Home Blog Page 3160

পিলখানা হত্যা মামলা রায়ের বাংলায় লেখা অংশ বাংলা একাডেমিতে হস্তান্তর

0

বহুল আলোচিত বিডিআর বিদ্রোহের জেরে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাযজ্ঞের মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের মধ্যে বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর বাংলায় লেখা অংশ বাংলা একাডেমির কাছে হস্তান্তর করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আজ মঙ্গলবার সকালে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর কাছে তার কার্যালয়ে এই রায়ের অনুলিপি হস্তান্তর করা হয়। হাইকোর্টের সর্বমোট ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার রায়ের মধ্যে বাংলায় লেখা ১৬ হাজার ৫শ ৫২ পৃষ্ঠার অনুলিপি সংরক্ষণের জন্য দেওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান ও হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. আব্দুর রহমান রায়ের অনুলিপি হস্তান্তর করেন। এর আগে সোমবার একই অংশ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কাছে হস্তান্তর করা হয়।

বিডিআরের ১৩৯ জন সদস্যের মৃত্যুদণ্ড অনুমোদন করে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চ ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর প্রকাশ্য আদালতে সংক্ষিপ্ত রায় দেন। রায়ে ১৩৯ জনকে ফাঁসি, ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২শ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া নিম্ন আদালতের সাজা বিরুদ্ধে ২৮ জন আপিল না করায় তাদের সাজা বহাল রাখা হয়। সবমিলে ৫শ ৫২ জনকে সাজা দেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ে ২৮৩ জনকে খালাস দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বেঞ্চের সিনিয়র বিচারপতি মো. শওকত হোসেন মূল রায় লিখেছেন।

তিনি লিখেছেন ১১ হাজার ৪শ ৭ পৃষ্ঠা, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী লিখেছেন ১৬ হাজার ৫শ ৫২ পৃষ্ঠা এবং বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার লিখেছেন ১১শ পৃষ্ঠা। এর মধ্যে বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর লেখা রায়টি পুরো বাংলায় লেখা। এই তিনজনের লেখা রায় একত্রিত করে গত ৮ জানুয়ারি স্বাক্ষরের পর সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়। এরপর তা সুপ্রিম কোর্টের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এ অবস্থায় বিচারপতি মো. আবু জাফরের বাংলায় লেখা রায়টি বাংলা একাডেমি ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কাছে হস্তান্তর করা হয়।

বহুল আলোচিত পিলখানা হত্যা মামলায় বিচার শেষে ২০১৩ সালের ৫ নভেম্বর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রায় দেয়। রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। আর ২৭৮ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। রায়ের আগেই বিচারকালে ৪ জন মারা যায়। এরপর ফাঁসির আসামিদের সাজা অনুমোদনের জন্য নিম্ন আদালত থেকে হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। কারাবন্দি আসামিরা সাজার বিরুদ্ধে আপিল করেন। এছাড়া সরকারের পক্ষ থেকেও পৃথক তিনটি আপিল করা হয়। সব আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট রায় দেন।

নেপালের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

0

নেপালে সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সোমবার নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী এবং প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা অলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান তাঁদের সঙ্গে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, শুভেচ্ছা সফর ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বিবিধ বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও, সেনাবাহিনী প্রধান নেপাল সেনাবাহিনীর বীরেন্দ্র পিস অপারেশন ট্রেনিং সেন্টার (বিপিওটিসি) পরিদর্শন করেন।

তিনি আজ নেপাল সেনাবাহিনীর একটি ইউনিটও পরিদর্শন করেন।

উল্লেখ্য, সফর শেষে সেনাবাহিনী প্রধান আজ দেশে প্রত্যাবর্তন করেছেন।

দিল্লিতে ধুয়েমুছে সাফ বিজেপি, দেড় বছরে হাতছাড়া ছয় রাজ্য

0

হঠাৎ করেই যেন থমকে গেছে বিজেপির জয়রথ। একের পর এক রাজ্য হাতছাড়া হচ্ছে। গত দেড় বছরে ‘বিজেপিমুক্ত’ হয়েছে পাঁচটি রাজ্য। সেই তালিকায় যুক্ত হয়েছে আরো একটি রাজ্য। দিল্লিতেও মুখে হাসি ফোটাতে ব্যর্থ মোদি-শাহ জুটি। প্রথমদিকে লড়াইয়ে থাকলেও বেলা যতো গড়িয়েছে ক্রমশ পিছিয়ে পড়েছে বিজেপি। শেষপর্যন্ত তাদের হাতে দিল্লির মাত্র সাতটি আসন। অথচ রাজধানীর সাতটি লোকসভা আসনই জিতেছিল তারা। তাহলে কেন এমন পরিস্থিতি? কেনই বা একের পর এক রাজ্য হাতছাড়া হচ্ছে?

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সবকটি সংস্থার বুথ ফেরত সমীক্ষাতে যা বলা হয়েছিল, সেই ফলই হলো দিল্লির বিধানসভা ভোটে। বিজেপিকে কার্যত ধুয়েমুছে সাফ করে দিয়ে দিল্লি দখল করতে চলেছে আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রীর চেয়ারে হ্যাটট্রিকের পথে অরবিন্দ কেজরিওয়াল।

সকাল থেকেই ট্রেন্ড বোঝা যাচ্ছিল। শুরুর দিকে বিজেপি প্রায় ২০টি আসনে এগিয়ে ছিল। কিন্তু সেই ব্যবধান কোথাও ৫৫, কোথাও বা ১০৫ ভোট। বেলা বাড়তেই সেই সুতোর ব্যবধান মুছে যায়। সেই আসনগুলোও জিতে নেয় আপ। বেলা সোয়া তিনটে পর্যন্ত কোনো আসনেই জয়ী প্রার্থীর নাম ঘোষণা করেনি কমিশন। তবে ব্যবধানে স্পষ্ট হয়ে গিয়েছে দিল্লি ফের আপের।

গত দেড় বছরে বিজেপির হাতছাড়া হয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা। দিল্লিতেও ২৭০ জন সাংসদ, ৭০ জন মন্ত্রী প্রচারের কোনো কাজে এল না। শতাংশের নিরিখে ভোট ও আসন বাড়লে সন্তোষজনক ফল করতে পারেনি বিজেপি।

স্বভাবতই হারের কারণ নিয়ে ওঠছে প্রশ্ন। বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রক্ষ্মণ্যম স্বামীর কথায়, ২০১৪ সাল থেকে এখনো পর্যন্ত দলের কাঠামো খতিয়ে দেখা উচিত। তার অভিযোগ, বহু রাজ্যে নিজেদের প্রতিশ্রুতি রাখতে পারেনি বিজেপি, তার ফল হাতেনাতে পেয়েছে নেতৃত্ব। একই কথা বলছেন দিল্লির বিজেপি প্রার্থী কপিল মিশ্র। তার কথায়, ‘কিছু একটা গড়বড় হচ্ছে। খতিয়ে দেখা দরকার।’ দিল্লির সাংসদ গৌতম গম্ভীর তো স্বীকার করেই নিলেন। তিনি বলেন, ‘দিল্লির মানুষকে আমরা বোঝাতে পারিনি’। তবে দলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে অন্য সুর।

ভারতের লোকসভা হোক কিংবা বিধানসভা, এমনকি পৌরসভা নির্বাচনের বৈতরণী পার করতে বিজেপির ভরসা মোদি-শাহ জুটি। সর্বত্রই তাদের নাম জপে কাজ বের করার পরিকল্পনা করেছে বিজেপি নেতৃত্ব। প্রচার করতে ছুটে আসছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীরা। অথচ প্রচারে সেভাবে দেখাই মিলছে না রাজ্য নেতৃত্বের। ফলে রাজ্যে কোনো নেতাই তৈরি হচ্ছে না। আবার পুরনো নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জড়ো হচ্ছে। কিন্তু নির্বাচনে প্রার্থী করার সময় সেসব দিকে কান দিচ্ছেন না বিজেপি নেতৃত্ব। ফলে সাধারণ মানুষের সমর্থন হারাচ্ছেন তারা।

দেশটির রাজনৈতিক মহলের পর্যবেক্ষণে ওঠে এসেছে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য। দিল্লির নির্বাচনের প্রচারেও বারবার পাকিস্তান বিরোধিতা কিংবা ধর্মীয় ভেদাভেদের কথা তুলে এনেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। অথচ স্থানীয় ইস্যু সম্পর্কে একটি শব্দও খোঁজ করছেন না তারা। ফলে স্বভাবতই জাতীয়স্তরের নির্বাচনের বৈতরণী পার করতে পারলেও, বিধানসভায় বারবার ধাক্কা খাচ্ছে বিজেপি শিবির।

সামনেই বিহার-পশ্চিমবঙ্গ-আসামের নির্বাচন। তাই এ রাজ্যগুলোতে জিততে বিজেপিকে এখনই রাজ্যে নেতা গড়ার দিকে মন দিতে হবে বলে দাবি করছেন রাজনৈতিক মহল।

জন্মদিনের শ্রেষ্ঠ উপহার পেলেন ‘‌দিল্লির বাদশা’‌র স্ত্রী

0

আজ ১১ ফেব্রুয়ারি। অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রীর জন্মদিন। সেই জন্মদিনেই স্ত্রীকে শ্রেষ্ঠ উপহার দিলেন তিনি। বিজেপিকে বুঝিয়ে দিলেন, ‘‌দিল্লির বাদশা’‌ তিনিই। ৭০ আসনের দিল্লি বিধানসভা কেন্দ্রে বিরাট ব্যবধানে জিততে চলেছে আপ। বিজেপি ধুয়েমুছে সাফ হয়ে গেছে।

দিল্লি বিধানসভা নির্বাচনে হ্যাটট্রিক করে ফের ক্ষমতায় ফিরতে চলছে আম আদমি পার্টি। তৃতীয়বার সরকার গড়তে চলেছে আপ। কর্মী-সমর্থকদের মধ্যে উৎসব শুরু হয়ে গেছে। মঙ্গলবারই আবার ৫৪ বছরে পা দিয়েছেন কেজরির স্ত্রী সুনীতা। ভোটের আগে সুনীতা সবরকমভাবে স্বামীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কেজরিওয়ালের জন্য দিন-রাত এক করে প্রচার চালিয়ে গিয়েছেন তার স্ত্রী। দরজায় দরজায় গিয়ে ভোট প্রার্থনা করেছেন। বিজেপি নেতারা তার স্বামীকে ‘‌সন্ত্রাসবাদী’‌ তকমা দেওয়ায় গর্জে ওঠেছেন সুনীতা।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় সুনীতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আপ সমর্থকরা। সকালে বাসভবন ছেড়ে দলীয় কার্যালয়ে চলে আসেন অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে ছিলেন স্ত্রী। চারিদিক থেকে জয়ের খবর আসতেই শুরু হয় কেক কাটা। সুনীতা দলীয় কার্যালয়েই কেক কাটেন। খাইয়ে দেন স্বামীকে। আর জন্মদিনে স্ত্রীকে কী উপহার দিলেন কেজরি?‌ আগামী পাঁচ বছরের জন্য রাজধানী থাকবে কেজরিওয়ালের হাতে। বিপুল ভোটে জয়ের থেকে শ্রেষ্ঠ উপহার আর কী হতে পারে!

দিল্লিবাসী নতুন রাজনীতির জন্ম দিয়েছেন : কেজরিওয়াল

0

দিল্লিতে মুখে হাসি ফোটাতে ব্যর্থ মোদি-শাহ জুটি। প্রথমদিকে লড়াইয়ে থাকলেও বেলা যতো গড়িয়েছে ক্রমশ পিছিয়ে পড়েছে বিজেপি। হাসি ফোটেছে কেজরিওয়ালের। তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর মসনদে বসতে চলা কেজরিওয়াল মঙ্গলবার বিকেলে দলীয় দপ্তরের বারান্দায় বসে ‘‌‌ভারত মাতা কি জয়’ আর ‘‌ইনকিলাব জিন্দাবাদ’‌ স্লোগান দিলেন। বললেন, ‌দিল্লির মানুষ আজ এক নতুন রাজনীতির জন্ম দিয়েছেন, যার নাম কাজের রাজনীতি।

গত পাঁচ বছর যেভাবে দিল্লির উন্নয়ের চেষ্টা করেছেন, আগামী পাঁচ বছরও সেটাই করবেন বলে এদিন প্রতিশ্রুতি দেন কেজরিওয়াল। এর আগে ভোটের আগের দিন দিল্লিতে হনুমান মন্দিরে গিয়ে পূজা দেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেটা নিয়ে কেজরিওয়ালকে ঠুকে দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারি বলেছিলেন, কেজরিওয়ালের ছোঁয়ায় হনুমানজির মূর্তি অপবিত্র হয়ে গেছে। তাই সেটাকে ভালো করে ধুতে পুরোহিতকে নির্দেশ দেন তিনি। এদিন সেই ঘটনাকেই উল্লেখ করে নাম না করে বিজেপিকে ঠুকে কেজরিওয়াল বলেন, ‘হনুমানজিকে অনেক ধন্যবাদ। প্রভুজিকে ধন্যবাদ। ‌আগামী পাঁচ বছর তারা আমাদের পথ দেখাক। দিল্লিতে পবনপুত্রের আশির্বাদ ঝরে পড়ুক।’

তৃতীয়বার ভরসা করার জন্য দিল্লির আমজনতাকে ধন্যবাদ জানিয়ে কেজরিওয়াল সাফ বললেন, এই জয় আমার জয় নয়। সারা দিল্লিবাসীর জয়। এটা দিল্লির সেই সব পরিবারের জয় যারা আমাকে নিজের ছেলে ভেবে এত ভোট দিয়েছে। এটা সেই সব পরিবারের জয় যারা দিল্লিতে ২৪ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছে। যাদের বাচ্চারা ভালো শিক্ষা পাচ্ছে। যাদের বাড়ির পীড়িতরা ভালো চিকিৎসা পাচ্ছেন।

কেজরিওয়াল বলেন, এই জয় দেশবাসীর কাছে বার্তা যে, সেই দলই ভোট পাবে যারা স্থানীয় এলাকার উন্নয়ন করবে, রাস্তা মেরামত করবে। মানুষকে পানি, বিদ্যুৎ, সুশিক্ষা, সুস্বাস্থ্যের পরিষেবা দেবে। ভোটে দলের হয়ে কাজ করার জন্য দলীয় কর্মীদেরও ধন্যবাদ জানান তিনি।

স্ত্রীকে নিয়ে ভারত সফর করবেন ট্রাম্প

0

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছে। একান্তে আলোচনা হয়েছে। বিভিন্ন ইস্যুতেও নিজের মতামতও জানিয়েছেন। কিন্তু ভারতে পা রাখেননি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এবারই প্রথমবারের জন্য ভারতে পা রাখতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি; এই দুই দিনের সফরে ভারতে আসছেন তিনি। একা নয়। স্ত্রী মেলানিয়াকেও সঙ্গে আনছেন ট্রাম্প।

ইমপিচমেন্টের খাঁড়া ঝুলছিল ডোনান্ড ট্রাম্পের ওপর। সেই ইমপিচমেন্টের ফাঁড়া কেটেছে গত সপ্তাহে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল আগামী নভেম্বরে হতে চলা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার জন্য তিনি ইউক্রেনের কাছে অন্যায়ভাবে সাহায্য চান। সেই অভিযোগ সামনে আসার পর মার্কিন মুলুকে হুলস্থূল শুরু হয়। এই পরিস্থিতিতে ইমপিচমেন্টের সম্ভাবনা জোড়ালো হয়। যা থেকে গত সপ্তাহেই ট্রাম্পকে মুক্তি দিয়েছে মার্কিন সিনেট। তারপরই ভারতে আসার কথা ঘোষণা করা হয়।

ভারতে সফরকালে ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের আমেদাবাদেও যাবেন। গত সপ্তাহান্তেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে কথা হয়েছে। যেখানে ট্রাম্পের এই সফর ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত করবে বলেই আশা প্রকাশ করেন ২ রাষ্ট্রনায়ক। ভারত ও আমেরিকার বাসিন্দাদের মধ্যেও সম্পর্কের বন্ধন আরও শক্ত হবে এই সফরে বলে মনে করছেন তারা।

করোনাভাইরাস : একে একে চার দেশ ফিরিয়ে দিল জাহাজটিকে

0

প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে সূত্রপাত প্রাণঘাতী এই করোনাভাইরাসের। আর এই ভাইরাস ঠেকাতে দুই সপ্তাহ ধরে সাগরে ভাসতে থাকা একটি জাহাজকে নিজেদের সমুদ্রবন্দরে নোঙর করতে নিষেধ করে দিয়েছে থাইল্যান্ড।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, করোনা আতঙ্কের মধ্যেই গত দুই সপ্তাহ ধরে সমুদ্রে ভাসছে হল্যান্ড আমেরিকা লাইনের ওয়েস্টারডাম নামের একটি শিপ। এটিতে রয়েছে দুই হাজার দু’শ ৫৭ জন যাত্রী। একপর্যায়ে নোঙর করতে যায় থাইল্যান্ডের সমুদ্রবন্দরে। কিন্তু দেশটির কর্তৃপক্ষ তাদের বন্দরে এই জাহাজের নোঙর করায় নিষেধাজ্ঞা আরোপ করে। বলা হচ্ছে, এই জাহাজটিতে কয়েকজন ব্যক্তি করোনাভাইরাসের আক্রান্ত হয়ে থাকতে পারে।

আজ মঙ্গলবার থাইল্যান্ডের জনস্বাস্থ্যমন্ত্রী অনুটিন চার্নভিরাকুল এক ফেসবুক পোস্টে নিষেধাজ্ঞার এই ঘোষণার কথা জানান। এতে তিনি জানান, ওই জাহাজকে ব্যাংককের কাছে বন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর আগেও এই জাহাজটি তিনটি দেশের সমুদ্রবন্দরে প্রবেশের চেষ্টা করে। কিন্তু কোনো দেশই অনুমতি দেয়নি। জাপান, ফিলিপাইন ও গুয়াম; তাদের বন্দরে এই জাহাজকে প্রবেশ করতে দেয়নি। করোনাভাইরাসের হাত থেকে রক্ষায়া সমুদ্রের বুকে ভাসিয়ে রাখা হয়েছে এই জাহাজকে।

এদিকে, কার্নিভালের ডায়মন্ড প্রিন্সেস নামের একটি প্রমোদতরীকেও জাপান সমুদ্রের বুকে কোয়ারেন্টাইন করে রাখেছে। ওই জাহাজটিতে রয়েছে তিন হাজার সাতশ মানুষ। জাহাজটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগী রয়েছে। আর জাহাজটিতে কারোনা আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে।

গত ১ ফেব্রুয়ারি হংকং ছেড়ে আসে ওয়েস্টারডাম। সোমবার শোনা যাচ্ছিল জাহাজটি থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে নোঙর করবে। কিন্তু মঙ্গলবার সকালে জানা যায়, সেই প্রস্তাবও নাকচ করে দিয়েছে ব্যাংকক কর্তৃপক্ষ। থাইল্যান্ডের প্রত্যাখ্যানের পর জাহাজটিতে আটকে থাকা কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য করছেন।

হল্যান্ড আমেরিকা লাইন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, যেকোনো বন্দরে নোঙর করা নিয়ে আমরা সক্রিয়ভাবে কাজ করছি। আর আমরা সক্ষম হয়ে গেলেই আপডেট দেওয়া হবে। থাইল্যান্ডকে দেওয়া প্রস্তাব নাকচ সম্পর্কে সবাই অবগত রয়েছেন বলেও জানানো হয়। তারা জানান, আমরা জানি যে, এটি আমাদের অতিথি এবং তাদের পরিবারের জন্য বিভ্রান্তিকর। আমরা তাদের ধৈর্য্যের প্রশংসা করি।

হল্যান্ড আমেরিকা লাইন বলেছে, জাহাজটি কোয়ারেন্টাইনে নেই। এতে করোনাভাইরাসে আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি। জাহাজটিতে পর্যাপ্ত জ্বালানি এবং খাবারের ব্যবস্থা রয়েছে বলে তাদের ওয়েবসাইটে জানানো হয়।

সংরক্ষিত তেলের ১৫ মিলিয়ন ব্যারেল বেচতে চান ট্রাম্প

0

যুক্তরাষ্ট্রের জরুরি প্রয়োজনে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখা তেল থেকে ১৫ মিলিয়ন ব্যারেল বিক্রি করে দিতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, ২০২১ সালের বাজেটের পরিকল্পনার অংশ হিসেবে ওই তেল বিক্রির প্রস্তাব দিয়েছেন তিনি।

ট্রাম্পের প্রস্তাবটি বর্তমানে কংগ্রেসে পাসের অপেক্ষায় রয়েছে। পাস হলে, তেল বিক্রির অর্থ দিয়ে জ্বালানি বিষয়ক দপ্তরের কর্মকান্ডের খরচ বহন করা হবে।

পৃথিবীর মধ্যে যুক্তরাষ্ট্রের তেল সংরক্ষণাগার সবচেয়ে বড়। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তেল সংরক্ষণ করে রাখছে দেশটি। জানা গেছে, ২০২৭ সালে সরকারি কাজেরে জন্য আরো ২৬০ মিলিয়ন ব্যারেল তেল বিক্রির বিষয়টি উঠতে পারে।

এর আগে ২০১৭ সালে ট্রাম্প চেয়েছিলেন সংরক্ষিত তেলের অর্ধেক বিক্রি করে দেবেন। জানা গেছে, এখন পর্যন্ত ৬৩৫ মিলিয়ন ব্যারেল তেল সংরক্ষণ করে রেখেছে যুক্তরাষ্ট্র।

করোনাভাইরাস : আতঙ্কে কাঁপছে কলকাতা

0

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন চীনফেরত দুই ছাত্র। চীনে তারা ডাক্তারি পড়তেন বলে জানা গেছে।। এদিকে, সোমবার ভর্তি হওয়া দুই চীনা নাগরিককে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য তৈরি আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। দুজনের লালার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই দুই ছাত্রের মধ্যে একজন ১৫ দিন আগে কলকাতায় ফিরেছেন, অন্যজন ফিরেছেন গতকাল। দুজনের শরীরেই করোনাভাইরাসের মতো নানা উপসর্গ লক্ষ্য করা যাওয়ার ফলে কোনও ঝুঁকি না নিয়ে ভর্তি করা হয়েছে।

প্রাণঘাতি করোনাভাইরাস নিয়ে গত মাসখানেক ধরেই কার্যত আতঙ্কে রয়েছে গোটা বিশ্ব। ইতিমধ্যেই চীনে মৃত্যুর মিছিল শুরু হয়েছে। মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৪০ হাজারের বেশি মানুষ। এই ভাইরাস যাতে সংক্রমণ না ছড়াতে পারে, তার জন্য চীনে আসা-যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে বিভিন্ন দেশ।

এদিকে, গত কয়েকদিন ধরে কলকাতাতেও করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। চীনফেরত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তাঁদের দেহে করোনার সন্ধান পাওয়া যায়নি। কিন্তু আতঙ্ক কাটছে না। কয়েকদিন আগেই চীন থেকে আসা দুটি জাহাজের নাবিক ও কর্মীদের নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল।

‘এমভি রয়্যাল পেরিডট’ ও ‘এমভি নীলম্বরী’ নামে দুটি জাহাজ হলদিয়া ডকে পৌঁছনো মাত্র সতর্ক হয়ে যান বন্দরের কর্মকর্তারা। ‘এমভি রয়্যাল পেরিডট’ জাহাজটিতে থাকা ২৪ জন কর্মী মিয়ানমারের বাসিন্দা হলেও, ‘এমভি নীলম্বরী’ জাহাজটির ২৮জন কর্মীই ভারতীয়। দুটি জাহাজের কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সন্দেহজনক কিছু না পাওয়া গেলেও প্রত্যেককেই আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কয়েক দিনআগে বজবজে আসা একটি জাহাজের এক নাবিকের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখনও তিনি হাসপাতালেই আছেন।

জয়ের পথে আম আদমি পার্টি, কেজরিওয়ালই বসছেন মসনদে

0

ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচনে বুথ ফেরত সমীক্ষায় সত্যি হতে যাচ্ছে। আবারো দিল্লির মসনদে বসতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। আজ মঙ্গলবার শুরু হয়েছে দিল্লি বিধান সভার নির্বাচনের ফলাফল ঘোষণা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৩টি আসনে এগিয়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তবে ফলাফল ঘোষণার একেবারে শুরুতে এগিয়ে ছিল বিজেপি। তবে এখন মাত্র ১৬টি আসনে এগিয়ে তারা। আজ সন্ধ্যার মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

এর আগে ভারতের অধিকাংশ বুথ ফেরত জরিপ অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি তথা আপের সহজ জয় দেখছে এবারের নির্বাচনে। ছয়টিরও বেশি জরিপে সমষ্টিগত হিসেব পূর্বাভাস দিয়েছে ৭০টি আসনের মধ্যে ৫৬টিতেই জয়ী হবে আপ।

বিজেপি পাবে ১৪টি আসন। কোনও কো‌নও জরিপে কংগ্রেসের ১ থেকে ৩টি আসনে জয়ী হওয়ার পূর্বাভাস দিচ্ছে। সত্যিই তেমনটা হলে ২০১৫-র তুলনায় কংগ্রেসের ফলাফল অপেক্ষাকৃত ভালো হতে চলেছে। ২০১৫ সালে কংগ্রেস কোনও আসনই পায়নি।

প্রসঙ্গত, ৭০ আসনের দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার আসন সংখ্যা হলো ৩৬টি।