Home Blog Page 3166

দিল্লির মসনদে ফিরছেন কেজরিওয়াল!

0

গতকাল ভারতের দিল্লির বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের এক্সিট পোলের ফলাফলে চমক। কয়েক দিন আগেই একাধিক সংস্থার ওপিনিয়ন পোল অর্থাৎ জনমত সমীক্ষায় দেখানো হয়েছিল, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি একতরফাভাবে জিততে চলেছে দিল্লি। তবে, এক্সিট পোলের ফলাফল তেমন ইঙ্গিত করছে না।

ভোট-পরবর্তী সমীক্ষা বলছে, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতায় ফিরলেও গতবারের তুলনায় অনেকটা কমছে আসন। ‘আপ’কে (আম আদমি পার্টি) ভালোই লড়াই দিচ্ছে বিজেপি। সমীক্ষা বলছে, গতবারের তুলনায় এবছর অনেক বেশি আসন পেয়ে যেতে পারে গেরুয়া শিবির।

টাইমস নাও-আইপিএসওএসের ভোট পরবর্তী সমীক্ষা বলছে ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি পেতে পারে ৪৭টি আসন। বিজেপি জোট পেতে পারে ২৩টি আসন। কংগ্রেস কোনও আসনই পাচ্ছে না।

জন-কি-বাতের সমীক্ষা বলছে, আম আদমি পার্টি একাই পেতে পারে ৪৮ থেকে ৬১টি আসন। অন্যদিকে বিজেপি জোট পেতে পারে ৯-২১টি আসন। এই সংস্থাটির সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস পেতে পারে ০ থেকে একটি আসন। ইন্ডিয়া নিউজ নেশনের সমীক্ষা অনুযায়ী, আম আদমি পার্টি পেতে পারে ৫৫টি আসন। বিজেপি ১৪টি এবং কংগ্রেস একটি আসন পেতে পারে।

নিউজ এক্স-পোলস্টারের সমীক্ষা বলছে, আপ পেতে পারে ৫০ থেকে ৫৬টি আসন। বিজেপি পেতে পারে ১০ থেকে ১৪টি আসন। এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষায় অবশ্য আম আদমি পার্টির বিরাট জয়েরই ইঙ্গিত মিলছে। তাঁদের সমীক্ষার ফলাফল বলছে, আম আদমি পার্টি পেতে পারে ৪৯ থেকে ৫৪টি আসন। বিজেপির ঝুলিতে যেতে পারে ৫ থেকে ৯টি আসন। কংগ্রেস পেতে পারে ০ থেকে ৪টি আসন।

৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে ২০১৫ নির্বাচনে আম আদমি পার্টি একাই ৬৭টি আসন জিতেছিল। বিজেপি জিতেছিল মাত্র ৩টি আসন। কংগ্রেস কোনও আসন জেতেনি। ভোটের আগে জনমত সমীক্ষাতেও দেখানো হয়, আম আদমি পার্টি ষাটের বেশি আসন পেতে পারে।

কিন্তু, ভোট পরবর্তী বুথ ফেরৎ সমীক্ষা বলছে, দিল্লিতে শেষ মুহূর্তে কিছুটা হলেও কামব্যাক করছে গেরুয়া শিবির। আর এর পিছনে অনেকেই শাহিনবাগের বিক্ষোভকে কারণ হিসেবে দেখছেন। অধিকাংশ নির্বাচন সমীক্ষক বলছেন, এবারে দিল্লিতে স্বভাববিরুদ্ধভাবে মেরুকরণের ভোট হয়েছে। তবে, আসন কমলেও অরবিন্দ কেজরিওয়ালই যে ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন, তা নিয়ে কারও কোনও সংশয় নেই।

আফগানিস্তানে ভয়াবহ হামলা; বহু মার্কিন সেনা হতাহত

0

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে সামরিক পোশাক পরিহিত ব্যক্তিরা হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে জানা গেছে, এই হামলায় বহু মার্কিন সেনা হতাহত হয়েছে।

আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা মুখপাত্র কর্নেল সনি লেগেট এই তথ্য নিশ্চিত করেছেন।

মার্কিন সেনা মুখপাত্র জানান, নানগারহার প্রদেশে মার্কিন ও আফগান সেনাদের একটি যৌথ বাহিনী এক অভিযান পরিচালনা করার সময় সরাসরি গুলিবর্ষণের শিকার হয়।

তবে তিনি এ সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য জানাননি।

এদিকে, আফগান গণমাধ্যম জানিয়েছে, অভিযানে অংশগ্রহণকারী এক বা একাধিক আফগান সেনা এই হামলা চালিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে প্রদেশের শিরজাদ জেলা ভবনের মধ্যে এ সংঘর্ষ হয়। কর্মকর্তারা এখন এ বিষয়টি তদন্ত করে দেখছেন যে, হামলাকারীরা আফগান সৈন্য ছিল নাকি আফগান সামরিক পোশাক পরে বহিরাগত কেউ গুলিবর্ষণ করেছে।

নানগারহার প্রদেশের পদস্থ নিরাপত্তা কর্মকর্তা মোবারেজ খাদেম বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, মার্কিন ও আফগান সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং বহু মানুষের নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন আফগান কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, কয়েকটি হেলিকপ্টারে করে জেলা ভবন থেকে হতাহতদের নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনি নিহত বা আহতদের সংখ্যা জানাতে অপারগতা প্রকাশ করেন।

অজ্ঞাত দুই আফগান কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গতকাল সন্ধ্যার ওই ঘটনায় পাঁচ থেকে ছয় মার্কিন সেনা ও ছয়জন আফগান সৈন্য নিহত হয়েছে।

মুজিবনগরে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে

0

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুজিবনগরে ইতিহাস সমৃদ্ধ একটা অত্যাধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। মুজিবনগর পর্যটন কেন্দ্রে নামমাত্র মূল্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে দিয়েছেন পর্যটন কর্পোরেশন। আমরা সেটাকে ১০ হাজার কোটি টাকা ব্যয়ে গড়ে তুলতে চাই।

শনিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় চন্দ্রা পিকনিক স্পট অ্যান্ড হাইওয়ে রেস্টুরেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশকে সমৃদ্ধ করতে পর্যটন শিল্প আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে পারে। সিঙ্গাপুর শুধু একটা বিমানবন্দর ও নৌবন্দরের উপর চলে। বাংলাদেশের ঐতিহাসিক স্থানের জন্য মানুষকে আকৃষ্ট করে আমরা কাজে লাগাতে পারিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান ৬ বছর, এরশাদ ১০ বছর, খালেদা জিয়া ১০ বছর সামরিক শাসনসহ প্রায় ৩০ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। কিন্ত তারা পর্যটন শিল্পকে গুরুত্ব দেননি। আমরা বঙ্গবন্ধুর সময় সাড়ে ৩ বছর আর শেখ হাসিনার সময় ১৬ বছর দেশ পরিচালনা করেছি। দেশরত্ন শেখ হাসিনা পর্যটন শিল্পের গুরুত্ব উপলব্ধি করে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। এই শিল্পের মাধ্যমে আমাদের সুনাম যেমন মানুষের কাছে ছড়িয়ে পড়বে একই সাথে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি বিকশিত হবে।

ঢাকা রিসোর্টের চেয়ারম্যান এমারত হোসেন সোহাগের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস, গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিকদার মোশারফ, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জয়, ঢাকা রিসোর্টের ব্যবস্থপনা পরিচালক ইঞ্চিনিয়ার সজীবুল আল রাজিব প্রমুখ।

সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকীর আহমেদ

0

বাংলাদেশ ও ভারত সরকার যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা নির্মাণ করতে চলেছে। এই বায়োপিক তৈরির জন্য পরিচালক হিসেবে মুম্বাইয়ের শ্যাম বেনেগালকে বেছে নেয়া হয়েছে।

বলিউডের ৮৩ বছরের এই প্রবীণ পরিচালক এরইমধ্যে মাঠে নেমেছেন। এখন চলছে বিভিন্ন চরিত্রে শিল্পী বাছাই। এ সংক্রান্ত কাজ, শূটিং ও আনুষ্ঠানিক বিষয়ে সিদ্ধান্ত নিতে গেল বুধবার ঢাকায় এসেছেন বায়োপিক মাস্টার শ্যাম বেনেগাল। জানা গেছে বঙ্গবন্ধুর এই বায়োপিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে অভিনয় করবেন নন্দিত অভিনেতা তৌকীর আহমেদ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এফডিসিতে সোহরাওয়ার্দী চরিত্রের জন্য পোশাকের মাপ দেন তৌকীর। বঙ্গবন্ধুর বায়োপিকে তারই রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে অভিনয়ের সুযোগকে ক্যারিয়ারে বিশেষ সংযোজন বলে মনে করছেন তৌকীর আহমেদ।

তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত। এত বড় একটি কাজের সঙ্গে যুক্ত থাকতে পারছি। বঙ্গবন্ধু সংশ্লিষ্ট যে কোনোকিছুই ভালো লাগে। তার জীবন নিয়ে নির্মিত সিনেমায় তারই রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্র করতে পারাটা তো বিশেষ কিছু। যারা এই সিনেমার সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আরও একটা আনন্দের ব্যাপার হলো কাছে থেকে কিংবদন্তি চলচ্চিত্রকার শ্যাম বেনেগালের কাজ দেখার সুযোগ পাবো।

এদিকে জানা গেছে, শ্যাম বেনেগালের পরিচালনায় এই বায়োপিকে বঙ্গবন্ধুর মা সায়রা বানুর চরিত্রে কাজ করবেন অভিনেত্রী দিলারা জামান। এছাড়া বাকী চরিত্র এখনো নিশ্চিত হয়নি। চলছে যাচাই বাছাই।

তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেল, বঙ্গবন্ধুর চরিত্রসহ ছবির অধিকাংশ চরিত্রের জন্য বাংলাদেশ থেকে শিল্পী নেয়া হচ্ছে। বঙ্গবন্ধু চরিত্রেও থাকবেন বাংলাদেশের অভিনেতা। কিছু চরিত্রে বলিউড ও কলকাতার শিল্পীদের দেখা যাবে। ভারতবর্ষের বাইরের কিছু চরিত্রও এ ছবিতে পাওয়া যাবে। প্রথমদিকে ছবিতে ইংরেজিতে নির্মাণের সিদ্ধান্ত নেয়া হলেও পরবর্তীতে এটি বাংলা ভাষায় নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলা ভাষায় নির্মিতব্য চলচ্চিত্রটির হিন্দি সাব-টাইটেল থাকবে।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্রটির জন্য বাজেট নির্ধারিত হয়েছে ৩৫ কোটি টাকা। এই বাজেটের ৬০ ভাগ দেবে বাংলাদেশ ও ৪০ শতাংশ দেবে ভারত।

বায়োপিকটি নির্মাণে পরিচালক শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন তারই শিষ্য বলিউডের আরেক নামী পরিচালক দয়াল নিহালানি। চিত্রনাট্য করেছেন বলিউডের বহু সফল ছবির দুই চিত্রনাট্যকার অতুল তিওয়ারি ও শামা জায়েদি। ছবির শিল্পনির্দেশনার দায়িত্ব পেয়েছেন ভারতীয় ছবির জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পনির্দেশক নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর বা শিল্পীদের পোশাক-পরিচ্ছদ নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

ঢাকায় এসেছেন থ্রি ইডিয়টসের ফুংসুখ ওয়াংড়ু

0

আমির খান অভিনীত জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’। ছবির প্রধান চরিত্রে ছিলেন আমির খান। যেখানে তার নাম ছিল ‘র‌্যাঞ্চোরদাস শ্যামলদাস চ্যাঞ্চোড়’। ছবির শেষে জানা যায় আমির খানের আসল নাম ফুংসুখ ওয়াংড়ু।

তবে ফুংসুখ ওয়াংড়ু চরিত্রটি নেয়া হয়েছিল সোনম ওয়াংচুক নামের এক শিক্ষা সংস্কারকের জীবন থেকে। তিনি আজ শুক্রবার ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের করণীয়’ বিষয়ের ওপর বক্তৃতা দেবেন। শিল্পকলা একাডেমিতে জাতীয় চিত্রশালার চতুর্থ তলায় পঞ্চমবারের মতো আয়োজন করা হয়েছে ঢাকা আর্ট সামিটের। এই অনুষ্ঠানের প্রথম দিন আজ।

অনুষ্ঠানে সোনম ওয়াংচুকের সঙ্গে থাকবেন আগা খান পুরস্কারজয়ী স্থপতি সাইফুল হক, স্থাপত্যকলা তাত্ত্বিক হুরারিয়া জাবিন ও স্থপতি নীনা পেইম। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন নকশাকার প্রেম কৃষ্ণমূর্তি। তিব্বতে ১৯৬৬ সালের ১ সেপ্টেম্বর থ্রি ইডিয়টস সিনেমার শেষ দৃশ্যের সেই গাঢ় নীল হ্রদটির কাছেই জন্মেছিলেন সোনম, লেহ জেলার উলেটোকপো গ্রামে।

বেড়েছে সূচক, বেড়েছে শেয়ারের দাম

0

আস্তে আস্তে পুঁজিবাজারে বাড়ছে বিনিয়োগকারীর সক্রিয়তা। শেয়ার কেনার পরিমাণ বাড়ায় মূল্যসূচকে উন্নতির পাশাপাশি লেনদেনও বাড়ছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেন ছাড়িয়েছে ৫০০ কোটি টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন হ্রাস পেয়েছে। তবে দুই বাজারেই বেশির ভাগ কম্পানির শেয়ারের দাম বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৬ কোটি ৩৫ লাখ টাকা আর সূচক বেড়েছে ২৫ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৪ কোটি ৬৭ লাখ টাকা আর সূচক বেড়েছিল ১১ পয়েন্ট। দিন শেষে সূচক দাঁড়িয়েছে চার হাজার ৫০৬ পয়েন্ট। ডিএস-৩০ মূল্যসূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৩৬ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৬টির, কমেছে ১১৭টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি কম্পানির শেয়ারের দাম।

সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৪১ লাখ টাকা আর সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ২৭ কোটি ১৮ লাখ টাকা। গতকাল লেনদেন হওয়া ২৪৭টি কম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ৭৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কম্পানির শেয়ারের।

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ১২ মার্চ

0

রাজধানীর সোনারগাঁও হোটেলে আগামী ১২ থেকে ১৪ মার্চ শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্ট ২০২০। মেলার আয়োজন করছে এভিয়েশন ও পর্যটন বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর। দেশ ও বিদেশের জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্টসহ পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবারের প্রদর্শনীতে ৭৫টি স্টলে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবেন।

সম্প্রতি ধানমন্ডিতে দি বাংলাদেশ মনিটর কার্যালয়ে এ সংক্রান্ত সমঝোতা স্বারকে সাক্ষর করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা পারভিন এবং বাংলাদেশ মনিটরের ব্যবস্থাপনা সম্পাদক তাহেরা ওয়াহিদ। এসময় বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিক্রয় ও বিপণন বিভাগ প্রধান মো. শফিকুল ইসলাম, মহা-ব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম, রাজস্ব ব্যবস্থাপক সাজিয়া পারভিনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে দিলরুবা পারভিন বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নে ইউএস-বাংলা এয়ারলাইন্স অব্যাহতভাবে ভূমিকা পালন করে আসছে। মেলা চলাকালীন দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় ভাড়া ও প্যাকেজ অফার দেওয়ার পরিকল্পনা আছে আমাদের।

তাহেরা ওয়াহিদ বলেন, পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান ও গ্রাহকদের মধ্যে সরাসরি যোগাযোগের একটি কার্যকরী মঞ্চ হিসেবে ঢাকা ট্রাভেল মার্ট নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে। আমরা আশা করছি দেশী-বিদেশী অংশগ্রহণকারীরা এবারের প্রদর্শণীতে আরও আকর্ষণীয় পর্ণ সেবা নিয়ে আসবেন।

৪৪ বছর ধরে চেষ্টা করেছি জনতার পুলিশ হতে : ডিএমপি কমিশনার

0

আমরা ৪৪ বছর ধরে চেষ্টা করেছি, জনতার পুলিশ হতে। বিশ্বাস ও ভালোবাসার ওপরে একজন পুলিশ সদস্যের কিছু পাওয়ার থাকে না। রাজধানীবাসীর বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে চেষ্টা করছি। আর সেই লক্ষ্যেই আমাদের প্রত্যেকটি পুলিশ সদস্য কাজ করে যাচ্ছেন।’

আজ শনিবার বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৫ বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সদস্যদেরকে ‘জনতার পুলিশ’ হওয়ার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এসব কথা বলেন। অনুষ্ঠান উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘আমরা চেষ্টা করছি ঢাকার প্রত্যেকটি থানাকে বিশ্বাস ও আস্থার কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলতে। আমরা চাই মানুষ সেবার জন্য থানায় আসবে, ফেরার সময় যেন হাসিমুখে ফিরে যায়।’

প্রতিটি থানা হবে জনগণের আস্থার কেন্দ্র আইজিপি বলেন, সেই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত আছে আমাদের। এ লক্ষ্যে পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম আরো বলেন, ঢাকা মহানগর পুলিশের লক্ষ্য রাজধানীবাসীর আস্থা অর্জন ও সেবা দেওয়া। সব সময়ই আমরা চেষ্টা করছি, জনতার পুলিশ হতে। আর সেই লক্ষ্যেই আমাদের প্রত্যেকটি পুলিশ সদস্য কাজ করে যাচ্ছে। একজন পুলিশ সদস্যের বিশ্বাস ও ভালোবাসার ওপরে কিছু পাওয়ার থাকে না।

পুলিশের ওপর আস্থা রাখায় নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আস্থা অর্জনই ডিএমপির একমাত্র লক্ষ্য।

গৌরবময় সেবার ৪৪ বছর পেরিয়ে ৪৫ বছরে পদার্পণ করলো ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে আজ শনিবার অনারম্বর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয় ডিএমপির ৪৫তম প্রতিষ্ঠা দিবস। দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ লাইনস রাজারবাগে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি এবং স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দীন ও পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান পুলিশকে মানুষের সেবায় কাজ করতে আহবান জানান।

এদিকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিকাল ৩টায় ডিএমপি সদর দপ্তর থেকে রাজারবাগ পুলিশ লাইনস পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। আইজিপি ডিএমপির র্যালির উদ্বোধন করেন। ডিএমপি সদর দপ্তর থেকে রাজারবাগ পুলিশ লাইনে গিয়ে র্যালিটি শেষ হয়। এছাড়াও প্রতিষ্ঠা দিবসের ডকুমেন্টারি প্রদর্শনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে ডিএমপির ৪৫তম প্রতিষ্ঠা দিবসে রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে নাগরিক সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছেন দেশের খ্যাতনামা অভিনেতা, অভিনেত্রী, সংগীত ও নৃত্যশিল্পীরা এবং বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গিতশিল্পী নগরবাউল খ্যাত জেমস, চিরকুট ব্যান্ড, ক্লোজ আন ওয়ান খ্যাত সালমা ও হৈমন্তি রক্ষিত। সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর শিল্পীদের মনোরম নৃত্য ও সংগীত পরিবেশন করেন তারা।

চেষ্টা থাকলেও চীন থেকে আনা এখন সম্ভব হচ্ছে না

0

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, চেষ্টা থাকলেও চীন থেকে ১৭১ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা সম্ভবপর হচ্ছে না। আজ শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এখন আসতে চাচ্ছেন, তাদের জন্য আমরা অনেক খরচ করেছি। তারপরও সম্ভব হচ্ছে না। বিমানের ক্রুরা কেউ বাইরে যেতে পারছে না, বিমান কোথাও যেতে পারছে না। সিঙ্গাপুরে পর্যন্ত যেতে পারছে না।

তিনি বলেন, একমাত্র চাইনিজ চাটার্ড ফ্লাইটে তাদের আনা সম্ভব হত। এক পর্যায়ে চীন রাজিও হয়েছিল। কিন্তু পরে তারা না করে দিয়েছে। আমরা তো কোনো ফ্লাইট পাঠাতে পারছি না, কোনো ক্রুও যেতে চাচ্ছে না।

চীনে বাংলাদেশিরা খাবার সঙ্কটে আছে -এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের খাওয়া-দাওয়া চাইনিজরা এনশিওর করছে। ২৩টি জায়গায় বাংলাদেশিরা থাকে, সবগুলো জায়গায়ই খাবার, পানি সময়মতো পাঠিয়ে দিচ্ছে তারা। তারা খাবার সঙ্কটে আছে বলে যেসব কথা শোনা যাচ্ছে, তা সঠিক না। আমাদের দূতাবাস ওদের সাথে সব সময় যোগাযোগ করছে। ৩৮৪ জনের একটা গ্রুপ কনটিনিউয়াসলি খোঁজ নিচ্ছে তাদের।

মার্কিন জাহাজে করোনার থাবা! বাঙালি কর্মীর কাতর আর্জি

0

মার্কিন যাত্রীবাহী জাহাজে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। জাহাজটিতে এ প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়েছে অন্তত ৬৫ জন। জাহাজটি জাপানের ইয়োকোহামায় নোঙর করেছে। জাহাজটিতে আটকে পড়েছে ৬ বাঙালিসহ ১২০ জন ভারতীয়। আটকে পড়াদের জন্য উত্কণ্ঠায় পরিবার। উদ্ধারের জন্য ভারতীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা।

জাহাজটিতে আটকে পড়া একজন বাঙালি কর্মী উদ্ধারের জন্য আকুল আর্জি জানিয়েছেন। এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি।