Home Blog Page 3189

আবারও সুপার ওভারের বলি নিউজিল্যান্ড

0

নিউজিল্যান্ড সুপার ওভারে গেলে ম্যাচ হারবে তা যেন অলিখিত নিয়ম হয়ে গেছে। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে সুপার ওভারে হেরে ইংল্যান্ডের বিপক্ষে শিরোপা স্বপ্ন বিসর্জন দিয়েছিল তারা। এবার ভারতের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজে টানা দুইবার সুপার ওভারে গড়ানো ম্যাচে হারলো নিউজিল্যান্ড।

জসপ্রীত বুমরাহর করা সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১ উইকেটে ১৪ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। জবাবে লোকেশ রাহুলের প্রথম দুই বলেই ছক্কা ও চারে জয়ের কাছাকাছি চলে যায় ভারত। তবে টিম সাউদির করা তৃতীয় বলে বাউন্ডারিতে ধরা পড়েন রাহুল। জয়ের শেষ কাজটা সারেন অধিনায়ক বিরাট কোহলি। ১ উইকেটে ১৬ রান করে ভারত।

এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৫ রান করে ভারত। ১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডও ৭ উইকেটে করে ১৬৫ রান।

শুক্রবার (৩১ জানুয়ারি) ভারতের বিপক্ষে ওয়েলিংটনে সিরিজে চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নামে নিউজিল্যান্ড। কাঁধে চোট পাওয়ায় দলে ছিলেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে কিউইদের নেতৃত্ব দেন টিম সাউদি।

টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। বোলিংয়ে এসেই শুরুতে তারা ধাক্কা দেয় টিম ইন্ডিয়াকে। দলীয় ১৪ রানে ওপেনার সঞ্জু স্যামসনকে (৮) হারায় ভারত। এরপর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি কোহলি (১১), শ্রেয়াস আয়ার (১) ও শিভম দুবে (১২)। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রাখেন ওপেনার রাহুল। তবে তিনিও ব্যক্তিগত ৩৯ ও দলীয় ৭৫ রানে সাজঘরে ফিরেন।

ভারতকে লড়াকু ইনিংস এনে দেন মনীষ পাণ্ডে। ওয়াশিংটন সুন্দর রানের খাতা খোলার আগে আউট হওয়ার পর শার্দুল ঠাকুর (২০), যুজবেন্দ্র চাহাল (১) ও নভদীপ সায়নির (১১) সঙ্গে ছোট ছোট জুটি গড়ে ভারতকে ১৬৫ রানের পুঁজি এনে দেন পাণ্ডে। তার ৩৬ বলে অপরাজিত ৫০ রানের ইনিংসটি সাজানো ছিল ৩ চারে।

জবাব দিতে নেমে শুরুতে মার্টিন গাপটিলকে (৪) হারালেও ভারতীয় বোলারদের উপর ঝড় তুলেন কলিন মুনরো ও টিম সেইফার্ট। দুজনে ৭৪ রানের জুটি ভাঙে মুনরো রান আউট হওয়ার পর। কিউই ওপেনার ৪৭ বলে ৬ চার ও ৩ ছক্কায় করেন ৬৪ রান। এরপর কিউইদের স্কোরবোর্ডে আর এক রান যোগ হতেই ডাক মেরে ফেরেন টম ব্রুস।

রান আউট হোন সেইফার্টও। স্বাগতিকদের উইকেটরক্ষক ৩৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় করেন ৫৭ রান। এরপর রস টেইলরের (২০) হাত ধরে জয়ের প্রায় কাছাকাছি চলে আসে নিউজিল্যান্ড। কিন্তু ম্যাচের প্লট পাল্টে যায় শেষ ওভারে। শার্দুল ঠাকুর ইনিংসের শেষ ওভার করতে এসে তুলে নেন কিউইদের ৪ উইকেট। নিউজিল্যান্ড ৭ উইকেট হারিয়ে থামে ১৬৫ রানে। টানা দ্বিতীয়বারের মতো ম্যাচ গড়ায় সুপার ওভারে।

অস্ত্রসহ কাউন্সিলর প্রার্থী আটক

0

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৪ নম্বার ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী প্রকৌশলী তালুকদার সারওয়ার হোসেনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) ২৪ নম্বর ওয়ার্ডের তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী শফিউল্লাহ শফির সমর্থকদের সঙ্গে সংঘর্ষের সময় তালুকদার সারওয়ারকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার জানান, কাউন্সিলর প্রার্থী তালুকদার সারওয়ার হোসেনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। সে মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার (১ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

জানা যায়, শুক্রবার দুপুরে ২৪ নাম্বার ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী শফিউল্লাহ শফি মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ শেষে গুজব ওঠে যে, শফিকে গুলি করতে স্বতন্ত্র প্রার্থী তালুকদার সারওয়ার হোসেন মসজিদ এলাকায় গেছেন। ওই সূত্রেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূচনা হয়। এরই এক পর্যায়ে তালুকদার সারওয়ারকে অস্ত্রসহ আটক করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

ভোটার ছাড়া কেউ কেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করলে গ্রেপ্তার: ডিএমপি

0

ভোটার ছাড়া কেউ কেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করলে গ্রেপ্তার করবে পুলিশ। তাই ভোটের কাজে আসা বহিরাগত নেতাকর্মীদের শহর ছাড়তে বলেছেন ডিএমপি কমিশনার মো: শফিকুল ইসলাম। আজ শুক্রবার বিকেলে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি।

আগামীকাল সকাল ৮টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ডিএমপি কমিশনার বলেন, ‘দুই সিটি করপোরেশন নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেই স্বার্থেই ভোটকেন্দ্রের আশপাশে বহিরাগতদের উপস্থিতি গ্রহণযোগ্য হবে না। তাদেরকে আটক করা হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতকল্পে পোশাকধারী ও সাদা পোশাকে ৩০ হাজার পুলিশ সদস্য ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবে। র‍্যাব টহল টিমও মাঠে থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও অন্যান্য বাহিনীর আরও ১০ হাজার স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে। সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের নিরাপত্তা দিতে পুলিশ তাদের সবটুকু সামর্থ্য দিয়ে কাজ করবে।’

এদিকে, দেশের বৃহৎ দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির নেতারা নগরীতে বহিরাগতদের আনার বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। নির্বাচন ঘিরে নগর জুড়ে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। র‍্যাব-পুলিশের পাশাপাশি মাঠে আছে বিজিবিও। দুই সিটিতে এবারই প্রথম পূর্ণাঙ্গ ইভিএমে ভোট হচ্ছে।

প্রার্থীরা আশা করছেন ভোটাররা কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করবেন।

সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী

0

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল সকাল ৮টা থেকে শুরু হবে। এরই মধ্যে গতকাল মধ্যরাতে প্রার্থীরা তাদের প্রচারণা শেষ করেছেন। নির্বাচনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন। সকাল ৮টায় তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।

এদিকে, নির্বাচন উপলক্ষ্যে নগরীতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ-র‍্যাবের পাশাপাশি মাঠে আছে বিজিবিও। ভোট গ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয় চলবে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থা: সিইসি

0

ঢাকার দুই সিটির নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। শুক্রবার দুপুরে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শ করতে যান সিইসি।

তিনি বলেন, কোনো সন্ত্রাসী যদি কেন্দ্রে অবস্থান নেয়ার চেষ্টা করে, বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিইসি বলেন, কমিশন কখনো সব দলের আস্থাভাজন হতে পারেনি। এ অবস্থা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে। ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে সিইসি বলেন কেন্দ্রের কর্মকর্তারা তাদের যেকোনো সহযোগিতা করবে।

সকল নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানান, নীতিমালার মধ্যে দায়িত্ব পালন করবে পর্যবেক্ষকরা।

হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন আতিকুল

0

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ভোট দেবেন উত্তরার ৪ নং সেক্টরের নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে। সকাল ৮টায় তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন। এ তথ্য নিশ্চিত করেছে প্রার্থীর নির্বাচনী প্রচার সেল।

আগামীকাল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচন সকাল ৮টা থেকে শুরু হবে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ সিটিতে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল।

এদিকে, নির্বাচনকে ঘিরে নগরজুড়ে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। পুলিশ-র‍্যাবের পাশাপাশি মাঠে আছে বিজিবিও।

সারাদেশে রাজধানীমুখী সকল লঞ্চ চলাচল বন্ধ

0

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি ক‌র্পো‌রেশন নির্বাচন সুষ্ঠু করার লক্ষে নির্বাচন কমিশনের অনুরোধে বরিশালসহ উপকূলীয় এলাকা থেকে রাজধানীমুখী সকল নৌযান চলাচল বন্ধ করেছে বিআইড‌ব্লিউ‌টিএ। এ ঘটনায় বিপাকে পড়েছেন নৌযাত্রীরা।

যাত্রীরা জানান, শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টার দি‌কে কেবিনের যাত্রী‌দের ফোন ক‌রে এ বিষয় জানিয়ে দেয় লঞ্চ কর্তৃপক্ষ। ।হুট ক‌রে এরকম এক‌টি সিদ্ধান্ত জানার পর বিপাকে পড়েছেন যাত্রীরা। যাত্রীরা আরো জানান, বৃহত্তর স্বার্থে সরকার নৌচলাচল বন্ধ রাখ‌তেই পা‌রে, তবে বিষয়‌টির অগ্রিম ঘোষণা থাকলে দু‌র্ভো‌গে পর‌তে হ‌তো না।

এদিকে লঞ্চ কর্তৃপক্ষ জানায়, ‌বিআড‌ব্লিউ‌টএ কর্তৃপক্ষ জানাবার সাথে সাথে কেবিনের যাত্রী‌দের জানিয়ে দিয়েছেন তারা। আর বিআইড‌ব্লিউ‌টএ কর্তৃপক্ষ বলছে, সরকার সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে লঞ্চের চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। গণপ্র‌তি‌নি‌ধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৫ অনুসারে আজ ৩১জানুয়ারী রাত ১২টা হ‌তে ১ ফেব্রুয়ারি রাত ১২ টা পর্যন্ত রাজধানীমুখী সকল লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকাও স্পিড‌বোট চলাচলের উপর নির্বাচনের কারণে ২৯ জানুয়ারি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সংক্রান্ত চিঠি ইস্যু করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

শঙ্কার কথা জানালেন বিএনপির দুই প্রার্থী

0

নির্বাচনের দিন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়ার শঙ্কা আছে বলে জানিয়েছেন বিএনপির উত্তর সিটির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

শুক্রবার দুপুরে বাংলামোটরে তার নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক এই শঙ্কার কথা জানান। বলেন, সকাল থেকে সব কেন্দ্রে এজেন্টরা থাকবে তবে শেষ মুহুর্ত পর্যন্ত কেন্দ্রে নিরাপত্তা দেয়ার দায়িত্ব কমিশনের। প্রতিমুহূর্তে পরিস্থিতি বদলাচ্ছে বলেও দাবি করেন তিনি। অনিশ্চয়তা নিয়েই ইভিএম এ ভোট হচ্ছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছেন বিএনপি মনোনিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। গুলশানে মার্কিন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টার সাক্ষাতের পর একথা বলেন তিনি। এছাড়া নির্বিঘ্নে ভোটারদের কেন্দ্রে যাওয়া নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। তার নেতাকর্মীরা কেন্দ্র পাহারায় থাকবেন বলে জানান ইশরাক।

তবে, নির্বাচন ঘিরে কোনো ধরনের শঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি তার।

এদিকে, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম, এখন কেবল ভোটের ক্ষণগণনা। আর সেটি সুষ্ঠু হওয়ার প্রত্যাশার কথাই জানালেন বড় দুই দলের প্রার্থীরা।

আওয়ামী লীগ প্রার্থীদের ব্যাপক ব্যবধানে বিজয় নিশ্চিত : সজীব ওয়াজেদ জয়

0

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয় শুধু নিশ্চিতই নয়, ব্যাপক ব্যবধানে নিশ্চিত।’

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণার সময় পরিচালিত এক জনমত জরিপের প্রেক্ষাপটে তিনি এ দাবি করেন।

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেন- ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচন নিয়ে আমরা সম্প্রতি একটি জনমত জরিপ করেছিলাম। উত্তরের ভোটারদের মধ্যে জরিপে অংশ নেন ১ হাজার ৩০১ জন ও দক্ষিণে অংশ নেন ১ হাজার ২৪৫ ভোটার। ভোটার লিস্ট থেকে রেন্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে তাদের বাছাই করা হয়। জরিপটি করা হয় সামনা-সামনি, অর্থাৎ অনলাইনের মাধ্যমে নয়। মক ব্যালটের মাধ্যমে এই জরিপটি করার কারণে আমরা বা জরিপকারী কারও জানার সুযোগ থাকে না কে কাকে ভোট দিলো।’

তিনি বলেন, ‘জরিপ করার সবচেয়ে নির্ভরযোগ্য ও নির্ভূল পদ্ধতি এটি। নির্ভয়ে, নির্দ্বিধায় মানুষ জরিপে অংশগ্রহণ করতে পারে। তারপরও যারা কোনও অপশনই বেছে নেয় না তাদের ভোট দেওয়ার সম্ভাবনাই কম। কারণ সাধারণত কোনও নির্বাচনেই ১০০ ভাগ ভোট পড়ে না। এই জরিপের ফলাফল ভুল হওয়ার সম্ভাবনা +-৩ ভাগ।’

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘যখন দলগুলো তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে তখন জরিপটি করা হয়। তাই জরিপের সঙ্গে আসল ফলাফলের কিছুটা পার্থক্য হতেই পারে। তার পরও সেই পার্থক্য ৫ থেকে ১০ শতাংশের বেশি হওয়ার সম্ভাবনা একেবারেই কম। কারণ মাত্র এক মাসের ব্যবধানে ১০ ভাগের বেশি ভোট কোনও দলের পক্ষেই পরিবর্তন করে নিজেদের পক্ষে নিয়ে আসা কঠিন। তাই এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয় শুধু নিশ্চিতই নয়, ব্যাপক ব্যবধানে জয়ও নিশ্চিত।’

ওবায়দুল কাদের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার সকালে তিনি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি হন।

জানা গেছে, শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভার মুলতবি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ওবায়দুল কাদের সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে পৌঁছান। কার্যালয়ে প্রবেশের কিছু পরেই তিনি অসুস্থ বোধ করেন। তখনই চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউতে নেয়া হয়।

বেলা ১১টার দিকে বিএসএমএমইউয়ের সামনে অবস্থানরত সাংবাদিকদের কাছে কাদেরের স্বাস্থ্য পরিস্থিতি জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, ‘তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তার (কাদের) শ্বাসকষ্ট হয়েছিল। আমরা আমাদের সম্মানিত নেতার জন্য আপনাদের কাছে দোয়া চাই।’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, ওবায়দুল কাদের হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে এখনকার মতো আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা মুলতবি করা হয়েছে। বৈঠকের খবর পরবর্তী সময় জানানো হবে।

গত বছরের ৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। পরের দিন তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার বাইপাস অপারেশন করা হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।