Home Blog Page 3165

৬২ পরিবারের আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

0

তুরাগ নদের তীরে সীমানা পিলার স্থাপনের বিরুদ্ধে ৬২ পরিবারের করা আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন। নিজেদের জমি সীমানা পিলারের মধ্যে পড়েছে- এই দাবি করে পিলার সরাতে ৬২ পরিবারের করা আবেদন নিষ্পত্তি না করায় এ রিট আবেদন করা হয়।

রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফাহাদ মাহমুদ। পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

তুরাগ নদ রক্ষায় এইচআরপিবির করা এক রিট আবেদনে ২০০৯ সালে ২৪ ও ২৫ জুন রায় দেন হাইকোর্ট। রায়ে নদীর সীমানা নির্ধারণ, পিলার স্থাপনসহ কয়েকদফা নির্দেশনা দেওয়া হয়। হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ক্যাডাস্ট্রাল সার্ভে (সিএস) এবং রিভিশনাল সার্ভের (আরএস) ভিত্তিতে নদের সীমানা জরিপ করে বিআইডব্লিউটিএ। এরপর নদের সীমানা চিহ্নিত করে পিলার স্থাপন করে। এই পিলার স্থাপন নিয়ে বিভিন্ন ব্যক্তি আপত্তি জানান।

ব্যক্তি মালিকানাধীন জমিকে নদীর জমি হিসেবে দেখানো হয়। এ ঘটনায় সীমানা পিলার ঠিক করতে সাভারের বড়দেশী মৌজার ৬২ পরিবার বিআইডব্লিউটিএ’র কাছে লিখিত আবেদন করে গতবছর ২৭ নভেম্বর। কিন্তু বিআইডব্লিউটিএ কোনো পদক্ষেপ না নেওয়ায় ৬২টি পরিবারের পক্ষে মো. জোনায়েদ আহম্মেদসহ কয়েকজন রিট আবেদন করেন।

আমরা বিএনপি-জামায়াতকে আর ভয় পাই না : নাসিম

0

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা এখন আর বিএনপি-জামায়াত শক্তিকে ভয় পাই না। ওদের কি শক্তি আছে আমরা তা জেনে গেছি। আমি শুধু ভয় পাই, মানুষ কেন ঘর থেকে বেরিয়ে ভোট দিতে যাচ্ছে না? সমস্ত শহরে গ্রামে আজকে অর্থনৈতিক জোরদার হয়েছে।

আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা মুহাম্মদ আকরাম খাঁ হলে সুরঞ্জিত সেনগুপ্তের তৃতীয় প্রয়াণ দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, এত উন্নয়নের পরে, এত সফলতার পরেও ভোট দিতে ভোটারদের কেন অনীহা হচ্ছে। কেন মানুষ ঘর থেকে বের হয়ে ভোট দিতে যাচ্ছে না। এর জন্য উপলব্ধি করতে হবে। আত্ম উপলদ্ধি করার সময় এসে গেছে আমাদের।

তিনি বলেন, আমাদের ভুল নাই তা বলব না। ভুল ত্রুটি অবশ্যই আছে। সব সরকারের ভুল আছে, আমাদেরও ভুল আছে।

তিনি আরো বলেন, আজকে এটা নিশ্চয়ই উপলব্ধি করতে হবে। কোথায় আমাদের ঘাটতি আছে, সেটা দেখতে হবে। সেটা না হলে আমাদের জন্য ভবিষ্যৎ ভালো থাকবেন না। চক্রান্তকারীরা এখনও কিন্তু বসে নেই। তারা আবার চক্রান্ত করছে। যেকোনো সময় ছোবল মারতে পারে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সৈয়দ হাসান ইমাম সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

করোনাভাইরাসের নতুন নাম এনসিপি

0

করোনা ভাইরাসের অস্থায়ীভাবে নতুন নাম ঘোষণা করেছে চীন। এ ভাইরাসটিকে এখন ‘নভেল করোনাভাইরাস নিউমোনিয়া’ বা এনসিপি নামে ডাকা হবে বলে জানিয়েছে চীন। তবে এটি স্থায়ী নাম নয়।

গতকাল শনিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক সংবাদ সম্মেলনে অস্থায়ীভাবে এ নাম ঘোষণা করে।

নাম পরিবর্তনের কারণ হিসেবে হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে যাওয়া এই ভাইরাসকে অনেকেই ‘উহান করোনাভাইরাস’ নামে ডাকা শুরু করেছেন। যা শহরটির বাসিন্দাদের জন্য অত্যন্ত বিব্রতকর হয়ে উঠেছিল।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৩-তে। আর এতে আক্রান্ত হয়েছেন চীনের প্রায় ৩৭ হাজার ১৯৮ জন মানুষ। শেষ খবর পাওয়া পর্যন্ত করোনাভাইরাসে শুধু চীনেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১১ জনে।

দিনের শুরুতে আবু জায়েদের সাফল্য

0

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশ দলকে সাফল্য এনে দিয়েছেন পেসার আবু জায়েদ রাহি। তার তৃতীয় শিকারে পরিণত হয়েছেন সেঞ্চুরিয়ান বাবর আজম। রাহির বলে মোহাম্মদ মিঠুনের তালুবন্দি হয়ে শেষ হয় বাবরের ১৯৩ বলে ১৪৩ রানের ইনিংস। শেষ হলো চতুর্থ উইকেটে আসাদ শফিকের সঙ্গে ১৩৭ রানের চমৎকার এক জুটি। পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৩৪৩। লিড হয়েছে ১১০ রানের।

এর আগে ম্যাচের দ্বিতীয় দিন গতকাল শনিবার ৩ উইকেট ৩৪২ রান তোলে পাকিস্তান। বাবর আজম অপরজিত ছিলেন ১৪৩* রানে এবং আসাদ শফিক ৬০* রানে। দলীয় ২ রানেই বাংলাদেশকে সাফল্য এনে দেন আবু জায়েদ রাহি। তার বলে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসবন্দি হন আবিদ আলী (০)। এরপর ৯১ রানের জুটি গড়েন শান মাসুদ আর আজহার আলী। ১৫৭ বলে ১১ বাউন্ডারিতে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ৩০ বছর বয়সী শান মাসুদ। এর পরেই ১৩৫ বলে ১৫ বাউন্ডারিতে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি হাঁকান বাবর আজম।

নিজেদের প্রথম বাংলাদেশ অল-আউট হয় মাত্র ২৩৩ রানে। টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩ রানেই প্যাভিলিয়নে ফিরে যান দুই ওপেনার তামিম ইকবাল (৩) আর অভিষিক্ত সাইফ হাসান (০)। অধিনায়ক মুমিনুল করেন ৩০ রান। টিকে থাকার লড়াই করতে করতে নাজমুল হোসেন শান্ত করেন ১১০ বলে ৪৪ রান। বাংলাদেশের ইনিংসের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান মোহাম্মদ মিঠুন। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তিনি করেন ১৪০ বলে ৬৩ রান। ৫৩ রানে ৪ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। ২টি করে নিয়েছেন মোহাম্মদ আব্বাস আর হারিস সোহেল।

তাঁদের হাতে ম্যাচের চাবি

0

মঞ্চে আলোটা ছড়াতে তৈরি বাংলাদেশের স্পিনার রকিবুল হাসান-শামীম হোসেন কিংবা দুই পেসার শরিফুল ইসলাম আর তানজিম হাসান সাকিব। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের হবে ভারতীয় লেগ স্পিনার রবি বিষ্ণুকে সামলানো। প্রয়োজনের সময় উইকেট এনে দিতে জুড়ি নেই তাঁর।

বিশ্বকাপটা এখন এশিয়া কাপ! দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে প্রত্যাশামতোই ফাইনালে ভারত। শিরোপায় চোখ রেখে যাওয়া বাংলাদেশও প্রথমবার যুব ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে। কোনো পেসারের একটা আগুনে স্পেল বা স্পিনারের মায়াবি ঘূর্ণিতে নির্ধারিত হয়ে যেতে পারে শিরোপা-ভাগ্য। সেই মঞ্চে আলোটা ছড়াতে তৈরি বাংলাদেশের স্পিনার রকিবুল হাসান-শামীম হোসেন কিংবা দুই পেসার শরিফুল ইসলাম আর তানজিম হাসান সাকিব। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের হবে ভারতীয় লেগ স্পিনার রবি বিষ্ণুকে সামলানো। প্রয়োজনের সময় উইকেট এনে দিতে জুড়ি নেই তাঁর। ইনিংসের শুরুতে কার্তিক ত্যাগী আর সুশান্ত মিশ্রর গতি ও সুইং সামলানোর ওপরও নির্ভর করছে অনেক কিছু।

সেমিফাইনালে সেঞ্চুরি করে বাংলাদেশকে জিতিয়েছেন মাহমুদুল হাসান জয়। রাহুল দ্রাবিড়ের এই ভক্ত এখন ‘বাংলাদেশি দেয়াল’। তেমনি সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা যশস্বী জয়সওয়ালকে নিয়েও চলছে মাতামাতি। তাঁর জাতীয় দলে জায়গা পাওয়াটা হয়তো বেশি দূরের ব্যাপার নয়। এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি ৩১২ রান করা যশস্বীকে থামাতে বাংলাদেশের পরিকল্পনা কী? তাঁকে দ্রুত ফেরাতে না পারলে কিন্তু ভোগান্তি আছে বোলারদের। তবে আলাদা কাউকে নিয়ে না ভেবে নিজেদের স্বাভাবিক ক্রিকেট খেলার কথাই জানালেন পেসার তানজিম হাসান সাকিব, ‘সব কিছু স্বাভাবিকভাবে নিচ্ছি আমরা। কেউ চাপে নেই। কাউকে ভয় পাওয়ারও কিছু নেই। আর একটা ম্যাচ বাকি, যা জিততে চাই সবাই।’

তাহলেই বৈশ্বিক কোনো টুর্নামেন্টে প্রথমবার ফাইনালে ওঠাটা পাবে পূর্ণতা। এ জন্য আলাদাভাবে নজর থাকবে বাঁহাতি স্পিনার রকিবুল হাসানের ওপর। বাংলাদেশিদের মধ্যে পাঁচ ম্যাচে সবচেয়ে বেশি ১১ উইকেট তাঁর। এবারের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে করেছেন হ্যাটট্রিকও। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১৯ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা তিনি। সেমিফাইনালে ৩৫ রানে শিকার ১ উইকেট। বাংলাদেশের বাঁহাতি স্পিনারদের ঐতিহ্য ফিরিয়ে আনার সব রকম রসদ আছে রকিবুলের মাঝে। আজ ঘূর্ণিজাদু দেখিয়ে জেতাতে পারলে নিজেকে অন্য উচ্চতাতেই নিয়ে যাবেন ময়মনসিংহের এই স্পিনার।

বাঁহাতি পেসার শরিফুল ইসলামের জুড়ি নেই শুরুতে উইকেট এনে দেওয়ায়। তাঁর সঙ্গে ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব গতিতে ঘায়েল করতে চান অপর প্রান্তে। এবারের বিশ্বকাপে শরিফুলের উইকেট ৭ আর সাকিবের ৫টি। এই দুজন শুরুতে জ্বলে উঠতে পারলে মাথা তুলে দাঁড়াতে পারবে না ভারতীয় টপ অর্ডার। তাঁরা ভালো শুরু এনে দিলে রকিবুলের হাসানের সঙ্গে মিলে ডানহাতি অফ স্পিনার শামীম হোসেনের সামর্থ্য আছে রান আটকে দেওয়ার। দক্ষিণ আফ্রিকায় মাত্র ৩.৭৫ ইকোনমি রেটে শামীমের উইকেট ৫টি। দ্বিতীয় স্পেলে এসেও শরীফুল বেশি কার্যকর হয়েছেন এবার। ভারতীয় দুই মিডল অর্ডার তিলক বর্মা ও অধিনায়ক প্রিয়ম গ্রেগের ভালো পরীক্ষাই নিতে পারেন এই পেসার।

শেষ ১০ ওভারে মাথা ব্যথার কারণ হতে পারেন ভারতীয় মিডল অর্ডার সিদ্দেশ বীর। ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটসম্যান হিসেবে পরিচিতি পাওয়া বীর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২৭ বলে অপরাজিত ছিলেন ৪৪ রানে। উইকেটও পেয়েছিলেন দুটি। এরপর কোয়ার্টার ফাইনালে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন ২৫ রানের কার্যকরী ইনিংস। তাঁর জন্যও বিশেষ পরিকল্পনা নিয়ে নামতে হবে রকিবুল-শরীফুলদের।

ভারতীয় দুই পেসার কার্তিক ত্যাগী ১১ আর সুশান্ত মিশ্র যুব বিশ্বকাপে পেয়েছেন ৫ উইকেট। বাংলাদেশি দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসানের জন্য চ্যালেঞ্জ এই দুজন। শুরুতে তাঁদের সামলাতে পারলে উইকেট নিতে ভারতীয় অধিনায়ক পাঠাবেন সেরা বাজি রবি বিষ্ণুকে। বিশ্বকাপে তাঁর উইকেট ১৩টি। জাপান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে ৪টি করে উইকেট তাঁর। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষেও ২ উইকেট। ভারতীয় বোলারদের মধ্যে শুধু নিজেকে মেলে ধরতে পারেননি বাঁহাতি পেসার আকাশ সিং। রানের গতি বাড়াতে তাঁকে লক্ষ্য বানাতেই পারেন বাংলাদেশি ব্যাটসম্যানরা।

ডেথ বোলিংয়ে বিষ্ণুর সঙ্গে ভারতের বাজি বাঁহাতি স্পিনার অথর্ব আঙ্কোলেকার। কার্তিক ত্যাগীর ইয়র্কার সামলানোও সহজ নয় তখন। বাধার এই পাহাড়গুলো টপকাতে পারলেই স্বপ্নের শিরোপা আনন্দে মাততে পারে আকবর আলীর দল। ভারতের কাছে এশিয়া কাপ আর ইংল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ ফাইনালে হারের বদলা নেওয়াও হবে তাতে। তবে ক্ষতে মলম দেওয়া নয়, শিরোপা জিতে বাংলাদেশ ক্রিকেটকে নতুন দিগন্তে নিয়ে যাওয়াই লক্ষ্য আকবর আলীর দলের।

শিক্ষার্থী-কর্মচারীদের আন্দোলনে অচলপ্রায় বশেমুরবিপ্রবি

0

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশনের (ইউজিসি) কর্তৃক বিভাগ বন্ধের নির্দেশনার প্রতিবাদে আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে তিন দফা দাবি নিয়ে অবস্থান নিয়েছেন অস্থায়ী কর্মচারীরা।

৬ ফেব্রুয়ারি রাত থেকে বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক আগামী শিক্ষাবর্ষ থেকে ইতিহাস বিভাগে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিন্ধান্তের প্রতিবাদে ও ইতিহাস বিভাগের স্থায়ী অনুমোদনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবন তালা লাগিয়ে চতুর্থ দিনের মতো আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। কার্যত অবস্থায় অচলাবস্থা বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ে।

বিভাগটির তৃতীয় বষের্র এক শিক্ষার্থী এ বিষয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনযায়ী সকল শর্ত মেনে যোগ্যতা অনুযায়ী আমরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। কিন্তু সাবেক উপাচাযের্র স্বেচ্ছাচারিতায় অনুমোদনহীন বিভাগ চালু করায় বর্তমানে আমাদের শিক্ষাজীবন হুমকির মুখে।

তিনি আরো বলেন, সাবেক উপাচার্যের অপরাধের শাস্তি শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে।

বিভাগের যৌক্তিক আন্দোলন সাথে একাত্মতা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ।

এদিকে চাকরি স্থায়ীকরণ, বকেয়া বেতন পাওয়াসহ তিন দফা দাবি নিয়ে ৬২ দিনের মতো আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারীরা। আজ রবিবার বেলা ১১টার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

আন্দোলনকারী কর্মচারীরা বলেন, চাকরি স্থায়ীকরণ না হওয়ায় বিগত ৪ মাস ধরে আমরা বেতন ভাতা না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি।

ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের বিষয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাজাহান বলেন, ইউজিসির সভায় আগামী শিক্ষাবর্ষ থেকে ইতিহাস বিভাগটিতে শিক্ষার্থী ভর্তি বন্ধের বিষয়ে নীতিগত সিন্ধান্ত নেয়া হয়েছে। এর পাশাপাশি অধ্যায়নরত শিক্ষার্থীদের শিক্ষাজীবন সুষ্ঠুভাবে সমাপ্ত করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

এছাড়া কর্মচারীদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, আন্দোলনরত কর্মচারীদের বিষয়ে ইউজিসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণের নির্দেশনা আসে নাই।

রাজারবাগ মঞ্চ মাতালেন জেমস

0

নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৫ তম প্রতিষ্ঠা দিবস। দেশের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের সম্মানিত নগরবাসীর উপস্থিতিতে প্রাণবন্ধ ছিল ডিএমপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান।

শনিবার রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে উদযাপিত হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৫ তম প্রতিষ্ঠা দিবস ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতিষ্ঠা দিবসে রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বসেছিল তারার মেলা। নগর বাউল জেমস, চিরকুট, সালমা ও হৈমন্তি রক্ষিত তাদের শ্রোতাপ্রিয় গান গেয়ে দর্শক সারিতে বসা সকলকে মাতিয়ে রেখেছিলেন। এই রোমাঞ্চময় মূহুর্ত থেকে বাদ যাননি অভিনয় শিল্পীরা। চলচ্চিত্র তারকা ফেরদৌস-মাহিয়া মাহি ও ইভান শাহরিয়ার সোহাগ- মিষ্টি জান্নাত জুটির নাচ মুগ্ধ করেছে দর্শকদের।

বিশেষ এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর শিল্পীদের মনোরম নৃত্য ও সংগীত দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখে।

মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠ থেকে (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার সংবাদের পর সরাসরি সম্প্রচার করে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সার আইএফআইসি ব্যাংক। সূত্র- ডিএমপি নিউজ

মিশার সিদ্ধান্ত বদল

0

আমেরিকা যাওয়ার আগে অভিনয় ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন খলনায়ক মিশা সওদাগর। প্রায় দুই মাস পর ৬ ফেব্রুয়ারি দেশে ফিরেছেন তিনি। জানালেন সিদ্ধান্ত বদলের কথা। শিল্পী সংকট ও দীর্ঘদিনের সহকর্মীদের অনুরোধে আবার ক্যামেরার সামনে দেখা যাবে মিশাকে।

বলেন, ‘৭ ফেব্রুয়ারি এফডিসিতে গিয়েছিলাম। সবাই আমাকে পেয়ে উচ্ছ্বসিত। কয়েকজন গুণী পরিচালক এসেছিলেন দেখা করতে। তাঁরা অনুরোধ করেছেন ফের অভিনয়ে নিয়মিত হওয়ার জন্য। ভেবে দেখলাম, আজ আমি মিশা হয়েছি ফিল্মের জন্যই। ইন্ডাস্ট্রির এই ক্রান্তিলগ্নে নিজেকে গুটিয়ে নিলে একটা অপরাধবোধ থেকে যাবে। তাই তাদের অনুরোধে সাড়া দিয়েছি। নতুন করে ইফতেখার চৌধুরী, গাজী জাহাঙ্গীর ও বদিউল আলম খোকনের তিনটি ছবিতে কাজ করতে যাচ্ছি।’

ভাগ্যিস, সন্তান হওয়ার আগেই ডিভোর্সটা হয়েছিল: পাখি

0

ভারতের পশ্চিমবঙ্গের ছোট পর্দায় মধুমিতা সরকার বিচ্ছেদের চার বছর পর ডিভোর্সের কারণ জানালেন। ২০১১ সালে ‘সবিনয় নিবেদন’ নামের একটি সিরিয়ালে কাজ করতে গিয়ে সৌরভ চক্রবর্তীর সঙ্গে প্রেম হয়। এরপর ২০১৫ সালের ২৬ জুলাই বিয়েও করেন তারা। কিন্তু বেশিদিন টিকেনি তাদের সংসার। হয়েছে বিচ্ছেদ। সৌরভের সঙ্গে বিচ্ছেদের এতদিন পর আবার সম্পর্ক ভাঙার বিষয়ে সামনে চলে এলো।

মধুমতি অভিনীত ‘লাভ আজ কাল পরশু’ মুক্তি পাচ্ছে শিগগিরই। এতে তার বিপরীতে আছেন অর্জুন চক্রবর্তী। ছবিটির প্রচারণায় আসতেই গণমাধ্যমকর্মীরা মধুমিতাকে পুরনো সম্পর্ক ভাঙার বিষয়ে জানতে চান।

এসময় মধুমিতা বলেন, কোনো একটা কারণে তো সম্পর্ক ভাঙে না। পরস্পরের বিরুদ্ধে ক্ষোভ নেই আমাদের। সৌরভ ভালো মানুষ। ও খুব ভালো থাকুক, সেটাই চাইব। কিন্তু আমার সঙ্গে ওর ঠিক বনিবনাটা হলো না।

তিনি বলেন, আমাদের দু’জনের ভাবনাচিন্তা, দৃষ্টিভঙ্গি খুবই আলাদা। সম্পর্কেও সেই কারণে সমস্যা তৈরি হচ্ছিল। তাই আমরা দু’জনে কথা বলে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। ভাগ্য ভালো একটা নতুন প্রাণকে পৃথিবীতে আনার আগে যে আমরা আলাদা হয়ে গিয়েছি। ভাগ্যিস, সন্তান হওয়ার আগেই ডিভোর্সটা হয়েছিল।

সৌরভের সঙ্গে মিথ্যা আশ্বাসের ওপর ভিত্তি করে তার সঙ্গে সংসার করেছেন বলেও মন্তব্য এ অভিনেত্রীর। তিনি বলেন, আমি যত দিন সৌরভের সঙ্গে ছিলাম, মিথ্যাটাকেই হয় তো বিশ্বাস করতে চেয়েছিলাম।

কদমতলীতে স্টিল ফ্যাক্টরির আগুনে দগ্ধ ১১ শ্রমিক

0

রাজধানীর কদমতলীর কামাল স্টিল মিলস লিমিটেডে লোহা গলানোর সময় আগুনের ফুলকিতে ১১ জন জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে তাদের মধ্যে আহত তিন শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আজ রবিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়া দগ্ধ শ্রমিকরা হলেন-রাসেল (৩২), রেদওয়ান (২৫), সিফাত (২৮), সোহাগ (২৬) বাবর (৩৫), দুলাল (৩০) ও (২৭) সুজন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে বাবরের শরীরের ছয় শতাংশ দুলালের ১০ শতাংশ, ও সুজনের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি দেওয়া হয়েছে। বাকিরা সামান্য দগ্ধ হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কারখানার সুপারভাইজর সনজিৎ মণ্ডল গণমাধ্যমে এ বিষয়ে জানান, রাতের শিফটে শ্রমিকরা কারখানায় লোহা গলানোর কাজ করার সময় হঠাৎ আগুনের ফুলকি গিয়ে তাদের শরীরে লাগে। এতে ১১ জন শ্রমিক দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।