহায়তা দেয়া হবে। কোড অব ইথিকস ভঙ্গ করলে পরিচয়পত্র বাতিল ও ডাটাবেজ থেকে তাকে ডিলিট করে দেয়া হবে। সাংবাদিকদের দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসা হবে।

কক্সবাজারে ‘বঙ্গবন্ধু কর্নার’ করার জন্য ১ লাখ টাকা অনুদান দেয়া হবে বলেও তিনি জানান।

কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ইকবাল সোবহান চৌধুরী।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাংবাদিকদের মর্যাদা, স্বাধীনতা ও অধিকারের কথা সংবিধানে লেখা আছে। যা অন্য কোনো পেশার ব্যাপারে তেমন নাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দূরদৃষ্টি দিয়ে প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য সচিব মোহাম্মদ শাহ আলম। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সৈকত পত্রিকার সম্পাদক মাহবুবর রহমান।

কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব জিএএম আশেক উল্লাহ ও সদস্য আয়াছুর রহমান, দৈনিক প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আবদুল কুদ্দুস রানা, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক আনছার হোসেন, আরটিভির কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহীম শাহীন, বাংলাদেশ অবজারভারের প্রতিনিধি ফরহাদ ইকবাল, ইউএনবির প্রতিনিধি দিপক শর্মা দীপু, দৈনিক সাঙ্গুর নিজস্ব প্রতিবেদক ও কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর।