Home Blog Page 3182

ইভিএম ত্রুটিতে ফল প্রকাশে দেরি : রিটার্নিং কর্মকর্তা

0

সিটি করপোরেশন নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ফলাফল দ্রুত হয়ওয়ার কথা থাকলেও যান্ত্রিক ক্রুটির কারণে ফলাফল দিতে দেরি হয়েছে বলেছেন ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

আজ রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইটিআই ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফলাফল প্রকাশের কেন্দ্র স্থাপন করেছিলাম। সেখানে আমাদের সব ব্যবস্থা ছিল। কিন্তু ভোট পিছিয়ে যাওয়ায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসতে হয়েছে। এখানে নেটওয়ার্ক সিস্টেমটা বোধ হয় ভালো ছিল না। এ ছাড়াও ট্যাবেও একটু সমস্যা ছিল।

তিনি আরো বলেন, ইভিএমে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রে ফল প্রকাশ করা হয়েছে। কিন্তু আমাদের এখানে আসতে একটু সময় লেগেছে, যেহেতু এলাকা অনেক বড়। এসব কারণে চূড়ান্ত ফল প্রকাশে একটু বিলম্ব হয়েছে। ইভিএমে সমস্যা নেই। নেটওয়ার্কের সমস্যা, যান্ত্রিক সমস্যার কারণেই ফল প্রকাশে বিলম্ব হয়েছে।

এ সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডগুলোর নির্বাচিত কাউন্সিলরদের নাম ঘোষণা করেন তিনি।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

0

ভাষার মাসে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করলেন দেশের ১০ কবি ও সাহিত্যিক। আজ রবিবার বিকেলে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২০’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এবার কবিতায় মাকিদ হায়দার, কথাসাহিত্যে ওয়াসি আহমেদ, প্রবন্ধ ও গবেষণায় স্বরোচিষ সরকার, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে রফিকুল ইসলাম বীর উত্তম, অনুবাদে খায়রুল আলম সবুজ, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণে ফারুক মঈনউদ্দীন, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে নাদিরা মজুমদার, নাটকে রতন সিদ্দিকী, শিশুসাহিত্যে রহীম শাহ এবং ফোকলোরে সাইমন জাকারিয়াকে পুরস্কৃত করা হয়।

বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারের আর্থিক মূল্য ২ লাখ টাকা। এ ছাড়া পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ক্রেস্ট ও সনদ দিয়ে সম্মানিত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সভাপতি আরিফ হোসেন ছোটন। স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী।

সব নির্বাচনে সহিংসতা হয়, এবার হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

0

ঢাকা সিটি নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সব নির্বাচনে সহিংসতা হয়। এবার সেটি হয়নি। সুষ্ঠু সুন্দর পরিবেশে এবং কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই মানুষ ভোট দিতে পেরেছে। তবে আজকের হরতালের প্রসঙ্গে এসএসসি পরীক্ষা একদিন আগে হরতাল দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

হরতাল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএপির হরতালে কোথাও কোনো প্রভাব পড়েনি। সব কিছু স্বাভাবিকভাবে চলছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিএনপির হঠকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। কাল (সোমবার) এসএসসি পরীক্ষা। এর একদিন আগে হরতাল দেওয়া ঠিক হয়নি।

গতকালের ভোটে ভোটার উপস্থিতি কম প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় নির্বাচনে পার্সেন্টেজ কম থাকে। অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। ঢাকায় মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা বাসা বদল করে। অনেক সময় এক জায়গা থেকে চলে গেলে আর ভোট দিতে আসে না। তবে বিষয়টি নিয়ে দল আরও বিশ্লেষণ করবে বলে জানান তিনি।

যানবাহনের অভাবে সবাই ভোট দিতে পারেনি : নাসিম

0

যানবাহন না থাকায় সবাই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন বলে জনগণের আগ্রহ কম ছিল।

আজ রবিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভায় নির্বাচন নিয়ে আলোচনা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নতুন মেয়ররা খুবই যোগ্য। তাদের ইশতেহার বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ সহায়তা করবে। বিএনপির নেতারা অনেক হুংকার আর আওয়াজ দিলেও তাদের মাঠে পাওয়া যায়নি। তারা হুংকার দিলেও সময়মতো তাদের খুঁজে পাওয়া যায় না।

তিনি বলেন, আমরা বিস্মিত হয়েছি, ভোটের লড়াইয়ে ডাকসাইটে নেতাদের মাঠে পাওয়া যায়নি। বিএনপির দুই প্রার্থী একাই লড়ে গেছেন। বিএনপি মাসজুড়ে ইভিএম বিরোধী প্রচারণা চালানোয় জনগণ বিভ্রান্ত হয়েছেন।

এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠিনক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, অ্যাডভোকেট আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পাদক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

‘নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, উঁকি দেওয়াটা বড় বিষয় নয়’

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, দুই সিটি করপোরেশন নির্বাচনের দিন ভোটের গোপন কক্ষে কোনো স্থানে কারও কারও উঁকি দেওয়ার বিষয়টি গণমাধ্যমে এসেছে। তবে যেখান শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, সেখানে উঁকি দেওয়াটা বড় বিষয় নয়। কোনো ধরনের কেন্দ্র দখল বা হাঙ্গামা ঘটেনি, লোকক্ষয় হয়নি এটা বড় বিষয়।

আজ রবিবার সচিবালয়ে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

হাছান মাহমুদ বলেন, আমি দেখেছি কয়েকটি কাগজে লিখেছে যে গোপন কক্ষে উঁকি দেওয়া হয়েছে। এতবড় একটি নির্বাচন, প্রায় আড়াই হাজার ভোটকেন্দ্র, ১৩ হাজারের বেশি বুথ। এখানে কয়েকটি গোপন কক্ষে কে উঁকি দিয়েছে এটি বড় বিষয়, নাকি এতবড় একটি কর্মযজ্ঞ এত ভোটার, কোনো গণ্ডগোল হয়নি, কোনো মারপিটের ঘটনা ঘটেনি, কেন্দ্র দখলের ঘটনা ঘটেনি, এটি মূল বিষয়?

তথ্যমন্ত্রী বলেন, আমি মনে করি অতীতের যদি তাকাই সেই হিসেবে উঁকি দেওয়া বড় বিষয় নয়, কেউ কেউ এই উঁকি দেওয়াকে বড় বিষয় হিসেবে দেখানোর অপচেষ্টা চালাচ্ছেন, যা অনভিপ্রেত ও দুঃখজনক। আমি মনে করি সমস্ত বিচারে গতকালকে ঢাকা শহরের ইতিহাসে অত্যন্ত ভালো নির্বাচন হয়েছে। এজন্য সবাই প্রশংসার দাবি রাখে।

তিনি বলেন, আমাদের দেশে যারা ভোট দেওয়ার জন্য যোগ্য, তাদের ৯৯ দশমিক ৮ শতাংশ মানুষ ভোটার হয়, কিংবা এরও বেশি। যুক্তরাষ্ট্রে যারা ভোট দেওয়ার জন্য যোগ্য, তাদের মধ্যে মাত্র ৬০ শতাংশ ভোটার হয়। সেই ৬০ শতাংশের মধ্যে ৪০ থেকে ৫০ শতাংশ ভোট পড়ে। কোনো নির্বাচনে ৪০ শতাংশ, যখন খুব ভালো ভোট হয় তখন ৫০ শতাংশ ভোট পড়ে।

তিনি বলেন, এখন বিএনপি করতে পারেনি কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয় অনেক ক্ষেত্রে করতে পারেনি, এটি তাদের সাংগঠনিক দুর্বলতা বলেও উল্লেখ করেন তিনি।

বসল পদ্মা সেতুর ২৩তম স্প্যান

0

পদ্মা সেতুর ২৩তম স্প্যান (সুপার স্ট্রাকচার) সফলভাবে বসানো হয়েছে। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের ৩১ ও ৩২ নম্বর খুঁটির ওপর বসানো হয়েছে ‘৬-এ’ নম্বর স্প্যানটি। এর মধ্য দিয়ে সেতুর ৩ হাজার ৪৫০ মিটার দৃশ্যমান হলো।

গত শুক্রবার (৩১ জানুয়ারি) এ স্প্যানটি পিলারের ওপর বসানোর কথা থাকলেও আবহাওয়া অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি। এদিকে, আরো একটি পিলার বা খুঁটির কাজ শেষ করা হয়েছে। এ নিয়ে ৩৭টি পিলারের কাজ শেষ হলো। বাকি পাঁচটি পিলার এপ্রিলের মধ্যেই শেষ করা হবে। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো হবে। যার ২২টি ইতিমধ্যে বসে গেছে। আজ ২৩তম স্প্যান বসানোর পর আগামী জুলাইয়ের মধ্যে সব কটি স্প্যান পিলারের ওপর বসানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, গত শুক্রবার পদ্মা সেতুর ২৩তম স্প্যান বসানোর কথা ছিল। কিন্তু ওই দিন সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে স্প্যান বসানো সম্ভব ছিল না। আজ রবিবার আবহাওয়া অনুকূলে থাকায় জাজিরা প্রান্তে উঠেছে ২৩তম স্প্যানটি। প্রতি মাসেই তিনটি স্প্যান বসানোর কথা থাকলেও জানুয়ারিতে স্প্যান উঠেছে দুটি। তবে ফেব্রুয়ারিতে এর সংখ্যা বাড়বে।

পদ্মা সেতুর খুঁটির ওপর যে স্প্যানগুলো বসানো হয়েছে, সে স্প্যানের নিচের অংশে এরইমধ্যে এক কিলোমিটারের মতো রেলস্ল্যাব বসে গেছে। আর স্প্যানের ওপর প্রায় ৪০০ মিটার রোডওয়ে স্ল্যাব বা রাস্তার কাজ শেষ হয়েছে। এ পর্যন্ত মূল সেতুর কাজ হয়েছে ৮৫.০৫ শতাংশ। সার্বিক অগ্রগতি ৭৬ শতাংশ।

আব্দুল কাদের আরো জানান, করোনাভাইরাসের কারণে পদ্মা সেতুর নির্মাণে কিছুটা প্রভাব পড়েছে। কারণ পদ্মা সেতুতে প্রায় এক হাজার ১০০ চীনা নাগরিক কর্মরত। এঁদের মধ্যে চীনা নববর্ষ উপলক্ষে প্রায় ২০০ নাগরিক ছুটিতে গিয়ে করোনাভাইরাসের কারণে চীনে আটকা পড়েছেন।

আব্দুল কাদের বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আমরা আতঙ্কিত নই। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

0

ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিবেশ রক্ষা, জলাধার রক্ষা, গাছ লাগানোসহ দেশের উন্নয়নে আপনারা কাজ করবেন। বিশ্ব এগিয়ে যাচ্ছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। এ জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার কর্মসূচি ঘোষণা করেছি।

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইডিইবির ২৩তম জাতীয় সম্মেলন উপলক্ষে স্কিলস রেডিনেস ফর অ্যাচিভিং এসডিজি এবং এডপ্টিং আইআর ৪.০ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি দেশকে গড়ে তুলতে হলে দক্ষমানব শক্তির সবচেয়ে বেশি প্রয়োজন। বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। শুধু দেশের জন্য নয়, যারা বিদেশে কাজ করবেন তাদেরও দক্ষ হয়ে যেতে হবে। তাহলে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা থেকে শুরু করে সারাদেশে তৃণমূল পর্যায়ে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা। স্বাধীনতার পরে কালভার্ট, ব্রিজ ও স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত একটা বাংলাদেশকে গড়ে তোলার জন্য সবকিছুতেই ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান রয়েছে। ১৯৫৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাণিজ্যমন্ত্রী ছিলেন তখন তিনি তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করেন।

প্রধানমন্ত্রী বলেন, একসময় বাংলাদেশের কথা বললে ভিক্ষার ঝুলির কথা বলা হতো। সেই বাংলাদেশ আর নেই। গত ১০ বছরে বাংলাদেশের পরিবর্তন করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ এখন বিশ্বের সামনে উন্নয়নের রোল মডেল। এ বাংলাদেশ আগের বাংলাদেশ নয়। আমাদের একটি লক্ষ্য আছে, সেটি পূরণ করতে চাই। ২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাবে। সেই পর্যন্ত আমাদের এখনকার পরিস্থিতি ধরে রাখতে হবে।

ডিপ্লোমা প্রকৌশলীরা দাবিগুলো যথাযথভাবে জানানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাজেটের আগে যদি ইনক্রিমেন্টসহ দাবি সামনে আনা যায় তা হলে কিছু একটা সমাধানের ব্যবস্থা হয়।

বঙ্গবন্ধুর জন্মশতর্বষ পালনের নানা কর্মসূচির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যখন উদযাপন করবেন তখন সবচেয়ে বড় কর্মসূচি হবে পরিবেশ প্রতিবেশ রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া। ব্যাপকহারে বৃক্ষরোপণ করুন। আপনারা সারাদেশে কাজ করেন সেটা লক্ষ্য করতে হবে। আমরা ১০০ অর্থনৈতিক অঞ্চল গড়ছি যাতে করে কৃষিজমি ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের দেশে বিশাল সংখ্যক জনগোষ্ঠী বাস করে। খাদ্য উৎপাদনের পাশাপাশি বসবাসের ব্যবস্থা করতে হবে। আমরা চাই একটি মানুষও যেন গৃহহীন না থাকে। বাংলাদেশে প্রতিটি গৃহহীন মানুষ বসবাসের উপযোগী একটি ঘর পাবে মুজিববর্ষে সেটি আমাদের লক্ষ্য। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। মানুষের মৌলিক চাহিদা একে একে পূরণ করছি। আপনাদের কর্মক্ষেত্রের পরিবেশ রক্ষা উন্নয়ন যেন ভালোভাবে হয় সেটি লক্ষ্য করবেন। অর্থনৈতিক অঞ্চল হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজের ক্ষেত্র বাড়বে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ একটা ব-দ্বীপ। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এ দেশকে এগিয়ে নিতে আমরা ডেল্টা প্লান ২১০০ প্রণয়ন করেছি। ইতোমধ্যে অনেকের কর্মসংস্থান সৃষ্টি করেছি। প্রজন্ম থেকে প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা করে যাচ্ছি। আর এর জন্য সব চেয়ে বেশি দরকার হবে দক্ষ জনগোষ্ঠী সৃষ্টি করা।

তিনি বলেন, আমরা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছি। একটি দেশকে গড়ে তুলতে হলে দক্ষ জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক বিশ্বে দেশের মানুষ যেন সমান তালে এগিয়ে যেতে পারে তার চেষ্টা করছি।

২০২১ থেকে ২০৪১ সাল পর্যন্ত বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, পরিকল্পনা করে কাজ করছি। ২০২১ সাল থেকে ২০৪১ সালের বাংলাদেশ কেমন হবে তার পরিকল্পনা বস্তবায়নে কাজ করছি। এ মুজিববর্ষেই প্রতিটি মানুষের বসবাস উপযোগী ঘরের ব্যবস্থা করা হবে। একটি মানুষও গৃহহীন থাকবে না। প্রতিটি মানুষই ঘর পাবে। জাতির পিতা এটি শুরু করেছিলেন। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে যাচ্ছি। মানুষের মৌলিক অধিকার একে একে পূরণ করে যাচ্ছি।

শেখ হাসিনা বলেন, জিডিপি উন্নিত করেছি। আমাদের একটা লক্ষ্য আছে আমরা সেই লক্ষ্য পূরণ করতে চাই। আজকে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি। আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। আমরা স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমরা বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় উন্নত ও সমৃদ্ধশীল দেশে রূপান্তর করব।

এ সময় দুই সিটির নির্বাচনের প্রসঙ্গে টেনে তিনি বলেন, ঢাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা। যারা নৌকায় ভোট দিয়ে উত্তর ও দক্ষিণের মেয়রদের জয়যুক্ত করেছেন তাদের ধন্যবাদ অভিনন্দন ও কৃতজ্ঞতা।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালোরাতে হত্যাকা-ের শিকার জাতির পিতা এবং তার পরিবারের নিহত সদস্যবৃন্দ, শহীদ চার নেতা, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শহীদ এবং ১৯৫২ সালে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। মূল বক্তব্য উপস্থাপন করেন আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।

ঢাকার দায়িত্ব আওয়ামী লীগের হাতেই

0

আবারও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র নির্বাচিত হয়েছেন আতিকুল ইসলাম। আর দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র নির্বাচিত হয়েছেন ফজলে নূর তাপস। ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থনে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে দুই সিটির নগরপিতার দায়িত্ব পেয়েছেন আতিকুল-তাপস।

শনিবার (১ ফেব্রুয়ারি) ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে ভোটগ্রহণের পর ফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, ডিএনসিসিতে নৌকা প্রতীকে আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট। ডিএসসিসিতে নৌকা প্রতীকে তাপস পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

ইভিএম বিভ্রাট, সাংবাদিক মারধর, কোথাও কোথাও সংঘর্ষ, বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগসহ নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকার দু’সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। শনিবার সকাল ৮টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা টানা বিকেল ৪টা পর্যন্ত চলে। বিএনপি নির্বাচনের ফলাফল প্রত্যক্ষান করে আজ ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে ডিএসসিসির ফলাফল ঘোষণা শুরু হয় সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি মিলনায়তনে। ঘোষণা করেন ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেন। অন্যদিকে ডিএনসিসির ফলাফল ঘোষণা শুরু হয় শেরেবাংলা নগরের কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তন থেকে। ঘোষণা করেন ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

দু’সিটিতে ভোটারদের উপস্থিতি কম ছিল। সকালে শীত থাকায় ধারণা করা হয়েছিল দুপুরের দিকে ভোটার উপস্থিতি বাড়বে। কিন্তু দুপুর গড়িয়ে বিকেলেও ভোটার উপস্থিতি কাঙ্খিত মাত্রায় লক্ষ্য করা যায়নি। এ নিয়ে খোদ প্রার্থীরাও বিস্ময় প্রকাশ করেছেন। ক্ষমতাসীন দলের মেয়রপ্রার্থীদের মুখেও ভোটার উপস্থিতি কম থাকা নিয়ে অসন্তোষ প্রকাশ পেয়েছে।

আনিসুল হকের প্রয়াণের পর ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচনে জয় লাভ করে ৯ মাসের মতো দায়িত্ব পালন করেন আতিকুল ইসলাম। এবারের নির্বাচনের আগের প্রচারণায় আতিকুল ওই নয় মাসকে তার অভিজ্ঞতা-অর্জনের সময়কাল বলে উল্লেখ করেন এবং এ অভিজ্ঞতায় ঢাকা সাজাবেন বলে অঙ্গীকার দেন নগরবাসীকে।

তার আগে বিকেলে গ্রিন রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ফজলে নূর তাপস বলেন, ‘আমরা উন্নত ঢাকা গড়ার যে রূপরেখা দিয়েছি সেটা ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে।’

সকাল ৮টায় দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচন কমিশনের অনুমোদিত যানবাহনের বাইরে যানচলাচলে নিষেধাজ্ঞা থাকায় ভোটের সময় ঢাকার চিত্র পাল্টে যায়। চিরচেনা যানজট কিংবা মানুষের ভিড় ছিল না। রাস্তা ছিল পুরো ফাঁকা।

বেলা ১১টার দিকে উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজে ভোট দিতে গেলে আঙুলের ছাপ মেলেনি সিইসির। পরে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে নিজের ভোট দেন তিনি।

দু’সিটি করপোরেশন নির্বাচনে ৩০ শতাংশের কম ভোট পড়েছে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। শনিবার রাতে নির্বাচন কমিশনারদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দু’সিটির ভোট ভালো হয়েছে দাবি করে তিনি বলেন, পার্সেন্টেজের খবর আমি জানি না তবে ৩০ শতাংশ হতে পারে।

এদিকে, ঢাকার দু’সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে আজ রাজধানীতে হরতাল ডেকেছে বিএনপি। শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

এর আগে নয়া পল্টনে বিএনপি কার্যালয় এলাকায় আওয়ামী লীগের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এরপর হরতালের ডাক দেয় বিএনপি। এর আগে ভোটগ্রহণ শেষ হলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, ঢাকা সিটি ভোটে একটি তামাশার নির্বাচন হয়েছে।

বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, সিটি নির্বাচন শুরুই হয়েছে বড় রকমের আচরণবিধি লঙ্ঘনের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে নিজে ভোট দিয়ে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। এটা সরাসরি নিবাচনে হস্তক্ষেপের শামিল। কোনোক্রমেই তার বক্তব্য নির্বাচন আচরণবিধির মধ্যে পড়ে না।

ফখরুল অভিযোগ করেন, ‘অনেক ভোটকেন্দ্রে নানান রকম অনিয়ম হলেও সরকারি বাহিনী কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। কোনো কোনো কেন্দ্রে ইভিএমে ধানের শীষের প্রতীক ছিল না। ফলে অনেক ভোটার ধানের শীষে ভোট দিতে পারেনি। অনেকে ভোটকেন্দ্র থেকে ভোটারদের ভোট না দিতে দিয়ে বের করে দেয়া হয়েছে’।

পরে রাত সোয়া ৮টার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এর প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে’।

ধানের শীষের প্রার্থীর পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে বলে বিএনপি যে অভিযোগ করেছে; তাকে মিথ্যাচার বললেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ বলেছেন, এবারের নির্বাচন শত বছরের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন।

আওয়ামী লীগ ও বিএনপির বাইরে ঢাকার দুই সিটিতে মেয়র পদে আরও ১১ জন প্রার্থী হন। এর মধ্যে ডিএনসিসিতে ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি সমর্থিত প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেল, ইসলামী আন্দোলনের শেখ ফজলে বারী মাসউদ, এনপিপির আনিসুর রহমান দেওয়ান ও পিডিপির শাহীন খান। আর ডিএসসিসিতে ছিলেন জাতীয় পার্টি সমর্থিত হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, এনপিপির বাহারানে সুলতান বাহার, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেস সমর্থিত আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ।

রাজীবের মৃত্যু : দুই বাসচালকের বিরুদ্ধে চার্জশিট

0

কারওয়ান বাজারে দুই বাসের রেষারেষিতে তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীব হোসেনের মৃত্যুর মামলায় দুই বাস চালকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

আজ রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইলিয়াস মিয়ার আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই ইদ্রিস আলী।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- বিআরটিসি বাসের চালক ওয়াহিদ ও স্বজন বাসের চালক খোরশেদ।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ এপ্রিল দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সার্ক ফোয়ারার কাছে বিআরটিসির একটি দ্বিতল বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন। হোটেল সোনারগাঁওয়ের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে পৌঁছলে হঠাৎ পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসটি ঘেঁষে অতিক্রম করে। এ সময় দুই বাসের প্রবল চাপে গাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা রাজীবের ডান হাত কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এতে তার মাথাতেও প্রচণ্ড আঘাত লাগে।

দুর্ঘটনার পর তাকে প্রথমে শমরিতা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১০ এপ্রিল ভোর পৌনে ৪টায় অজ্ঞান হয়ে পড়েন রাজীব। এর পর ওইদিন সকাল ৮টায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে ১৭ এপ্রিল মারা যান তিনি।

মৃত্যুর আগে ২০১৮ সালের ৩ এপ্রিল বাদী হয়ে শাহবাগ থানায় পেনাল কোডের ২৭৯/৩৩৮-এর ‘ক’ ধারায় মামলা করেন রাজীব (মামলা নম্বর ১১(৪)১৮)। ২৭৯ ধারার সর্বোচ্চ শাস্তি তিন বছর ও ৩৩৮ ধারার সর্বোচ্চ শাস্তি দুই বছরের জেল। মামলার পরই বিআরটিসি বাসচালক ওয়াহিদ ও স্বজন পরিবহনের বাসচালক মো. খোরশেদকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা জামিনে রয়েছেন।

রাজীবের মৃত্যুর পর বেপরোয়া যান চালিয়ে হত্যার অভিযোগের একটি ধারা ওই মামলায় যুক্ত করার আবেদন করে শাহবাগ থানা পুলিশ।

করোনাভাইরাস : চীনে মৃতের সংখ্যা ৩০০ ছাড়ালো

0

নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা তিনশ ছাড়িয়েছে। এখন পর্যন্ত ৩০৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। ২৭টি দেশে এই ভাইরাসে ১৪ হাজার ৫শ ৫১ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, চীন ভ্রমণে নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপান। এছাড়া অনেক দেশই এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন থেকে আগতদের ওপর অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিচ্ছে। নিউ ইয়র্কে এক ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন কীনা তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।

অপরদিকে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে প্রথমবারের মতো একজনের করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। প্রথমবারের মতো স্পেনেও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

সম্প্রতি চীন সফর করেছেন এমন সব বিদেশি পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা এনেছে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। এর আগে রাশিয়া, জাপান, পাকিস্তান এবং ইতালিও একই ধরনের নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। তবে এ ধরনের নিষেধাজ্ঞার বিরোধিতা করছেন বিশ্ব স্বাস্থ্য কর্মকর্তারা। গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২৭টির মতো দেশে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।

করোনাভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণ কী?

এ ভাইরাসে আক্রান্ত হলে শুরুতে জ্বর ও শুষ্ক কাশি হতে পারে। এর সপ্তাহখানেক পর শ্বাসকষ্টও দেখা দেয়। অনেক সময় নিউমোনিয়াও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে রোগীর অবস্থা বেশি খারাপ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা লাগে। তবে এসব লক্ষণ মূলত রোগীরা হাসপাতালে ভর্তি হওয়ার পরই জানা গেছে।

সেক্ষেত্রে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার একদম প্রাথমিক লক্ষণ কী বা আদৌ তা বোঝা যায় কি-না তা এখনও অজানা। তবে নতুন এই করোনাভাইরাস যথেষ্ট বিপজ্জনক। সাধারণ ঠান্ডা-জ্বরের লক্ষণ থেকে এটি মৃত্যুর দুয়ার পর্যন্তও নিয়ে যেতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের নাম দিয়েছে ২০১৯ নভেল করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা সবাই চীনের নাগরিক। অপরদিকে যারা মারা গেছেন তাদের মধ্যে ২৯৪ জনই হুবেই প্রদেশের বাসিন্দা। শুধুমাত্র শনিবারই হুবেই প্রদেশে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে।

অপরদিকে, চীনে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও দুই হাজার ৫৯০ জন। শুধুমাত্র চীনেই এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩৮০। অপরদিকে চীনের বাইরে প্রায় ১শ জনের এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।