Home Blog Page 3145

ভারতীয়দের খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার, অটোচালক গ্রেপ্তার

0

চার ভারতীয় নাগরিকের মালামাল নিয়ে চম্পট দেওয়া অটোরিকশাচালক হাবিব হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকাল ১১টার দিকে পুরান ঢাকার ধোলাইর পাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) সুজিত কুমার সাহা বলেন, মৈত্রী এক্সপ্রেসযোগে গত মঙ্গলবার সকালে কমলাপুর রেলস্টেশনে সস্ত্রীক নামেন ভারতীয় পর্যটক গণেশ চন্দ্র সরকার ও প্রবীর কুমার গুহ। স্টেশনে নেমেই তাঁরা সিএনজিচালিত অটোরিকশায় উঠে পুরান ঢাকার স্বামীবাগ লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে যাওয়ার উদ্দেশে রওনা দেন। যাত্রাপথে নাশতার জন্য ওয়ারী থানার অভয়দাস লেনের একটি খাবারের দোকানের সামনে তাঁরা নামেন।

এ সময় তাঁরা চালককে নাশতা করতে অনুরোধ করেন। তবে চালক যাত্রীদের সঙ্গে না গিয়ে তাঁদের নাশতা করে আসতে বলেন। নাশতা সেরে পর্যটকরা বাইরে এসে দেখেন, ওই অটোরিকশাচালক যাবতীয় মালামাল নিয়ে পালিয়েছেন। খোয়া যাওয়া মালামালের মধ্যে ছিল দুটি ট্রলি ব্যাগ, কাঁধে ও হাতে ঝুলানো চারটি ব্যাগ ও দুটি ভ্যানিটি ব্যাগ। যার মধ্যে কাপড় ছাড়াও ভারতীয় সাত হাজার রুপি, বাংলাদেশি সাড়ে তিন হাজার টাকা, চারজনের পাসপোর্ট, ভারতীয় আধার কার্ড, প্যানকার্ড, ভোটার কার্ড ও কলকাতাগামী ট্রেনের চারটি টিকিট ছিল।

পরে এ ঘটনায় ওয়ারী থানায় মামলা করা হয়। তদন্তে ওই সিএনজির নম্বর শনাক্ত করে চালকের নাম-ঠিকানা বের করা হয়। একপর্যায়ে চালক হাবিব হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা আজ

0

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের সভা আজ মঙ্গলবার রাত ৮টায় জাতীয় সংসদ ভবনে সরকারী দলের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভায় সভাপতিত্ব করবেন।

গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী দলের সকল সদস্যদের উক্ত সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই

0
TMC star candidate Tapas Pal at his residence in Kolkata--Salil Bera

কলকাতা:কলকাতার জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয় এই তারকার। তার বয়স হয়েছিলো ৬১ বছর।

অভিনিয়ের পাশাপাশি ২০০৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট নিয়ে নির্বাচিত হয়ে কৃষ্ণনগর থেকে সংসদ সদস্য (এমপি) হন তিনি। তবে ২০১৬ সালের শেষের দিকে রোজ ভ্যালি নামে একটি চিট ফান্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিলো তার। ২২ বছর বয়সে মুক্তি পায় তার প্রথম ছবি ‘দাদার কীর্তি’। ‘গুরুদক্ষিণা’ ছবির জন্য তাকে আজীবন মনে রাখবে বাংলার দর্শকমহল। ওই ছবিতে কালী বন্দোপাধ্যায়ের সঙ্গে তার যুগলবন্দি রীতিমতো কাঁদিয়েছিলো বাংলার দর্শককে।

মায়া মমতা’, ‘সুরের ভুবনে’ ‘সমাপ্তি’ ‘চোখের আলো’ ,’অন্তরঙ্গ’ সাহেব’ প্রভৃতি বিখ্যাত বাংলা সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। ১৯৮১ সালে সাহেব ছবির জন্য তিনি পান ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। বাংলার মতো বলিউডের ছবিতেও কাজ করছেন তাপস পাল। অবোধ ছবিতে মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

কথিত দুই সাংবাদিক গ্রেপ্তার

0

জয়পুহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম স্বাধীন মাষ্টারের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছিল তারা। এ সময় বাড়ির সামনে ককটেলও ফুটায় তারা। পরে ওই আওয়ামী লীগ নেতার প্রতিবেশী সাংবাদিক মিনার হোসেনের বাড়ির সামনে ককটেল ফুটিয়ে পালিয়ে যায়। এটি ছিল গত ২৯ ডিসেম্বর মধ্যরাতের ঘটনা। পুলিশ আওয়ামী লীগ নেতার বাড়ির ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়ে ঘটনার সঙ্গে জড়িত একাধিক অনলাইন নিউজ পোর্টাল একাধিক পত্রিকার সাংবাদিক পরিচয় দানকারী নিরেন দাস (২৯) ও আবু রায়হান (২৮) নামে কথিত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আব্দুর রহিম স্বাধীন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য এবং মিনার হোসেন দৈনিক করতোয়ার আক্কেলপুর প্রতিনিধি। তাদের বাড়ি পৌর সদরের পুরাতন বাজার এলাকায়। ওই ঘটনায় আব্দুর রহিম বাদি হয়ে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করেন।

থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, ২৯ ডিসেম্বর মধ্য রাতে মুখোশ ও হেলমেট পড়া দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমের বাড়ির সামনে এসে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে বাড়িটি লক্ষ করে দুই রাউন্ড গুলি ছোড়ে তারা। শেষে প্রতিবেশী সাংবাদিক মিনারের বাড়ির সামনে ককটেল ফুটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় এলাকায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ নেতার বাসার সিসিটিভির ফুটেজ দেখে তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ ও আক্কেলপুর থানা পুলিশ। এ ঘটনার দুই দিন পর জয়পুরহাট সদর ও আক্কেলপুর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, ককটেল এবং বিপুল পরিমাণ ধারাল অস্ত্র উদ্ধার করে। একইসঙ্গে জামালপুর গ্রামের রঞ্জু সরকার (৩৩) এবং ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের আক্কাস আলী। পরে জয়পুরহাট থানায় একটি মামলা হয়।

পরে গ্রেপ্তারকৃত রঞ্জু সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দুই দিনের রিমান্ড চায় আক্কেলপুর থানা। আদালত রিমান্ড মুঞ্জুর করলে রিমান্ডে রঞ্জু সরকার স্বীকার করে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার পিস্তল ও ককটেল রঞ্জুই নিরেন দাস ও আবু রায়হানকে সরবরাহ করে এবং ঘটনার সময় সিসিটিভির ফুটেজসহ অন্যান্য তথ্যের ভিত্তিতে ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয় আক্কেলপুর থানা পুলিশ। এর পর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ সাংবাদিকদের বলেন, কথিত দুই ভূয়া সাংবাদিক গ্রেপ্তারে এলাকায় শান্তি ফিরে এসেছে। তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হয়রানি ও চাঁদাবাজি করে আসছিল।

প্রসঙ্গত, কথিত সাংবাদিক পরিচয়দানকারী নিরেন দাস গত ২৯ মে সরকারিভাবে ধান কেনার তথ্য সংগ্রহের সময় কালের কণ্ঠের সাংবাদিক নিয়াজ মোরশেদকে হত্যার হুমকি দিয়েছিল। ওই সময় সে তৎকালীন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিজ শারমীনের তার হাতে চাঁদার টাকা তুলে দেন। এ সময় কালের কণ্ঠের সাংবাদিক নিয়াজ মোরশেদ টাকা নেওয়ার কারণ জানতে চাইলে এই প্রতিবেদকের ওপর চড়াও হন নিরেন। এক পর্যায়ে সে এই প্রতিবেদককে মারধর ও দেখে নেওয়ার হুমকি দিয়েছিল।

আক্কেলপুর থানার পরিদর্শক (ওসি ) আবু ওবায়েদ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শনিবার রাতে অভিযান চালিয়ে আবু রায়হানকে জয়পুরহাট সদর এলাকা এবং নিরেন দাসকে আক্কেলপুর পৌরসদরের পুরাতন বাজার এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আজ সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনের বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন।

আজ সোমবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার বলেন, প্রধানমন্ত্রী প্রথমে জাতির পিতার বিভিন্ন সাক্ষাৎকার ও কথপোকথনের সংকলন গ্রন্থ ‘জয় বাংলা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।’ তিনি বলেন, বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা বইটির ভূমিকা লেখেন। সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি এবং লেখক ও কবি পিয়াস মজিদ বঙ্গবন্ধুর সাক্ষাতকার ও কথপোকথনগুলো সংগ্রহ ও সম্পাদনা করেন। সারওয়ার বলেন, নাহিদ ও মজিদ ছাড়াও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-এ-আলম চৌধুরী লিটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ‘বঙ্গবন্ধু স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ বইয়েরও মোড়ক উন্মোচন করেন। সব্যসাচী লেখক শামসুল হক বইটির গ্রন্থনা এবং পিয়াস মজিদ বইটির সম্পাদনা করেন।

বাংলাদেশের ভূয়সী প্রশংসা ভারতের আরেক কলামিস্টের : ‘সোনার বাংলা’ থেকে শিখুন

0

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জে কিষাণ রেড্ডি বলেছিলেন, ভারত বাংলাদেশের জনগণকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব করলে অর্ধেক বাংলাদেশ জনমানব শূন্য হয়ে যাবে। আর এবার তার এই বক্তব্যের কঠোর জবাব দিয়েছেন দেশটির প্রখ্যাত কলামিস্ট স্বাতি নারায়ণ।

ভারতের প্রখ্যাত কলামিস্ট স্বাতি নারায়ণ ভারতীয় মন্ত্রীর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, বাংলাদেশ এখন ভারতের চেয়ে বেশ কয়েকটি দিক দিয়ে উন্নত। পিছিয়ে নেই বাংলাদেশ। ইন্ডিয়ানএক্সপ্রেসে এক সম্পাদকীয়তে তিনি লিখেন, আশির দশকে দক্ষিণ এশিয়ায় সবেচেয়ে বেশি বাঁচতেন ভারতের মানুষেরা। কিন্তু বর্তমানে বাংলাদেশি নারীরা ভারতের থেকে চার বছর বেশি বেঁচে থাকার প্রত্যাশা করতে পারে। এই সাফল্যের সূত্রটি খুবই সহজ। তিনি লিখেন, ২০০৯ সাল থেকে প্রতি তিনটি গ্রামে একটি করে কমিউনিটি ক্লিনিক তৈরি করেছে বাংলাদেশ। এছাড়াও চার দশক ধরে সরকারি স্বাস্থ্যকর্মীরা বাড়িবাড়ি গিয়ে নারীদের কাছে ওষুধ সরবরাহ করেছেন এবং পরিবার পরিকল্পনা করতে সহায়তা করেছেন।

তিনি লিখেন, শিক্ষার ক্ষেত্রে, ভারতের জনসংখ্যা তুলনামূলক লভ্যাংশে থাকলেও যুব শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ একটি প্রান্তিক সুবিধা অর্জন করেছে। বাংলাদেশের মেয়েরা ছেলেদের তুলনায় উচ্চতর শিক্ষাগ্রহণ করছে। সবচেয়ে বড় কথা, পঞ্চগড় জেলায় আমার করা এক জরিপে দেখেছি, ভারতের শিশুদের থেকে বাংলাদেশের শিশুদের পড়ার দক্ষতা সবচেয়ে বেশি। বাংলাদেশের ৪৪টি বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি নেই বললেই চলে। এছাড়াও শিক্ষাবর্ষ শুরু থেকেই বাংলাদেশ সরকার সরকারি, বেসরকারি (এনজিও) এবং মাদরাসাগুলোতে বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ করে।

তিনি আরো লেখেন, পুষ্টিগ্রহণের দিক থেকেও বাংলাদেশ এগিয়ে। জনসংখ্যাতাত্ত্বিক স্বাস্থ্য জরিপ অনুযায়ী, ভারতে সঠিক ওজনের থেকেও কম ওজন নিয়ে বাস করে ৩৬ শতাংশ শিশু। অন্যদিকে, বাংলাদেশে সঠিক ওজনের থেকেও কম ওজন নিয়ে বাস করে ৩০ শতাংশ শিশু। একইভাবে, ভারতীয় শিশুদের একটি বৃহত্তর অংশ সঠিকভাবে বেড়ে ওঠছে না।

স্বাতি নারায়ণ লিখেন, বাংলাদেশে কমপক্ষে ৮০ শতাংশ নাগরিকদের বাড়িতে টয়লেট রয়েছে। আমার এক জরিপে ২০১৬ সালের মধ্যে ৯৬ শতাংশ বাড়িতে এবং ৮০ শতাংশ বিদ্যালয়ের সঠিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা দেখতে পাই। স্বাস্থ্যবিধি সম্পর্কে সাধারণত ইসলামিক জোর দাবি ছাড়াও স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো দরিদ্র পরিবারগুলোতে সিমেন্টের রিং বিনামূল্যে সরবরাহ করছে। তারা নিয়মিতভাবে আলোচনা, মসজিদ, গণমাধ্যম এবং স্কুলের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার বার্তাও ছড়িয়ে দিচ্ছে।

এর বাইরে বাংলাদেশের নারীদের কাজ নিয়েও তিনি তুলনা করেন। তিনি লিখেন, ২০০৬ সালের বিশ্বব্যাংকের এক সমীক্ষায় ‘শিক্ষামূলক হাইপোগামি’র ক্রমবর্ধমান প্রবণতা পাওয়া গেছে। এদিকে, ভারতের নিচে নামছে। তিনি লেখেন, বাংলাদেশের বিপুল সংখ্যক নারী জনশক্তি রয়েছে। তৈরি পোশাক খাত ছাড়াও কয়েক হাজার গ্রামীণ নারী কৃষি কাজ, চা কারখানা, পাটকল, হাঁস-মুরগি উৎপাদন এবং দুগ্ধ শিল্পে কাজ করেন।

স্বাতি নারায়ণ লেখেন, ভারতে ৪৫ বছর বয়সীরা সবচেয়ে বেশি বেকার। আর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ডুবছেই। তাই ভারত সরকারের মন্ত্রীদের উচিত নিজেদের লাগাম নিজেরাই টেনে ধরা। তিনি লেখেন, নাগরিকত্ব সংশোধনী আইনের আলোকে অবৈধ অভিবাসীর মিথ্যা ছায়ামূর্তি তৈরি করে আমাদের প্রতিবেশীদের মধ্যে ইসলামবিদ্বেষী ক্ষোভ ছড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া আর কিছুই নয়। বরং ভারত সরকারের পক্ষে ‘সোনার বাংলা’ থেকে নাগরিকদের জীবনযাত্রার উন্নতি কিভাবে করতে হয় তা শেখা বুদ্ধিমানের কাজই হবে।

ভারতীয় সাংবাদিক করণ থাপারের বিশ্লেষণ : যেভাবে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

বিলুপ্ত হচ্ছে ডাকবাক্স

0

আগের দিনে চিঠি ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম। আর সে চিঠি পাঠানোর জন্য ডাক বাক্সের ছিদ্র দিয়ে রেখে দিতে হত। পৌঁছে যেত নির্দিষ্ট ঠিকানায়। আজ সোমবার সকালে রাণীশংকৈল ডাকঘরের পাশ দিয়ে যেতেই চোখে পড়ে মরিচাপড়া ডাকবক্সটি। অবহেলায় মরিচায় ক্ষয়ে যাওয়া নোংরা ডাকবাক্সটি মহাসড়কের পাশে অবহেলায় দাঁড়িয়ে আছে। হয়তো কারণ একটাই। তা হলো তার কছে আর চিঠি পড়ে না। খামে ভরা চিঠি এখন শুধুমাত্র প্রাতিষ্ঠিানিক।

এ আধুনিক সমাজে মানুষ এখন প্রবাসী স্বজনদের সঙ্গে কিংবা প্রিয়জনের যোগাযোগের সুযোগটা যখন ইচ্ছে তখনই অনলাইনে উপভোগ করেছে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ডাকঘর গুলোর সবকটিতেই নাজুক অবস্থা। উপজেলার প্রধান ডাকঘরটিতে সাইনবোর্ডটিও নেই। কর্তাবাবুরা চা পান খেয়ে কিংবা গল্প গুজব করেই সময় কাটান প্রায়। সময়ের বিবর্তনে আজ ডাকঘরগুলো কোনোমতো দিনানিপাত করছে অবহেলায়। এক সময় এ ডাকঘরগুলো থাকতো প্রাণবন্ত ও মুখরিত। রানার কিংবা ডাক পিয়নের অপেক্ষায় হাজার মানুষগুলো প্রাণ ফিরে পেত।

খামে ভরা কাগজের চিঠির জন্য মানুষ ডাকঘরের সামনে অপেক্ষা করতো ঘণ্টার পর ঘণ্টা। কখন আসবে প্রিয়জনের চিঠি। রানীশংকৈল উপজেলায় ডাকঘরের অধিকাংশ ডাকঘর এখনো পাকা ভবনে শোভা পাচ্ছে। সম্প্রতি সোলার প্যানেল স্থাপন ও আসবাবপত্র নতুন করে তৈরি করা হলেও দাপ্তরিক কাজকর্ম তেমন নেই বললে চলে। প্রতিটি ডাকঘরে একজন মাস্টার, ডাকপিয়ন। তবে তারা যে বেতন পান তা দিয়ে ঠিকমতো সংসার চালাতে পারেন না এমন অভিযোগও রয়েছে। জেলা ও উপজেলার ডাকঘরগুলোর স্বাভাবিক কার্যক্রম চললেও গ্রাম্য ডাকঘরগুলো কোনোমতে দিন কাটছে।

রানীশংকৈল উপজেলা ডাকঘরের পোস্ট মাস্টার মোস্তফা আলম জানান, দেশ ডিজিটাল হয়ে গেছে। এখন অনলাইনে সব কাজ। তবে ডাক বাক্সে চিঠি আসে না, কোনো কোনো দিন এক দুইটা পাওয়া যায়। অনলাইনের মাধ্যমে টাকা-পয়সা আদান-প্রদান হয়।

অফিসের বাইরে একজন বলেন, মোবাইল ফোন থেকে শুরু করে ই-মেইল, ইন্টারনেট, ফেসবুক, ইমো, ভাইবার, মেসেঞ্জারসহ প্রযুক্তির কত রকমের সুবিধা এখন সবার জন্য। শহরের চেয়ে খুব একটা পিছিয়ে নেই গ্রাম। কারণ এখন সবকিছুই ডিজিটাল হয়েছে। দেশ এখন এগিয়ে যাচ্ছে। হাতের কাছে মানুষ অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। সরকারি ডাক বিভাগের পাশাপাশি বেসরকারি কুরিয়ার সার্ভিসে চিঠিপত্র ও টাকা-পয়সা আদান-প্রদান করতে পারছে।

নির্ভয়াকাণ্ডে ফাঁসি ৩ মার্চ, জারি নতুন পরোয়ানা

0

চলতি বছরের ৩ মার্চ সকাল ৬ টায় ফাঁসি হতে চলেছে নির্ভয়ার চার ধর্ষকের। আজ সোমবার মৃত্যুদণ্ড কার্যকরে নতুন পরোয়ানা জারি করেছে দিল্লির পাতিয়ালা কোর্ট। তিহাড় জেল কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে নতুন পরোয়ানা জারি করেছেন দায়রা আদালতের অতিরিক্ত বিচারক ধর্মেন্দ্র রানা। নির্ভয়ার চার ধর্ষক-খুনির গত ১ ফেব্রুয়ারি ভোর ৬ টায় ফাঁসির কথা ছিল। তবে আইনি জটে তা ফের পিছিয়ে গিয়েছিল।

কিন্তু এই দিনক্ষণও কি চূড়ান্ত? এখনই এমনটা নিশ্চিত করে বলতে পারছে আইনজীবী মহল। কারণ, পবন গুপ্তের হাতে এখনো দু’টি আইনি বিকল্প রয়েছে। আবার সমস্ত আইনি প্রক্রিয়ার পরেও ১৪ দিন সময় দিতে হয় ফাঁসির জন্য। সেই হিসেবে পবনের আইনি প্রক্রিয়া শেষ করতে হবে দু’দিনের মধ্যে। পবন এই দু’দিনের মধ্যে আবেদন করবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

এর আগে ২০১২ সালে প্যারামেডিক্যাল ছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণ ও নৃশংস অত্যাচারের পর খুনের ঘটনায় চার দণ্ডিত মুকেশ সিংহ, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তর ফাঁসির আদেশ দেন নিম্নআদালত। তার পর থেকেই দীর্ঘ আইনি লড়াই চলছে। পবন গুপ্ত বাদে তিন জনই তাদের সমস্ত আইনি বিকল্প শেষ করে ফেলেছেন। সর্বশেষ প্রাণ ভিক্ষার আর্জিও খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

সোমবার আদালতে এই বিষয়টি উল্লেখ করে তিহাড় জেল কর্তৃপক্ষ। পবন গুপ্তের হাতে এখনও রায় সংশোধনের আর্জি (কিউরেটিভ পিটিশন) এবং রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জির বিকল্প থাকলেও তারও কোনো আবেদন কোথাও আটকে নেই বলেও জানান জেল কর্তৃপক্ষের আইনজীবীরা। এর পরেই বিচারক তৃতীয় বারের জন্য মৃত্যু পরোয়ানা জারি করেন।

বঙ্গবন্ধুর সাক্ষাৎকার ও আলাপচারিতা সংকলন ‘জয় বাংলা’র মোড়ক উন্মোচন

0

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার ও আলাপচারিতা সমৃদ্ধ সংকলন ‘জয় বাংলা’ -এর মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার বিকালে জাতীয় সংসদ ভবনের বঙ্গবন্ধু কর্নারে মোড়ক উন্মোচন করা হয়।

বইটিতে ভূমিকা লিখেছেন জাতির পিতার কন্যা শেখ হাসিনা এবং লেখাগুলো সংগ্রহ ও সম্পাদনা করেছেন নূরুল ইসলাম নাহিদ ও পিয়াস মজিদ। মোড়ক উন্মেচনের সময় তারা দুজনই উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

কাশ্মীর নিয়ে কথা বলায় ব্রিটিশ এমপির ভিসা বাতিল!

0

গত বছরই ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরব ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ডেবি আব্রাহামস। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের পর প্রতিবাদপত্রও লিখেছিলেন তিনি। ডেবি আব্রাহামসের অভিযোগ, সোমবার ভারতে পা রাখামাত্রই তাকে দেশে ফিরে যেতে বলা হয়েছে। বৈধ ভিসা থাকার পরও খারিজ করেছেন বিমানবন্দরের কর্মকর্তারা। শুধু তা-ই নয় , তার সঙ্গে অপরাধীর মতো ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ। যদিও এনিয়ে কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই ঘটনায় ক্ষুদ্ধ ডেবি এর সবিস্তার বিবরণ দিয়ে একটি লিখিত বিবৃতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, সকাল ৯টা নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। ব্যক্তিগত কাজে এক সঙ্গীকে নিয়ে দু’দিনের জন্য ভারতে এসেছিলেন। বিমানবন্দরে ঢোকার পর রুটিনমাফিক ইমিগ্রেশন ডেস্কে নিজের ভিসা এবং অন্যান্য নথিপত্রও জমা দেন। সে সময় তাকে জানানো হয়, তার ই-ভিসা খারিজ হয়ে গেছে।

ডেবি বলেন, অন্য সকলের মতোই ই-ভিসা এবং সমস্ত নথি নিয়ে ইমিগ্রেশন ডেস্কে গিয়েছিলাম। আমার ছবি তোলার পর এক জন কর্মকর্তা (কম্পিউটার) স্ক্রিনের দিকে তাকিয়ে মাথা নাড়তে থাকেন। এরপর জানান, আমার ই-ভিসা খারিজ হয়ে গেছে। এর কিছুক্ষণ পর আমার পাসপোর্ট নিয়ে মিনিট দশেকের জন্য গায়েব হয়ে যান তিনি। এর পর যখন ফিরে এলেন, বেশ রূঢ়ভাবে চিৎকার করে বলেন, আসুন আমার সঙ্গে। তাতে আপত্তি করেছিলাম।

ডেবির দাবি, গত অক্টোবরে ভিসা করিয়েছিলেন তিনি। চলতি বছরের অক্টোবর পর্যন্ত তার মেয়াদ রয়েছে। কিন্তু তার পরও তা খারিজ করে দেওয়া হয়েছে। এমনকি, তার সঙ্গে অপরাধীদের মতো ব্যবহার করেছেন বিমানবন্দরের কর্মকর্তরা। ডেবি বলেন, আমাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, যাতে লেখা ছিল, ‘ডিপোর্টি সেল’। এর পর আমাকে সেখানে বসতে বলেন ওই কর্মকর্তা। আমি তার কথা শুনিনি। কী জানি! তারা কী করতেন আমার সঙ্গে, কোথায় নিয়ে যেতেন! আমি চেয়েছিলাম, আশপাশের মানুষজন ব্যাপারটা দেখুক।

ভারতে এক আত্মীয়ের বাড়িতে দিন দুয়েক থাকতে এসেছিলেন ডেবি। তবে বিমানবন্দরের ওই ঘটনার পর তা যে সম্ভব হয়নি। এরপর সেখান থেকেই ওই আত্মীয়কে ফোন করেন। এমনকি, ব্রিটিশ হাইকমিশনেও ফোন করেছিলেন তিনি। ডেবি জানান, বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ‘ভিসা অন অ্যারাইভাল’র আবেদনও করেছিলেন। তবে তা-ও মেলেনি।

ডেবি জানান, কেন তার ভিসা খারিজ বলে জানানো হয়েছিল, বিমানবন্দরের কেউই যেন তার আসল কারণ জানতেন না। তিনি লিখেছেন, বিমানবন্দরে দায়িত্বে রয়েছেন বলে মনে হচ্ছিল, এমন এক কর্তাব্যক্তিও এই ঘটনার কারণ জানেন না। শুধু জানান, তিনি সত্যিই দুঃখিত, যে আমার সঙ্গে এমনটা হয়েছে। তিনি বলেন, এখন আমি শুধু ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছি… যদি না, ভারত সরকারের মনের পরিবর্তন হয়! আমার সঙ্গে যে অপরাধীর মতো ব্যবহার করা হয়েছে, তা-ও ভুলে যেতে রাজি আছি। আশা করি, আমার বন্ধুবান্ধব-পরিবারের সঙ্গে দেখা করতে দেবেন তারা।

এই বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও এনিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি। ঠিক কী কারণে ডেবি আব্রাহামসের ভিসা বাতিল বলে জানানো হল, তা নিয়ে এখনো অন্ধকারে ডেবির ওই সফরের সঙ্গী হরপ্রীত উপল। তবে অনেকের মতে, এর পেছনে মোদি সরকারের কাশ্মীর নীতির বিরোধিতা করাটাও একটা কারণ হতে পারে।

গত বছরের ৫ অগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পরই তার প্রতিবাদে ব্রিটেনে ভারতীয় দূতাবাসে একটি চিঠি লিখেছিলেন ডেবি। ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির এই সদস্য ‘অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর কাশ্মীর’র প্রধান হিসাবেও কাজ করছেন দীর্ঘদিন। কাশ্মীর নিয়ে মোদি সরকারের নীতির বিরোধিতায় বরাবরই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ডেবি।