Home Blog Page 3185

সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

0

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে রাজধানীজুড়ে সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ভোট নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগ নতুন কিছু নয় বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে রাজধানীজুড়ে সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি যেসব অভিযোগ করছে, তা নতুন নয়।

বিএনপির এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা এমন কথা সবসময়ই বলে আসছে। এটা নতুন কিছু নয়। বিগত দিনগুলোতেও তাদের এমন কথা বলতে শুনেছি। সব জায়গায় সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ইশরাক আর কূটনীতিকদের দুষল আওয়ামী লীগ

0

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য দক্ষিণে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন ও কূটনীতিকদের দায়ী করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের বক্তব্য তুলে ধরেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

ভোটার উপস্থিতি কম প্রসঙ্গে নানক বলেন, ‘বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন কয়েকদিন ধরে যেসব কথাবার্তা বলছেন তা দাঙ্গাবাজ, উস্কানিমূলক কথা। এছাড়া বিদেশি কূটনীতিকদের তৎপরতা আমরা দেখেছি সেটি তো আছেই, তারপর রয়েছে ভোটারদের অলসতা এবং শীতের বিষয়। সব মিলিয়ে ভোটারদের মধ্যে একটা দ্বিধা ছিল। এর একটা প্রভাব পড়েছে ভোটের ওপর। যার ফলে ভোটারদের উপস্থিতি কিছুটা কম মনে হচ্ছে।’

তবে অবস্থার পরিবর্তন হচ্ছে উল্লেখ করে নানক বলেন, এখন সেটা কেটে যাচ্ছে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটের পরিবেশ চমৎকার। ভালো মানুষ ভালোভাবেই ভোট দিচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী দীপু মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

একেবারে ৩ টেস্টের জন্য দল দেবে বিসিবি

0

চলতি মাসে ৩টি টেস্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে পাকিস্তান যাবে টাইগাররা। এরপর দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে একটি টেস্ট ম্যাচ এবং তারপরে আরেকটি টেস্ট ম্যাচ খেলতে আবারও পাকিস্তান যাবে মুমিনুল হকরা। এজন্য একেবারে তিন টেস্টের জন্য দল দেবে নির্বাচকরা। এমনটাই জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

এ ব্যাপারে গতকাল শুক্রবার গণমাধ্যমকে মিনহাজুল আবেদিন নান্নু বলেন, “আগামী (২ ফেব্রুয়ারী) রবিবার দল ঘোষণা করা হবে। যেহেতু পর পর তিনটি টেস্ট, এই কারণে আমরা তিন ম্যাচের জন্য ১৪ জনের দল দেব।”

পাকিস্তানের বিপক্ষে দল গঠন প্রসঙ্গে তিনি বলেন, “পাকিস্তানের কন্ডিশন বেশ কঠিন। আর পাকিস্তান দলে বেশ কিছু ভালো পেসার আছে। আমাদের কঠিন সংগ্রামে পড়তে হবে। আমাদের হাতে যে সমস্ত খেলোয়াড় ছিল, তাদের মধ্য থেকে সেরা দলই গঠন করার চেষ্টা করেছি।”

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা

0

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। আজ শনিবার সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করেন নির্বাচক ও কোচ মেসবাহ উল হক।

জানা গেছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে চলতি মাসে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। দ্বিতীয় টেস্ট খেলতে এপ্রিলে আবারো পাকিস্তানে যাবে তারা। এই টেস্ট সিরিজকে সামনে রেখে আজ শনিবার আজহার আলীর নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করে পিসিবি।

এদিকে ঘোষিত টেস্ট স্কোয়াডে রয়েছেন টি-টোয়েন্টি দলের মাত্র তিনজন ক্রিকেটার। অন্যদিকে সুযোগ পেয়েছেন সর্বশেষ শ্রীলঙ্কা সফরে না থাকা ফাহিম আশরাফ এবং নতুন মুখ বিলাল আসিফ।

পাকিস্তানের টেস্ট দল
আজহার আলি (অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, বাবর আজম, বিলাল আসিফ, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ইমাম উল হক, ইমরান খান (সিনিয়র), মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, ইয়াসির শাহ।

বিসিএলে ঝড়ো ফিফটি হাঁকিয়ে শতকের পথে তামিম

0

বিসিএলের প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ঝড়ো ফিফটি হাঁকিয়েছেন ইস্ট জোনের ওপেনার তামিম ইকবাল।

প্রথম ইনিংসে ২১৩ রান করে সেন্ট্রাল জোন। তাদের এ রানের জবাবে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমে আক্রমনাত্নক ব্যাটিং করতে থাকেন তামিম। পিনাক ঘোষের সাথে ৬২ রানের ওপেনিং জুটি গড়েন তিনি। যেখানে ১০.৩ ওভারেই আসে ৫০ রান। তামিমের ব্যাট থেকে আসে ২৫ বলে ৩১ রান। পরবর্তীতে ব্যক্তিগত ২৬ রান করে পিনাক ফিরে গেলেও নিজের মতোই ব্যাট চালাতে থাকেন তামিম।

এরপর কিছুটা ধীর গতিতে রান তুলতে থাকেন এই ওপেনার। অধিনায়ক মমিনুলের সাথে গড়েন দারুণ জুটি। ৭৬ বলে পূরণ করেন ব্যক্তিগত অর্ধশতক। এরপর নিজের ব্যক্তিগত রান বাড়িয়ে দলকে এগিয়ে নিয়ে যান তামিম।

মধ্যহ্নবিরতির আগ পর্যন্ত ইস্ট জোনের সংগ্রহ ১ উইকেটে ১২৬ রান। তামিম ৭২(৯৯)* ও মমিনুল ২৫(৫৬)* রানে অপরাজিত আছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জিতল শ্রীলঙ্কা

0

বড় কোনো বিপর্যয় ঘটেনি হারারেতে, তাই ড্র হয়েছে দ্বিতীয় টেস্ট। ৩৬১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা ৮৭ ওভারে ৩ উইকেটে ২০৪ রান করার পর ড্র মেনে নেয় দুই দল। ১১৬ রানে তখন অপরাজিত ছিলেন কুশল মেন্ডিস এবং ১৩ রানে ব্যাট করছিলেন দীনেশ চান্ডিমাল। এই ম্যাচ ড্র হলেও একই মাঠে সিরিজের প্রথম ম্যাচ জেতায় ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের উৎসব করছে শ্রীলঙ্কা।

আগের দিনের ৭ উইকেটে ২৪১ রান নিয়ে খেলতে নেমে স্কোরবোর্ডে মাত্র ৬ রান যোগ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন জয়ের স্বপ্নে বিভোর জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করা উইলিয়ামস এবার অপরাজিত থাকেন ৫৩ রানে। কিন্তু কার্যকর শতরানে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর উইলিয়ামসদের সে স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছেন কুশল মেন্ডিস। ১৩টি চার এবং ১ ছক্কায় ২৩৩ বলে হার না মানা ইনিংসটি খেলেছেন মেন্ডিস। সূত্র : ক্রিকইনফো

সাকিবকে অনুসরণ করেন ম্যাচ উইনার রাকিবুল

0

চলমান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ দল। আর এ জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের বাহাতি স্পিনার রকিবুল হাসান। এদিন একাই ৫ উইকেট তুলে নেন তিনি। এর পর থেকে প্রশংসায় ভাসছেন তরুণ এই স্পিনার। তিনি নাকি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে অনুসরণ করেন বলে জানা গেছে।

এ ব্যাপারে রাকিবুল হাসান বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান একজন কিংবদন্তি। আমি দেখার চেষ্টা করি তিনি কীভাবে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে কাবু করেন। তাই আমি তাঁকে অনুসরণ করি।’

এ ছাড়াও প্রোটিয়াদের বিপক্ষে সাফল্য নিয়ে তরুণ এই স্পিনার বলেন, ‘গত এক বছর আমি যে কঠোর পরিশ্রম করেছি, এরই ফল পেয়েছি এই ম্যাচে। এই সাফল্য ভবিষ্যতে আরো ভালো করতে আমাকে অনুপ্রাণিত করবে।’

ভোট নিতে দুই সমস্যা ভ্যাসলিন-টিস্যু দিয়ে আঙুলের ছাপ স্পষ্ট করার চেষ্টা

0

ভোট নিতে গিয়ে দুই ধরনের সমস্যায় পড়ছেন ভোট গ্রহণকারীরা। আঙ্গুলের ছাপ মেলাতে সমস্যা হচ্ছে অনেক ভোটারের। বিশেষ করে বৃদ্ধা এবং হাত দিয়ে পরিশ্রমের কাজ করতে হয় এমন ভোটারদের আঙুলের ছাপ সহজে মিলছে না। আঙুলের ছাপ স্পষ্ট করতে ব্যবহার করা হচ্ছে ভ্যাসলিন, সিল্কের কাপড় ও টিস্যু। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগেই এসব জিনিস সরবরাহ করা হয়েছে। অন্যদিকে অভ্যাস না থাকায় ঠিকমত ইভিএমে ভোট দিতে পারছেন না ভোটাররা।

আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে সরেজমিনে গিয়ে ৭টি ভোটকেন্দ্রের বেশিরভাগ বুথেই এ সমস্যা দেখা গেছে। আজিমপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোটার মো. শহিদ উল্লাহ। সরকারি এই কর্মচারি আজিপুর কলোনির পাম্পচালক। সকাল ১০টার দিকে ভোট দিতে আসেন কেন্দ্রে। কিন্তু কিছুতেই তার আঙ্গুলের ছাপ ইলেকট্রনিক ভোর্টি মেশিন (ইভিএম) গ্রহণ করছিল না। সহকারি প্রিজাইডিং অফিসারের টেবিলে থাকা সিল্কের কাপড় দিয়ে হাত মোছার পরামর্শ দেন। এতেও কাজ হয়নি। এরপর ছোট্ট একটি ভ্যাসলিন বক্স থেকে হাতের আঙুলে ভ্যাসলিন মেখে টিস্যু পেপার দিয়ে মুছতে বলেন, তাতেও আঙ্গুলের ছাপ মেলেনি।

এরপর সহকারি প্রিজাইডিং অফিসার তার জাতীয় পরিচয়পত্রের নম্বর ইভিএমে দেন। তখন শহিদ উল্লাহর ছবিসহ সকল তথ্য কম্পিউটারের মনিটরে ভেসে ওঠে। তথ্য ঠিক দেখালেও তার চার আঙুলের কোনোটিরই ছাপ ইভিএম মেশিন চিনতে পারেনি। এরপর প্রিজাইডিং অফিসার সিরাজুল ইসলামকে ডেকে সহকারি প্রিজাইডিং অফিসার এই সমস্যার সমাধান চান। প্রিজাইডিং অফিসার উপস্থিত প্রার্থী-এজেন্টদের শহিদ উল্লাহর তথ্য সঠিক আছে, তা নিশ্চিত করে নিজের ক্ষমতা প্রয়োগ করে ভোট দেওয়ার সুযোগ করে দেন।

এরপর শুরু হয় আরেক সমস্যা। শহিদ উল্লাহ আগে কখনো ইভিএমে ভোট দেননি। তাই গোপন বুথের ভেতরে গিয়ে কোনোভাবেই তার ভোট দিতে পারছিলেন না। বাইরে থেকে সহকারি প্রিজাইডিং অফিসার কীভাবে ভোট দিতে হবে তা বার বার বলে দিচ্ছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। এক পর্যায়ে আরেকজন পোলিং অফিসার এ ভোটারকে গোপন বুথের বাইরে ডেকে এনে একটি ডামি ইভিএম ভোটিং মেশিনে আবারো ভোটিং পদ্ধতি দেখান।

এ সময় ভোটারের চোখে-মুখে বিরক্তির ছাপ ফুট ওঠে। তারা বিরক্তি নিয়ে বলছিলেন, ‘আগেই তো ভালো আছিল, ছাপ মাইরা ভোট দিতাম, এখন কী এক ঝামেলা’। পোলিং অফিসার দেখিয়ে দেওয়ার পর শহিদ উল্লাহ তার ভোট দিতে সক্ষম হন। এই প্রক্রিয়াটি শেষ করতে প্রায় ১০ মিনিট সময় চলে যায়। এ সময় ভোটার উপস্থিতি তেমন না থাকায় কোনো ঝামেলা হয়নি।

ভোট শেষ যখন বের হন তখন শহিদউল্লার মুখে হাসি। প্রতিক্রিয়ায় জানালেন, এইটা তো সহজ কাজ। প্রথমে একটু ঝামেলা হইছিলো আরকি।

ঢাকা দক্ষিণ সিটির ২৬ নম্বর ওয়ার্ডের ৭টি কেন্দ্রের অন্তত ১২টি বুথ ঘুরে ১০টিতেই কিছু ভোটারের ফিঙ্গার প্রিন্ট না মেলার তথ্য জানা গেছে। সহকারি প্রিজাইডিং অফিসাররা বলেছেন, অনেক ক্ষেত্রে প্রথমে ফিঙ্গার প্রিন্ট দিলে কোনো তথ্যই আসছে না। তবে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিলে সহজেই কম্পিউটারে তথ্য প্রদর্শন করছে, এরপর ফিঙ্গারপ্রিন্ট দিলে ইভিএমে গ্রহণ হচ্ছে।

যাদের তথ্য ঠিক আছে কিন্তু কোনোভাবেই ফিঙ্গার প্রিন্ট ম্যাচ করছে না তাদের ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই প্রতিবেদকের পরিদর্শিত ৭টির মধ্যে ৫টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা হয়েছে। তারা মূলত দুইটি সমস্যার কথা বলেছেন, প্রথম ফিঙ্গার প্রিন্ট মিলছে না, দ্বিতীয়ত ভোটারকে ভোট দেওয়া বার বার শিখিয়ে দিতে হচ্ছে।

আজিমপুর লিটল এঞ্জেলস স্কুলের একটি বুথের পোলিং অফিসার বলেন, সকাল থেকে বোঝানো শুরু হয়েছে, কতবার যে বলতে হয়, তারপরও মানুষ সহজে বুঝতে চায় না। কিন্তু ভোট দেওয়ার পর বলে এইটা তো সহজ জিনিস। আজিমপুর অগ্রণী স্কুলের একটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বলেন, ইভিএমে সবাই নতুন ভোটার, প্রথম দিকে এমন একটু সমস্যা হতেই পারে, পরের ভোটে হয়তো এমন সমস্যা হবে না।

সাংবাদিকদের ওপর হামলা: ব্যবস্থার আশ্বাস আইজিপির

0

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনকালে এ আশ্বাস দেন আইজিপি।

আইজিপি বলেন, সাংবাদিকের ওপর হামলার এমন কোনো ঘটনা আমি এখনো জানি না। তবে ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে সংশ্লিষ্টদের বিষয়টি তদন্তের নির্দেশ দিচ্ছি। যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে আইজিপি বলেন, আমি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি, তবে এমন চিত্র চোখে পড়েনি। যারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন, ভোট দিয়ে বের হচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। সবাই যার যার ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছেন। তবে কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর মোহাম্মদপুর, নিকুঞ্জ, মাদারটেকসহ বিভিন্ন কেন্দ্রে বেশ কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে এসব হামলার ঘটনা ঘটেছে।

হামলার শিকার সাংবাদিকরা হলেন শেখ হাসান, মোস্তাফিজুর রহমান সুমন ও জিহাদ ইকবাল। শেখ হাসান কালের কণ্ঠ’র প্রধান আলোকচিত্রী, সুমন আগাম‌ী নিউজ টোয়েন্টিফোর ডটকম নামের একটি অনলাইন পোর্টা‌লে কর্মরত, আর জিহাদ ইকবাল বার্তা সংস্থা পিবিএ-এর বিশেষ প্রতিনিধি।

করোনাভাইরাস : চীনফেরত সাতজন কুর্মিটোলা হাসপাতালে

0

করোনাভাইরাস পরিস্থিতিতে বিমানের বিশেষ ফ্লাইটে চীন ফেরত ৩১৬ জন যাত্রীর মধ্যে সাতজনকে জ্বর থাকায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে আজ করোনাভাইরাসের কারণে চীনের উহান নগরীতে আটকে পড়া ৩১৬ জন বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরেছে বিমানের বিশেষ ‘রেসকিউ ফেরি ফ্লাইট’ বিজি-৭০০২।

আজ শনিবার বেলা ১১টা ৫৪ মিনিটে দেশে ফিরেছে বিমানের বিশেষ ফ্লাইটটি। এরপর আগত যাত্রীদের মধ্যে সাত জনকে জ্বর থাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সাতজন বাদে অবশিষ্ট যাত্রীদের কোয়ারেন্টাইনে (সংক্রমণ প্রতিরোধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা) রাখার জন্য আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। তবে যারা চীন থেকেই ১৪ দিনের হিসাবে পর্যবেক্ষণে ছিল, তাদের অবশিষ্ট দিনগুলোর জন্য পর্যবেক্ষণে রাখা হবে।

বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহরীয়ার সাজ্জাদ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যেই তাদের রক্তের স্যাম্পল গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

আগতদের মধ্যে ৩১৩ জন পূর্ণ বয়স্ক নারী-পুরুষ ও তিনজন শিশু বলে জানা গেছে।

এ বিষয়ে পরে আনুষ্ঠানিক ব্রিফিং হবে বলে জানানো হয়েছে।

দুপুর একটার দিকে বিমানবন্দর থেকে বিআরটিসির দুটি এসি বাস ও বিমানবন্দরের একটি অ্যাম্বুলেন্সে আগতদের হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

উহানের তিয়ানহি ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে স্থানীয় সময় শনিবার ভোর পৌনে ৬টায় (বাংলাদেশ সময় সকাল পৌনে ৮টায়) তাদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ঢাকার উদ্দেশে উড়াল দেয়। উড়োজাহাজটিতে চারজন ডাক্তার, পাইলট ছাড়াও ১১ জন কেবিন ক্রু, চারজন ককপিট ক্রু ও দুজন প্রকৌশলী রয়েছেন বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।