Home Blog Page 3155

কোটি টাকার গাড়ি পাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা

0

প্রায় কোটি টাকার পাজেরো স্পোর্টস কিউ এক্স মডেলের জিপ গাড়ি পাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৪৭ কোটি টাকা ব্যয়ে ৫০টি গাড়ি কেনার জন্য নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবসহ মোট পাঁচটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য ৫০টি জিপ গাড়ির কেনার একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এসব গাড়ি সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হবে।

বৈঠকে অনুমোদিত অন্য প্রস্তাবগুলো হলো চট্টগ্রামে রেলের পরিত্যক্ত জমিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় পাঁচশ আসনের হাসপাতাল ও এক শ আসনের মেডিক্যাল কলেজ স্থাপনে একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় এলইডি সড়কবাতি সরবরাহ ও স্থাপনে একটি প্রস্তাবও নীতিগত অনুমোদন দেওয়া হয় বলে জনান অর্থমন্ত্রী।

বৈঠকে জরুরি প্রয়োজনে পাঁচ বছরে ১৫ লাখ পার্সোনালাইজড ডুয়েল ইন্টারফেস পলিকার্বনেট মোটর ড্রাইভিং লাইসেন্স ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে প্রায় ১৮ কোটি ৯০ লাখ টাকা।

বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুদক খুঁজছে মুদ্রা পাচারকারী সরকারি কর্মকর্তা ও ব্যাংকারদের

0

পণ্য আমদানিতে ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে মুদ্রা পাচারে জড়িতদের নামের তালিকা তিন মাসের মধ্যে পাঠাতে বলেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাশাপাশি গেল তিন বছরে বাণিজ্যের আড়ালে মুদ্রা পাচারে জড়িত ব্যাংক, সরকারি কর্মকর্তাদের তথ্যও চেয়েছে সংস্থাটি। গেল ২৮ ফেব্রুয়ারি দুদকের মহাপরিচালক আ ন ম আল ফিরোজ জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে এসব নামের তালিকা পাঠানোর অনুরোধ জানিয়েছেন। দুদকের দেওয়া চিঠির কপি অর্থ মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নানা উপায়ে বাংলাদেশ থেকে মুদ্রা পাচার এখন নিয়মিত ঘটনা। বিশেষ করে শূন্য শুল্কের পণ্য আমদানি, মিথ্যা ঘোষণা, ওভার ও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে দেশ থেকে টাকা পাচার করে বিদেশে বিলাসবহুল জীবনযাপন, বাড়ি-গাড়ি কেনার ঘটনা অহরহ। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যানশিয়াল ইন্টিগ্রিটি বা জিএফআই রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে ২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে ১১ বছরে দেশ থেকে পাচার হয়েছে প্রায় ছয় লাখ কোটি টাকা। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট-বিএফআইইউ কাজ করছে। তারা দফায় দফায় মিটিং করছে, কার্যকর করণীয় ঠিক করার চেষ্টা করছে। তবে মুদ্রা পাচার রোধ বা সুইস ব্যাংকে থাকা লাখ লাখ কোটি টাকা ফেরাতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারেনি।

এমন প্রেক্ষাপটে এনবিআরকে তথ্য চেয়ে চিঠি দিল দুদক। ওই চিঠিতে সংস্থাটি সরাসরি মুদ্রা পাচারে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা ও ব্যাংকারদের জড়িত থাকার কথা উল্লেখ করে। এতে বলা হয়, দেশের কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান কতিপয় সরকারি কর্মকর্তা ও ব্যাংকারের সহায়তায় পণ্য আমদানির আড়ালে ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে মুদ্রা পাচার করছেন। এ ধরনের কর্মকাণ্ডের কোনো কোনো ক্ষেত্রে সরকারি কর্মকর্তারা সরাসরি অথবা পরোক্ষভাবে জড়িত থাকেন। বিভিন্ন সময়ে শুল্ক বিভাগ ওভার ইনভয়েসিংয়ের ঘটনা ধরার পর জড়িতদের বিরুদ্ধে মামলা, জরিমানা, লাইসেন্স বাতিলসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে থাকে।

দুদক মনে করে, বেশির ভাগ মুদ্রা পাচার হয়ে থাকে আমদানি-রপ্তানির আড়ালে ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে। দুদক যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক সংস্থা গ্লোবাল ফিন্যানশিয়াল ইন্টেগ্রিটি-জিএআইয়ের তথ্য দিয়ে চিঠিতে উল্লেখ করে যে ২০১৫ সালে আমদানি-রপ্তানির আড়ালে বাংলাদেশ ৫৯২ কোটি ডলার বা ৫০ হাজার কোটি টাকা পাচার হয়। এসব অভিযোগের অধিকাংশই মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি ও অর্থপাচারসংক্রান্ত। দুদক থেকে এসব মুদ্রা পাচার ও জড়িতদের নামের তালিকা ও বিস্তারিত তথ্য চেয়ে এনবিআরকে একাধিকবার তাগাদা দিলেও সংস্থাটি কোনো সহায়তা করেনি সংস্থার চিঠিতে বলা হয়।

এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআরের সাবেক সদস্য ও সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল-সিআইসির সাবেক মহাপরিচালক ড. সৈয়দ আমিনুল করিম কালের কণ্ঠকে বলেন, এই ইস্যুতে সাধারণত এনবিআরের সিআইসি ও কাস্টমস ইন্টেলিজেন্ট শাখা কাজ করে। মূলত ওভার ও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে মুদ্রা পাচার হয়ে থাকে। বন্দরে অত্যাধুনিক স্ক্যানার থাকলে পণ্যের মিথ্যা ঘোষণা ধরা সম্ভব। এক পণ্যের নামে অন্য পণ্য আমদানি ঠেকানো যায়। তা ছাড়া ট্রান্সফার প্রাইসিং নামে যে আইন করা হয়েছে, তার যথাযথ বাস্তবায়ন দরকার। সীমিত পরিসরে কাজ হলেও একে কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। বন্দরে অত্যাধুনিক স্ক্যানার বসাতে হবে। আর যাদের সন্দেহ করা হবে, তাদের আয়-ব্যয় খতিয়ে দেখা উচিত।

বিএফআইইউ পাচারের অর্থ ফেরাতে ভারত ও যুক্তরাষ্ট্র মডেলের সুপারিশ করেছিল। ওই মডেলের আলোকে ভারত পাচারের অর্থের ওপর জরিমানাসহ কর আদায়ে ১০টি দূতাবাসে এবং যুক্তরাষ্ট্র তাদের ২৪টি দূতাবাসে কর কর্মকর্তা নিয়োগ দিয়েছে। এ প্রক্রিয়ায় ভারত সুইজারল্যান্ড থেকে জরিমানাসহ কর আদায় করেছে। সুইস ব্যাংকে দেশটির ৬৩৯ জন ভারতীয় নাগরিকের হিসাব পরিচালনাসংক্রান্ত তথ্য পাওয়ার পর জনৈক ব্যক্তি টাকা ফেরত আনতে সে দেশের আদালতে মামলা করে। মামলার রায়ে দেশটির কর বিভাগকে টাকা ফেরত আনার দায়িত্ব দিলে, তারা জরিমানাসহ কর আদায়ে সক্ষম হয়। এ ক্ষেত্রে ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বৈত কর পরিহার চুক্তির সহায়তা নেওয়া হয়। তবে এ ক্ষেত্রে পাচারকারীর তথ্য অন্য কোনো সংস্থাকে দেওয়া যাবে না এবং পাচারকারীর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থাও নেওয়া যাবে না। অবশ্য বিএফআইইউর এমন প্রস্তাবে আপত্তি আছে দুদকের।

সংস্থার পক্ষ থেকে বিএফআইইউকে জানানো হয় যে কর আদায়ের মাধ্যমে পাচারকারীকে অব্যাহতি দেওয়া হলেও মানি লন্ডারিং আইনে পাচারকারীকে অব্যাহতি দেওয়ার কোনো সুযোগ নেই। এ ছাড়া এপিজিও এ ব্যাপারে আপত্তি করবে। মুদ্রা পাচারের টাকা ফেরাতে বিএফআইইউ ও দুদকের এমন মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের মধ্যেই দুদক আলাদা করে পাচারকারীদের শনাক্তের পদক্ষেপ নিয়েছে।

অভিনব উদ্যোগ বাস্তবায়নে আট প্রতিষ্ঠানে অনুদান

0

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দেশের আটটি প্রতিষ্ঠানের অভিনব উদ্যোগ বাস্তবায়নে ২২ কোটি টাকা (২ মিলিয়ন পাউন্ড) অনুদান দেয়া হয়েছে। এটি দিয়েছে ইউনিলিভার, ডিএফআইডি ও আরন্সটন অ্যান্ড ইয়ংয়ের যৌথ উদ্যোগ গঠিত ‘ট্রান্সফর্ম’। সামাজিক উন্নয়নে অভিনব সামাজিক ব্যবসাকে উদ্বুদ্ধ করাই ট্রান্সফর্মের উদ্দেশ্য। গত দুই বছরে বাংলাদেশের এ রকম ৮টি নতুন সামাজিক ব্যবসা সংস্থাকে সহযোগিতা করেছে ট্রান্সফর্ম।
রাজধানীর একটি হোটেলে বুধবার ‘ট্রান্সফর্ম বাংলাদেশ এন্টারপ্রেনার শো-কেসিং ইভেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে উদ্যোক্তারা তাদের কাজ এবং অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেদার লেলে ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক অতিরিক্ত সচিব মো. মোকাম্মেল হোসেন। আরো উপস্থিত ছিলেন ইউনিলিভারের ‘সাসটেইনেবল বিহ্যাভিয়ার চেঞ্জ প্রকল্পের গ্লোবাল ডিরেক্টর রিচার্ড রাইট এবং ডিএফআইডি (ইউকে)-এর স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং ইনোভেশন ম্যানেজার ক্রিস এডওয়ার্ড।
অনুষ্ঠানে কেদার লেলে বলেন, ‘একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে গত প্রায় ৫৫ বছর কাজ করছে ইউনিলিভার। মা-শিশুসহ এদেশের গণমানুষের স্বাস্থ্য সুরক্ষায় নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি আমরা। এদেশের সার্বিক উন্নয়নে এখানকার তরুণ মেধাবী উদ্যোক্তাদের অভিনব আইডিয়াগুলো বাস্তবায়ন অত্যন্ত জরুরী বলে আমরা বিশ্বাস করি। সেই বিশ্বাস থেকেই তরুণ এই উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে ট্রান্সফর্ম।’
ইউনিলিভারের ইউএসএলপি (টেকসই জীবনমান পরিকল্পনা) এগিয়ে নিতেই যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এবং বিশ্বের অন্যতম বৃহৎ প্রফেশনাল ফার্ম ‘আর্নস্ট অ্যান্ড ইয়াং’ (ইওয়াই) যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। ‘ট্রান্সফর্ম’ নামের এই উদ্যোগটি দারিদ্র নিরসনে বাজার কেন্দ্রিক সমাধানের জন্য অভিনব সামাজিক ব্যবসাকে সহযোগিতা করছে।
২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন ল্যমাত্রা (এসডিজি) অর্জনের মাধ্যমে বিশ্বকে আরো বেশি অর্ন্তভূক্তিমূলক, কার্বণ নিঃসরণ হ্রাস এবং বৈষম্যহীন অর্থনীতির দিকে নিয়ে যেতে কাজ করে যাচ্ছে ’ট্রান্সফর্ম’। পরিবেশ এবং সামাজিক উন্নয়নকে আরো এগিয়ে নিতেই ’টেকসই জীবনমান পরিকল্পনা প্রকল্প’ গ্রহণ করেছে ইউনিলিভার। ইউনিলিভারের তিনটি বড় লক্ষ্যমাত্রাকে সামনে রেখে নয়টি প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে সামাজিক, পরিবেশগত এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে সহযোগি প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে একটি বড় ধরনের উন্নয়নমূলক পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে ইউনিলিভার। দক্ষিণ এশিয়া এবং সাব সাহরান অঞ্চলে সামাজিক কল্যাণ নিশ্চিত করতে ব্যবসার নতুন উদ্যোগকে সম্প্রসারিত করতে ৫০টিরও বেশি প্রকল্পে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা (৪০ মিলিয়ন পাউন্ড) সহায়তা দিচ্ছে ইউনিলিভার। এর মধ্যে বাংলাদেশে ৮টি সংগঠনকে ২২ কোটি টাকা প্রদান করে সংগঠনগুলোর ভালো উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করছে ‘ট্রান্সফর্ম’। বাংলাদেশে বিশুদ্ধ পানি, স্বাস্থ্য-সুরা, স্যানিটেশনের মতো উদ্যোগের সঙ্গেও কাজ করছে ‘ট্রান্সফর্ম’।
বাংলাদেশে ’জীয়ন, মায়া, ভূমিজ, হ্যাপিট্যাপ, সবার জন্য পানি, সুইপ, ড্রিংকওয়েল ও ফোলিয়া ওয়াটার’- এই আটটি সংগঠন শর্ত অনুযায়ী অনুদান পেয়েছে।

চারটি পর্যটন বাস চালু হচ্ছে ঢাকায়

0

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, ঢাকা ও এর আশেপাশের অবস্থিত পর্যটন আকর্ষণ পর্যটকদের কাছে তুলে ধরার জন্য প্রতি সপ্তাহে উন্নত দেশের মত ডাবল ডেকার পর্যটন বাস চালু হচ্ছে। এর মাধ্যমে একদিনের মধ্যে ঢাকা ও এর আশেপাশের পর্যটন আকর্ষণ সমূহ ঘুরে দেখার ব্যবস্থা করা হবে। অচিরেই এরকম চারটি বাসের মাধ্যমে ঢাকা ও এর আশপাশের পর্যটন গন্তব্য বিশেষ ট্যুর পরিচালনা করা হবে।

আজ বুধবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে পর্যটনের প্রসারে মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বিশেষ ভ্রমণ ম্যাগাজিন ‘বিউটিফুল বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশীয় পর্যটন আকর্ষণকে বিশ্বের সামনে যথাযথভাবে তুলে ধরার এখনই উপযুক্ত সময়। আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য, গৌরবময় ইতিহাস ও সমৃদ্ধ ঐতিহ্যসহ আমাদের যে বৈচিত্র্যময় পর্যটন সম্ভার রয়েছে তা দেশীয় ও আন্তর্জাতিক সকল পর্যটকের কাছে যথাযথ প্রচারণার মাধ্যমে তুলে ধরতে হবে। পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলমান রয়েছে। পর্যটন মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সমন্বিত ও পরিকল্পিত পর্যটন উন্নয়ন নিশ্চিত করা হবে। এই মহা পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ পর্যটনের নতুন যুগে প্রবেশ করবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক বলেন, আমরা এই মুহূর্তে মুজিব বর্ষ উদযাপনের দ্বারপ্রান্তে রয়েছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের কাজ শুরু করা হচ্ছে যাতে দেশি-বিদেশি প্রতিটি যাত্রী বাংলাদেশ পা রাখা মাত্র এটি অনুধাবন করতে পারে এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেই আমাদের সকল উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের প্রতিমন্ত্রী জানান, করোনা ভাইরাস প্রতিরোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সকল যাত্রীকে থার্মাল স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। কোন যাত্রীর এ পরীক্ষা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে বিমানবন্দরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিধায় এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কক্সবাজারকে জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত করার জন্য কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে। কক্সবাজারে অবস্থিত পর্যটন কর্পোরেশনের সকল হোটেল-মোটেলে আধুনিকায়নে ব্যাপক সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। পৃথিবীর অন্যান্য দেশে পর্যটকদের যে সুযোগ সুবিধা প্রদান করা হয় কক্সবাজারেও পর্যটকদের জন্য সেই ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

করোনাভাইরাসের কারণে এভিয়েশন ও পর্যটন খাতে কোনো প্রভাব পড়বে কিনা এ প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক বলেন, করোনাভাইরাসের কারণে এভিয়েশন ও পর্যটন খাতে সাময়িক কিছুটা প্রভাব পড়লেও, দীর্ঘমেয়াদি কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এই প্রভাব কাটিয়ে ওঠার জন্য সরকার যথাযথ পরিকল্পনা মাধ্যমে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আতিকুল হক ও পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস।

মেডেল যুব বিশ্বকাপের, ফিতা টি-টোয়েন্টি বিশ্বকাপের!

0

আকবর আলীরা জিতেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ট্রফির পাশাপাশি প্রত্যেক ক্রিকেটার পেয়েছেন একটি করে মেডেলও। সোনালি রঙের সেই মেডেলে যুব বিশ্বকাপের লোগো-ও খচিত আছে। মেডেল গলায় ঝোলানোর যে ফিতা, তাতেও একই লোগো থাকার কথা। কিন্তু তা নেই। যা আছে, সেটি আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এমন ‘গোজামিল’ যেমন বিস্ময়কর, তেমনি এটি এখন হাস্যরসেরও জোগান দিচ্ছে।

যদিও বিষয়টি বুঝতে আকবর আলীর দলের ক্রিকেটারদেরও সময় লেগেছে কয়েকদিন। বিশ্বজয়ের আনন্দে কয়েক দিনের উদ্‌যাপনে মজে থাকায় মেডেল আর ফিতায় খচিত লোগোর পার্থক্য বুঝতে একটু সময়ই লেগেছে তাদের। মঙ্গলবার দেশে ফেরার পর অবশ্য এই ব্যাপারটি নজরে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) অনেকের। এমনিতে মেডেল দেওয়ার ক্ষেত্রে আইসিসির ‘কৃপণতা’ নিয়েও ক্ষোভ আছে বাংলাদেশ দলের কোচিং স্টাফের সদস্যদের মধ্যে।

এমনিতে আইসিসির যেকোনো আসরের ফাইনালের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের পাশাপাশি অন্যান্য সদস্যরাও মেডেল পেয়ে থাকেন। এবার আইসিসি মেডেল দিয়েছে শুধু ক্রিকেটারদেরই। তা-ও আবার মেডেলে যুব বিশ্বকাপের লোগো তো ফিতায় টি-টোয়েন্টি বিশ্বকাপের!

করোনার কারণে অলিম্পক বাতিলের খবর ‘গুজব’ : জাপানি আয়োজক

0

মহামারী করোনাভাইরাসের কারণে টোকিও অলিম্পিক বাতিলের খবর ‘গুজব’ বলে তা প্রত্যাখ্যান করেছে আয়োজকরা। টোকিও অলিম্পিক আয়োজকরা বলেন, করোনাভাইরাসের কারণে গেমস বাতিল করার কোনো কথা তারা ভাবছেন না। গেমস বাতিলের যে খবর বেরিয়েছে সেটিকে ‘দায়িত্বজ্ঞানহীন গুজব’ বলে বৃহস্পতিবার মন্তব্য করেছে জাপানের আয়োজক কমিটি।

অলিম্পিক শুরু হতে আর মাত্র ১৬২ দিন বাকী। কিন্তু এশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গেমসটির আয়োজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। তবে টোকিও ২০২০ আয়োজক কমিটির প্রধান নির্বাহী (সিইও) ইওসিরো মোরি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির শীর্ষ কর্তাদের সঙ্গে এক বৈঠকে উদ্বেগ প্রকাশকারীদের সমালোচনা করেন।

তিনি বলেন, করোনাভাইরসাকে কেন্দ্র করে অনেক দায়িত্বজ্ঞানহীন গুজব শোনা যাচ্ছে। তবে আমি পরিষ্কার করে বলতে চাই গেম বাতিলের কোনো চিন্তু ভাবনা আমাদের মধ্যে নেই। আমরা সরকারের সঙ্গে অত্যন্ত ধীরস্থিরভাবে গেমস আয়োজন বিষয়ে সমন্বয় করতে চাই।

মরণঘাতি এই ভাইরাসের কারণে এশিয়ায় ইতোমধ্যে বেশ কিছু ক্রীড়া ইভেন্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে অলিম্পিক বছাইপর্বও রয়েছে। চীনে অনুষ্ঠিত হবার কথা ছিল বাস্কেটবল ও বক্সিং-এর বাছাইপর্ব। এপ্রিলের মধ্যভাগে সাংহাইয়ে ফর্মুলা ওয়ানের যে গ্র্যান্ড পিক্স হবার কথা ছিল সেটিও বাতিল হয়েছে।

অলিম্পিক চলাকালে আমন্ত্রিত অতিথি ও ক্রীড়াবিদদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দূরে রাখার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন টোকিওর গভর্নর ইওরিকো কইকে। এ ভাইরাসের কারণে এখনো পর্যন্ত জাপানে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে আক্রান্ত হয়েছে ২৮ ব্যক্তি। এদের মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে চারজনকে। তবে জাপানের জল সীমায় নোঙ্গরে থাকা একটি প্রমোদ তরীতে কোয়ারান্টাইন অফিসার সহ ১৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

বিয়ের পিঁড়িতে বসছেন সৌম্য সরকার

0

জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকার। আগামী ২৮ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়ছেন তিনি।

আজ বৃহস্পতিবার সৌম্য নিজেই খবরটি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ২৮ তারিখ আমার বিয়ের লগ্ন ঠিক হয়েছে। কনের নাম এখনই বলতে চাই না। দুই-তিন দিনের মধ্যেই বিয়ের কার্ড নিয়ে বিসিবিতে এসে আপনাদের সামনে হাজির হব। তখনই বিস্তারিত জানতে পারবেন।

এদিকে বিয়ে নিয়ে ব্যস্ত থাকবেন বলে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্ট ম্যাচে দেখা যাবে না তাকে। সৌম্য ইতোমধ্যে বিসিবি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি নিয়েছেন। এদিকে মিরপুরে টেস্ট ম্যাচ হবে ২২-২৬ ফেব্রুয়ারি।

সমবায় ব্যাংকের ১৯৪ কোটি টাকা ঋণ আনাদায়ী

0

বাংলাদেশ সমবায় ব্যাংকের ১৯৩ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকা ঋণ আনাদায়ী রয়েছে। এরমধ্যে কৃষি ঋণ ৩৬ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার টাকা, প্রকল্প ঋণ ১০ কোটি ৬৯ লাখ ৪২ হাজার টাকা, প্রকল্প ঋণ (মহিলা) ৫৩ লাখ ৮২ হাজার টাকা, কনজুমার্স ঋণ ৭ কোটি ৯৬ লাখ ৫৭ হাজার টাকা, পার্সোনাল ঋণ ৫৫ কোটি ৯৪ লাখ ২ হাজার টাকা এবং স্বর্ণ বন্ধকী ঋণ ৮১ কোটি ৮৯ লাখ ২২ হাজার টাকা।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশন প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। সরকারি দলের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ প্রশ্নের লিখিত জবাবে তিনি আরো জানান, মাঠ পর্যায়ে সমবায় ব্যাংকের কোনো শাখা অফিস এবং কর্মকর্তা পদায়ন না থাকায় বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যে সম্প্রতি বিভাগীয় পর্যায়ে গ্রাহক সেবা/ঋণ আদায় বুথ স্থাপনপূর্বক ৫/৬ হন কর্মকর্তা পদায়ন করা হয়েছে। যে সমস্ত জেলায় বিনিয়োগকৃত ঋণের পরিমান বেশি ওই সকল জেলায় অতিরিক্ত ১ জন করে কর্মকর্তা পদায়ন করা হয়েছে।

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জানান, মাঠ পর্যায়ে সমবায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী পদায়নের ফলে ঋণ গ্রহীতার সাথে ব্যাক্তিগত পর্যায়ে যোগাযোগ করা সম্ভব হচ্ছে ফলে অনাদায়ী ঋণ আদায়ের ক্ষেত্রে ক্রমান্ময়ে উন্নতি সাধিত হচ্ছে। ২০১ সালের জানুয়ারি- থেকে ডিসেম্বর পর্যন্ত ৫ কোটি ৫৭ লাখ ৫১ হাজার বকেয়া ঋণ এবং ১ কোটি ৭৬ লাখ ৩১ হাজার টাকা বকেয়া প্রকল্প ঋণ আদায় করা হয়েছে। বিভিন্ন মামলা দায়েরের ফলে অনাদায়ী ঋণ আদায়ের ক্ষেত্রে অগ্রগতি সাধিত হচ্ছে। ঋণ খেলাপিদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার মামলা দায়েরের ফলে ২০১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ৮৪ লাখ ২১ হাজার টাকা বকেয়া ঋণ আদায় করা হয়েছে।

ঢাকা মহানগরীতে গৃহকর পুনর্মূল্যায়নের অনুমতি

0

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমাজয় মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, ঢাকা মহানগরীতে গৃহকর পুনর্মূল্যায়নের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে অনুমতি হয়েছে। উভয় সিটি কর্পোরেশনে অটোমেশনের মাধ্যমে অনলাইনভিত্তিক গৃহকর পুনর্মূল্যায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারদলীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ। জবাবে মন্ত্রী ওই দুটি সিটি কর্পোরেশনে সম্প্রতি অন্তর্ভুক্ত এলাকায়ও গৃহকর মূল্যায়নের আওতায় আনা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

সরকারদলীয় অপর সংসদ সদস্য বেনজীর আহমদের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী জানান, ঢাকা ওয়াসা ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে সর্বদা বিশুদ্ধ পানি সরবরাহ করে আসছে। এক্ষেত্রে ভূ-গর্ভস্থ পানি অর্থাৎ গভীর নলকূপের পানি ক্লোরিনেশনের মাধ্যমে বিশুদ্ধ করে লাইনে সরবরাহ করা হয়। আর ভূ-উপরিস্থ অর্থাৎ পানি শোধনাগারের (নদীর) পানি প্রি-ট্রিটমেন্টসহ কমপক্ষে তিন স্তরে বিশুদ্ধ করে লাইনে সরবরাহ করা হয়।
তিনি জানান, কখনো কখনো পাইপ লাইনে ত্রুটির কারণে পানি দূষণের ঘটনা ঘটে, যা নিরসনে ঢাকা ওয়াসা ট্রেন্সলেস প্রযুক্তির মাধ্যমে ডিএমএ চালু করে সমস্ত পুরনো পাইপ লাইন পরিবর্তনের কার্যক্রম বাস্তবায়ন করছে।

ওয়ার্কার্স পার্টির সদস্য বেগম লুৎফুন নেসা খানের প্রশ্নের লিখিত জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ঢাকা মহানগরীতে অধিকাংশ ক্ষেত্রে সড়ক বাতির খুঁটি ব্যবহার করে অবৈধভাবে ইন্টারনেট ও স্যাটেলাইট ক্যাবলের সংযোগ প্রদান করা হয়। সেক্ষেত্রে উক্ত খুঁটিতে অবৈধ ইন্টারনেট ও স্যাটেলাইট ক্যাবল অপসারণের দায়িত্ব ডিপিডিসি এবং ডেসকো কর্তৃপক্ষের। এছাড়া ঢাকা সিটি কর্পোরেশনের মালিকানাধীন বৈদ্যুতিক খুঁটি হতে নিয়মিত অবৈধ ক্যাবল অপসারণ করা হয়।

আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের লিখিত জবাবে তাজুল ইসলাম জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ২০০৩ সালে সমগ্র দেশের ২৭১ উপজেলায় প্রায় ৫০ লাখ নলকূপের আর্সেনিক পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে প্রায় ১৪ দশমিক ৫ লাখ অর্থাৎ শতকরা ২৯ ভাগ নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে। দেশের আর্সেনিক ঝুঁকিপূর্ণ ৩১টি জেলার ১১৭টি উপজেলার ১ হাজার ২৯০টি ইউনিয়নে প্রায় ২ লাখ আর্সেনিকমুক্ত নিরাপদ পানির উৎস স্থাপন করা হচ্ছে।

একটি রাত, আটটি লাশ ও বাক্সবন্দি স্বপ্ন!

0

সৌদি আরব থেকে ২০ নারীসহ আরও ১৮৩ বাংলাদেশি দেশে ফিরেছেন‌। গতকাল বুধবার রাত ১১.২০ মিনিটে সৌদি এয়ারলাইন্স (এসভি-৮০৪) বিমানে ৮৯ জন আর রাত ১.১০ মিনিটে সৌদি এয়ারলাইন্স (এসভি-৮০৮) বিমানে ফেরেন ৯৪ বাংলাদেশি।

প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় বরাবরের মতো গতকালও ফেরত আসাদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে জরুরি সহায়তা প্রদান করা হয়।

গতকাল ফেরত আসা সাথী বেগম (৩০) এতোটাই অসুস্থ ছিলেন যে বিমানবন্দর থেকে প্রবাসী কল্যাণ ডেক্সের সহায়তায় উত্তরার একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সাথী জানান, নিয়োগকর্তা বছর খনেক আগে গৃহকর্মীর কাজ নিয়ে গিয়েছিলেন সৌদি আরবে। সেখানে নিযোগকর্তা কর্তৃক নির্যাতনের শিকার হন।

সাথীর সাথে একই সমস্যা নিয়ে দেশে ফিরেছেন ঢাকার হিরা খাতুন, বি বাড়িয়ার আবেদা খাতুন, সুনামগঞ্জের আমিরুন বেগম, মৌলভীবাজারের ফারজানা আক্তারসহ ২০ নারী।

গতকাল ফেরত আসা পাবনার জেলার শরিফ জানান, মাত্র এক বছর আগে গিয়েছিলেন সৌদি আরবে। সেখানে কাগজপত্র থাকা সত্ত্বেও শূন্য হাতে দেশে ফিরতে হয়।

কিশোরগঞ্জের শাকিল, ব্রাহ্মণবাড়িয়ার খাইরুল ইসলামের গল্পটাও একই কোন কারণ ছাড়াই এক বছরের মাথায় দেশে ফিরতে হলো তাদের। তাদের সাথে ফিরেছেন পিরোজপুরের শামিম, ময়মনসিংহের আমিন, কুমিল্লার বাবুল ও রশিদসহ ১৮৩ কর্মী।

শুধু যে প্রবীসারা ফেরত আসছেন তাই নয়, গত রাতে সৌদি আরব থেকে ২ নারীসহ দেশে ফিরেছেন ৮ রেমিটেন্স যোদ্ধার বাক্সবন্দি মরদেহ। স্বজনদের আর্তচিৎকার শোনার কেউ নেই কারণ রাত অনেক গভীর। চলতি বছরের এপর্যন্ত এমনি বাক্সবন্দি হয়ে ৪০৯ রেমিটেন্স যোদ্ধা ফিরেছেন নিথর দেহে।

ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, চলতি বছরের জানুয়ারিতেই সৌদি থেকে দেশে ফিরেছেন ১৭৫ নারীসহ ৩ হাজার ৬৩৫ বাংলাদেশি। আর প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী ২০১৯ সালে মোট ৬৪ হাজার ৬৩৮ কর্মী দেশে ফিরেছেন যাদের পরিচয় ডিপোর্টি।

শরিফুল হাসান বলেন, ফেরত আসা প্রবাসীদের আমরা শুধু বিমানবন্দরে সহায়তা দিয়েই দায়িত্ব শেষ করছি না, তারা যেন ঘুরে দাঁড়াতে পারে সেজন্য কাউন্সিলিং, দক্ষতা প্রশিক্ষণ ও আর্থিকভাবেও পাশে থাকার চেষ্টা করছি। সরকারি ও বেসরকারি সংস্থা সবাই মিলে কাজটি করতে হবে। পাশাপাশি এভাবে যেন কাউকে শূন্য হাতে ফিরতে না হয় সেজন্য রিক্রুটিং এজেন্সিকে দায়িত্ব নিতে হবে। দূতাবাস ও সরকারকেও বিষয়গুলো খতিয়ে দেখতে হবে।