Home Blog Page 3146

ড. কামালরা জনবিচ্ছিন্ন, পায়ের তলায় মাটি নেই

0

রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের সিনিয়র নেতা-মন্ত্রীরা বলেছেন, বিএনপি-জামায়াতের ঘাড়ে সওয়ার হয়ে ড. কামাল হোসেনরা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন। বাস্তবে জনবিচ্ছিন্ন ওদের পায়ের তলায় মাটি নেই। দেশের জনগণ এসব জঙ্গিবাদী, সন্ত্রাসী, গ্রেনেড হামলাকারী ও অগ্নিসন্ত্রাসীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলেও তারা দাবি করেন।

আজ সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে ওই আলোচনায় অংশ নেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম, হুইপ মো. ইকবালুর রহীম, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও আওয়ামী লীগের আনোয়ার হোসেন খান।

কাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাপনী বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রপতির ভাষণের ওপর দীর্ঘ আলোচনা শেষে সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হবে।

আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, মাত্র এক দশকেই সব দিক থেকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শুধু প্রবৃদ্ধি বৃদ্ধিই নয়, ৪০ ভাগ থেকে দারিদ্র্য ২০ ভাগে কমিয়ে আনতে সক্ষম হয়েছে বর্তমান সরকার। যেভাবে দেশের উন্নয়ন হচ্ছে সারাবিশ্বের কাছে তা রীতিমত বিষ্ময়। খাদ্য ঘাটতি ও ভিক্ষার ঝুলি নিয়ে চলা বাংলাদেশ আজ খাদ্য স্বয়ংসম্পূর্ণ।

বিএনপি-জামায়াতকে ষড়যন্ত্রের পথ ছেড়ে গণতান্ত্রিক পথে ফিরে আসার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, গণতন্ত্রে যারা বিশ্বাস করে না, যাদের ঘাড়ে এখনও পাকিস্তানের ভূত চেপে আছে, স্বাধীনতায় বিশ্বাস করে না তারা (বিএনপি-জামায়াত) দেশের এই উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। নির্বাচনে না এসে আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাসের নামে হাজার হাজার মানুষকে হত্যার পৈশাচিকতা পৃথিবীর কোথাও নজীর নেই। যাদের (বিএনপি) এখনও পাকিস্তানের জন্য প্রাণ কাঁদে, এখন সময় আছে ধর্মান্ধতা, জঙ্গিবাদী ও অগণতান্ত্রিক রাজনীতি ছেড়ে সহজ পথে আসুন।

ড. কামাল হোসেনের নাম উল্লেখ না করে তিনি বলেন, কোনোদিন নির্বাচন করে উনি জিততে পারেননি। লাত্থি মেরে নাকি সরকার ফেলে দেবেন! এটা রাজনীতির ভাষা নয়। আপনি যাদের ঘাড়ে সওয়ার হয়েছেন তারা (বিএনপি-জামায়াত) ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ভয়াল নাশকতাসহ অনেক কিছু করেছেন, কিন্ত পারেননি। রাজনৈতিক কারণে নয়, দুর্নীতির কারণে খালেদা জিয়া কারাবন্দি, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে দেশ চালাচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দক্ষ, প্রাজ্ঞ, সাহসী ও দেশপ্রেমিক নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন দেশকে বদলে দেবেন, সত্যিই তিনি দেশকে বদলে দিয়েছেন। বিএনপি-জামায়াতের ভয়াল অগ্নিসন্ত্রাসের মাধ্যমে হত্যার হোলি খেলা শুরু হয়েছিল। আমরা শক্তহাতে তা মোকাবেলা করে সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করতে সফল হয়েছি। প্রায় ৮২ হাজার পুলিশের জনবল বাড়িয়েছেন, আধুনিক সরঞ্জাম দিয়ে পুলিশ বিভাগকে ঢেলে সাজানো হয়েছে। আমরা দেশের জনগণকে নিরাপদ রাখতে পারছি। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার জিলো টলারেন্স অবস্থানে রয়েছে। মাদকরোধে জনবল বৃদ্ধি করেছি, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করছি।

সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, সারাবিশ্ব একটা পরিবর্তন এসেছে, এই পরিবর্তনে সমস্ত বিশ্ব একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। বিশ্ব অনিশ্চয়তার মধ্যেও আমরা নিরাপদ অবস্থানে আছি। বাংলাদেশ যে অর্থনৈতিক উন্নয়নের পথে দ্রুত ধাবিত হচ্ছে তা শুধু দেশের মানুষই নন, বিশ্ব ব্যাংকসহ বিশ্ব নেতারা প্রশংসার সুরেই বলছেন। আমরা গণতন্ত্রের কথা বলি, সংসদের বাইরে যারা রয়েছেন তারা বলেন দেশে নাকি গণতন্ত্র নেই! কিন্তু গণতন্ত্রের একটি কাঠামো ও সংস্কৃতি থাকে। এই কাঠামোটা ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচন-এই কয়টি সরকার বাস্তবায়িত করেছে। তবে আমাদের গণতান্ত্রিক সংস্কৃতিকে উন্নয়ন করতে হবে।

এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, দেশ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। গ্রামীণ রাস্তাগুলোকে আধুনিক করতে নতুন নকশা প্রণয়ণ করা হচ্ছে। গ্রামে শহরের সকল সুবিধা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। রাজধানীতে সুপেয় পানি সরবরাহে সারাবিশ্বের প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ। মুজিববর্ষ পালন করা হবে, বঙ্গবন্ধুর স্বপ্ন মানুষের সামনে তুলে ধরা হবে। সেই পথ ধরেই বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ হবে।

হুইপ ইকবালুর রহীম বলেন, দেশের অগ্রগতি স্তব্ধ করে দিতে স্বাধীনতাবিরোধী অপশক্তিরা নানা ষড়যন্ত্র করছে। খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, সারা দেশে চালিয়েছে ভয়াবহ নাশকতা। এটা সম্পূর্ণ মানবতার বিরুদ্ধে অপরাধ। ওই অপরোধের বিচার করতে হবে।

৩৯তম বিসিএসে বাদপড়া ৩৮ জনকে নিয়োগ দিতে রুল

0

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশ থাকার পরও ৩৯তম বিসিএস (বিশেষ)-এ সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ না পাওয়া ৩৮ জনকে নিয়োগ প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। কেন তাদের নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রুল জারি করেন।

আবদুল্লাহ আল মামুন, রাকিবুল আলম, সাদিয়া আফরিন, শায়লা আকতারসহ ৩৮ জনের করা পৃথক দুটি রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করা হয়। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ৩৯তম বিসিএস (বিশেষ)-এ পিএসসি সর্বমোট ৪৭৯২ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে। এরমধ্যে ৪৬২৯ জনকে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। বাকী ১৬৩ জনকে এখনও নিয়োগ দেয়নি। এ অবস্থায় নিয়োগ বঞ্চিত ৩৮ জন সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের জন্য হাইকোর্টে রিট আবেদন করে।

উন্নয়নের জোয়ার অব্যাহত রাখার আহ্বান নাসিমের

0

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে বলেই দেশ জঙ্গিমুক্ত হয়েছে, আলোকিত বাংলাদেশ গড়ে উঠেছে। রাস্তা-ঘাট, অবকাঠামোসহ সামগ্রিক উন্নয়ন হয়েছে। এক নেতা এক নীতির কারণে দেশের উন্নয়নের যে জোয়ার সৃষ্টি হয়েছে তা অব্যাহত রাখার জন্য তিনি জনপ্রতিনিধিসহ সরকারের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

আজ সোমবার দুপুরে কাজিপুরে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে তার নির্বাচনী এলাকার সমস্যা ও উন্নয়ন বিষয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। অন্যান্যের মধ্যে উপস্থিত সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম হুমায়ুন কবীর, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তারিকুল ইসলাম, পানিউন্নয়ন বিভাগের উপ-প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম, কাজিপুর পৌর মেয়র হাজী নিজাম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ। এতে নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন তারা।

সভার শুরুতেই মোহাম্মদ নাসিম বলেন, গোটা জাতি ১৭ মার্চ থেকে নানা আয়োজনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর নানা কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে। গণতন্ত্রের অভিযাত্রায় অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে একটি সরকার ১২ বছর দেশ পরিচালনা করে দেশকে উন্নয়নের রোল মডেলে দাঁড় করিয়েছেন।

তিনি বলেন, এর অংশীদার সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরাও। দেশের উন্নয়নের যে জোয়ার সৃষ্টি হয়েছে তা অব্যাহত রাখার জন্য তিনি জনপ্রতিনিধিসহ সরকারের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

‘খালেদার প্যারোল ঘুরছে মুখে মুখে, কেউ আবেদন করেনি’

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য নিয়ম মেনে আবেদন করতে হবে। সবাই তার প্যারোলে মুক্তি নিয়ে কথা বলছেন। সবার মুখে মুখে শোনা গেলেও এখনও কেউ আবেদনই করেননি। এমনকি যারা মুক্তি চান তারা কোনো ইচ্ছাও প্রকাশ করেননি।

আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি। তিনি কারাগারে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। তার মুক্তির বিষয়টি আদালতের মাধ্যমেই সুরাহা হবে। এ নিয়ে সরকার বা আমাদের কারো কিছু করার নেই।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গি অর্থায়ন বিষয়ক অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম, ডাকসুর জিএস সাদ্দাম হোসাইনসহ সংশ্লিষ্ট অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা।

করোনাভাইরাস : জাপানে নতুন সম্রাটের জন্মদিনে গণজমায়েত বাতিল

0

জাপানে ভাইরাস সংক্রমণের আশঙ্কায় নতুন সম্রাটের জন্মদিন উদযাপনে গণজমায়েত বাতিলের ঘোষণা দেয়া হয়েছে।
দেশটি সোমবার জানিয়েছে, তারা নতুন সম্রাট নারুহিতোর জন্মদিন উদযাপনে গণজমায়েত অনুষ্ঠান বাতিল করবে। দেশটিতে নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে আশংকা বেড়ে যাওয়ায় এ অনুষ্ঠান বাতিল করা হচ্ছে।
গণসমাবেশ ও অপ্রয়োজনীয় জমায়েত এড়াতে সরকার জনগণকে সতর্ক করে দেয়ার এক দিন পর সম্রাটের পারিবারিক সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘ভাইরাস পরিস্থিতির আলোকে আমরা সম্রাটের জন্মদিনের শুভেচ্ছা জানাতে সাধারণ জনগণের রাজপ্রাসাদে আসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’

ভারতের উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

0

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। রবিবার রাতে একটি ট্রাকের সাথে গাড়ির ধাক্কা লেগে তাতে আগুন ধরে যাওয়ায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে স্থানীয় পুলিশ এ কথা জানায়।
পুলিশ জানায়, গাড়িটির একটি টায়ার ফেটে যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে গাড়িটি বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা খায়। সংঘর্ষের পরপরই গাড়িটিতে আগুন ধরে গেলে তাতে থাকা আরোহীরা বের হতে ব্যর্থ হয়।

চীনফেরত ২ শিক্ষার্থী হবিগঞ্জ ও বরগুনার হাসপাতালে ভর্তি

0

চীনফেরত দুজন শিক্ষার্থী হবিগঞ্জ ও বরগুনার হাসপাতালে ভর্তি হয়েছেন। হবিগঞ্জ ও বরগুনার সদর হাসপাতালের চিকিৎসকরা এ তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, ওই শিক্ষার্থীরা করোনা ভাইরাসে আক্রান্ত নন। সতর্কতার জন্য তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের শায়েস্তানগরের চীন ফেরত রায়হান আহমেদ নামে এক যুবক অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এসময় চিকিৎসক তাকে সন্দেহভাজন হিসেবে সদর হাসপাতালে ভর্তি দিয়েছেন।
তিনি জানান, সোমবার তার রক্তের স্যাম্পল নিয়ে ঢাকায় প্রেরণ করা হবে। সেখান থেকে পরীক্ষা করে নিয়ে এলে বিষয়টি পরিষ্কার হবে। তবে করোনা আক্রান্ত কোনো রোগী এখনো বাংলাদেশে পাওয়া যায়নি বলেও জানান তিনি।
এলাকাবাসী জানিয়েছেন, সদর হাসপাতালে ভর্তি যুবক রায়হান চীন থেকে দেশে ফেরার পর ঢাকায় আশকোনা হজ ক্যাম্পে ১৫ দিনের চিকিৎসাধীন ছিলেন।
এদিকে চীনফেরত আরও একজন শিক্ষার্থীকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে বরগুনা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গায়ে জ্বর থাকায় তাকে বরগুনা জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
রবিবার সন্ধা সাড়ে ৭টার দিকে বরগুনা সদর উপজেলার বালিয়াতলী নিজ বাড়ি থেকে তাকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন বিভাগের নেওয়া হয়।
পরিবার সূত্রে জানা যায়, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করে স্টুডেন্ট ভিসা নিয়ে তিন মাস আগে চীন পড়তে যান ইমরান। এর পর চীনে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হলে ১২ ফেব্রুয়ারি দেশে ফেরেন। বিমানবন্দর থেকে নামার সময় তার গায় জ্বর না থাকলেও আজ বাড়িতে এসে ইমরান জ্বরে আক্রান্ত হন। পরে পুলিশের সহযোগিতায় হাসপাতালের আইসোলেশন বিভাগের আলাদা ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে।
বরগুনা জেলা সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দীন বলেন, চীন ফেরত ইমরান গায়ে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে চিকিৎসার জন্য আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার গায়ে সামান্য জ্বর থাকলেও ভয় পাওয়ার কোনও কারণ নেই। করোনা ভাইরাসের যে লক্ষণ একজন মানুষের শরীরে থাকে, তার মধ্যে সে রকম কোনো সম্ভাবনা নেই। তবু যেহেতু চীন থেকে ফিরেছে, তাই তাকে আমাদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নোয়াখালীতে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই

0

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মিভূত হয়েছে। এ অগ্নিকান্ডে তিনটি ঘর পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে একলাশপুর ৫নং ওয়ার্ডের মুকবুল আহমদের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মুকবুল আহমদের ভাই মহিন উদ্দিন জানান, মুকবুল আহমদের বসতঘরের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের একটি তার গিয়ে ট্রান্সফরমারের সাথে যুক্ত হয়েছে। সকালে ওই তারটি ঘরের ওপরের অংশের সাথে লেগে শর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে আগুন পাশের আরও দুইটি ঘরে ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তারা বিষয়টি ফায়ার সার্ভিসে অবগত করলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগে মকবুল আহমদের তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
এতে ঘরগুলোতে থাকা জমি বিক্রির নগদ ৫ লাখ টাকা, স্বর্ণ, ফ্রিজসহ মূল্যবান মালামাল পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চৌমুহনী ফায়ার সার্ভিসের টিম লিডার রেজাউল করিম জানান, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বৈদ্যুতিক তার থেকে শর্টসার্কিট হয়ে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

হিজাব পরে মসজিদে ইভাঙ্কা!

0

কালো হিজাব পরে মসজিদের বিভিন্ন সৌন্দর্য পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প (৩৮)। এ সময় তার পরনে ছিল লম্বা গাউনের মতো আরবের ঐতিহ্যবাহী পোশাক ও মাথায় কালো হিজাব।
এর পর ভক্তি-শ্রদ্ধার আতিশয্যে খালি পায়ে মসজিদে প্রবেশ করেন ট্রাম্পকন্যা।
নিজে ইহুদি ধর্মাবলম্বী হলেও পুরোদস্তুর মুসলিম নারীর মতোই ঘুরে ঘুরে দেখছেন মসজিদের নান্দনিক সৌন্দর্য। ছুঁয়ে দেখছেন নকশী দেয়ালগুলোও।
সম্প্রতি নারীর ক্ষমতায়ন বিষয়ক ‘গ্লোবাল উইমেন্স ফোরাম’ উপলক্ষে শনিবার দুবাই পৌঁছান ইভাঙ্কা। রবিবারই মধ্যপ্রাচ্যের অন্যতম সুন্দর মসজিদ আবুধাবির শেখ জায়েদ গ্রান্ড মসজিদ দেখতে যান তিনি।

সেনাবাহিনীতে নারী নেতৃত্বের পক্ষে ভারতীয় ​সুপ্রিমকোর্টের রায়

0

পুরুষদের পাশাপাশি এবার ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিতে পারবেন নারীরাও। এক ঐতিহাসিক রায়ে সেনাবাহিনীতে নারীদের নেতৃত্বের পক্ষেই সায় দিয়েছে সর্বোচ্চ আদালত। নারী কমান্ডারের প্রসঙ্গে আজ সোমবার ওই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

ভারতের শীর্ষ আদালতের এই অনুমোদনের ফলে এবার সেনাবাহিনীর নারীও তাঁদের পুরুষ সহকর্মীদের মতোই নেতৃত্ব দিতে পারবেন এবং নিজের ক্যারিয়ারকে আরও ভালও জায়গায় নিয়ে যেতে পারবেন।

ভারতীয় সেনাবাহিনীতে নারী নেতৃত্বের বিষয়টি নিয়ে মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট জানিয়েছে, নারীদের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যগুলির সঙ্গে তাঁদের অধিকারের কোনও যোগসূত্র নেই। প্রয়োজনে মানসিকতার পরিবর্তন করতে হবে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শীর্ষ আদালতকে জানানো হয় যে, সেনাবাহিনীকে নেতৃত্ব দেবেন কোনও নারী সেই মানসিকতা এখনও তৈরি হয়নি ভারতীয় সেনাদের মধ্যে। কেন্দ্রের এই যুক্তিকে বৈষম্যমূলক ও বিরক্তিকর আখ্যা দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে এবার সময় হয়েছে এই ধরণের
‘চিরাচরিত ভাবনা’ থেকে বেরিয়ে আসার।

সরকার পক্ষের আইনজীবী মামলার শুনানিতে বলেন, এ দেশে এখনও যুদ্ধক্ষেত্রে নারীদের নেতৃত্বের জন্যে ঠিক উপযুক্ত নয়। রণক্ষেত্রে নারীদের কম্যান্ডিং অফিসার হিসেবে মেনে নেওয়ার ব্যাপারে জওয়ানরাও ততটা প্রস্তুত নন। তাছাড়া মাতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে নানা অসুবিধা রয়েছে নারীদের।

সম্প্রতি কম্যান্ডিং অফিসারের পদের জন্য দাবি জানিয়ে আবেদন করেছিলেন কয়েকজন নারী। সেই আবেদনের বিরোধিতায় সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর যে কোনও র‍্যাঙ্কেই পুরুষদের আধিপত্য বেশি। এই সব জওয়ানরা সাধারণত গ্রামীণ এলাকা থেকে আসেন। সংস্কারবদ্ধ মানসিকতার কারণে কোনও নারী কম্যান্ডিং অফিসারকে মেনে নেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। তাছাড়াও অন্য কারণও রয়েছে।
ভারতের কেন্দ্রীয় সরকারের যুক্তি, সেনাবাহিনীর প্রশিক্ষণের সময় অথবা কোনও দুর্গম জায়গায় পোস্টিংয়ের সময় যে শারীরিক ও মানসিক দৃঢ়তার দরকার, সেটা নারীদের ক্ষেত্রে খুব একটা থাকে না। তাই কমব্যাট ফোর্সে নারীদের না নেওয়াটাই যুক্তিসঙ্গত।

শীর্ষ আদালতের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি অজয় রাস্তোগির বেঞ্চে কেন্দ্রীয় সরকারের তরফে সওয়াল করেন প্রবীণ আইনজীবী আর বালাসুব্রহ্মনিয়ম ও আইনজীবী নীলা গোখেল।

কেন্দ্রীয় আইনজীবীদের এই যুক্তি খারিজ করে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি অজয় রাস্তোগি বলেন, প্রশাসনের মানসিকতার বদল দরকার। তবেই সেনাবাহিনীতে নারী-পুরুষ এই বৈষম্য দূর হবে। কম্যান্ডিং অফিসার শুধু নয়, সেনাবাহিনীর অন্যান্য পদেও নারীদের নিয়োগের ক্ষেত্রে কোনও সমস্যা থাকা উচিত নয়। কেননা নারীরা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন।

সেনাবাহিনীর শর্ট সার্ভিস কমিশনে (এসএসসি) ১৪ বছর চাকরি করা নারীদের স্থায়ী কমিশনের বিকল্প দেওয়া হবে কিনা এই প্রসঙ্গও তোলা হয় আদালতে।

এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এসএসসিতে ১৪ বছরের চাকরির সময়কালে সীমাবদ্ধ রাখা নয়, সকল নারী অফিসারকে স্থায়ী কমিশন দিতে হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৮ সালের আগস্টে স্বাধীনতা দিবসের ভাষণে বলেছিলেন, ভারতের সশস্ত্র বাহিনীর নারী অফিসারদের জন্যে এবার শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে স্থায়ী কমিশন নেওয়ার বিকল্প রাখা হবে।

শর্ট সার্ভিস কমিশন অনুসারে, একজন নারী অফিসার ১০-১৪ বছর সেনাবাহিনীতে কাজ করতে পারেন। পাশাপাশি নারী অফিসারদের সেনা সার্ভিস কর্পস, অর্ডিন্যান্স, সেনা শিক্ষা ক্ষেত্র, বিচারপতি অ্যাডভোকেট জেনারেল, ইঞ্জিনিয়ার, সিগন্যাল, গোয়েন্দা ও বৈদ্যুতিন ক্ষেত্রেও নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে।

সূত্র : এনডিটিভি