Home Blog Page 3159

প্রশান্ত কিশোরের একটি পরামর্শেই বাজিমাত করলেন কেজরিওয়াল!

0

ফের দিল্লির মসনদে আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মাত্র একটি পরামর্শ। আর তাতেই বাজিমাত। ভোট ময়দানে বিজেপি-কংগ্রেসকে রীতিমতো বিধ্বস্ত করে তৃতীয়বার স্বমহিমায় দিল্লির মসনদে আসীন হলেন অরবিন্দ কেজরিওয়াল। আর সেই সঙ্গে নিজের ঈর্ষণীয় রেকর্ড বজায় রাখলেন ভোটকৌশলী পিকে।

ফল নিশ্চিত হওয়ার পরই টুইটারে দিল্লিবাসীকে ধন্যবাদ জানান প্রশান্ত কিশোর। তিনি লিখেন, ভারতের আত্মাকে রক্ষা করার জন্য দিল্লিকে অনেক ধন্যবাদ। রাজধানীতে জয়ের মুখ কেজরি হলেও তাঁর নেপথ্যের মানুষটির জাদুকাঠিতেই মিলেছে এত বড় সাফল্য। কিন্তু বিধানসভা নির্বাচনে জয়ের জন্য কেজরিকে ঠিক কোন মন্ত্রে দীক্ষিত করেছিলেন পিকে? কোন স্ট্র্যাটেজিতে হল বাজিমাত? সূত্রের খবর, একটি পরামর্শেই ভোটের রাজনীতিতে কেজরিকে সঠিক পথ দেখিয়েছিলেন প্রশান্ত কিশোর। দিল্লি নির্বাচনের মাস দু’য়েক আগে কেজরিওয়ালের দলের সঙ্গে চুক্তি হয় তাঁর। পরবর্তী দু’মাস দিল্লিকেই নিজের ধ্যানজ্ঞান করেছেন। মানুষের মন বোঝার চেষ্টা করেছেন। আর তারপরই কেজরির হাতে তুলে দিয়েছেন সঞ্জীবনী বুটি।

আম আদমি সুপ্রিমোকে নাকি প্রশান্ত কিশোর বলেছিলেন, দ্বন্দ্ববাদী আচরণ ছেড়ে কেজরিকে উন্নয়নের মুখ হয়ে উঠতে হবে। অর্থাৎ বিরোধীদের ভুলত্রুটি না খুঁজে-বিজেপির সমালোচনা না করে রাজ্যের উন্নয়নকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, সেদিকেই মন দিতে হবে। সেই পরামর্শ মেনেই রাজ্যের বিভিন্ন স্থানে সিসিটিভি বসানো থেকে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার মতো স্কিম চালু করেন কেজরি।

প্রশান্ত কিশোর জানতেন, লড়াইটা যখন নরেন্দ্র মোদি-অমিত শাহের মতো হেভিওয়েট মগজাস্ত্রের বিরুদ্ধে, তখন খেলা সুপার ওভারে গড়াতেই পারে। তাই বিজেপি যখন ভোট পেতে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করল, তখন এএপি- র জয় নিশ্চিত করতে কেজরির রোজনামচায় হনুমান চালিশা জুড়ে দিলেন প্রশান্ত কিশোর। বিজেপি নেতা কেজরিকে ‘জঙ্গি’ আখ্যা দিতেই প্রতিবাদ মিছিল করাও স্ট্র্যাটেজিরই অংশ।

শুধু তাই নয়, অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য যেদিন কেন্দ্র ট্রাস্ট গঠনের ঘোষণা করে, সেদিনও পিকের ঝুলিতে গচ্ছিত ছিল দাওয়াই। পরিকল্পনা করেই সমস্ত সংবাদপত্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল আপ সুপ্রিমোর ইন্টারভিউ। যাতে শিরোনামে তিনিও সমান গুরুত্ব পান। প্রশান্ত কিশোরের এই সব ছোটখাটো গুগলিতেই দিল্লিতে বাজিমাত হয়েছে। বাংলা আর তামিলনাড়ুতেও কি নিজের রেকর্ড বজায় রাখতে পারবেন পিকে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

করোনাভাইরাস : স্বার্থ ত্যাগ করে প্রশংসায় ভাসছেন ‘মিস্টার বিন’

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেবল চীনেই এক হাজার একশ ১০ জনের বেশি মানুষ মারা গেছেন। এছাড়া আরো ৪৪ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে বেঁচে থাকার জন্য লড়ছেন।

করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়া ঠেকাতে এরই মধ্যে বিভিন্ন দেশ চীনের সঙ্গে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ করে দিয়েছে। নিজেদের দেশের নাগরিক সরিয়ে নিয়েছে অনেক দেশই।

তবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কেন্দ্রস্থল উহান শহর ছেড়ে চলে যাননি মিস্টার বিন খ্যাত অভিনেতা ব্রিটিশ নাগরিক নিগেল ডিক্সন। তার দাবি, নিজেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে করোনাভাইরাস ছড়িয়ে দিতে চান না। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি না জেনেই নিজের দেশে ফিরে গিয়ে অন্যদের ঝুঁকির মধ্যে ফেলতে চান না তিনি। সে কারণে উহানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।

কেবল উহান শহরে থেকে যাননি তিনি। উহানে থেকেই করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে সচেতন করার কাজে নেমেছেন। এরই মধ্যে করোনাভাইরাস নিয়ে ‘মিস্টার পিয়া’ নামে সচেতনতার রসাত্মক সিরিজ বের করেছেন। তারপর সেগুলো চীনের সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

৫৩ বছর বয়সী নিগেল ডিক্সন সবসময় রোয়ান অ্যাটকিনসনকে আইকন মানেন। ৩০ বছর বয়স থেকেই তিনি মিস্টার বিন চরিত্রে অভিনয় করে আসছেন। তিন বছর আগে চীনে কমেডি সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয় তিনি। এবার করোনাভাইরাস নিয়ে সচেতন করার জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

জানা গেছে, ২ জানুয়ারি তিনি উহানে যান। কয়েকদিন পরেই দেশে ফিরে যাওয়ার কথা ছিল তার। তবে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে তিনি আর ফিরে যাননি। ব্রিটিশ নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার খবরও ছিল তার কাছে। তাকে ফিরে যাওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে তিনি উহান ছেড়ে কেবল নিজের ভালোর কথা ভাবতে পারেননি।

জানা গেছে, কিভাবে নিজে পরিচ্ছন্ন থাকতে হবে, কিভাবে মাস্ক পরতে হবে, কিভাবে অন্যদের থেকে নিরাপদ থাকা এবং অন্যদেরও নিরাপদ রাখা যায়- সেসব বিষয় নিয়ে কমেডি করছেন তিনি। মূলত, হাসির মধ্য দিয়ে সবাইকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। করোনাভাইরাসের প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত তিনি উহান শহর ছাড়বেন না বলে ঠিক করেছেন।

চর্মরোগ নির্ণয়ের নতুন পদ্ধতি নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে লেকচার কনফারেন্স

0

বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির উদ্যোগে আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ডার্মাটোলজি বিভাগের অনুষ্ঠিত হয় চর্ম রোগ নির্ণয় নতুন পদ্ধতি নিয়ে বিশেষ লেকচার কনফারেন্স।

ভারতের দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স-এর অধ্যাপক ডাক্তার এম রামাম ভিডিও কনফারেন্সে তাঁর বক্তব্য উপস্থাপন করেন। একইসঙ্গে দেশের একাধিক প্রতিষ্ঠান থেকেও একই পদ্ধতিতে এই কনফারেন্সে বিভিন্ন পর্যায়ের চর্মরোগ বিশেষজ্ঞরা অংশ নেন।

মূল ভেনুতে এই কনফারেন্সে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের ডার্মাটোলজি চিকিৎসকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সিকদার। কনফারেন্সের সমন্বয় করেন বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির সেক্রেটারি জেনারেল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডার্মাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সাইফুল ইসলাম ভূঁইয়া।

কনফারেন্সে ভারতের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার রামাম চর্মরোগ নির্ণয় নতুন নতুন পদ্ধতির বিষয়ে নানান ধরনের দিকনির্দেশনা তুলে ধরেন। বিশেষ করে নতুন ধরনের চর্মরোগ নির্ণয় প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষায় এসময় গুরুত্ব দেওয়া হয়।

আজহারীর চালানো গাড়িটি আসলে কার?

0

সব ধরনের মাহফিল স্থগিত করে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দিলেও সমালোচনা পিছু ছাড়ছে না ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে আজহারীর একটি গাড়ি ও গাড়ি চালানোর কয়েকটি ছবি। ছবিতে দেখা গেছে, মিজানুর রহমান আজহারী একটি ‘বেন্টলি’ গাড়ি চালাচ্ছেন যার বাজারমূল্য কমপক্ষে ৫ কোটি টাকা।

ছবিগুলো আজহারী বিরোধী হিসেবে পরিচিত বিভিন্ন ফেজবুক পেজ ও আইডি থেকে পোস্ট করে প্রশ্ন ছোড়া করা হচ্ছে। ইসলামের একজন দাঈ হয়ে মালয়েশিয়ায় কি করে এতো দামি গাড়ি কেনেন আজহারী? মাহফিলে মহানবী হজরত মুহাম্মদ (সা:) ও সাহাবাদের ত্যাগি ও সাদাসিধে জীবনের কথা বলে মালয়েশিয়ায় কি তিনি বিলাসবহুল জীবনযাপন করছেন?

সমালোচনাকারীরা বলছেন, দেশে কোটি কোটি টাকা কামিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেই মালয়েশিয়ায় চলে গেছেন আজহারী। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে আজহারীভক্তদের সঙ্গে তার বিরোধীরা তুমুল বাকবিতণ্ডায় মেতেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এ বিলাসবহুল গাড়ি আজহারীর নয় এবং তিনি মালয়েশিয়ায় গিয়ে এ গাড়ি চালাননি। ছবিগুলো তার সম্প্রতি তোলা নয়ও বলে জানা গেছে। মূলত এ গাড়িটি আজহারী চালিয়েছেন সিঙ্গাপুরে। আর গাড়ির মালিকের নাম – সাহিদুজ্জামান টরিক।

সাহিদুজ্জামান টরিকের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, সাহিদুজ্জামান টরিক সিঙ্গাপুর-বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের সাবেক সভাপতি। তার দেশের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। ছয়-সাত মাস আগে টরিকের নিমন্ত্রণে এক মাহফিলে যোগ দিতে সিঙ্গাপুরে যান মিজানুর রহমান আজহারী। সে সময় সেখানে টরিকের এই গাড়িতে চড়ে সিঙ্গাপুর ঘুড়েন। তিনি নিজেও অল্প কিছু সময় গাড়ি চালান। সে সময় তোলা ছবিগুলোই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, গাড়ির নেমপ্লেট দেখলেই বোঝা যায় এটা মালয়েশিয়ার কোনো গাড়ি নয়। এখানে SJZ888IR লেখা। আর এমন নেমপ্লেট সিঙ্গাপুরের গাড়িগুলোর হয়ে থাকে।

উল্লেখ্য, মিজানুর রহমান আজহারীর সঙ্গে সাহিদুজ্জামান টরিকের বন্ধুত্ব রয়েছে। গত বছরের ১৬ ডিসেম্বর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসায় তাফসিরুল কোরআন মাহফিলে আজহারী যোগ দিয়েছিলেন। ওই মাদ্রাসার পরিচালকই সাহিদুজ্জামান টরিক।

সেদিন প্রায় ৫০ বিঘা জমিতে মাহফিলের আয়োজন করা হয়। আজহারীর বক্তব্যের সময় সাহিদুজ্জামান টরিককে তার পাশেই দেখা গেছে।

আলোচনার শুরুতে আজহারী বলেন, এ মাহফিলের আয়োজক সাহিদুজ্জামান টরিক আমার বড়ভাই। তিনি একজন শিল্পপতি ও সিঙ্গাপুর বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের সাবেক সভাপতি। সিঙ্গাপুর গেলে আমি তার কাছেই থাকি। গত কোরবানি ঈদে সেখানে তার তত্ত্বাবধানে বেশ কয়েকটি ইসলামি প্রোগ্রামে অংশ নিয়েছি।

রাজশাহীতে আজ শেখ কামাল আইটি সেন্টার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীতে শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, ‘শেখ হাসিনা বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক পার্কে শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার উদ্বোধন করবেন।’

সূত্র আরো জানায়, এ সেন্টার ডিজিটাল বাংলাদেশ ও জ্ঞানভিত্তিক সোসাইটি গঠন এবং কর্মসংস্থানে সহায়তা করবে। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাতটি জেলা ও ২৩ উপজেলায় পাওয়ার প্লান্ট উদ্বোধন করবেন। পরে প্রধানমন্ত্রী বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মাসব্যাপী নাট্য উৎসব উদ্বোধন করবেন। সূত্র : বাসস।

সুজনকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া উচিত : পাপন

0

বাংলাদেশের ক্রিকেটের সম্ভবত সবচেয়ে বিতর্কিত ব্যাক্তিটির নাম খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির এই চেয়ারম্যান নানা কারণে বারবার বিতর্কিত হয়েছেন। অথচ, টাইগার যুবাদের বিশ্বকাপ জয়ের পেছনে তার অবদান সবচেয়ে বেশি বলে মনে করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাংবাদিকদের সামনে খালেদ মাহমুদ সুজনের উচ্ছসিত প্রশংসা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার মতে, সুজনকেই সবচেয়ে বেশি সম্মান দেওয়া উচিত।

একাধিকবার ক্যাসিনোতে গিয়ে ক্যামেরাবন্দি হয়ে সমালোচিত হয়েছেন সুজন। প্রতিবারই তিনি বলেছেন ক্যাসিনোতে খেতে যাওয়ার কথা। তবে অনূর্ধ্ব-১৯ দলে সুজনের অবদান নিয়ে গতকাল সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি প্রধান বলেন, ‘আজ আমি প্রথম নামটাই বলব- সুজন। আসলে ক্রিকেট বোর্ডে আমরা আসার আগে যে বোর্ডগুলা ছিল, ওইগুলা নিয়ে তো কেউ কিছু বলে না। আমরা তো হলাম তোপের মুখে। তার মধ্যে সবচেয়ে বেশি তোপের মুখে হচ্ছে খালেদ মাহমুদ সুজন। তার বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার সকলে। তার পজেটিভ কখোনো শুনি না।’

এর আগে বার দুয়েক জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সুজন। এরপর এখন পর্যন্ত বেশ কয়েকবার স্থায়ীভাবে জাতীয় দলের কোচ হতে চেয়েছিলেন। সেসব নিয়ে অনেক সমালোচনা আর ট্রল হয়েছে। তবে তাকে প্রাপ্য সম্মান দিতে চান পাপন, ‘এটাই বলছিলাম যে, যারা সবচেয়ে বেশি কাজ করে এবং শুধু ক্রিকেট নিয়েই ভাবে, অন্য কোনো চিন্তা নাই মাথায়, তাদের সবসময় এরকমই কপাল হয়। তবে আজকের এই সাফল্যের পেছনে আমি বলেছি, বোর্ড থেকে যদি কাউকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া উচিত, সেটা হচ্ছে খালেদ মাহমুদ সুজন।’

গত রবিবার ভারতকে ৩ উইকেটে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ের পর আনন্দে কাঁদতে দেখা গেছে খালেদ মাহমুদ সুজনকে। সুজন। ধারাভাষ্যকার ইয়ান বিশপ বলছিলেন, ‘ইনি সেই মানুষ, যিনি বিশ্বকাপের আগে তাদের সমস্ত পরিকল্পনা করেছিলেন।’ কথাটির আক্ষরিক অর্থ যাই হোক না কেন, বিশ্বকাপ জয়ের আনন্দে বিতর্কিত ব্যক্তিত্ব খালেদ মাহমুদের এই কান্না নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তার এই কান্নার দৃশ্য দেখে ক্রিকেটপ্রেমীরাও জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া।

বাংলাদেশের পর নিউজিল্যান্ডেই এত খারাপ খেললেন কোহলি!

0

বিরাট কোহলি মানেই ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটানো। প্রতিপক্ষ বোলারদের হাঁটুতে কাঁপুনি ধরিয়ে দেওয়া। তারও খারাপ সময় আসে, কিন্তু এতটা খারাপ সময় ক্যারিয়ারে বেশি দেখেননি কোহলি। আজ তৃতীয় ওয়ানডে হেরে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। ৫০ ওভারের ম্যাচে তার খারাপ সময় দেখে ক্রিকেটপাগলদের মনে পড়ে যাচ্ছে ৫ বছর আগের স্মৃতি। সেই সময় বাংলাদেশের বিপক্ষে কোহলির খুব খারাপ সময় কেটেছিল।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই হেরে গেছে ভারত। মাউন্ট মাউঙ্গানুইয়ের তৃতীয় ওয়ানডে ম্যাচ কোহলির দলের কাছে নিয়মরক্ষার। চোটের জন্য রোহিত শর্মা ওয়ানডে সিরিজ থেকে আগেই ছিটকে যাওয়ায় ভারতের ওপেনিং স্লট দুর্বল হয়ে যায়। রোহিতের অনুপস্থিতিতে কোহলির দায়িত্ব নেওয়া উচিত ছিল। কিন্তু সেটা তিনি পারেননি। প্রথম ওয়ানডেতে ভারত অধিনায়ক করেন ৫১ রান, দ্বিতীয় ম্যাচে ১৫ এবং তৃতীয় ম্যাচে করেন মাত্র ৯ রান! তিন ম্যাচে ২৫ গড়ে কোহলির সংগ্রহ ৭৫ রান।

গত ৪ বছরে কোহলিকে ব্যাট হাতে এতটা ম্লান দেখায়নি। এবারের নিউজিল্যান্ড সফরের কাছাকাছি রয়েছে ২০১৫ সালের বাংলাদেশ সফর। ওই সফরে বাংলাদেশে এসে ৩ ম্যাচে মাত্র ৪৯ রান করেছিলেন কোহলি! তিন ম্যাচের সেই সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল মাশরাফির বাংলাদেশ। কোহলির সাম্প্রতিক সর্বশেষ ৯টি ইনিংস এরকম- ৪,০,৮৫, ১৬, ৭৮, ৮৯, ৫১, ১৫ এবং ৯। এই বিশ্বসেরা ব্যাটসম্যান নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যে, সামান্য খারাপ করলেও সমর্থকেরা হতাশ হয়ে পড়েন।

এদের সবার বয়স উনিশের বেশি : বিষেণ সিং বেদি

0

উপমহাদেশে বয়স ভাঁড়িয়ে খেলা বহু পুরাতন ইস্যু। বাংলাদেশে তো প্রতিটি মানুষেরই দুটি জন্মদিন- একটি আসল আরেকটি সার্টিফিকেটের। পাকিস্তানের শহিদ আফ্রিদি তো ৫ বছর কমিয়ে পুরো ক্যারিয়ার শেষ করেছেন! ইদানিং এই বিষয়টি নিয়ে খুব কঠোর অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গত রবিবার ভারতকে হারিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর খেলোয়াড়দের বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ভারতীয় স্পিনার বিষেণ সিং বেদি।

অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের বয়স আসলেই উনিশের নিচে কিনা এই বিতর্ক পুরনো। বাংলাদেশ আর ভারত দুই দলের ক্রিকেটারদেরই বয়স বেশি উল্লেখ করে বেদি বলেছেন, ‘ভারত, পাকিস্তান, বাংলাদেশ-এশিয়ার যেসব দেশ সেমিতে উঠেছে, তাদের প্রত্যেক খেলোয়াড়ের বয়স উনিশের বেশি। আপনি এক মাইল দূরে দাঁড়িয়ে থেকেও এটা বুঝতে পারবেন। কয়েক বছর আগে রাহুল দ্রাবিড় বয়স বাড়িয়ে খেলানো নিয়ে প্রশ্ন তুলেছিল। আমাদের হয়েছেটা কী? আমি অনেক হতাশ।’

শুধু বয়স নয়, ম্যাচের শেষে মাঠের ভেতর যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন দুই দলের ক্রিকেটাররা, তারও কঠোর সমালোচনা করেছেন বেদি। এজন্য অবশ্য দুই দলের পাঁচ ক্রিকেটার আইসিসি থেকে কঠোর শাস্তিও পেয়েছেন। বেদি বলেন, ‘দেখুন, বাংলাদেশ যা করেছে, সেটা তাদের সমস্যা। আমাদের ছেলেরা যা করেছে, সেটা আমাদের সমস্যা। কোনোভাবেই এমন ব্যবহারের কোনো যুক্তি থাকতে পারে না। তাদের ব্যবহার ছিল অত্যন্ত জঘন্য ও নিন্দনীয়।’

এসডিজি বাস্তবায়নে আশাবাদ গুড নেইবারস সম্মেলনে

0

সকলের সম্মিলিত প্রয়াসে নির্ধারিত সময়ের আগেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি শামসুল হক টুকু। তিনি এই অগ্রযাত্রার প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে সমমনা প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে মোকাবেলা করার আহ্বান জানান। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মঙ্গলবার সকালে শিশু অধিকার ইস্যুতে কর্মরত আন্তর্জাতিক সংগঠন ‘গুড নেইবারস’ বাংলাদেশের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুলের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু, ডব্লিউএফপি’র সিনিয়র ম্যানেজার সিদ্দিকুল ইসলাম খান, ওয়াল্ড ভিশনের পরিচালক চন্দন জেড গোমেজ, জিবিএন স্টিয়ারিং কমিটির মিনতি রানী রায়, শিশু অধিকার ফোরামের পরিচালক আব্দুস শহীদ মাহমুদ প্রমুখ।
সম্মেলনে শিশুদের উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে শামসুল হক টুকু বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। এক্ষেত্রে শিশু অধিকারের বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যা টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে সহায়ক ভূমিকা রাখছে। ‘বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’ অর্জনে সক্ষম হয়েছে। সে ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনেও বাংলাদেশ সফল হবে। তবে এ জন্য সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুল বলেন, ‘গুড নেইবারস বাংলাদেশ সরকারের পাশাপাশি এসডিজি লক্ষ্য অর্জনের জন্য ১১ জেলায় ১৭টি প্রজেক্টের মাধ্যমে কাজ করে যাচ্ছে। এসডিজি বাস্তবায়নের প্রধান জাতীয় সমস্যা হচ্ছে- অপুষ্টি, শিশু শ্রম, শিশু বিবাহ, বয়সসন্ধিকালীন স্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন। সমমনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে নেটওয়ার্কিং ও পার্টনারশিপকে আরো শক্তিশালী করার মধ্যে দিয়ে সমস্যাগুলোকে মোকাবেলা করতে হবে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে গুড নেইবারসের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানস্থলে তিনটি স্টলে হস্তশিল্পের নানা পণ্য বিক্রি ও প্রদর্শন করা হয়। দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।

চীন থেকে এখন নিজ দায়িত্বে ফিরতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

0

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীন থেকে বাংলাদেশি কাউকে এই মুহূর্তে সরকারিভাবে দেশে ফেরানো হচ্ছে না। তবে ব্যক্তিগত খরচে কেউ ফিরলে পরবর্তী ব্যবস্থা সরকার নেবে।

তিনি বলেন, আমরা খুব সংবেদনশীল, তাদের বাবা-মা অনেকে বলছেন তাদেরকে নিয়ে আসার জন্য। আমরা তাদেরকে বলেছি, আপনারা যদি নিয়ে আসেন, আমাদের কোনো আপত্তি নাই। তারা আসলে আসতে পারে।

আজ মঙ্গলবার দুপুরে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপাতত ৭১৭ জনকে আনা হচ্ছে না। তবে তারা স্বেচ্ছায় নিজ খরচে আসতে পারেন। কারণ, তাদেরকে আনার জন্য এরইমধ্যে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। কিন্তু বিমানের ক্রুরা কেউ বাইরে যেতে পারছে না, বিমান কোথাও যেতে পারছে না। সিঙ্গাপুরে পর্যন্ত যেতে পারছে না।

তিনি বলেন, চীন চায় না করোনাভাইরাস তাদের দেশের বাইরে ছড়াক। তবে সিঙ্গাপুরের একজন ছাড়া আর কোনো বাংলাদেশি করোনাভাইরাসে এখনও আক্রান্ত হয়নি।

তিনি বলেন, চীনের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় আগে থেকেই চীনা নাগরিক ও আমাদের দেশের কিছু নাগরিকদের জন্য ‘অন এরাইভাল ভিসা’ চালু ছিল। সেটি আপাতত আমরা বন্ধ করেছি।

তিনি আরো বলেন, বাংলাদেশিদের চীন সরকার নিয়মিত খাওয়া-দাওয়া ও পানিসহ সব কিছু সরবরাহ করছে। এমনিতে এর আগে চীন থেকে আসা ৩১২ জনকে ঢাকার হজ ক্যাম্পে রাখা হয়েছে। তাদেরকে আরো কিছুদিন রাখা হবে। তারপর তারা তাদের পরিবারের কাছে চলে যাবে।

মোমেন বলেন, আমাদের দেশ খুব ঘনবসতিপূর্ণ, আমাদের কোয়ারেন্টিনেও কিছু সমস্যা হয়। কারণ মা, বাবা, আত্মীয়স্বজন, আশপাশের লোক দেখা করতে চলে যায়। কোয়ারেন্টিনের লোক কেউ নামাজ পড়তে গেলে তো আমরা তাকে আটকাতে পারি না। নামাজে গেলে স্পর্শ থেকেও সেটা ছড়াতে পারে।

তিনি বঙ্গবন্ধুর মানবতার বিভিন্ন উদাহরণ উল্লেখ করে বলেন, দেশে দারিদ্র্যসীমা অর্ধেকে নেমে গেছে। বর্তমানে দেশে সাড়ে ১০ লাখ মানুষ দরিদ্র রয়েছে। প্রধানমন্ত্রীর সহায়তায় এটি আগামী পাঁচ বছরের মধ্যে আরও কমিয়ে আনা হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর মতো তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বমানবতার উদাহরণ ঘটিয়েছেন। বিশ্ব দরবারে প্রধানমন্ত্রীকে ‘মানবতার মা’ হিসেবে শনাক্ত করা হয়।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ, বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুশফিক এম. চৌধুরী, ট্রেজারার মোর্শেদা চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. নূরুল ইসলাম, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।