Home Blog Page 3157

আজ আনসার ও ভিডিপি একাডেমিতে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

0

গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম জাতীয় সমাবেশের কুচকাওয়াজসহ অন্যান্য অনুষ্ঠানে যোগদান করতে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে সফিপুরের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
সকাল সাড়ে ১০টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম জাতীয় সমাবেশের কুচকাওয়াজসহ অন্যান্য অনুষ্ঠানে যোগদান করবেন প্রধানমন্ত্রী। এতে বীরত্বপূর্ণ ও সেবামূলকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আনসার ও ভিডিপি সদস্যদের পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারা দেশ থেকে আনসার ভিডিপি সদস্যরা সমাবেশে যোগ দিতে সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে সমবেত হয়েছেন।
সমাবেশ উপলক্ষে এবার নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ১৯৮০ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার বাহিনী গঠন করা হয়। এরপর থেকে প্রতি বছর এই দিনে বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাবিতে চলচ্চিত্র উৎসবের শেষ দিন আজ

0

বায়ান্নর ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের শেষ দিন আজ বৃহস্পতিবার। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে এ উত্সব শুরু হয়েছে গত রবিবার। এবার একটি চলচ্চিত্র দেখতে লাগছে মাত্র ৩০ টাকা।

দুই বাংলার সমসাময়িক ও ধ্রুপদি ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে সাজানো হয়েছে এবারের উৎসব।

গতকাল বুধবার উৎসবের চতুর্থ দিনে টিএসসিতে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার চলচ্চিত্র পরিচালক অঞ্জন দত্ত। বিকেল সাড়ে ৩টায় তাঁর পরিচালিত সিনেমা ‘ফাইনালি ভালোবাসা’ প্রদর্শিত হয়।

২০০২ সাল থেকে উৎসবটি নিয়মিতভাবে আয়োজন করে আসছে চলচ্চিত্র সংসদ। উত্সবের ১৯তম আসরে বাংলা ভাষার চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি উত্সবস্থলে শোভা পাচ্ছে দেশের কালজয়ী সব সিনেমার ফেস্টুন এবং খান আতাউর রহমান, নারায়ণ ঘোষ মিতা, সুভাষ দত্ত ও আমজাদ হোসেনের মতো নামকরা চলচ্চিত্র নির্মাতাদের তথ্যসংবলিত চিত্র। টিকিট বিক্রির অর্থের একটি অংশ উৎসব শেষে গুরুতর অসুস্থ ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা আব্দুল মালেককে দেওয়া হবে বলে জানা গেছে।

জঙ্গিবাদ সৃষ্টি করে ইসলাম ধর্মকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে : প্রধানমন্ত্রী

0

ইসলাম ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করে বিশ্বের কাছে পবিত্র এই ধর্মটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যারা সত্যিকারের ইসলাম ধর্মে বিশ্বাস করেন তারা কখনো দ্বন্দ্বে জড়াতে পারেন না। সকলকে নিজ নিজ ধর্ম পালনের সুযোগ দিতে হবে। অন্য ধর্মাবলাম্বীরা যেন আঘাত না পায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত সম্পূরক প্রশ্নটি উত্থাপন করেন তরিকত ফেডারেশনের সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী। জবাবে প্রধানমন্ত্রী আরো বলেন, ইমলাম শান্তির ধর্ম, বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ধর্মের মধ্যে ভাগ, কে ভাল কে খারাপ, কে প্রকৃত ইসলামে বিশ্বাসী, কে বিশ্বাসী নয়, কে সঠিভাবে ধর্ম পালন করে কে করে না, কে বেহেশেতে যাবে কে যাবে না- তার বিচার তো আল্লাহই করবেন? তার বান্দারা কেন এই বিচার করবেন? কে ভাল মুসলমান, কে মুসলমান নয়- তার বিচার করার ভার আল্লাহ তো কারো হাতে দেননি।

তিনি বলেন, কারো ধর্মে আঘাত দিয়ে কথা বলা, অন্য ধর্মবলাম্বীদের ধর্মবিশ্বাসে আঘাত করা যাবে না। যার ধর্ম সেই পালন করবে। সেই বিশ্বাস যদি থাকে তাহলে এ দ্বন্দ্ব আর থাকে না।

সরকারি দলের সংসদ সদস্য দিদারুল আলমের সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক- এই তিনটির বিরুদ্ধেই সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে। বিশেষ করে মাদক ব্যবসা, পাচার, সেবন ও বিস্তারের বিরুদ্ধে পদক্ষেপের ফলে মাদক অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। মাদক প্রতিরোধের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তবে সেই সঙ্গে মাদকের কুফল বিষয়ে ছেলে-মেয়েদেরও সচেতন করতে হবে। বাবা-মা, অভিভাবক ও শিক্ষকদেরও নিজেদের ছেলে-মেয়েদের দিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরো বলেন, সরকারের পদক্ষেপের ফলে মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে এখানে সমস্যাটা হচ্ছে, একটাকে প্রতিরোধ করা হলে আরেকটা চলে আসে। সরকার এর বিস্তার রোধেও পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি তরুণ সমাজ ও আশপাশে যারা আছেন- তাদের সবাইকে সচেতন হতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। সমাজকেও আরও সচেতন হতে হবে।

পাবলিক বিশ্ববিদ্যালগুলোতে সান্ধ্যকালীন কোর্স বাতিলে আইন প্রণয়ন করার দাবি জানিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সান্ধ্যকালীন কোর্স বাতিলের বিষয়ে রাষ্ট্রপতি নিজেই কথা বলেছেন। তবে এ নিয়ে কোনো আইন করার প্রয়োজন নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদালয় মঞ্জুরি কমিশনই (ইউজিসি) এ বিষয়ে ব্যবস্থা নিতে পারে। এর পরও সরকার দেখবে এ বিষয়ে কী করা যায়।

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তার সরকারের পদক্ষেপগুলো তুলে ধরে বলেন, ইংরেজি মাধ্যমে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য চাকরিতে আলাদা কোটা কেন রাখতে হবে? এটা রাখার কোনো প্রয়োজন নেই।

শেখ হাসিনা বলেন, তার সরকারের পদক্ষেপের ফলে দেশে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তরুণরা যাতে ব্যবসা-বাণিজ্য করে স্বকর্মসংস্থান সৃষ্টি করতে পারে এবং নিজেরা স্বউপার্জিত হয়ে অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন- সেজন্যও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এর পরও এদেশের ছেলে-মেয়েদের প্রবণতা রয়েছে, যেভাবেই হোক লেখাপড়া শেষ করে চাকরি করতেই হবে। বিদেশে কিন্তু এই প্রবণতা নেই। এই মানসিকতা বদলে ছেলে-মেয়েরা যদি নিজেরাই নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, শিল্পকারখানা গড়ে তুলতে পারেন- তাহলে তারা অন্যদেরও চাকরি দিতে পারবেন।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, এদেশে ১৬ কোটি মানুষ রয়েছে। এই বিশাল জনসংখ্যা থেকে যদি কেউ কেউ বিদেশে কর্মসংস্থানের জন্য যান-সেটা দেশের জন্যই ভালো হয়। পৃথিবীটা এখন আর কোনো দেশে সীমাবদ্ধ নয়। পৃথিবীটাই এখন একটা গ্লোবাল ভিলেজ।

তিনি বলেন, প্রশ্ন উত্থাপনকারী সংসদ সদস্যের দলের (বিএনপি) আমলে শিক্ষার্থীদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়ে তাদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। সন্ত্রাস, অস্ত্রবাজি ও বোমাবাজির মাধ্যমে শিক্ষাঙ্গনগুলোকে অশান্ত করে তোলা হয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেই পরিবেশটা এখন আর নেই।

সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ইসলাম ধর্মের অপব্যাখ্যা ও জঙ্গিবাদ সম্পর্কে সচেতন করা হচ্ছে। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। কোরআন ও হাদিসের আলাকে তা তরুণ শিক্ষার্থীদের বুঝাতে দেশের আলেম সমাজ সক্রিয় সহযোগিতা করছেন।

তিনি বলেন, বর্তমান সরকার সবার জন্য মানসম্মত শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের টেকসই করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং তা বাস্তবায়ন করছি।

একই প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সন্নিবেশিত করা হয়েছে। বিভিন্ন জাতীয় দিবস যেমন- ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর এবং ৬ দফা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৫২-এর মহান ভাষা আন্দোলন ইত্যাদি বিষয়ে শিশু-কিশোরদের অবহিত করার জন্য পাঠ্যপুস্তকে তা অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মুক্তিযুদ্ধ কর্ণার নির্মাণ করা হচ্ছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা মুক্তিচিন্তা ও উদার দৃষ্টিভঙ্গিতে বেড়ে উঠুক সে প্রত্যাশায় বাংলাদেশ রিসার্চ এ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের মাধ্যমে বিশ্ববিদ্যালয়সমূহকে বহির্বিশ্বের গবেষণা ও শিক্ষা নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

শেখ হাসিনা জানান, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কোনো বিশ্ববিদ্যালয় যেন সম্পৃক্ত না থাকে সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালু হওয়ার ফলে অন্যান্য অপরাধের মতো জঙ্গি কর্মকাণ্ডের সংবাদ তাৎক্ষণিকভাবে পাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় জঙ্গিবাদ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

সরকার দলীয় সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি গ্রামে আধুনিক শহরের সুবিধা সম্প্রসারণের জন্য সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। এ জন্য গ্রামীণ সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। এছাড়া বাংলাদেশ রেলওয়েকে জনগণের কাছে নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ গণপরিবহণ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

সিটি নির্বাচনের দিন যুবক খুন : দুই আসামির স্বীকারোক্তি

0

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় সুমন শিকদার নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তারা। অন্যদিকে অপর তিনজনকে দুই দিন করে রিমান্ড নেওয়ার আদেশ দেন আদালত।

জানা গেছে, আজ বুধবার বিকেলের দিকে সুমন হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে আসামি আল আমিন খান ও ইমরানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন জানানো হয়। সেইসঙ্গে আসামি রাসেল, শাকিল ও রাজীবকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

পরে আল আমিন খান ও ইমরানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন মহানগর হাকিম শাহিনুর রহমান। স্বীকারোক্তিতে তারা এই ঘটনায় জড়িত ছিলেন বলে স্বীকার করেন। সেইসঙ্গে ঘটনার সঙ্গে আরো যারা জড়িত ছিল তাদের নামও প্রকাশ করেন তারা। জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

এছাড়া অন্য তিনজনকে মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেককে দুই দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১টা হতে আজ বুধকার ভোর পর্যন্ত ঢাকা মহানগর ও আশেপামের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর থানাধীন রহিম বেপারীর ঘাট এলাকায় সুমন শিকদারকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পরদিন মোহাম্মদপুর থানায় মামলা করা হয়।

সুমন শিকদার ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী সৈয়দ হাসান নুর ইসলামের পোলিং এজেন্ট ছিলেন।

পূর্তমন্ত্রীর বাসায় পথশিশুদের ‘আড্ডা’

0

রাজধানীর বেইলী রোডে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের বাসভবনে বুধবার দিনভর আড্ডা দিয়েছে পথশিশুরা। বাগানে খেলাধুলা, ডাইনিংয়ে খাবার গ্রহণ, এমনকি শোবার ঘরেও তাদের যাতায়াতে ছিল না বাধা। সমাজের সুবিধাবঞ্চিত এসব শিশুদের বুধবার মূলত দাওয়াত দিয়েছিলেন মন্ত্রীর সহধর্মিনী পারভিন রেজা। আড্ডা-গল্পে শিশুদের নিয়ে তিনি ব্যতিক্রমী একটি দিন পার করেছেন।

সূত্র জানায়, শিশুদের নিয়ে কাজ করা একটি সংগঠনের সহায়তায় পথশিশুদের নিজ বাসভবনে ডেকে নেন মন্ত্রীপত্নী পারভিন রেজা। সমাজসেবার পাশাপাশি তিনি লেখালেখি করেন। তার কবিতার বই ভিন্ন ভাষাতেও অনুবাদ হয়েছে। কবি মনের হঠাৎ খেয়ালে পারভিন রেজা দাওয়াত দেন রাজধানীর পথে পথে ঘুরে বেড়ানো বেশ কিছু শিশুকে। তার মাধ্যমেই এসব শিশুরা মন্ত্রীর বাসায় আড্ডা, খাওয়া-দাওয়াসহ দারুণ এক দিন উপভোগ করেছে।

রাজধানীর বেইলি রোডে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর বাসায় বুধবার সকাল থেকেই শিশুদের জন্য দুয়ার খোলা ছিল। তবে নিমন্ত্রিত অতিথিরা পৌঁছে দুপুরের একটু আগে। মন্ত্রীর সহধর্মিনী ও বিশিষ্ট কবি পারভিন রেজা নিজে রান্না করা খাবার খেতে দেন শিশুদের। এ ছাড়া তিনি সারাদিন আড্ডা ও গল্পগুজব করেছেন তাদের নিয়ে। শিশুদের দিয়েছেন নতুন কাপড়। মাতৃস্নেহে শুনেছেন তিনি শিশুদের এলোমেলো নানা কথা। সেখানে ছিল না কোনো আনুষ্ঠানিকতা।
মন্ত্রীর বাসায় খেলা ও আড্ডা দেওয়ার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে শিশুরা। তারা কষ্টকর জীবনের নানা কথা জানায় পারভিন রেজার কাছে। সুবিধাবঞ্চিত এসব শিশুদের পড়ালেখা ও বাসস্থান নিশ্চিতে কাজ করার আশ্বাস দেন মন্ত্রীপত্নী।

কবি পারভিন রেজা বলেন, ‘শিশুদের সঙ্গে সময় কাটাতে পেরে ভীষণ আনন্দিত। তাদের জন্য আমাদের দায়বদ্ধতা রয়েছে। এসব শিশুদের সাথে কথা বলে অনেক কিছু জেনেছি। তাদের জন্য কাজ করতে চাই।’

শিশু জিয়াদের মৃত্যু : চার আসামি হাইকোর্টে খালাস

0

পাঁচ বছর আগে শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে পরিত্যক্ত পানির পাইপে পড়ে শিশু জিয়াদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় নিম্ন আদালতে ১০ বছর করে সাজাপ্রাপ্ত চার আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন। যাদের খালাস দেওয়া হয়েছে তারা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান এস আর হাউসের মালিক আবদুস সালাম, রেলওয়ের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন ও ইলেকট্রিশিয়ান জাফর আহমেদ। তাদের প্রত্যেককে ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছর করে কারাদণ্ড দিয়েছিল ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত।

২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকার আদালতের দেওয়া এ রায়ের বিরুদ্ধে সাজাপ্রাপ্তরা আপিল করেন। এই আপিলের ওপর শুনানি শেষে আদালত আসামিদের খালাস দিয়ে রায় দেন।

পরিত্যক্ত পানির পাইপ ঢেকে রাখা আসামিদের দায়িত্বের মধ্যে পড়ে না এবং এরইমধ্যে অন্য একটি মামলার পরিপ্রেক্ষিতে শিশু জিয়াদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ায় হাইকোর্ট আসামিদের খালাস দিয়েছেন বলে জানান আইনজীবীরা। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম।

আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী, এস এম শাহজাহান, এম সারোয়ার আহমেদ, আনোয়ারুল ইসলাম শাহীন ও এম আলী মর্তুজা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম।

২০১৪ সালের ২৬ ডিসেম্বর বিকেলে বন্ধুদের সঙ্গে খেলার সময় রেলওয়ে মাঠের পরিত্যক্ত পানির পাম্পের পাইপে পড়ে যায় জিয়াদ। ফায়ার সার্ভিসের সদস্যরা জিয়াদের মরদেহ উদ্ধারে ব্যর্থ হয়। এক পর্যায়ে উদ্ধার অভিযান স্থগিত করে। এরপর কয়েকজন স্বেচ্ছাসেবী নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে প্রায় ২৩ ঘণ্টা পর ২৭ ডিসেম্বর বেলা তিনটার দিকে জিয়াদের মরদেহ উদ্ধার করে। এ ছাড়া জিয়াদের পাইপ লাইনে পড়া দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ দায়িত্বশীল ব্যক্তিরা সন্দেহ প্রকাশ করেন। জিয়াদের পিতাসহ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ অবস্থায় জিয়াদের পিতা নাসির উদ্দিন ফকির শাহজাহানপুর থানায় মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা ও বিপজ্জনক গভীর পাইপের মুখ খোলা রাখার অভিযোগ আনা হয়। এ মামলায় ঢাকার বিশেষ জজ আদালত চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দেয় এবং দুই আসামিকে খালাস দেয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন সাজাপ্রাপ্তরা।

এ ছাড়া চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার আবদুল হালিমের করা এক রিট আবেদনে হাইকোর্ট ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি এক রায়ে ক্ষতিপূরণ হিসেবে জিয়াদের পরিবারকে ২০ লাখ টাকা দিতে নির্দেশ দেন। রায়ের কপি পাওয়ার ৯০ দিনের মধ্যে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে ১০ লাখ এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালক ও পরিচালককে (অপারেশন ও রক্ষণাবেক্ষণ) ১০ লাখ টাকা দিতে বলা হয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন রেলওয়ে মাহপরিচালকসহ সংশ্লিষ্টরা। কিন্তু আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন। এরপরও টাকা না দেওয়ায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়। এ মামলায় হাইকোর্ট রেলওয়ের ডিজিকে তলব করেন। এ অবস্থায় তারা জিয়াদের পরিবারকে ২০ লাখ টাকা দেন। ওই দুজন ২০১৮ সালের ১৪ আগস্ট হাজির হয়ে টাকা দেওয়ার তথ্য আদালতকে জানান এবং আদালতে নিঃশর্ত ক্ষমা চান। এরপর আদালত তাদের ক্ষমা করে দেন।

মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলার তদন্তের সময় বাড়ল

0

শুল্ক ফাঁকি ও সুইস ব্যাংকে টাকা জমা রাখার অস্বচ্ছ হিসাব দাখিলের অভিযোগে ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আগামী ১২ মার্চ দিন ধার্য করেন।

বুধবার প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। প্রতিবেদন দাখিল না হওয়ায় মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী পরবর্তী তারিখ ধার্য করেন। শুল্ক গোয়েন্দা সংস্থা এই মামলার তদন্ত করছে।

২০১৭ সালের ৩১ জুলাই গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মুসা বিন শমসেরের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দ দপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. জাকির হোসেন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মুসার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ পেয়ে প্রাথমিকভাবে অনুসন্ধান করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

অনুসন্ধান কর্মকর্তার জিজ্ঞাসাবাদে মুসা লিখিতভাবে জানান, সুইস ব্যাংকে তার ৯৬ হাজার কোটি টাকা রয়েছে। কিন্তু ওই টাকার উৎস সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেননি তিনি।

এদিকে মুসার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে একটি রেঞ্জ রোভার গাড়িও জব্দ করে গোয়েন্দারা। ১৭ লাখ টাকা শুল্ক পরিশোধ দেখিয়ে ভুয়া ‘বিল অব এন্ট্রি’ প্রদর্শন করে গাড়িটি বেনামে রেজিস্ট্রেশন করা হয় বলে গোয়েন্দারা দাবি করেন।

বিশ্বকাপজয়ীদের নিয়ে অনূর্ধ্ব-২১ দল; মাসিক বেতন লাখ টাকা

0

দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করেছে অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপ জয়ের পরেই প্রশ্ন উঠেছে, এই ক্রিকেটারদের নিয়ে এখন কী করবে বিসিবি? তাদেরকে জাতীয় দলের জন্য তৈরি করতে কোন পথে হাঁটবে? ক্রিকেট বিশ্লেষকরা বলছিলেন, দেশের ক্রিকেটের স্বার্থেই এদের পরিচর্যা করতে হবে। সুন্দর পরিকল্পনা থাকতে হবে। টিম স্পিরিট নষ্ট করে ছেড়ে দেওয়া যাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ক্রিকেট বিশেষজ্ঞদের সঙ্গে একমত হয়ে একটি পরিকল্পনা প্রণয়ন করেছে।

আজ মিরপুর শের-ই-বাংলায় বিশ্বকাজয়ী ক্রিকেটারদের বরণ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘এই দলটিকে সম্পূর্ণ ইনট্যাক্ট রাখা হবে অনুর্ধ্ব-২১ দল হিসেবে। তাদের জন্য ভিন্ন ভিন্ন কোচিং স্টাফ এবং সর্বোচ্চ প্র্যাকটিস ফ্যাসিলিটি নিশ্চিত করা হবে। যত রকমের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়া যায় তার সবই দেয়া হবে। আগামী ২ বছর একসঙ্গে রেখে ট্রেনিং দেয়া হবে এবং এই পরবর্তী ২ বছর, প্রতিটি ক্রিকেটারকে মাসে এক লক্ষ টাকা করে পারিশ্রমিক দেয়া হবে। ২ বছর পর পারফরম্যান্স বিবেচনা করে নতুন সিদ্ধান্ত দেয়া হবে।’

উল্লেখ্য, আজ বিকালে দেশের মাটিতে প্রত্যাবর্তন ঘটেছে বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের। বিকাল ৪টা ৫৫ মিনিটে বিশ্বজয়ী বাংলাদেশ দলকে বহন করা বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। তাদের বরণ করে নিতে আগে থেকেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রী বিসিবির কর্মকর্তাবৃন্দ, এবং বিপুল সংখ্যক সাংবাদিক। বিমানবন্দর থেকে সরাসরি মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নেওয়া হয় ক্রিকেটারদের। সেখানেও বিপুল সংখ্যক ক্রিকেটপ্রেমী তাদের বরণ করে নেয়।

‘করোনায় আক্রান্ত কমছে, এপ্রিলের মধ্যেই প্রাদুর্ভাব শেষ হতে পারে

0

আগামী এপ্রিলের মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষ হতে পারে বলে আশা করছেন চীনের স্বাস্থ্য কর্মকর্তারা। নতুন করে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে আসায় এমনটাই আশা প্রকাশ করেছেন তারা।

জানুয়ারির পর থেকে প্রাণঘাতী এ ভাইরাসে সবচেয়ে কমসংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন গতকাল মঙ্গলবার; যে কারণে তাদের এই আশায় স্বস্তি খুঁজছেন অনেকে।

চীনা স্বাস্থ্য কর্মকর্তারা ভাইরাসের প্রাদুর্ভাব ফুরিয়ে যাওয়ার লক্ষণ দেখতে পেলেও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এর বিস্তারের ব্যাপারে এখনও শঙ্কিত।

মঙ্গলবার চীনের প্রাদুর্ভাব বিষয়ক শীর্ষ মেডিকেল উপদেষ্টা চিকিৎসক ঝং নাশান বলেন, কয়েকটি প্রদেশে নতুন করে আক্রান্ত কমে এসেছে এবং চলতি মাসে এই মহামারিটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে পূর্বাভাষ দিয়েছেন তিনি। তবে আশার বাণীও শুনিয়েছেন চীনা এই স্বাস্থ্য কর্মকর্তা। তিনি বলেছেন, আমি আশা করছি এই প্রাদুর্ভাব অথবা এই ঘটনা আগামী এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে।

চীনের স্বাস্থ্য কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানালেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে দিয়ে বলেছে, সনাক্তকৃত নতুন এই করোনাভাইরাস বিশ্বের জন্য সন্ত্রাসবাদের চেয়েও ভয়াবহ হুমকি।

ডব্লিউএইচও’র প্রধান টেড্রোস অ্যাধানম গেব্রিয়েসুস বলেছেন, বিশ্বকে অবশ্যই জাগ্রত হতে হবে এবং এই ভাইরাসকে এক নম্বর শত্রু হিসেবে বিবেচনা করতে হবে। চীনের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে আরও কমপক্ষে ১৮ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।

করোনাকে সন্ত্রাসী হিসেবে তুলনা করে এর বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, এটি এমন এক ধরনের লড়াই যেখানে গানপাউডার ব্যবহারের সুযোগ নেই। তবে অবশ্যই জিততে হবে।

এই মহামারি চীনের সরকারি ব্যবস্থাপনা এবং সক্ষমতার বড় পরীক্ষা বলে সতর্ক করে দিয়েছে সিনহুয়া। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় কর্তব্যে অবহেলার অভিযোগে দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাকে ইতোমধ্যে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। সিনহুয়া বলছে, এটা আমাদের জেগে ওঠার ডাক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুইজারল্যান্ডে এক বৈঠকে চীনের উহানে উৎপত্তি হওয়া এই ভাইরাসের নামকরণ করেছে। আনুষ্ঠানিকভাবে এই ভাইরাসের নামকরণ করা হয়েছে কোভিড-১৯ (Covid-19) নামে। করোনার প্রথম দুটি অক্ষর সিও (CO), ভাইরাসের প্রথম দুই অক্ষর ভিআই (VI), ডিজিজের প্রথম অক্ষর ডি (D) এবং ২০১৯ সালে এই ভাইরাসের উৎপত্তি হওয়ায় ১৯ যোগ করে কোভিড-১৯ নামকরণ করা হয়েছে।

চীনা স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য বলছে, চীনে এখন পর্যন্ত নতুন এই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৪৪ হাজার ৬৫৩ জন। এর মধ্যে মঙ্গলবার আক্রান্ত হওয়া ২ হাজার ১৫ জনও রয়েছেন; যা ৩০ জানুয়ারির পর একদিনে সর্বনিম্ন আক্রান্ত। মঙ্গলবার চীনের মূল ভূখণ্ডে করোনায় মারা গেছেন ৯৭ জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ১ হাজার ১১৩ জনে পৌঁছেছে।

চীনের বাইরে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত পাওয়া গেছে জাপানের ইয়োকোহামা বন্দরে নোঙ্গর করা ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীতে। ৩ হাজার ৭০০ যাত্রী নিয়ে কোয়ারেন্টাইনে থাকা এই প্রমোদতরীতে বুধবার পর্যন্ত ১৭৫ জনকে করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত করা হয়েছে।

গতবছর ৩১ ডিসেম্বর চীনের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত চীনে মারা গেছেন ১১১৩ জন। এর বাইরে ফিলিপাইন এবং হংকংয়ে একজন করে মারা গেছেন।

‘পাপকে ঘৃণা কর, পাপীকে আলিঙ্গন’, মোদিকে খোঁচা দিয়ে কংগ্রেসের টুইট

0

শুরু হয়ে গেছে ‘ভ্যালেন্টাইন্স সপ্তাহ’। এমন বসন্তে শুধুমাত্র চারিদিকে প্রেমের হাওয়া। কিন্তু সেই প্রেম থেকে বহুদূরে রাজনীতির ময়দানে চলছে উত্তপ্ত আবহ। তোপ আর পাল্টা তোপের রাজনীতিতে আপাতত অস্থির পরিস্থিতি। তারই মধ্যে ‘হাগ ডে’ অর্থাত্‍ আলিঙ্গন দিবসে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি কংগ্রেস।

‘হাগ ডে’র দিন সাধারণত মানুষ একে অপরকে জড়িয়ে ধরে প্রেমের বার্তা দিয়ে থাকেন। আর সেই আবহকে সতেজ রেখেছে লোকসভায় বহু মাস আগের একটি দৃশ্যের ছবি পোস্ট করে মোদি শিবিরকে খোঁচা দিয়েছে রাহুল গান্ধীর দল। লোকসভায় কয়েক মাস আগে মোদিকে জড়িয়ে ধরে রাহুল গড়েছিলেন নজির। আর সেই ছবি পোস্ট করে কংগ্রেসের বার্তা, ‘হিংসা নয়, শান্তি চাই।’

‘আলিঙ্গন চাই, হিংসা নয়’, এই বার্তা দিয়ে, মোদি শিবিরকে খোঁচা দেয় কংগ্রেস। কংগ্রেসের পক্ষে কটাক্ষের সুরে বিজেপিকে বলা হয়, প্রতিবারের মতো বিজেপিকে এবারেও একই বার্তা দেওয়া হচ্ছে। সঙ্গে থাকে মহাত্মা গান্ধীর একটি বিখ্যাত উক্তি, ‘পাপকে ঘৃণা কর, পাপীকে আলিঙ্গন কর।’