Home Blog Page 3187

পরিবার নিয়ে ভোট দিলেন উত্তরের মেয়রপ্রার্থী আতিক

0

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন আওয়ামী লীগ মনোনীত উত্তরের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম। আজ শনিবার রাজধানীর উত্তরায় ১ নম্বর ওয়ার্ড আওতাধীন নওয়াব হাবীবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী শায়লা সাগুফতা ইসলাম এবং মেয়ে বুশরা ইসলাম।

জানা গেছে, আজ সকাল ৮টার দিকে কেন্দ্রে প্রবেশ করলেও কোন বুথে ভোট দেবেন সেটি খুঁজে পাচ্ছিলেন না আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম। প্রথমে নিচ তলায়, পরে দ্বিতীয় তলার ২ নম্বর কক্ষ এবং তারপর তৃতীয় তলার ৫ নম্বর কক্ষে গিয়ে ফেরত আসতে হয় আতিককে। পরে তৃতীয় তলার ৩ নম্বর কক্ষ তার ভোটিং বুথ হিসেবে নিশ্চিত হলে সেখানেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

এ সময় প্রথমে ইভিএম মেশিনে আঙুলের ছাপ দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করেন আতিকুল ইসলাম। এরপর পাশেই স্থাপিত গোপন বুথে গিয়ে ইভিএম মেশিনের ব্যালট ইউনিট থেকে বোতাম চেপে ভোট দেন তিনি।

সিটি নির্বাচন : ভোট দিলেন প্রধানমন্ত্রী

0

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ৮টার পরই ঢাকা সিটি কলেজ কেন্দ্রে সিটি করপোরেশন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

ভোট দেওয়ার পর গণমাধ্যমকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে পারবো।

নির্বাচন নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়ে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, উদ্বেগ তারা প্রকাশ করতে পারেন। আমাদের অতীত ইতিহাস তো ভালো নয়। আমরা দেখেছি এর আগে কীভাবে ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি করা হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপির জন্মটাই অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্য দিয়ে। কারণ জনগণের ওপর তারা কোনোভাবেই আস্থা রাখতে পারে না। এজন্য জনগণের আস্থা অর্জনের জন্য সচেষ্ট হতে বিএনপিকে আহ্বান জানান।

এ ছাড়াও সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে বিভিন্ন দূতাবাসের বাংলাদেশি কর্মকর্তাদের নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক করার সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

নিহতের সঠিক সংখ্যা বলছে না চীন, দাফনে তাড়াহুড়ো

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের সঠিক সংখ্যা প্রকাশ করছে না চীন। অভিযোগ উঠেছে, নিহতের যে সংখ্যা চী সরকার বলছে, প্রকৃতপক্ষে তার চেয়ে অনেকে বেশি মানুষ মারা যাচ্ছে।

এমনকি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতদের রেকর্ড রাখা হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। তথ্য না রেখেই মরদেহগুলো সমাহিত করা হচ্ছে।

আজ শনিবার পর্যন্ত চীন সর্বশেষ জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫৯ জন মারা গেছে। এছাড়া আরো ১১ হাজার সাতশ ৯১ জন আক্রান্ত হয়েছেন।

তবে ডেইলি মেইলকে মরদেহ সৎকারের সঙ্গে জড়িতরা জানিয়েছেন, হাসপাতাল থেকে তাদের কাছে সৎকারের জন্য যে মরদেহগুলো পাঠানো হচ্ছে, তার বেশিরভাগের কোনো রেকর্ড রাখা হচ্ছে না।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচেভেলের পূর্ব এশিয়া প্রতিনিধি উইলিয়াম ইয়াং ব্রিটিশ দৈনিক দ্য সানকে বলেছেন, ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে চীন সারাবিশ্বকে যে তথ্য দিয়ে আসছে, তা নিয়ে সন্দিহান হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তারা এ নিয়ে অসম্পূর্ণ তথ্য দিচ্ছে, যার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

তিনি আরো বলেন, হংকংভিত্তিক নিউজ আউটলেট ইনিশিয়াম মূল ভূখণ্ড চীনের শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন, ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন, তাদের কারো পরিচয় ভালোভাবে শনাক্ত না করেই সৎকারের জন্য নির্ধারিত স্থানে হাসপাতাল থেকে মরদেহগুলো পাঠানো হচ্ছে।

চীনে নিহতের সংখ্যা বেড়ে ২৫৯, মাস্কের জন্য হাহাকার

0

দিনের পর দিন লাফিয়ে বাড়ছে চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দু’শ ৫৯ জন। সে দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার সাতশ ৯১ জন। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১১ হাজার নয়শ ৪৩ জন। নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসটি ছড়িয়েছে যুক্তরাজ্য এবং রাশিয়ায়।

এদিকে বিভিন্ন দেশ চীন থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। বিশেষ বিমানে করে চীন থেকে নিজেদের নাগরিক নিয়ে আসছে বাংলাদেশ, ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশ। কিছুক্ষণের মধ্যেই নাগরিকদের নিয়ে ঢাকায় নামবে বাংলাদেশের বিমান।

এদিকে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়া ঠেকাতে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভাইরাসটি থেকে বাঁচতে প্রায় গৃহবন্দী জীবনযাপন করছেন চীনের বাসিন্দারা।

বাইরে বের হলে সবাই মাস্ক পরে বের হচ্ছেন। সে দেশে বর্তমানে মাস্কের চরম সঙ্কট দেখা দিয়েছে। গত সপ্তাহেই প্রতিদিন ২০ কোটি মাস্ক লাগছিল সে দেশে। বর্তমানে বাইরের দেশ থেকে মাস্ক আমদানির পথে হাঁটছে চীন।

চীন ফেরত ভারতীয়দের দিল্লিতে রাখা হচ্ছে

0

গতকাল শুক্রবার চীনের করোনাভাইরাসের কেন্দ্রস্থল উহান থেকে যেসব ভারতীকে ফেরানো হয়েছে, তাদের সবাইকে ১৪ দিনের জন্য দিল্লির মানেসরের আইসোলেশন সেন্টারে রাখা হচ্ছে।

সরকারিভাবে জানানো হয়েছে, কোনোক্রমেই সংক্রমণের ঝুঁকি না নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দু’সপ্তাহ চিকিৎসকদের দল তাদের পরীক্ষা করে দেখবে।

বিমানবন্দরে নামতেই ওই শিক্ষার্থীদের যুগ্মভাবে পরীক্ষা করে দেখার কথা এএইচও ও এএফএমএস-এর প্রতিনিধি দলের। কারও মধ্যে সংক্রমণ পাওয়া গেলে তাকে বেস হসপিটাল দিল্লি ক্যান্টনমেন্টের আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে। শিক্ষার্থীদের তিনটি দলে বিভক্ত করে তাদের পরীক্ষা করে দেখা হবে বলে জানানো হয়েছে।

প্রথম দলটিতে রাখা হবে সন্দেহজনকদের। তাদের সরাসরি পাঠিয়ে দেওয়া হবে বেস হসপিটাল দিল্লি ক্যান্টনমেন্টের আইসোলেশন ওয়ার্ডে। প্রসঙ্গত, এই ভাইরাসের লক্ষণ জ্বর/সর্দি অথবা শ্বাসকষ্টের মতো লক্ষণ থাকলেই তৎক্ষণাৎ সেই শিক্ষার্থীকে পাঠানো হবে সেখান‌ে।

দ্বিতীয় দলে থাকবেন সেই শিক্ষার্থীরা, যাদের মধ্যে লক্ষণ দেখা না গেলেও তারা সিফুড খেয়েছেন কিংবা পশু বাজারে গেছেন। অথবা গত ১৪ দিনের মধ্যে সংক্রমণের লক্ষণযুক্ত কোনো চীনা ব্যক্তির সংস্পর্শে এসেছেন।

তৃতীয় দলে থাকবেন অপেক্ষাকৃত নিরাপদরা। এই দলে থাকবেন সেই শিক্ষার্থীরা, যাদের মধ্যে কোনো ‌লক্ষণ নেই কিংবা তারা কোনো সংক্রমণের লক্ষণযুক্ত চীনা ব্যক্তির সংস্পর্শেও আসেননি।

তিন দলের সবাই ত্রিস্তরীয় মাস্ক পরে থাকবেন। তাদের সবারই প্রয়োজনীয় চিকিৎসা করা হবে। ১৪ দিন পর যাদের মধ্যে কোনো লক্ষণ দেখা যাবে না, তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।

রাস্তায় মরে পড়ে থাকা ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন

0

জনমানবহীন এক রাস্তায় নিথর দেহ পড়ে ছিল এক ব্যক্তির। মাথায় সামান্য ধূসর চুল, মুখে মাস্ক লাগানো। হাতে তখনো ধরে ছিলেন প্লাস্টিকের ব্যাগ। আশপাশে হাতে গোনা কয়েকজন লোক।

কিন্তু তারাও মরদেহের কাছে ঘেঁষতে ভয় পাচ্ছেন। চীনের উহান শহরের এই দৃশ্য দেখে শিউরে উঠেছে সারাবিশ্ব। কিন্তু বাস্তব পরিস্থিতি এখন ঠিক এটাই।

চীনে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের এবং নিহতের সংখ্যা। এ ধরনের পরিস্থিতিতে সারাবিশ্বের জন্য স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করতে হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিইউএইচও)।

উহানের রাস্তায় যে ব্যক্তির মরদেহ পড়েছিল, তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স ৬০ বছরের আশপাশে। পুলিশের ধারণা, তিনি খাবার কিনতে বেরিয়েছিলেন। তবে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ।

তার দেহ যারা আনতে গিয়েছিলেন, সেই স্বাস্থ্যকর্মীরাও সংক্রমণের ভয়ে আতঙ্কিত। আপাদমস্তক ধাতব পোশাক পরে তারা উদ্ধারকাজ চালান।

বাংলাদেশে পাচারের আগে ১৯ কোটি টাকা দামের সোনার কোরআন উদ্ধার ভারতে

0

মুঘল সম্রাট আকবরের আমলের একটি সোনা দিয়ে লেখা কোরআন শরিফ উদ্ধার করা হয়েছে ভারতের রাজ্য রাজস্থানে। যেটি বাংলাদেশে পাচার হচ্ছিলো বলে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও খবরে বলা হয়।

আনুমানিক ১৯ কোটি টাকা (১৬ কোটি রুপি) দামের এই কোরআন শরিফটি বাংলাদেশে পাচার করার চেষ্টা হচ্ছিল বলে জানিয়েছে রাজস্থান পুলিশ। তবে সেটি বাংলাদেশে কার কাছে পাচার করার চেষ্টা করা হচ্ছিল, তা জানতে গ্রেফতারকৃত ব্যক্তিকে জেরা করা হচ্ছে।

সব মিলিয়ে ১,০১৪ পাতার ওই কোরআনটি গত বছর ডাকাতি করে ছিনিয়ে নেয় তিন ব্যক্তি। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দু’জনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। আর বৃহস্পতিবার কুরআনসহ গ্রেফতার করা হয় তৃতীয় ব্যক্তিকে।

জয়পুর উত্তরের ডেপুটি পুলিশ কমিশনার রাজীব পাচার বিবিসি বাংলার অমিতাভ ভট্টশালীকে জানান, গত বছর ভিলওয়ারা জেলার এক বাসিন্দা যোগেন্দ্র সিং মেহতা পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যে তার হেফাজতে থাকা একটি বহুমূল্য কুরআন কয়েকজন ব্যক্তি ছিনতাই করে নিয়ে গেছে।

মেহতার পূর্বপুরুষেরা সম্রাট আকবরের কাছ থেকে দান হিসাবে ঐতিহাসিক মণ্ডলগড় কেল্লা পেয়েছিলেন। সেখানেই সোনার অক্ষরে লেখা ওই কুরআন শরিফটি তিনি পান। বন্ধু ও আত্মীয়স্বজনের মাধ্যমে তিনি সেটি বিক্রি করে দেওয়ার চেষ্টা করছিলেন।

রাজীব পাচার আরও বলেন, কোরআনটি কেনার নাম করে ফাঁকা জায়গায় ডেকে নিয়ে গিয়ে সেটি ছিনতাই করা হয়। ওই ঘটনার পরে দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু কোরান শরিফটি তখন পাওয়া যায়নি।

কয়েকদিন আগে সূত্র মারফত পুলিশ জানতে পারে যে একটি বহুমূল্য কোরআন কেউ বিক্রি করার চেষ্টা করছে।

বিশেষ তদন্ত দল তৈরি করে পুলিশই ক্রেতা সেজে যোগাযোগ করে ভাঁওয়ারি মীনা নামের এক ব্যক্তির সঙ্গে। বৃহস্পতিবার সে ওই কুরআনটি ক্রেতা রূপী পুলিশের কাছে বিক্রি করতে এলে হাতেনাতে তাকে ধরা হয়।

রাজীব পাচার জানান, জেরা করতেই ভাঁওয়ারী মীনা জানায় যে সেটি বাংলাদেশে ১৬ কোটি রুপিতে বিক্রি করার চেষ্টা করছিল সে। তবে সেদেশে কার সঙ্গে যোগাযোগ করেছিল, সেটা এখনও বলেনি।

এই পুলিশ কর্মকর্তা বলেন, আগেই গ্রেপ্তার হওয়া তার দুই সাথীকেও জেল থেকে নিয়ে এসে এক সঙ্গে বসিয়ে জেরা করা হবে।

রাওলাট আইনের মতোই নাগরিকত্ব সংশোধনী আইন

0

কুখ্যাত রাওলাট আইনের সঙ্গেই নাগরিকত্ব সংশোধনী আইনের তুলনা টানলেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। তিনি বলেন, ইতিহাস রাওলাট আইন ভুলে যায়নি। সিএএ-ও সেই আইনের মতোই কালো আইন। তার মতে, নাগরিকত্ব সংশোধনী আইন ‘ভারতীয়ত্ব’কেই চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে পুনেরর গান্ধী ভবনে আয়োজিত এক আলোচনা সভায় গিয়ে ঊর্মিলা বলেন, মহাত্মা গান্ধীর আদর্শ এখনও বেঁচে রয়েছে। যারা সিএএকে সমর্থন করেন, সেই সব ব্যক্তিকে এবং তাদের নেতাদেরও রাজঘাটে (মহাত্মা গান্ধীর সমাধিস্থল) যেতে হবে। তাকে উপযুক্ত সম্মান জানাতে হবে।

ঊর্মিলার মতে, মহাত্মা গান্ধী হিন্দুধর্মের প্রকৃত অনুরাগী ছিলেন। নাথুরাম গডসের ( মহাত্মা গান্ধীর হত্যাকারী) কথাও টেনে এনে ঊর্মিলা বলেন, আমাদের মনে রাখতে হবে, নাথুরামও কিন্তু হিন্দু ছিল।

যেভাবে ভোট দেবেন ইভিএমে

0

ঢাকা:
প্রথমবারের মতো ঢাকার দুই সিটি করপোরেশনে শতভাগ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। এ পদ্ধতির সঙ্গে নগরীর ভোটারদের পরিচিতি না থাকায় ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে মক ভোটিং করেছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, প্রার্থী ও তাদের সমর্থকদের জন্য রিটানিং কার্যালয়েও ছিল প্রশিক্ষণের ব্যবস্থা।

একজন ভোটার কীভাবে ইভিএমে ভোট দেবেন সে সম্পর্কে বাংলানিউজকে জানিয়েছেন ইভিএম কারিগরি টিমের সদস্য মো. মমিনুল ইসলাম।

তিনি জানান, একজন ভোটার তাদের জাতীয় পরিচয়পত্র, স্মার্টকার্ড ও আঙুলের ছাপ দিয়ে ভোট দিতে পারবেন।

তিনি আরও বলেন, একজন ভোটার নির্ধারিত কক্ষে প্রবেশ করলে প্রিজাইডিং অফিসার প্রথমে ভোটারের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড, আঙুলের ছাপ ও ভোটার নম্বর যাচাই করে তাকে ভোটার হিসেবে নিশ্চিত করবেন। আঙুলের ছাপ বা পরিচয়পত্রের নম্বর মিলে গেলে ভোটারের ছবি ও তথ্য একটি মনিটরে প্রদর্শিত হবে, যাতে সব প্রার্থীর এজেন্টরা ভোটারের পরিচয় দেখতে পারবেন।

আঙুলের ছাপ দেওয়ার পর ভোট দেওয়ার গোপনকক্ষে থাকা ইভিএম মেশিনগুলো স্বয়ংক্রিয়ভাবে সচল হবে। ভোটার সেখানে যাবেন। তিনটি পদের জন্য ভোটারকে ভোট দিতে হবে। এজন্য কক্ষের ভেতরে মনিটরে (স্ক্রিনে) তিনটি ডিজিটাল ব্যালট ইউনিট প্রদর্শিত হবে। এই ইউনিটে প্রার্থীদের প্রতীক বাম পাশে এবং প্রার্থীর নাম ডান পাশে দেখা যাবে।

পছন্দের প্রার্থীকে ভোট দিতে তার প্রতীকের বাম পাশের সাদা বাটন থাকবে। সেই বাটনে চাপ দিতে হবে। এসময় প্রতীকের পাশে বাতি জ্বলে উঠবে। ভোট নিশ্চিত করতে ডান পাশের সবুজ বাটনে চাপ দিতে হবে। একই নিয়মে অন্য পদের জন্যও ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

কোনো কারণে যদি ভোটার ভুল প্রতীক শনাক্ত করেন তাহলে সবুজ বাটন চাপ দেওয়ার আগে তা সংশোধন করতে পারবেন। ভুল সংশোধনের আগে ভোটার তার পছন্দের প্রতীকের পাশের বাটনটি চাপ দেবেন এতে ভুল করে দেওয়া আগের ভোটটি বাতিল হয়ে যাবে এবং সেটি নিশ্চিত করতে সবুজ বাটনে চাপ দিতে হবে। দ্বিতীয়বারও যদি ভুল হয় তৃতীয়বার ভোটার তার পছন্দের প্রতীকে চাপ দেওয়া মাত্র তার ভোটগ্রহণ সম্পন্ন হবে। সেক্ষেত্রে আর সবুজ বাটনে চাপ দেওয়া লাগবে না। সঠিকভাবে পুনরায় প্রতীকের পাশের বাটনে চাপ দিয়ে সবুজ বাটনে চাপ দিলে ভোট প্রক্রিয়া শেষ হবে।

সবুজ বাটন চাপ দেওয়ার পর ভোট দেওয়া প্রতীক ভেসে উঠবে। বাকি সব প্রতীক অদৃশ্য হয়ে যাবে। এতে ভোটার নিশ্চিত হবেন যে ওই প্রতীকে তার ভোট দেওয়ার প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়েছে।

না ভোটের কোনো ব্যবস্থা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, একজন ভোটার চাইলে যেকোনো প্রার্থীকে ভোট নাও দিতে পারেন। সেক্ষেত্রে ভোটারকে লাল চিহ্নিত বাটনটি পরপর দু’বার চাপ দিতে হবে। তাহলেই তিনি ওই পদে কোনো ভোট দেননি বলে গণ্য হবে।

এদিকে অবশ্যই কেন্দ্রে আসার আগে ভোটারকে তার ভোটটি কোন বুথে পড়েছে সেটি জেনে আসা ভালো। তাহলে আরও সহজেই ভোট দেওয়া সম্ভব হবে।

এই পদ্ধতিতে জাল ভোটের কোনো সুযোগ নেই। প্রত্যেক প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণের আগে পোলিং এজেন্টদের ইভিএম দেখিয়ে নেবেন বলেও তিনি জানান।

ঢাকা উত্তর সিটিতে এক হাজার ৩১৮টি ভোটকেন্দ্রের সাত হাজার ৮৫০টি বুথে ৩০ লাখ নয় হাজার ভোটার এবং ঢাকা দক্ষিণ সিটিতে এক হাজার ১৫০ ভোটকেন্দ্রের ছয় হাজার ৫৮৯টি বুথে ২৪ লাখ ৫২ হাজার ভোটার ইভিএমের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন।

এবারের নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচনের সুযোগ পাচ্ছেন ভোটাররা।

প্রথমবারের মতো ঢাকার দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) একযোগে ভোট আজ

0

ঢাকা:
ঢাকার দুই সিটি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মতো ঢাকার দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) একযোগে ভোট নেবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। ভোটার সংখ্যা এবং যেকোনো বিবেচনায় এটি-ই এখন পর্যন্ত ইভিএমে সবচেয়ে বড় নির্বাচন।

নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগসহ নয়টি দলের ১৩ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কাউন্সিলর পদে প্রায় সাড়ে সাতশ’ প্রার্থী রয়েছে ভোটের মাঠে। ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে ভোটের প্রচারণা। ভোটের ফলাফল গেজেটে আকারে প্রকাশ পর্যন্ত কোনো প্রকার মিছিল, মশাল মিছিল, মোটরসাইকেল মিছিল, শোডাউন করা যাবে না। বাইক বন্ধ থাকবে ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর সব যন্ত্রযান বন্ধ থাকবে ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ৬টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখা জানায়, ঢাকা উত্তরে মেয়র পদে ছয়জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫১ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৭ জন অর্থাৎ তিন পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩৩৪ জন।

মেয়র প্রার্থীরা হলেন- বিএনপির তাবিথ আউয়াল, আওয়ামী লীগের আতিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, পিডিপির শাহীন খান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ডা. আহম্মেদ সাজ্জাদুল হক রুবেল।

অন্যদিকে ঢাকা দক্ষিণে (ডিএসসিসি) মেয়র পদে সাতজন, ৫৪টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৩৫ জন ও ১৮টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮২ জন অর্থাৎ ৪২৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে।

মেয়র পদে সাত প্রার্থী হলেন- আওয়ামী লীগের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, জাতীয় পার্টির (জাপা)  মোহাম্মদ সাইফুদ্দিন মিলন, ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান, এনপিপির বাহরানে সুলতান বাহার, বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা ও গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন।

প্রভাব ফেলবে নারী ও তরুণ ভোটার:
এবারের নির্বাচনে প্রভাব বিস্তার করবে নারী ও তরুণ ভোটার। তাদের সিদ্ধান্ত যার পাল্লায় পড়বে, সেই উড়াবেন বিজয়ের পতাকা।

নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুই সিটিতে মোট ভোটার ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছে।

২০১৫ সালের ২৮ এপ্রিলের নির্বাচনের সময় দুই সিটিতে ভোটার ছিল ৪২ লাখ ১৬ হাজার ১২৭ জন। পাঁচবছরে ভোটার বেড়েছে ১২ লাখ ৪৭ হাজার ৩৪০ জন। অর্থাৎ এক পঞ্চমাংশের বেশি ভোটার হচ্ছে তরুণ ভোটার। এদিকে দুই সিটিতে নারী ভোটার হচ্ছে ২৬ লাখ ২০ হাজার ৪৫৯ জন।

ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার রয়েছেন- ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এর মধ্যে নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। আর ঢাকা দক্ষিণ সিটিতে ভোটার রয়েছে ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। যাদের মধ্যে নারী ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।

আইন-শৃঙ্খলা:
ভোটের মাঠে শৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবির অর্ধ লক্ষ ফোর্স মোতয়েন রেখেছে নির্বাচন কমিশন। ভোটের পরেও মাঠে থাকবে তারা। ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে ৪২ হাজার ফোর্স। এর মধ্যে সাধারণ কেন্দ্রে বিভিন্ন বাহিনীর ১৬ জন করে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৮ জন করে ফোর্স মোতায়েন থাকবে।

নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন ও অপরাধের বিচার কাজের জন্য দুই সিটিতে ১২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ঢাকা উত্তর সিটিতে ৫৪ জন ও ঢাকা দক্ষিণ সিটিতে ৭৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আগামী ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন।

এছাড়া উত্তর সিটিতে ২৭ জন ও দক্ষিণে ৩৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন ৩০ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন ভবনে নিয়োজিত থাকবে একটি উচ্চপর্যায়ের টিম। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলামের ইসলামের নেতৃত্বে এই টিম সার্বক্ষণিক কড়া নজরদারিতে রাখবে পুরো নির্বাচনী মাঠ। কমিশনের সঙ্গে তারা আলোচনা করে মাঠ পর্যায়ের সব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যবস্থা নেবে।

ইভিএম:
২০১০ সালে বাংলাদেশের নির্বাচনে ইভিএমের প্রচলন শুরু হলেও সেটা এসে থেকে যায় ২০১৫ সালে। এরপর ২০১৭ সালে অধিকতর উন্নতমানের ইভিএম তৈরির সিদ্ধান্ত এগিয়ে নিয়ে বড় পরিসরে এই যন্ত্র ব্যবহারের দিকে যায় সংস্থাটি।

দুই সিটির ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রের ১৪ হাজার ৪৩৪ টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতি ভোটকক্ষের জন্য একটি এবং একটি অতিরিক্ত ইভিএম রাখা হয়েছে ভোটের জন্য। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, নির্বাচন পরিচালনার জন্য ৪৫ হাজার ৭৭০ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে  প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এছাড়াও  প্রত্যেক কেন্দ্রে দুইজন করে ৫ হাজার ১৫ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তার কারিগরি সহায়তা করবে।

কল সেন্টার, অ্যাপ ও ওয়েবসাইটে ভোটকেন্দ্র:
ভোটারদের নিজের ভোটকেন্দ্র খুঁজে পাওয়ার সুবিধার্থে তিন উপায়ে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের নাম জানাবে নির্বাচন কমিশন। এক্ষেত্রে কল সেন্টারে বিনা খরচে কল করে ও মেসেজ পাঠিয়ে জানা যাবে চাহিদা মতো তথ্য।

অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন

নির্বাচন কমিশনের কল সেন্টার ১০৫ এ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কল করে ভোটাররা ভোট কেন্দ্র সম্পর্কে জানা যাবে। আবার একজন ভোটার নিজ ভোট কেন্দ্র খুঁজে পেতে মোবাইলের এসএমএস অপশনে গিয়ে ‘PC NID নম্বর’ লিখে ১০৫-এ প্রেরণ করলে ফিরতি এসএমএসে ভোটারের কাঙ্খিত ভোট কেন্দ্রের নাম ও ভোটার নম্বর পেয়ে যাবেন। (PC1234567890 Send to 105)।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়েও ভোটাগণ তাদের ভোট কেন্দ্র সম্পর্কে জানতে পারবেন। এজন্য নির্বাচন কমিশনের এনআইডি উইং এর ওয়েবসাইটে ঢুকে ভোট কেন্দ্র ও ভোটার নম্বর সম্পর্কে তথ্য জানা যাবে।

আইন লঙ্ঘন করলে শাস্তি:
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শাস্তি হিসেবে অনধিক ৫০ হাজার টাকা জরিমানা বা ছয়মাসের কারাদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ড দেওয়ার বিধান রয়েছে। আর দল বা দলের পক্ষে কোনো প্রতিষ্ঠান বিধিমালা লঙ্ঘন করলে ৫০ হাজার পর্যন্ত অর্থদণ্ড দেওয়ার বিধান আছে। এছাড়া কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে নির্বাচনের পরেও সেই প্রার্থীর প্রার্থিতাও সর্বোচ্চ শাস্তি হিসেবে বাতিল করতে পারে নির্বাচন কমিশন।

আইন অনুযায়ী, এইসব বিধিমালা প্রার্থী বা প্রার্থীর পক্ষে অন্য যেকোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এছাড়া ভোটে তাৎক্ষণিক আদালত বসিয়ে ফোজদারি অপরাধের বিচার করবেন বিচারিক ম্যাজিস্ট্রেটরা। আবার বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা মামলা হবে।

বাজেট:
এবারের নির্বাচনেও ২০১৫ সালের নির্বাচনের মতো ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি টাকা। এর মধ্যে অর্ধেক ব্যয় হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষার কাছে। নির্বাচন পরিচালনায় ব্যয় হবে বাকি অর্ধেক।

নির্বাচনে পর্যবেক্ষক:
ঢাকার দুই সিটি নির্বাচন পর্যবেক্ষণে দেশীয় ২২ সংস্থার ১ হাজার ১৩ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। আর নয়টি দেশ ও একটি বিদেশি সংস্থার ৭৪ জন পর্যবেক্ষণ করবেন নির্বাচন। বিদেশি দেশ ও সংস্থায় কর্মরত ২৮ জন বাংলাদেশি রয়েছেন। বাকিরা বিদেশি।

বিদেশি পর্যবেক্ষক প্রসঙ্গে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিদেশি দূতাবাস ও হাইকমিশনে কর্মরত বাংলাদেশিরা নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন না।

তবে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কে এম নূরুল হুদা ও ইসি সচিব মো. আলমগীর বলেন, তারা (বাংলাদেশি) বিদেশি রাষ্ট্রদূত ও হাইকমিশনে চাকরি করলেও দেশীয় পর্যবেক্ষকদের মতো নীতিমালা অনুসরণ করেই দায়িত্ব পালন করতে হবে।

২০১৫ সালে বিভক্ত ঢাকার দুই সিটির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।