Home Blog Page 3175

এবার ওয়েইসিও হনুমান চালিশা পড়বেন : বিজেপি নেতা

0

দিল্লি নির্বাচনের ঠিক আগেই আবারো বিতর্কে জড়ালেন বিজেপি নেতা কপিল মিশ্র। ভারতীয় জনতা পার্টির এই নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং এমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসিকে আক্রমণ করেছেন।

কপিল মিশ্র দিল্লি বিধানসভা নির্বাচনে মডেল টাউন কেন্দ্র থেকে লড়ছেন। এই প্রসঙ্গে মঙ্গলবার টুইটারে তিনি লিখেছেন, কেজরিওয়াল হনুমান চালিশা পড়ছেন এবার আসাদুদ্দিন ওয়েইসিও পড়বেন।

এদিন তিনি আরো লিখেছেন, কেজরিওয়াল হনুমান চালিশা পড়ছেন এবার আসাদুদ্দিন ওয়েইসিও পড়বেন। এবার ওয়েইসিও হনুমান চালিশা পড়বেন। এটা আমাদের অন্যতম শক্তি। এরকমভাবেই একসাথে থাকতে হবে। একসাথে নির্বাচন করতে হবে। সকলের একতাতেই আমরা ২০ শতাংশ ভোট ব্যাংকের রাজনীতির কবর খুঁড়তে সফল হব।

পাকিস্তানের প্রতিষ্ঠাতা জিন্নাকে নিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণের ঠিক পরেরদিনই কপিল মিশ্র ফের আক্রমণ করেছেন কেজরিওয়ালের উদ্দেশে। তিনি বলেছিলেন, আপের নাম পরিবর্তন করে মুসলিম লীগ রাখা উচিত যেহেতু তারা ২০ শতাংশ মুসলিম ভোট পাওয়ার জন্য দেশদ্রোহী এবং জঙ্গিদের সমর্থন জানাচ্ছেন।

করোনাভাইরাস : চীনে ইস্যু করা সব ভিসা বাতিল করল ভারত

0

চীনে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে চারশোরও বেশি লোকের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছড়িয়েছে ২০ হাজার। এমন পরিস্থিতিতে প্রতিবেশী ভারত সে দেশে ইস্যু করা সমস্ত ভারতীয় ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস মঙ্গলবার সকালে একটি টুইট করে জানিয়েছে, আমরা এটা স্পষ্ট করে দিতে চাই যে আগে থেকে জারি করা ভিসা আর বৈধ বলে গণ্য হবে না।

যারা ভারতে যেতে চান তাদের বেইজিংয়ের ভারতীয় দূতাবাস অথবা সাংহাই ও গুয়াংঝুতে অবস্থিত ভারতীয় কনস্যুলেটে নতুন করে আবেদন করতেও বলা হয়েছে।এমনকি, যে সব চীনা নাগরিক ১৫ জানুয়ারির পর ভারতে ঢুকেছেন, তাদেরকেও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি হটলাইন নম্বরে জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে তাদের বিষয় কী সিদ্ধান্ত নেওয়া হবে তা জানানো হয়নি।

এদিকে, দক্ষিণ ভারতের কেরালা রাজ্যেও করোনাভাইরাস সংক্রমণের অন্তত তিনটি ঘটনা নিশ্চিত হওয়ার পর রাজ্য সরকার সেখানে আঞ্চলিক পর্যায়ের ‘স্বাস্থ্য বিপর্যয়’ ঘোষণা করেছে। কেরালার এই তিনজন আক্রান্ত ব্যক্তিই সম্প্রতি চীন থেকে ভারতে ফিরে এসেছেন। প্রায় চল্লিশ হাজার স্বাস্থ্যকর্মী কেরালাতে এই ভাইরাস সংক্রমণ ঠেকানোর জন্য কাজ করছেন।

এছাড়া চীনের উহান শহর তথা উবেই প্রদেশ থেকে শত শত ভারতীয় ছাত্রছাত্রী ও নাগরিককে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে করে দিল্লিতে নিয়ে এসে সেখানে বিশেষ আলাদা ব্যবস্থায় (কোয়ারান্টাইন) রাখা হয়েছে।

চীনের অর্থনীতি বিপর্যয়ের মুখে, বিশ্বব্যাপী আতঙ্ক

0

শুধু মানুষের জীবন নয়, এখন চীনের অর্থনীতির জন্যও হুমকি হিসেবে দেখা দিয়েছে করোনাভাইরাস। আর চীন যখন হুমকিতে, তখন বৈশ্বিক অর্থনীতিও আর নিরাপদে থাকতে পারছে না। ফলে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

ওদিকে চীনের অভিযোগ, ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র। চায়না নববর্ষের ছুটি শেষে প্রায় দশ দিন পর লেনদেন শুরু হয়েছে দেশটির শেয়ারবাজারে। তবে প্রথমদিনেই বড় ধসের মুখে বাজার। সূচকের পতন হয়েছে প্রায় আট শতাংশ। যা গত চার বছরের মধ্যে সবচেয়ে কম।

এছাড়া চীনে ব্যবসা পরিচালনা সাময়িক বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এ সঙ্কটে চীনের আর্থিক ক্ষতি ৬ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ক্ষয়ক্ষতি কমাতে দেশের অর্থনীতিতে আরো ২ হাজার ২শ কোটি ডলার যোগ করতে যাচ্ছে চীনের কেন্দ্রীয় ব্যাংক।

চীনাদের অন্য দেশ ভ্রমণে যাওয়া তো একরকম বন্ধই। ধস নেমেছে দেশটির সবচেয়ে লাভজনক পর্যটন খাতে। সারাবিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স চীনে ফ্লাইট পরিচালনা বাতিল করছে। যুক্তরাষ্ট্র চীন ভ্রমণে সরাসরিই নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রতিবেশী দেশগুলোতেও কমেছে পর্যটক আনাগোনা।

চীনে ব্যবসা পরিচালনাকারী বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান চীনে অবস্থিত তাদের শো-রুম, স্টল সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে। দুটি থিম পার্ক বন্ধ করে দিয়েছে ডিজনি। এরইমধ্যে সারা বিশ্বের সাথে চীনের বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

ক্রমাগত দরপতন হচ্ছে চীনের শেয়ারবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকে। সর্বোচ্চ ৯ শতাংশ পয়েন্ট হারিয়েছে বিভিন্ন সূচক। এবছর চীনের প্রবৃদ্ধি কমে সাড়ে ৫ শতাংশে নামতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান।

উল্লেখ্য, ৮ দেশের পর এবার চীনাদের অন অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে মিয়ানমার ও ফিলিপাইন। চীনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ জনে। আক্রান্ত ১৭ হাজারেরও বেশি মানুষ।

হাসপাতালে করোনা আক্রান্ত বাবা, খাবারের অভাবে মৃত্যু প্রতিবন্ধী সন্তানের

0

চীনের হুবেই প্রদেশের হুজিয়াহ শহরে ১৬ বছর বয়সী ইয়ান চেং নামের এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সপ্তাহ দুয়েক আগে নিউমোনিয়া হয়েছিল ইয়ান চেংয়ের বাবা ইয়ান জিয়াওয়েন। ২২ জানুয়ারি তাকে বাড়ি থেকে হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়। পরীক্ষায় ধরা পড়ে, করোনাভাইরাসে আক্রান্ত তিনি।

ঠিক এক সপ্তাহ পরে, ২৯ জানুয়ারি মারা যায় তার কিশোর সন্তান ইয়ান চেং। ইয়ানের মা মারা গেছেন কয়েক বছর আগেই। তার পর থেকে তার সমস্ত দেখভাল বাবাই করতেন। বাবাকে আইসোলেশনে পাঠানোর পরে তাকে দেখাশোনা করার বা খাওয়ানোর কেউ ছিল না। কার্যত এক জায়গায় পড়ে থেকে, খাবার না পেয়ে, পানি না পেয়ে তিলেতিলে মারা গেছে সে।

তবে চেংয়ের বাবা আইসোলেশনে থাকা অবস্থায় চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইবু’-তে আবেদন করেছিলেন, তার প্রতিবন্ধী সন্তান খাবার-পানি ছাড়া একা পড়ে রয়েছে ঘরে। সাহায্য চেয়েছিলেন তিনি। ‘নোভেল করোনাভাইরাসে আক্রান্ত একজন বাবার আর্তি’ বলে একটি লেখা পোস্ট করেন তিনি। কিন্তু কেউ এগিয়ে আসেনি।

এরই মধ্যে করোনাভাইরাস নিয়ে ‘গ্লোবাল হেল্থ এমার্জেন্সি’ জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। চলতি সপ্তাহে চীনে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে আরো ৬৪ জনের, সব মিলিয়ে এখনও পর্যন্ত চারশ ২৫ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে চীন।

হুবেই প্রদেশেই ওই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ। সেখানকার হেলথ কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে হুবেই প্রদেশের বাসিন্দা প্রায় আড়াই হাজার মানুষের। সব মিলিয়ে চীনে আক্রান্ত হয়েছেন ২০ হাজারেরও বেশি মানুষ।

পিএইচডি ডিগ্রি আইন মেনে হচ্ছে কিনা তদন্তের নির্দেশ

0

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ও সমমানের ডিগ্রি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আইন মেনে দেওয়া হচ্ছে কিনা তা তদন্ত করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে ইউজিসি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) শিক্ষকের পিএইচডি জালিয়াতির অভিযোগের তদন্ত প্রতিবেদন ৬০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে ঢাবি ভিসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। আদালত অন্তবর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন।

রুলে পিএইচডি বা সমমানের ডিগ্রির জন্য শিক্ষার্থী বা গবেষকের জমা দেওয়া থিসিস অনুমোদনের আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিশেষজ্ঞের মাধ্যমে যাচাইয়ে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং জালিয়াতির রোধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। শিক্ষা সচিব, ইউজিসি চেয়ারম্যান, ঢাবি ভিসিসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

পিএইচডি ও সমমানের ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে জালিয়াতি বন্ধের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকনের করা রিট আবেদনে এ আদেশ দেন আদালত। পিএইচডি ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ নিয়ে গত ২১ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘ঢাবি শিক্ষকের পিএইচডি গবেষণার শতকরা ৯৮ ভাগ নকল’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট আবেদন করা হয়। মঙ্গলবার আদালতে রিট আবেদনকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের দিকে ‘টিউবারকিউলোসিস অ্যান্ড এইচআইভি কো-রিলেশন অ্যান্ড কো-ইনফেকশন ইন বাংলাদেশ: অ্যান এক্সপ্লোরেশন অব দেয়ার ইমপ্যাক্টস অন পাবলিক হেলথ’ শীর্ষক ওই নিবন্ধের কাজ শুরু করেন আবুল কালাম লুৎফুল কবীর। তার এই গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন ওষুধপ্রযুক্তি বিভাগের অধ্যাপক আবু সারা শামসুর রউফ আর সহতত্ত্বাবধায়ক ছিলেন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক আ ব ম ফারুক।

গবেষণায় ৯৮ শতাংশ হুবহু নকলের বিষয়টি নজরে আসার পর গত বছরের সেপ্টেম্বরে একজন গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের কাছে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেছেন। এ ছাড়া লুৎফুল কবীরের অভিসন্দর্ভে নিজের একটি গবেষণা থেকে চৌর্যবৃত্তির অভিযোগ ও তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য মো. আখতারুজ্জামানকে একটি চিঠি দিয়েছেন সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোনাস নিলসন।

প্রতিবেদনে আরো বলা হয়, গবেষণার চৌর্যবৃত্তি শনাক্ত করার বিশ্বব্যাপী জনপ্রিয় সফটওয়্যার টার্নইটইনের মাধ্যমে অভিসন্দর্ভটি যাচাই করে দেখা গেছে, ২০১২ সালে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী-গবেষকের জমা দেওয়া একটি ‘স্টুডেন্ট পেপারস’-এর সঙ্গে লুৎফুল কবীরের নিবন্ধের ৯৮ শতাংশ হুবহু মিল রয়েছে। এটিসহ মোট ১৭টি জার্নাল, আর্টিকেল ও গবেষণাপত্রের সঙ্গে নিবন্ধটির বিভিন্ন অংশের উল্লেখযোগ্য মিল পাওয়া গেছে, যেগুলোর সবই লুৎফুল কবীরের অভিসন্দর্ভের আগে প্রকাশিত হয়েছে।

বিমান এখন সঠিক নির্দেশনায় চলছে: বিমান প্রতিমন্ত্রী

0

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন, করনোভাইরাস নিয়ে চীনে উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশে যেসব সতর্কতামুলক ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হয়েছে। এ নিয়ে বাংলাদেশে আতঙ্কের কোনো কারন নেই।

তার মতে, বাংলাদেশ বিমান এখন সঠিক নির্দেশনায় চলছে। বিমানবহরে যোগ হবে নতুন নতুন বিমান। টরন্টো, সিডনীসহ বিভিন্ন স্থানে বিমান চলাচল শুরু করা হবে। এপ্রিলের মধ্যে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালুর জন্য চেষ্টা চলছে।

কালের কণ্ঠ মন্ত্রীর মুখোমুখি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার বিকেলে কালের কণ্ঠ ফেসবুক পেজ থেকে এই অনুষ্ঠান সম্প্রচার করা হয়। কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক পার্থ সারথি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানটি দেখে অনেক দর্শক-শ্রোতা তাদের প্রতিক্রিয়া জানান।

বিমান প্রতিমন্ত্রীর দপ্তরে গতকাল দুপুরে ধারন করে অনুষ্ঠানটি বিকালে সম্প্রচার করা হয়। বিমান প্রতিমন্ত্রী বলেন, গত এক বছরে নানামুখি চেষ্টার ফলে বিমান লাভের মুখ দেখেছে। বিভিন্ন খাতে ব্যয় পরিশোধ করেও বিমানের লাভ থেকেছে ২৭৩ কোটি টাকা। প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখেছেন। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি প্রধানমন্ত্রীকে দায়িত্ব নেওয়ার পর বলেছি, দরকার হলে মন্ত্রনালয়ের দপ্তরে না থেকে আমি বিমানবন্দরে থেকে অবস্থার পরিবর্তন করতে চাই। আমি কর্মী হিসেবে কাজ করব। বিমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল। টিকিট পাওয়া যেত না। কিন্তু বিমানের আসন খালি যেত। পররাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে একবার দেখা গেল- একটি ফ্লাইটে ২০০ আসনই খালি। কিন্তু বলা হয়েছিল-টিকিট নেই। আমরা এ ধরনের সমস্যার কারণ শনাক্ত করেছি। দায়ীদের চিহ্নিত করে শাস্তিমুলক ব্যবস্থা নিয়েছি। আমরা অংশীজনদের নিয়ে বার বার বৈঠক করেছি, বিভিন্ন সমস্যা সমাধানের জন্য।

বিমান প্রতিমন্ত্রী বলেন, আমরা বিমান পরিচালনায় নতুন পদ্ধতি অনুসরণ করছি। আমরা সফল বলতে পারেন। তবে দায়িত্বশীল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আমি এটাকে সাফল্য বলবো না। প্রধানমন্ত্রী নিবিড় তত্ত্বাবধানে রেখেছেন বিমানকে যাতে বিমানের ভাবমুর্তি উজ্জল হয়, উন্নত হয়। আমি শুধু কাজটুকু করেছি। বিমানবন্দরে লাগেজ পেতে বিড়ম্বনা দুর করা হয়েছে। এটা যেকোনো বিমানবন্দরের তুলনায় ভালো অবস্থায় গেছে। ১৫ মিনিট থেকে ৪৫ মিনিটের মধ্যে লাগেজ পাওয়া যাচ্ছে। মনিটরিং ডিসপ্লে করা হচ্ছে। লাগেজ ডেলিভারী কাজ সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে। লাগেজ কেউ আর চুরি করতে পারছে না। ইমিগ্রেশনে অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিচ্ছেন। ৫-৬ মিনিটে ইমিগ্রেশন হচ্ছে। সেবার মান উন্নয়ন হয়েছে। অবকাঠামোগত সমস্যা রয়ে গেছে। তবে তা উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিমান প্রতিমন্ত্রী বলেন, সাড়ে ২১ হাজার কোটি টাকায় থার্ড টার্মিনাল হবে। প্রধানমন্ত্রী তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গত ডিসেম্বরে। কক্সবাজার বিমানবন্দর উন্নত করা হবে। থিম্পু, কাটমান্ডু, আগরতলা, ইমপল থেকেও পর্যটকরা কক্সবাজারে আসবে। এখানে রানওয়ে উন্নত করা হবে। সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করা হবে। ভুমি অধিগ্রহন পর্ব শেষ পর্যায়ে আছে। রাজশাহী, যশোর ও বরিশাল বিমানবন্দর উন্নয়ন করা হবে। এরই মধ্যে আভ্যন্তরীন রুটে যাত্রীও বেড়েছে।

‘দেশের হাসপাতালগুলোর চিকিৎসা সুবিধা আরো বৃদ্ধি করা হবে’

0

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের হাসপাতালগুলোয় চিকিৎসার জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা আরো বৃদ্ধি করা হবে।

আজ মঙ্গলবার ঢাকায় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের বিশেষ বুনিয়াদী কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য একটি সুস্থ্য জাতি অপরিহার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার একটি সুস্থ্য-সবল জাতি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে দেশের হাসপাতালগুলোতে রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে অত্যাধুনিক যন্ত্রপাতিসহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। ভবিষ্যতে এ সুবিধা আরো বৃদ্ধি করা হবে। পাশাপাশি, চিকিৎসকরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে সেজন্য চিকিৎসকদের জন্যও বিভিন্ন সুবিধা আরো বাড়ানো হবে।

তিনি আরো বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দক্ষ চিকিৎসক প্রয়োজন। চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রতিমন্ত্রী এ সময় চিকিৎসকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ অনেক সময়ই চিকিৎসাসেবা গ্রহণের জন্য বিদেশে যান। এতে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যায়। যদি তাদেরকে এদেশেই চিকিৎসাসেবা গ্রহণে উদ্বুদ্ধ করা যায় তবে এই অর্থের সাশ্রয় হবে। তাই দেশের চিকিৎসা সেবায় আরো উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং চিকিৎসকদের আরো আন্তরিকতার সাথে কাজ করতে হবে। যাতে প্রত্যেকেই এদেশে চিকিৎসা সেবা গ্রহণে উৎসাহিত বোধ করে।

প্রতিমন্ত্রী এ সময় পরবর্তী প্রজন্মকে আগামীদিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চিকিৎসকদের আরো নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আবুল কাসেমের সভাপতিত্বে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক এ. এ. এম. নছিহুল কামাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

২৫০ কোটির বেশি মানুষ ডেঙ্গুর ঝুঁকিতে

0

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে এডিস ও কিউলেক্স মশা নিয়ন্ত্রণে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। মূলত সমাজের বিভিন্ন স্তরের মানুষকে অবহিতকরণের মাধ্যমে এডিস মশা এবং ডেঙ্গু রোগ প্রতিরোধ কার্যক্রমে অংশগ্রহণের উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়।

অ্যাডভোকেসি সভার শুরুতে এডিস মশার উৎপত্তিস্থল, বংশবিস্তার, রোগ-জীবাণু বহন, মানুষকে আক্রান্ত করাসহ বিশ্বে ডেঙ্গু রোগের সামগ্রিক চিত্র ও তথ্য-উপাত্ত নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) সার্ভিলেন্স মেডিক্যাল অফিসার ডা. মো. তৌহিদুল হক। এতে বলা হয় এ পর্যন্ত পৃথিবীর ১২৬টি দেশে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়েছে। এর ফলে ২৫০ কোটির অধিক মানুষ, অর্থ্যাৎ পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ মানুষ ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে ১০টি দেশেই ডেঙ্গুর প্রকোপ রয়েছে, এসব দেশে প্রায় ৫২ শতাংশ মানুষ ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে গত বছর জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগী সনাক্ত করার রেকর্ড থাকলেও গত আগস্টে ছিলো এ যাবতকালের সর্বোচ্চ রেকর্ড। সারা দেশে এ এক মাসেই প্রায় ৫৩ হাজার রোগী ভর্তির রেকর্ড করা হয়, যার অধিকাংশই ছিলো রাজধানী ঢাকায়। তবে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এ তিন মাসে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব সর্বাধিক ছিলো এবং ধারণা করা হচ্ছে, এবছরও একই সময়ে এ রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে। একই সাথে এডিস মশা নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের গৃহীত বিভিন্ন কার্যক্রম দেখানো হয়, যার মধ্যে এ রোগ প্রতিকারে চিকিৎসকদের প্রশিক্ষণ ও এডিস মশার উপর গবেষণা অন্যতম।

অ্যাডভোকেসি সভায় এডিস ও কিউলেক্স মশা নিয়ন্ত্রণে ডিএনসিসি কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমের সচিত্র পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে. কর্ণেল মো. গোলাম মোস্তফা সারওয়ার। তিনি এডিস মশা নিয়ন্ত্রণে ২০১৯ সালে ডিএনসিসির সামগ্রিক কার্যক্রম ও ২০২০ সালে চলমান এবং আসন্ন এডিস মশার উপদ্রব নিয়ন্ত্রণে ডিএনসিসির পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, এ রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার কোন বিকল্প নাই। সে লক্ষ্যে আমরা গত বছর বিভিন্ন আঞ্চলিক ও কেন্দ্রীয় পর্যায়ে একাধিক অবহিতকরণ সভা, সচেতনতামূলক পদযাত্রা ও পথসভা, বাউল সঙ্গীত, জাতীয় পত্রিকায় গণবিজ্ঞপ্তি, সচেতনতামূলক বার্তা, টেলিভিশনে টিভিসি প্রচার ইত্যাদি কার্যক্রম পরিচালনা করেছি।

এছাড়া ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম দেশের জাতীয় পত্রিকার সম্পাদকবৃন্দ ও টেলিভিশন মালিক ও বার্তা প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন, যা এবছরও চলমান থাকবে।

লে. কর্ণেল সারওয়ার আরো বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে অভুতপূর্ব সাড়া পেয়েছি। আমরা বিশ্বাস করি, শিক্ষক-শিক্ষার্থীরা একেকজন ‘অ্যাম্বাসেডর’ হিসাবে কাজ করতে পারে। গতবছর তারা নিজেরা নিজেদের বাসা-বাড়ি পরিষ্কার করার পাশাপাশি প্রতিবেশীর বাসা-বাড়িও পরিদর্শন করে এডিস মশার প্রজননস্থল ধবংস করেছে। আমরা এবারও শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে একই প্রত্যাশা করছি। এছাড়া মেয়রের নেতৃত্বে ডিএনসিসির সকল বিভাগ ও সকল ওয়ার্ডের কাউন্সিলরগণের সমন্বয়ে আমরা ‘চিরুনি অভিযান’ পরিচালনা করি।

তিনি আরো বলেন, মসজিদের ইমামগণ সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। মানুষ তাদের বয়ান শুনে, তাদেরকে মান্য করে। গত বছরও ইমামগণ প্রতি জুমার নামাজে তাঁদের বয়ানে এডিস মশা নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়ে আলচনা করেছেন, যা অত্যন্ত ফলপ্রসূ ছিলো। আমরা আশা করবো, এবারও ইমামদেরকে আরো জোরালো ভাবে আমাদের পাশে পাবো।

তিনি আরো বলেন, আমরা মশক নিধন কার্যক্রম আরো বেগবান করতে এরই মধ্যে ২০০টি ফগার মেশিন, ২৩৮টি পালস ফগমেশিন, ১৫০টি হার্টসন হস্তচালিত মেশিন, ৩৪০টি প্লাস্টিক হস্তচালিত মেশিন, ২টি ভেহিকল মাউন্টিং ফগার মেশিন, ১০টি মটরসাইকেল ফগার ও হস্তচালিত মেশিন, ২০টি মিস্ট ব্লোয়ার/পাওয়ার স্প্রে মেশিন ক্রয়পূর্বক কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতে আরো কয়েকটি ভেহিকল মাউন্টিং ফগার মেশিন ক্রয় করার পরিকল্পনা আছে। আমরা বিভিন্ন সংস্থা ও ব্যক্তি মালিকানাধীন প্রায় ১ হাজার বিঘা জলাশয়/ডোবা/পুকুর এর জলজ আগাছা ও কচুরিপানা পরিষ্কার করেছি, যা এখনও চলমান।

প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বলেন, আমরা গত বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। আমরা খুঁজে বের করেছি কোথায় কোথায় এডিস মশা প্রজনন করে, কোথায় এদের ঘনত্ব বেশি, কোন বয়সের মানুষ বেশি আক্রান্ত হয়। তাই এসব তথ্য-উপাত্ত কাজে লাগিয়ে এবার আমরা বছরের শুরু থেকেই পুরোদমে কাজে নেমেছি।

তিনি বলেন, ২০২০ সাল বিভিন্নভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এ বছরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে। মানুষ যাতে এডিস মশার উপদ্রব ছাড়াই বছরব্যাপী এ উৎসব নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেজন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি।

ডিএনসিসির অঞ্চল ১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকারনাইন এর সভাপতিত্বে এবং সিডিসির সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির অঞ্চল ৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, অঞ্চল ৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল কুদ্দুস, অঞ্চল ৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী, জাতীয় প্রেসক্লাবের সহসভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, উত্তরার বিভিন্ন কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উত্তরার বিভিন্ন সরকারি/বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সাথে চুক্তি করলো ‘স্ক্রিল লিমিটেড

0

গ্লোবাল পেমেন্ট সার্ভিস যুক্তরাজ্যের স্ক্রিল লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড এবং হোমপে আজ ইংল্যান্ডের লন্ডনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই সহযোগিতা চুক্তির ফলে প্রবাসিরা স্ক্রিল মানি ট্রান্সফার সার্ভিস ব্যবহার করে স্বল্প ব্যয়ে দ্রুততম সময়ে বাংলাদেশে অর্থ প্রেরণ, দেশ থেকে বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ইউরোপ থেকে সরাসরি কেনাকাটা করা এবং দেশের যেসব তরুণ ফ্রিল্যান্সার হিসাবে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করেন তারা সম্পুর্ণ বৈধভাবে স্বল্প খরচে তাদের পারিশ্রমিক নিতে পারবেন।

আজ লন্ডনে স্ক্রিল লিমিটেড এর অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়। স্ক্রিল লিমিটেড স্ক্রিলের প্রধান নির্বাহী লরেনজো পেলেগ্রিনো এবং সোনালী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক আবদুল ওয়াহাব এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এই সার্ভিসের প্রযুক্তিগত সহায়তাকারি প্রতিষ্ঠান হোম পে’র কর্মকর্তারা, যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দা মুনা তাসনীম এবং বাংলাদেশ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্ক্রিলের প্রধান নির্বাহী লরেনজো পেলেগ্রিনো বলেছেন, ‘স্ক্রিলের জন্য বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। স্ক্রিল ব্যবহার করে বাংলাদেশিদের বৈশ্বিক ডিজিটাল বাজারে অংশ নিতে সহায়তা করার জন্য আমরা উদগ্রীব। আশাকরি শিগগিরই আমরা বাংলাদেশে এই কার্যক্রম শুরু করতে পারবো।’

বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ‘আমাদের তরুণ প্রজন্মকে, বিশেষত যারা অনলাইনে কাজ করে তাদের বিশ্ববাজারে অংশ নিতে সহায়তা করার জন্য এটি ডিজিটাল বাংলাদেশ এবং আমাদের দৃষ্টিভঙ্গির পক্ষে আরও একটি বড় পদক্ষেপ। এটি ডিজিটাল বাংলাদেশ- এর অব্যাহত অগ্রগতির একটি অংশ। বাংলাদেশের যুবসমাজ, ফ্রিল্যান্সার এবং অন্যান্য নাগরিককে অনলাইনে বৈশ্বিক অর্থ আদান প্রদান এবং অনলাইন বাজার ব্যবস্থা এবং মার্চেন্ট ইকোসিস্টেমগুলির সাথে সংযুক্ত করবে এই সার্ভিস।’

সোনালী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক আবদুল ওয়াহাব বলেছেন সোনালী ব্যাংকের জন্য এটি বড় অর্জন। এই সার্ভিস চালু হলে সোনালী ব্যাংক বিশ্বব্যাপী অনলাইনে অর্থ আদান প্রদান, বহির্বিশ্ব থেকে অনলাইনে কেনাকাটার তরুণ প্রজন্মের চাহিদাকে পূর্ণ করতে পারবে।

আরো বেশি ভোট আশা করেছিলাম’

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোটের রাজনীতিতে জনগণের অনীহা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আজ মঙ্গলবার তিনি এ কথা বলেন।

জানা গেছে, সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন ওবায়দুল কাদের। এ সময় সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলাপ করতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের এত জনসমর্থন, সেখানে আরো বেশি ভোট আশা করেছিলাম। এজন্য প্রধানমন্ত্রী দেশে ফিরলে দলের ওয়ার্কিং কমিটির সভা ডাকা হবে। সেখানে সাংগঠনিক বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হবে।

ওবায়দুল কাদের মনে করেন এসএসসি পরীক্ষা, তিনদিনের ছুটি এবং আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য কিছুটা হলেও দায়ী। তবে সব মিলিয়ে ভালো নির্বাচন হয়েছে বলে মনে করেন তিনি।

এর আগে চার দিন চিকিৎসাধীন থাকার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে ছাড়া পান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সরাসরি চলে আসেন সচিবালয়ে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাদের। এ সময়ও তাঁর বাম হাতে ক্যানুলা লাগানো ছিল।

হঠাৎ শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে ৩১ জানুয়ারি ওবায়দুল কাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।