Home Blog Page 3167

করোনাভাইরাস : চীনের অবস্থা কেমন?

0

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা সাতশ ছড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ছড়িয়েছে ৩০ হাজার। জাপানের উপকূলে কোয়ারিন্টিনে রাখা একটি প্রমোদতরীর ৪১ জন আরোহীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এনিয়ে প্রমোদতরীটিতে মোট আক্রান্ত আরোহীর সংখ্যা দাঁড়ালো ৬১ জনে।

এদিকে, করোনাভাইরাস সম্পর্কে যে চিকিৎসক হুঁশিয়ার করার চেষ্টা করেছিলেন তার মৃত্যুতে চীন জুড়ে ব্যাপক ক্ষোভ ও শোক ছড়িয়ে পড়েছে। ভাইরাসটির প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল উবেই প্রদেশের উহানে রোগীদের চিকিৎসা দেওয়ার সময় ভাইরাসের সংস্পর্শে আসার পর মারা যান লি ওয়েনলিয়াং।

গত ডিসেম্বরে তিনি সহচিকিৎসকদের সতর্ক করে একটি বার্তা পাঠিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে, এই ভাইরাসটি করোনাভাইরাস জাতীয় একটি ভাইরাস। কিন্তু তাকে পুলিশ এ ধরনের ‘ভুল মন্তব্য না করার’ নির্দেশ দিয়েছিল এবং তার বিরুদ্ধে ‘গুজব ছড়ানোর’ তদন্তও হয়েছিল। চীনের দুর্নীতি বিরোধী সংস্থা জানিয়েছে, তারা লি সম্পর্কিত বিষয়ে তদন্ত করবে।

বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি বছরগুলোতে এমন কোনো ঘটনার উল্লেখ নেই যা চীনের সরকারের প্রতি অনলাইনে এতো বেশি বিষাদ, ক্ষোভ এবং অবিশ্বাস উস্কে দিয়েছে। লি’র মৃত্যুর খবর চীনের সামাজিক মাধ্যমে শীর্ষ ট্রেন্ডিং টপিকে পরিণত হয়েছে, যা প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন দর্শক দেখেছে।

চীনের নেতৃত্বের বিরুদ্ধে ভাইরাসের প্রাদুর্ভাবের তীব্রতাকে কমিয়ে দেখানো এবং প্রাথমিক অবস্থায় এটিকে গোপন করার চেষ্টার অভিযোগ ওঠেছে। সরকার স্বীকার করেছে যে ভাইরাসের প্রতি পদক্ষেপ নেওয়ার বিষয়ে তাদের ত্রুটি ও ঘাটতি ছিল।

এদিকে, ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে দেশটি বেশ কিছু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছে। জন্মদিনের মতো পার্টিগুলোতে দল বেঁধে খেতে যাওয়ার ওপর রাজধানী বেইজিংয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আংঝোউ এবং নানচ্যাংয়ের মতো শহরগুলোতে, এক দিনে একটি পরিবারের কতো জন সদস্য বাড়ির বাইরে যেতে পারবে তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। হুবেই প্রদেশে বাসিন্দাদের বাইরে যাওয়া ঠেকাতে বহুতল ভবনগুলোতে লিফট সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে।

বাড়ির ভিত খুঁড়তেই সন্ধান মিলল সুড়ঙ্গের!

0

বাড়ির ভিত খুঁড়তে গিয়ে সুড়ঙ্গের সন্ধান মিলেছে। এই সুড়ঙ্গের সন্ধান মিলেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মাহাতা গ্রামে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সুড়ঙ্গের দেখা পান বাড়ির মালিক জিয়ারুল মল্লিক। খবর ছড়াতেই উৎসাহী মানুষের ভিড় বাড়তে শুরু করে।

জানা গেছে, পুলিশ আপাতত জায়গাটি ঘিরে রেখেছে। সুড়ঙ্গের ভেতর কি রয়েছে, তা আজ শনিবার খতিয়ে দেখা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বর্ধমানের আউশগ্রামের গুসকরা লাগোয়া ভাতার থানার মাহাতা গ্রাম। সেই গ্রামের বাসিন্দা জিয়ারুল মল্লিকের বাড়ি তৈরির জন্য ভিত খোঁড়ার কাজ চলছিল। দিনভর কাজের পর তা তদারক করছিলেন বাড়ির মালিক জিয়ারুল। সে সময় ভিতের এক অংশে ধস নামে। তার কারণ খতিয়ে দেখার জন্য মাটি সরাতেই বেরিয়ে আসে বিশাল সুড়ঙ্গ। তা দেখে প্রতিবেশীদের ডাকেন জিয়ারুল। গর্ত আরও চওড়া করা হয়। আলো ফেলা হয় তার ভেতরে। তাতে দেখা গিয়েছে সুড়ঙ্গটি বেশ লম্বা ও চওড়া। এর স্হাপত্য রীতিও সুন্দর। তবে রাতের অন্ধকারে কেউ ভেতরে ঢোকার সাহস দেখাননি। সুড়ঙ্গের ভেতর বড় বড় গাছের শিকড় ছড়িয়ে রয়েছে। বিষধর সাপও থাকতে পারে এই ভয়েই ভেতরে যাননি কেউ।

এদিকে, বাড়ির ভেতর সুড়ঙ্গ এবং তাতে প্রচুর গুপ্তধন হীরে-জহরত-মোহর রয়েছে বলে এলাকায় খবর রটে যায়। আশপাশের গ্রাম থেকে শত-শত উৎসাহী বাসিন্দারা সুড়ঙ্গ দেখতে ভিড় করেন। খবর পেয়ে সেখানে যায় থানার পুলিশ। ভিড় সামলাতে হিমসিম খেতে হয় পুলিশকে। আপাতত সুড়ঙ্গের মুখ বন্ধ করে দিয়েছে পুলিশ। রাতভর সেখানে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি খবর দেওয়া হয়েছে পুরাতত্ত্ব বিভাগেও।

স্হানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, আজ শনিবার স্হাপত্য বিশেষজ্ঞরা এলাকায় যাবেন। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার প্রতিনিধি দল ওই স্হল পরিদর্শনে যেতে পারেন।

পুরাতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, সুড়ঙ্গের গঠন শৈলী ও ইটের আয়তন দেখে সুড়ঙ্গটির প্রাচীনত্ব অনুমান করা সম্ভব। এক সময় এই এলাকায় ইংরেজদের উপনিবেশ ছিল। এটি তাদের তৈরি কোনও নির্মাণ কিনা নাকি কোনও মন্দিরের ধ্বংসাবশেষ তা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র : নিউজ এইটিন

করোনাভাইরাসে মার্কিন নাগরিকের মৃত্যু

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মার্কিন নাগরিক মারা গেছেন চীনের উহানে। বেইজিংয়ে মার্কিন দূতাবাস শনিবার এই খবর দিয়েছে। উহানে মারাত্মক এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হল কোনো বিদেশি নাগরিকের।

বেইজিংয়ের মার্কিন দূতাবাস জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উহানে যে মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে তার বয়স ৬০। আক্রান্ত সন্দেহে তাকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভর্তি করানো হয়েছিল উহানের একটি হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়েছে।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা বাড়ছেই। এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতশ ২৪ জনে। আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার আটশ ৮৮ জনে দাঁড়িয়েছে।

করোনা আতঙ্কে বিপাকে পড়ে অন্তত ১৭টি শহরকে বিচ্ছিন্ন করে রেখেছে চীন। বিভিন্ন দেশও করোনাভাইরাস থেকে বাঁচতে চীনের সঙ্গে যোগাযোগ থেকে বিরত থাকছে। এদিকে জাপানের যাত্রীবাহী সেই জাহাজে অন্তত ৬১ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা সমুদ্রে থাকা সেই জাহাজেই রয়েছেন।

কম দামি শাড়ি পরেছিল কনে, বিয়ে ভাঙল বরের পরিবার!

0

একেবারে শেষ মুহূর্ত এসে বিয়ে ভেঙে গেল আজব এক কারণে। কারণটি হলো- কনের শাড়িটি ছিল কম দামের। শুধু তাই নয়, বিয়ের আগেই বেপাত্তা হয়ে গেল বর।এমনটাই ঘটেছে ভারতের কর্ণাটকের হাসান নামের গ্রামে।

জানা গেছে, হাসানের পাশের এক গ্রামের বাসিন্দা বি এন রঘুকুমার। তিনি প্রেমে পড়েছিলেন বি আর সঙ্গীতা নামে এক তরুণীর। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার ছিল বিয়ের দিন। কিন্তু তার আগেই পরিবারের লোকের নির্দেশে বাড়ি থেকে সরে পড়েন রঘু।

বিয়ের আগে এক অনুষ্ঠানে যে শাড়ি পড়ে সঙ্গীতা এসেছিলেন তা বদল করতে বলে রঘুকুমারের পরিবার। তাদের দাবি, ওই শাড়িটি ছিল একেবারে কম দামি। সেই কথা শোনেনি মেয়ের পরিবার। তাতেই বিয়েতে বেঁকে বসে রঘুকুমারের পরিবার। বিয়ের আগের দিন বাড়ি থেকে পালিয়ে যান রঘু।

এদিকে, ওই ঘটনায় রঘুর নামে থানা অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার শ্রীনিবাস গৌড়া সংবাদমাধ্যমকে জানান, রঘুকুমারের বিরুদ্ধে একটি প্রতারণার অভিযোগ করা হয়েছে।

সূত্র : জি-নিউজ

সীমান্তে হত্যা আগের চেয়ে বেড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

0

গত কয়েকদিন ধরে সীমান্তে হত্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এর সঙ্গত কারণটা কি আপনারা অনেকেই জানেন। তবে আমরা এটা নিয়ে কাজ করছি যাতে এটা কমিয়ে আনা যায়। তাই দুদেশের যা যা করণিয় সেটা আমরা করবো। ইতোমধ্যে পতাকা বৈঠক থেকে শুরু করে সব রকমের আলোচনা হচ্ছে। আমাদের বিজিবি বিএসএফের সঙ্গেও সবসময় কথাবার্তা হচ্ছে।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘মানবাধিকার সুরক্ষা এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, খালেদা জিয়াকে উপযুক্ত চিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা কেন্দ্রে রাখা হয়েছে। যদিও তার যে রোগ, সেগুলো স্থায়ী রোগ। যেমন ডায়াবেটিক, আথ্রাইটিজ- এ সমস্ত রোগে তিনি ভুগছেন। কাজেই তাকে যে উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে না এটা সত্যি নয়।

নির্বাচনের দিন সাংবাদিকদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর অনেক দেশেই নির্বাচন হয়। কিন্তু আমাদের এ সাবকন্টিনেন্টের নির্বাচন এতো সুন্দর, এতো অহিংস নির্বাচন বোধ হয় আপনারা আর দেখেননি আমি মনে করি। কোনো ধরণের হত্যাকাণ্ড তো নাই-ই, মাথা ফাটাফাটিও খুব কম হয়েছে।

তিনি বলেন, মোহাম্মদপুরে সাংবাদিকের হামলার ঘটনাটা এটাও আমাদের নজরে এসেছে। আমরা ভিকটিমের কথা অনুযায়ী এবং তার বর্ণনা অনুযায়ী একজনকে অলরেডি গ্রেপ্তার করেছি। সেই সঙ্গে আর দুই-একজন যাদের শনাক্ত করা হয়েছে তাদেরও গ্রেপ্তার করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক নাছিমা বেগম, সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ, বিচারপতি ওবায়দুল হাসান এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল প্রমুখ।

খালেদার মুক্তির একমাত্র পথ আইনি প্রক্রিয়া, সমাবেশ নয় : তথ্যমন্ত্রী

0

বিএনপি নেত্রী খালেদা জিয়ার একমাত্র মুক্তির পথ আইনি প্রক্রিয়া জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সমাবেশ করে খালেদা জিয়ার মুক্তি মিলবে না।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আজ খালেদা জিয়াকে মুক্তির জন্য যে সমাবেশ ডেকেছে, এই সমাবেশ আইন ও আদালতের বিরুদ্ধে। এই সমাবেশের মাধ্যমে আইন-আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার একমাত্র মুক্তির পথ আইনি প্রক্রিয়া। আদালতের মাধ্যমে যদি জামিন পান নতুবা উচ্চ আদালতের মাধ্যমে খালাস পেলে তার মুক্তি মিলবে।

‘বিএনপি ও জামায়াত সুযোগ পেলেই সাপের মতো ফণা তুলে বসে’ জানিয়ে তিনি বলেন, তারা সুযোগ পেলেই বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কিছুদিন আগে হাইকোর্টের সামনে বিক্ষোভ করেছে। গাড়ি ভাঙচুর করেছে। এর আগে নয়াপল্টনে নিজেদের অফিসের সামনে বিক্ষোভ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে‌।

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ইভিএম পদ্ধতিতে নির্বাচন করা হয়। আমাদের দেশেও ইভিএম পদ্ধতি নির্বাচন হয়েছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির আয়োজনে ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি সারাহ বেগম কবরী। এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সরকারিভাবে বিদেশ গমনেচ্ছু কর্মীদের রেজিস্টেশন শুরু রবিবার

0

সরকারিভাবে বিদেশ যেতে আগ্রহী কর্মীদের দেশব্যাপী নিবন্ধন শুরু হচ্ছে কাল রবিবার থেকে। এতে দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগের প্রয়োজন হবে না বলে জানানো হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে।

আগামীকাল রবিবার কেন্দ্রীয় ডাটা ব্যাংকে এ নিবন্ধন কর্মসূচি শুরু হবে। দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে বিদেশে যেতে ইচ্ছুক দক্ষ, স্বল্প দক্ষ, অদক্ষ ও পেশাজীবী নারী-পুরুষ অনলাইনে নিবন্ধন করতে পারবেন। আগ্রহীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে (বিকাশ/নগদ/শিওরক্যাশ/রকেট) ২০০ টাকা পাঠিয়ে এ নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। বিএমইটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বছরে প্রতি উপজেলা থেকে এক হাজার কর্মী বিদেশে পাঠানোর কথা রয়েছে। সে অনুযায়ী সরকারিভাবে বিদেশে কর্মী পাঠাতে গত বছরের ১ আগস্ট ঢাকা জেলায় নিবন্ধন শুরু হয়। পরে ২৭ অক্টোবর শুরু হয় নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার নিবন্ধন। ৯ ফেব্রুয়ারি থেকে দেশের বাকি ৬১ জেলার নিবন্ধন শুরু হচ্ছে।

বিজ্ঞপ্তিতে নিবন্ধনকারীর যোগ্যতায় বলা হয়েছে, কর্মীর বয়স অবশ্যই ১৮ বছরের ওপরে হতে হবে। তবে মধ্যপ্রাচ্যে নারী গৃহকর্মী হিসেবে যেতে ইচ্ছুকদের বয়স ২৫-৪৫ বছরের মধ্যে হতে হবে। নিবন্ধনকারীর অন্তত ছয় মাসের বৈধ পাসপোর্ট এবং নিজস্ব মোবাইল ফোন থাকতে হবে। নিবন্ধনের আপডেট তথ্য মাঝে মাঝে তাঁকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। তাই নিবন্ধন শুরুর পর যেকোনো সময় সংশ্লিষ্ট জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তর বা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে গিয়ে নিবন্ধন সম্পন্ন করা যাবে। নিবন্ধনের সময় তাঁদের যোগ্যতা বা অভিজ্ঞতা সনদ ডাটা ব্যাংকে সংযোজন করতে হবে। এ নিবন্ধনের মেয়াদ হবে দুই বছর। তাই এ সময়ের মধ্যে কোনো যোগ্যতা বা অভিজ্ঞতা অর্জিত হলে তা ডাটা ব্যাংকে সংযোজনের সুযোগ রয়েছে। নিবন্ধনকারীর যোগ্যতার ভিত্তিতে সরকার কাজের ব্যবস্থা করবে।

বিজ্ঞপ্তিতে অবশ্য বলা হয়েছে ডাটা ব্যাংকে নিবন্ধন কোনোভাবেই নিবন্ধনকারীর বিদেশ যাওয়া নিশ্চিত করবে না। এ নিবন্ধনের মেয়াদ হবে দুই বছর।

করোনাভাইরাস : আমিরাতে আক্রান্তের সংখ্যা বেড়ে সাত

0

সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নতুন করে আরো দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আমিরাতে মোট সাতজন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর শনাক্ত হলেন।

জানা গেছে, নতুনভাবে শনাক্ত হওয়া দু’জনের মধ্যে একজন চীনের উহান শহরের বাসিন্দা এবং অন্যজন ফিলিপাইনের। নিয়মানুসারে আমিরাতে যাওয়ার পর রুটিনমাফিক স্বাস্থ্য পরীক্ষা করলে তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

এর আগে গত মাসে চীনের উহান শহর থেকে চার সদস্যের একটি পরিবার আমিরাতে বেড়াতে যায়। সেখানে যাওয়ার পর তাদের স্বাস্থ্য পরীক্ষার পর করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি জানা যায়। পঞ্চম যে ব্যক্তি শনাক্ত হয়েছেন, তিনিও চীনের নাগরিক।

এদিকে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত ৭২২ জনের মৃত্যু এবং ৩৪ হাজার পাঁচশ ৪৬ জন আক্রান্ত হয়েছেন।

মুসলিম দেশগুলোকে ধ্বংসের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

0

মুসলিম দেশগুলোকে ধ্বংসের জন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কারণ, মার্কিনি ও ইসরায়েলিরা মুসলমানদের ধ্বংস চায়। ইরাকের সুন্নি ওলামা পরিষদের প্রধান শেইখ মুহাম্মাদ আল-মোল্লা এ কথা বলেছেন।

গতকাল শুক্রবার এ কথা বলেন তিনি।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-র কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি ও ইরাকের পপুলার মোবালাইজেশন কমিটির উপপ্রধান আবু মাহদি আল মোহানদেসের শাহাদাতের চেহলামকে সামনে রেখে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

শেইখ মুহাম্মাদ আল-মোল্লা বলেন, যুক্তরাষ্ট্র জোর করে ইরাকে প্রবেশ করেছে এবং এখনও অবস্থান করছে। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে ইরাককে ধ্বংস করা।

তিনি জানান, তার নেতৃত্বাধীন সংগঠন সন্ত্রাসবাদ এবং গোষ্ঠী-প্রীতি ও সাম্প্রদায়িকতার ঘোর বিরোধী। একইসঙ্গে তাদের অবস্থান হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে। কারণ মার্কিনী ও ইসরায়েলিরা মুসলমানদের ধ্বংস চায়। মুসলমানদের শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব আরোপ করেন ইরাকের এই আলেম।

গতকাল শুক্রবার ইরাকের বসরায় অনুষ্ঠিত ওই শোকানুষ্ঠানে দেশটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।

করোনাভাইরাস : ফিলিপাইনে আরেকজনের মৃত্যু

0

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরদিনই ফিলিপাইনে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সে দেশে মোট দু’জনের মৃত্যু হলো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে।

জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি ২৯ বছর বয়সী ওই ব্যক্তিকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। তবে, চিকিৎসকরা বলছেন, মারা যাওয়ার পর পরীক্ষা করে দেখা গেছে, তার নিউমোনিয়া হয়েছিল। করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।

এর আগে ৪৪ বছর বয়সী একজন চীনা নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ফিলিপাইনে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ২১৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের মধ্যে অন্তত তিনজন এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

৬০ বছর বয়সী এক নারী বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। উহান শহর থেকে ফিলিপাইনে যাওয়া ওই নারীকে সুস্থ জানিয়ে প্রথমে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে দ্বিতীয়বার রক্ত পরীক্ষা করে ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ফিলিপাইনে তিনিই প্রথম আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তবে পরে শনাক্ত হয়ে মারা গেছেন ওই নারীর পুরুষ সঙ্গী।

এদিকে গত ২৩ জানুয়ারি থেকে উহানের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখে ফিলিপাইন। এছাড়া উহানের ৪৬৪ জন পর্যটককে ফিরিয়ে দেওয়া হয়।