Home Blog Page 3168

হ্যাকারদের দখলে ফেসবুকের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট!

0

ফেসবুকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সাময়িকভাবে নিয়ন্ত্রণে নিয়েছে হ্যাকারদের একটি গ্রুপ। গতকাল শুক্রবার বিকেলে হ্যাকাররা এই নিয়ন্ত্রণ নেয়।

ফেসবুক হ্যাক হওয়ার পর নেয়া একটি স্ক্রিনশট

জানা গেছে, ওই হ্যাকিং গ্রুপটির নাম ‘আওয়ারমাইন’। ফেসবুক ও মেসেঞ্জারের টুইটার এবং ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকিংয়ের পর তারা লিখেছে, ‘এমনকি ফেসবুকও হ্যাক করা সম্ভব।’ তবে বর্তমানে অ্যাকাউন্টটি পুনর্নিয়ন্ত্রণে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

আওয়ারমাইন জানিয়েছে, সাইবার দুর্বলতা তুলে ধরার প্রচেষ্টা হিসেবে তারা এই হামলা চালিয়েছে। জানুয়ারিতে তারা মার্কিন জাতীয় ফুটবল লীগের বেশ কিছু অ্যাকাউন্ট হ্যাক করেছিল।

ফেসবুকের টুইটার অ্যাকাউন্টে গ্রুপটি একটি বিবৃতি পোস্ট করে। সেখানে লেখা হয়, ‘আমরা আওয়ারমাইন। বেশ, তাহলে ফেসবুকও হ্যাক করা সম্ভব; কিন্তু তাদের নিরাপত্তা টুইটারের তুলনায় ভালো।

তারা ফেসবুক ও মেসেঞ্জারের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটিও হ্যাক করে, সেখানে আওয়ারমাইনের একটি লোগো পোস্ট করে। তবে ফেসবুকের নিজস্ব ওয়েবসাইটটি হ্যাক করা হয়নি।

টুইটার নিশ্চিত করেছে যে, তৃতীয়পক্ষের মাধ্যমে এই হ্যাকিং করা হয়েছে এবং টের পাওয়ার পর সেসব অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।

টুইটার কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বুঝতে পারার সাথে সাথে আমরা সন্দেহভাজন অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়েছি এবং ফেসবুকে আমাদের অংশীদারদের সাথে মিলে সেগুলো পুনরুদ্ধারে কাজ করছি।

এর আগে, যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল লীগও একই ধরণের হ্যাকিংয়ের কবলে পড়েছিল। খরোস নামে থার্ড পার্টি বা তৃতীয়পক্ষের একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে ওই অ্যাকাউন্টগুলোর দখল নেয়া হয়েছিল। খরোস হচ্ছে একটি মার্কেটিং প্ল্যাটফর্ম যা ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের সামাজিক মাধ্যমে যোগাযোগ রক্ষার কাজে ব্যবহার করে থাকে। সাধারণত এসব প্ল্যাটফর্মের কাছে তাদের ভোক্তাদের লগইন সম্পর্কিত তথ্য এবং পাসওয়ার্ড থাকে।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে খরোস বিবিসি-কে কিছু জানায়নি।

আওয়ারমাইন হচ্ছে দুবাইভিত্তিক একটি হ্যাকিং গ্রুপ যারা এর আগে বিভিন্ন কর্পোরেশন এবং হাই-প্রোফাইল ব্যক্তিদের অ্যাকাউন্টে হামলা চালিয়েছে।
অতীতে, টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি এবং গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইয়ের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট এবং নেটফ্লিক্স ও ইএসপিএন-এর অ্যাকাউন্ট হ্যাক করেছিল।

গ্রুপটির দাবি, নিরাপত্তার অভাবটিকে দেখানোর জন্যই তারা এ ধরণের হামলা চালিয়ে থাকে। এ ধরণের হামলার শিকার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিরাপত্তা বাড়ানোর জন্য তারা নিজেদের সেবা ব্যবহারেরও নির্দেশনা দিয়ে থাকে।

মেডিকেল সরঞ্জাম ক্রয়ে দুর্নীতির অভিযোগ, ৮ জনকে দুদকে তলব

0

হবিগঞ্জের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের মেডিকেল সরঞ্জাম ক্রয়ে সাড়ে ১৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আবু সুফিয়ানসহ আটজনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের নির্দেশনায় রবিবার টেন্ডার কমিটির বাজার দর যাচাই টিমের সদস্য ডা. জাহাঙ্গীর, ডা. শাহীন ভূঁইয়া, ডা. প্রাণকৃষ্ণ ও ডা. পংকজ কান্তি গোস্বামীকে এবং পরদিন সোমবার টেন্ডার কমিটির প্রধান ডা. আবু সুফিয়ান, সদস্য সচিব ও হবিগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. নাসিমা খানম ইভা, সদস্য ডা. হালিমা ও ডা. কদ্দুছকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে।

গতকাল শুক্রবার রাতে দুদক প্রধান কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা যায়। ১০৬ হটলাইনে শেখ হাসিনা মেডিক্যাল কলেজে দুর্নীতির ব্যাপারে অভিযোগ পাওয়ার পর প্রধান কার্যালয়ের নির্দেশে গত ৩ ডিসেম্বর প্রাথমিক তদন্তে নামে দুদক হবিগঞ্জ জেলা কার্যালয়। এরপর দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শামসুল আলমকে প্রধান করে এর তদন্ত টিম গঠন করা হয়। ওই তদন্ত টিমের প্রধান চিঠির মাধ্যমে টেন্ডার কমিটির সঙ্গে সংশ্লিষ্ট আটজনকে তলব করেছেন।

অভিযোগে প্রকাশ, ২০১৭-২০১৮ অর্থবছরে বরাদ্দের বিপরীতে ১৩ কোটি ৮৭ লাখ ৮১ হাজার টাকার মালামাল ক্রয় বাবদ ব্যয় দেখানো হয়। কিন্তু বাস্তবে ওই মালামালের মূল্য পাঁচ কোটি টাকার বেশি নয়। সরবরাহ করা মালামালের মধ্যে ৬৭টি লেনেভো ল্যাপটপের (মডেল ১১০ কোর আই ফাইভ) প্রতিটির মূল্য দেখানো হয় এক লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। তবে একই মডেলের ল্যাপটপ বাজারে বিক্রি হচ্ছে মাত্র ৪২ হাজার টাকায়। অন্যান্য প্রায় প্রতিটি মালামাল অতিরিক্ত মূল্যে দেয় সরবরাহকারী প্রতিষ্ঠান নির্ঝরা এন্টারপ্রাইজ এবং পুনম ট্রেড ইন্টারন্যাশনাল।

নানা আয়োজনে ৪৫ বছরে পদার্পণ উদযাপন করছে ডিএমপি

0

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গৌরবময় সেবার ৪৪ বছর পেরিয়ে ৪৫ বছরে পদার্পণ করেছে।

আজ শনিবার নানা আয়োজন ও কর্মসূচির মাধ্যমে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে ‘শান্তি শপথে বলীয়ান’ মূলমন্ত্রে উজ্জীবিত ডিএমপি।

আজ এ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে ডিএমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগেরর সচিব মোস্তফা কামাল উদ্দীন, মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উপস্থিত থাকার কথা রয়েছে।

১৯৭৬ সাল থেকে জনবহুল রাজধানী ঢাকা মহানগরীর জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট ডিএমপি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেল ৩টায় ডিএমপি সদর দফতর থেকে রাজারবাগ পুলিশ লাইনস পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। এছাড়া, প্রতিষ্ঠাবার্ষিকীর ডকুমেন্টারি প্রদর্শনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সূত্র : ডিএমপি নিউজ।

মোদির সফরের আগেই ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর চূড়ান্ত করতে ঢাকায় আসছেন ভারতের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

আগামী ১৭ মার্চ ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। এর আগেই শ্রিংলা ঢাকা সফর করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর চূড়ান্ত করবেন।

এর আগে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনরা মুহম্মদ ইমরান শুক্রবার ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেছেন। দিল্লির বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ তথ্য। বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের গুরুত্বারোপ করেন। একইসঙ্গে দুই দেশের সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন তিনি।

মোদীর এবারের বাংলাদেশ সফরে দুই দেশই লাভবান হবে বলে প্রত্যাশা করছেন শ্রিংলা।

এর আগে শ্রিংলা ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হন তিনি।

ইতালিতে ৪ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

0

ইতালিতে চারদিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকাল ৮টার দিকে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে শুক্রবার ইতালির স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে মিলান মালপেঁসা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান দেশের উদ্দেশে যাত্রা করেন।

ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

ইতালি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি (বুধবার) দেশটির প্রধানমন্ত্রী জিওসিপে কোঁতের সঙ্গে তার সরকারি বাসভবন পালাজো চিগিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং একটি আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

রোমের ভায়া ডেল অ্যান্টারাইড এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ইতালির ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রী পার্কো দ্য প্রিনসিপি গ্রান্ড হোটেল অ্যান্ড স্পা’তে বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজে অংশ নেন।
শুক্রবার সকালে হোটেলে সৌজন্যে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগ।
এছাড়া বৃহস্পতিবার খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে ভ্যাটিক্যান সিটিতে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

বনানীর টিঅ্যান্ডটি বস্তির আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

0

রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত হতাহতের ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে।

তেজগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মোক্তার হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বস্তির আগুন ভোর ৫টায় নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তিনি।

ভোরে আগুনের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ছুটে যায়। পরবর্তীতে তাতে যুক্ত হয় আরো ৪টি ইউনিট।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দেশের পথে প্রধানমন্ত্রী

0

চারদিনের সরকারি সফর শেষে ইতালি থেকে ঢাকার পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুবাই হয়ে শনিবার সকাল ৮টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা আছে প্রধানমন্ত্রীর।

ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তের আমন্ত্রণে গত ৪ ফেব্রুয়ারি দেশটিতে সরকারি সফরে যান শেখ হাসিনা।

সফরে ইতালির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও পোপ ফ্রান্সিসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

এছাড়া রোমে বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন শেখ হাসিনা।

গবেষণা ও প্রকাশনা প্রতিষ্ঠান লিংকউইথ এর বাংলাদেশে যাত্রা শুরু

0

দেশের প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে যাত্রা শুরু করলো ‌লিংকউইথ নামে গবেষণা ও প্রকাশনা প্রতিষ্ঠান। শুক্রবার সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আন্তর্জাতিক প্লাটফর্মটি বাংলাদেশে যাত্রা শুরু করলো।

লিংকউইথ (Linkwith) মূলত একটি গবেষণা ও প্রকাশনা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান। মালয়েশিয়ায় নিবন্ধিত একাডেমিক গবেষণা ও প্রকাশনায় প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের গবেষণায় সক্ষমতা উন্নয়নে কাজ করবে।

পাশাপাশি ভবিষ্যতে ইন্ডেক্সিড জার্নাল প্রকাশ, অনলাইন-অফলাইন প্রশিক্ষণ, গবেষণা কনফারেন্স আয়োজন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেমিনার, কর্মশালা পরিচালনা করার কাজ করবে তারা।

অনুষ্ঠানে ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ইন্ডিপেন্ডেন্ট, নর্থসাউথ, ড্যাফোডিল, স্ট্যামফোর্ড, শেরে-বাংলা কৃষি, ওয়ার্ল্ড, নোয়াখালী, উত্তরা বিশ্ববিদ্যালয় (মালয়েশিয়া), ইনহা (দক্ষিন কোরিয়া), পুন্ড্রু বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও গবেষকরা বাংলাদেশের গবেষণা ও প্রকাশনা পরিস্থিতি, সম্ভাবনা ও বাস্তবতা নিয়ে মতামত আলোচনা করেন। ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ডীন ড. মো. আমিনুল করিম, প্রফেসর ড. মামুন হাবিব, ফ্রন্টিয়ার কন্সাল্টেন্সির প্রধান পরামর্শক প্রফেসর আমিনুর রহমান মুখ্য আলোচনা রাখেন। সাথে সাথে ‘লিংকইউথ’ এর কাছ থেকে তাদের প্রত্যাশা ও সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য যে, উক্ত প্লাটফর্মে ইতিমধ্যে ১০ টিরও বেশি দেশের শিক্ষক ও গবেষকরা প্রশিক্ষক হিসেবে কাজ করতে সম্মত হয়েছেন।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মালয়, মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহফুজুর রহমান, সহ প্রতিষ্ঠাতা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ফখরুল ইসলাম ও মো. ইমরান (হেড অফ বিজনেস,স্মার্ট বি) সবার সহযোগিতা কামনা ও ধন্যবাদ জ্ঞাপন করে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘The Science of writing Research Papers & Thesis’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন লিংকইউথের প্রতিষ্ঠাতা ও মালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহফুজুর রহমান।

বাংলাদেশ সফরে আসছেন ইমরান খান

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চলতি বছরের মে মাসের শেষের দিকেবাংলাদেশ সফরে আসতে পারেন। আট মুসলিম রাষ্ট্রের জোট ডি-৮ এর শীর্ষ সম্মেলনে ইমরান খানকে আমন্ত্রণ জানাতে যাচ্ছ ঢাকা।

৩০ এবং ৩১ মে ঢাকায় দুদিনের ওই সম্মেলন আয়োজনের প্রস্তাব করা হয়েছে। শীর্ষ সম্মেলনের আয়োজক হিসেবে ঢাকা ডি-৮ সেক্রেটারিয়েটের সঙ্গে পরামর্শক্রমে প্রস্তাবিত তারিখে সদস্য রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের ব্যস্ততা বা আপত্তি আছে কি-না, তা জানতে চেয়েছে। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতামত জানতে ইসলামাবাদস্থ বাংলাদেশ মিশনের মাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়েও চিঠি দেওয়া হয়েছে।

করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাই কমিশনার নুর-ই হেলাল সাইফুর রহমান গত সপ্তাহে করাচির এক সেমিনারে বলেছেন, ঢাকায় ডি-৮ শীর্ষ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রিত। ইমরান খান সেই সম্মেলনে অংশ নেবেন এবং এই সফরের মধ্যদিয়ে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ওই সেমিনারের বরাতে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্টে প্রকাশ-বাংলাদেশে পাকিস্তানের বড় বিনিয়োগ আসছে। বাংলাদেশে যে ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে তাতে পাকিস্তানের ওই বিনিয়োগ আসবে। এই বিনিয়োগ এতটাই আকর্ষণীয় যে পাকিস্তানের গণমাধ্যমে এটাকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেছে।

এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট বলছে, অনুষ্ঠানে হাই কমিশনারও আশা করেন প্রধানমন্ত্রী ইমরান খানের আসন্ন ঢাকা সফর দুই দেশের রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন তথা সার্বিকভাবে ঘনিষ্ঠতায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

উল্লেখ্য, প্রায় ২০ বছর পর উন্নয়নশীল বৃহৎ আট মুসলিম রাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট ডেভেলপিং-এইট বা ডি-৮ এর শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ১৯৯৭ সালে ইস্তাম্বুলে তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান, মালয়েশিয়া এবং বাংলাদেশকে নিয়ে গঠিত এই জোটের দ্বিতীয় সম্মেলন ১৯৯৯ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়।

নতুন আতঙ্ক ‘কঙ্গো জ্বর’, রক্তবমিতে ৭ জনের মৃত্যু

0

চীনে করোনা ভাইরাসের মহামারির মধ্যেই বিশ্বে নতুন এক ভাইরাস হানা দিয়েছে। কঙ্গো জ্বর নামের ওই ভাইরাসের সংক্রমণে এখনও পর্যন্ত মালিতেই সাতজন মারা গেছেন। এ রোগে আক্রান্ত হলে সাধারণত রক্তবমি হয়। এ ভাইরাসটি সার্স জাতীয় ভাইরাস করোনাভাইরাস থেকেই আলাদা বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর এএফপি’র।

মালির কেন্দ্রীয় মপতি এলাকার আঞ্চলিক সরকারের মুখপাত্র ইয়াকুবা মাইগা জানান, গত মাসের শেষের দিকে সামোয়া গ্রামে এক রাখাল ষাঁড়ের মাধ্যমে এই রোগে আক্রান্ত হলে তার চিকিৎসা করানো হয়। কিন্তু ১ ফেব্রুয়ারি এই রোগে আবারও আক্রান্ত হন ১৪ জন। যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, অপর দুই রোগীকে মালির মধ্যাঞ্চলীয় সিভেয়ার শহরে চিকিৎসার জন্য নেয়ার পথে মারা যান। মাইগা জানান, এটি সম্প্রতি ছড়িয়ে পড়া সার্স জাতীয় করোনাভাইরাস থেকে আলাদা।

এ ঘটনা তদন্তের জন্য দেশটির সরকার এরইমধ্যে একটি কমিটি গঠন করলেও গেল বুধবার পর্যন্ত ওই কমিটি দৃশ্যমান কোনো কাজ করেনি বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।