Home Blog Page 3151

আরো এক বাংলাদেশি সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত

0

সিঙ্গাপুরে আরো এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে সিঙ্গাপুরে থাকা চার বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হন। এখন এই সংখ্যা বেড়ে পাঁচ জন হলো।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে সিএনএ জানায়, আজ শনিবার আরো পাঁচজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হন। তাদের মধ্যে আক্রান্ত এক বাংলাদেশি। দেশটিতে ৬৯ নম্বর করোনাভাইরাসের আক্রান্ত রোগীটি হলো বাংলাদেশি। তিনি সিঙ্গাপুরে ওয়ার্ক পাস নিয়ে কর্মরত। ওই বাংলাদেশির বয়স ২৬ বছর। তিনি কোনোদিন চীনে যাননি। তবে ওই বাংলাদেশির আর কোনো তথ্য প্রকাশ করেনি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনাভাইরাস শনাক্তের পর অন্তত ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে। সিঙ্গাপুরে মোট আক্রান্ত হয়েছে মোট ৭২ জন। এছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার ফ্রান্সে একজনের মৃত্যু হয়েছে। ইউরোপে এই রোগে প্রথম মৃত্যুর ঘটনা এটি। এর আগে চীনের বাইরে ফিলিপাইন, হংকং এবং জাপানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

‘মুজিববর্ষে প্রতিদিন একঘণ্টা বেশি কাজ করবে বিদ্যুৎ বিভাগ’

0

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, মুজিববর্ষে প্রতিদিন একঘণ্টা বেশি কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুজিববর্ষকে বিদ্যুৎ বিভাগ সেবা বর্ষ হিসেবে ঘোষণা করেছে। প্রতিদিন একঘণ্টা বেশি কাজ করার সিদ্ধান্ত হয়েছে এবং দক্ষ জনসম্পদ গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ শনিবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এর ব্রিগেডিয়ার জেনারেল সবিহ উদ্দিন হলে ‘মুজিববর্ষ’ উপলক্ষে আরইবির জেনারেল ম্যানেজার সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান।

প্রতিমন্ত্রী এ সময় গ্রাহকদের চাহিদা অনুযায়ী সেবা দিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জেনারেল ম্যানেজারদেরকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

নসরুল হামিদ বলেন, জুন ২০২০ এর মধ্যে গ্রিড এলাকায় এবং ডিসেম্বর ২০২০ এর মধ্যে অফগ্রিড এলাকায় শতভাগ বিদ্যুতায়ন করা হবে। এসব উদ্যোগের সাথে আরইবির জেনারেল ম্যানেজারদের সম্পৃক্ত থেকে নিজেদের সর্বোচ্চ অবদান রাখতে হবে।

তিনি বলেন, গ্রাহকরা এখন মানসম্পন্ন বিদ্যুৎ চায়। ট্রিপ বা শাট ডাউন শুনতে চায় না। আরইবির গ্রাহকরা গড়ে ৯৮ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার করে যা দ্রুততার সাথে ১০০০ কিলোওয়াট-ঘণ্টায় উন্নীত করার উদ্যোগ নিতে হবে।

জেনারেল ম্যানেজার সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন বক্তব্য রাখেন।

মাতুয়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

0

রাজধানীর মাতুয়াইলে বাসের ধাক্কায় তানভীর হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ইয়াসিন মিয়া নামে অপর এক যুবক।

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীরের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার বাজিতপুর রামনগর গ্রামে। পরিবারসহ রাজধানীর ওয়ারীতে থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ইয়াসিনের আঘাত গুরুতর নয়। তিনি চিকিৎসাধীন।

রংপুর বিভাগ সমিতির সভাপতি নুরুল, সম্পাদক আবু কালাম

0

ধর্ম মন্ত্রণালয়ের সচিব নূরুল ইসলামকে সভাপতি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আবু কালাম সিদ্দিককে সাধারণ সম্পাদক করে রংপুর বিভাগ সমিতি, ঢাকার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সাভারের মিলিটারি ডেইরি ফার্মে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে বিদায়ী কমিটির সভাপতি ও সাবেক সিনিয়র সচিব মাহফুজুর রহমান, বিদায়ী কমিটির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট ড. আব্দুল্লাহ আল নাসের কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

এছাড়া গাইবান্ধা থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) -এর চেয়ারম্যান সাঈদ নূর আলম, ঠাকুরগাঁও থেকে অ্যাডভোকেট নজরুল ইসলাম, লালমনিরহাট থেকে সোনালী ব্যাংকের ম্যানেজিং ডাইরেকটর (এমডি) আতাউর রহমান প্রধান, পঞ্চগড় থেকে ইঞ্জিনিয়ার সামিউর রহমান, কুড়িগ্রাম থেকে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গণি কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।

এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রংপুর জেলার সিরাজুল ইসলাম। নির্বাচিতরা কমিটির বাকি পদগুলোতে মনোনয়ন দেবেন।

উল্লেখ্য, রংপুর বিভাগ সমিতি, ঢাকার গঠনতন্ত্র অনুযায়ী ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে।

এজিএমে সম্মানিত অতিথি হিসেবে রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে রংপুর বিভাগের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ও বিশিষ্ট ব্যবসায়ীসহ অনেকে উপস্থিত ছিলেন।

ইউনেস্কো ক্লাব সম্মাননা পেলেন কথাসাহিত্যিক মোস্তফা কামাল

0

বাংলা সাহিত্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ইউনেস্কো ক্লাব সম্মাননা পেলেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল। এ ছাড়াও সম্মাননা পেলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাংবাদিক ও টিভি ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা, সাহিত্যিক ও চিকিৎসক মোহিত কামাল এবং যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকার।

বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অংশ হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ৫ গুণীর হাতে এ পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত ৫ গুণীকে তুলে দেওয়া হয় ক্রেস্ট, সম্মাননাপত্রসহ অন্যান্য উপহার সামগ্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরী, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল আবু হেনা মোরশেদ জামান প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা শামসুল মুক্তাদির।

অনুভূতি ব্যক্ত করে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘পৃথিবীতে আমরাই একমাত্র বীরের জাতি যে, আমরা আমাদের মাতৃভাষা বাংলার জন্য জীবন দিয়েছি। বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠাতা করেছি। মূলত বাঙালি জাতির দেখানো পথ ধরেই পৃথিবীতে যার যার মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলা ভাষার লেখক হিসেবে এটা আমাকে গর্বিত করে।’

কথাসাহিত্যিক মোস্তফা কামাল বলেন, ‘যে কোনো সম্মাননা আনন্দের। লেখালেখি ও সাংবাদিকতাই আমার ধ্যান-জ্ঞান। এ দুটিই আমার জীবন ও প্রধান কর্মক্ষেত্র। দুটি ক্ষেত্রেই দীর্ঘদিন ধরে কাজ করছি। যতদিন বাঁচব, ততদিনই কাজ করে যাবো। সাহিত্য ক্ষেত্রে এ সম্মাননা ও পুরস্কার পথ চলায় অনুপ্রেরণা দেবে।’

মোস্তফা কামাল আরও বলেন, ‘আমি ১৮ বছর গবেষণা করে বঙ্গবন্ধুকে নিয়ে ৩টি উপন্যাস লিখেছি। আমার লেখায় তুলে ধরেছি অন্যরকম এক ব্যক্তিত্বকে। লেখক ও সাংবাদিককের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা তারা একটি জাতিকে দিক-নির্দেশনা দেন। প্রকৃত পক্ষে তারাই পথ দেন একটি জাতিকে ও রাষ্ট্রকে।’

সম্মাননাপ্রাপ্ত ৫ গুণীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘মাতৃভাষার প্রতি ভালোবাসা শ্রেষ্ঠতম ভালোবাসা। বাঙালি জাতি বায়ান্ন ও একাত্তরে এ ভালোবাসার উজ্জ্বল নিদর্শন রেখেছেন। বায়ান্ন ও একাত্তরের চেতনার পথ ধরেই আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশকে গড়ে তুলতে হবে।’

ছাড়পত্র পেলেও আজই বাড়ি ফেরা নাও হতে পারে

0

চীন ফেরত ৩১২ বাংলাদেশি নাগরিককে আজ বিকাল নাগাদ কোয়ারাইন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া হলেও আজই হয়তো তাদের বাড়ি ফেরা হচ্ছে না। কারণ সব প্রক্রিয়া শেষ করতে করতে রাত বেশি হয়ে যেতে পারে। ফলে আগামীকাল সকাল নাগাদ তাদের হাজি ক্যাম্প ছাড়ার সম্ভবনা রয়েছে।

আজ শনিবার নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

ব্রিফিংয়ে এবং পরে জরুরি এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে আইইডিসিআর গণমাধ্যমকমীদেরকে আশকোনা হাজি ক্যাম্পে বা আশেপাশে ভিড় না করার অনুরোধ জানিয়েছে।

আইইডিসিআর জানায়, উহান ফেরত বাংলাদেশের নাগরিকদের কোয়ারেন্টাইনের ১৪ দিন আজ শেষ হতে যাচ্ছে। কোয়ারেন্টাইন শেষে উহান ফেরত বাংলাদেশের নাগরিকদের স্বাস্থ্য স্ক্রিনিং আজ বিকেলে অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেয়া হবে। উহান ফেরত যাত্রীদের কোয়ারান্টাইন সমাপ্তি কার্যক্রম প্রত্যক্ষ করার জন্য সাংবাদিকগণ আগ্রহ প্রকাশ করছেন। কিন্তু কোয়ারেন্টাইন সমাপ্তকৃত ৩১২ জন উহানফেরত যাত্রীদের ব্যক্তিগত পরিচয় গোপন রাখা সবার পেশাগত নৈতিক দায়িত্ব। তাই আজকের কোয়ারান্টাইন সমাপনী কার্যক্রম সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়নি। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে আশকোনা অস্থায়ী কোয়ারান্টাইন কেন্দ্রে ও এর চারপাশে সাংবাদিকরা অবস্থান করবেন না।

আইইডিসিআরের পরিচালক বলেন, এ স্পর্শকাতর জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি মোকাবেলায় সাংবাদিক ও সব মহলকে সংবেদনশীলতার সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

শান্তি পরিকল্পনার নামে প্যালেস্টাইন পরিস্থিতি জটিল করা হচ্ছে

0

মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার নামে আবার নতুন করে প্যালেস্টাইন পরিস্থিতি জটিল করে তোলা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ শান্তি পরিষদ। আজ শনিবার সংগঠনটির পক্ষ থেকে অনুষ্ঠিত মানববন্ধন ও সামাবেশে বাংলাদেশ সরকারকে প্যালেস্টাইনের ন্যায্য সংগ্রামের প্রতি আবারো আনুষ্ঠানিক সমর্থন জানানোর আহ্বান জানানো হয়।

জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু। বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান খান, সভাপতিমণ্ডলীর সদস্য ডা. শাহাদাত হোসেন, অ্যাডভোকেট এস এম সবুর ও মমতাজ হোসেন, কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন ও নাজমুল হক প্রধান এবং সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আসলাম খান ও জাহাঙ্গীর আলম ফজলু।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রোহিঙ্গাদের মতো প্যালেস্টাইনের নিরীহ জনগণও আজ হত্যা ও নির্যাতনের শিকার। মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার নামে সাম্রাজ্যবাদী অপশক্তি কার্যত মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে প্যালেস্টাইনকে মুছে দিতে চাইছে। বাংলাদেশের শান্তিকামী জনগণ এই চক্রান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। একইসঙ্গে প্যালেস্টাইনের বীর জনতার ন্যায্য সংগ্রামের প্রতি সংহতি জ্ঞাপন করছে।

সমাবেশে নেতৃবৃন্দরা বাংলাদেশে প্রবেশকারী ১০ লাখেরও বেশি রোহিঙ্গাদের সসম্মানে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার ও রাখাইন অঞ্চলে সংঘটিত গণহত্যার দ্রুত বিচারের দাবি জানিয়ে বলেন, সম্প্রতি আন্তর্জাতিক আদালতের অন্তর্বর্তীকালীন রায়ের মধ্য দিয়ে নিরীহ রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ বিশ্ববাসীর নজরে এসেছে। কিন্তু এই অপরাধের উপযুক্ত বিচার এখনো হয় নাই। তাই দ্রুত বিচারের পাশাপাশি বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে দ্রুত তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে।

খালেদার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে : হানিফ

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে, তারা সরকারকে বিব্রত করছে।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের হাবিবুল্লাহ কনফারেন্স হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক) বৃত্তি প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হানিফ বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্যারোল আবেদন না করে বিএনপি নেতারা নাটক করছেন। মির্জা ফখরুল সাহেবকে অনুরোধ করব আপনারা বেগম জিয়ার অসুস্থতা নিয়ে নোঙরা রাজনীতি করবেন না। আপনারা সরকারকে বিব্ররতকর অবস্থায় ফেলার জন্য প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছেন।’

তিনি বলেন, আপানারা যদি মনে করেন বেগম জিয়া অসুস্থ, তার চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার দরকার আছে। তাহলে আপানারা প্যারোলে মুক্তির আবেদন করেন, যা আইন সিদ্ধ। তাকে নিয়ে নোঙরা রাজনীতি করবেন না। টেলিভিশনে বক্তব্য দিয়ে নোঙরা রাজনীতি করবেন এটা দেশবাসী দেখতে চায় না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমাদের অবাক লাগে বিএনপি রাজনীতি করছে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে। আমরা বারবার বলেছিলাম খালেদা জিয়ার এতিমের অর্থ আত্মসাতের মামলা এটা, আওয়ামী লীগ সরকার এই মামলা করেনি। এটা ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে করা হয়েছিল, যা আদালতে তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রমাণিত। খালেদা জিয়া অসুস্থ, আমরা মনে করি একটি দলের শীর্ষ নেত্রী হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে কারা বিধান অনুযায়ী চিকিৎসা পাওয়ার সুযোগ আছে। সে অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য দুটি পথ খোলা আছে। একটি হলো তাকে আইনি প্রক্রিয়ায় লড়াই করে জামিন নিতে হবে। অন্যটি হলো প্যারোলে মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করতে হবে। ওনারা সেটা করেননি।

ডুসাক সভাপাতি নাজমুল হোসাইন সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম, সাংবাদিক আহমেদ পিপুল, ডুসাকের সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রমুখ।

ক্রিকেট জুয়া : নতুন করে আলোচনায় প্রয়াত হ্যান্সি ক্রনিয়ে

0

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ছিলেন তিনি। ছিল বিশ্বজোড়া সুনাম। কিন্তু লোভের কাছে হার মেনেছিলেন। এর পরিণতি হয়েছিল নিষেধাজ্ঞা এবং পরবর্তী সময়ে চপার দুর্ঘটনায় মৃত্যু। পাঠক নিশ্চয়ই বুঝে গেছেন, বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রয়াত অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ের কথা। একটি অপহরণের ঘটনার তদন্তের কিনারা করতে গিয়ে ফোনে আড়িপাততে গিয়ে দিল্লি পুলি ক্রনিয়ের ফোনের লাইন পেয়েছিলেন। পুলিশ হতভম্ব হয়ে গেল যখন জানতে পারল, ফোনের একপ্রান্তে ক্রনিয়ে এবং অপরপ্রান্তে এক জুয়াড়ি!

এটাই ছিল ২০০০ সালে ক্রনিয়ের ফিক্সিং কেলেঙ্কারি ধরা পড়ার নেপথ্যের চাঞ্চল্যকর কাহিনি। ক্রনিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। তাই তার মামলা চালিয়ে যাওয়ার আর কোনো প্রাসঙ্গিকতা নেই। যে কারণে ২০ বছর পর সেই জুয়াড়ি সঞ্জীব চাওলাকে ইংল্যান্ড থেকে ভারতের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। পূর্ব দিল্লির এক কাপড়ের ব্যবসায়ী থেকে ক্রিকেট জুয়াড়ি হিসেবে সারা বিশ্বে জাল বিছিয়েছিলেন এই সঞ্জীব। যে কারণে তার কাছে এখনও অনেক গোপন তথ্য থাকতে পারে বলে পুলিশের অনুমান।

ফোনে আড়ি পেতে দিল্লি পুলিশের এক বড় কর্মকর্তা শুনেছিলেন, চাওলা কাউকে বলছেন, ‘আমার ঘরে এখন ক্যাপ্টেন আসবে।’ আড়ি পাতা কর্মকর্তা প্রথমে বুঝতে পারেননি কোন অধিনায়ক। সেই সূত্র ধরে ক্রমাগত চাওলার ফোনে পড়ে থেকে তারা জানতে পারেন ‘অধিনায়ক’ মানে আসলে ক্রনিয়ে। সেই সময় তিনি এমন কেলেঙ্কারিতে জড়াতে পারেন, কেউ ভাবতেই পারত না। কিন্তু বিশ্বজুড়ে চলা ফিক্সিংয়ের বর্তমান অবস্থা নিয়ে অনেক আকর্ষণীয় তথ্য সরবরাহ করতে পারেন চাওলা বলে অনুমান করা হচ্ছে।

রোহিঙ্গাদের ওয়াচ টাওয়ার এবং সিসিটিভির আওতায় আনা হবে

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রোহিঙ্গাদের ওপর নজরদারি আরো শক্তিশালী করতে ওয়াচ টাওয়ার এবং সিসিটিভি স্থাপন করা হবে। তারা যেন বের হতে না পারে সেজন্য আমাদের সব বাহিনী তৈরি রয়েছে। শিবির থেকে বেরিয়ে যাওয়া আটকাতে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজও চলছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীটির রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ওপর নজরদারী দুর্বল হয়নি। আপনারা জানেন ১১ লাখ রোহিঙ্গা বসবাস করছে, যা টেকনাফের জনগনের ৩ গুন। তাদের নজরদারিতে পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসারসহ সকল বাহিনী কাজ করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে রোহিঙ্গা শিবিরে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের সেনাবাহিনী কাটাতারের বেড়া তৈরির কাজ ইতোমধ্যে শুরু করছে। মূল উদ্দেশ্য তারা যেন শিবির থেকে বের হয়ে আমাদের জনগোষ্ঠীর সঙ্গে মিশে না যায়।

কোস্টগার্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোস্টগার্ড এখন আর ঠোঁটো জগন্নাথ নেই। এটি একটি শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে। জাহাজ-স্পীডবোট নিয়ে সমুদ্রসীমায় চোরাচালন রোধ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বাহিনীটি কাজ করে যাচ্ছে। পরিবেশ সুরক্ষার জন্যও কোস্টগার্ড কাজ করে যাচ্ছে।

রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে আলোচনা থেমে যায়নি, আলোচনা চলছে। আশা করছি, একদিন রোহিঙ্গাদের ফেরত নেবে মিয়ানমার।