Home Blog Page 3174

পুত্রবধূকে বাঁচাতে গাড়ির পথ আটকানোর চেষ্টা, পিষ্ট হয়ে শ্বশুরের মৃত্যু

0

পুত্রবধূকে অপহরণকারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন শ্বশুর। ভারতের কলকাতায় ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে। যদিও বুধবার সকালের আগে পুলিশ জানতেই পারেনি পুরো ঘটনা।

পুলিশ বলছে, ২৮ বছর বয়সী একজন নারী মঙ্গলবার রাতে দাওয়াত খেয়ে ফিরছিলেন। ট্যাংরা থানা এলাকার ক্রিস্টোফার রোডে তার বাড়ি। পাশেই পূর্বাঞ্চল স্কুলের কাছে বিয়ের অনুষ্ঠান ছিল। সেখান থেকে রাত সাড়ে ১১টায় শাশুড়িকে সঙ্গে নিয়ে হেঁটেই বাড়ি ফিরছিলেন তিনি। পেছনে সামান্য দূরে হেঁটে আসছিলেন তার শ্বশুর গোপাল প্রামাণিক এবং ওই নারীর মামাশ্বশুর।

অভিযোগ উঠেছে, ওই সময় গোবিন্দ খটিক রোড ধরে তপসিয়ার দিক থেকে ট্যাংরা থানার দিকে আসছিল একটি সাদা রঙের অ্যাম্বুল্যান্স। সেই অ্যাম্বুল্যান্সটি নারীর পাশে এসে গতি কমিয়ে দেয়।

ওই নারীর অভিযোগ, গতি কমিয়ে অ্যাম্বুল্যান্সে বসা এক ব্যক্তি তাকে হাত ধরে গাড়ির মধ্যে তোলার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে প্রচণ্ড আতঙ্কে চেঁচিয়ে ওঠেন ওই নারী।

পুলিশকে ওই নারী জানিয়েছেন, তিনি চিৎকার করে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই অ্যাম্বুল্যান্সটি পালানোর চেষ্টা করে।

তত ক্ষণে পুত্রবধূর চিৎকার শুনে ছুটে এসেছেন গোপাল প্রামাণিক। তিনি চালকের দিকের জানালা দিয়ে অ্যাম্বুল্যান্সের চালককে ধরার চেষ্টা করেন। চালক গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। তখন তিনি গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন।

এ সময় তাকে ধাক্কা মেরে প্রায় ১০০ মিটার ছেঁচড়ে নিয়ে যায় গাড়িটি। এর পর গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে পালিয়ে যায় গাড়িটি। এর পর তাকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের দাবি, মঙ্গলবার রাতে ট্যাংরা থানার কাছে একটি পথ দুর্ঘটনার খবর আসে। সেই অনুযায়ী আহতকে তারা হাসপাতালে নিয়ে যান এবং সেখানে আহতের মৃত্যু হয়। পুলিশ প্রাথমিক ভাবে জানতে পারে, বেপরোয়া অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। কিন্তু বুধবার সকালে তার পরিবারের সদস্যরা গোটা ঘটনা জানান। ফলে প্রথমে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যুর মামলা হলেও, এখন নতুন করে তদন্ত শুরু হয়েছে। তবে এখনও অভিযুক্তরা অধরা। হদিশ মেলেনি অ্যাম্বুল্যান্সটিরও।

সেনাবাহিনীর কম্যান্ডিং পদে নারীরা উপযুক্ত নন

0

এখনও নারী অফিসারদের গ্রহণ করার মতো মানসিকতা তৈরি হয়নি পুরুষ বাহিনীর। এ কারণে সেনাবাহিনীর কম্যান্ড পোস্টের জন্য নারীরা উপযুক্ত নন। সুপ্রিমকোর্টে এ কথা জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

কম্যান্ডিং পোস্টের দাবি জানিয়ে কয়েকজন নারী অফিসারের আবেদনের শুনানিতে তাঁদের বিরোধিতায় সরকারের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।

সরকারের পক্ষ থেকে এটাও বলা হয় যে, পরিবারের দাবি অনেক বেশি নারীদের উপর। আর তাঁদের যুদ্ধবন্দি হওয়ার ঝুঁকিও অনেক বেশি।

কেন্দ্রীয় সরকারের দাবি, র‌্যাংকে সাধারণত পুরুষরাই থাকেন আর মূলত গ্রামীণ পরিবার থেকে আসা বাহিনীর মধ্যে সামাজিক রীতিনীতির কারণে এখনও কম্যান্ডিং পোস্টে নারী অফিসারদের মেনে নেওয়ার মতো মানসিকতা তৈরি হয়নি।

শীর্ষ আইনজীবী আর বালাসুব্রহ্মণ্যম ও আইনজীবী নীলা গোখেল বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও অজয় রাস্তোগির বেঞ্চকে জানিয়েছেন, এই ধরনের পোস্টে নারীদের নেওয়া হলে সশস্ত্র বাহিনীর ধাঁচই পাল্টে যাবে। তাঁদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। মাতৃত্ব ও সন্তানের যত্ন নেওয়ার চ্যালেঞ্জও রয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকারে যুক্তি খারিজ করে দিয়ে নারী অফিসারদের প্রতিনিধি মীনাক্ষি লেখি ও ঐশ্বর্য ভাটি আদালতকে জানিয়েছেন, তাঁদের মধ্যে অনেকেই কঠিন পরিস্থিতিতে ব্যতিক্রমী সাহসের পরিচয় দিয়েছেন।

আদালতকে জানানো হয়, অভিনন্দন বর্তমান যখন পাকিস্তানি যুদ্ধবিমানকে গুলি করে নামাচ্ছিলেন, তখন ফ্লাইট কন্ট্রোলার হিসেবে তাঁকে গাইড করছিলেন মিনতি আগরওয়াল। তিনি যুদ্ধ সেবা পদকও পেয়েছেন।

মেক্সিকোতে ৩ শিশুসহ নিহত ৯

0

মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ৩ শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানে সোমবার শেষ রাতে এ ঘটনা ঘটে।

রাজ্যটির অ্যাটর্নি জেনারেল এক বিবৃতিতে এ কথা বলেছেন।

জানা গেছে, উরুয়াপানে গোলাগুলিতে ঘটনাস্থলেই আটজন নিহত হন। অপর একজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে গোলাগুলির ঘটনাস্থলের ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, একটি স্লট মেশিন কেন্দ্রের মেঝেতে রক্তের মধ্যে মরদেহ পড়ে রয়েছে।

কর্তৃপক্ষ হামলার মোটিভ সম্পর্কে কিছু জানায়নি। তবে ওই এলাকায় মাদক উৎপাদন ও পরিবহনের বাণিজ্যকে কেন্দ্র করে নিয়মিত সহিংসতার ঘটনা ঘটে। যদিও এসব সহিংসতায় শিশুদের লক্ষ্য করার ঘটনা খুব বিরল।

প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী দুজনের বয়স ১২ ও ১৩ বছর। নিহতদের মধ্যে ১৪, ১৭ ও ১৮ বছরের কিশোরও রয়েছে।

সূত্র : রয়টার্স

করোনাভাইরাসে নীরব কান্না, সৎকার চলছে ২৪/৭

0

চীনের উহান শহরে মরদেহ সৎকারকর্মীরা ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনাভাইরাস আরো ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়া ঠেকাতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ দ্রুত সৎকার করা হচ্ছে।

একজন সৎকারকর্মী সাংবাদিকদের বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের সৎকারের জন্য দীর্ঘ সময় ধরে সৎকারকর্মীদের কাজ করতে হচ্ছে। বিভিন্ন দলে ভাগ হয়ে ২৪ ঘণ্টা চলছে সৎকারের কাজ।

সামাজিক যোগাযোগের মাধ্যমে সৎকারস্থলের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায়, ১০ জনের বেশি মানুষের দেহ লাইন করে রাখা আছে। একের পর এক সেই দেহগুলো সৎকার করা হচ্ছে।

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার পরিবারের কাছে দেহ হস্তান্তর না করে নিরাপত্তার খাতিরে সৎকারের জন্য পাঠানো হচ্ছে।

যারা সৎকার করছেন, তারাও জানেন না যে কার মরদেহ সৎকার হচ্ছে। এমনকি হাসপাতাল থেকে মুড়িয়ে দেওয়া সেই দেহ খোলার মতো কোনো পরিস্থিতিও থাকছে না।

উহান শহরে অন্তত তিনটি স্থানে সৎকার করা হচ্ছে এসব মরদেহ। সৎকারকর্মীদেরও ব্যাপক সুরক্ষা দিয়ে রাখা হয়েছে বলে জানা গেছে। আর ডাক্তাররা সব রকমভাবে প্রস্তুত হয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর কাছে যাচ্ছেন।

তবে উহানের একজন সৎকারকর্মী অভিযোগ করেছেন, গত ২৮ জানুয়ারি থেকে তারা ২৪ ঘণ্টা কাজ করছেন। তবে তাদের জন্য পর্যাপ্ত সরঞ্জাম, ব্যাগ, সুরক্ষা স্যুট, মাস্ক দেওয়া হচ্ছে না। কিছুদিন থেকেই মাস্কের আকাল পড়েছে। এ অবস্থায় সরকারিভাবে সৎকারকর্মীদের মাস্ক সরবরাহ করা না হলে মহামারি ছড়িয়ে পড়বে বলেও মনে করছেন তারা।

সৎকারকর্মীরা আরো বলছেন, ৯০ শতাংশ কর্মী ২৪ ঘণ্টায় সেখানে থাকছেন। বাড়ি ফিরে যাওয়ার কোনো ফুসরত নেই। কিছুটা সময় সেখানে জিরিয়ে নিয়েই মরদেহ সৎকারে নামতে হচ্ছে। আরো লোকবল দরকার বলেও মত দিয়েছেন অনেকে।

এদিকে, চীনে এখন পর্যন্ত চারশ ৯২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরো অন্তত ২৪ হাজার তিনশ ২৪ জন আক্রান্তের খবর মিলেছে।

জ্বলছে আসাম; ৫ তেলের ট্যাঙ্কার ভস্মীভূত!

0

আসামে বিধ্বংসী আগুনে ৫টি তেলের ট্যাঙ্কার সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আসামের কারবি আংলং জেলায় এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে বহু লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সংবাদ সংস্থা বলছে, এতে এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর মিলেনি। দুর্ঘটনাটি ঘটেছে বোকাজান থানার অন্তর্গত খটখটি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, অয়েল ট্যাঙ্কারগুলি খটখটির গৌতম বস্তি এলাকায়, লহরিজান খটখটির কাছে বেআইনিভাবে পার্ক করা ছিল। তবে কিভাবে একসঙ্গে পাঁচটি অয়েল ট্যাঙ্কারে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ফায়ার ব্রিগেডের ইঞ্জিন এসে আগুন নেভানোর আগেই ট্যাঙ্কারগুলি ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থল লাগায়ো একটি বাড়িতেও আগুন লেগে যায়। সেটিও অনেকটা ক্ষতিগ্রস্ত।

স্থানীয় এক ব্যক্তিরই প্রথমে নজর পড়ে অয়েল ট্যাঙ্কার জ্বলছে। তিনিই প্রথম থানায় খবর দেন। দমকলকেও খবর দেওয়া হয়। দমকল বাহিনীর কর্মকর্তারা এসে শেষ পর্যন্ত আগুন নেভাতে সক্ষম হন। অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ।

খালে নিখোঁজ শিশু আশামনির সন্ধান মেলেনি আজও

0

রাজধানীর কদমতলীর ডিএনডি খালে নিখোঁজ হওয়া পাঁচ বছরের শিশু আশামনিকে এখনো উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। আজকে নিয়ে তার খালে পড়ে নিখোঁজ হওয়া পাঁচ দিনে গড়াল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো খোঁজ মেলেনি। এদিকে এখনো আশামনির সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসের কাজে অসন্তুষ্টি প্রকাশ করে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল ঘটনাস্থলের (শিশুটির খালে পড়ে যাওয়ার স্থান) পাশে ইউসুফ মেমোরিয়াল স্কুলের সামনে আয়োজিত মানববন্ধন থেকে আশামনির লাশ উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। অন্যদিকে গতকালই সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পর্যবেক্ষণ করেছে।

জানা গেছে, এরশাদ ও তানিয়া দম্পতির বড় মেয়ে আশামনি। বাসা মিরাজনগরের পাশের মোহাম্মদনগর কালভার্ট এলাকায়। ঘটনাস্থলের পাশেই এরশাদের একটি কনফেকশনারি রয়েছে। এ বছরই মিরাজনগর ফারহা মডেল স্কুলের শিশু শ্রেণিতে ভর্তি হয়েছিল আশামনি। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।

প্রতিবেশী ফারুক ও ফজলুর রহমান বলেন, গত শনিবার বল আনতে গিয়ে খালে পড়ে যায় আশামনি। খালটি কাদা ও ময়লা-আবর্জনায় ভরা। ফলে খালের আবর্জনায় তলিয়ে যাওয়ার পর থেকে সন্ধান পাওয়া যাচ্ছে না আশামনির। এলাকাবাসীর অভিযোগ, ময়লা পরিষ্কার করে তাকে উদ্ধারের কোনো উদ্যোগ নিচ্ছে না ফায়ার সার্ভিস। এমনকি তাদের অভিযানে তেমন জোরালো তৎপরতাও নেই। এ কারণে মানববন্ধন করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় লোকজন। এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘আশামনিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তিনজন ডুবুরি অভিযান চালিয়ে যাচ্ছে। কিন্তু খালটিতে অতিরিক্ত পরিমাণে ময়লা-আবর্জনা থাকায় শিশুটির সন্ধান মিলছে না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আশামনি খালের পানিতে পড়েছে কি না সেটি আমরা নিশ্চিত নই। শিশুটিকে নিজ চোখে পানিতে পড়তে দেখেছে—এমন কোনো প্রত্যক্ষদর্শী আমরা এখনো পাইনি। এর পরও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, ‘এখনো শিশুটির সন্ধান মেলেনি। পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য একটি টিম সেখানে মোতায়েন করা আছে।’

রাজধানীর তুরাগে ‘বন্দুকযুদ্ধ’, ‘ডাকাত শহীদ’ নিহত

0

রাজধানীর তুরাগ থানার বেড়িবাঁধ এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শহীদ হোসেন ওরফে কানা শহীদ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত শহীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। র‍্যাবের দাবি, তিনি ডাকাতদলের সদস্য ছিলেন।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামানের ভাষ্যমতে, ডাকাতদলের সদস্যরা বেড়িবাঁধ এলাকায় অবস্থান করছে-এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের সদস্যদের ওপর ডাকাতদল গুলি চালায়। র‍্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত শহীদ নিহত হন। আর ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যান।

ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, ২১টি কার্তুজ ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন এই র‍্যাব কর্মকর্তা।

নানা কর্মসূচিতে পালিত হচ্ছে জাতীয় গ্রন্থাগার দিবস

0

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ বুধবার দেশে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে প্রতিবারের মতো এবারও শাহবাগে গণগ্রন্থাগার অধিদপ্তর চত্বর থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি শুরু হয়।

আজ বুধবার সকাল সাড়ে ৮টায় শোভাযাত্রার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র মিলনায়তন (টিএসসি) হয়ে অধিদপ্তর চত্বরে এসে শেষ হবে।

এছাড়া দিবসটি উপলক্ষে সকাল ১০টায় শওকত ওসমান মিলনায়তনে দিবসটির গুরুত্ব বিবেচনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এর উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক থাকবেন লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল।

এবার মুজিববর্ষের সব কার্যক্রমের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবারের গ্রন্থাগার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পড়ব বই, গড়ব দেশ—বঙ্গবন্ধুর বাংলাদেশ।’ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

‘কেউ পেছনে টানতে পারবে না, আমরা এগিয়ে যাবো’

0

এ পযর্ন্ত যতজন ক্ষমতায় এসেছে, একজনও বাংলাদেশের মাটির সন্তান নয়; একমাত্র আমার বাবা এবং আমি শেখ হাসিনা বাংলাদেশের মাটির সন্তান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতালি সফররত অবস্থায় গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় রোমের একটি হোটেলে ইতালি আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, জিয়াউর রহমানের জন্ম বিহারে, এরশাদের জন্ম কুচবিহারে, খালেদা জিয়ার জন্ম শিলিগুড়িতে। একজনও এই মাটির সন্তান না। এই মাটির সন্তান- এ পযর্ন্ত যতজন ক্ষমতায় এসেছে আপনারা হিসেবে করে দেখবেন, একজনও বাংলাদেশের মাটির সন্তান না। একমাত্র আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমি শেখ হাসিনা বাংলাদেশের মাটির সন্তান।

তিনি আরো বলেন, যেহেতু আমাদের মাটির টান আছে, এজন্য আমাদের একটা কর্তব্যবোধ আছে। আরেকটা জিনিস, দেশকে জানা। অনেকেই ক্ষমতায় এসেছে, কিন্তু এ দেশ সম্পর্কে জানে না। কারণ যাদের জন্ম বাংলাদেশের মাটিতে হয়নি, তারা জানবে কোথা থেকে।

শেখ হাসিনা আরো বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সুনির্দিষ্ট দিকদর্শন থেকে যদি আমরা কাজ করি, তাহলে অবশ্যই একটা দেশ উন্নত হওয়া সম্ভব।আসলে ৭৫-এর পর যারা ক্ষমতায় এসেছে তারা এভাবে চিন্তা করেনি। তাদের ক্ষমতাটা ছিল ভোগের বস্তু।

তিনি আরো বলেন, আমরা মনে করি ক্ষমতা মানে কাজ করার সুযোগ, জনসেবা করার সুযোগ, আমরা জনগণের সেবক। সেবক হিসেবে কাজ করি। সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। আমাদের আর কেউ পেছনে টানতে পারবে না, আমরা এগিয়ে যাবো।

এখন আর কেউ ওই দাতা দাতা বলে আমাদের ভিক্ষে দিতে আসে না। উন্নয়ন সহযোগী বলে আরো কত উন্নয়ন করবো সে সহযোগিতা করতে আসে। কারণ কারো কাছে আমরা ভিক্ষে চাই না।

কাল বৃহস্পতিবার সকালে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। এরপর দুপুরে ট্রেনে করে রোম থেকে মিলান যাবেন। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৪০মিনিটে আমিরাত এয়ারলাইন্সের ‘ইকে-২০৬’ ফ্লাইটে মিলান মেলপেনসা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

নব্বইয়ের কবি মাহমুদ টোকন আর নেই

0

নব্বই দশকের কবি মাহমুদ টোকন আর নেই। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি দীর্ঘদিন কোলন ক্যান্সারে ভুগছিলেন।

মাহমুদ টোকন ১৯৭১ সালের ১১ মার্চ মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটার পুয়ালী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। তিনি অবিবাহিত ছিলেন।

তাঁর কাব্যগ্রন্থের মধ্যে—‘মাটির স্বর্গ’, ‘আলো ও অন্ধকারের মাঝখানে’, ‘বিমূর্ত ইস্তেহার’ উল্লেখযোগ্য। এ ছাড়া ‘রক্তফুলের দিন’ নামে একটি মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাসও রয়েছে।

কবির ভাগ্নে ইকরাম হোসেন ফেরদৌস জানিয়েছেন, আজ বুধবার জন্মস্থান কালকিনির ভুরঘাটায় দাফনের পর পারিবারিক কবরস্থানে মাহমুদ টোকনের মরদেহ সমাহিত করা হবে।