Home Blog Page 3180

মান্ডা খালে নিখোঁজ শিশু আসাদুলের মরদেহ উদ্ধার

0

রাজধানীর বাসাবোর মান্ডা খাল থেকে আসাদুল নামে চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকালে খাল থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তিনজন ডুবুরি।

শিশু আসাদুল মান্ডা এলাকার বাসিন্দা।

গতকাল রবিবার বেলা সাড়ে ৩টার দিকে শিশু আসাদুল অন্য শিশুদের সঙ্গে খেলতে যায়। এর কিছুক্ষণ পর খালে পড়ে যায় সে। এসময় স্থানীয়রা আসাদুলকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার অভিযান শুরু করে।

এ ঘটনার প্রায় দুই বছর আগে একই খালে পড়ে মারা যায় হৃদয় নামের আরেক শিশু।

শুরু হলো এসএসসি পরীক্ষা

0

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয় পরীক্ষা। চলবে দুপুর ১টা পর্যন্ত।

এসএসসির বাংলা প্রথম পত্র এবং দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদের মাধ্যমে শুরু হয়েছে এবারের পরীক্ষা। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করবেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জানা যায়, এবার এসএসসির তত্ত্বীয় পরীক্ষা আজ শুরু হয়ে চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত নেওয়া হবে ব্যাবহারিক পরীক্ষা। দাখিলের তত্ত্বীয় পরীক্ষা আজ শুরু হয়ে শেষ হবে ১ মার্চ। এরপর ৮ মার্চের মধ্যে শেষ হবে ব্যাবহারিক পরীক্ষা।

আগের বছরের মতো এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীর দেরি হলে তার বিস্তারিত তথ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইলফোন ব্যবহার করতে পারবেন না।

জানা যায়, আগে এসএসসি পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু স্বরস্বতী পূজার কারণে গত ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন পিছিয়ে ১ ফেব্রুয়ারিতে আনা হয়। তবে এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে ৩ ফেব্রুয়ারিতে আনা হয়।

কাল ইতালি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

0

চার দিনের সফরে আগামীকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে দুই দেশের মধ্যে তিনটি দ্বিপক্ষীয় চুক্তি সই হতে পারে।

প্রস্তাবিত চুক্তিগুলোর মধ্যে রয়েছে- সাংস্কৃতিক বিনিময়, রাজনৈতিক আলোচনা এবং কূটনৈতিক ক্ষেত্রে সহযোগিতা।

গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান। তিনি জানান, ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে মঙ্গলবার ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ সফরকালে ৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

বৈঠকের পর একটি যৌথ ইশতেহার জারি করা হবে জানিয়ে তিনি বলেন, ‘যদি সফরের সময় প্রস্তাবিত চুক্তিগুলো স্বাক্ষর করা সম্ভব না হয়, তবে সেগুলো যৌথ বিবৃতিতে প্রতিফলিত হবে এবং পরে চুক্তিগুলো সই করা হবে।’

এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‘বাংলাদেশ ও ইতালি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করছে। তবে এ বিষয়ে চুক্তির কোনো সম্ভাবনা নেই।’

‘আরব বিশ্ব নীরব থাকলে শয়তান কাবা ঘরেও পৌঁছে যাবে’

0

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার বিষয়ে নীরব থাকায় আরব বিশ্ব এবং মুসলিম নেতাদের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে ট্রাম্পঘোষিত শতাব্দি সেরা চুক্তি তথা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার বিরুদ্ধে তুরস্কের কঠোর অবস্থানের কথা ঘোষণা দিয়েছেন তিনি। তিনি বলেন, আরব বিশ্ব নীরব থাকলে শয়তান পবিত্র কাবা ঘরেও পৌঁছে যাবে।

গত মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অবসানের লক্ষ্যে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন। এ সময় হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ছাড়াও আরব বিশ্বের তিনটি দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির প্রাদেশিক নেতাদের এক বৈঠকে এরদোয়ান বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড দখলের লক্ষ্যে ট্রাম্পের ওই চুক্তি আমরা কখনই স্বীকৃতি দেব না কিংবা মেনে নেবো না।

তিনি বলেন, জেরুজালেম এবং ফিলিস্তিনিদের ভাগ্য পুরোপুরি ইসরায়েলের রক্তাক্ত নখদর্পনে ছেড়ে দেয়া হলে তা মানবতার সর্বনিকৃষ্ট কাজ হবে। ইহুদিদের সঙ্গে কোনও ধরনের সমস্যা না থাকলেও ইসরায়েলের অত্যাচারী নীতির বিরুদ্ধে তুরস্ক। কারণ ইসরায়েলের লক্ষ্যই ফিলিস্তিনিদের অধিকার ছিনিয়ে নেয়া।

পবিত্র নগরী জেরুজালেমে মুসলিম ও খ্রিস্টানদের অন্যান্য স্থাপনার তাৎপর্যের ওপর গুরুত্বারোপ করে ট্রাম্পের ওই শান্তি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিতে সবার প্রতি আহ্বান জানান এরদোয়ান। তিনি বলেন, আমরা যদি আল-আকসা মসজিদকে রক্ষা করতে না পারি, তাহলে ভবিষ্যতে যারা পবিত্র কাবাকে টার্গেট করবেন আমরা তাদেরকেও ঠেকাতে পারবো না। এ কারণে জেরুজালেম আমাদের শেষ সীমা।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন এবং জেরুজালেম বিশ্বের সব মুসলিমের বিষয়। মুসলিম বিশ্বের নীরবতার তীব্র সমালোচনা করে এরদোয়ান প্রশ্ন করেন, আপনারা কখন আওয়াজ তুলবেন?

তিনি বলেন, ইসরায়েলের মতো একটি দুর্বৃত্ত রাষ্ট্রকে কখনই তুরস্ক মেনে নেবে না। এই পদক্ষেপের বিরুদ্ধে মুসলিম বিশ্বের অবস্থানের ব্যাপারে যখন জানতে চাই, তখন নিজের প্রতি করুণা হয়। সৌদি আরব অধিকাংশ সময়ই নীরব। কখন আওয়াজ তুলবে সৌদি? একই কাজ করছে ওমান, বাহরাইন এবং আবু ধাবির ক্ষমতাসীন সরকারও।

এরদোয়ান বলেন, তারা হোয়াইট হাউসে গিয়ে এই কাজের প্রশংসা করেছেন। আপনাদের জন্য লজ্জা… জেরুজালেমের সঙ্গে বিশ্বাসঘাতকতাপূর্ণ এ ধরনের একটি পরিকল্পনায় সমর্থন দিচ্ছে আরব বিশ্বের কিছু দেশ।

ট্রাম্পের পরিকল্পনা শান্তি-বিরোধী : জিমি কার্টার

0

ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের নামে যে কথিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ চুক্তি প্রকাশ করেছেন তা প্রকৃতপক্ষে শান্তি-বিরোধী একটি পরিকল্পনা। সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার এ কথা বলেছেন।

জিমি কার্টার বলেন, এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন।

জিমি কার্টারের এ বক্তব্য মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন তুলে ধরেছে।

কার্টার বলেন, ট্রাম্পের নতুন পরিকল্পনা ফিলিস্তিন এবং ইসরাইলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নস্যাৎ করেছে; যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয় তাহলে দীর্ঘদিন ধরে চলে আসা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রচেষ্টা ব্যর্থ হবে।

জিমি কার্টার বলেন, ইসরায়েল -ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনের জন্য জাতিসংঘ বারবার দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলেছে যার ভিত্তি হবে ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের আগের সীমানা। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এই শান্তি পরিকল্পনায় তা মানা হয়নি। ফলে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন লংঘন করেছেন।

জাতিসংঘের সদস্য দেশগুলোকে নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবগুলো অনুসরণ করার আহ্বান জানিয়েছেন জিমি কার্টার। তিনি যেকোনো একতরফা প্রস্তাবকে প্রত্যাখ্যানের কথা বলছেন।

ট্রাম্পের ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান আরব লিগের

0

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে আরব লিগ।

ট্রাম্পের পরিকল্পনায় ফিলিস্তিনিদের ন্যূনতম অধিকার টুকুও দেওয়া হয়নি বলে বৈঠক শেষে এক বিবৃতিতে জানায় আরব লিগ।

একই বৈঠকে ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে সব সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় ফিলিস্তিন। এদিকে, ট্রাম্পের ঘোষণা দ্বিরাষ্ট্র সমাধানের পথ বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে চীন।

প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের তথাকথিত ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ প্রকাশের পর তীব্র সমালোচনা আর বিতর্কের মধ্যেই ঐ প্রস্তাবে আরব দেশগুলোর অবস্থান স্পষ্ট করার জন্য জরুরি বৈঠক ডাকে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর জোট আরব লিগ।

মিশরের রাজধানী কায়রোয় আয়োজিত ঐ বৈঠকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পাশাপাশি সৌদি আরব ও বাহরাইনসহ আঞ্চলিক এ সংস্থার সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন।

এতে ট্রাম্প প্রস্তাবিত শতাব্দীর সেরা চুক্তি নামের কথিত পরিকল্পনা প্রত্যাখ্যান করার ব্যাপারে একমত হন আরব লিগভুক্ত দেশগুলো। তাদের দাবি, যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঐ চুক্তিতে ফিলিস্তিনিদের অধিকার ও আকাঙ্ক্ষার ন্যূনতম প্রতিফলনও নেই।

আরব লিগের মহাসচিব আবুল ঘেইত বলেন, আজকে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা খুবই চমৎকার একটা সিদ্ধান্ত। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনের অবস্থান পরিষ্কার করতে আরব লিগের এ সিদ্ধান্ত বড় একটা সুযোগ। ট্রাম্পের কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা কোনোভাবেই ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব বন্ধ করতে পারবে না। হাজার হাজার বছরের ইতিহাস একটি ঘোষণার মাধ্যমে মুছে ফেলা সম্ভব না।

একই বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতাসহ সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, আমরা ইসরাইল কর্তৃপক্ষকে অবহিত করছি যে, আজ থেকে তাদের সঙ্গে আমাদের সব ধরনের সম্পর্ক ছিন্ন করছি। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আরব লিগ আজ যে সিদ্ধান্ত নিয়েছে তা প্রাথমিক পদক্ষেপ। আশা করি, ওআইসি’র পক্ষ থেকেও একই সিদ্ধান্ত আসবে।

ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেছে চীনও। দুই দেশের সঙ্গে আলোচনা না করে ট্রাম্পের এ ধরনের সিদ্ধান্ত নেয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি। কথিত শান্তি পরিকল্পনার বিরুদ্ধে জাতিসংঘের যেকোনো প্রস্তাবে সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ঝাং জুন বলেন, ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নির্ধারণে যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে তাদের সঙ্গে বসে আলোচনা করা উচিত ছিল। ফিলিস্তিনিদের মৌলিক অধিকার রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ দিক। যুক্তরাষ্ট্র যে পরিকল্পনার কথা বলছেন, সেখানে দ্বিরাষ্ট্র সমাধানের সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা নেই।

ফিলিস্তিনে তীব্র প্রতিবাদ স্বত্ত্বেও গেল মঙ্গলবার কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। ১৮১ পৃষ্ঠার ঐ প্রস্তাবনা প্রকাশের সময় তার পাশে ছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু।

আদিবাসীদের হিন্দু বানানো হচ্ছে, গণবিয়ে ঘিরে উত্তেজনা

0

বিশ্ব হিন্দু পরিষদের গণবিয়ের অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ডের মালদহ থানার আটমাইল এলাকায়। ঝাড়খন্ড দিসম পার্টির ইঁট বৃষ্টিতে আক্রান্ত পুলিশ কর্মী। এই গণবিবাহের প্রতিবাদে ঝাড়খন্ড দিসম পার্টি ৩৪ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। দুপক্ষের মধ্যে ইঁট বৃষ্টি হচ্ছে। চেয়ার ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থলে মালদহ থানা থেকে ছুটে গিয়েছে বিশাল পুলিশবাহিনী।

বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এদিন মালদহ থানার আটমাইল এলাকায় গণবিবাহের অনুষ্ঠান করা হয়। এই গণবিবাহের অংশগ্রহণ করা বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ঝাড়খণ্ড দিসম পার্টির অভিযোগ আদিবাসীদের চিরাচরিত প্রথা উপেক্ষা করে এই গণবিবাহ হচ্ছে যা তারা মেনে নেবে না। এই নিয়েই উত্তেজনা।

ঝাড়খন্ড দিসম পার্টির সদস্য মোহন হাঁসদা বলেন, বিশ্ব হিন্দু পরিষদ বিয়ের আয়োজন করেছে। সেখানে বেশির ভাগই আদিবাসী। হ্যান্ডবিল ও বিজ্ঞাপন ছাপিয়ে ঘোষণা করেছে যে হিন্দুত্ব রীতি অনুযায়ী বিয়ে হবে। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে আদিবাসীদেরকে হিন্দু বানানো হচ্ছে। অর্থের লোভ দেখিয়ে এই বিয়ের আয়োজন করেছে তারা। এখানে হিন্দু রীতি অনুযায়ী বিয়ে হচ্ছে। তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দাবি এই বিয়েটা আপাতত বন্ধ থাকুক। কার্ড ছাপিয়ে বিজ্ঞাপন দিয়ে বিয়ের আয়োজন করে আদিবাসী সমাজকে ও মানুষকে অপমান করা হচ্ছে। আমরা দেশজুড়ে এর প্রতিবাদ জানাবো। কারণ আদিবাসীরা হিন্দু নয়। আদিবাসীরা প্রকৃতির পূজারী।

বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি মলয় মুখার্জি বলেন, এটা ভুল ধারণা। আমরা জানি ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র হয়। আমরা যারা শহরে নিজেদেরকে গভীর হিন্দু বলে পরিচয় দিয়ে তার চেয়ে বড় হিন্দু এরা। তারা মূল ভারতীয় আদিবাসী। তারা অন্য কোনো সম্প্রদায়ের নয় তারা হিন্দু সম্প্রদায়ের। তাদেরকে ভুল বোঝানো হয়। তাদের উপাসনা পদ্ধতি একটু আলাদা হতে পারে। হিন্দুদের বিভিন্ন রীতি-নীতি আছে তাদেরটা একটু আলাদা। তার মানে এটা নয় যে তারা আমাদের সমাজের অংশ নয়। তারা সনাতন হিন্দু ধর্মের অংশ।

খাবারের অভাব নাই, পরিবেশ নিয়ে উদ্বেগে আছি

0

অনেক খাবার খাচ্ছি, খাবারের অভাব নাই, তবে পরিবেশ নিয়ে উদ্বেগে আছি। চেকআপ করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ-সেনাবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক যত্ন নিচ্ছেন, দেখভাল করছেন। সেদিকে কোনো কমতি নেই। তবে সমস্যা হচ্ছে পরিবার পরিজন নিয়ে যে কয়জন আছেন তাদের। এছাড়া এক কক্ষে থাকার ফলে একজন থেকে আরেক জনের মধ্যে ঝুঁকিও আছে। এটা নিয়ে আমরা উদ্বিগ্ন। কি হবে বুঝতে পারছি না।’

রাজধানীর আশকোনা হাজি ক্যাম্পে থাকা চীনফেরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আব্দুল কাইয়ুম আজ রবিবার রাতে কালের কণ্ঠকে এমন বিবরণ দেন।

আব্দুল কাইয়ুম বলেন, আমরাও দেখছি এখানে সরকারের পক্ষ থেকে আমাদের জন্য সবকিছুই করছে। আমরা পরিবার নিয়ে যারা আছি তাদের জন্য আলাদা ব্যবস্থা করার আবেদন করেছিলাম। সেই আবেদন নিয়ে তারা চেষ্টাও করেছিল। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো পথ বের করতে পারেনি। আমরা এখন শিশুদের নিয়ে কিছুটা শঙ্কায় আছি। এছাড়া নারী পুরুষ একই রুমে থাকায় তাদের প্রাইভেসির সমস্যা হচ্ছে। আমার স্ত্রীও আমার একই বিশ্ববিদ্যালয়ের সহকর্মী। সে এবং আমাদের শিশু সন্তানও আমার সঙ্গে আছে। তাদের সমস্যা হচ্ছে বেশি।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন বলেন, চীনে আমরা ঘরবন্দি ছিলাম। বাইরে বের হতে পারতাম না। তবে ঘরে আগে থেকেই খাবার মজুদ করে রেখেছিলাম। সেখানে কোয়ারাইনটাইনটা খুব ভালোভাবেই পালন করা গেছে। এখানে সেটা হচ্ছে না।

আশকোনা হাজি ক্যাম্পের পরিবেশ নিয়ে গত দুদিন ধরেই এমনসব অভিযোগ অনুযোগ করছেন চীনফেরত বাংলাদেশি নাগরিকরা।

এমন পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগও পড়েছে বিব্রতকর অবস্থায়। তারা বিষয়টি নানাভাবে সামাল দেয়ার চেষ্টা করছেন। সেই সঙ্গে বিকল্প জায়গাও খুঁজছেন। কিন্তু আজ পর্যন্ত এর চেয়ে উপযুক্ত কোনো বিকল্প স্থান পাওয়া যায়নি। এদিকে সম্ভাব্য করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি কোয়ারান্টাইন কোর কমিটি গঠন করা হয়েছে আজ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রলালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এক প্রজ্ঞাপনে অতিরিক্তি সচিব (প্রশাসন) হাবিবুর রহমানকে আহ্বায়ক ও ঢাকা জেলার সিভিল সার্জন ডা. মঈনুল আহসানকে সদস্য-সচিব করে ১৯ সদস্য ওই কমিটির কথা জানানো হয়। সেই সঙ্গে কমিটি প্রয়োজনে আরও সদস্য কো-অপ্ট করার ক্ষমতা দেওয়া হয়েছে। এদিকে দেশের বিভিন্ন এলাকায় থাকা চীনা নাগরিকরা নিজেরাই নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন প্রকল্প এলাকায় কোয়ারাইনটাইন মেইনটেইন করছেন।

এদিকে সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা কালের কণ্ঠকে জানান, হাজি ক্যাম্পে থাকা চীন থেকে আগত ২৯৭ জন যাত্রীর সবাই সুস্থ আছেন। সেই সঙ্গে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হওয়া ৭ জনের অবস্থাও স্থিতিশীল রয়েছে। অন্যদিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চীনফেরত একজন নারীকে ভর্তি করা হয়েছে অন্য ধরণের অসুস্থতার কারণে। তার স্বামী ও এক সন্তানকেও ওই হাসপাতালে নেওয়া হয়েছে কেবলমাত্র তাকে সঙ্গ দেওয়া ও পরিচর্যার জন্য। পাশাপাশি রবিবার আশকোনা থেকে আরও ৫ জন সিএমএইচ এ নেওয়া হয়েছে। তবে তারা কেউ অসুস্থ নয়। দুই নারীর সঙ্গে এক বছরের কম বয়সি ৩টি শিশু থাকায় তাদের অধিকতর সর্তকতার জন্য হাসাপাতালে রাখা হয়েছে। সেই দিক থেকে ৮জন চিকিৎসাধীন থাকলেও মোট ১৫ জনকে হাসপাতালে রাখা হয়েছে।

এদিকে আইইডিসিআর থেকে জানানো হয়েছে, করোনাভাইরাস সংক্রান্ত পরিস্থিতি মোকাবেলার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল ও কুয়েত বাংলাদেশ মৈত্রি সরকারি হাসপাতাল সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আমরা বহু চিন্তা করেও হাজি ক্যাম্পের এখন থাকা ২৯৭জনকে অন্য কোথাও সরানোর মত উপযুক্ত আবাসন পাচ্ছি না। তাদেরকে হাসপাতালে নিয়ে রাখাও যুক্তিযুক্ত নয় নানা কারণে।
শনিবার মোট ৩১২ জনকে চীন থেকে দেশে ফিরিয়ে আনে সরকার। তাদের মধ্যে ওই দিনই ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়। আর গতকাল পাঠানো হয় আরও ৫ জনকে।

গ্রাফিক নভেল ‘মুজিব’-এর সপ্তম খণ্ডের মোড়ক উন্মোচন

0

গ্রাফিক নভেল ‘মুজিব’-এর সপ্তম খণ্ডের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার অমর একুশে বইমেলা উদ্বোধনের পর সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) স্টলে গিয়ে এই মোড়ক উন্মোচন করেন তিনি।

প্রধানমন্ত্রীর হাতে গ্রাফিক নভেল ‘মুজিব’র সপ্তমখণ্ড তুলে দেন সিআরআই ট্রাস্টি ও গ্রাফিক নভেল ‘মুজিব’র প্রকাশক রাদওয়ান মুজিব সিদ্দিক।

বইটি হাতে নিয়েই প্রধানমন্ত্রী বলেন, ‘এইটা ত সেই বই, তাই না।’

প্রধানমন্ত্রীর এই উক্তির কারণ বইটির সম্পাদনায় সরাসরি অংশগ্রহণ ছিলো তার। শিশু-কিশোরদের জন্য তৈরি গ্রাফিক নভেল মুজিবের সপ্তম খণ্ডে উঠে আসে তৎকালীন দুর্ভিক্ষের চিত্র। আর সেখানে মানুষগুলোর অবয়ব পরিবর্তন করে রুগ্ন ও শীর্ণ করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেমনটা দুর্ভিক্ষের সময় ছিলো। শুধু তাই নয় বইটির সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ভুলগুলো খুঁজে বের করে তা ঠিক করে দেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর দৌহিত্র এবং তাঁর বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এক সেট ‘মুজিব’ গ্রাফিক নভেল তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। এ সময় উপস্থিত অধ্যাপক আনিসুজ্জামানসহ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিদের হাতে এক সেট করে বই তুলে দেয়া হয়।

মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন সিআরআই এর নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস, বইটির সম্পাদক শিবু কুমার শীল, কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময় সহ সিআরআই এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এর আগে প্রথম পর্বে খেলাধুলা, পড়াশোনা, ডাক্তারের কাছ থেকে পালানো, প্রথমবারের মতো কারাবরণের মতো বিভিন্ন কৌতূহলোদ্দীপক কাজের পাশাপাশি দেশের প্রতি তরুণ বয়স থেকেই নিজের বিশ্বাসের পক্ষে দৃঢ় অবস্থান নিতে দেখা যায় কিশোর শেখ মুজিবকে।

দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধুর রাজনীতির হাতেখড়ির পাশাপাশি তাঁর প্রেরণা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠার বিষয়টি জানা যায়।

মুজিব-৩ এ বঙ্গবন্ধুর স্কুল ও কলেজের শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, দুর্ভিক্ষের সময় মানবিক ভূমিকার বিষয় উঠে আসে।

‘মুজিব-৪’ এ অল ইন্ডিয়া মুসলিম লীগ সম্মেলন শেষে তরুণ শেখ মুজিবের দিল্লির বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ ও ১৯৪৪ সালে ছাত্রলীগের সম্মেলনে তাঁর ভূমিকার বিষয়টি উঠে এসেছে।

‘মুজিব-৫’ এ ১৯৪৫ সালে অত্যন্ত জনপ্রিয় হওয়া সত্যেও শেখ মুজিবুর রহমানকে কিভাবে ছাত্রলীগের পদ থেকে বঞ্চিত করা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং যুদ্ধকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী মহলের কালোবাজারি এবং দেশের কিছু এমএলএ এবং খান বাহাদুরদের স্বার্থের টানাপোড়েনের কারণে ব্রিটিশ গভর্নরের কাছে ক্ষমতা চলে যাওয়ার কথা বর্ণনা করা হয়। এ সবকিছু দারুণভাবে নাড়া দেয় তরুণ শেখ মুজিবকে।

‘মুজিব-৬’ পর্বে খাজা নাজিমুদ্দিনের নানা কূটকৌশলের বিপরীতে বঙ্গবন্ধুর অবস্থান তুলে ধরা হয়।

ভারতের মতো নেপাল-ভুটানও পণ্য পরিবহন সুবিধা পাবে

0

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর হতে প্রতিবেশী রাষ্ট্র সমূহের সঙ্গে আন্তঃসংযোগ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে। ফলে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের মাধ্যমে ভারতকে সড়ক ও রেলপথে পণ্য পরিবহনের সুবিধা প্রদানে সম্মত হয়েছে বাংলাদেশ। একই রকম সুবিধা প্রতিবেশী রাষ্ট্র নেপাল ও ভুটানকে প্রদানেও বাংলাদেশ সম্মত আছে।

আজ রবিবার রাতে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সরকারদলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী আরো জানান, নেপাল ও ভুটানকে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে দিতেও বাংলাদেশ সম্মতি প্রকাশ করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য রাষ্ট্র পর্যন্ত বিস্তৃত করার ব্যাপারে কার্যক্রম চলছে। এটি এ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করতে পারে।

মন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যিক ও ক‚টনৈতিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে সরকার গত ১০ বছরে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে এ সকল উদ্যোগ গ্রহণের ফলে ভারত-নেপাল-ভুটানসহ প্রতিবেশী দেশ সমূহের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। ফলে গত বছরে ভারতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ প্রথমবারের মতো এক বিলিয়ন ডলারের সীমারেখা অতিক্রম করেছে। এ ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

সরকারি দলের আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করার করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

তিনি আরো জানান, বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক ও রাজনৈতিক গুরুত্বের প্রেক্ষাপটে, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি আরো সমুন্নত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই ধারাবাহিকতায় ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিদেশে বাংলাদেশের পূর্ণাঙ্গ দূতাবাসের সংখ্যা ৪৬ থেকে ৫৯ এ উন্নীত করছে।

একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রতিবেশি দেশগুলোর সাথে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভারতের সাথে আন্তর্জাতিক নদী সমূহের অভিন্ন পানি বণ্টন চুক্তি বিশেষকরে তিস্তা চুক্তি বাস্তবায়ন ও সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সীমান্তে হত্যা বন্ধ, বাণিজ্য ঘাটতি দূর, সড়ক ও নৌপথ যোগাযোগ আরো সহজতর করাসহ অন্যান্য সকল ইস্যুতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়, মিয়ানমারের সাথে রোহিঙ্গা সমস্যা সমাধান, বঙ্গোপসাগরের মহীসোপানে অধিকার প্রতিষ্ঠা, এশিয়ান হাইওয়েতে সংযুক্তির মাধ্যমে সড়ক যোগাযোগ বৃদ্ধি এবং নেপাল ও ভূটানের সাথে অভিন্ন পানি ও জ্বালানী নিরাপত্তা জোরদকার করা হচ্ছে।