Home Blog Page 3178

ভ্রমণকারীরা ঘোষণা ছাড়াই সঙ্গে ১০ হাজার ডলার আনতে পারবেন

0

বাংলাদেশ ব্যাংক দেশে বৈদেশিক মুদ্রা নিয়ে আসার সীমা দ্বিগুণ করার ঘোষণা দিয়ে জানিয়েছে যে, শুল্ক কর্তৃপক্ষের কাছে ঘোষণা না দিয়ে ভ্রমণকারীরা তাদের সঙ্গে পূর্বনির্ধারিত সীমার দ্বিগুণ অর্থ্যাৎ ১০ হাজার মার্কিন ডলার বা তার সমতুল্য বিদেশি মুদ্রা আনতে পারবেন।

এর আগে, শুল্ক কর্তৃপক্ষের কাছে ঘোষণা ছাড়াই বাংলাদেশ ব্যাংক দেশে ভ্রমণকারীদের সঙ্গে ৫ হাজার ডলার বা তার সমতুল্য বৈদেশিক মুদ্রা আনার অনুমতি দিত।

বাংলাদেশ ব্যাংকের জারিকৃত এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক এই সীমা ৫ হাজার ডলার থেকে বৃদ্ধি করে ১০ হাজার ডলার বা এর সমতুল্য করেছে।

সিরীয়-তুর্কি সেনাদের ব্যাপক সংঘর্ষ, বহু হতাহত

0

সিরিয়ায় বোমা হামলায় তুরস্কের চার সৈন্য নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ৯ সৈন্য। আজ সোমবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে, পাল্টা হামলায় ৩০ থেকে ৩৫ জন সিরীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে তুরস্কের পক্ষ থেকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রাশিয়ার সামরিক বাহিনী সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সেনারা সম্প্রতি ইদলিবে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সতর্ক করে দিয়ে বলেছেন, ইদলিবে যুদ্ধবিরতি দেওয়া না হলে তুর্কি সামরিক বাহিনী সেখানে অভিযান শুরু করতে পারে।

সিরিয়ায় তুরস্কের সেনা বাহিনীর ওপর সরকারি হামলার পরিপ্রেক্ষিতে তুরস্কের প্রেসিডেন্ট সোমবার তুর্কি জনগণ ও সিরিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, তুরস্ক এই হামলার বিরুদ্ধে আগের মতোই জবাব দিয়েছে। আর তা অব্যাহত রেখেছে।

মালয়েশিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মালয়েশিয়া সফরে গেছেন। মালয়েশিয়া সফর বাতিলের প্রায় দেড় মাস পর তিনি কুয়ালালামপুর গেলেন। সফরকালে দুই দেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি হবে বলে জানা গেছে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ইমরান খান মালয়েশিয়া পৌঁছেছেন। কুয়ালালামপুরে তাকে অর্ভ্যথনা জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা। এসময় মালয়েশিয়া প্রতিরক্ষামন্ত্রী মোহামাদ সবুও উপস্থিত ছিলেন। এছাড়াও মালয়েশিয়ায় পাকিস্তানের হাইকমিশনার আমনা বালুচ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি মালয়েশিয়া দুই দিন অবস্থান করবেন।

গত নভেম্বরে তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং কাতারকে সঙ্গে নিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও উন্নয়ন বাড়ানোর বিষয়ে সম্মেলন করার কথা ঘোষণা করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ।

এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান, কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানি ও ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি সম্মেলনে অংশ নিলেও ইমরান খান কুয়ালালামপুর সফর বাতিল করেন। ১৮ থেকে ২১ ডিসেম্বর ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’ নামের ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এক জেলেই ২৮ দেশের পাঁচ হাজার আইএস জঙ্গি

0

আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস-এ যোগ দেওয়া ২৮ দেশের পাঁচ হাজার নাগরিককে বন্দি করে রাখা হয়েছে। ইরাকে আটক আইএস জঙ্গিদের বিচার বাগদাদ আদালতে শুরু হয়েছে। ধরাণা করা হয়েছে, আদালতে মৃত্যুদণ্ড দিলে সেখানেই কার্যকর করা হতে পারে তাদের দণ্ড।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ইরাকে চূরান্ত যুদ্ধ শেষে আইএসের বহু জঙ্গি আত্মসমর্পণ করে। পরে তাদের মধ্যে পাঁচ হাজার জনকে বাগদাদের একটি কারাগারে আটকে রাখা হয়। এই কারাগারে শত শত বিপজ্জনক আইএস জঙ্গিকে আটকে রাখা হয়েছে। তাদের অনেকের শরীরে লেগে আছে গুলি, নেই হাত বা পা।

কারাগারটির রয়েছে কয়েকটি ছোট ছোট সেল। আর প্রতিটি সেলে একশ জন করে জঙ্গিকে বন্দি করে রাখা হয়েছে। তাদের পরানো হয়েছে কমলা রঙের পোশাক। সিসিটিভি দিয়ে দিনের ২৪ ঘণ্টাই তাদেরকে নজরদারিতে রাখা হয়। সেলগুলোতে উপচে পড়া মানুষের কারণে ছড়াচ্ছে নানা রকমের রোগ। গার্ডরা জানান, বন্দি অনেকেরই জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন।

ওই কারাগারের বন্দিদের মধ্যে সারা বিশ্বের ২৮ দেশের নাগরিক রয়েছে। সিরিয়া, ইরাক, জার্মানি, ইতালি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগিরকও রয়েছে। কারা কর্তৃপক্ষ বলছে, তারা এখানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক আইএস বন্দিদের আটকে রেখেছে।

এদিকে, বাগদাদে শুরু হয়েছে তাদের বিচার। যেকোনো সময় তাদের মৃত্যুদণ্ড দিয়ে ঝুলিয়ে দেওয়া হতে পারে ফাঁসিতে। গত বছরের মে মাসে সিরিয়া থেকে স্থানান্তরিত হওয়ার পরে বাগদাদে সাত ফরাসি নাগরিককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।

গত সপ্তাহে জাতিসংঘ প্রকাশিত এক নতুন প্রতিবেদনে বলা হয়, ইরাকের সন্দেহভাজন আইেএসএ সদস্যদের বিচারের ক্ষেত্রে বড় বড় ত্রুটির প্রমাণ পাওয়া গেছে। জাতিসংঘের তদন্তে তাদের অত্যাচারের অভিযোগও পাওয়া গেছে। ২০১৮ সালের ১ মে থেকে ৩১ অক্টোবরের মধ্যে প্রায় আটশটি বিচার পর্যবেক্ষণ করার পর প্রতিবেদনে বলা হয়, সুষ্ঠু বিচারের মানদণ্ড লঙ্ঘন করা হয়েছে।

শরীরে করোনাভাইরাস নিয়ে পালালেন মধ্যপ্রদেশের রোগী!

0

সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের দুই ব্যক্তি চীন থেকে দেশে ফিরেছেন। একজন চীনের উহান শহরে এমবিবিএস পড়ছিলেন। দিন দুই আগে ছাত্তারপুরে নিজের গ্রামে ফেরেন তিনি। সর্দি-কাশি-জ্বর, গলা ব্যথা নিয়ে তাকে গ্রামেরই একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ভাইরাসের সংক্রমণ আঁচ করে তাকে ছাত্তারপুর জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

ওই হাসপাতালে ভর্তি ছিলেন চীন-ফেরত আরো এক ছাত্র। তার বাড়ি জবলপুরে। তিনিও কিছুদিন আগেই উহান থেকে দেশে ফেরেন। তারপর জ্বর নিয়ে ভর্তি হন হাসপাতালে। তারপর শুরু হয় পরীক্ষা-নিরীক্ষা। দেখা যায় একজনের রিপোর্ট পজিটিভ। অন্যজন সন্দেহের তালিকায়। পরে দুই যুবককে আইসোলেশন ওয়ার্ডে রেখে চলছিল চিকিৎসা।

রবিবার রাতে দেখা গেল ওয়ার্ডের দু’টি বেড ফাঁকা। পাত্তা নেই দুই রোগীর। খোঁজ নিয়ে জানা গেছে নিজেদের বাড়িতেও ফেরেননি তারা। তাহলে কোথায় গেলেন? চিন্তার ভাঁজ পড়েছে ডাক্তারদের কপালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, নিখোঁজ দু’জনই ছাত্র।

এদিকে, রবিবার রাতে দু’জনের একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে বলে জানা যায়।

কাশ্মীরে বিধ্বস্ত ভারতীয় সামরিক বাহিনীর হেলিকপ্টার

0

জম্মু-কাশ্মীরে ভারতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার জম্মুর রিয়াসি এলাকায় ওই হেলিকপ্টার ভেঙে পড়ে। কপ্টারে দু’জন পাইলট ছিলেন। তারা নিরাপদে রয়েছেন বলে জানা যায়।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার দিকে দুর্ঘটনায় পড়ে হেলিকপ্টারটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এই ঘটনা ঘটে। তবে কপ্টারের দুই চালক অক্ষত অবস্থায় রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন সেনাবাহিনীর সদস্যরা।

‘চিতা’ গোত্রের ওই কপ্টারটি প্রথম ১৯৭৬ সালে ভারতীয় বিমান সেনারা ব্যবহার করে। এর আগেও কাশ্মীরে এমন কপ্টার দুর্ঘটনা ঘটেছে। গত বছর ফেব্রুয়ারিতে জম্মু-কাশ্মীরের বদগামে ভেঙে পড়ে এমআই-১৭ শ্রেণির একটি কপ্টার। ওই ঘটনায় ছয় সেনা সদস্যসহ সাত জনের মৃত্যু হয়।

করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র : চীন

0

করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্র গত শুক্রবার জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে। গত দু’সপ্তাহের মধ্যে যারা চীন সফর করেছে, তাদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেবে না বলেও ঘোষণা দেয়। তারপরই চীন জানায় করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেছেন, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের ফলে বরং আতঙ্ক ছড়িয়ে পড়বে। সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র এই সংকটে সাহায্যের প্রস্তাব দেওয়ার পরিবর্তে আতঙ্ক ছড়াচ্ছে। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র হচ্ছে প্রথম দেশ যারা চীনাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করলো এবং চীন থেকে তাদের দূতাবাসের কিছু কর্মীকে সরিয়ে নিল।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ, যাদের কীনা মহামারি ঠেকানোর শক্তিশালী ব্যবস্থা আছে, তারাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ না মেনে মাত্রাতিরিক্ত বিধিনিষেধ আরোপ করলো।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশও চীনা নাগরিকদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়েছিল যে, সীমান্ত বন্ধ করে দিলে ভাইরাসের সংক্রমণ আরো দ্রুত ছড়াবে, কারণ তখন লোকজন অন্যপথে বিভিন্ন দেশে ঢোকার চেষ্টা করবে।

গত ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্র চীনের হুবেই প্রদেশের উহান থেকে জরুরি কাজে নিয়োজিত ছাড়া অন্য সব মার্কিন নাগরিককে চলে যেতে বলে। এর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র সরকার জরুরি কাজে নিয়োজিত সরকারি কর্মচারি ছাড়া আর সব সরকারি কর্মচারি এবং তাদের পরিবারের সদস্যদের চীন ছাড়ার অনুমতি দেয়।

গত ৩০ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের ব্যাপারে বিশ্ব জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র চীন থেকে তাদের সব সরকারি কর্মচারির পরিবারের ২১ বছরের কম বয়সী সদস্যদের চলে আসতে নির্দেশ দেয়।

সূত্র: বিবিসি।

জেফ বেজোসের বিরুদ্ধে মামলা

0

অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং সিইও জেফ বেজোসের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তারই প্রেমিকার ভাই। জেফ ও তার প্রেমিকার অন্তরঙ্গ মেসেজ এবং ছবি প্রকাশ করেছিলেন প্রেমিকার ভাই মাইকেল সানচেজ, এমন অভিযোগ করেছিলেন বেজোস। এবার সেই অভিযোগের প্রেক্ষিতেই পাল্টা জেফের বিরুদ্ধে মানহানির মামলা করলেন প্রেমিকার ভাই মাইকেল।

২০১৯ সালের জানুয়ারিতে মার্কিন পত্রিকা ন্যাশনাল এনকোয়ারার লরেন সানচেজের সঙ্গে জেফ বেজোসের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ করেছিল। জেফ এবং লরেনের একাধিক অন্তরঙ্গ ছবি এবং টেক্সট মেসেজও প্রকাশ করেছিল ওই পত্রিকা। জেফ অভিযোগে জানান, তার প্রেমিকার ভাই মাইকেলই এসব ফাঁস করেছেন।

সম্প্রতি মাইকেলের বিরুদ্ধে এও অভিযোগ ওঠেছে যে, বিনিময়ে ওই মার্কিন পত্রিকার কাছ থেকে এক কোটি ৪২ লাখ ৯২ হাজার টাকাও নেন মাইকেল। শুধু মাইকেলের বিরুদ্ধেই নয়, ওই মার্কিন পত্রিকা ছবি প্রকাশ করে তাকে ব্ল্যাকমেল করছে এবং মোটা টাকা দাবি করছে, এমনও অভিযোগ জানিয়েছিলেন বেজোস।

প্রেমিকার ভাই মাইকেল বারবারই তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি জানান, বেজোসের এই অভিযোগের পর তার বাড়িতে এফবিআই হানা দেয়। এর ফলে প্রতিবেশীদের সামনে তাকে চরম হেনস্থায় পড়তে হয়েছে। সে কারণেই এবার পাল্টা বেজোসের নামেই মানহানির মামলা করেছেন তিনি।

ট্রাম্পের ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ওআইসির

0

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। আজ সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানায় সংস্থাটি।

সৌদি আরবের জেদ্দায় এই পরিকল্পনাটি নিয়ে আলোচনা করার জন্য একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ৫৭ সদস্যের এই সংস্থাটির। সংস্থাটির সব সদস্য রাষ্ট্রকে এই পরিকল্পনার সঙ্গে জড়িত না হওয়া জন্য আহ্বান জানানো হয়। এছাড়াও এনিয়ে মার্কিন প্রশাসনকে কোনো ধরনের সহযোগিতা না করার জন্যও আহ্বান জানানো হয় সংস্থটির পক্ষ থেকে।

ফিলিস্তিনিরা তীব্র প্রতিবাদ কারার পরও গত মঙ্গলবার কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। ১৮১ পৃষ্ঠার ওই প্রস্তাবনা প্রকাশের সময় তার পাশে ছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ পুরোপুরি প্রত্যাখ্যান করে আরব লিগ। ট্রাম্পের পরিকল্পনায় ফিলিস্তিনিদের ন্যূনতম অধিকার টুকুও দেওয়া হয়নি বলে এক বৈঠক শেষে বিবৃতিতে জানায় আরব লিগ।

সূত্র: রয়টার্স।

চীনের সঙ্গে সীমান্ত বন্ধের দাবিতে হংকংয়ে বিক্ষোভ

0

করোনাভাইরাসের হামলা ঠেকাতে চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করার দাবিতে বিক্ষোভ শুরু করেছেন হংকংয়ের স্বাস্থ্যকর্মীরা। বর্তমানে মূল চীনা ভূখণ্ডের সঙ্গে রেল ও ফেরি পরিষেবা বন্ধ রেখেছে হংকং। তবে করোনাভাইরাসের থাবা এড়াতে এবার পুরোপুরি সীমান্ত বন্ধ করার দাবি তুলে ধর্মঘট শুরু করেছেন কয়েক হাজার স্বাস্থ্যকর্মী।

তাদের দাবি, সীমান্ত খোলা থাকলে এপারে ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে পড়বে। হংকং চিকিৎসক সংগঠনের প্রধান উইনি য়ু বলেন, চীনের সঙ্গে সীমান্ত সম্পূর্ণ বন্ধ না হলে এখানে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়বে। বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা ও ভাইরাসের মোকাবিলায় সরঞ্জামের অভাব দেখা দেবে। সেই পরিস্থিতি সামাল দেওয়া সহজ হবে না।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার বা আজ থেকেই ধর্মঘট শুরু করেছেন হংকংয়ের কয়েক হাজার স্বাস্থ্যকর্মী। চীনের সঙ্গে সীমান্ত বন্ধ না করা হলে মঙ্গলবার বা আগামীকাল থেকে ধর্মঘটে যোগ দেবেন চিকিৎসকরাও। আপাতত হংকংয়ের ভিসা দেওয়া বন্ধ রেখেছে বেইজিং। তবুও প্রায় ৭০ লক্ষ জনসংখ্যা নিয়ে চরম আশঙ্কায় রয়েছে প্রায় স্বাধীন প্রদেশটি।

এদিকে, হংকংয়ের নেতা কেরি ল্যাম করোনাভাইরাস বিস্তার রোধে মূল ভূখণ্ড চীনের সঙ্গে ১৩টি সীমান্ত ক্রসিংয়ের মধ্যে ১০টি বন্ধ করেছে।