Home Blog Page 3141

পূর্বাচলে বঙ্গবন্ধু চত্বরের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে পূর্বাচল নতুন শহরে নির্মিতব্য বঙ্গবন্ধু চত্বরের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

বুধবার দুপুরে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পের সেক্টর ৪ ও ৫ এর সংযোগস্থলে প্রস্তাবিত এ স্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ সাঈদ নূর আলম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল আলম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আ স ম আমিনুর রহমান, রাজউকের সদস্য (পরিকল্পনা) আজহারুল ইসলাম খান, সদস্য (উন্নয়ন) মেজর (অবঃ) শামসুদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী(বাস্তবায়ন) আব্দুল লতিফ হেলালী, প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন) এ এস এম রায়হানুল ফেরদৌস এবং পূর্বাচল প্রকল্পের পরিচালক উজ্জ্বল মল্লিক পরিদর্শনকালীন প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর চত্বর নির্মাণের সর্বশেষ অগ্রগতির খোঁজ-খবর নেন এবং এটি বাস্তবায়নে সংশ্লিষ্টদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

পরে প্রতিমন্ত্রী পূর্বাচল নতুন শহর প্রকল্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং প্রকল্পের সার্বিক অগ্রগতির বিষয়ে খোঁজ-খবর নেন। এরপর প্রতিমন্ত্রী রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন নিকুঞ্জ-১ লেকের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

করোনাভাইরাস নিয়ে কোনো গুজবে কান দিবেন না : স্বাস্থ্যমন্ত্রী

0

করোনাভাইরাস নিয়ে মিথ্যা কোনো গুজবে কান না দিতে দেশের জনগনের প্রতি আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার রাজধানীর মহাখালীস্থ নবনির্মিত নার্সিং অধিদপ্তরের নতুন ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এই আহবান জানান।

জাহিদ মালেক বলেন, করোনাভাইরাস নিয়ে এক শ্রেণির মানুষ কিছু মিথ্যা গুজব ছড়ানোর চেষ্টা করছে যা কোনভাবেই কাম্য হতে পারেনা। মুরগির মাংস খাওয়া, মাস্ক ব্যবহার করা থেকে শুরু করে বিদেশ ফেরত কোন সুস্থ্ মানুষকে নিয়ে মিথ্যা গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিনই আপডেট দেয়া হচ্ছে এবং করণীয় বিষয়গুলি বলা হচ্ছে। সুতরাং কোথাও কোন রকম মিথ্যা গুজব ছড়ানো যাবেনা এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার বাইরে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন ধরনের কথায় কান দেয়া যাবেনা।

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশের স্বাস্থ্যখাত কতটা প্রস্তুত এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যখাত সবদিক দিয়ে এখন পুরোপুরি প্রস্তুত। ইতোমধ্যেই দেশের সকল প্রবেশ পথে ২ লাখেরও বেশি মানুষকে স্ক্রিনিং করা হয়েছে। সন্দেহজনক প্রায় ৭২ জন বিদেশ ফেরত মানুষকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশে একজনও করোনা ভাইরাস সংক্রমিত হয়নি। আর কোন কারনে কোন সক্রমিত করোনা রোগী চলে এলেও তার চিকিৎসার সব ধরনের জোড়ালো প্রস্তুতি দেশের স্বাস্থ্যখাতের রয়েছে।

নার্সিং অধিদপ্তরের গুরুত্ব উল্লেখ করে জাহিদ মালেক বলেন, দেশে বর্তামানে সরকারি, বেসরকারি সব মিলিয়ে ৩৭৬ টি নার্সিং ইন্সটিটিউট রয়েছে। এখান থেকে প্রতি বছর গড়ে প্রায় ২০ হাজার নার্স বের হয়ে আসছে। প্রতিষ্ঠানগুলোকে সরকারের নীতিমালার আওতায় আনতে হবে। প্রতিষ্ঠানগুলোর সরকারের নীতিমালা পুরোপুরি মেনে চলতে এবং নার্সিং পেশাকে আরো আধুনিকায়ন করতে নার্সিং অধিদপ্তরের গুরুত্ব অনেক। নতুন ভবনের অবকাঠামোগত সব কাজই প্রায় শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই ভবনটিতে কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

পরিদর্শনকালে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমৃদ্ধ দেশ গড়তে সুস্থ যুব সমাজের বিকল্প নেই

0

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সুস্থ সবল যুবসমাজের বিকল্প নেই। আজ বুধবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তবেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, একটি সুস্থ জাতি দেশের উন্নয়নের অন্যতম নিয়ামক। সুস্থতা রক্ষায় খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ছাত্র-ছাত্রীসহ যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনেক সময় পড়াশোনার অতিরিক্ত চাপে খেলাধুলার প্রতি মনোযোগ দেয় না। এতে তাদের জীবন একঘেয়ে হয়ে পড়ে। তাই, ছাত্র-জীবনকে সুন্দর ও অর্থবহ করতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও গুরুত্ব দিতে হবে।

এ সময় তিনি দেশের খেলাধুলাকে আরো এগিয়ে নিয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেনাজির আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। দেশের ৯৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টনসহ মোট পাঁচটি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এনামুল বাছিরের পদোন্নতির আবেদন হাইকোর্টে খারিজ

0

মহাপরিচালক হিসেবে পদোন্নতি চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাময়িক বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এক রায়ে এনামুল বাছিরের আবেদন খারিজ করে দেন।

মহাপরিচালক পদে পদোন্নতি প্রশ্নে জারি করা রুল খারিজ করে এ রায় দেওয়া হয়। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। এনামুল বাছিরের পক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ কামাল হোসেন।

মহাপরিচালক পদে পদোন্নতির জন্য গতবছর ২ জানুয়ারি এনামুল বাছির হাইকোর্টে রিট আবেদন করেন। এই রিট আবেদনে হাইকোর্ট ওইবছরের ২৯ জানুয়ারি এক আদেশে এনামুল বাছিরের জন্য মহাপরিচালকের একটি পদ খালি রাখতে নির্দেশ দেন। একইসঙ্গে রুল জারি করেন। রুলে এনামুল বাছিরকে কেন মহাপরিচালক হিসেবে পদোন্নতি দিতে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। পরবর্তীতে দুদকের আবেদনে গতবছর ১১ জুলাই মহাপচিালকের একটি পদ খালি রাখার আদেশ প্রত্যাহার করেন হাইকোর্ট। তবে রুল বিচারাধীন থাকে। এই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বুধবার তা খারিজ করে দেন হাইকোর্ট।

পুলিশের সাবেক ডিআইজি মিজানুর রহমান গতবছর ৮ জুন দাবি করেন, এনামুল বাছির তার কাছ থেকে ঘুষ নিয়েছেন। এরপর ডিআইজি মিজানের সঙ্গে ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে ডিআইজি মিজানুর রহমান ও এনামুল বাছিরের বিরুদ্ধে গতবছর ১৬ জুলাই মামলা করে দুদক।

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ২৯ অক্টোবর থেকে গতবছর ১৩ জুনের মধ্যে রমনা পার্কে এই লেনদেনের ঘটনা ঘটে। এ মামলায় গতবছর ২২ জুলাই রাতে এনামুল বাছিরকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাবন্দি। এ মামলা ঢাকার আদালতে অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, অবৈধভাবে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার ৫ টাকার সম্পদ অর্জন ও দুদকের কাছে ৩ কোটি ৭ লাখ ৫ হাজার ৪২১ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে গতবছর ২৪ জুন ডিআইজি মিজানের বিরুদ্ধে দুদক মামলা করে। এই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন এনামুল বাছির। একারণেই ডিআইজি মিজানের কাছ থেকে এনামুল বাছির ঘুষ নেন বলে অভিযোগ।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১১ ও ১২ মার্চ

0

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২০২১ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ। দুই দিনব্যাপী ভোটগ্রহণের এই তারিখ নির্ধারণ করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপ-কমিটি ঘোষণা করা হয়েছে।

সমিতি ভবনের সম্মেলন কক্ষে আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচনের এই তফসিল ঘোষণা করা হয়। সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ তফসিল ঘোষণা করেন। এ সময় সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনসহ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিল ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, মনোনয়ন প্রত্যাহার ৪ মার্চ। ১১ ও ১২ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ। এবারের নির্বাচনে ৭ হাজার ৫৮১ জন আইনজীবী ভোটার হয়েছেন। এরই মধ্যে এই ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

এদিকে নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীরা পৃথক দুটি প্যানেল ঘোষণা করেছেন। সরকার সমর্থক প্যানেল থেকে বর্তমান সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে সভাপতি পদে এবং অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হককে সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে। অপরদিকে বিএনপিপন্থী আইনজীবীরা তাদের প্যানেল থেকে সাবেক সভাপতি অ্যাডভোকটে জয়নুল আবেদীনকে সভাপতি এবং সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই দুটি প্যানেল পুরো প্রচারণায় নেমে পড়েছে।

প্রকৌশলী গবেষণা কাউন্সিল বিল পাসের সুপারিশ

0

জাতীয় সংসদে উত্থাপিত ‘বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল-২০২০’ পাসের সুপারিশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

সংসদীয় কমিটির সভাপতি আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে ওই বৈঠকে বিশেষ আমন্ত্রণে যোগদান করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বৈঠকে কমিটির সদস্য মো. শফিকুল আজম খাঁন, মো. মোজাফ্ফর হোসেন, মো. আক্তারুজ্জামান বাবু, শিরীন আহমেদ, সেলিমা আহমাদ ও হাবিবা রহমান খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, জাতীয় প্রয়োজনে প্রকৌশল বিজ্ঞানের প্রায়োগিক ক্ষেত্রসহ সব ধরণের অবকাঠামো, যন্ত্রপাতি, মালামালের নকশা প্রণয়ন, উৎপাদন-রক্ষণাবেক্ষণ ও গুণগত মান নির্ধারণে গত ১৫ জানুয়ারি সংসদে এই বিলটি উত্থাপন করা হয়। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে বিলটি পাসের সুপারিশ করে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিলে বলা হয়েছে, প্রস্তাবিত আইনের আওতায় বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল থাকবে। এ কাউন্সিলের আওতায় পূর্ত, যান্ত্রিক ও বৈদ্যুতিকসহ সব প্রকার অবকাঠামো, যন্ত্রপাতি, মালামালের নকশা প্রণয়ন, উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও গুণগত মান নির্ধারণ করা হবে।

বিলে গবেষণা কাউন্সিল পরিচালনায় একটি গভর্নিং বডির প্রস্তাব করা হয়েছে। যার চেয়ারম্যান সরকার নিয়োগ করবে। চেয়াম্যান হবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী। এ ছাড়া কাউন্সিলের একটি উপদেষ্টা পরিষদ গঠনের বিধান রাখা হয়েছে বিলে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কাউন্সিল তার কাজের সুবিধার জন্য সর্বোচ্চ ৬ সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল থাকবে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি বা প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী, প্রকৌশলী, পেশাজীবী, শিল্প উদ্যোক্তা বা শিক্ষাবিদের সমন্বয়ে প্যানেল হবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, ‘বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল আইন হিসেবে প্রবর্তন করা হলে টেকসই জাতীয় উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে পরিবেশবান্ধব ও জলবায়ু পরিবর্তন সহিষ্ণু প্রযুক্তি ও প্রকৌশল বিদ্যার কার্যকর প্রয়োগ নিশ্চিত করবে।’ এ ছাড়া প্রযুক্তি ও প্রকৌশল গবেষণার ক্ষেত্রে যথা

শহীদ মিনার এলাকায় থাকবে চার স্তরের নিরাপত্তা : ডিএমপি

0

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ২১শে ফেব্রুয়ারি পালনে পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহীদ মিনার এলাকায় ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরের প্রতিটি ইঞ্চি সিসি ক্যামেরার আওতায় থাকবে।

আজ বুধবার সকালে জাতীয় শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, ব্যারিকেডের ভিতরে প্রবেশের সময় সবাইকে তল্লাশি করা হবে। তল্লাশি ছাড়া কাউকেই ব্যারিকেডের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি বলেন, নিয়মিত টিমের পাশাপাশি সোয়াত, সাদা পোশাকে ডিবি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও মোবাইল টিম থাকবে। যাতে করে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা যায়। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নেওয়া হবে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ডিএমপির নির্দেশিত ম্যাপ ফলো করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার।

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক

0

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ব্রিভিয়ান বালাকৃষ্ণান তাকে টেলিফোনে জানিয়েছেন, ৩৯ বছর বয়সী ওই বাংলাদেশি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সংস্কার নিয়ে এক অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ টেনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি বললাম যদি উনার মৃত্যু হয়, তাহলে পরিবার তো লাশ চাইবে। তিনি জানালেন, সেই ব্যবস্থাও তার সরকার করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিঙ্গাপুরে আক্রান্ত রোগীদের নাম সরকার জানে। তবে রোগীর প্রাইভেসির স্বার্থে সিঙ্গাপুরে কর্তৃপক্ষ নাম প্রকাশ করতে চায় না।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে প্রথম কোনো বাংলাদেশির শরীরে করোনাভাইরাস শনাক্ত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশি ওই প্রবাসী সিঙ্গাপুরের এনসিআইডির আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। সিঙ্গাপুরে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ জন। এদের মধ্যে ৫ জন বাংলাদেশি।

‘বারবার খালেদাকে নিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই’

0

বেগম খালেদা জিয়ার প্যারোল নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করায় বিরক্তি প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের অনেক কাজ রয়েছে। দেশের কাজ, দলের কাজ। এসব রেখে একজন খালেদা জিয়াকে নিয়ে বারবার প্রশ্নের জবাব দেব সেই সময় আমার হাতে নেই।

আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে বিশেষ সভার শুরুতে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তিনি আদালতে আছেন। আদালতই সব ঠিক করবেন। এটা কোনো রাজনৈতিক মামলা নয়। দুর্নীতির। আদালত যেটা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। এটা আওয়াম লীগের হাতে, শেখ হাসিনার হাতে বা আমাদের কারও হাতে নেই। কাজেই বারবার এ বিষয়ে প্রশ্ন করে বিব্রত করবেন না। আমি বারবার এই প্রশ্নের উত্তর দিতে চাই না।

দলের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে নেতাদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনার বড় নির্দেশনা দল সাজাতে হবে। সাংগঠনিকভাবে সুশৃঙ্খল করতে হবে। সংগঠনের সময়ের চাহিদা মেটাতে কাজ করতে হবে।

তিনি বলেন, দল ক্ষমতায় থাকায় সাংগঠনিক দুর্বলতা টের পাচ্ছেন না। অনেক জায়গায় দেখা যায় সভাপতি-সাধারণ সম্পাদক হয়ে আছেন। ৮-১০ বছর হয়ে গেছে আর কেউ নেই। পূর্ণাঙ্গ কমিটি হয়নি। আবার অনেকে পূর্ণাঙ্গ কমিটি জমা দিচ্ছে, অনুমোদন পেতে পেতে ছয় মাস। সম্মেলন করতে বললে বলেন আমাদের তো মেয়াদ শেষ হয়নি। সম্মেলন যেদিন থেকে হবে, সময় গণনা সেদিন থেকে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান, শাজাহান খান, আবদুর রহমান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় বিভিন্ন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

কম দক্ষতাসম্পন্ন কর্মীদের আর ভিসা দেবে না যুক্তরাজ্য

0

চূড়ান্তভাবে ব্রেক্সিট কার্যকরের পর থেকে কম দক্ষতাসম্পন্ন কর্মীদের আর ভিসা দেবে না যুক্তরাজ্য। বুধবার এমন একটি পরিকল্পনা প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। এতে নিয়োগকর্তাদের আহ্বান জানিয়ে বলা হয়েছে, তারা যেন ইউরোপ থেকে আসা ‘সস্তা শ্রমিক’-এর ওপর নির্ভর না করে কর্মী ধরে রাখা এবং অটোমেশন প্রযুক্তি উন্নয়নের ওপর জোর দেন।

স্বরাষ্ট্র দফতর জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও এর বাইরের যেসব নাগরিক যুক্তরাজ্যে আসতে চায়, তাদের ৩১ ডিসেম্বর ইউকে-ইইউ ফ্রি মুভমেন্ট বন্ধ হওয়ার পর একই মাপকাঠিতে যাচাই করা হবে।

সরকার বলছে, তারা সার্বিকভাবে যুক্তরাজ্যে অভিবাসীদের আগমন কমানোর চেষ্টা করছে। নিজেদের নির্বাচনি তফসিল অনুযায়ী একটি ‘পয়েন্টভিত্তিক’ অভিবাসন ব্যবস্থা তৈরি করতে চায় তারা। নতুন এই ব্যবস্থা অনুযায়ী, যেসব বিদেশি কর্মী যুক্তরাজ্যে আসতে চায় তাদের ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে। এছাড়া ‘অনুমোদিত স্পন্সরের’ অধীনে দক্ষতাসম্পন্ন কোনও চাকরিতে নিয়োগ পেতে হবে। তা নিশ্চিত করতে পারলে তারা ৫০ পয়েন্ট পাবে।

যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টি বলছে, এর ফলে তৈরি হওয়া ‘প্রতিকূল পরিস্থিতি’র কারণে শ্রমিক পাওয়া কঠিন হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেছেন, এই নতুন ব্যবস্থার কারণে ‘সবচেয়ে সম্ভাবনাময় ও সেরারাই যুক্তরাজ্যে আসার সুযোগ পাবে।’

নতুন পয়েন্ট ভিত্তিক নীতি
যুক্তরাজ্যে কাজ করার অনুমতি পেতে হলে সব মিলিয়ে অভিবাসীদের ৭০ পয়েন্ট নিশ্চিত করতে হবে। এরমধ্যে যোগ্যতা, বেতন ও যে খাতে কর্মীর অভাব রয়েছে এমন কোনও খাতে কাজ করলেও পয়েন্ট পাওয়া যাবে। তবে সরকার জানিয়েছে, তারা কম দক্ষতাসম্পন্ন শ্রমিকদের অভিবাসনের জন্য পথ তৈরি করবে না।

ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ও যুক্তরাজ্যের মধ্যে বাধাহীন চলাচল বন্ধ হয়ে যাওয়ার বিষয়টির সঙ্গে ‘খাপ খাইয়ে’ চলে।

সরকার জানিয়েছে, নিয়োগকর্তারা যেন অভিবাসন পদ্ধতির ওপর নির্ভরশীল না থেকে যেন কর্মী ধরে রাখা, উৎপাদনশীলতা ও প্রযুক্তির উন্নয়নে বিনিয়োগ করে। এটিই গুরুত্বপূর্ণ বিষয়।

সরকার মনে করে নতুন কর্মী না বাড়িয়ে যেই ৩২ লাখ ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিক যুক্তরাজ্যে থাকার অনুমতি চেয়েছে তাদের দিয়েই শ্রমজাবারের চাহিদা মেটানো যেতে পারে। পাশাপাশি, কৃষিখাতে মৌসুমি শ্রমিক আসার অনুমোদিত পরিমাণ চার গুণ বাড়িয়ে ১০ হাজার করতে যাচ্ছে সরকার। এছাড়া ‘ইয়ুথ মোবিলিটি অ্যাগ্রিমেন্ট’-এর অধীনে প্রতি বছর ২০ হাজার তরুণ যুক্তরাজ্যে আসার সুযোগ পাবে।

সিবিআই এই প্রস্তাবের অনেকগুলোর সমর্থন করলেও তারা মনে করে কিছু প্রতিষ্ঠান ‘তাদের ব্যবসা চালানোর জন্য প্রয়োজনীয় কর্মী কীভাবে পাওয়া যাবে, তা চিন্তা করে হিমশিম খাবে।’ এই প্রতিষ্ঠানের মহাসচিব ক্যারোলিন ফেয়ারবেয়ার্ন বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠানগুলো জানে যে বিদেশ থেকে কর্মী নিয়োগ দেওয়া এবং কর্মীদের দক্ষতা ও প্রযুক্তি উন্নয়নে বিনিয়োগের মধ্যে কোনও একটি করলে হবে না। অর্থনীতির উন্নয়নে দুটিই একাধারে চালাতে হবে।’

রয়েল কলেজ অব নার্সিং-এর আশঙ্কা, এই প্রস্তাবগুলোর বাস্তবায়নে ‘জনগণের স্বাস্থ্য ও সেবার চাহিদা পূরণ হবে না।’ সেবা খাতের সঙ্গে জড়িত ইউনিসনের সহ সম্পাদক ক্রিস্টিনা ম্যাকেনা বলেন, এ ধরনের প্রস্তাব ‘সেবা খাতের জন্য বিধ্বংসী।’ যুক্তরাজ্যের হোমকেয়ার অ্যাসোসিয়েশন কম দক্ষতাসম্পন্ন কর্মীদের জন্য সুযোগ কমিয়ে দেওয়ার প্রস্তাবকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যায়িত করেছে।

জাতীয় কৃষক ইউনিয়নের প্রেসিডেন্ট মিনেট ব্যাটার্স ‘ব্রিটেনের খাদ্য ও কৃষি খাতে প্রয়োজনীয়তা’ নির্ণয়ে সরকার ব্যর্থ হওয়ায় ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ করেছেন। খাদ্য ও পানীয় বিষয়ক ফেডারেশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, নতুন এই প্রস্তাবের অধীনে মাংস প্রক্রিয়াজাতকরণ, বেকিং, পনির ও পাস্তা তৈরিকারী শ্রমিকরা অন্তর্ভুক্ত থাকবে না।

নতুন অভিবাসন নীতির অধীনে দক্ষ কর্মীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি কম দক্ষ শ্রমিকদের হার কমানোর ব্যাপারে সমন্বয়ের পরিকল্পনা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা অভিবাসীদের জন্য কিছু নিয়ম শিথিল হবে। যেমন শ্রমিকদের দক্ষতার নির্ধারিত মান না থাকা এবং সর্বনিম্ন বেতনের হার কম হওয়া। তবে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলো থেকে যারা যুক্তরাজ্যে প্রবেশ করতে চাইবেন তাদের জন্য নিয়ম কঠিন হবে। দর্শনার্থীরা ভিসা ছাড়া ছয় মাসের জন্য থাকতে পারবেন। তবে কাজ করতে পারবেন না। যাদের দক্ষতা রয়েছে তাদের চাকরির অনুমোদন নিয়ে আসতে হবে এবং অভিবাসনের প্রয়োজনীয় ৭০ পয়েন্ট পেতে হবে।

রেস্টুরেন্ট, হোটেল, সেবা খাত এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় দক্ষতাহীন কোনও অভিবাসী চাকরি করতে পারবে না। নতুন প্রস্তাব অনুযায়ী, সব অভিবাসী অনির্দিষ্টকালের জন্য যুক্তরাজ্যে থাকার অনুমতি না পাওয়া পর্যন্ত আয় সংক্রান্ত সুবিধা ছাড়া অন্য কোনও সুবিধা পাবে না।

বর্তমানে ইউরেপীয় ইউনিয়নের নাগরিকরা যুক্তরাজ্যের অর্থনৈতিক সুবিধা চাইতে পারেন যতদিন তারা ‘অর্থনৈতিকভাবে সক্রিয়’ থাকেন। ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকরা সুবিধা পাওয়ার যোগ্য হন যখন তাদের যুক্তরাজ্যে বসবাসের অনুমতি দেওয়া হয়। এটি সাধারণত পাঁচ বছরের মধ্যেই হয়ে থাকে। যুক্তরাজ্যে যেতে আগ্রহী দক্ষ শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার পাউন্ড থেকে নামিয়ে ২৫ হাজার ৬০০ পাউন্ড করা হবে।

অভিবাসন বিষয়ক পরামর্শ দেওয়া সংস্থা মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটি-র তালিকায় এ মুহুর্তে সিভিল ইঞ্জিনিয়ার, মেডিক্যাল প্র্যাকটিশনার, নার্স, সাইকোলজিস্ট ও ব্যালে নৃত্যশিল্পীদের চাকরির সুযোগ রয়েছে। নতুন প্রস্তাবের অধীনে যুক্তরাজ্যে আসা দক্ষ কর্মীর সংখ্যা নির্দিষ্ট করে দেওয়ার বিষয়টি থাকবে না।

শ্রমিকদের দক্ষতার সংজ্ঞাও পরিবর্তন করা হবে। যারা এ-লেভেল পর্যন্ত পড়ালেখা করেছে তাদের স্বীকৃতি দেওয়া হবে, যেটি আগে স্নাতক পর্যায়ে দেওয়া হতো। তবে দক্ষ শ্রমিকের তালিকা থেকে হোটেল ও রেস্টুরেন্টের ওয়েটারের চাকরি বাদ গিয়ে কাঠমিস্ত্রী, রাজমিস্ত্রী ও দক্ষ শিশু অভিভাবকের পদ যুক্ত হবে।
যুক্তরাজ্যে পড়ালেখা করতে চাইলে বিদেশি ছাত্রদের স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব (অফার লেটার) পাওয়া লাগবে। ইংরেজি জানতে হবে এবং আর্থিক সক্ষমতা দেখাতে হবে।