Home Blog Page 3152

ফেলানী হত্যার বিচারে শুনানি শুরু ভারতীয় সুপ্রিম কোর্টে

0

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খুন হওয়া বাংলাদেশের কিশোরী ফেলানী খাতুন হত্যা মামলার আপিল শুনানির আবেদন ভারতের সুপ্রিম কোর্টে শুরু হয়েছে। সম্প্রতি নয় বছর পার হয়েছে ফেলানী হত্যাকাণ্ডের।

গতকাল শুক্রবার ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড় এবং বিচারপতি কে এম যোশেফের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই আপিলের শুনানি শুরু হয়।

শুক্রবার প্রাথমিক শুনানি শেষে আগামী ১৮ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

২০১১ সালের জানুয়ারি ভোরে সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপর ফেলানির লাশ ঝুলে ছিল।

ফেলানির ওপর বিএসএফের অমিয় ঘোষ নামে যে কনস্টেবল গুলি চালিয়েছিল বলে অভিযোগ, সে বিএসএফ এর নিজস্ব বিচার প্রক্রিয়ায় অব্যাহতি পেয়েছেন। বিএসএফের বিশেষ আদালত তাকে বেকসুর খালাস দেয়। এরপর বিএসএফের রায় পুনর্বিচার করার সিদ্ধান্ত হয়। পুনর্বিচারেও অমিয় ঘোষকে দোষী সাব্যস্ত করা যায়নি।

সেই অব্যাহতিকে চ্যালেঞ্জ করেই ভারতের বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন সুপ্রিম কোর্টের শরাণাপন্ন হয়। তাদের দায়ের করা মামলাতেই অনেকদিন পর শুক্রবার সুপ্রিম কোর্টে এর শুনানি শুরু হয়েছে।

শুনানিতে ভারতের রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, চোরাকারবারি মনে করে শীতের সকালে ঘন কুয়াশার মধ্যে বিএসএফ সদস্যরা ফেলানিকে গুলি করে।

আফগানিস্তানে তুষারধসে নিহত ২১, নিখোঁজ ৭

0

আফগানিস্তানে প্রচণ্ড ঠাণ্ডার পাশাপাশি চলছে ব্যাপক তুষারঝড়সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া। এতে মধ্যাঞ্চলের দাইকুন্ডি প্রদেশে তুষারধসে দুই পরিবারের ২১ জন নিহত ও অন্তত সাত জন নিখোঁজ রয়েছে। গত দুই মাসে দেশটিতে তুষারধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জন।

শুক্রবার আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রচণ্ড তুষারঝড়ে ১০ জন আহত হওয়ার পাশাপাশি সাতজন নিখোঁজ রয়েছেন জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ তামিম আজিমি জানান, এতে ৫০টিরও বেশি ঘর ধ্বংস হয়েছে।

ওই এলাকার বেশির ভাগ মহাসড়ক ভারী তুষারপাত ও তুষারধসের কারণে কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। ঠাণ্ডা আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

আফগানিস্তানে শীত শুরু হওয়ার পর থেকে প্রচণ্ড ঠাণ্ডার মাঝে গত দুই মাসে তুষারধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জন। আকস্মিক বন্যায় ভেসে গেছে প্রায় আড়াই হাজার বাড়ি।

শ্বাসরুদ্ধকর জয়ে প্রতিশোধ নিল ইংল্যান্ড

0

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজে চমকের পর চমক। প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর দক্ষিণ আফ্রিকা জিতেছিল মাত্র ১ রানে। এবার পরের ম্যাচেই ফের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ২ রানে হারিয়েছে ইংল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৫ রান। শেষ ২ বলে দরকার ছিল মাত্র ৩ রান, হাতে ৫টি উইকেট। তবে তা আর হয়ে ওঠেনি। এতে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরেছে ইংলিশরা।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ রান করে ইংলিশরা। জবাবে ২০২ রানে অল আউট হয় প্রোটিয়ারা।

ইংল্যান্ডের ব্যাটিংয়ের শুরুতে চার বলে মাত্র দুই রান করে লুঙ্গি এলগিডির বলে উইকেটের পেছনে ধরা পড়েন জস বাটলার। দ্বিতীয় উইকেট ৫২ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন জেসন রয় ও জনি বেয়ারস্টো। ২৯ বলে ৪০ রান করেন রয়। বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ১৭ বলে ৩৫।

পাঁচে নেমে ৪ টি চার ও দুই ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন স্টোকস।

শেষ দিকে মইন আলির ১১ বলে ৩৯ রান স্কোর দুই শতাধিক করতে সহায়তা করে।

৪ ওভারে ৪৮ রান খরচায় ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার এনগিডি।

শুরুতে প্রোটিয়াদের বড় রান তাড়ায় এগিয়ে নেন টেন্ডা বাভুমা ও ডি কক।

৮ম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসেই জুটি ভাঙেন মার্ক উড। সীমানায় স্টোকসের হাতে ধরা পড়েন ডি কক। ২২ বলে ৬৫ রানের ইনিংসে ২টি চারের সঙ্গে মারেন ৮টি ছক্কা। এতে মাত্র ১৭ বলে ফিফটি পূরণ করেন প্রোটিয়া অধিনায়ক, যা টি-টোয়েন্টিতে কোনো দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের দ্রুততম ফিফটি।

এরপর থেকে উইকেট পড়তে থাকে নিয়মিত। শেষ ওভারে জয়ের জন্য স্বাগতিকদের দরকার ছিল ১৫ রান। টম কারানের প্রথম বলে রান না পেলেও পরের দুই বলে ছক্কা, চার হাঁকিয়ে সমীকরণ নাগালে নিয়ে আসেন ডোয়াইন প্রিটোরিয়াস। চতুর্থ বলে আসে দুই রান। শেষ দুই বলে তিন রান দরকার হলেও তা আর হয়নি।

শেষ ২ বলে দরকার মাত্র ৩ রান, হাতে ৫টি উইকেট। পঞ্চম ডেলিভারিতে দারুণ এক ইয়র্কারে প্রিটোরিয়াসকে (১৩ বলে ২৫) এলবিডব্লিউ করে দেন কুরান। পরের বলটি শর্ট ফাইন লেগে মারতে গিয়ে আদিল রশিদের ক্যাচ হন নতুন ব্যাটসম্যান ফরটুইন। ফলে দুই রান বাকি থাকতেই শেষ হয় প্রোটিয়াদের জয়ের স্বপ্ন।

স্কোর-

ইংল্যান্ড : ২০ ওভারে ২০৪/৭ (রয় ৪০, বাটলার ২, বেয়ারস্টো ৩৫, মর্গ্যান ২৭, ডেনলি ১, স্টোকস ৪৭*, মইন ৩৯, জর্ডান ৭, কারান ০*; ফোরটান ২-০-১৫-০, হেনড্রিকস ৩-০-৪৫-০, এনগিডি ৪-০-৪৮-৩, ফেলুকওয়ায়ো ৪-০-৪৭-২, শামসি ৪-০-৩০-১, প্রিটোরিয়াস ৩-০-১৭-১)

দক্ষিণ আফ্রিকা : ২০ ওভারে ২০২/৭ (বাভুমা ৩১, ডি কক ৬৫, মিলার ২১, ফন ডার ডাসেন ৪৩*, স্মা টস ১৩, ফেলোকওয়ায়ো ০, প্রিটোরিয়াস ২৫, ফোরটান ০; মইন ৩-০-৩৬-০, কারান ৪-০-৪৫-২, জর্ডান ৪-০-৩১-২, রশিদ ৩-০-৩৪-০, উড ৪-০-৩৯-২,স্টোকস ২-০-১৬-১)

ম্যান অব দা ম্যাচ : মইন আলী

পরবর্তী ম্যাচ : আগামী রবিবার (তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ)।

বিকেলে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

0

বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এবারের সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে।

আজ শনিবার বিকেল ৫টায় তাদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা।

ঢাকায় পৌঁছে দুদিন বিশ্রাম শেষে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। টেস্ট ম্যাচ শেষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে শুরু হবে। প্রথম ম্যাচটি গড়াবে ১ মার্চ, দ্বিতীয়টি ৩ মার্চ, এবং তৃতীয় অনুষ্ঠিত হবে ৬ মার্চ। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

আগামী ৯ মার্চ মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি আর দ্বিতীয়টি ১১ মার্চ। সিরিজ শেষে ১২ মার্চ দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে দল।

রোহিঙ্গা সঙ্কটে ন্যায়বিচারের আহ্বান বাংলাদেশের

0

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক আলোচনায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্ব-প্রণোদিত প্রত্যাবাসন এবং কাঙ্খিত সামাজিক পূনর্মিলনের অন্যতম পূর্বশর্ত হলো ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা।’

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘শান্তিবিনির্মাণ ও টেকসই শান্তি: সংঘাত ও সংঘাত-পরবর্তী পরিস্থিতির ন্যায় বিচার’ শীর্ষক আলোচনায় বাংলাদেশের পক্ষে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন। নিরাপত্তা পরিষদের চলতি ফেব্রুয়ারি মাসের সভাপতি বেলজিয়াম এই উন্মুক্ত আলোচনার আয়োজন করে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন।

সংঘাত থেকে বেরিয়ে আসা দেশগুলোর ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিচার ব্যবস্থার গুরুত্বের কথা তুলে ধরে বাংলাদেশের পক্ষে রাষ্ট্রদূত রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের মানবাধিকার লঙ্ঘন ও নৃশংস অপরাধের জবাবদিহিতা নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানান।

নিরাপত্তা পরিষদের ‘নারী শান্তি ও নিরাপত্তা’ এবং ‘যুব শান্তি ও নিরাপত্তা’ এজেন্ডাসমূহের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পূনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘সশস্ত্র সংঘাতকালে শিশু ও নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং এর দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের বহু-পাক্ষিক প্রচেষ্টায় বাংলাদেশ অব্যাহতভাবে সমর্থনদানে প্রতিশ্রুতিবদ্ধ।’

‘সংঘাত পরবর্তী পরিস্থিতি’ বিষয়টির ওপর জোর দিয়ে তিনি বলেন, “যাতে কেউ অপরাধের দায়মুক্তি না পায় তা নিশ্চিত করা, অপরাধের দায়বদ্ধতা নিরূপণ করা এবং অতীত সংঘাত ও সহিংসতার দুষ্টু চক্র ভেঙ্গে ফেলা অত্যন্ত জরুরি।’ এক্ষেত্রে অসমতা, বৈষম্য, বর্জনসহ সমাজে সংঘাত ও সহিংসতা সৃষ্টি করতে পারে এমন মূল কারণগুলো চিহ্নিত করা এবং তা প্রতিরোধে গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম প্রধান সেন্য ও পুলিশ প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বের বিভিন্ন সংঘাত-প্রবণ এলাকায় বাংলাদেশ যে অবদান রেখে চলেছে তা তুলে ধরেন স্থায়ী প্রতিনিধি।

সহশিল্পীকে ভালোবাসার পরিণতি!

0

সহশিল্পীকে ভালোবেসে সংগীতশিল্পী বেলাল খানের চোখে এখন জল! ভালোবাসার সেই মানুষটি এখন দেশজুড়ে জনপ্রিয়। গায়িকা হিসেবে পাচ্ছেন বড় বড় স্বীকৃতি। আর এসব দেখে-শুনে বেলাল খান নীরবে চোখের জল ফেলছেন ঘরের কোনে বসে!

বাস্তবে নয়, এমনই এক প্রেমময় হৃদয়ছোঁয়া গল্প-গান প্রকাশ পেয়েছে ১৩ ফেব্রুয়ারি। গানটির নাম ‘কি ভালোবাসলে’। যাতে কণ্ঠ ও সুর দেওয়ার পাশাপাশি ভিডিওতেও মডেল হয়েছেন বাস্তবের জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান। এতে তার নায়িকা চরিত্রে অভিনয় করেছেন শৌমি। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

আর কতো কাঁদাবে আমায়, এ কান্নার নেই কি শেষ/ কি ভালোবাসলে, কি কাছে আসলে, একচুল কাটেনা তো রেশ…। এমন আবেগি কথায় সাজানো গানটি লিখেছেন মুসা কে মাহমুদ। আর গানটির সংগীতায়োজন করেছেন এম এ রহমান।
‘কি ভালোবাসলে’ প্রকাশ পেয়েছে বেলাল খানেরই ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে বেলাল বলেন, ‘আমি যে ধরনের গান গেয়ে থাকি এটি সেই ঘরানারই গান। স্যাড রোমান্টিক গান। অসাধারণ কথার এই গানটি লিখেছেন মুসা কে মাহমুদ ভাই। মূলত কথাগুলোর সাথে মিল রেখে ভিডিও তৈরি করা। আমরা একটা গল্প বলার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতারা অডিও-ভিডিওতে নিজেদের ভালোবাসার গল্পটা খুঁজে পাবেন।’

অসুস্থতা নিয়ে মুখ খুললেন পেলে

0

কোমরের সমস্যার কারণে ফ্রেম ব্যবহার করে হাঁটতে হচ্ছে পেলেকে। স্বাস্থ্য নিয়ে নানা কানাঘুষার জবাবে অবশেষে মুখ খুললেন কিংবদন্তী ব্রাজিলিয়ান ফুটবলার পেলে। তার ছেলে এডিনহো মন্তব্য করেছিলেন যে স্বাস্থ্য সমস্যা থাকায় পেলে ঘর থেকে বের হতে অস্বস্তি বোধ করছেন, তবে এর জবাবে পেলে বলেছেন এই ধরনের স্বাস্থ্য সমস্যা ‘আমার বয়সের মানুষের জন্য স্বাভাবিক।’

তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন পেলের ছেলে বলেছিলেন, কোমরের সমস্যা থাকার কারণে হাঁটার জন্য ফ্রেম ব্যবহার করতে হয় বলে পেলে ‘বিব্রত। তবে ৭৯ বছর বয়সী পেলে বলেছেন, আমি ভালো আছি। আমার শারীরিক সীমাবদ্ধতা মেনে সর্বোচ্চ ভালোভাবে জীবনযাপনের চেষ্টা করছি আমি।

২১ বছরের ফুটবল ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচ খেলে রেকর্ড ১২৮১ গোল করেন পেলে। এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯১ ম্যাচে ৭৭টি আন্তর্জাতিক গোলও রয়েছে তার।

২০১৫ সালে তার প্রস্টেট সার্জারি হয় এবং গত বছর মূত্রাশয়ে ইনফেকশনের কারণে তাকে হাসপাতালে নিতে হয়। তবে সাবেক স্যান্টোস ও নিউ ইয়র্ক কসমসের এই খেলোয়াড়ের বন্ধুরা জানিয়েছেন এই জানুয়ারিতে বিশেষ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। স্পন্সরদের জন্য কাজ করা ও ফটোশুটের বাইরেও নিজের ফুটবল জীবন নিয়ে চলচ্চিত্র বানানোর কাজে ব্রিটিশ এক পরিচালককে সহায়তা করছেন তিনি।

এক বিবৃতিতে তিনি বলেন, আমার ব্যস্ত সূচিতে থাকা নিয়মিত দায়িত্বগুলো আমি এড়িয়ে যাচ্ছি না। আমার কখনো ভালো দিন যায়, আবার কখনো খারাপ দিন যায়। আমার বয়সের মানুষের জন্য এটাই স্বাভাবিক। আমি ভীত নই, যা করছি তা নিয়ে দৃঢ়সঙ্কল্প ও আত্মবিশ্বাসী।

সূত্র: বিবিসি বাংলা।

এবার ইঁদুর থেকে ছড়াল মারাত্মক ভাইরাস, ৭০ জনের মৃত্যু

0

চীনে মহামারি আকার ধারন করা বাদুড় থেকে ছড়ানো করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই ইঁদুর থেকে ছড়িয়ে পড়া লাসা ভাইরাস জ্বরে আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ৭০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দেশটির রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (এনসিডিসি) বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।

এনসিডিসি জানিয়েছে, নাইজেরিয়ার তিনটি প্রদেশে লাসা জ্বর ভয়াবহ রূপ নিয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দেশটির তিন প্রদেশে এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্ডো, ডেলটা ও কাদুনা রাজ্যে চারজন স্বাস্থ্যকর্মী নতুন করে লাসা জ্বরে আক্রান্ত হয়েছে।
চলতি বছরের জানুয়ারির মাঝামাঝির তুলনায় নাইজেরিয়ায় লাসায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত মোট ৪৭২ জনের লাসা জ্বরে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

চিকিৎসকরা বলছেন, খাবার, মলমূত্র ও গৃহস্থালি জিনিসপত্রের মাধ্যমে মানুষের শরীরে লাসা জ্বর ছড়ায়। ৮০ শতাংশ ক্ষেত্রে এই জ্বর প্রাণঘাতী নয়। এতে আক্রান্ত হলে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি মাথাব্যথা, মুখে ঘা, মাংসপেশিতে ব্যথা ও ত্বকের নিচে রক্তক্ষরণ হয়। এছাড়া এই জ্বরে আক্রান্ত রোগীর অনেক সময় হার্ট ও কিডনি অচল হয়ে যায়।

লাসা জ্বরে আক্রান্ত রোগীকে ৬ থেকে ২১ দিন পর্যন্ত আলাদা স্থানে রাখতে হয়। কারণ এই রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলেই অন্যদের মধ্যে সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, লাসা জ্বরে আক্রান্ত হওয়ার প্রথম দিকে চিকিৎসার জন্য এন্টিভাইরাল রিবাভিরিন ব্যবহার করা যেতে পারে।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় মাত্র ৫টি ল্যাবরেটরি স্থাপন করে এই রোগ শনাক্তকরণ পরীক্ষা চালানো হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

১৯৬৯ সালে উত্তর নাইজেরিয়ার লাসা শহরে প্রথম শনাক্ত করা হয় বলে এ রোগের নাম দেয়া হয়েছে লাসা। ইবোলা ও মারবার্গ ভাইরাসের গোত্রভুক্ত লাসা জ্বর।

ওদিকে, করোনাভাইরাস মহামারী আকার নিয়েছে চীনে। এরই মধ্যে এই ভাইরাসে প্রাণ গেছে ১৪৮৩ জনের। আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার মানুষ। এর মধ্যে যেখান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে কেবল সেই উহানেই আক্রান্ত হয়েছেন প্রায় ৫২ হাজার মানুষ। ভাইরাসটি ইতোমধ্যে বিশ্বের কমপক্ষে ২৬টি দেশে ছড়িয়ে পড়েছে।

জাপানের সেই জাহাজে করোনা আক্রান্ত আরো এক ভারতীয়

0

করোনাভাইরাস আতঙ্কে ইয়োকোহামা বন্দরের কাছে কয়েকদিন ধরে কোয়ারান্টাইনে রাখা হয়েছে বিলাসবহুল জাহাজ ডায়মন্ড প্রিন্সেসকে। এই জাহাজে ছয় জন ভারতীয় যাত্রী আছেন। এছাড়াও একশ ৩৮ জন ক্রু রয়েছেন। তারা সেখানে আটকা পড়েছেন। তার মধ্যে তিন জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

আজ শুক্রবার জাপানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, জাহাজে থাকা ভারতীয়দের করোনাভাইরাস টেস্ট করানো হয়েছিল। তাদের মধ্যে আরো একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর আগে দুই জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। তবে আক্রান্তদের নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। দূতাবাস জানিয়েছে তারা নিয়মিত পরিস্থিতির দিকে নজর রাখছে।

জাপানের কর্তৃপক্ষ জানিয়েছে, কোয়ারান্টাইনে জাহাজে এখন পর্যন্ত ২১৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। চীনের বাইরে একক কোনো জায়গায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে এই জাহাজেই। করোনাভাইরাসের সংক্রমণের কারণে জাহাজটিকে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, তিন জন ভারতীয়সহ জাহাজে করোনা আক্রান্ত ২১৮ জন রোগীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদেরকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। ওই তিন জন ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তির শরীরে করোনাভাইরাসের লক্ষণ এখনো দেখা যায়নি।

করোনাভাইরাস আতঙ্কে ইয়োকোহামা বন্দরের বিলাসবহুল জাহাজ ডায়মন্ড প্রিন্সেসকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। জাহাজটির মধ্যে তিন হাজার সাতশ ১১ জন মানুষ রয়েছেন। জাহাজটিতে মোট একশ ৩৮ জন ভারতীয় ক্রু রয়েছেন। তাছাড়া যাত্রী রয়েছে ছয় জন।

রাজধানীর দক্ষিণখানে দুই শিশু ও নারীর মরদেহ উদ্ধার

0

রাজধানীর দক্ষিণখান থানার কেসি স্কুলের পেছনে একটি বাড়ি থেকে দুই শিশু এবং এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দক্ষিণখান থানার পুলিশ কর্মকর্তারা। সেখানে এখনো অবস্থান করছেন তারা।

এ বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কে এম মনছুর আলী। তিনি বলেন, আমরা জানতে পেরেছি ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। পুলিশ কর্মকর্তারা সেখানে আছেন। বিস্তারিত পরে জানানো হবে।

এ ব্যাপারে উত্তরা ডিভিশনের ডিসি নাবিদ কামাল শৈবাল গণমাধ্যমকে জানান, উদ্ধার করা নারী শিশু দুটির মা। ওই নারীর বয়স আনুমানিক ৪২। উদ্ধার বাকি দুটি মরদেহ ছেলে ও মেয়ে শিশু। তাদের বয়স যথাক্রমে ১২ ও ৩ বছর।