Home Blog Page 3143

‘কনসার্ট ফর বাংলাদেশ’ নিয়ে ঢাকায় বর্ণাঢ্য অনুষ্ঠান

0

মহান মুক্তিযুদ্ধের বন্ধুদের স্মরণে ঢাকায় হয়ে গেলো বর্ণাঢ্য একটি অনুষ্ঠান। ১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ঐতিহাসিক মেডিসন স্কয়ার গার্ডেনে মুক্তিযুদ্ধের পক্ষে আয়োজন করা হয়েছিল কনসার্ট ফর বাংলাদেশ। সেই আয়োজন সংশ্লিষ্টদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও ভালোবাসা জানানোই ছিল এই অনুষ্ঠানের উদ্দেশ্য।

মঙ্গলবার বিকালে ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। নিউ ইয়র্কের ফ্রেন্ডস অব ফ্রিডম এবং ঢাকার বিজবন্ড আইটি অনুষ্ঠানটির আয়োজন করে।

“একটি দেশের জন্য গান” শীর্ষক অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে অবিসংবাদিত এই নেতার প্রতি দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হয়। সম্মান জানানো হয় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি। এরপর কনসার্ট ফর বাংলাদেশের উপর ১৪ মিনিটের একটি তথ্যচিত্র দেখানো হয়। ঐতিহাসিক এই আয়োজনটি নিয়ে লেখক ও সাংবাদিক শামীম আল আমিন একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন। ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছরে যেটি প্রদর্শন করা হবে। অনুষ্ঠানে সেই প্রামাণ্যচিত্র নির্মাণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

জাদুঘরের মূল মিলনায়তনটি ভর্তি ছিল উৎসাহী মানুষের ভিড়ে। প্রধান অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ১৯৭১ সালে নিউ ইয়র্কে মুজিব নগর সরকারের প্রথম কূটনীতিক আবুল হাসান মাহমুদ আলী। বিশেষ অতিথি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। আরও ছিলেন লেখক ও রাজনৈতিক ভাষ্যকার সুভাষ সিংহ রায় ও নিউ ইয়র্ক প্রবাসী চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকার। ফ্রেন্ডস অব ফ্রিডমের সমন্বয়কারি শামীম আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজবন্ড আইটির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হামিদ। সঞ্চালনা করেন একাত্তর টিভির উপস্থাপক নাজনীন মুন্নী।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান মাহমুদ আলী ১৯৭১ সালে নিউ ইয়র্কে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত তৈরিতে তারা কি করেছেন, তার বিস্তারিত তুলে ধরেন। কনসার্ট ফর বাংলাদেশে, তার প্রভাব এবং গোটা আয়োজনটি নিয়েও জানান তিনি। তিনি বলেন, “সেই সময় এই আয়োজনটি মুক্তিযুদ্ধের পক্ষে বড় একটি প্রেরণাদায়ী ভূমিকা রেখেছে”। এ নিয়ে উদ্যোগ নেয়ায় তিনি আয়োজনকদের ধন্যবাদ জানান।

ড. কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, “মুক্তিযুদ্ধে বিভিন্ন পর্যায়ে মানুষ ভূমিকা রেখেছেন। তাদের নিয়ে আলাদা আলাদা কাজ হওয়া জরুরি। বিদেশি অনেক বন্ধুও ছিলেন পাশে। কনসার্ট ফর বাংলাদেশ তেমনি একটি জোরালো উদ্যোগ ছিল। অসাধারণ সেই আয়োজনটি নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগ নেয়ায় শামীম আল আমিনকে ধন্যবাদ”।

শামীম আল আমিন বলেন,”আমি অনেক দূরে প্রবাসে থাকি। কিন্তু দেশ সবসময়ই থাকে আমার হৃদয়ে। সব সময়ই এক ধরনের তাগিদ অনুভব করি। দেশের প্রতি দায়বদ্ধতা থেকে মুক্তিযুদ্ধের একটি চমৎকার অধ্যায়কে সবার সামনে আনার চেষ্টা করছি। সে কারণেই কনসার্ট ফর বাংলাদেশ নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের এই উদ্যোগ। কেবল তাই নয়। ফ্রেন্ডস অব ফ্রিডমের ব্যানারে আমরা বিদেশি অনেক বন্ধুকে নিয়ে কাজ করবো।”

অনুষ্ঠানের পরের পর্বে সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, শিল্পী বাবু সরকার, বাপকা বেটা সঙ্গীত দলের শুভাশীষ ভৌমিক ও ঋতুরাজ ভৌমিক এবং অপর্ণা আমিন। আবৃত্তি করেন বাচিক শিল্পী অভ্র ভট্টাচার্য। মুক্তিযুদ্ধ ও দেশের গানে গোটা মিলনায়তনে তখন অপূর্ব এক পরিবেশ তৈরি হয়।

দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি : প্রধানমন্ত্রী

0

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক কষ্ট, ব্যথা-বেদনা বুকে চেপে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের মানুষ যেন একটু সুখের মুখ দেখে, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটে- সেই লক্ষ্য নিয়ে কাজ করে চলেছি। বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

আজ মঙ্গলবার রাতে জাতীয় সংসদে দেওয়া ভাষণ তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিব বর্ষকে সামনে রেখে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, কারোর প্রতি বিদ্বেষ নিয়ে চলি না। প্রতিশোধ নিতেও যাইনি। যেখানে অন্যায় হয়েছে, সেখানে ন্যায় করার চেষ্টা করেছি।

প্রধানমন্ত্রী জঙ্গি-সন্ত্রাস ও ধর্ষণকারীদের বিরুদ্ধে তাঁর সরকারের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে দেশবাসীকে এদের আইন-শৃঙ্খলাবাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদী-মাদক ও ধর্ষকদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। অগ্নিসন্ত্রাস, নাশকতা, নানা ষড়যন্ত্রসহ বৈরী অবস্থা মোকাবেলা করেই আমরা দেশকে সবদিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেশের এই অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে তিনি দেশবাসীর সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন।

বিরোধী দল উপস্থিত থেকে সংসদকে প্রাণবন্ত করে রাখায় ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাঝে মাঝে মধ্যে কিছু সমস্যা দেখা যায়, আমরা দ্রুত সমাধান করছি। করোনা ভাইরাস মোকাবেলায় আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছি। এয়ারপোর্টসহ সব জায়গায় বিদেশ থেকে আগতদের পরীক্ষা করা হচ্ছে, যেন কেউ করোনা ভাইরাস নিয়ে দেশে আসতে না পারে। ডেঙ্গু সমস্যা সমাধানে দেশবাসীকে নিজেদের বাড়ি-ঘর পরিস্কার করার অনুরোধ করবো। তিনি বলেন, চীনে সৃষ্ট সমস্যার কারণে বিকল্প পথ খুঁজছি, তাই আতঙ্কের কিছু নেই।

ধর্ষকরা পশুরও অধম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা শিশু-কিশোরীদের ধর্ষণ করে তারা মানুষ নামে পশু, এরা পশুরও অধম। তাদেরও তো মা-বোন-মেয়ে আছে। এমন জঘন্য চরিত্রের মানুষ কীভাবে হতে পারে? জঙ্গিবাদ-মাদক-ধর্ষণকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছি। দেশবাসীও এদের ধরিয়ে দিতে সহযোগিতা করবেন বলে আশাকরি।

শেখ হাসিনা বলেন, দেশে রিজার্ভ ৩২ বিলিয়নের ওপরে রয়েছে, দেশের অর্থনীতিও অনেক শক্তিশালী। ব্যাংকে টাকার কোন সমস্যা নেই। প্রণোদনা দিচ্ছি বলেই ১৮ বিলিয়ন রেমিটেন্স এসেছে। সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ব্যাপকভাবে হচ্ছে। টাকা যদি নাই থাকতো তবে এতো উন্নয়ন হচ্ছে কীভাবে? এক কোটি ৪০ লাখ শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে যাচ্ছি। দারিদ্র্যের হার ৪০ ভাগ থেকে ২০ দশমিক ৫ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। দুর্যোগ মোকাবেলায় আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি। এটাও দেশের জন্য একটা বড় অর্জন।

বিরোধী দলের নেতার বক্তব্যের জবাবে শেখ হাসিনা বলেন, কিছু ক্ষেত্রে তিনি হতাশা প্রকাশ করেছেন। কিন্তু রাষ্ট্রপতির ভাষণ যদি উনি ভাল করে পড়েন, তবে হতাশ না হয়ে উজ্জীবিত হবেন। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করেছি, তথ্যপ্রযুক্তি বিদেশে রফতানিও শুরু করেছি। কর্মসংস্থানের জন্য নতুন নতুন ক্ষেত্র তৈরি করে দিচ্ছি। কর্মসংস্থানের জন্য স্বপ্রণোদিত কর্মদ্যোক্তায় পরিণত করতে বাজেটে বিশেষ বরাদ্দ রেখেছি। বিদেশে অনেকে বিপুল টাকা খরচ করে বিদেশে যায়, কিন্তু চাকুরির গ্যারান্টি নেই। যারা ভুল পথে যায়, দালালের খপ্পরে পড়ে তারাই বিপদে পড়ে। এতো টাকা খরচ করে বিদেশে না গিয়ে দেশেই বিনিয়োগ করে একেকজন কর্মদ্যোক্তায় পরিণত হতে পারে।

বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যখনই যারা ক্ষমতায় এসেছে তারা আওয়ামী লীগকে নির্যাতন করেছে। জেনারেল এরশাদ ক্ষমতায় থাকতে ’৮৮ সালে আমাদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে। অগ্নিসন্ত্রাস করে শত শত মানুষকে হত্যা করেছে। এসব বৈরী অবস্থা মোকাবেলা করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশবাসীর সহযোগিতা কামনা করে শেখ হাসিনা বলেন, আমরা মুজিব বর্ষ উদযাপন করবো। জাতির পিতার নাম এক সময় ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল, ইতিহাস বিকৃত করা হয়েছিল। বিশ্ব দরবারে মানুষ মাথা উচুঁ করে চলবে। দেশের মানুষকে একটু সুন্দর জীবন দিতে সারাটা জীবন কষ্ট করে গেছেন জাতির পিতা, তাঁর নেতৃত্বেই আমরা স্বাধীনতা পেয়েছি। অথচ বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার না করে পুরস্কৃত করা হয়েছে। খালেদা জিয়া ভোটচুরি করে বঙ্গবন্ধুর খুনি ফারুক-রশীদকে সংসদে বসিয়েছেন, বিরোধী দলের নেতা পর্যন্ত বানিয়েছেন। জেনারেল এরশাদও ফ্রিডম পার্টি গঠন করে বঙ্গবন্ধুর আরেক খুনীকে রাষ্ট্রপতির প্রার্থী করেছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, কী কষ্ট স্বীকার করতে হয়েছে তা আমি জানি। সব ব্যথা বুখে চেপে দেশকে এগিয়ে নিয়ে যেতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। একটাই কারণ, আমার বাবা জাতির পিতা দেশের মানুষের জন্য সারাজীবন ত্যাগ স্বীকার করেছেন। মানুষের মুখে হাসি ফোটাতে, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সমস্ত জীবনটা বিলিয়ে দিয়েছেন। তাই আমি নিজের সুখের কথা চিন্তা না করে দেশের মানুষ যেন ভাল থাকে, তারা যেন সুখের মুখ দেখে। দেশটা যেন এগিয়ে যায়, সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।

সংসদ নেতা বলেন, রমজান আসলেই অনেকে অনেক খেলার চেষ্টা করে। কেউ যেন গুজবে আতঙ্কে না পড়েন। আমরা এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিচ্ছি। এবার কোন দ্রব্যমূল্য বাড়বে না বলে তিনি দাবি করেন।

ফের বাড়ল স্বর্ণের দাম

0

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল বুধবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৬১ হাজার ৫২৭ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে এ মূল্য বাড়িয়েছে বাজুস।

বছরের প্রথম অধিবেশন সমাপ্ত

0

একাধ জাতীয় সংসদের দ্বিতীয় বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা শেষে তা গ্রহণ করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে ওই প্রস্তাব গ্রহণের পর সংসদ অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংবিধানের ৭৩ অনুচ্ছেদের ২ উপধারা অনুযায়ী ‘সংসদ সদস্যদের প্রত্যেক সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের সূচনায় এবং প্রত্যেক বৎসরের প্রথম অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করিবেন’। উপধারা (৩) এ বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত ভাষণ শ্রবণ বা প্রেরিত বাণী প্রাপ্তির পর সংসদ উক্ত ভাষণ বা বাণী সম্পর্কে আলোচনা করিবেন’। আর রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে কার্যপ্রণালী বিধির ৭ম অধ্যায়ে ৩৪ অনুচ্ছেদের (১) অনুযায়ী স্পিকার সংসদ নেতার সাথে পরামর্শক্রমে সংবিধানের ৭৩ অনুচ্ছেদের অধীন রাষ্ট্রপতি কর্তৃক সংসদে প্রদত্ত ভাষণে উল্লেখিত বিষয় সমূহের আলোচনার জন্য সময় বরাদ্দ করবেন। এরপর সংসদে কোন সদস্যের মাধ্যমে উত্থাপিত এবং অপর একজন সদস্যের সমর্থিত একটি ধন্যবাদ প্রস্তাবের মাধ্যমে সংসদ উক্ত ভাষণে উল্লেখিত বিষয়সমূহ আলোচনা করবেন।

সংবিধান ও কার্যপ্রাণালী বিধি অনুযায়ী একাদশ সংসদদের ৬ষ্ঠ অধিবেশন অর্থাৎ ২০২০ সালের প্রথম অধিবেশনের প্রথম দিনে গত ৯ জানুয়ারি সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত ১৪ জানুয়ারি ওই ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী। এরপর ওই ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনা শুরু হয়। সরকার ও বিরোধী দলের ২২৭ জন সদস্য প্রায় ৫৫ ঘণ্টা আলোচনা করেন। এরমধ্যে সরকারি দল ১৪ দলীয় জোটের শরিকসহ ২০১ জন সদস্য অংশ গ্রহণ করেন। শুধু আওয়ামী লীগের ১৯২ জন সংসদ সদস্য আলোচনা করেন। এছাড়া ওয়াকার্স পার্টির ৪ জন, জাসদের ২ জন, বিকল্পধারা বাংলাদেশের একজন, তরিকত ফেডারেশনের একজন, জাতীয় পার্টি জেপি একজন। আর বিরোধী দল জাতীয় পার্টির ১৮ জন, বিএনপি’র ৫ জন, গণফোরামের ২ জন, একজন স্বতন্ত্রসহ মোট ২৬ জন আলোচনা করেন। বিরোধী দলের মধ্যে জাতীয় পার্টি সময় পেয়েছে প্রায় ৯ ঘণ্টা। আর বিএনপি’র সংসদ সদস্যরা আলোচনা করেছেন প্রায় এক ঘণ্টা।

বছরের প্রথম অধিবেশনের ২৮ কার্যদিবসে সবমিলিয়ে ৭টি বিল পাস হয়েছে। অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ২৩৫টি নোটিশ পাওয়া যায়। এরমধ্যে ১২টি নোটিশ গ্রহণ করা হয়েছে এবং ৮টি নোটিশ নিয়ে সংসদে আলোচনা হয়েছে। এছাড়া ৭১ (ক) বিধিতে দুই মিনিট করে আলোচনার নোটিশ ছিল ৬০টি। এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ১২৪টি প্রশ্ন পাওয়া যায় তার মধ্যে প্রধানমন্ত্রী ৫৫টি প্রশ্নের উত্তর দেন। এছাড়া অন্যান্য মন্ত্রীদের উত্তরদানের জন্য দুই হাজার ৯০২টি প্রশ্ন পাওয়া যায়। এরমধ্যে দুই হাজার ২৩৬টি প্রশ্নের উত্তর দিয়েছেন মন্ত্রীগণ।

সংসদ অধিবেশন সমাপ্তি ঘোষণার আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মুজিব বর্ষ উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন বসবে বলে জানান। এই অধিবেশনের মতো বিশেষ অধিবেশনও সরকার ও বিরোধী দলের অংশগ্রহণে প্রাণবন্ত থাকবে বলে আশা প্রকাশ করেন।

মূলতবি প্রস্তাব নাকচ : সংসদের চলতি এই অধিবেশনে সাধারণ আলোচনার জন্য দুইটি প্রস্তব পাওয়া যায়। প্রস্তাব দু’টি উত্থাপন করেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী। প্রস্তাব দু’টি ছিলো ‘করোনাভাইরাস নিয়ে আশু করণীয়’ ও ‘ঢাকার বায়ু দুষণ রোধ’ প্রসঙ্গে। ওই বিষয় দু’টি নিয়ে ইতোমধ্যে সরকার পদক্ষেপ গ্রহণ করায় প্রস্তাব দু’টি নাকচ করেন স্পিকার।

শাহরুখের পর সিপিএল দল কিনলেন প্রীতি জিনতা

0

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) যেমন দাপিয়ে বেড়াচ্ছে কলকাতা নাইট রাইডার্স, তেমনই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের মালিক বলিউড কিং শাহরুখ খান। এবার তার পথ ধরে ক্রিস গেইলের দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে যুক্ত হলেন আরেক বলিউড তারকা প্রীতি জিনতা।

সিপিএল একটি দল কিনেছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কিংস একাদশ পাঞ্জাবের মালিক প্রীতি। ওয়েস্ট ইন্ডিজ দলের সাবেক অধিনায়ক ড্যারেন সামির নেতৃত্বাধীন সেন্ট লুসিয়া জুকসের মালিকানা কিনে নিয়েছে পাঞ্জাব। এর আগে ২০১৫ সালে ও ত্রিনিদাদ ও টোবাগের মালিকানা কিনে নিয়েছিল শাহরুখ খানের নাইট রাইডার্স।

চলতি বছর ১৯ আগস্ট থেকে ২৬ সেপ্টম্বর অনুষ্ঠিত হবে সিপিএলের অষ্টম আসর। লুসিয়া জুকসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঞ্জাব ক্লাবের অংশীদার মোহিত বর্মন বলেন, ‘বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর একটি হলো সিপিএল। এই আসরের একটি দলে বিনিয়োগ করার সুযোগ পেয়ে আমরা খুবই আনন্দিত। গত ৭ বছরে সিপিএলের উত্থানে আমরা অত্যন্ত খুশি।’

ঢাকা ওয়াসার পানির মূল্য বৃদ্ধির প্রস্তাব অযৌক্তিক : টিআইবি

0

পরিচালন ব্যয়, ঘাটতি ও ঋণ পরিশোধের অজুহাতে আবাসিক ও বাণিজ্যিক খাতে ঢাকা ওয়াসার ৮০ শতাংশ পর্যন্ত পানির মূল্য বৃদ্ধির প্রস্তাব অযৌক্তিক, গ্রাহকের ওপর নির্যাতনমূলক ও অগ্রহণযোগ্য মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে পাঠানো মূল্যবৃদ্ধির এই প্রস্তাব অগ্রাহ্য করে সংশ্লিষ্ট খাতে বিশেষজ্ঞসহ গণশুনানির মাধ্যমে ওয়াসা আইন ও সেবার মান, বিশেষ করে পানির পর্যাপ্ত সরবরাহ ও গুণগত মান নিশ্চিত করা সাপেক্ষে যৌক্তিক ও সহনীয় মাত্রায় মূল্য বৃদ্ধির আহ্বান জানায় সংস্থাটি।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ঢাকা ওয়াসা আবাসিক গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট পানির দাম ১১.৫৭ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা এবং বাণিজ্যিক গ্রাহক পর্যায়ে ৩৭.০৪ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা (সার্বিকভাবে ৮০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি) নির্ধারণের প্রস্তাব করেছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। ওয়াসা আইন ১৯৯৬ অনুযায়ী বাৎসরিক সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধির বিধানের সাথে এই প্রস্তাব সাংঘর্ষিক। প্রস্তাব অনুযায়ী মূল্য বৃদ্ধি করলে তা ইতোমধ্যেই ওয়াসা কর্তৃক ন্যায্য পরিমাণে পানি সরবরাহ বিশেষ করে পানির গুণগত মান নিশ্চিতে ব্যর্থতার কারণে হতাশ নগরবাসীর জন্য অধিকতর নির্যাতন ও বিড়ম্বনার কারণ হবে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ওপর অন্যায্য চাপ আরো বৃদ্ধি করবে। উন্নয়ন ব্যয় বহনের নামে সেবার মান উন্নত ও পানির বিশুদ্ধতা নিশ্চিত না করে মূল্য বৃদ্ধির এই অন্যায্য প্রস্তাব ঢাকা ওয়াসার একগুঁয়েমি ও স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ। যে পানি ওয়াসার শীর্ষ কর্মকর্তাগণ নিজেরাই পান করতে নিরাপদ বোধ করেন না, তার মূল্য বৃদ্ধির এই প্রস্তাব সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে ওয়াসার সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

ঢাকা ওয়াসা নিয়ে ২০১৯ সালের এপ্রিলে প্রকাশিত টিআইবির গবেষণার তথ্য উল্লেখ করে ড. জামান বলেন, গবেষণায় দেখা গেছে, ঢাকা ওয়াসার অধীনে জরিপে অন্তর্ভুক্ত ৪৪.৮ শতাংশ সেবাগ্রহীতা চাহিদা অনুযায়ী পানি পান না, ৫১.৫ শতাংশ সেবাগ্রহীতার কাছে সরবরাহকৃত পানি অপরিষ্কার এবং ৪১.৪ শতাংশের কাছে সরবরাহকৃত পানি দুর্গন্ধযুক্ত। ওয়াসার সেবার মান ও অনিয়ম-দুর্নীতির কারণে সার্বিকভাবে ৩৭.৫ শতাংশ সেবাগ্রহীতাই অসন্তুষ্ট। তাই সেবাগ্রহীতাদের মতামত না নিয়ে এবং অভ্যন্তরীন দুর্নীতি ও সিস্টেম লস নিরসনে সুনির্দিষ্ট ও সময়াবদ্ধ পরিকল্পনা ছাড়াই একতরফাভাবে পানির মূল্যবৃদ্ধির এই প্রস্তাব গ্রাহকের ওপর অন্যায্য বোঝা চাপিয়ে দিবে, যা অগ্রহণযোগ্য।

সেবার মান বাড়াতে উন্নয়ন প্রকল্পের জন্য গৃহীত ঋণ পরিশোধ ও ভর্তুকি মেটাতে অতিরিক্ত অর্থের প্রয়োজনীয়তা স্বীকার করে ড. জামান আরো বলেন, উন্নয়ন প্রকল্পের জন্য অর্থ প্রবাহ বাড়ানোর নামে অযৌক্তিকভাবে পানির মূল্য বৃদ্ধির আগে ঢাকা ওয়াসার ক্রয় প্রক্রিয়া, প্রকল্প বাস্তবায়ন এবং গ্রাহক পর্যায়ের মিটার রিডিংসহ নানা ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি বন্ধ করে অভ্যন্তরীণ সুশাসন নিশ্চিত করা জরুরি। একটি বড় প্রকল্প বাস্তবায়নে অবহেলা ও ধীরগতির কারণে অনুমোদিত মেয়াদ অতিক্রম করলেই কোটি কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়, যা জনগণের অর্থের অপচয়। আবার গ্রাহক পর্যায়ে বিল আদায়ে অবহেলা ও দুর্নীতি নিয়ন্ত্রণসহ ওয়াসার চলমান কর্তৃত্ববাদী ও জবাবদিহিহীন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে পারলে ওয়াসার অর্থের যোগান অনেক বাড়বে।

বিবৃতিতে ওয়াসা আইনে পানির মূল্য নির্ধারণের পূর্বে বিশেষজ্ঞসহ সেবাগ্রহীতাদের মতামত গ্রহণের জন্য গণশুনানির বাধ্যবাধকতা নিশ্চিত করে পানি ও পয়নিষ্কাশন সেবার মূল্য নির্ধারণে স্বতন্ত্র রেগুলেটরি কাঠামো গঠন এবং ওয়াসা বোর্ডের ক্ষমতা ও দায়িত্ব নিশ্চিত করতে নিরপেক্ষ ও প্রভাবমুক্ত ব্যক্তিদের সমন্বয়ে বোর্ড গঠনের আহ্বান জানায় টিআইবি।

গুজব ও অপপ্রচাররোধে উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, তথ্য মন্ত্রণালয়ে ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ’ সম্পর্কিত ১৯ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি কমিটি রয়েছে। উচ্চ পর্যায়ের এই কমিটি গুজব সংক্রান্ত তথ্য আদান-প্রদান এবং কমিটির আওতাভুক্ত দপ্তরসমূহ গুজব প্রতিরোধে স্ব স্ব দপ্তরের বিধিবিধান অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করে থাকে। গুজবের বিষয়ে সত্যতা পাওয়া গেলে সোস্যাল মিডিয়া হতে জরুরিভিত্তিতে লিংকসমূহ বন্ধ ও প্রত্যাহারে বিটিআরসি তাৎক্ষণিক ব্যবস্থাগ্রহণ করে থাকে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোছাঃ শামীমা আক্তার খানমের প্রশ্নের লিখিত জবাবে তিনি আরো জানান, চলমান এই কার্যক্রমের আওতায় ২০১৮ সালের ২১ নবেম্বর হতে এ যাবত গুজব সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে গুজব বলে নিশ্চিত করে মোট ১৮টি তথ্যবিবরণী জারি করা হয়েছে। পাশাপাশি গুজব বিষয়ে সচেতনতা সৃষ্টিতে রেডিও টেলিভিশনে স্পট এবং টিভিসি নিয়মিত প্রচার করা হচ্ছে। তথ্য মন্ত্রণালয় তার অধীনস্থ দপ্তরগুলো গুজব প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

মন্ত্রী জানান, সারাদেশে গুজব ও সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিরুদ্ধে অপপ্রচার রুখতে এবং এর বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে টেলিভিশনে জনসচেনতামূলক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ বেতারের ১৪টি আঞ্চলিক কেন্দ্র ও বিশেষায়িত ইউনিটসমূহ থেকে নিয়মিতভাবে গুজব ও সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিরুদ্ধে অপপ্রচার রুখতে বিভিন্নভাবে সচেতনতামূলক অনুষ্ঠান ঘোষণা, সাক্ষাতকার, স্লোগান ইত্যাদি প্রচার করা হচ্ছে। এছাড়াও তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন সকল কমিউনিটি রেডিও এবং বাণিজ্যিক এফএম রেডিও থেকেও প্রচারিত হচ্ছে।

জাতীয় পার্টির মো. ফখরুল ইমামের প্রশ্নের লিখিত জবাবে ড. হাছান মাহমুদ জানান, তথ্য অধিকার আইন অনুযায়ী জনগণের চাহিদা মোতাবেক তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে তথ্য কমিশনের কার্যক্রম চলমান রয়েছে। তথ্য অধিকার আইন বাস্তবায়নে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণের জন্য একটি প্রকল্প প্রস্তাব অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি জানান, তথ্য কমিশনের ভবন নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। ভবন নির্মাণে ডিপিপি’র প্রাক্কলিত ব্যয় ৭৫ কোটি ৪ লাখ ৫৮ হাজার টাকা। তথ্য কমিশনের ভবন নির্মিত হলে জনগণের তথ্য অধিকার বাস্তবায়নে গতিশীলতা বৃদ্ধি পাবে এবং তথ্য কমিশনে অভিযোগ ও রিট সংক্রান্ত কার্যাদি সম্পন্নকরণে কর্মপরিবেশ সৃষ্টি হবে।

ব্যবসা-বাণিজ্য সহজীকরণে কোম্পানি বিল পাস সংসদে

0

ব্যবসা-বাণিজ্য সহজীকরণে ‘কোম্পানি (সংশোধন) বিল-২০২০’ নামে একটি বিল জাতীয় সংসদে পাস করা হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করা হলে তা কণ্ঠভোটে পাস হয়। এরআগে বিলটির ওপর বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপি সদস্যদের আনা জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব নাকোচ হয়ে যায়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী। ওই বিলের বিরোধিতা করে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মো. ফখরুল ইমাম, কাজী ফিরোজ রশীদ, মুজিবুল হক, শামীম হায়দার পাটোয়ারী ও পীর ফজলুর রহমান এবং বিএনপি’র ব্যারিস্টার রুমিন ফারহানা। কিন্তু তাদের প্রস্তাবের বিরোধীতা করে বিলপি পাসের অনুরোধ জানান মন্ত্রী। পরে বিরোধী দলের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

পাস হওয়া বিলে কোম্পানি রেজিস্ট্রেশনের সময় লোগো রেজিস্ট্রেশনের বিধান তুলে দেওয়া হয়েছে। ফলে এখন শুধু কোম্পানি রেজিস্ট্রেশন করলেই চলবে। ফলে সংশোধিত বিলটি পাস হলে কোম্পানির কমন সিল, সাধারণ সিল ও অফিসিয়াল সিল নিবন্ধনের বিধান বিলোপ হবে।

এরআগে গত ২৩ জানুয়ারি আইনমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কোম্পানি সিল-সংক্রান্ত ধারার সংশোধন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুয়ায়ী গত ১২ ফেব্রুয়ারি সংসেদ ওই বিলটি উত্থাপন করা হয়। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিলটি পাসের সুপারিশ করে কমিটি পরদিন সংসদে প্রতিবেদন জমা দেয়।

৬টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান করলেন সেনাবাহিনী প্রধান

0

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর ৬টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান করেছেন।

টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসস্থ ১৯ পদাতিক ডিভিশনে আজ অনুষ্ঠিত রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সেনাবাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হলে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম তাকে অভ্যর্থনা জানান। এরপর প্যারেড কমান্ডার লে. কর্নেল খন্দকার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ১৯ পদাতিক ডিভিশনের একটি সম্মিলিত চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন এবং সেনাবাহিনী প্রধানকে জেনারেল সালাম প্রদান করেন।

গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক ইউনিটসমূহ কর্তৃক সেনাবাহিনী তথা দেশমাতৃকার সেবায় বিশেষ অবদানের জন্য রেজিমেন্টাল কালার প্রদান করা হয়। এ প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ১১ আর ই ব্যাটালিয়ন, ১৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৩ সিগন্যাল ব্যাটালিয়ন, ১৭ বীর এবং ১৯ বীর এই কালার প্যারেডে অংশগ্রহণ এবং প্রধান অতিথির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে।

সেনাবাহিনী প্রধান রেজিমেন্টাল কালার প্রাপ্ত ইউনিটসমূহকে অভিনন্দন জানিয়ে বলেন, রেজিমেন্টাল কালার প্রাপ্তি যে কোন ইউনিটের জন্য একটি বিরল সম্মান এবং পবিত্র আমানত। তিনি কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি স্বরূপ প্রাপ্ত পতাকার মর্যাদা রক্ষা এবং দেশ মাতৃকার যে কোন প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ইউনিটসমূহকে প্রস্তুত থাকতে নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রাক্তন সেনাবাহিনী প্রধানগণ, সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের উর্ধতন সেনাকর্মকর্তা, কোর অব আর্টিলারি, ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস ও বীর এ চাকুরীরত, অবসরপ্রাাপ্ত উর্ধতন সেনাকর্মকর্তা এবং রেজিমেন্টাল কালার প্রাপ্ত ইউনিটসমুহের প্রাক্তন অধিনায়কবৃন্দ ও সুবেদার মেজর এবং অসামরিক প্রশাসনের আমন্ত্রিত উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজপথে হাজার হাজার আইনজীবী সহকারী, সড়ক অবরোধ

0

আইনজীবী সহকারী কাউন্সিল (ল-ক্ল্যার্ক) নামের আইন পাশের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আইনজীবী সহকারীরা। আজ সকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন তারা। সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতি, ঢাকা আইনজীবী সহকারী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন আইনজীবী সহকারী সমিতির কয়েক হাজার সদস্য মিছিলে অংশ নেন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে মাজারগেইট, কদম ফোয়ার, মৎসভবন, শাহবাগ হয়ে পুনরায় একই পথ হয়ে সুপ্রিম কোর্টে শেষ হয়। মিছিলটি শাহবাগ পৌঁছলে তারা সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নুর মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতির সভাপতি এবিএম গোলাম রহমান, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাবেক সভাপতি আবদুল হালিম, জসিম উদ্দিন, আবুল হাশেম রতন, মো. হারুন অর রশিদ, খন্দকার মো. শাহ আলম, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, ও মো. আবদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, জসিম উদ্দিন, হাকিমুর রহমান, অরুন কান্তি আইচ, হারুন অর রশিদ, শরিফুল ইসলাম শাকিল ও কবির হোসেন, ঢাকা আইনজীবী সহকারী সমিতির সভাপতি এমএ রাজ্জাক খান, সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, সাবেক সভাপতি মো. মাহতাব উদ্দিন আহমেদ, ঢাকা মেট্টোপলিটন আইনজীবী সহকারী সমিতির সভঅপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সভা থেকে আগামী ১১ মার্চ সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানানো হয়।