Home Blog Page 3171

প্রধানমন্ত্রীর সঙ্গে পোপের সাক্ষাৎ

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভ্যাটিকান সিটিতে ক্যাথোলিক খ্রিষ্টানদের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বলেন, প্রধানমন্ত্রী আজ সকালে ইতালির রাজধানী রোমের নিকটে অবস্থিত ভ্যাটিকান সিটি যান এবং পোপের সঙ্গে সাক্ষাৎ করেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় অবস্থান করেন এবং পোপের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা আজ বিকেলে একটি ট্রেনে ইতালির মিলান নগরীর উদ্দেশে রওয়ানা দিবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে মঙ্গলবার বিকেলে চার দিনের সরকারি সফরে ইতালি পৌঁছেন।

বিএনপি আর কখনোই ক্ষমতায় আসতে পারবে না

0

দুর্নীতিবাজদের জনগণ প্রত্যাখ্যান করেছে দাবি করে সরকারি দলের মন্ত্রী-এমপিরা বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশ দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। যে কারণে দেশের জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর কখনোই ক্ষমতায় ফিরে আসতে পারবে না তারা।

আজ বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তাঁরা এসব কথা বলেন।

প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে ওই আলোচনায় অংশ নেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সরকারি দলের মুহিবুর রহমান মানিক, শওকত হাচানুর রহমান রিমন, মাহফুজুর রহমান, হাবিবুর রহমান ও আবদুল মমিন মন্ডল।

প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, সরকারের ধারাবাহিকতা বজায় থাকায় দেশ অনেকদূর এগিয়েছে। শিক্ষার হার বেড়েছে, শিশু মৃত্যুর হার কমেছে, বিদ্যুৎ উৎপাদনে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ। অর্থনৈতিকভাবে প্রতিবেশি দেশগুলোর তুলনায় আমাদের উন্নয়ন লক্ষ্যণীয়।

তিনি আরো বলেন, সরকারের সফলতার ধারাবাহিকতায় শিল্প মন্ত্রণালয়ও সফলভাবে পদক্ষেপ নিচ্ছে। মিথ্যা গুজব ছড়িয়ে লবণ নিয়ে একটি চক্রান্ত করা হয়েছিল। কিন্তু শিল্প মন্ত্রণালয় অত্যন্ত দ্রুততার সঙ্গে লবণের দাম বৃদ্ধির এই চক্রান্ত মোকাবেলা করতে সক্ষম হয়েছে। অপশক্তিরা যতই চেষ্টা করুক, দেশের অগ্রগতি ও সফলতা রুখতে পারবে না বলে তিনি দাবি করেন।

উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, বাংলাদেশ শুধু উন্নয়নের মহাসড়ক দিয়ে যাচ্ছে না, সারাবিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অথচ খালেদা জিয়া ক্ষমতায় থেকে দেশকে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন করেছে, এতিমের টাকা আত্মসাতসহ দুর্নীতির কারণে তিনি এখন কারাগারে। তাঁর পুত্র দুর্নীতিবাজ তারেক রহমান হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে লন্ডনে পলাতক রয়েছে। একাত্তর ও পঁচাত্তরের পরাজিত শত্রুরা যতই চক্রান্ত-ষড়যন্ত্র করুক, একমাত্র শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। জনবিচ্ছিন্ন এসব অপশক্তিরা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে তিনি উল্লেখ করেন।

মুহিবুর রহমান মানিক বলেন, সবদিক থেকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। কিন্তু দেশের এই উন্নয়ন ও অগ্রগতিরোধে নানা চক্রান্ত চলছে, মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, বিএনপির পক্ষে ভোট না পড়লেই বলে কারচুপি হয়েছে। বাস্তবে দেশকে দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন, ২১ আগস্ট গ্রেনেড হামলা, অগ্নিসন্ত্রাসসহ নানা নেতিবাচক কর্মকাণ্ডের জন্য দেশের মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

হাবিবুর রহমান বলেন, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান এবং মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সারাবিশ্বে প্রশংসিত হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশের আলোর দিশারী।

শওকত হাচানুর রহমান রিমন বলেন, দেশে উন্নয়ন হচ্ছে, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী-ঠিকাদারের কারণে রাস্তাঘাট মানসম্মত হচ্ছে না। ঠিকভাবে প্রকল্পের কাজ না করার ফলে এক দু’বছরের মধ্যে তা নষ্ট হয়ে যাচ্ছে। এতে সরকারের বিপুল পরিমাণ অর্থ নষ্ট হচ্ছে। এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।

ঐহিক সম্মাননা পেলেন জুয়েল মাজহারসহ সাত সাহিত্যিক

0

কলকাতার ছোটকাগজ ঐহিক প্রদত্ত ঐহিক সম্মাননা পেলেন বাংলাদেশের দুজনসহ সাত সাহিত্যিক। সে সঙ্গে সম্মাননা জানানো হয় লিটলম্যাগ কুবোপাখিকে।

আজ বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে ঐহিক সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননা পেলেন বাংলাদেশের কবি এবং বাংলানিউজটোয়িন্টিফোরের সম্পাদক জুয়েল মাজহার, কবি আশরাফ আহমদ, পশ্চিমবঙ্গের অভিজিৎ সেন, সৈয়দ কওসর জামাল, গৌতম চৌধুরী, অমর্ত মুখোপাধ্যায় ও রাহুল পুরকায়স্থ। ছোটকাগজ কুবোপাখির পক্ষে সম্মাননা গ্রহণ করেন কাগজটির সম্পাদক অতনু ভট্টাচার্য।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বাংলাদেশের উপ-হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার শেখ জামাল ও প্রথম সচিব (গণমাধ্যম) ড. মোফাকখারুল ইকবাল।

অনুভূতি প্রকাশ করে কবি জুয়েল মাজহার বলেন, নিজেকে কবি বলার স্পর্ধা আমার নেই। কবিতার মতো দুর্বোধ্য কাজে যুক্ত হওয়ার কথা ছিল না। চার দশক ধরে কবিতার নামে ছাইপাশ লিখছি। যা অন্যকারোর কাছে মূল্যায়িত হয়েছে। তাদেরকে ধন্যবাদ।

আশরাফ আহমদ বলেন, আলো থেকে দূরে থাকায় আমাকে দেখা যায় না। চার দশক ধরে কবিতা লিখছি, কিন্তু এটাই আমার প্রথম পুরস্কার।

অভিজিৎ সেন বলেন, আমার লেখা খুব বেশি লোকে পড়ে না। অস্বস্তি হয়, কিন্তু কিছু মানুষ আছেন যারা পড়েন, পাশে বসে সাহস যোগান, যারা পড়েছেন, যারা পড়েননি- সবাইকে অনুরোধ পড়ার জন্য।

সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সঞ্চালক ও ঐহিক সম্পাদক তমাল রায় বলেন, ১৯৯০ সালে ঐহিকের যাত্রা শুরু। এই ত্রিশ বছরে অনেক অপ্রচলিত বিষয়ে সংখ্যা প্রকাশ করেছে ঐহিক। সামনের দিনগুলোতেও করা হবে।

চীন ফেরত দেড়শ যাত্রীর পরীক্ষা ছাড়াই দেশে প্রবেশে সংসদে উদ্বেগ

0

বিরোধীদলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু উদ্বেগ প্রবেশ করে বলেছেন, গত পহেলা ফেব্রুয়ারি চীনের সাউদান এয়ারলাইন্সের দেড়শ যাত্রী হজরত শহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো রকম পরীক্ষা ছাড়াই বাংলাদেশে প্রবেশ করেছে। তিনি এ অভিযোগ জরুরি ভিত্তিতে তদন্তের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। একইসঙ্গে এ বিষয়ে জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি প্রদানের আহ্বান দাবি জানান।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে তিনি স্বাস্থ্য মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি দেশবাসীকে আশস্থ করেন, যারা বিনা পরীক্ষায় প্রবেশ করেছে তাদের শরীরে যে করোনাভাইরাস নেই, কে নিশ্চিত করবে?

সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, করোনাভাইরাস প্রসঙ্গে চীন সরকার প্রতিরোধ ব্যবস্থা করেছে যেন ভাইরাসটা দেশের বাইরে না আসতে পারে। এটি এমন একটি ভাইরাস সারা পৃথিবী ব্যাপী মানুষ আতঙ্কিত। বিশ্বস্বাস্থ্য সংস্থা করোনা নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং সদস্য দেশগুলোকে এ বিষয়ে সর্তক থাকতে বলেছেন। প্রধানমন্ত্রীও বিষয়টি নিয়ে সমস্ত রাষ্ট্র যন্ত্রকে সাবধান থাকতে বলেছেন। তারপরেও কি করে বিনা পরীক্ষায় যাত্রী দেশে প্রবেশ করল?

এসময় তিনি কয়েকটি পত্রিকার রিপোর্ট ও এক যাত্রীর ফেসবুক স্ট্যাটাস তুলে ধরে বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাস শনাক্তে গাফিলতি। প্রয়োজনী ডাক্তার না থাকায় রাতে বেশ কিছু যাত্রী পরীক্ষা ছাড়াই দেশে প্রবেশ করেছে।

তিনি বলেন, চীন থেকে ইউএসবাংলা, চায়না স্টার ও চায়না সাউদান এয়ারলাইন্স প্রতিদিন প্রায় ৭০০ যাত্রী নিয়ে ঢাকায় আসে। চায়না সাউদান এয়ারলাইন্সে আসা এক যাত্রী মুশফিকা সারা তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে গত পহেলা ফেব্রুয়ারি প্রায় ১৫০ যাত্রী কোন পরীক্ষা ছাড়াই দেশ প্রবেশ করেছে। ওই যাত্রী অভিযোগ করেছেন বিমানবন্দরে ৫ ঘণ্টা অপেক্ষা করার পরেও তাকেসহ বাকি ১৫০ জনের স্বাস্থ্যপরীক্ষা ছাড়াই প্রবেশ করতে দেওয়া হয়েছে। এমনকি যে ফরম দেওয়া হয়েছে ওই ফরমে আগে থেকেই ও কে লেখা রয়েছে। তিনি অভিযোগ করেছেন আমাদের শরীরে যে করোনাভাইরাস নেই কে দেখবে?

মুজিবুল হক বলেন, বিমানবন্দরের এই গাফিলতি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরেও অমান্য করে বিমানবন্দরে ডাক্তারে অভাবে চেক করল না। তাদের কারো শরীরে করোনাভাইরাস থাকলে সারাদেশে মহামারি হয়ে যাবে। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করার দাবি জানান।

ইতালিতে ট্রেন দুর্ঘটনা; নিহত ২

0

ইতালিতে একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনা অন্ত দু’জন মারা গেছেন। দুর্ঘটনায় নিহতরা দু’জনই চালক বলে ধারণা করা হচ্ছে। ইতালির উত্তরাঞ্চলীয় লোডি শহরে এই দুর্ঘটনা ঘটেছে। দেশটির জরুরি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে ।

জানা গেছে, দুর্ঘটনায় ট্রেনের বেশ কয়েকটি বগি উল্টে গেছে। এই দুর্ঘটনায় প্রায় আহত হয়েছেন আরো কয়েকজন। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

ট্রেনটি মিলান শহর থেকে দক্ষিণাঞ্চলীয় সালের্নো শহরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর পরই মিলান-বোলোগনা রুটে দ্রুত গতির সব ট্রেন সেবা বাতিল করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল কর্মীরা।

সূত্র : বিবিসি, ডয়েচেভেল

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত রাজধানীতে

0

রাজধানীর রাজারবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শাহের আলী (২৪) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহের আলী বাড়ি কুড়িগ্রাম কচাকাটা উপজেলার কুমেতপুর গ্রামে। নির্মাণাধীন ওই ভবনেই থাকতো তিনি।

শাহের আলীর সহকর্মীরা জানান, তারা রাজমিস্ত্রীর কাজ করেন। সকাল থেকে তারা রাজারবাগ টেলিকম ভবনের পাশে একটি ২০তলা ভবনের ১৯ তলায় বাইরে মাচা বেঁধে কাজ করছিলেন। মাচায় শাহেরসহ আরো ৩-৪ জন ছিলেন। হঠাৎ মাচার রশি ছিঁড়ে যায়। এতে নিচে পড়ে যান শাহের। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ব্যর্থতার বৃত্ত এবারই ভাঙতে চান মমিনুল

0

এখনই কেন নয়? টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যর্থতার বৃত্ত ভাঙা নিয়ে অনেকটা এমনই মনোভাব মমিনুল হকের।

বৃহস্পতিবার দুপুরে রাওয়ালপিন্ডি টেস্ট পূর্ব সংবাদ সম্মেলনে বিদেশে বাংলাদেশের বাজে রেকর্ডও ভালো করার জন্য মরিয়া হয়ে থাকার কথা বলেছেন অধিনায়ক।

এমনিতে গত সেপ্টেম্বর থেকে টেস্ট ক্রিকেটে বড্ড বাজে সময় কাটছে বাংলাদেশের। সেটি দেশ এবং দেশের বাইরে, সবখানেই। নিজেদের মাঠে আফগানিস্তানের কাছে লজ্জার হারে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দলটির আরো করুণ অবস্থা হয় ভারত সফরে গিয়ে। ভারতীয় ফাস্ট বোলারদের সামনে ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণের সেই ছবি পাকিস্তানেও ফিরে আসে কিনা, আছে সেই সংশয়ও। মমিনুল যদিও আশাই দেখাচ্ছেন।

আফগানিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট ব্যর্থতার পর পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব কিনা, এমন প্রশ্নের জবাবে বললেন, ‘দেখুন, এই (ব্যর্থতার) ধারা থেকে একসময় না একসময় তো বের হতেই হবে। আমার চেষ্টা করবো এখান থেকেই বের হতে।’

বিদেশের মাটিতে ভালো কিছুর শুরুটাও শুক্রবার থেকে রাওয়ালপিন্ডিতেই চান টেস্ট অধিনায়ক মমিনুল, ‘আপনারা জানেন, বিদেশে আমাদের রেকর্ড ভালো নয়। আমাদের লক্ষ্য থাকবে এখন থেকে ভালো করার।’ দেশের বাইরে ব্যাটসম্যান মমিনুলের রেকর্ডও একদম ভালো নয়। শুরুটা তাহলে তাঁকে দিয়েই হোক না।

ঢাকা-১০ সহ তিন আসনে ভোট ২১ মার্চ

0

শূন্য ঘোষিত ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে আগামী ২১ মার্চ ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিশনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ২৩ ফেব্রুয়ারি। আপিল দায়ের ২৪-২৬ ফেব্রুয়ারি এবং আপিল নিষ্পত্তি করা হবে ২৮ ফেব্রুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহার ২৯ ফেব্রুয়ারি। এ ছাড়া প্রতীক বরাদ্দ ১ মার্চ এবং ভোট ২১ মার্চ।

গত ২৭ ডিসেম্বর গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার মারা যাওয়ায় তার আসন শূন্য হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে গাইবান্ধা-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন ডা. ইউনুস।

এর দুই দিন পর ২৯ ডিসেম্বর ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রবিবার দুপুরে তিনি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন। এর আগে ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এরপর ১০ জানুয়ারি বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন মারা যান। ওইদিন রাত পৌনে ১টায় ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করলে শূন্য হয় আসনটি।

কদমতলী খালে শিশু আশামনির মৃতদেহ মিলল ৬ দিন পর

0

রাজধানীর কদমতলীর ডিএনডি খালে নিখোঁজ হওয়া পাঁচ বছরের শিশু আশামনির মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। প্রায় ছয় দিনের মাথায় উদ্ধার করা সম্ভব হলো আশামনির মরদেহ। আগে গত শনিবার আশামনি নিখোঁজ হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১:৪০ মিনিটের দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর শিশুটির মরদেহ উদ্ধার করে ঘটনাস্থলে আনা হলে স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

যে স্থানে নিখোঁজ হয় তার থেকে এক কিলোমিটার দূরে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে আশামনির সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসের কাজে অসন্তুষ্টি প্রকাশ করে মানববন্ধন করে এলাকাবাসী। ঘটনাস্থলের পাশে ইউসুফ মেমোরিয়াল স্কুলের সামনে আয়োজিত মানববন্ধন থেকে আশামনির লাশ উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করা হয়।

সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে মঙ্গলবার।

অনুসন্ধানের এক পর্যায়ে আজ একটি ময়লার স্তরের নিচ থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ।

এরশাদ ও তানিয়া দম্পতির বড় মেয়ে আশামনি। বাসা মিরাজনগরের পাশের মোহাম্মদনগর কালভার্ট এলাকায়। ঘটনাস্থলের পাশেই এরশাদের একটি কনফেকশনারি রয়েছে। এ বছরই মিরাজনগর ফারহা মডেল স্কুলের শিশু শ্রেণিতে ভর্তি হয়েছিল আশামনি। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।

গত শনিবার বল আনতে গিয়ে খালে পড়ে যায় আশামনি। খালটি কাদা ও ময়লা-আবর্জনায় ভরা। ফলে খালের আবর্জনায় আশামনির তলিয়ে যাওয়ার পর সন্ধান পেতে বেগ পেতে হয় উদ্ধারকারীদের।

বিএনপিও জানে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে : ওবায়দুল কাদের

0

বিএনপিও জানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ঢাকার দুই সিটি করপোরেশনে বিএনপির পুনর্নির্বাচনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘পুনর্নির্বাচনের দাবি মামা বাড়ির আবদার। সিটি নির্বাচনে জালিয়াতি, ভোট কারচুপির কোনো সুযোগ নেই। কারচুপি বা ভোট জালিয়াতি হলে ভোট আরো বেশি কাস্ট হতো। বিএনপিও জানে নির্বাচন ফ্রি ও ফেয়ার হয়েছে। এখন বিরোধিতার জন্যই বিরোধিতা করছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সন্তুষ্ট, একটা ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এটা সরকারের জন্য স্বস্তির বিষয়। শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত করার কৃতিত্ব নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিতেই হবে।

বিএনপির সভা করতে সহায়তা কামনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সমাবেশ সুশৃঙ্খল করতে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা রয়েছে, সমাবেশে নিরাপত্তার বিষয় রয়েছে। সভা-সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার বিএনপির রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি নেওয়া ছাড়া বিএনপির সমাবেশ করতে আমি কোনো বাধা দেখছি না।’

ভোটারদের সিটি নির্বাচনে কম উপস্থিতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পৃথিবীর যত উন্নত গণতান্ত্রিক দেশ আছে, আমেরিকার কথাই যদি বলি, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন পৃথিবীর সবচেয়ে অভিজাত গণতান্ত্রিক নির্বাচন, সেখানে কত পার্সেন্ট ভোটার ভোট দেয়। যারা এসব প্রশ্ন করে তাদের জিজ্ঞেস করুন। সেজন্য কি আমেরিকায় গণতন্ত্রের অবনতি ঘটছে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে?’

এ সময় আরো উপস্থিত ছিলেন বাহাউদ্দিন নাছিম, আবদুস সোবহান গোলাপ, মির্জা আজমসহ সম্পাদকমণ্ডলীর সদস্যরা।