Home Blog Page 3161

আমার আব্বু সম্পূর্ণ সুস্থ আছেন : আবরার ফায়াজ

0

বুয়েটে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মারা গেছেন- এমন খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে কে বা কারা। এরপর থেকেই এই গুজব ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ফাহাদের ভাই আবরার ফায়াজ বিষয়টিকে গুজব হিসেবে নিশ্চিত করে বলেন, এই গুজব ছড়িয়ে পড়ার পর প্রচুর ফোন আসছে।

ফায়াজ লিখেছেন, ‘ভাই রে ভাই,,, দোয়া চাই মাফ ও চাই. দয়া করে একটু থামেন। আমার আব্বু সম্পূর্ণ সুস্থ আছেন। তার কোনোরকমের অসুস্থতার বিষয়ে আমি তার ছেলে কিছু জানি না দূর্ভাজনকভাবে। দয়া করে গুজব থেকে দূরে থাকুন।’

ফায়াজ আরো বলেন, কালকে থেকে কমপক্ষে ২০০+ কল এসেছে এই বিষয় নিয়ে,,, Facebook এ তো জিজ্ঞেস করছেই।।।একটা সুস্থ মানুষ কে এইভাবে মেরে ফেলতেছেন।।সবাই শেয়ার করতেছেন।।শত শত মানুষ কমেন্ট করতেছে (ইন্না-লিল্লাহ….. রাজিউন)। কি এইগুলা! এই জন্যই সরকার গুজবের বিরুদ্ধে এত কড়া পদক্ষেপ নেয়। Please avoaid this rumour.

প্রসঙ্গত, ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে গত বছরের ৫ অক্টোবর বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আবরার। এর জেরে পর দিন রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে তার লাশ সিঁড়িতে ফেলে রাখা হয়।

নৃশংস এ হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। চার্জশিটভুক্ত এই ২৫ আসামিসহ মোট ২৬ ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বুয়েট কর্তৃপক্ষ।

ইসলামপুরে এসি বিস্ফোরণ: দগ্ধ আরো একজনের মৃত্যু

0

পুরান ঢাকার ইসলামপুরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতের সময় কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ আরো এক শ্রমিক মারা গেছেন। মৃত ওই শ্রমিকের নাম আল আমিন (২৫)।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ৮টার দিকে মারা যান আলা আমিন। এ নিয়ে বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হলো।

এর আগে গতকাল সোমবার রাতে একই বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা যান আশিক (২০)। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুরান ঢাকার ইসলামপুরে অবস্থিত লায়ন টাওয়ার নামের একটি ভবনের ছাদে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতের সময় কম্প্রেসর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন শ্রমিক দগ্ধ হন।

দগ্ধ ওই তিনজন হলেন আল আমীন (২৫) আশিক (২০) ও আরিফ (১৮)। তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এর মধ্যে আশিক রাতে বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। আর আজ মঙ্গলবার সকালে মারা গেছেন আল আমিন।

ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মীরু মিয়া বলেন, ১২ তলা লায়ন টাওয়ারে একটি দোকানের কর্মীরা ভবনের ছাদে পুরনো এসি নিয়ে মেরামতের সময় কম্প্রেসর বিস্ফোরিত হলে তিনজন দগ্ধ হন।

চলে গেলেন মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক ইসহাক কাজল

0

মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক, লেখক এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি ইসহাক কাজল আর নেই। গতকাল সোমবার লন্ডন সময় বিকেল ৫টা ২৫ মিনিটে গ্রেটার লন্ডনের কুইন্স হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি ৭২ বছর বয়সে চিরবিদায় নিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছেলে, মেয়ে, নাতি নাতনী, আত্মীয়-স্বজন এবং রাজনৈতিক ও সাংবাদিকতা অঙ্গনের সহকর্মীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

২০০০ সাল থেকে পরিবার নিয়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাসরত ইসহাক কাজল দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়ছিলেন। চার বছরেরও বেশি সময় ক্যান্সারে ভুগে চলে গেলেন এই মুক্তিযোদ্ধা।

১৯৪৮ সালের ২৮ ফেব্রুয়ারি বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার কমলগন্জ উপজেলার পতনউষা ইউনিয়নের পতনঊষা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পতনউষা বালক প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, নয়াবাজার কৃষ্ণচন্দ্র উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক ও সিলেট মদনমোহন কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক জীবনের সূচনায় ছাত্রলীগের সদস্য থাকাকালীন ১৯৬২ এর শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফা ও ৬৯ এর গণঅভ্যুত্থানসহ বাঙালির স্বাধীকার আন্দোলনের প্রতিটি পর্বে অংশ নেন ইসহাক কাজল। ১৯৭১ সালে দেশকে শত্রুমুক্ত করতে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শত্রুর খোঁজে রণাঙ্গনে বিরামহীন সাড়ে নয় মাস অতিবাহিত করেন। যুদ্ধপরবর্তী সময়ে ইসহাক কাজল উপলব্দি করেন, স্বাধীনতা এসেছে কিন্তু শ্রমজীবী মানুষের মুক্তি আসেনি। এ উপলব্দি তাকে আবারো মাটি ও মানুষের কাছে নিয়ে যায়। স্বাধীনতার পর তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

৭৫ এর ১৫ই আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু হত্যার পর পুলিশী হয়রানীর শিকার হয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকতে হয় ইসহাক কাজলকে। পরিণামে শিক্ষকতার চাকরিটিও হারাতে হয়।

পরবর্তীতে শ্রমজীবী মানুষের মুক্তির আকাঙ্ক্ষায় ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন ইসহাক কাজল। ১৯৭৬ সালে সেনা শাসক জিয়াউর রহমানের শাসনামলে এক মাস ৭ দিন কারাবরণ করেন তিনি। এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণেও একাধিক মামলার সম্মুখীন হয়ে দেশত্যাগ করে চার বছর কুয়েতে কাটাতে হয় তাকে। এরপর ২০০০ সালের ২১ এপ্রিল যুক্তরাজ্যে চলে আসেন ইসহাক কাজল।

এই প্রবীন মুক্তিযোদ্ধা সাংবাদিক একজন লেখক ও সাংবাদিক হিসেবেও সুপরিচিত। বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত এ লেখকের লিখিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা প্রায় ২১টি। সিলেট প্রেস ক্লাব ও লন্ডন বাংলা প্রেস ক্লাব নির্বাহী কমিটিতেও বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৮৫-৮৬ সালে সিলেট প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও পরবর্তীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবে তিন মেয়াদে নির্বাচিত তথ্য ও গবেষণা এবং এক মেয়াদে প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত ব্রিটেনের প্রাচীনতম বাংলা সাপ্তাহিক জনমতের পলিটিক্যাল এডিটর এবং যুক্তরাজ্য ওয়াকার্স পার্টির সভাপতির দায়িত্ব পালন করছিলেন ইসহাক কাজল। পাশাপাশি যুক্তরাজ্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মানিত সভাপতি হিসেবেও ছিলেন অধিষ্ঠিত।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ইসহাক কাজল সিলেট জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি, জেলা সংবাদপত্র হকার ইউনিয়ন ও সমবায় সমিতির সভাপতি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বাংলাদেশের তেল-গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা আন্দোলনের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন তিনি। সিলেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন, সিমিটার-বিরোধী আন্দোলন, মধুবন-বিরোধী আন্দোলন, সিলেট বিভাগ আন্দোলন, মাগুরছড়া গ্যাস বিস্ফোরণের ক্ষতিপূরণ আদায়ের আন্দোলনসহ জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বীর এই মুক্তিযোদ্ধা।

জানুয়ারিতে ৫৩১ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৭, আহত ১১৪১

0

চলতি বছরের জানুয়ারি মাসে ৫৩১টি সড়ক দুর্ঘটনায় ৫৪৭ জন নিহত হয়েছে, আহত হয়েছে এক হাজার ১৪১ জন। গতকাল সোমবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি গণমাধ্যমকে এই তথ্য জানায়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে, গত বছরের ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনার হার ৩ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। মোট সড়ক দুর্ঘটনার ৪১ দশমিক ৬১ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৯ শতাংশ জাতীয় মহাসড়কে এবং ২১ দশমিক ২৮ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে।

এর মধ্যে ঢাকা মহানগরে হয়েছে ৪ দশমিক ৭০ শতাংশ, চট্টগ্রাম মহানগরে ২ দশমিক ৪৪ শতাংশ এবং শূন্য দশমিক ৯৪ শতাংশ লেভেলক্রসিংয়ে সংঘটিত হয়েছে।

যাত্রী কল্যাণ সমিতি আরো জানায়, জানুয়ারি মাসে ৪৩টি রেল দুর্ঘটনা ঘটেছে। এতে ৩৪ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। নৌপথে ১৭টি দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছে। নিখোঁজ রয়েছে ৩০ জন।

জানুয়ারিতে সড়কে ১৭ দশমিক ৭৯ শতাংশ বাস, ২৫ দশমিক ৩৬ শতাংশ ট্রাক ও কাভার্ড ভ্যান, ৫ দশমিক ৯৭ শতাংশ কার-জিপ ও মাইক্রোবাস, ৯ দশমিক ১৬ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ২০ দশমিক ৩১ শতাংশ মোটরসাইকেল, ৯ দশমিক ১৬ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজি বাইক, ১২ দশমিক ২১ শতাংশ নছিমন-করিমন ও লেগুনা দুর্ঘটনার কবলে পড়ে।

এর মধ্যে গাড়িচাপা দেওয়ার ঘটনা ঘটেছে ৫৯ দশমিক ১৩ শতাংশ, মুখোমুখি সংঘর্ষ ১৮ দশমিক ০৭ শতাংশ, খাদে পড়ে গেছে ১৭ দশমিক ৭০ শতাংশ, চাকায় ওড়না পেঁচিয়ে শূন্য দশমিক ৭৫ শতাংশ, ট্রেনের ধাক্কায় শূন্য দশমিক ৯৪ শতাংশ এবং অন্যান্য কারণে ৩ দশমিক ৩৮ শতাংশ দুর্ঘটনা ঘটেছে বলে জানায় যাত্রী কল্যাণ সমিতি।

সাগর-রুনি হত্যা মামলা : তারিখ আরো একবার পেছাল

0

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন মেলেনি গতকাল সোমবারও। এই নিয়ে মোট ৭১টি ধার্য তারিখ অতিবাহিত হলো। তদন্ত প্রতিবেদনের জন্য আবারও নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী বছরের ১০ ফেব্রুয়ারি।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গতকাল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নতুন তারিখ ধার্য করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। শেরে বাংলা নগর থানা পুলিশ প্রথমে মামলাটি তদন্ত করে। চারদিনে কোনো রহস্য উদঘাটন করতে না পারায় মামলার তদন্ত পরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি পুলিশ। কিন্তু তারাও রহস্য উদঘাটনে ব্যর্থ হয়।

পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল র‌্যাব তদন্তভার গ্রহণ করে। গত আট বছরেরও বেশি সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি কোনো সংস্থা। এমনকি এই হত্যাকাণ্ডের কোনো রহস্যই উদঘাটন করতে পারেনি।

সাগর-রুনি নিহত হওয়ার পর সরকারের পক্ষ থেকে অনেক আশ্বাস পাওয়া গিয়েছিল প্রকৃত ঘটনার রহস্য উন্মোচনের বিষয়ে কিন্তু মেলেনি। মামলার তদন্তভার হাতে পাওয়ার পর হত্যাকাণ্ডের সাত মাসের মাথায় এসে সংবাদ সম্মেলন করে র‌্যাব আসামিদের অচিরেই শনাক্ত করার আভাস দিয়েছিল। হত্যাকাণ্ডস্থল থেকে উদ্ধার করা আলামত ফরেনসিক পরীক্ষার জন্য বহু অর্থ ব্যয় করে যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে পাঠানো হয়।

কিন্তু রহস্য উদঘাটনের ফলাফল শূন্যই থাকে। তদন্ত সংস্থা মাঝে মাঝে আদালতে প্রতিবেদন দাখিল করে জানায়, রহস্য উদঘাটনে কাজ চলছে। তদন্ত সংস্থার ওই ধরনের প্রতিবেদনের ভেতরই মামলার তদন্ত সীমাবদ্ধ রয়েছে।

বিশ্বকাপ জয়ী যুবাদের প্লটসহ সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি সংসদে

0

বিশ্বকাপ জয়ের মাধ্যমে বিশ্বদরবারে লাল সবুজের সম্মান বইয়ে এনে দেওয়ায় অনুবর্ধ-১৯ বিজয়ী ত্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্যরা। তারা ক্রিকেটে বিজয়ী বীরদের রাষ্ট্রীয়ভাকে সংর্বধনা জানানোর আহবান জানিয়েছেন। একইসঙ্গে তাদের জন্য প্লটসহ সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আজ সোমবার বিকেলে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এই দাবি জানানো হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ নিয়ে এই আলোচনার সূত্রপাত করেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। পরে গণফোরামের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মুনসুর আলোচনায় অংশ নেন। এ সময় অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যরা তাদের বক্তব্যকে টেবিল চাপড়ে সমর্থন জানান।

আলোচনায় মুজিবুল হক বলেন, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। দলমত নির্বিশেষে সারা দেশের মানুষ আনন্দিত। যুব বিশ্বকাপের আমাদের ছেলেগুলো পরিশ্রম করে যে দৃষ্টান্ত রেখেছেন তাতে দুনিয়ার মানুষ আমাদের চিনতে পারছে। বাঙালি জাতি বাংলাদেশের মানুষ সকলেই এই ছেলেদের প্রকাশ্যে ঢাকা আসার পর গণসংবর্ধনা দেওয়ার পক্ষে। এছাড়া রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের যথাপোযুক্ত সম্মানী দিয়ে তাদের যেন সম্মানিত করা হয়, সেটাও সকলে চায়।

সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, যুব বিশ্বকাপে আকবর বাহিনীর বিজয়ের মাধ্যমে ৪৯ বছরের আগের সেই স্মৃতি মনে করিয়ে দিয়েছে। স্বাধীনতা যুদ্ধে যেভাবে পরিচিত ছিলাম সেইভাবে পরিচিত হয়েছে। বঙ্গবন্ধু বলেছিলেন বাঙালিরা মাথা উচু করে দাঁড়াবে, বাঙালিরা এগিয়ে যাবে, বাঙালিরা কখনো মাথা নত করবে না।

তিনি বলেন, আমরা প্রমাণ করেছি এই উপমহাদেশে বাংলাদেশ হচ্ছে অগ্রগামী দেশ। বাংলাদেশে যেমনভাবে এবার বিশ্বকাপ জয় করেছি, তেমনি ১৯৯৭ সালে আইসিসিতে জয়লাভ করেছিলাম। তাই আকবর বাহিনীকে সংবর্ধনা জানানো হোক।

তিনি আরো বলেন, আকবর বাহিনী, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়রা যেভাবে সম্মান বয়ে এনেছে, তাই তাদের শিক্ষা-জীবনের যাবতীয় খরচ রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্বাহ করার জন্য আহবান জানাচ্ছি। তাছাড়া তাদের সুন্দর জীবন যাপনের জন্য সরকারের পক্ষ থেকে তাদের প্লটসহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান তিনি।

এদিকে অনির্ধারিত আলোচনা শেষ হলেও রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনাকালে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলক হকসহ অধিকাংশই যুব ক্রিকেটারদের অভিনন্দন জানান।

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

0

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) কার্যনির্বাহী পরিষদের ২০২০-২১ সেশনের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই প্যানেল থেকে সভাপতি পদে এএম আমিন উদ্দিন ও সম্পাদক পদে শাহ মনজুরুল হক লড়াই করবেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে সভাপতি ও সম্পাদকসহ প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘোষণা করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ ও পুরোপুরি সম্মতি নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে নির্বাচনের জন্য চুলচেরা বিশ্লেষণ করে এই প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে, যাতে আমরা পুরো প্যানেল বিজয় পেতে পারি।

আগামী ১১ ও ১২ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০২০-২১ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

অবিলম্বে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি

0

অবিলম্বে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের নেতারা। তারা সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানসহ সকল স্বাধীনতাবিরোধীদের কবর স্থানান্তরে পদক্ষেপ গ্রহণ ও দেশি বিদেশি ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই আহ্বান জানান। প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে এই আলোচনায় অংশ নেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী এইচ এন আশিকুর রহমান, অ্যাডভোকেট শামসুল হক টুকু, হুইপ সামশুল হক চৌধুরী, সাগুফতা ইয়াসমীন এমিলি, মোরশেদ আলম, আ ক ম সরওয়ার জাহান, বেগম খোদেজা নাসরিন আক্তার হোসেন ও স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু।

আলোচনায় অংশ নিয়ে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ভোট প্রদান থেকে মানুষের দূরত্ব গণতন্ত্রের জন্য বিপদ ডেকে আনবে মন্তব্য করে বলেন, সিটি নির্বাচনে বিএনপি এসেছিল। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের মতো ভোটের দিন তাদের কোথাও দেখা যায়নি। নির্বাচনকে বানচাল করা, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে পেছনের দরজায় ক্ষমতায় যাওয়ার তারা কৌশল নিয়েছে। এটা সত্য যে, ওই নির্বাচনে ভোটাররা ভোট দিতে খুব কম এসেছে। আওয়ামী লীগ তথা চৌদ্দ দলের সমর্থকরাও ভোট দিতে আসেনি। ভোট থেকে মানুষের এই দূরত্ব গণতন্ত্রের জন্য বিপদ ডেকে আনবে। নির্বাচন তো বটেই, রাজনৈতিক দলগুলোকেও অপ্রাসঙ্গিক করে তুলবে।

তিনি বলেন, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগেই তারা মরিয়া আক্রমণ করবে। ধর্মবাদী তো বটেই, ওই ষড়যন্ত্র বাস্তবায়নের ডান ও তথাকথিত বামও এক হচ্ছে। যুদ্ধাপরাধী ও জামায়াতের এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বক্তব্যের কঠোর সমালোচনা করে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধের সময় তাঁর ভূমিকা ছিল রহস্যজনক। তাঁর ইহুদি জামাতা ডেভিড বার্গম্যানও অবধারিতভাবে ও সবসময় বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছেন। দেশের ধারাবাহিক সাফল্যে এই পরিবারটি যেন মেনে নিতেই পারছেন না। আর ড. কামাল হোসেন যে ভাষায় কথা বলেছেন, যে শব্দগুলো ব্যবহার করেছেন- তার তীব্র নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। তিনি আরো বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াতের রাজনীতি করার কোন অধিকার নেই। এখনও জামায়াতকে নিষিদ্ধ করতে পারিনি। অবশ্যই দলটিকে নিষিদ্ধ করতে হবে। তিনি লুই আই কানের অমর সৃষ্টি জাতীয় সংসদের মূল নকশা অক্ষুন্ন রাখতে অবৈধভাবে স্থাপিত জিয়াউর রহমানসহ সকল কবর দ্রুত স্থানান্তরের দাবি জানান।

সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে উলে­খ করে মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারী সক্রিয়। বিভিন্ন ওয়াজ মাহফিলে সরকারের বিরুদ্ধে নানা উস্কানিমূলক তৎপরতা চালছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। দেশের বিস্ময়কর উন্নয়ন, অগ্রগতি দেখেই দেশের মানুষ দু’হাত ভরে আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করছে। ২১ বছর ক্ষমতায় থাকা বিএনপিসহ অন্য সরকারগুলো দেশের মানুষকে কিছুই দিতে পারেনি।
সাবেক প্রতিমন্ত্রী এইচ এন আশিকুর রহমান বলেন, ষড়যন্ত্রকারীরা বসে নেই। তাদের ষড়যন্ত্র চলছে, চলবে। যারা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, দেশ ও দেশের নীতি-আদর্শকে বিশ্বাস করে না, তাদের এ দেশে রাজনীতি করার কোন অধিকার নেই। দেশবিরোধী তথাকথিত এসব গণতান্ত্রিক দলগুলোকে উচ্ছেদ করতেই হবে।

সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ঢাকার দুই সিটিতে ভোট কম পড়েছে ঠিক, কিন্তু নির্বাচন নিয়ে কেউ কোন প্রশ্ন তুলতে পারেনি। বিএনপির অগ্নিসন্ত্রাস-নাশকতা-দুঃশাসন-গ্রেনেড হামলার কথা দেশের জনগণ ভুলে যায়নি। সেজন্য নির্বাচনে জিততে পারেনি, আগামীতেও পারবে না। ড. কামালের হুমকিতে সরকার পরিবর্তন হবে না বলেও তিনি উল্লেখ করেন।

হুইপ সামশুল হক চৌধুরী বলেন, দুর্নীতিবাজ তারেক জিয়া লন্ডনে পলাতক থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাসহ পুরো আওয়ামী লীগকে নিঃশ্বেস করে দিতে চেয়েছিল যে অপরাধ খালেদা জিয়া ও তারেক রহমানরা করেছে- জাতি কোনদিন তাদের ক্ষমা করবে না।

স্বতন্ত্র সদস্য রেজাউল করিম লাবলু বলেন, দেশে হত্যা-ধর্ষণ-রাহাজানি বেড়েই চলেছে। সমাজের নৈতিক এই অবক্ষয়ের প্রকৃত কারণ অনুসন্ধান করতে হবে। কিছু বিদেশি গোষ্ঠীর মদদে এ দেশের কিছু ব্যক্তি ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যে দিয়ে দেশের ৯৫ ভাগ মুসলমানকে প্রশ্নবিদ্ধ করছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে যারা বক্তব্য রাখছে তাদের খুঁজে বের করুন, তালিকা প্রকাশ করুন।

সাবেক হুইপ সাগুফতা ইয়াসমীন এমিলি বিএনপি-জামায়াত জোটের পাঁচ বছরের দুঃশাসনের কথা তুলে ধরে বলেন, ক্ষমতায় থাকতে তারা দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বারবার আক্রমণ চালিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে এই স্বাধীনতাবিরোধী অপশক্তিরা।

বিদেশিদের কাছে নালিশ করে দেশকে খাটো করবেন না

0

বিদেশিদের কাছে নালিশ করে দেশকে খাটো না করতে বিএনপির প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আয়োজিত ‘মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিবেদিত অমর একুশে চট্টগ্রাম বইমেলা ২০২০’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশ বহুদুর এগিয়ে যেতে পারতো গত ১১ বছরে, যদি বাংলাদেশে নেতিবাচক রাজনীতি না থাকতো। গতকাল দেখতে পেলাম বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকজন বিদেশি রাষ্ট্রদূত, কূটনীতিককে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নালিশ উপস্থাপন করা হয়েছে। ভোট দিল বাংলাদেশের মানুষ, ভোট হল ঢাকা শহরে, যদি কোনো নালিশ থাকে তাহলে ঢাকা শহরের ভোটারদের কাছে নালিশটা দিতে হয়।’

তিনি বলেন, ‘যদি কোন নালিশ থাকে, তা বাংলাদেশের মানুষের কাছে দিতে হবে। কথায় কথায় বিদেশিদের কাছে ধর্ণা দেয়া, এতে দেশ ও জাতিকে অপমান করা হয়। তারা ক্রমাগতভাবে যে কোন বিষয়ে বিদেশিদের কাছে ছুটে যায়, এটি দেশ, জাতি এবং ভোটারদেরকে অপমান করার শামিল ছাড়া অন্য কিছু নয়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির কোন নালিশ থাকলে সেটা নির্বাচন কমিশনে দিতে পারে, সেই নালিশ দেওয়ার জন্য তারা আদালতে যেতে পারে, জনগণ, ভোটারদের কাছে যেতে পারে। সেটি না করে বিদেশি দূতাবাসের কুটনীতিকদের ডেকে নালিশ উপস্থাপন করা, যার মাধ্যমে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশি দূতাবাসগুলো বা রাষ্ট্রগুলো যাতে হস্তক্ষেপ করতে পারে, সেটির পথ তৈরি করে দেওয়া হচ্ছে। এটি কখনো আমাদের জন্য সম্মানজনক নয়, অসম্মানজনক। এই কাজটি ক্রমাগতভাবে বিএনপি করছে।’

‘বিএনপিকে আমি অনুরোধ জানাবো, আপনাদের যদি কোন নালিশ থাকে, সেটা জনগণের কাছে উপস্থাপন করুন। দয়া করে ঘরের বিষয় নিয়ে বিদেশিদের কাছে নালিশ উপস্থাপন করে দেশকে খাটো করবেন না’, বলেন ড. হাছান মাহমুদ।

ধারাবাহিকভাবে বইমেলা আয়োজনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনকে ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি, গত বছরের তুলনায় এ বছর জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বইমেলার কলেবর বৃদ্ধি করা হয়েছে। ঢাকা থেকে দেড় শতাধিক প্রকাশক এই বইমেলায় অংশগ্রহণ করছে।

তিনি বলেন, চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী, প্রধান সমুদ্র বন্দর, প্রধান বাণিজ্য নগরী, বাণিজ্যিক রাজধানী। এই শহরের লোকসংখ্যা বর্তমানে ৭০ লক্ষের বেশী। এই শহরে এমন একটি বইমেলার বড় অভাব ছিল কয়েক বছর আগেও। বিচ্ছিন্ন, বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বইমেলার আয়োজন করা হতো, যেটির অভাব ঘুচিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত এই বইমেলা। আমি বিশ্বাস করি চট্টগ্রামের বই মেলা ধীরে ধীরে ঢাকা বইমেলার পর্যায়ে যাবে।

স্কুলের শিক্ষার্থীদের বইমেলায় নিয়ে এসে বই পাঠে উৎসাহ ও পুরস্কার প্রদানের উদ্যোগ নিতে সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী।

এর আগে বিকেল ৫টায় জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আয়োজিত এ বইমেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় পরিবেশন করা হয় জাতীয় সংগীত। বইমেলার প্রধান পৃষ্ঠপোষক ও মেয়র আ জ ম নাছির উদ্দীন চসিকের পতাকা উত্তোলন করেন।

এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহ আলম নিপু, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, কাউন্সিলর নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

তিন শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

0

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ২০১৯ সালে জারি করা বিজ্ঞপ্তির আলোকে দেওয়া তিন শিক্ষকের নিয়োগ বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ৮ সপ্তাহের জন্য ওই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার এ আদেশ দেন চেম্বার জজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। অপরপক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এএফ হাসান আরিফ, ব্যারিস্টার ফিদা এম কামাল ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

আদেশের পর ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, হাইকোর্ট ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে তিন শিক্ষক শামসুন্নাহার, মুখতার হোসেন ও রেজভী আহমেদ ভুঁইয়ার নিয়োগ বাতিল করেছিলেন। ওই রায় স্থগিত করা হয়েছে। ফলে এখন ওই তিনজনকে নিয়োগের ক্ষেত্রে আইনগত কোনো বাধা থাকল না।

হাইকোর্ট গত ২৯ জানুয়ারি এক রায়ে ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে তিন শিক্ষকের নিয়োগ বাতিল করে রায় দিয়েছিলেন। ওই বিভাগে শিক্ষক নিয়োগের জন্য ২০১৯ সালে জারি করা বিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করে ওই রায় দিয়েছিলেন আদালত।