Home Blog Page 3144

শহীদ মিনারে যাতায়াত করবেন যেভাবে

0

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’ আজিমপুর কবরস্থান ও কেন্দ্রীয় শহীদ মিনারে যাতায়াতের জন্য একটি মানচিত্র প্রণয়ন করেছে।

রুট-ম্যাপটি আগামী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হবে। মানচিত্র অনুযায়ী যাতায়াত ব্যবস্থার বর্ণনা নিম্নরূপ- জনসাধারণ পুরনো হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর ক্রসিং, বাংলা একাডেমি, টিএসসি মোড়, উপাচার্য ভবনের পাশ দিয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড়, নিউমার্কেট-ক্রসিং পার হয়ে আজিমপুর কবরস্থানের উত্তর দিকের গেইট দিয়ে কবরস্থানে প্রবেশ করবেন এবং শহীদদের কবর জিয়ারতের পর আজিমপুর কবরস্থানের মূল গেইট (দক্ষিণ দিকের) দিয়ে বের হয়ে আজিমপুর সড়ক হয়ে পলাশী মোড় ও ফুলার রোড মোড় হয়ে অর্থাৎ সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে যাবেন।

কবরস্থানে না গিয়ে বিকল্প পথে যারা শহীদ মিনারে যেতে চান তারা উপাচার্য ভবন পার হয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড় থেকে বাম দিকের রাস্তা দিয়ে (জহুরুল হক হলের পশ্চিমের রাস্তা) সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা হয়ে শহীদ মিনারে যেতে পারবেন।

নিউমার্কেট ক্রসিং থেকে হোম ইকোনমিক্স ও ইডেন কলেজের সামনের রাস্তা দিয়েও আজিমপুর (বেবী আইসক্রীম) মোড়, পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা হয়ে শহীদ মিনারে যাওয়া যাবে।

চাঁনখার পুল এলাকা থেকে বক্শি বাজার মোড় হয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তা দিয়েও পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যাওয়া যাবে।

বিশেষভাবে উলেক্ষ্য যে, টিএসসি মোড় থেকে জগন্নাথ হলের পূর্ব পাশের রাস্তা অর্থাৎ শিব বাড়ির পশ্চিম পাশ দিয়ে শহীদ মিনারে ও মেডিকেল কলেজে যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে। উপাচার্য ভবন গেইট থেকে ফুলার রোড হয়ে ফুলার রোড মোড় পর্যন্ত রাস্তা এবং চাঁনখার পুল থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তা (কার্জন হলের পশ্চিম পাশের রাস্তা) জনসাধারণের যাতায়াতের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে।

শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সেখান থেকে বিশ্ববিদ্যালয় খেলার মাঠের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর ও পেছনের রাস্তা দিয়ে চাঁনখার পুল হয়ে শুধুমাত্র প্রস্থান করা যাবে, শহীদ মিনারের দিকে আসা যাবে না।

‘রব-মান্না-ড. কামাল বিএনপির কাফেলায়, আমি শঙ্কিত’

0

জাস‌দ সভাপ‌তি হাসানুল হক ইনু বলেছেন, কিছু বিষয়ে আপস করা যায় না। এত ঘটনার পরেও খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি দল থেকে যুদ্ধাপরাধীদের বের করেনি। জামায়াতের সঙ্গ ত্যাগ করেনি। সুতরাং রাজনীতিতে বিএনপি-জামায়াত ‘বিষবৃক্ষ এবং কেউটে সাপ’। কেউটে সাপের সঙ্গে মানবকুলের সহাবস্থান হয় না।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

সাবেক মন্ত্রী বলেন, দেশে অনেক সমস্যা আছে। নারী নির্যাতন, দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি এসবই আস্তে আস্তে সমাধান করা সম্ভব। কিন্তু বিএনপি-জামায়াত যদি দেশের রাজনীতি দখল করে নেয়, তাহলে দেশ সাম্প্রদায়িকতার আগুনে ঝলসে যাবে।

তিনি আরো বলেন, আ স ম আব্দুর রব, মান্না, কাদের সিদ্দিকী এবং ড. কামাল হোসেনের মতো লোক যখন বিএনপির কাফেলায় যুক্ত হন তখন আমি অশনিসংকেত দেখি।

তিনি বলেন, আমাদের আগামী প্রজন্মের মুখে হাসি ফোটাতে ও যদি বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে টিকে থাকতে হয় তাহলে আরো উন্নয়ন করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, বিশিষ্ট লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।

সব কল-কারখানায় মাতৃদুগ্ধ পান কক্ষ স্থাপনের নির্দেশ

0

দেশের সকল কল-কারখানায় দুই মাসের মধ্যে মাতৃদুগ্ধ পান কক্ষ স্থাপন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশ প্রতিপালন বিষয়ে ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে শ্রমসচিব ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসানের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। অ্যাডভোকেট ইশরাত হাসান নিজেই শুনানি করেন।

এর আগে গতবছর ২৭ অক্টোবর হাইকোর্ট এক আদেশে সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকার নিয়ন্ত্রিত শপিং মল, বিমানবন্দর, বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশনের মতো জনসমাগমস্থলে মাতৃদুগ্ধ পান কক্ষ ও বেবি কেয়ার কর্নার স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। একইসঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান ও শপিংমলে মাতৃদুগ্ধ পান কক্ষ ও বেবি কেয়ার কর্নার স্থাপনে একটি প্রস্তাবনা তৈরি করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকল কল-কারখানায় মাতৃদুগ্ধ পান কক্ষ স্থাপন করতে নির্দেশ দিলেন হাইকোর্ট। কক্সবাজার বিমানবন্দরে মায়ের বুকের দুধ খেতে না পারা ৯ মাস বয়সী শিশু উমাইর বিন সাদী ও শিশু সন্তানকে দুধ খাওয়াতে না পারা মা অ্যাডভোকেট ইশরাত হাসানের করা এক রিট আবেদনে এ রুল জারি করে আদালত।

মঙ্গলবার আদেশের পর ইশরাত হাসান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর শিশু কক্ষ সংক্রান্ত ৯৪(৭) ধারায় বলা হয়েছে, ‘উক্তরূপ কোনো কক্ষ যথেষ্ট আসবাবপত্র দ্বারা সজ্জিত থাকিবে এবং বিশেষ করিয়া প্রত্যেক শিশুর জন্য বিছানাসহ একটি খাট বা দোলনা থাকিবে, এবং প্রত্যেক মা যখন শিশুকে দুধ পান করাইবেন বা পরিচর্যা করিবেন, তখন তাহার ব্যবহারের জন্য অন্তত একটি চেয়ার বা এই প্রকারের কোনো আসন থাকিতে হইবে, এবং তুলনামূলকভাবে বয়স্ক শিশুদের জন্য যথেষ্ট ও উপযুক্ত খেলনার সরবরাহ থাকিতে হইবে।’

সরকার ২০০৬ সালে এ আইন করলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন করেনি। তাই বিষয়টি আদালতের নজরে এনেছি। আদালত আদেশ দিয়েছেন।

মুজিববর্ষের নামে চাঁদাবাজির দোকান খোলা যাবে না

0

মুজিববর্ষ পালনের নামে কোনো চাঁদাবাজির দোকান খোলা যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এ বিষয়ে দলের সভাপতি শেখ হাসিনার কড়া হুশিয়ারি রয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় অঞ্চলের বিশেষ যৌথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবে মুজিববর্ষ পালন করে বঙ্গবন্ধুর আদর্শের পতাকা ঊর্ধ্বে তুলে ধরতে হবে। বিরোধীপক্ষকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। বিএনপি একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। তাদের মধ্যে ঐক্য আছে। আমাদের দলে সুবিধাবাদী আছে, তারা আওয়ামী লীগে থেকে বিএনপির জন্য কাজ করে, বিএনপিকে ভোট দেয়। আমাদের সামান্য ভুলে বিরোধীপক্ষ সুযোগ নিতে পারে, তাই আমাদের মুজিববর্ষ পালনে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, জেলাপর্যায়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে তৃণমূলকে শক্তিশালী করতে হবে। তা না হলে দলের দুর্বল অবস্থা কাটানো যাবে না। তৃণমূল হলো দলের প্রাণ, আমাদের দলের থানাপর্যায়ে দুর্বলতা আছে– এটি অপ্রিয় সত্য কথা।

কচুরিপানা নিয়ে গবেষণা করতে বলেছি, খেতে নয়

0

কচুরিপানা নিয়ে গবেষণা প্রসঙ্গে বলতে গিয়ে গণমাধ্যমে তার বক্তব্য ভুলভাবে আসার ব্যাখ্যা দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, আমি এই বাঙলার মানুষ। আমি কিভাবে কচুরিপানা খাওয়ার কথা বলি। তাহলে আমি কি কচুরিপানা খাই আপনারাই বলেন। গবেষণা তো কত কিছু নিয়েই করা যায়। আমি শুধু কচুরিপানা নয়, কাঁঠাল ছোট করার বিষয়েও আমার গবেষকদের গবেষণা করতে বলেছি।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, বাংলাদেশের কেন্দ্রীয় রূপান্তর কৃষিতেই হয়েছে। ওখান থেকে অন্যান্য ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। কৃষিসহ অন্য ক্ষেত্রে গবেষণা আরো বাড়ানোর তাগিদ দিয়েছি। এর পর হাসতে হাসতে রশিকতা করে আমি গবেষকদের বললাম, আর কচুরিপানার কিছু করা যায় কিনা দেখেন। পাশ থেকে একজন গবেষক বললেন, কচুরিপানা গরু খায় স্যার। তখন গবেষকদের কচুরিপানা নিয়ে গবেষণা করতে বলেছি আমি আবারও বলছি কাউকে খাওয়ার জন্য বলিনি।

তিনি বলেন, মিডিয়ার অবাধ স্বাধীনতা আছে কিন্তু সেটা যেন সুদ্ধ চর্চা হয়। আমি আশা করব প্রিয় সাংবাদিকরা দয়া করে এই বিষয়টি ভবিষ্যতে খেয়াল রাখবেন। কারণ, স্বাধীন সাংবাদিকতা মানে যা খুশি তা লিখে দেওয়া নয়। সবাই যেন বিষয়টি বুঝে শুনি লিখি।

পাকিস্তানে ভয়াবহ হামলা; দুই পুলিশসহ নিহত ১০

0

পাকিস্তানে পুলিশের একটি গাড়ির কাছে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। ভয়াবহ এই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো বেশ কয়েকজন। নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন বলে জানা গেছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ওই হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন ।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, বিস্ফোরণের সময় ঘটনাস্থলে অনেক গাড়ি ছিল। সেগুলোর বেশ কয়েকটি পুড়ে গেছে। তবে বিস্ফোরণের কারণ কী এবং কারা এটি ঘটিয়েছে সে সম্পর্কে এখনও নিশ্চিত করে জানা যায়নি। কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।

এদিকে, হাসপাতালের এক কর্মকর্তা জানান,আমরা ১০টি লাশ পেয়েছি এবং আহত ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সূত্র : রয়টার্স, স্কাই নিউজ

জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা, আটক ১২

0

জার্মানিতে চরমপন্থী গোষ্ঠী মসজিদগুলোতে হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে সে দেশের সরকার। সোমবার এ ঘটনায় সন্দেহভাজন ১২ জনকে আটক করার কথা জানানো হয়েছে।

জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, একটি দলের এমন সন্ত্রাসী সেল থাকার ঘটনা সত্যিই বিস্ময়ের। বর্তমান পরিস্থিতিতে মসজিদে কোনো হামলার ঘটনার শঙ্কা একেবারেই উড়িয়ে দেয়া যায় না।

এ ঘটনায় আঙ্গেলা মেরকেলের মুখপাত্র স্টেফান সাইবার্ট বলেন, স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রক্ষা করা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব। এজন্য কারো ধর্ম আলাদা নজরে দেখার দরকার নেই।

জানা গেছে, ১২ জনকেই গত শুক্রবার বেশ কয়েকটি রাজ্যে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তদন্ত চলা অবস্থায় তাদের জেলে রাখার নির্দেশ দিয়েছে জার্মানির ফেডারেল কোর্ট অব জাস্টিস।

মুখোমুখি হচ্ছেন অমিতশাহ-মমতা

0

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ)-র অন্যতম কাণ্ডারি বিজেপির সাবেক সভাপতি অমিত শাহ। আর ওই আইনের বিরোধিতার অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুজন এবার মুখোমুখি হতে চলেছেন বলে জানা গেছে।

গত মাসেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন মমতা। আর আগামী ২৮ ফেব্রুয়ারি তিনি মুখোমুখি হচ্ছেন মোদির প্রধান সেনাপতির।

ভারতের জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রতি বছর বৈঠক হয়ে থাকে। গত বছর এই বৈঠক হয়েছিল নবান্নতে। সেই বৈঠকে ছিলেন রাজনাথ সিংও।

জানা গেছে, এবারের এই বৈঠক হবে ভুবনেশ্বরে। আর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠক ছাড়াও তার সঙ্গে আলাদা ভাবে কথা বলতে পারেন বলেও জানা গিয়েছে। তবে সরকারি সূত্রে এখনও কিছু জানানো হয়নি। সিএএ নিয়ে কেবল মোদী নয় সমান ভাবে তৃণমূল সুপ্রিমো আক্রমণ করেছেন অমিত শাহকেও। যদিও তারই মাঝে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠককে নিশানা করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। আবার স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করলে বিরোধীরা নতুন অস্ত্র পাবে কিনা তা সময় বলবে।

সোমবার দুপুরে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।

ঘণ্টাখানেক বৈঠকের পর রাজ্যপাল টুইট করেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘণ্টাখানেক দারুণ কথা হলো’। তিনি রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গেও দেখা করেছিলেন। যার পরে রাজ্যপাল জানিয়েছিলেন সন্তোষজনক আলোচনা হয়েছে। এখন দেখার এই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়।

ভারত-সফরে এই হাইটেক বিলাসি গাড়িতে চড়বেন ট্রাম্প!

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই ভারত সফরে আসছেন। ২৪ ফেব্রুয়ারি গুজরাতে অবতরণ করবে মার্কিন প্রেসিডেন্টের বিমান। সেখান থেকে সরাসরি নিজের বিশেষ গাড়িতে মোতেরাতে সর্দার প্যাটেল স্টেডিয়ামে যাবেন তিনি। ট্রাম্পের সফরের আগে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে তাঁর হাইটেক বিলাসি গাড়িটি। ট্রাম্পের এই গাড়ি ‘দ্য বিস্ট’ নামেও পরিচিত।

একনজরে জেনে নেওয়া যাক নবতম এই লিমুজিন মডেল সম্পর্কে সব তথ্য :

নির্মাতা : ক্যাডিল্যাক

ক্যাটেগরি : আরমারড লিমুজিন

কবে এটি যুক্ত হয় : ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর

এর আগে কোন গাড়ি ছিল : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অফিসিয়াল বাহন ছিল ‘ক্যাডিল্যাক ওয়ান’।

ইতিহাস : ১৯১০ সালে প্রথম মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল গাড়ির ব্যবস্থা করা হয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হার্বার্ট হুভারের আমলে প্রেসিডেন্টের সরকারি গাড়ি হিসেবে প্রথমবার ক্যাডিল্যাক যুক্ত হয়।

গাড়ির বৈশিষ্ট্য জানালা : ট্রাম্পের গাড়ির জানালায় কাচ এবং পলিকার্বোনেটের পাঁচটি স্তর আছে।

প্রতিরক্ষা ও সুরক্ষা : মার্কিন প্রেসিডেন্টের সুরক্ষার সমস্ত বন্দোবস্ত আছে ‘দ্য বিস্ট’ -এ। এমনকি এই গাড়িতে প্রেসিডেন্টের জন্য সর্বক্ষণ রক্তের ব্যাগও মজুত থাকে। গাড়ির সামনে থেকে টিয়ার গ্যাস ছোঁড়ারও বন্দোবস্ত আছে।

গাড়ির খোল : গাড়িকে সুরক্ষিত করতে ৫ ইঞ্চি পুরু ধাতব বর্ম থাকে। এই ধাতব বর্ম তৈরির ক্ষেত্রে ইস্পাত, টিটানিয়াম, অ্যালুমিনিয়াম এবং সেরামিক্স ব্যবহার করা হয়।

গাড়ির সামনের অংশ : ‘দ্য বিস্ট’-এর সামনের দিকে আছে টিয়ার গ্যাস গ্রেনেড লঞ্চার এবং নাইট ভিসন ক্যামেরা।

চালক : যে কোনও পরিস্থিতির মোকাবিলায় সক্ষম বিশেষভাবে প্রশিক্ষিত ব্যক্তিকে মার্কিন প্রেসিডেন্টের চালক পদে নিয়োগ করা হয়।

এ ছাড়াও আরও নানা ইউনিক ফিচারস আছে ‘দ্য বিস্ট’-এ। এসব কারণে মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল গাড়ি হিসেবে এটিকে বেছে নেওয়া হয়েছে।

আমরা দুর্নীতি করব না, করতে দেব না : মাশরাফি

0

মুজিববর্ষে ছাত্রলীগের স্লোগান হওয়া উচিত ‘দুর্নীতি করতে দেব না, দুর্নীতি করব না’। এই স্লোগানে দেশকে এগিয়ে নিতে ছাত্রলীগের কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত এক ব্যাডমিন্টন টুর্নামেণ্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ এই দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করে। উদ্বোধন শেষে মাশরাফি এক প্রীতি ম্যাচে অংশ নেন।

উদ্বোধনী বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন সহ কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাশরাফি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের ইতিহাস ওতোপ্রোতভাবে জড়িত। এখান থেকে বাংলাদেশের সমস্ত ইতিহাসের সৃষ্টি বলা যায়। আপনারা ভালো ভালো কাজ করবেন। আপনাদের ভালো কাজগুলো বরাবরের মতোই ইতিহাস হয়ে থাকবে। আপনারা একেকজন ইতিহাস হয়ে উঠবেন এটাই আশা করি।

বাংলাদেশের জীবন্ত এই ক্রিকেটার বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন আমি মনে করি আপনারা সে স্বপ্ন নিয়ে এসেছেন এবং সেটা পূরণ করতে কাজ করে যাবেন। বঙ্গবন্ধু তার স্বপ্ন পূরণ করতে পারেননি। তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সে স্বপ্ন পূরণ করছেন আমাদের জননেত্রী শেখ হাসিনা। আশা করি আপনারা সে স্বপ্ন লালন করেন এবং তাকে সহযোগিতা করবেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে দক্ষতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। কারণ প্রথমত আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, দ্বিতীয়ত আপনারা তরুণ সমাজ। আমি বিশ্বাস করি আপনারা সমস্ত ভালো কাজের সঙ্গে জড়িয়ে থাকবেন। আপনাদের ভালো কাজগুলো একটি নিদর্শন হয়ে থাকবে সামনে।