Home Blog Page 3173

ধানমণ্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আগুন

0

রাজধানীর ধানমণ্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আগুন লেগেছে। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর মো. ফরহাদুল আলম বলেন, ধানমণ্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের চারটি ইউনিট কাজ করছে। পুরো সেন্টার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।

তবে আগুনে তৎক্ষণিক কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

সরকারের কর্মসূচিতে তৃণমূলের নারীরা এখন স্বাবলম্বী : স্পিকার

0

টেকসই উন্নয়নের স্বার্থে তৃণমূল নারীদের ক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা তৃণমূল নারীদের কাছে যথাযথভাবে পৌঁছাতে হবে। আর সে জন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে আন্তর্জাতিক দাতা সংস্থা ‘কে এন এইচ জার্মানি’র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এই আহ্বান জানান তিনি।

‘কে এন এইচ জার্মানি’র কান্ট্রি কো-অর্ডিনেটর মারুফ রুমি মমতাজের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সংস্থাটির ন্যাশনাল কো-অডিনেটর মাটিলদা টিনা বৈদ্য, প্রগ্রাম কো-অডিনেটর মনিরুজ্জামান মুকুল ও ফাইনান্স কো-অডিনেটর চয়ন চক্রবর্তী।

বৈঠকে স্পিকার নারী ও শিশুদের উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত। সরকারের কর্মসূচিতে তৃণমূলের নারীরা এখন স্বাবলম্বী হচ্ছে। শিক্ষা উপবৃত্তি, প্রধানমন্ত্রী শিক্ষা ট্রাস্টসহ বিভিন্ন পদক্ষেপের ফলে নারীদের আজ উচ্চশিক্ষার সুযোগ অনেক বৃদ্ধি পেয়েছে। সারা দেশে নারীর অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হচ্ছে। নগরের পাশাপাশি গ্রামের নারীদের ক্ষমতায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে প্রতিনিধি দলের নেতা মারুফ রুমি মমতাজ বলেন, ‘কে এন এইচ জার্মানি’ সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের সুরক্ষা ও উন্নয়নে বাংলাদেশসহ বিশ্বের ৩২টি দেশে কাজ করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে সংস্থাটি ১৯৭২ সালে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে কাজ শুরু করে। এখনো শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ঝুঁকি মোকাবেলা, পথশিশু ও বাস্তুচ্যুত শিশুদের কারিগরী প্রশিক্ষণ, গর্ভবতী অবিবাহিত কিশোরী ও নারীর আশ্রয় ও পুনর্বাসন, দারিদ্র বিমোচন এবং শিশু অধিকার সুরক্ষায় স্থানীয় সংগঠনের মাধ্যমে ১০টি জেলায় নানান কর্মসূচি বাস্তবায়ন করে চলছে।

এ ছাড়া হতদরিদ্র নারীদের সংগঠিত করা, নারীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ রয়েছে। তিনি ‘কে এন এইচ জার্মানী’র সঙ্গে সম্পৃক্ত সুবিধা বঞ্চিত শিশু ও নারী প্রতিনিধিদের অধিকোর নিশ্চিত করার এই কাজে স্পিকারের সহযোগিতা কামনা করেন।

ইরানের বিরুদ্ধে গোপন বৈঠক আমিরাত-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

0

মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে ইরানের বিরুদ্ধে গোপন বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের তথ্যমতে, গত বছরের ১৭ ডিসেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক ভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিয়োস অনলাইন জানায়, ওই বৈঠকে ইরানের বিরুদ্ধে সমন্বয় করে মোকাবেলা এবং আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে একে অপরের বিরুদ্ধে সামরিক আক্রমণ না করার বিষয়ে চুক্তি নিয়ে আলোচনা করা হয়।

মার্কিন প্রতিনিধি দলের মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন, তার উপদেষ্টা ভিক্টোরিয়া কোটস এবং ইরানের জন্য ওয়াশিংটনের বিষেশ দূত ব্রায়ান হুক উপস্থিত ছিলেন।

ওই বৈঠকে ইসরায়েলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মীর বেন শব্বাত ও ওয়াশিংটনে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত ইউসুফ আল ওতাইবা।

কিশোরীর ইসলামবিদ্বেষী বক্তব্য, তুলকালাম ফ্রান্সে

0

ফ্রান্সে এক কিশোরী ইসলামকে ‘ঘৃণার ধর্ম’ অভিহিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পোস্ট দেওয়ার পর দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। মিলা নামে ১৬ বছর বয়েসী কিশোরীটিকে একজন মুসলিম ব্যক্তি ‘নোংরা লেসবিয়ান’ বলে মন্তব্য করার পর সে অনলাইনে ওই পোস্ট দেয়।

এই পোস্টের পর তাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং এরপর থেকে আর স্কুলে যায়নি। কিন্তু এই ঘটনা নিয়ে বিতর্ক চরম আকার ধারণ করার পর টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে মিলা তার বক্তব্য প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায়। যদিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে রেখেছে সে। তবে মঙ্গলবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্তফ ক্যাস্তানার দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলিতে বলেন, মিলা ও তার পরিবারকে সুরক্ষা দিচ্ছে পুলিশ।

এদিকে, এই ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে দু’টি বিষয়ে তদন্ত করেছে: প্রথমটিতে দেখা হয়েছে মিলা বিদ্বেষমূলক বক্তব্য দেয়ার জন্য দায়ী কি-না; অপর তদন্তটির বিষয় হচ্ছে, তাকে অনলাইনে যেসব আক্রমণ করা হয়েছে, সেটি নিয়ে।

টিএমসি চ্যানেলের অনুষ্ঠান কোটিডিয়েন-এ উপস্থিত হয়ে মিলা সেইসব মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করে, যারা ‘শান্তিপূর্ণভাবে’ তাদের ধর্ম পালন করে, এবং তার বক্তব্যের ‘অশালীনতার’ জন্য দুঃখপ্রকাশ করে। কিন্তু একইসাথে সে তার বক্তব্যের পক্ষে অবস্থান নেয়। সাক্ষাৎকারে সে বলে, আমি যা বলেছি তা নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। এটা একেবারেই আমার নিজস্ব চিন্তা। মিলা জানায়, এই বিতর্কের কারণে তার জীবন ‘কার্যত থমকে আছে’।

তাকে ‘এসিডে ঝলসে দেওয়ার, আঘাত করার এবং জনসমক্ষে নগ্ন করার কিংবা জীবন্ত কবর দেবার’ হুমকি দেয়া হয়েছে। এসব হুমকির কারণে তাকে স্কুল ছাড়তে হয়েছে। সোমবার ফ্রান্সের শিক্ষামন্ত্রী জাঁ মিশেল ব্লঙ্কে বলেন, কর্তৃপক্ষ তাকে শান্তিপূর্ণভাবে স্কুল ফিরিয়ে নেওয়া চেষ্টায় আছে, যাতে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

মিলা গত ১৮ জানুয়ারি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি সরাসরি সম্প্রচার করার পর বিতর্কের শুরু। সেখানে সে তার সেক্সুয়ালিটি নিয়ে কথা বলার পর একজন মুসলিম কমেন্টদাতা মিলাকে ‘ডার্টি লেসবিয়ান’ হিসেবে অভিহিত করেন। জবাবে মিলা একটি পোস্ট দেয়, যেখানে সে ইসলাম সম্পর্কে কড়া বক্তব্য সম্বলিত কথাবার্তা লেখে।

সমালোচকদের চোখে, মিলার বক্তব্য ছিল আক্রমণাত্মক। এরপর কেউ কেউ তাকে হত্যার হুমকি দেয়। অন্যরা মিলার ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ করে দেয়। ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথের প্রধান মোহাম্মদ মুসাবির বক্তব্য, যতো মারাত্মক বক্তব্যই একজন মানুষ দিয়ে থাকুক না কেন, তাতে কোনোভাবেই হত্যার হুমকি দেওয়া জায়েজ হয় না।

মিলার একদল সমর্থকগোষ্ঠিও দাঁড়িয়ে গেছে, যারা একটি হ্যাশট্যাগ চালু করেছে, যা রীতিমত ট্রেন্ডিং হয়েছে ফ্রান্সজুড়ে।

ফরাসী বিচারমন্ত্রী নিকোল বেলুবে বলেন, কিশোরীকে হত্যার হুমকি একেবারেই অগ্রহণযোগ্য। অবশ্য মিজ বেলুবে এও বলেন, কোনো ধর্মের ওপর আঘাত দেওয়ার অর্থ বিবেকের স্বাধীনতার ওপর আঘাত দেওয়ার শামিল।

সূত্র: বিবিসি বাংলা।

মুম্বাইয়ে বাংলাদেশিদের তাড়ানোর হুমকি দিয়ে পোস্টার!

0

বাংলাদেশিরা অবিলম্বে ভারত ছাড়ো। নাহলে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পার্টির স্টাইলে তাদের তাড়ানো হবে। এমন পোস্টারে ছেয়ে গেছে ভারতের মুম্বাইয়ের বেশ কিছু এলাকা। এতে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পার্টির তরফে এমন পোস্টার বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে।

তাতে লেখা রয়েছে, বাংলাদেশিরা ভারত ছাড়ো নাইলে এমএনএস স্টাইলে তাড়ানো হবে।

এসব পোস্টারে ভারতের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) পার্টির প্রধান রাজ ঠাকরে এবং তার ছেলে অমিতের ছবি রয়েছে।

এর আগে ২৩ জানুয়ারি গেরুয়া রং এবং শিবাজির রাজ মোহরের ছবি দেওয়া নতুন দলীয় পতাকার উদ্বোধন করেছিলেন রাজ ঠাকরে। একইসঙ্গে বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন।

এদিকে ভারতের এই রাজনৈতিক দলটির আগামী ৯ ফেব্রুয়ারি অবৈধ অনুপ্রবেশকারীদের ভারত ছাড়া করতে বিশাল র‍্যালি করার কথা রয়েছে।

সেরা ১০ ছবি প্রিন্ট করে পাঠাবে গুগল ফটোজ!

0

পুরনো স্মৃতি মনে করিয়ে দিতে প্রতি মাসে ব্যবহারকারীদের বিনিময় করা সেরা ১০টি ছবি প্রিন্ট করে তাদের ঠিকানায় পাঠাবে গুগল ফটোজ। এ জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর নতুন সেবাও চালু করতে যাচ্ছে ছবি বিনিময় ও অনলাইন স্টোরেজ সেবাটি।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর সেবাটির কার্যকারিতা পরখ করছে গুগল। সেবাটি ব্যবহারের জন্য প্রতি মাসে গুনতে হবে আট ডলার। নিবন্ধিত ব্যবহারকারীদের বিনিময় করা বা অনলাইনে জমা রাখা ছবিগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে সেরা ছবি বাছাই করবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। তবে ব্যবহারকারীরা চাইলে নিজেদের পছন্দের ব্যক্তি বা বিষয় আগেই উল্লেখ করতে পারবেন।

সব কিছু ঠিক থাকলে অল্প কিছুদিনের মধ্যেই সেবাটি চালু হবে। এত দিন বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে তোলা পুরনো ছবি বা ভিডিও বছর পেরোলেই ব্যবহারকারীদের সামনে প্রদর্শন করত গুগল ফটোজ।

সূত্র : ইন্টারনেট

বেড়েছে সূচক, বেড়েছে শেয়ারের দাম

0

আস্তে আস্তে পুঁজিবাজারে বাড়ছে বিনিয়োগকারীর সক্রিয়তা। শেয়ার কেনার পরিমাণ বাড়ায় মূল্যসূচকে উন্নতির পাশাপাশি লেনদেনও বাড়ছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেন ছাড়িয়েছে ৫০০ কোটি টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন হ্রাস পেয়েছে। তবে দুই বাজারেই বেশির ভাগ কম্পানির শেয়ারের দাম বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৬ কোটি ৩৫ লাখ টাকা আর সূচক বেড়েছে ২৫ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৪ কোটি ৬৭ লাখ টাকা আর সূচক বেড়েছিল ১১ পয়েন্ট। দিন শেষে সূচক দাঁড়িয়েছে চার হাজার ৫০৬ পয়েন্ট। ডিএস-৩০ মূল্যসূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৩৬ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৬টির, কমেছে ১১৭টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি কম্পানির শেয়ারের দাম।

সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৪১ লাখ টাকা আর সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ২৭ কোটি ১৮ লাখ টাকা। গতকাল লেনদেন হওয়া ২৪৭টি কম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ৭৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কম্পানির শেয়ারের।

বিদেশে আসা-যাওয়ার ক্ষেত্রে ঘোষণা ছাড়াই রাখা যাবে ১০ হাজার ডলার

0

বিদেশে আসা-যাওয়ায় নিজের কাছে ডলার রাখার সীমা দ্বিগুণ করা হয়েছে। এখন থেকে বিদেশ থেকে আগত যে কেউ ঘোষণা ছাড়াই ১০ হাজার ডলার সঙ্গে আনতে পারবেন। আবার ওই ব্যক্তি দেশ থেকে যাওয়ার সময় একই পরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে পারবেন।

আগে ঘোষণা ছাড়া সর্বোচ্চ পাঁচ হাজার ডলার নিয়ে আসা বা নিয়ে যাওয়ার সুযোগ ছিল। বৈদেশিক লেনদেন নীতিমালা সংশোধন করে গতকাল সোমবার এ সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সার্কুলারের ফলে বিদেশে যাতায়াতকারী বাংলাদেশিদের ডলার নেওয়া আগের চেয়ে সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, বিদেশ থেকে আগত নিবাসী ও অনিবাসী যে যে ব্যক্তি যেকোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে আনতে পারেন। তবে এত দিন এর পরিমাণ পাঁচ হাজার ডলারের বেশি হলে এফএমজি ফরমে শুল্ক কর্তৃপক্ষের কাছে তাঁর ঘোষণা দিতে হতো।

রাওয়ালপিণ্ডিতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

0

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে অংশ নিতে রাওয়ালপিণ্ডিতে পৌঁছল বাংলাদেশ ক্রিকেট দল।

জানা গেছে, গতকাল মঙ্গলবার দুই ভাগে ভাগ হয়ে দেশ ছাড়েন বাংলাদেশের খেলোয়াড়রা। বিকেল ৫টা ৩০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে কাতারের উদ্দেশে দেশ ছাড়েন সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেনসহ বেশ কয়েকজন ক্রিকেটার।

এরপর কাতার এয়ারওয়েজের অন্য একটি ফ্লাইটে সন্ধ্যা ৬টা ৫০মিনিটে দেশ ছাড়েন অধিনায়ক মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসনসহ দলের বাকি সদস্যরা।

কাতারে যাত্রা বিরতির পর দুটি অংশ একত্রিত হয়ে পাকিস্তানের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ দল।

নেইমারকে ছাড়াই ২-১ গোলে জিতল পিএসজি

0

চোটাক্রান্ত নেইমারকে ছাড়াই নঁতকে হারিয়ে শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগুল পিএসজি। গতকাল মঙ্গলবার রাতে লিগ ওয়ানের ম্যাচে আনহেল দি মারিয়ার নৈপুণ্যে ২-১ গোলে জিতেছে ক্লাবটি।

এদিন ম্যাচের ২৯তম মিনিটে গোছানো আক্রমণে এগিয়ে যায় পিএসজি। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কিলিয়ান এমবাপের কাটব্যাক পেয়ে শট নেন আনহেল দি মারিয়া। কিন্তু মাউরো ইকার্দির পায়ে লেগে বল জালে জড়ায়। ফলে গোলটি যোগ হয় ইকার্দির নামেই।

চলতি মৌসুমে ইন্টার মিলান থেকে ধারে আসা আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের লিগ ওয়ানে গোল হলো ১০টি।

এরপরে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় টমাস টুখেলের শিষ্যরা।

বিরতির পর ৫৭তম মিনিটে টিলো কেরারের গোলে ব্যবধান বাড়ায় পিএসজি। এ গোলেও জড়িয়ে থাকে দি মারিয়ার নাম। আর্জেন্টাইন মিডফিল্ডারের কর্নারে হেডে ঠিকানা খুঁজে নেন জার্মান ডিফেন্ডার কেরার।

অবশ্য ৬৮তম মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান কমান মোজেজ সিমোন। দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

এ জয়ের পর ২৩ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো পিএসজির। আর এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মার্সেই।