Home Blog Page 3147

আবরার হত্যা : আদালতে দ্রুত বিচার চাইলেন বাবা

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচার চাইলেন আবরারের বাবা মো. বরকত উল্লাহ।

সোমবার বিচারিক আদালত ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে এই দাবি জানান তিনি।

এদিকে মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আবারো পিছিয়েছে। বিচারক কে এম ইমরুল কায়েশ আগামী ১৮ মার্চ শুনানির তারিখ ধার্য করেন। এবারও শুনানির সময় আদালত বলেন, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। কিন্তু এখনও প্রজ্ঞাপন জারি হয়নি। তাই আগামী তারিখ অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য রাখা হলো।

গত ৩০ জানুয়ারিও অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ ধার্য ছিল। একই কারণে ওইদিনও শুনানির তারিখ পেছানো হয়। এবার অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য কারাগারে থাকা ২২ আসামিকেই আদালতে হাজির করা হয়।

শুনানির সময় আবরারের বাবা আদালতের কাছে মামলাটির বিচার যাতে দ্রুত হয় সেই আর্জি জানান। আদালত বলেন, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাচ্ছে বলে জানা গেছে। আদালত আবরারের বাবাকে সরকারের কাছে একটি আবেদন করারও পরামর্শ দেন।

এই মামলার পলাতক তিন আসামি মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান (বাড়ি রংপুর জেলার কোতোয়ালী থানার কেসি রায় রোড), এহতেশামুল রাব্বি ওরফে তানিম (বাড়ি সৈয়দপুর জেলার নীলফামারি থানার নেয়ামতপুর মুন্সিপাড়া গ্রাম) ও মুজতবা রাফিদের (বাড়ি-দিনাজপুর জেলার কোতোয়ালী থানার উত্তর বালুবাড়ি) অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

গত ১৩ জানুয়ারি মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ার পর নথি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। এর আগে ১২ জানুয়ারি মো. মোর্শেদ ওরফে মোর্শেদ অমত্য ইসলাম আদালতে আত্মসমর্পন করার পর তাকে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্ত চলাকালে ২১ আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই কারাগারে আছেন। তারা হলেন মেহেদী হাসান রাসেল, মো. অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মেহেদী হাসান রবিন, মেফতাহুল ইসলাম জিওন, মুনতাসির আলম জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির, মো. মুজাহিদুর রহমান, মুহতাসিম ফুয়াদ, মনিরুজ্জামান মনির, মো. আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান, শামীম বিল্লাহ, মোয়াজ আবু হুরায়রা, এ এস এম নাজমুস সাদাত, ইসতিয়াক আহম্মেদ মুন্না, অমিত সাহা, মো. মিজানুর রহমান ওরফে মিজান, শামসুল আরেফিন রাফাত ও এস এম মাহমুদ সেতু।

গত বছর ১৩ নভেম্বর আবরার হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়। চার্জশিটভুক্ত সব আসামি বুয়েটের ছাত্র ও ছাত্রলীগের রাজনীরি সঙ্গে জড়িত।

উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে গত বছর ৬ অক্টোবর রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরে বাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে জানা গেছে, রাত দশটা থেকে একটানা রাত ২টা পর্যন্ত আবরারকে শিবির সন্দেহে পেটানো হয়। ক্রিকেট স্ট্যাম্প, স্কিপিং দড়ি দিয়ে বেধড়ক পেটানো হয়। কিলঘুষি, লাথিও মারা হয়।

এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আট আসামি। তারা হলেন ইফতি মোশাররফ হোসেন সকাল, বুয়েট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, মেফতাহুল ইসলাম জিয়ন, অনিক সরকার, মো. মুজাহিদুর রহমান, মনিরুজ্জামান মনির, এ এস এম নাজমুস শাদাত ও তাবাখখারুল ইসলাম তানভীর।

অ্যাটর্নি জেনারেলের পদে থাকা নিয়ে আবারো রিট

0

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে আবারো রিট দায়ের করা হয়েছে। গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

এ নিয়ে একই বিষয়ে তৃতীয়বারের মতো রিট দায়ের করলেন তিনি। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ রিট শুনানির জন্য আগামী রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিন রেখেছেন।

রিটটি নিয়ে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত বলেন, গতকাল রবিবার রিটটি কার্যতালিকায় ছিল। কিন্তু আবেদনকারী সময় চেয়েছিলেন। এরপর আদালত আগামী রবিবার দিন রেখেছেন। তিনি জানান, এর আগেও ওই আইনজীবী এ বিষয়ে রিট করেছিলেন। আদালত খারিজ করেছিলেন ওই রিট। এখন আবেদনকারী আইনজীবী বলছেন- নতুন যুক্তিতে তিনি রিট করেছেন।

এর আগে ড. ইউনুছ আলী আকন্দর করা একই ধরনের একটি রিট ২০১৭ সালের ২৪ জানুয়ারি সরাসরি খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। ওই আবেদনে বলা হয়েছিল, ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়।

‘৬৭ বছর অতিক্রম করলেন মাহবুবে আলম, অ্যাটর্নি জেনারেলের পদে থাকা নিয়ে বিতর্ক’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, ‘গত (২০১৬ সালের) ১৬ ফেব্রুয়ারি ৬৭ বছর বয়স পূর্ণ হয়েছে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের। তাই আইন সংশ্লিষ্টদের কারও কারও মতে, পরের দিন ১৭ ফেব্রুয়ারি থেকে সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুসারে তিনি আর অ্যাটর্নি জেনারেলের পদে থাকতে পারেন না। এ বিষয়ে জানতে চাইতে জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার এই প্রতিবেদককে বলেন সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে, সুপ্রিমকোর্টের বিচারক হওয়ার যোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করিবেন।’

অমিত দাশগুপ্ত আরো বলেন, যেহেতু সুপ্রিম কোর্টের বিচারকরা ৬৭ বছর বয়স পূর্ণ হলেই অবসরে যান। অর্থাৎ এরপর তারা বিচারক পদে থাকাটা অসাংবিধানিক। একই কারণে ৬৭ বছর অতিক্রান্ত হওয়ার পর অ্যাটর্নি জেনারেলের পদে থাকাও অসাংবিধানিক।

সংবিধানের ৯৬(১) অনুচ্ছেদ অনুসারে, কোনো বিচারক ৬৭ বৎসর পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। তবে এ ব্যাপারে সংশ্লিষ্টদের ৬৪ অনুচ্ছেদের কেবল শুরুর অংশ না পড়ে পুরোটা পড়ার পরামর্শ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সিদ্ধিরগঞ্জে গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ড: দগ্ধদের একজনের মৃত্যু

0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডে যে আটজন দগ্ধ হন তাদের একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম নূরজাহান (৬০)।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে আজ সোমবার ভোরে গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আটজন দগ্ধ হন। দগ্ধরা হলেন নুরজাহান , কীরণ (৪৩) হীরণ (২৫), তাঁর স্ত্রী মুক্তা (২০), মেয়ে লিমা (৩) এবং পরিবারের অন্য সদস্য আবুল হোসেন (২২), কাওসার (১৬) এবং আপন (১০)। এদের মধ্যে নূরজাহান মারা গেলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। দগ্ধ বাকিদের মধ্যে কীরণ মিয়া, আবুল হোসেন ও কাওসারের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

স্থানীয় সূত্র জানায়, ভোরে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বাসার চার কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে একই পরিবারের আটজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আদমজী ইপিজেটের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, বাসায় গ্যাসের চুলা রাতভর চালু থাকায় চারটি কক্ষে গ্যাস জমে ছিল। সকালে চুলায় আগুন দেওয়ার সাথে সাথে চারটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের আটজন দগ্ধ হন।

ঢাকায় এসেছে মেট্রোরেলের কোচ, খোলা হলো মোড়ক

0

দেশে এসেছে মেট্রোরেলের প্রথম কোচ। আজ সোমবার উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে কনটেইনার থেকে বের করা হয়েছে কোচটির মোড়ক। জানা গেছে এটি মেট্রোরেলের কোচ হলেও এটি মূলত নমুনা কোচ। মেট্রোরেলে চড়তেও শেখানো হবে এই কোচটির মাধ্যমে। এই কোচ যুক্ত হবে না মূল পরিবহন বহরে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, এই কোচটি জাপানের মিৎসুবিশি ও কাওয়াসাকি থেকে তৈরি করে আনা হয়েছে কোচটি। এই কোচ শুধু প্রদর্শন করা হবে, যুক্ত হবে না যাত্রী পরিবহন বহরে। মূলকোচগুলো যে উপাদান দিয়ে যেভাবে তৈরি করা হবে এটিও সেভাবেই তৈরি হয়েছে। উত্তরায় মেট্রোরেলের যে তথ্যকেন্দ্র নির্মাণ করা হচ্ছে সেখানে এটি সাধারণ মানুষের দেখার ও শেখার জন্য প্রদর্শিত হবে।

কোচটি প্রদর্শনীর জন্য আগামী মাস থেকেই উন্মুক্ত করা হবে । আর যাত্রীবাহী মেট্রোরেলের মূল কোচগুলো আগামী ১৫ জুন বাংলাদেশে এসে পৌঁছবে বলে জানালেন এম এ এন ছিদ্দিক। তিনি বলেন, গত এক বছর ধরে জাপানে এগুলো তৈরি করা হয়েছে। দেশে আসার পর এগুলো অপারেশন কন্ট্রোল সেন্টার (ওসিসি) এর সঙ্গে মিলে চলতে পারছে কিনা তার জন্য ট্রায়াল রান দেওয়া হবে।

এম এ এন ছিদ্দিক আরও জানান, উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোর পাশে ভিজিটর সেন্টার নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। এমআরটি তথ্য ও প্রদর্শন কেন্দ্রের ভেতরেই রাখা হবে নমুনা ট্রেনটি। সেখানেই দর্শনার্থীদের টিকেট কাটা, ট্রেনে চড়া, দাঁড়ানো, ট্রেন থেকে নামা- এসব বিষয়ে ধারণা দেওয়া হবে।

২০২১ সালে বিজয়ের মাসে প্রথম মানুষ মেট্রোরেলে উঠবে বলে আশা প্রকাশ করেন ডিএমটিসিএলের ম্যানেজিং ডিরেক্টর। তিনি বলেন, ‘সেই লক্ষ্যমাত্রা মাথায় রেখেই আমরা কাজ করে যাচ্ছি। দেশে আসা মেট্রোরেল ট্রেন সেট জাতীয় পতাকার রঙে সাজানো থাকবে।

জানা গেছে মেট্রোরেলের প্রতি র‍্যাকে ১ হাজার ৭৩৮ জন যাত্রীর পরিবহন করবে। ত তবে বেশিরভাগ যাত্রীকে দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়ানোর জন্য সুব্যবস্থা থাকবে ট্রেনের ভেতর। প্রতিটি কোচের দুদিকে চারটি দরজা থাকবে। ট্রেনে সিটের ধরন হবে লম্বালম্বি এবং প্রতিটি ট্রেনে থাকবে দুটি হুইলচেয়ারের পাশাপাশি রাখার ব্যবস্থা। প্রতিটি ট্রেনের ছয়টি কোচের মধ্যে একটি কোচ শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত থাকবে।

বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে ক্যানভাসে প্রতিবাদ

0

ভাষা হোক প্রতিবাদের। ভাষা হোক পরিবর্তনের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস ফেব্রুয়ারি। এই মাসেই ২১ জন চিত্রশিল্পীর প্রয়াস ‘ইমপ্রেশন অব নেচার’। বৈশ্বিক উষ্ণতার প্রতিবাদে প্রকৃতিকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের জয়নুল আর্ট গ্যালারিতে ১৭ ফেব্রুয়ারি বিকাল ৫টা থেকে শুরু হচ্ছে এই যৌথ প্রদর্শনী।

ফ্রিল্যান্স আর্টিস্ট, ছাত্র-ছাত্রীদের আর্ট গ্রুপ ‘আউটডোর কমিউনিটি’-এর আয়োজনে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রকৃতিপ্রেমীরা আসতে পারেন এই প্রদর্শনী দেখতে।

তথাকথিত শিল্প ভাবনা নয়, এই অন্যভাবে ভাবতেই ‘প্রকৃতি’কে করা হয়েছে এই আয়োজনের প্রধান অতিথি। বিশেষ অতিথি হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ম্যাগনাম ম্যানেজমেন্ট কনসাল্টিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দিনেব জীনাত লতিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারি অধ্যাপক এবং যুক্তরাজ্যের ব্রুনেল বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল রিসার্চার মিস. তাসলিমা ইয়াসমিন এবং গ্রীন সেভার্সের ফাউন্ডার ও নগর কৃষক আহসান রনি।

‘পৃথিবীজুড়ে প্রকৃতির ওপর যে ধ্বংসতাণ্ডব চলছে, তাতে প্রকৃতি হারিয়ে ফেলছে তার যৌবন, হারাচ্ছে নিজস্ব রং। মানুষের সৃষ্ট ভুলের মাশুল হয়ে পুরো পৃথিবীতে প্রতিনিয়ত বেড়ে চলেছে প্রাকৃতিক দুর্যোগ। মানুষ আজ ভুলতে বসেছে যে, তারা প্রকৃতিরই অংশ। এই অসচেতনতা আমাদের জন্যে যেমন ক্ষতিকর তেমনি আমাদের পরবর্তী প্রজন্মের জন্যও হুমকিস্বরূপ। পরবর্তী প্রজন্মের জন্য কী রেখে যাচ্ছি আমরা? প্রকৃতিকে ধ্বংস করে আমরা কি বাঁচতে পারবো? আমাদের ক্যানভাস ও ক্যানভাসে আঁকা স্থির ভাষাগুলোর মতো প্রকৃতি যেন তার রং হারিয়ে না ফেলে; অস্থির মানুষের দানবীয় কর্মকান্ডের আঘাতে প্রকৃতি যেন আরও ক্ষত-বিক্ষত না হয়-এই কারণে প্রকৃতির বিরূদ্ধে চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানাতেই আমাদের ক্যানভাসে সাদা-কালোর মিশেল। অনন্তযৌবনা প্রকৃতি আবার নব রঙে রঙীন হয়ে উঠুক-এই আমাদের চাওয়া। এর জন্য আমাদের সকলের প্রয়োজন একটু সচেতনতার, একটু ভালবাসার, একটু প্রকৃতির ভাষা বোঝার ক্ষমতার।’ -এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে আয়োজক ‘আউটডোর কমিউনিটি’।

যৌথ প্রদর্শনীর ২১ জন প্রতিবাদী শিল্পী হচ্ছেন আজমল হোসেন, দীপ্র বণিক, হেলাল শাহ, খাদিজাতুন নোমানী, খিং সাই মারমা, লিজা শরিফা, মধুবন্তী রায়া, মানিক বণিক, মারজান কবির, মহসিন কবির হিমালয়, মৃণাল বণিক, নুসরাত জাহান তিতলী, প্রীতম মজুমদার, প্রদীপ সাহা, রাজিব মাহবুব, শক্তিমোহিত সুবীর, সীমা মণ্ডল, সাজিয়া রহমান সন্ধ্যা, শক্তি নোমান, তানজিমা তাবাচ্ছুম এশা, তারিকুল ইসলাম হিরক।

আবারও নিয়োগ পেলেন গভর্নর ফজলে কবির

0

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘আগামী ২০ মার্চ থেকে তাঁর ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত পূর্বের চুক্তির ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে তাঁকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

এদিকে অবসরোত্তর ছুটি ভোগরত সচিব সুদত্ত চাকমাকে দুই বছর মেয়াদে তথ্য কমিশনের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি কর্মকমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরোত্তর ছুটি ভোগরত সচিব এন সিদ্দিকা খানম।

আগামী পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স—যেটা আগে পূর্ণ হবে সে পর্যন্ত তিনি পিএসসি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সনৎ কুমার সাহাকে গ্রেড-১ মর্যাদায় বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাঁদের নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

জাতিসংঘের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করল ভারত

0

জম্মু-কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত। এর আগে এ ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক বার তাঁর সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ভারত। এবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের মধ্যস্থতার প্রস্তাবও খারিজ করল দিল্লি।। দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ব্যাপারে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। বরং কাশ্মীর নিয়ে মাথা ঘামানোর বদলে, পাকিস্তান বেআইনিভাবে ভারতের যে অঞ্চল দখল করে রেখেছে, জাতিসংঘকে তা মুক্ত করার ব্যবস্থা করতে অনুরোধ করেছে নয়াদিল্লি।

রবিবার চারদিনের সফরে পাকিস্তান পৌঁছেছেন অ্যান্তোনিয়ো গুতেরেস। সে দেশে পা রেখেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশির সঙ্গে একদফা বৈঠক করেন তিনি। তারপর সাংবাদিক বৈঠক করার সময়ই কাশ্মীর এবং বর্তমানে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

গুতেরেস বলেন, কাশ্মীরের বর্তমান পরিস্থিতি এবং নিয়ন্ত্রণরেখায় ঘটে চলা সঙ্ঘাত নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন আমি। শুরু থেকেই এ ব্যাপারে সাহায্য করতে চেয়েছিলাম। দুই দেশ রাজি থাকলে এ নিয়ে মধ্যস্থতা করতে প্রস্তুত আমি।

ভারত-পাকিস্তান দুই দেশেরই আরও সংযত হওয়া উচিত বলেও মন্তব্য করেন গুতেরেস।

নয়াদিল্লির পক্ষ থেকে অবশ্য গুতেরেসের প্রস্তাব পত্রপাঠ ফিরিয়ে দেওয়া হয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, নিজের অবস্থান থেকে একচুলও সরে আসেনি ভারত। জম্মু-কাশ্মীর চিরকাল ভারতের অখণ্ড অংশ ছিল, আছে এবং থাকবে। গায়ের জোরে, বেআইনি ভাবে পাকিস্তান যে অঞ্চলগুলিকে দখল করে রেখেছে, সেগুলিকে মুক্ত করতে বরং পদক্ষেপ করা হোক।

ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সমস্যাগুলো নিজেরাই মিটিয়ে নেবে এবং এ ব্যাপারে তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপ একেবারেই বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়ে দেন রবীশ কুমার।

তাঁর মতে, এর চেয়ে জম্মু-কাশ্মীরসহ একাধিক অঞ্চলে সীমান্ত সন্ত্রাস চালানোয় পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা করতে পারতেন গুতেরেস।

এদিকে, সন্ত্রাস দমনে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করায় গত কয়েক বছর ধরে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করে আসছে ভারত। গত বছর ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গিরা কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি কনভয় লক্ষ্য করে হামলা চালালে, তার পাল্টা বালাকোট এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গিবিরোধী অভিযান চালায় ভারতীয় বিমানসেনা। সেই নিয়ে দুই দেশের মধ্যে সঙ্ঘাত পরিস্থিতি দেখা দেয়। তার মধ্যেই গত বছর আগস্টের শুরুতে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করে উপত্যকাকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে পাকিস্তান। এ নিয়ে আন্তর্জাতিক মহলেও ভারতকে কোণঠাসা করার চেষ্টাও চালিয়েছে ইসলামাবাদ।

সূত্র : আনন্দবাজার

ট্রাম্পের সফর ঘিরে ভারতে ভয়াবহ হামলার হুমকি

0

ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই সফরের আগে এক ভিডিও বার্তায় ভারতে ভয়াবহ হামলার হুমকি দিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ। একটি ভিডিওতে তারা এই হামলার হুমকি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর চলতি সফরেই কাশ্মীর নিয়ে যাতে হস্তক্ষেপ করতে বাধ‌্য হন সে কারণে ভিডিওতে হুমকি দেওয়া হয়েছে।

ওই ভিডিওতে ভারত সরকারকে হুমকি দিয়ে মুখ ঢাকা একজনকে বলতে শোনা গেছে, মুসলমানদের হত্যাকারীদের ক্ষমা করা হবে না। যেভাবে তোমরা হিন্দুস্তানে মুসলিমদের হেনস্তা করেছ এবং তাদের ভাবনাকে ধ্বংস করেছ, তার বদলা নেওয়া হবে। শান্তির অনেক ঘুমপাড়ানি গান শুনেছি আমরা। এখন আর কোনও অজুহাত শোনার সময় নেই। এখন সময় এসেছে সংযমের রাশ আলগা করার। মুসলিমদের ক্ষমতা কতটা সেটা তোমাদের বুঝিয়ে দেওয়া হবে।

বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ‌্যমের কাছে ভারতীয় গোয়েন্দা ও কূটনীতিকদের ব‌্যাখ‌্যা হলো- ভিডিওটি ও তাতে বলা কথাতে উর্দুতে আফগানি টান রয়েছে।

পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর পরিকল্পনা অনুযায়ী ভিডিওটি পোস্ট করেছে জইশ। ট্রাম্পের ভারত সফরের ঠিক আগেই এটা করা হয়েছে যাতে কাশ্মীরে নিয়ে ট্রাম্প ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা যায়। ভিডিওতে হুমকি দেওয়া হয়েছে, যাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর চলতি সফরেই কাশ্মীর নিয়ে হস্তক্ষেপ করতে বাধ‌্য হন।

ভিডিওতে দাবি করা হয়েছে, সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর কাশ্মীরিরা শোষিত, নজরবন্দি, অত‌্যাচারিত। তাই তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালাচ্ছে। জবাবে তাদের উপর পাল্টাঅত‌্যাচার করছে ভারতের সেনা ও পুলিশ। কাশ্মীর বিভাজনের উপযুক্ত জবাব ভারতকে দেওয়া হবে। ভারত সরকার কাশ্মীরিদের খুনি। তারা মুসলমানদেরও খুনি। তাদের ক্ষমা করা হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী তথা মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আগামী ২৪ ফেব্রুয়ারি দুদিনের ভারত সফরে আসছেন।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিগুলি সূত্রে দাবি করা হয়েছে, চলতি মাসের গোড়ায় পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে একটি বৈঠক হয় পাকিস্তানি সেনা ও আইএসআই কর্মকর্তাদের। ম‌্যারাথন বৈঠক চলে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হিজবুল মুজাহিদিনকে ফের সক্রিয় করা হবে। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, পাকিস্তানি জঙ্গিদের (জইশ, লস্কর, হরকত উল মুজাহিদিন) পরিবর্তে কাশ্মীরি জঙ্গিদের (হিজবুল) আরও বড় দায়িত্ব দেওয়া হবে। নির্দেশ দেওয়া হয়েছে, লস্কর-ই তৈয়বা ও জয়েশ ই মোহাম্মদের পরিবর্তে এখন থেকে যাবতীয় জঙ্গি হামলার সব দায়িত্ব নেবে হিজবুল।

ভারতীয় গোয়েন্দাদের দাবি, কাশ্মীরিদের মন জয় করতে, তাঁদের আস্থা পেতে ভারতের পুলিশ, নিরাপত্তাবাহিনী থেকে শুরু করে শহরাঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষ সকলের ওপর আত্মঘাতী হামলা হবে। নিরাপত্তাবাহিনীর কনভয় ও সেনা ঘাঁটিতে বড়সড় নাশকতা বা হামলা চালানোর চেষ্টা করা হবে। এমনটাই ঠিক হয়েছে পাকিস্তানি সেনা-জঙ্গি গোষ্ঠীগুলির বৈঠকে।

বিশ্বকাপের যুদ্ধে নামতে প্রস্তুত জাহানারা-রুমানা

0

সহায়ক কন্ডিশনে অস্ট্রেলিয়ায় আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পেস আক্রমণে নেতৃত্ব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন জাহানারা আলম। চতুর্থবারের মতো টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া এই পেসার বলেছেন, অস্ট্রেলিয়া থেকে দল ভালো কিছু স্মৃতি নিয়ে ফিরতে পারবে। ছয়জন স্পিনারকে নিয়ে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী একটি স্কোয়াড গঠন করা হয়েছে। সালমা খাতুনের নেতৃত্বাধীন দলে রয়েছেন বিশ্বকাপের বাছাইপর্বে আলো ছড়ানো বাঁহাতি নাহিদা আখতার।

জাহানারা আউট সুইং বল করতে বেশ পারদর্শী। অস্ট্রেলিয়ায় ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করার পর সেখানে আরো ভালো করার অস্ত্র খুঁজে পেয়েছেন বলে মনে করছেন তিনি। জাহানারার উদ্বৃতি দিয়ে আইসিসি জানায়, ‘আমি অস্ট্রেলিয়ায় খেলার ব্যাপারে কিছুটা রোমঞ্চিত, কারণ শুনেছি এখানকার পিচ বাউন্সি, এবং উইকেট থেকে সহায়তা পাব। এখানে আমি দুই দিকেই বল সুইং করাতে পারছি। কিছুটা ভিন্নতা পাচ্ছি। তাই আমি বেশি রান দিতে চাই না। আর দলের হয়ে সেটিই হবে আমার মুল ভুমিকা।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ১৩ ম্যাচে অংশ নিয়ে দুটি মাত্র জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। তবে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত বছাইপর্বে ৫ ম্যাচের সবকটিতে জয়ের মাধ্যমে নিজেদের উন্নতির প্রমাণ দিয়েছে দলটি। জাহানারা বলেন, ‘আমাদের মূল শক্তি হচ্ছে দলীয় একতা। দীর্ঘ সময় যাবত প্রস্তুতি নিয়েছি এবং আমরা আত্মবিশ্বাসী। এটি আমাদের চতুর্থ বিশ্বকাপ। এখন আমরা কিছুটা অভিজ্ঞ। যদিও প্রথমবারের মতো আমরা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছি।’

জাহানারার টি-টোয়েন্টি রেকর্ডও চমৎকার। এই ফর্মেটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ উইকেট শিকারী তিনি। সর্বোচ্চ উইকেট শিকারির আসনে রয়েছেন অধিনায়ক সালমা খাতুন। বাংলাদেশ দলের হয়ে এখনো পর্যন্ত অর্জিত সেরা সফলতারও অংশ ছিলেন জাহানারা। ২০১৮ সালে ঐতিহাসিক ম্যাচে ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জয়ের সময় উইনিং রানটি এসেছিল তার কাছ থেকে। এবার বাংলাদেশ বেশি নির্ভর করছে অল-রাউন্ডার রুমানা আহমেদের উপর। যিনি ২০১৭ সালে আইসিসির উঠতি তারকার মর্যাদা পেয়েছেন। অস্ট্রেলিয়ার ঘরোয়া বিগ ব্যাশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

নিজের অভিজ্ঞতা সবার মাঝে ছড়িয়ে দেওয়া রুমানা বলেন, ‘সেটি ছিল আমার জন্য দারুন সুযোগ। প্রথম অস্ট্রেলিয়া সফরে আমি দারুন অভিজ্ঞতা অর্জন করেছি। আমি শিখেছি কিভাবে বড় দল ও খেলোয়াড়রা খেলার প্রস্তুতি নেয়। প্রতিটি অনুশীলন সেশনে আমি অনেক কিছু শিক্ষা নিয়েছি। বিশেষ করে জিম ও ফিটনেস সেশনে। সেটি ছিল দারুন অভিজ্ঞতা।’

সাশ্রয়ী মূল্যে লেনোভোর শক্তিশালী ল্যাপটপ

0

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড পরিবেশিত লেনোভো দেশের বাজারে নিয়ে এসেছে আইডিয়াপ্যাড সিরিজের নতুন আইডিয়াপ্যাড এস১৪৫ মডেলের ল্যাপটপ। হালকা গড়ন এবং খুব সহজে বহনযোগ্য ১.৮ কেজির এই ল্যাপটপটি ১৫.৬ ইঞ্চের একটি এইচডি এন্টি-গ্লেয়ার এলইডি ডিসপ্লে সমর্থিত। বেশ শক্তপোক্ত গড়নের ল্যাপটপটির ডিসপ্লে ১৮০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো সম্ভব।

২.৬ গিগাহার্জ থেকে সর্বোচ্চ ৩.০ গিগাহার্জ সমর্থিত এএমডি এ৬-৯২২৫ প্রসেসরের সাথে পাচ্ছেন ৪ জিবি ডিডিআর-ফোর র‍্যাম। ল্যাপটপটিতে ইন্ট্রিগ্রেটেড গ্রাফিক্স হিসেবে আছে এএমডি রেডিওন আর-ফোর সিরিজের গ্রাফিক্স চিপসেট। এ ছাড়া স্টোরেজ হিসেবে এতে আছে ১ টেরাবাইট হার্ড ড্রাইভ এবং এর পাশাপাশি এসএসডি সংযোজন করার সুবিধাও রয়েছে। সহজে বহনযোগ্য এই ল্যাপটপটি তাদের জন্য যারা সাধারণ ইন্টারনেট ব্রাউসিং, ইমেইল পাঠানো কিংবা অফিসিয়াল কাজ করে থাকেন।

ইনপুট পোর্ট হিসেবে আছে ২ টি ইউএসবি থ্রি, একটি ইউএসবি ২.০, একটি এইচডিএমআই, ফোর ইন ওয়ান কার্ড রিডার এবং অডিও কম্বো জ্যাক আছে এই ল্যাপটপটিতে। এ ছাড়াও সর্বোচ্চ গতির ওয়াইফাই এবং ব্লুটুথ ৪.১ আছেই।

সর্বোচ্চ সাড়ে পাঁচ ঘণ্টার ব্যাটারি ব্যাকাপের সাথে ল্যাপটপটি পাওয়া যাচ্ছে প্লাটিনাম গ্রে কালারে। ব্যাবহারকারীর সুবিধার্থে ল্যাপটপটির প্যাকেজে ২টি চার্জিং অ্যাডাপটার দেওয়া হয়েছে। ল্যাপটপের বাজার মূল্য ২৮,৫০০ টাকা যার সাথে থাকছে ২ বছরের বিক্রয়োত্তর সেবা। ল্যাপটপটি পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের শাখাসহ অনুমোদিত ডিলার হাউজে।

বিস্তারিত জানতে ভিসিট করুন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ওয়েবসাইটে অথবা কল করুনঃ ০১৯১৫৪৭৬৩৪০