Home Blog Page 3150

হজক্যাম্প ছাড়তে শুরু করেছেন চীন ফেরত বাংলাদেশিরা

0

চীনের উহান থেকে দেশে ফেরা ৩১২ বাংলাদেশি দুই সপ্তাহ আশকোনার হজ ক্যাম্পে পর্যবেক্ষণ শেষে বাড়ি ফিরতে শুরু করেছেন। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টা থেকে তারা হাজ ক্যাম্প ছাড়তে শুরু করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ ২১২ জন ফিরবেন। বাকি ১০০ জন আগামীকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) হাজ ক্যাম্প ছাড়বেন।

এতোদিন স্বজনরা তাদের সঙ্গে দেখা করতে পারেননি। তাদের সেই অপেক্ষার সময় এখন শেষ হতে চলেছে। তাদের নিয়ে যেতে আশকোনায় অপেক্ষা করছে বিআরটিসির তিনটি বাস।

শনিবার শেষ বারের মতো স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের সবাইকে স্বাস্থ্য সনদ এবং সংবর্ধনা দেওয়া হয়। সব অনুষ্ঠানিকতা শেষে তারা স্বজনদের সঙ্গে বাড়ি ফিরে যেতে পারবেন।

আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম আলমগীর বলেন, তারা রাতে একসঙ্গে ডিনার করবেন। সবাই হয়ত আজ যেতে পারবেন না। কেউ আজকে যাবেন, বাকিরা কাল সকালে যাবেন।

গত ১ ফেব্রুয়ারি একটি বিশেষ বিমানে করে ৩১২ জনকে চীনের উহান থেকে ফিরিয়ে আনার পর এই হজক্যাম্পেই তাদের ৩০১ জনকে ‘কোয়ারেন্টিনে’ রাখা হয়। বাকি ১১ জনকে রাখা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে।

সংবাদ উৎস সম্পর্কে সাংবাদিকদের সর্তক থাকতে হবে

0

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালার ‘সাংবাদিকতার প্রাথমিক ধারণা’ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহিম বিন হারুন, ‘ক্রীড়া সাংবাদিকতা’ বিষয়ে একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি ফাহিম রহমান, ‘সাংবাদিকতার অভিজ্ঞতা ’ বিষয়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সাবরিনা হোসাইন, ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ বিষয়ে যমুনা টেলিভিশনের আখলাকুস সাফা, ‘ক্যাম্পাস সাংবাদিকতা’ বিষয়ে গাজী টিভির নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন আহমেদ, ‘ফিচার লিখার নিয়ম’ বিষয়ে প্রেস ইন্সিটিউট অব বাংলাদেশের সহকারী প্রশিক্ষক বারেক কাইসার আলোচনা করেন।

আয়োজনের শেষে সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লতিফুল ইসলামের সঞ্চালনায় এক সাধারণ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য মীজানুর রহমান। আলোচনা সভায় উপাচার্য বলেন, সংবাদ পরিবেশ করার ক্ষেত্রে সংবাদ উৎস সম্পর্কে সাংবাদিকদের সর্তক থাকতে হবে। যাতে সংবাদ উৎস খাঁটি হয়। বর্তমানে সাংবাদিকতা করতে ঝুঁকি আছে সেটা মাথায় রেখে কাজ করতে হবে। কারণ দেশে প্রতিনিয়ত সাংবাদিকরা বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, প্রক্টর মোস্তফা কামালসহ সাংবাদিক সমিতির সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।

১৭ মার্চ দেশের সব কলেজে বের হবে আনন্দ র‌্যালি

0

আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ২৬০ কলেজে একযোগে আনন্দ র‌্যালি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ শনিবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

উপাচার্য তার বক্তব্যে মুজিববর্ষ উপলক্ষ্যে কর্মসূচি তুলে ধরে বলেন, আনন্দ র‌্যালি ছাড়াও আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ, শিক্ষার্থীদের মধ্যে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, দুইটি গ্রন্থ প্রকাশনা ও বিশেষ সেমিনার আয়োজনসহ আরো নানা কর্মসূচি থাকবে। এ ছাড়া সিনেট অধিবেশনে চাকরি সংবিধিতে সংশোধন এনে তা পাস করা হয়।

অধিবেশনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুর রহমান এমপিসহ ৫৫ জন সদস্য সিনেট অধিবেশনে উপস্থিত ছিলেন।

চাহালকে রিজার্ভ বেঞ্চে দেখতে চান না শোয়েব

0

ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে একাদশের বাইরে দেখতে চান না পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় বোলারদের মধ্যে উজ্জ্বল দিক একমাত্র চাহালের বোলিং। ২ ওয়ানডেতে নিয়েছেন ৬ উইকেট। যদিও সিরিজে ধোলাই হতে হয়েছে ভারতকে।

শোয়েব বলছেন, ‘(রবীন্দ্র) জাদেজা মাঝে মাঝে উইকেট পাচ্ছে। কুলদীপ (যাদব) ভালো পারফরম্যান্স তুলে ধরতে পারছে না। কিন্তু (যুজবেন্দ্র) চাহাল বেশ ভালো। ওকে বেঞ্চে বসিয়ে রাখা উচিত নয়। চাহাল এমন কিছু কৌশল জানে যা দিয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে পারে। কমপ্লিট লেগ স্পিনার বলতে যা বোঝানো হয়, চাহাল তেমনই। চাহাল ব্যাটসম্যানদের উপরে প্রাধান্য বিস্তার করে। বুদ্ধিদীপ্ত ক্রিকেটার। একমাত্র চাহালকে দেখেই মনে হয়েছে মাঝের ওভারে উইকেট নিতে পারে। আর কাউকে দেখে সেরকম মনে হয়নি।’

কিউইদের বিপক্ষে ৫টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন চাহাল। কিন্তু তাকেই প্রথম ওয়ানডেতে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখে খেলতে নামে ভারত। পরের দুই ওয়ানডেতে দলে ফিরেই দুই ম্যাচে ৩টি করে উইকেট তুলে নেন। তার উজ্জ্বলতার নিচে কুলদীপকে নিষ্প্রভ দেখিয়েছে। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার আগে শোয়েব চাহালের পক্ষ নিয়ে বলেন, ‘কুলদীপকে দেখে মনে হচ্ছে চাপে আছে। ওকে দেখে কখনও মনে হয়নি খেলার মধ্যে রয়েছে। এটাই চিন্তার কারণ ভারতের কাছে।’

অর্ধযুগ পর মেয়েদের প্রিমিয়ার ফুটবল লিগ শুরু ২২ ফেব্রুয়ারি

0

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে রাজধানীর কমলাপুরেরর বীর শ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হচ্ছে নারী ফুটবল লিগ। আজ শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। দেশে সর্বশেষ নারী ফুটবল লিগ হয়েছে ২০১৩ সালে। সেটি ছিল নারী ফুটবল লিগের দ্বিতীয় আসর। প্রথমটি হয়েছিল ২০১১ সালে।

উদ্বোধনী ম্যাচে বসুন্ধরা কিংসের মোকাবেলা করবে বেগম আনোয়ারা স্পোর্টস ক্লাব। বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। পরের দিন ২৩ ফেব্রুয়ারি কুমিল্লা ইউনাইটেডের মুখোমুখি হবে জামালপুর কাচারিপাড়া একাদশ। ওই দিন অপর ম্যাচে স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট ফুটবল ক্লাবের বিপক্ষে লড়বে নাসরিন স্পোর্টস একাডেমি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত লিগে সাতটি ক্লাব অংশ নিচ্ছে। ক্লাবগুলো হলো:- বসুন্ধরা কিংস, বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব, কুমিল্লা ইউনাইটেড, জামালপুর কাচারিপাড়া একাদশ, স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট ফুটবল ক্লাব, এফইউ উত্তরবঙ্গ এবং নাসরিন স্পোর্টস একাডেমি।

পুরুষ ফুটবলের মতো নারী ফুটবলের দলবদলেও চকম দেখিয়েছে বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগের একমাত্র এই ক্লাবটি অংশ নিচ্ছে নারী ফুটবলে। বাকিগুলো বাফুফের ডাকে সাড়া দেয়নি। যে কারণে, এখান-ওখান থেকে অচেনা কতগুলো দল এনে লিগটা মাঠে নামাতে হয়েছে বাফুফেকে। তারপরেও অর্ধযুগ পর ঘরোয়া লিগ খেলার সুযোগ পেয়ে খুশি দেশের প্রমীলা ফুটবলাররা। আয়োজকদের আশা, সামনে সেরা ক্লাবগুলো এই টুর্নামেন্টে অংশ নিতে এগিয়ে আসবে।

বিশ্বকাপজয়ী আকবররা খেলবেন জিম্বাবুয়ের বড়দের বিপক্ষে

0

সদ্যই ভারতকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা নিয়ে ঘরে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দলের ছেলেরা। তবে তাদের কয়েকজনের বেশিদিন বিশ্রামে থাকা হচ্ছে না। যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীসহ ৬ জন ডাক পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। আজ শনিবার বিকালে তিন ওয়ানডে, দুই টি-টোয়েন্টি ও এক টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য একমাত্র টেস্ট ম্যাচে নামার আগে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথিরা।

বিশ্বকাপজয়ী বাংলাদেশ দল থেকে প্রস্তুতি ম্যাচে থাকবেন আকবর আলী, মাহমুদুল হাসান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান, শাহাদাত হোসেন ও পারভেজ হোসেন। তাদের প্রস্তুতি ম্যাচে সুযোগ দেওয়ার ব্যাখ্যায় নির্বাচক হাবিবুল বাশার বললেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা পাঁচ-ছয়জনকে রাখছি। আমাদের বেশির ভাগ ক্রিকেটার এখন খেলার মধ্যে আছে। সবাই বিসিএল খেলছে। যেহেতু সবাই খেলার মধ্যে আছে, দুদিনের জন্য নতুন করে টানাটানি করিনি। যেহেতু প্রস্তুতি ম্যাচ, আমরা ওদের একটু দেখতেই পারি। এদের মধ্যে শরিফুল ‘এ’ দলেও ছিল।’

উল্লেখ্য, যুবদলের ক্রিকেটাররা ঢাকায় আসার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান অবশ্য বলছিলেন, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে আরেকটি দল করবেন তারা। আগামী ২ বছর সেটিকে অনূর্ধ্ব-২১ দল হিসেবে তৈরি করা হবে। এজন্য সবাইকে প্রতিমাসে ১ লাখ টাকা বেতন দেওয়ারও ঘোষণা দেন তিনি। অবশ্য তার আগেই ৬ জন বড়দের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে গেল। জিম্বাবুয়ে এখন খর্বশক্তির হলেও তারা আন্তর্জাতিক দল। তাদের বিপক্ষে খেলে নিজেদের অভিজ্ঞতার ঝুলি আরেকটু পরিপূর্ণ করতে পারবেন আকবর আলী-মাহমুদুল হাসানরা। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে জিম্বাবুয়ের প্রস্তুতি ম্যাচ।

‘বিশ্বের ৪০ থেকে ৭০ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে’

0

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃত্যুর সংখ্যা এক হাজার পাঁচশ ছড়িয়েছে। চীনে ১৪ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ৩১টি রাজ্য থেকে হতাহতের এই খবর পাওয়া যায়। এছাড়াও বিশ্বের প্রায় ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার ফ্রান্সে একজনের মৃত্যু হয়েছে। এর আগে চীনের বাইরে ফিলিপাইন, হংকং এবং জাপানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এমন আতঙ্কের মধ্যে হার্ভার্ডের এক অধ্যাপক আতঙ্ক আরো কয়েকগুন বাড়িয়ে ঘুম হারাম করে দেওয়ার মতো তথ্য দিয়েছেন।

হার্ভার্ডের টি.এইচ. চ্যান স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক মার্ক লিপসিচ বলেন, আমরা বিশ্বব্যাপী করোনাভাইরাসের একটি মহামারি দেখতে যাচ্ছি। সারা বিশ্বের মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। তিনি বলেন, আমি মোট সংখ্যাটি বলতে পারছি না। তবে ৪০ শতাংশ থেকে ৭০ শতাংশ মানুষ আক্রান্ত হতে পারে।

এর আগে হংকংয়ের প্রথম সারির গবেষক গ্যাব্রিয়েল লিউং বলেন, সাধারণভাবে যদি ধরা যায় এক জন আক্রান্তের শরীর থেকে এই ভাইরাস গড়ে দুইয়ের বেশি মানুষের শরীরে ছড়িয়ে পড়ছে, তা হলেই বোঝা যাবে আক্রান্তের সংখ্যা কতটা বিপুল হতে পারে। বিশ্বের ৬০ থেকে ৮০ শতাংশ মানুষ ভাইরাসের সংস্পর্শে এসে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

গ্যাব্রিয়েল বলেন, ভাইরাস তো শুধু উহানে বন্দি নেই, বেইজিংসহ চীনের অন্য বড় শহরগুলোতেও ছড়িয়েছে। এখানে বিপুল সংখ্যায় বিদেশিদের আনাগোনা। আর ভাইরাস যাদের শরীরে ঢুকে গেছে, তাদের লক্ষণ এখন বোঝাও যাবে না। যতো দিনে তা বোঝা যাবে ততোদিনে এই ভাইরাস আরও অনেকের মধ্যে ছড়িয়ে যাবে।

কিছু দিন যেতেই মিলে গেল তার সেই ভবিষ্যদ্বাণী। একে একে অন্য দেশ থেকেও ভাইরাসে আক্রান্তের খবর আসতে লাগল। চীনের বাইরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কানাডা, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এদিকে, ১৫ জন করোনা আক্রান্ত রোগীর সান্ধান পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে। এছাড়াও অস্ট্রেলিয়ায় ১৫ জন, জার্মানিতে ১৪ জন, ফ্রান্সে ১১ জন, যুক্তরাজ্যে ৯ জন এবং কানাডায় সাত জন করোনাভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।

গত মঙ্গলবার নিউ সায়েন্টিস্ট নামক জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে মাইকেল লে পেজ এবং দেবোরা ম্যাকেনজি লেখেন, করোনভাইরাসে বিশ্বের জনসংখ্যার ৬০ শতাংশ মানুষ আক্রান্ত হতে পারে। তাদের মধ্যে প্রতি একশ জনের মধ্যে একজন মারা যেতে পারেন। এই বিষয়ে কেউ কিছুই জানেন না। কারণ এই নতুন করোনাভাইরাস সম্পর্কে এখনো অনেক কিছুই আমরা জানি না।

ইমপেরিয়াল কলেজ লন্ডনের জনস্বাস্থ্য বিভাগের প্রফেসর নেইল ফারগুসোন করোনভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা জানি না সবাই যদি করোনাভাইরাসে আক্রান্ত হয় তাহলে কতো মানুষ মারা যাবে। কি অনুপাতে মারা যাবে এবং এর ঝুঁকি কি? আমাদের করা হিসাব অনুযায়ী বৃটেনে যারা আক্রান্ত হবেন তাদের মধ্যে এক শতাংশ মারা যাবেন। আর এক শতাংশ মারা গেলে এর সংখ্যা দাঁড়াবে প্রায় চার লাখ।

স্কুলভ্যানে আগুন, ভারতে জীবন্ত পুড়ে মৃত্যু চার শিশুর!

0

ভারতে জীবন্ত অবস্থায় পুড়ে মারা গেল চার শিশু। দেশটির পাঞ্জাবের সাঙ্গরুর জেলার লোঙ্গোয়াল-সিডসমাচার সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, স্কুলভ্যানে আগুন লাগার কারণেই এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হল ওই চার শিশুকে।

পুলিশ সূত্রে খবর, ওই স্কুলভ্যানে মোট ১২ শিশু ছিল। আগুন লাগার পরক্ষণেই পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় আট শিশুকে উদ্ধার করা সম্ভব হয়। পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে, ওই ভ্যানটি স্কুল থেকে শিশু পড়ুয়াদের নিয়ে ফিরছিল।

অতি দ্রুততার সঙ্গে ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। টুইট করে অমরিন্দর সিং লিখছেন, সাঙ্গরুরের এই ঘটনায় আমি মর্মাহত, যেখানে স্কুলভ্যানে আগুন লাগার কারণে চার শিশুর মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাঙ্গরুরের ডিসি এবং এসএসপি ঘটনাস্থলেই আছেন এবং আমি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছি। অপরাধীদের কঠোর শাস্তি হবে।

করোনাভাইরাসের উপসর্গ গোপন করলে মৃত্যুদণ্ড!

0

চীনে ইচ্ছাকৃতভাবে কেউ করোনাভাইরাসের উপসর্গ গোপন করলে কিংবা ভুল তথ্য দিলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। আর এর শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডও হতে পারে। চীনের একটি আদালত এমন নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ডিপিএ।

শনিবার আদালত এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ভ্রমণের তথ্য লুকালেও তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে। স্থানীয় সংবাদপত্র বেইজিং ডেইলি তাদের প্রতিবেদনে জানিয়েছে, কেউ ভাইরাসটি ছড়াতে সহযোগিতা করলে তাকে মানুষের নিরাপত্তা হুমকিতে ফেলার অপরাধে অভিযুক্ত করা যাবে। গুরুতর ক্ষেত্রে নির্দেশনা অমান্যকারীদের ১০ বছরের জেল, যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনও একটি নতুন নির্দেশনা দিয়েছে। সেখানে জ্বর, কাশি অথবা অন্য কোনো রোগে আক্রান্তদের সড়ক, রেল কিংবা বিমানে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এদিকে, নববর্ষের দীর্ঘ ছুটি শেষে শহরগুলোতে ফিরতে শুরু করেছে চীনের মানুষ। কেউ নতুন করে ফিরে আসলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে ঘোষণা দিয়েছে বেইজিং কর্তৃপক্ষ৷ সেক্ষেত্রে বাড়িতে স্বেচ্ছায় বা পর্যবেক্ষণে এই সুরক্ষা নিতে হবে তাদের। নির্দেশ অমান্যকারীদের আইনের মুখোমুখি এবং শাস্তি পেতে হবে বলেও জানানো হয়েছে। নির্দেশনাটি কিভাবে কার্যকর হবে কিংবা শাস্তির মাত্রা কেমন হবে সে বিষয়ে এই নির্দেশনায় কিছু উল্লেখ করা হয়নি।

সূত্র: ডয়চে ভেলে।

করোনা আতঙ্কে সিরিয়াল থেকে বাদ পড়ছে ঘনিষ্ঠ দৃশ্য!

0

চীন থেকে শুরু হলেও সময় যতো এগোচ্ছে, তাতে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। আতঙ্কে কার্যত বাড়ি থেকে বের হতেই ভয় পাচ্ছেন মানুষ। সামাজিক বিভিন্ন ক্ষেত্রেও এর প্রভাব পড়তে শুরু করেছে। এবার প্রভাব পড়ল টিভি সিরিয়ালেও।

সিরিয়ালে কোনো ঘনিষ্ঠ দৃশ্যে রাজি হচ্ছেন না অভিনেতা-অভিনেত্রীরা। তাইওয়ানের বেশ কয়েকজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ার পরই এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাছাকাছি এলে, ভাইরাসের সংক্রমণ হতে পারে এমন শঙ্কা থেকেই রাজি হচ্ছেন না অভিনেতারা।

তাইওয়ানে এখনো পর্যন্ত ১৮ জনের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে। তাই নানা রকমের সাবধানতা অবলম্বন করা হচ্ছে। ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করেছে এই দেশ।

গোল্ডেন সিটি নামে তাইওয়ানের জনপ্রিয় এক সিরিয়ালে লিপ-লকের দৃশ্যের কথা ছিল। দুই চরিত্রের মধ্যে সেই ঘনিষ্ঠ দৃশ্যে বাতিল করে দেওয়া হয়েছে। শুধু ঠোঁটে ঠোঁট ঠেকিয়েই থেমে গেছেন অভিনেতা ও অভিনেত্রী। দীর্ঘক্ষণ লিপ-লকের সম্ভাবনা থাকলেও, তা বাতিল হয়ে গেছে।

সুইট ফ্যামিলি নামে অন্য একটি ধারাবাহিকেও একই অবস্থা। ধারাবাহিকের মিলন-দৃশ্য কেটে বাদ দেওয়া হয়েছে। শুধু এইসব দৃশ্য বাদ দেওয়াই নয়, ভিড় জায়গায় শ্যুটিংও বাতিল করা হয়েছে।