Home Blog Page 3164

করোনাভাইরাসের প্রকৃত চিত্র তুলে ধরা সাংবাদিক নিখোঁজ

0

চীনে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস পরিস্থিতির প্রকৃত চিত্র তুলে ধরা এক সাংবাদিক নিখোঁজ রয়েছেন। গত বৃহস্পতিবার সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না চেন কুইউশি নামের ওই সাংবাদিকের ।

তিনি করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরের করুণ দৃশ্য বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন বলে জানা গেছে।

চীনে করোনাভাইরাসের মহামারির পূর্বাভাস দিয়ে ‘জাতীয় নায়ক’ খ্যাত চিকিৎসক লি ওয়েনলিয়াং (৩৪) এর মৃত্যুর পরই এই সাংবাদিকের নিখোঁজ হওয়ার খবরটি সামনে এসেছে। এ ঘটনায় চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ফোনে একাধিকবার রিং দেয়া হলেও তিনি রিসিভ করেনি বলে ঐ সাংবাদিকের পরিববার অভিযোগ করেছেন।

সাংবাদিক কুইউশি তার প্রতিবেদনে উহান শহরে প্রাণঘাতী করোনাভাইরাস পরবর্তী শহরের প্রকৃত চিত্র তুলে ধরেছিলেন। হাসপাতালে রোগী ও স্বজনদের আত্ম-চিৎকার, রোগীতে ঠাসাঠাসি হাসপাতালের পরিবেশ ও রাস্তায় পড়ে থাকা মরদেহ নিয়ে তৈরি তার প্রতিবেদনগুলো ছিল অত্যন্ত মানবিক আবেদনে ভরা ও মর্মস্পর্শী।

তার একটি প্রতিবেদনে দেখা যায়, হুইল চেয়ারে মরে পড়ে থাকা স্বজনের পাশে বসে ফোনে আত্মীয়দের সঙ্গে বিলাপের সুরে কথা বলছেন।

চীনে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৩ জনে। এখন পর্যন্ত প্রতিষেধকবিহীন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৮০০ জন। এর মধ্যে চীনের হুবেই প্রদেশে ২৭ হাজার জন আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও নিহতের এই চিত্রটা চীনের সরকারি তথ্য হলেও মূলত ভাইরাসে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৫৮৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ২৩ জন। এমনই তথ্য ফাঁস করেছিলো চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান টেনসেন্ট। যদিও পরে টেনসেন্ট সেই তথ্য গোপন করে এবং নিজেদের ওয়েবসাইট থেকে সরিয়ে নেয়।

থাই সেনার ২৬ জনকে হত্যার নেপথ্যে

0

গতকাল শনিবার থাইল্যান্ডের একটি বিপনিবিতানে ঢুকে এক থাই সেনা নির্বিচার গুলি চালিয়ে অন্তত ২৬ জনকে হত্যা করেছে। আহত হয়েছে আরও ৫৭ জন।

গুলিবর্ষণকারী ওই সেনা কর্মকর্তার নাম জাক্রাফ্যান থম্মা ও তার বয়স ৩২ বলে জানিয়েছে পুলিশ। রাজধানী ব্যাংকক থেকে ২৫০ কিলোমিটার উত্তরপূর্বে নাখন রাচসিমা শহরের কাছে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে সে কর্মরত ছিল।

জমি নিয়ে বিরোধের কারণেই ২৬ জনকে হত্যা করেছে থাইল্যান্ডের ওই ঘাতক সেনা। ওই সেনাকে পরে গুলি করে হত্যা করা হয়েছে।

আজ রবিবার নাখন রাচসিমার কয়েকটি হাসপাতালে ওই ঘটনায় আহতদের দেখতে গিয়েছিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা। পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাড়ি নিয়ে চুক্তির জেরে সৃষ্ট ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে ঘটনাটি ঘটেছে।’

ওই সেনা কর্মকর্তার কমান্ডিং অফিসারের এক আত্মীয়ের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল বলে প্রায়ুথ জানিয়েছেন।

নাখন রাচসিমা শহরের একটি বিপনীবিতানে গিয়ে নির্বিচার গুলিবর্ষণ শুরু করার আগে সেনা কর্মকর্তা থাম্মা যাদের হত্যা করেছিলেন তাদের মধ্যে তার কমান্ডিং বসও ছিলেন বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

সেকেন্ড এরিয়া কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল থানিয়া কিয়াতসারন জানিয়েছেন, নিজেকে অস্ত্রে সজ্জিত করতে থাম্মা শনিবারের কোনো এক সময় সেনা শিবিরের অস্ত্রাগারে হামলা চালিয়েছিল। থাইল্যান্ডের গণমাধ্যম থাম্মাকে অব্যর্থ লক্ষ্যভেদী ও বন্দুকের বিষয়ে উৎসাহী ব্যক্তি বলে বর্ণনা করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই অস্ত্র নিয়ে তোলা ছবি পোস্ট করতো সে। হামলার আগেরদিন থাম্মা তার ফেইসবুক একাউন্টে লোভী মানুষদের নিন্দা করে পোস্ট দিয়েছিল।

নকল-ভেজাল ওষুধ বিক্রির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে : স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে নকল-ভেজাল ওষুধ বিক্রির বিরুদ্ধে সরকার কঠোরতা অবলম্বন করছে। ওষুধের অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে বিদ্যমান ওষুধ আইনকে আরো যুগোপযোগী ও কঠোর শাস্তির বিধান রেখে প্রস্তাবিত আইন অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। আজ রবিবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

সরকারি দলের সদস্য বেনজীর আহমদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান, নকল-ভেজাল ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ওষুধ প্রশাসন অধিদপ্তর ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে আসছে। নকল ও ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রির দায়ে ৩৯ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৪৪টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। প্রায় ৩২ কোটি টাকা মূল্যের নকল-ভেজাল ওষুধ জব্দ ও ধ্বংস করা হয়েছে।

সরকারি দলের আরেক সদস্য মমতা হেনা লাভলীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, তামাক সেবনের কারণে ১২ লাখ মানুষ বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে ৩ লাখ ৮২ হাজার মানুষ অকাল পঙ্গুত্বের শিকার হয়। এসব রোগের মধ্যে ফুসফুস ক্যান্সার ও ফুসফুসের দীর্ঘ মেয়াদী রোগ, যা প্রধানত ধুমপান ও পরোক্ষ ধুমপানের কারণে হয়ে থাকে। মুখ গহ্বরের ক্যান্সার, যা প্রধানত ধোঁয়াবিহীন বিভিন্ন তামাক সেবনের সঙ্গে জর্দা বা সাদা পাতার ব্যবহার এবং মাড়িতে গুল ব্যবহারের কারণে হয়ে থাকে।

একই প্রশ্নের জবাবে জাহিদ মালেক জানান, ট্যোবাকো এটলাস ২০১৮ অনুযায়ী তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতি বছর এক লাখ ৬১ হাজারের অধিক লোক মৃত্যুবরণ করে। তামাক হচ্ছে এমন একটি ক্ষতিকর পণ্য, যা উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সেবন- প্রতিটি ক্ষেত্রেই পরিবেশ, জনস্বাস্থ্য ও অর্থনীতির ক্ষতি করে। ধুমপান ও ধোঁয়াবিহীন তামাক সেবন- দুটোই ভয়াবহ ও প্রাণঘাতী নেশা। পরোক্ষ ধুমপানও অধুমপায়ীদের জন্য মারাত্মক ক্ষতিকর। তামাক মানুষকে তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত করে। তামাক ব্যবহারজনিত রোগ ও মৃত্যু বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। অর্থনীতিতেও তামাকের প্রভাব অত্যন্ত নেতিবাচক।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে একটি খসড়া রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে। সরকার কর্তৃক তামাক নিয়ন্ত্রণে জাতীয় তামাক নিয়ন্ত্রণ নীতির খসড়া প্রস্তুত করা হয়েছে। ধোঁয়াবিহীন তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে একটি কৌশলপত্র চূড়ান্ত করা হয়েছে।

অনূর্ধ্ব ১৯ বিস্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন বাংলাদেশ

0

রুদ্ধশ্বাস, শ্বাসরুদ্ধকর! এ যেন এক রূপকথার গল্প। বাংলাদেশের বিশ্বজয়। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নিল বাংলাদেশের যুবারা। যেকোনো ধরনের ক্রিকেটে এবারই প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন টাইগাররা। এর আগে জাতীয় দল হোক বা বয়সভিক্তিক ক্রিকেটেও কখনো বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ।

১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতীয় যুবাদের ৩ উইকেটে হারিয়েছে আকবর আলীর দল। প্রথমে ব্যাট করে ৪৭.২ ওভারে ১৭৭ রান করে অলআউট হয় ভারত। জবাবে ডার্ক লুইস পদ্ধতিতে ৪৬ ওভারে নেমে আসা ম্যাচে ৪২.১ ওভারে ১৭০ রান করে বাংলাদেশ।

করোনাভাইরাসে আক্রান্ত প্রথম বাংলাদেশি শনাক্ত

0

চীনে মহামারি আকার ধারণ করা প্রাণঘাতী করোনাভাইরাসে প্রথমবারের মতো একজন বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর জানা গেছে।

সিঙ্গাপুরে নতুন করে যারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

রবিবার সন্ধ্যায় সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

৩৯ বছর বয়সী ওই বাংলাদেশি সিঙ্গাপুরে একজন বৈধ পুরুষ শ্রমিক হিসেবে কর্মরত আছেন।

তিনি কখনো চীনে ভ্রমণ করেননি।

গত ১ ফেব্রুয়ারি থেকেই তার শরীরে অসুস্থতা দেখা দেয়। কিন্তু তাকে গত ৭ ফেব্রুয়ারি চাঙ্গি জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।

৮ ফেব্রুয়ারি তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর তাকে ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ (এনসিআইডি)-তে স্থানান্তর করা হয়।

অসুস্থ হওয়ার আগে তিনি মোস্তফা সেন্টারে (১৪৫ সৈয়দ আলাভি সড়ক) গিয়েছিলেন এবং দ্য লিও ডরমিটরিতে (২৫ বুকিত রোড) বসবাস করছিলেন।

ধারণা করা হচ্ছে মোস্তফা সেন্টার থেকেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত কয়েক সপ্তাহ ধরে মোস্তফা সেন্টারে লোকজনের ভিড় লেগেই আছে। ভাইরাস সংক্রমণ ঠেকাতে মাস্ক কেনার জন্য সেখানে লোকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থাকছে।

দেশটিতে এছাড়া আর কোথাও মাস্ক পাওয়া যাচ্ছে না।

তবে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এমন জায়গা থেকে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা খুবই কম।

রবিবার সিঙ্গাপুরে নতুন করে আরও তিনজনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

নতুন করে আক্রান্ত তিনজন চীন সফর করেননি বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩ জনে। করোনাভাইরাসের বিস্তারের তালিকায় চীনের পর এখন তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত সিঙ্গাপুরে। জাপানে আক্রান্ত হয়েছে ৯০ জন।

বেতন বাড়ল প্রাথমিক সহকারী শিক্ষকদের

0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন কাঠামো ১৩তম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজ রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞান জারি করা হয়। এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের লক্ষে সহকারি শিক্ষকদের বেতন স্কেল ১১০০০- ২৬৬৯০ (গ্রেড-১৩) নির্ধারণ করা হলো। যা বিদ্যমান বেতনস্কেল ১০২০০-২৪৬৮০ (গ্রেড-১৪ প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ৯৭০০-২৩৪৯০ (গ্রেড-১৫ প্রশিক্ষণবিহীন)। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ এর যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী পূরণযোগ্য পদের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী এ আদেশ কার্যকর হবে।

প্রজ্ঞাপনে প্রশিক্ষণবিহীন ও প্রশিক্ষণপ্রাপ্ত একীভূত করে ১টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। যদিও সহকারী শিক্ষকদের দাবি ছিলো প্রধান শিক্ষকদের পরের ধাপে বেতন কাঠামো নির্ধারণ করা।

১১তম গ্রেডে বেতনের দাবিতে দীর্ঘ পাঁচ বছর ধরে আন্দোলন করছে সহকারী শিক্ষকরা। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন উন্নীতকরণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়, যা সহকারী শিক্ষকদের কাম্য নয়।

অর্থ মন্ত্রণালয় গতবছরের বছরের ৮ সেপ্টেম্বরে ১২তম গ্রেডে উন্নীতকরণের সুযোগ নেই মর্মে প্রস্তাবটি প্রত্যাখান করে ও ৭ নভেম্বর ১৩তম গ্রেডে বেতন উন্নীতকরণে সম্মতি দেয়।

ইশরাকের দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল

0

দুর্নীতির মামলায় সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) নির্বাচনে মেয়র প্রার্থী ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে। আজ রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর ভারপ্রাপ্ত বিচারক সৈয়দ দিলজার হোসেন সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৩ মার্চ দিন ধার্য করেন।

বিচারক শেখ নাজমুল আলম ছুটিতে থাকায় রবিবার সাক্ষ্যগ্রহণ হয়নি। ইশরাক আদালতে হাজির ছিলেন। রবিবারই সাক্ষ্যগ্রহণের প্রথম তারিখ ধার্য ছিল। এর আগে গত ১৫ জানুয়ারি ইশরাকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

২০১৮ সালের ৬ ডিসেম্বর ইশরাকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১০ সালে ইশরাকের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাক হোসেন এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী দুদকে দাখিলের নোটিশ দেওয়া হয়। কিন্তু ওই নোটিস পেয়ে সম্পদ বিবরণী দাখিল না করায় মামলা করা হয়।

ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক ঐতিহাসিক : স্পিকার

0

দক্ষিণ এশিয়ার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, স্বাধীন দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৃহীত পররাষ্ট্রনীতি এখনো বাংলাদেশে সমানভাবে প্রাসঙ্গিক।

আজ রবিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কেনেথ জাস্টারের সঙ্গে বৈঠককালে তিনি এ সব কথা বলেন।

বৈঠকে তারা সংসদীয় গণতন্ত্র চর্চা, বাংলাদেশের উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা ও রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় স্পিকার বলেন, বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশগুলোর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক ঐতিহাসিক। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দানসহ সার্বিক সহযোগিতা দিয়েছে ভারত। বর্তমানে দু’দেশের সম্পর্ক রয়েছে অনন্য উচ্চতায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংলাপের মাধ্যমে দু’দেশের গুরুত্বপূর্ণ ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে খুবই আন্তরিক।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর এই নীতি অনুসরণ করেই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ককে জোরদার করেছেন। রোহিঙ্গা সমস্যা থাকা সত্ত্বেও বাংলাদেশ মিয়ানমারের সাথে সুসম্পর্ক রেখে চলেছে এবং রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে সংলাপ চালিয়ে যাচ্ছে।

বৈঠকে রাষ্ট্রদূত কেনেথ জাস্টার বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনের। ভবিষ্যতে এই সম্পর্ক আরো সুদৃঢ় হবে। তিনি আঞ্চলিক সহযোগিতা বাড়াতে পারস্পারিক শ্রদ্ধা, ব্যবসা বাণিজ্যের প্রসার ও সম্পর্ক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বৈঠক শেষে কেনেথ জাস্টার জাতীয় সংসদ ভবন ঘুরে দেখেন এবং এর নান্দনিক নকশার ভূয়সী প্রশংসা করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্টের রাষ্ট্রদুত আর্ল রবার্ট মিলারসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হুদা দম্পতির মামলা কার্যক্রমে চার সপ্তাহের স্থগিতাদেশ

0

যমুনা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মার্গানেট ওয়ান লিমিটেডের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদার বিরুদ্ধে করা মামলার কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময়ের মধ্যে নাজমুল হুদাকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল আবেদন দাখিল করতে বলা হয়েছে।

মামলাটি বাতিল চেয়ে নামজুল হুদা দম্পত্তির করা আবেদন খারিজ করে গত ৫ ফেব্রুয়ারি হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আব্দেনের ওপর শুনানি শেষে চেম্বার বিচারপতি আজ রবিবার এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার নাজমুল হুদা নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

যমুনা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মার্গানেট ওয়ান লিমিটেডের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ২০০৮ সালের ১৮ জুন রাজধানীর মতিঝিল থানায় মামলা করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, মার্গানেট ওয়ান লিমিটেডের কাছ থেকে প্রতিমাসে ৫০ হাজার টাকা করে ঘুষ দাবি করেন তখনকার যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা। পরে প্রতিমাসে ২৫ হাজার টাকা দেওয়ার শর্তে কাজ দেওয়া হয়। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান সিগমা হুদার মালিকানাধীন খবরের অন্তরালে পত্রিকার ব্যাংক হিসেবে প্রতিমাসে ২৫ হাজার টাকা করে জমা দিতে থাকেন। ২০০৪ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০০৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত প্রাইম ব্যাংকের মতিঝিল শাখায় ৬ লাখ টাকা জমা করা হয়। তদন্ত শেষে এ মামলায় ২০১৯ সালের ২০ আগস্ট অভিযোগপত্র দাখিল করে দুদক। এরপর নাজমুল হুদা দম্পতির বিরুদ্ধে গত ২০ জানুয়ারি অভিযোগ গঠন করা হয়। এ মামলায় আজ ১০ ফেব্রুয়ারি ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য রয়েছে।

এর আগে আরো একবার এ মামলাটি বাতিল চেয়ে নাজমুল হুদা হাইকোর্টে আবেদন করেছিলেন। আদালত ২০১৬ সালে হাইকোর্ট দুদকের মামলাটি বাতিল করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগ শুনানি শেষে ২০১৭ সালের ৭ জুন এক আদেশে হাইকোর্টের রায় বাতিল করেন। এই আদেশের বিরুদ্ধে নাজমুল হুদা রিভিউ আবেদন করলেও তা খারিজ হয়। এ অবস্থায় নতুন করে আবেদন করেন নাজমুল হুদা। যা গত ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট খারিজ করে দেন। এরপর এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন নাজমুল হুদা।

সামাজিক অভিশাপগুলোর বিরুদ্ধে সজাগ থাকুন

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুটিন দায়িত্ব পালনের পাশাপাশি বিদ্যমান কিছু সামাজিক অভিশাপের বিরুদ্ধে সতর্ক নজর রাখার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তাঁর সরকার এসব সামাজিক অভিশাপ নির্মূল করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, সমাজে মাদক, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও দুর্নীতির মতো কিছু সামাজিক অভিশাপ রয়েছে। আমি এসব বিষয়ে আপনাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ’র (ডিএসসিএসসি) শেখ হাসিনা কমপ্লেক্সে ২০১৯-২০২০ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

সমাজের বিদ্যমান সামাজিক অপরাধের বিরুদ্ধে চলমান অভিযান পরিচালনায় সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমরা ইতোমধ্যে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। অপরাধ বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

শেখ হাসিনা বলেন, সমাজকে রক্ষা করার জন্য এই ধরণের অভিশাপ নির্মূল করা জরুরি। কারণ আমরা আমাদের সন্তানদের জীবন ধ্বংস করার কোন সুযোগ দিতে চাই না।

তিনি একইসঙ্গে বলেন, তাঁর সরকার সশস্ত্র বাহিনীকে সমগ্র বিশ্বের সঙ্গে যেন তাল মিলিয়ে চলতে পারে তেমনই একটি আধুনিক ও সুসজ্জিত বাহিনী হিসাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার তরুণদের মেধা, জ্ঞান এবং শক্তি দেশের কল্যাণে কাজে লাগাতে চায়।

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমি সশস্ত্রবাহিনীকে এমন ভাবে উন্নত করতে চাই যাতে তাঁরা যেকোন দেশে যেকোন পরিস্থিতিতে শান্তি রক্ষায় কাজ করে যেতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী পৃথিবীর যেখানে কাজ করেছে সেখানেই সুনাম অর্জন করেছে।

শেখ হাসিনা বলেন, মানবিক সেবা দিয়ে বিভিন্ন দেশে স্থানীয় মানুষের হৃদয় জয় করেছে বাংলাদেশ সেনা বাহিনী।

অনুষ্ঠানে ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজের কম্যাড্যান্ট মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ স্বাগত বক্তৃতা করেন।

বাংলাদেশ সেনা বাহিনীর ১২৫ জন, নৌ বাহিনীর ৩৪ জন এবং বিমান বাহিনীর ২২ জন ছাড়াও ২১ দেশ থেকে আগত ৫৪ জন বিদেশী অফিসার সহ মোট ২৩৫ জন শিক্ষার্থী এ বছর এ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।

উল্লেখ্য, ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান। সশস্ত্র বাহিনীর মধ্যপর্যায়ের নির্বাচিত কর্মকর্তাদের কমান্ড স্টাফ হিসেবে ভবিষ্যতের গুরু দায়িত্ব পালনে দক্ষ করে গড়ে তোলার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ‘ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজে’ সেনাবাহিনীর ৪৪টি, নৌবাহিনীর ৩৮টি এবং বিমানবাহিনীর ৪০টি স্টাফ কোর্সে ৫ হাজার ২৫৩ জন সাফল্যের সঙ্গে কোর্স সম্পন্ন করেছেন। এরই মধ্যে ৪২টি বন্ধুপ্রতিম দেশের ১ হাজার ১৬৫ জন অফিসারও এ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছেন।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন করা অফিসারদের হাতে সনদ তুলে দেন।

২১টি দেশের মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র, চীন, ভারত, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, ফিলিপাইন, সৌদি আরব, সিয়েরা লিয়ন, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, সুদান, তানজানিয়া, তুরস্ক, উগান্ডা এবং জাম্বিয়া।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, তিন বাহিনী প্রধানগণ, সশস্ত্রবাহিনী বিভাগের পিএসও সহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং উর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।