Home Blog Page 3192

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

0

নিহতরা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কামাল উদ্দিনের ছেলে শাকিল মিয়া, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলাতৈল গ্রামের ফোরকান আলীর ছেলে আল-আমিন এবং নরসিংদীর মনোহরদী উপজেলার উত্তর কাঁচিকাটা গ্রামের কামাল মিয়ার ছেলে কাউসার মিয়া।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের আইন কর্মকর্তা হাসিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা সবাই জেদ্দায় ইয়ামামা কম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তাদের লাশ বাদশাহ আবদুল আজিজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

নিহত শাকিল মিয়ার চাচাতো ভাই রাসেল জানান, মঙ্গলবার রাত ১টার দিকে তারা কাজে যান। কাজ শেষে বুধবার দুপুর ১২টায় বাসায় ফেরার মুহূর্তে তাদের গাড়িতে ধাক্কা দেয় একটি লরি। এতে তিনজন ঘটনাস্থলেই মারা যান।

আইনি প্রক্রিয়া শেষে দ্রুত তাদের লাশ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের শ্রমকল্যাণ উইংয়ের কাউন্সিলর আমিনুল ইসলাম।

রাত ১২টায় শেষ হচ্ছে সিটি নির্বাচনের সব প্রচার

0

প্রায় ৫৪ লাখ ভোটারকে আকৃষ্ট করতে বেশ কয়েকদিন জমজমাট প্রচারের পর এবার ঢাকার দুই সিটি নির্বাচনের সব ধরনের প্রচারের কাজ শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায়।

ঢাকার দুই সিটি নির্বাচন ভোটগ্রহণ শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৮টায়। সে সময়ের ৩২ ঘণ্টা আগে সময় শেষ হবে ৩০ জানুয়ারি রাত ১২টায়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. ফরহাদ আহাম্মদ খান গণমাধ্যমকে জানিয়েছেন, সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে সব ধরনের প্রচার বন্ধ করার বিধান রয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, এ নিষেধাজ্ঞা বজায় থাকবে নির্বাচন ফল গেজেট আকারে প্রকাশ করা পর্যন্ত। এমনকি জয়ের মিছিল, মশাল মিছিল, মোটরসাইকেল মিছিলও করা যাবে না।

নির্বাচনে উভয় সিটি করপোরেশনের ১৩ মেয়র প্রার্থীসহ কাউন্সিলর পদে প্রায় সাড়ে ৭শ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার রয়েছেন ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। আর ঢাকা দক্ষিণ সিটিতে ভোটার রয়েছেন ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন।

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে সরস্বতী পূজা

0

এ বছর ঢাকায় সরস্বতী পূজা এসেছে একটু ভিন্ন মেজাজ নিয়ে। রাজধানীর দুই সিটি নির্বাচনে ৩০ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।

কিন্তু ওইদিন সরস্বতী পূজার দিন হওয়ায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এ নিয়ে দেখা দেয় ক্ষোভ ও অসন্তোষ। আন্দোলন শুরু করেন তারা নির্বাচনের তারিখ পরিবর্তনের। একপর্যায়ে ইসি দাবি মেনে নেওয়ায় দৃশ্যমান হয় চিরাচরিত অসাম্প্রদায়িক বাংলাদেশের রূপ।

প্রতিবছরের ন্যায় এবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে সাড়ম্বরে চলছে বিদ্যা ও আরাধনার দেবী সরস্বতীর পূজা। সকাল ৮টায় শুরু হয়েছে পূজা অর্চনা। এরপর ৯টায় শুরু হয় অঞ্জলি প্রদান। সন্ধ্যা ৬টায় হবে আরতি অনুষ্ঠান। এরপর চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে, এ বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট জগন্নাথ হল চত্বর জুড়ে বিভিন্ন আইডিয়া ও থিমভিত্তিক ৭০টির বেশি মণ্ডপ নির্মাণ করা হয়েছে। জগন্নাথ হল উপাসনালয়ে হল প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে আয়োজিত একটি পূজা ছাড়াও এই মহোৎসবের বিশেষ আকর্ষণ রয়েছে হলপুকুরে চারুকলা অনুষদের তৈরি ৩২ ফুট দীর্ঘ বিশাল আকৃতির একটি প্রতিমা।

জগন্নাথ হলে সকালেই শুরু হয়েছে বিদ্যার্থীদের ভিড়। উপোস থেকে মায়ের সামনে এসে পূজা অর্চনা করছেন তারা। মায়ের কাছে তারা সংগীত ও অন্যান্য বিষয়ে ভালো ফলের জন্য প্রার্থনা করছেন। এ উপলক্ষে জগন্নাথ হলের মাঠে চলছে জমজমাট আয়োজন। শিক্ষার্থীদের সঙ্গে অনেক শিশুদেরও দেখা গেছে। একদিকে নির্বাচনের ডামাডোল, অন্যদিকে পূজোর উৎসব- সব মিলে এক অন্যরকম আমেজ আজ।

এছাড়া মানিক মিয়া এভিনিউয়ে অবস্থিত রাজধানী স্কুল মাঠে পূজার আয়োজন করেছে জাতীয় সংসদ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

একই উৎসবমুখর অবস্থা বিরাজ করছে ঢাকার বাইরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।

যশোরে সরস্বতী পূজার সবচেয়ে বড় আয়োজন সরকারি এমএম কলেজে। সকাল থেকে সেখানে চলছে পূজার কার্যক্রম। বিদ্যার দেবীর সরস্বতীর নামে অঞ্জলী দেওয়া হচ্ছে সেখানে। যশোর মেডিক্যাল কলেজসহ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা সমবেত হয়েছেন এমএম কলেজে। উৎসবের আমেজ নিয়ে পূজা অর্চনা করছেন তারা।

সরস্বতী পূজা পালনে ব্যতিক্রম নয় চট্টগ্রামও। মায়ের কাছে শিক্ষার্থীরা কামনা করছেন মনোযোগের সঙ্গে বিদ্যা অর্জনে সামর্থ্যের জন্য। শিক্ষার্থীদের মধ্যে বেশি দেখা গেছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের। একইভাবে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সরস্বতি পূজা পালনের খবর পাওয়া গেছে।

সরস্বতী পূজা আজ

0

আজ বৃহস্পতিবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর পূজা হবে।
পূজা ছাড়াও এ উপলক্ষে পুষ্পাঞ্জলি প্রদান, হাতেখড়ি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জার আয়োজন থাকছে।
সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সরস্বতী পূজা উৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আবদুল হামিদ এক বাণীতে বলেছেন, সরস্বতী পূজা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি ধর্মীয় উৎসব। এই উৎসবে ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সকলের অংশগ্রহণ দেশের অসাম্প্রদায়িক চেতনায় ও ঐতিহ্যে ভিন্ন মাত্রা যোগ করেছে। পূজার ঐতিহ্যকে আরো সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহবান জানান তিনি।
পঞ্জিকা অনুসারে, হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। তাই শিক্ষার্থীরা এই পূজার আয়োজনে সামনে থাকেন।
ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। তিনি ভক্তদের শিক্ষা ও জ্ঞান দান করেন।
প্রতি বছরের ন্যায় এবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে সাড়ম্বরে বিদ্যা ও আরাধনার দেবী সরস্বতীর পূজার আয়োজন করা হয়েছে। সকাল ৮টায় শুরু হবে পূজার্চনা এবং ৯টা থেকে শুরু হবে অঞ্জলি প্রদান। সন্ধ্যা ৬টায় হবে আরতি অনুষ্ঠান। এরপর চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে, এ বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট জগন্নাথ হল চত্বর জুড়ে বিভিন্ন আইডিয়া ও থিমভিত্তিক ৭০টির বেশি মন্ডপ নির্মাণ করা হয়েছে। জগন্নাথ হল উপাসনালয়ে হল প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে আয়োজিত একটি পূজা ছাড়াও এই মহোৎসবের বিশেষ আকর্ষণ থাকবে হলপুকুরে চারুকলা অনুষদের তৈরি ৩২ ফুট দীর্ঘ বিশাল আকৃতির একটি প্রতিমা।
এছাড়া মানিক মিয়া এভিনিউস্থ রাজধানী স্কুল মাঠে পূজার আয়োজন করেছে জাতীয় সংসদ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ভোটের দিন বহিরাগতদের ঢাকা ছাড়তে হবে : ইসি সচিব

0

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন যারা কোনো কারণ ছাড়াই ঢাকা এসেছেন তাদের রাজধানী ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সংস্থাটি বলেছে, খুব বেশি প্রয়োজন না থাকলে ঢাকার ভোটার না কিংবা ঢাকায় বহিরাগত এমন সবাইকে রাজধানী ছাড়তে হবে।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।
সচিব বলেন, অন্য নির্বাচনের ক্ষেত্রে যে এলাকায় ভোট থাকে, সে এলাকায় ভোটের দিন বাইরের কোনো লোক অবস্থান করতে পারে না। এটা রাজধানী। মানুষকে বিভিন্ন প্রয়োজনে এখানে আসতে হয়। এসব বিষয় বিবেচনা করে অবস্থান বন্ধ করা যাবে না। ঢাকায় ভোটার ছাড়া কোনো লোক থাকতে পারবে না বা বাইরের কেউ আসতে পারবে না এগুলো করা যাবে না। বিষয়গুলো বিবেচনায় নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, ভোটের দিন যেন যারা ভোটার না, বিশেষ করে ঢাকায় বহিরাগত, তারা যেন ভোটকেন্দ্রে না আসেন।
তিনি বলেন, যদি অত্যন্ত প্রয়োজন না থাকে, তাহলে কেউ যেন ঢাকায় অবস্থান না করেন। যাদের জরুরি প্রয়োজন, তাদের তো থাকতেই হবে।

তালেবানের হামলায় সোলাইমানির হত্যাকারী নিহত

0

ইরাক, ইরান এবং আফগানিস্তানের বিরুদ্ধে মার্কিন গোয়েন্দা অভিযানের প্রধান মাইকেল ডি. অ্যান্ড্রু নিহত হয়েছেন। আফগানিস্তানের গজনিতে তালেবানরা মার্কিন বিমান বিধ্বস্ত করলে তিনি মারা যান। রাশিয়ার গোয়েন্দারা এ তথ্য জানিয়েছে।

রুশ গোয়েন্দারা বলছেন, ভূপাতিত করা বিমানে ছিলেন মাইকেল। বর্তমানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ব্যবহার করা অত্যাধুনিক সরঞ্জামাদি এবং নথি তালেবানের হাতে রয়েছে।

আইএফপি নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রেভ্যুলেশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট কাসেম সোলাইমানিকে হত্যার পেছনে ছিলেন মাইকেল ডি. অ্যান্ড্রু।

মধ্যপ্রাচ্যে সিআইএ-র চেনা মুখ ছিলেন মাইকেল। কাসেম সোলাইমানিকে হত্যার আগে ইরাকে অন্তত তিন শতাধিক বিক্ষোভকারীকে তার নির্দেশে হত্যা করা হয়।

প্রসঙ্গত, গত সোমবার ৮৩ জন যাত্রী নিয়ে আফগানিস্তানের গজনিতে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়। বিমানটি আফগানিস্তানের দক্ষিণ প্রান্ত থেকে কাবুলের দিকে যাচ্ছিল। দেহ ইয়াক অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই অঞ্চল তালেবান প্রভাবিত। এক প্রাদেশিক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই প্রাদেশিক মুখপাত্র জানান, প্রযুক্তিগত কারণে বিমানটিতে আগুন লাগে। এতে বিমানটি বিধ্বস্ত হয়। তবে হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ওই বিমান দুর্ঘটনায় অনেকে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে অনেক তালেবান সদস্য রয়েছে। তারা বিমানটিতে আরো আগুন লাগনোর চেষ্টা করছে। এদিকে, আফগান বিশেষ বাহিনী ঘটনাস্থলে দ্রুত যাচ্ছে। বিমানটির মালিকানা আরিয়ানা নামক একটি সরকারি বিমান পরিবহন কম্পানির। তবে বিমনাটি তাদের নয় বলে দাবি করছে সংস্থাটি।

আরিয়ানা আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া তাদের সকল বিমান নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছে এবং তাদের কোনো বিমান বিধ্বস্ত হয়নি। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এখন পর্যন্ত ঘটনাস্থলের সর্বশেষ অবস্থা জানা যায়নি।

মার্কিন সরকারি কর্মকর্তারা অবশ্য তালেবানের দাবি নাকচ করে দিয়েছে। তাদের দাবি, তালেবান মিথ্যা দাবি করছে। তবে তালেবানের দাবি, বিমান বিধ্বস্তের খানিক পরেই তারা সেনাবাহিনীর হেলিকপ্টার ভূপাতিত করেছে।যদিও তালেবানরা এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছে ছবিও তুলেছেন। সেখানে বিমান বিধ্বস্তের পর ধ্বংসাবশেষ পড়ে ছিল।

সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্য এখন নিরাপদ

0

ইরানের বিপ্লবী কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য আগের চেয়ে অনেক বেশি নিরাপদ হয়ে উঠেছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ এ কথা বলেছেন।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারে গতকাল সোমবার তিনি এ মন্তব্য করেছেন।

ফয়সাল বিন ফারহান আলে

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরিয়া এবং ইরাকে যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লেলিয়ে দেয়া হয়েছিল তার বিরুদ্ধেই মূলত লড়াইয়ে নেতৃত্ব দিয়ে আসছিলেন জেনারেল কাসেম সোলাইমানি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, তিনি মনে করেন যুক্তরাষ্ট্র তাদের নিজেদের আত্মরক্ষার জন্যই বৈধভাবে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেছে।
তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে কথা বলেছেন তার সঙ্গে তিনি একমত। পম্পেও বলেছেন, জেনারেল সোলাইমানিকে হত্যার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য অনেক বেশি নিরাপদ হয়ে উঠেছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, জেনারেল সোলাইমানির হত্যার পরেও ইরানের আচরণে তিনি কোনো পরিবর্তন দেখছেন না।

ফয়সাল বিন ফারহান বলেন, ইরানের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য আসছে সেগুলো ইতিবাচক তবে আমি তাদের প্রতি আবারো আহ্বান জানাবো যে, তারা এমন আচরণ করবেন যা আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করে।

এর আগে, গত বৃহস্পতিবার সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, ইরানের সঙ্গে তখনই সম্পর্ক প্রতিষ্ঠা সম্ভব হবে যখন তারা স্বাভাবিক রাষ্ট্রে পরিণত হবে।

এ বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, কোনো স্বাভাবিক দেশ তার কনস্যুলেটকে কসাইখানায় রূপান্তর করে না এবং নিজের প্রতিবেশীদের ওপর হামলা চালায় না। এ কথার মধ্য দিয়ে জাওয়াদ জারিফ তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেটে প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা এবং ইয়েমেনে সৌদি আগ্রাসনকে ইঙ্গিত করেছেন।

‘করোনাভাইরাসের তথ্য গোপন করেছিলাম’

0

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদূর্ভাবের কারনে ভয়াবহ আতঙ্কে রয়েছে চীন। এখনও পর্যন্ত এই ভাইরাসের আক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬। সংক্রমণ ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। এই পরিস্থিতিতে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। প্রথমদিকে করোনা সংক্রান্ত তথ্য লুকানো হয়েছিল। এই স্বীকারোক্তি দিয়েছেন চীনের উহান শহরের মেয়র ঝাউ জিয়াংওয়াং। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে ভয়াবহ করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে।

উহান শহরে মেয়র ঝাউ জিয়াংওয়াং চীনা সংবাদমাধ্যমে বলেন, আমরা সময়মতো করোনাভাইরাস সংক্রান্ত তথ্য সরবরাহ করিনি। ফলে পরিস্থিতি মোকাবিলায় কিছুটা সমস্যা তৈরি হয়েছে।

তবে ভুল স্বীকার করলেও তিনি সাফাই দিয়েছেন, সরকারি নিয়মমতো এই পরিস্থিতিতে উর্দ্ধতন কর্তৃপক্ষকে না জানিয়ে আগাম কোন তথ্য প্রকাশ করতে পারে না তারা। তবে রোগের মোকাবিলায় সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

তিনি জানান, মানুষ যদি তাঁকে দোষারোপ করে তিনি পদত্যাগ করবেন।

এদিকে, বিশেষজ্ঞদের একাংশের অভিমত, করোনা ভাইরাসের আক্রমণ নিয়ে অনেক তথ্যই লুকিয়েছে চীন। সংবাদমাধ্যমের ওপর কড়া সরকারি নিয়ন্ত্রণ থাকায় সেখানেও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। ফলে এই রোগে সরকারি পরিসংখ্যান থেকে অনেক বেশি আক্রান্তের মৃত্যু হয়ে থাকতে পারে।

এই অবস্থায় গৃহবন্দি দশা চীনের মানুষজনের। উহানকে আগেই গোটা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। রাজধানী বেইজিং এবং সাংহাই, জিয়ান, তিয়ানজিন-এই চারটি বড় শহরেও দূরপাল্লার বাস পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। চীনের প্রাচীর দর্শন আপাতত বন্ধ। এখন একটাই আতঙ্ক কাজ করছে। ২০০৩ সালে সার্স ভাইরাসের হামলা যে বিপুল সংখ্যক প্রাণ কেড়েছিল চীনে, এবার করোনার থাবায় তারই পুনরাবৃত্তি হবে নাতো?

চীন ছাড়াও থাইল্যান্ড, নেপাল, হংকং, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপানসহ একাধিক দেশে ছড়িয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। এই পরিস্থিতিতে গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে প্রবল উদ্বেগ।

করোনাভাইরাস নিয়ে চীনের শুভসংঘ কমিটির উন্মুক্ত আলোচনা

0

সম্প্রতি চীনের প্রাণঘাতী করোনাভাইরাস সম্পর্কে আজ মঙ্গলবার এক উন্মুক্ত আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করেন চীনের কালের কণ্ঠ শুভসংঘ ইউনান ইউনিভার্সিটি শাখার সদস্যরা। এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি, শুভসংঘের উপদেষ্টামণ্ডলী, সভাপতিসহ সকল শিক্ষার্থী।

আলোচনা সভায় বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি সবার উদ্দেশ্যে করোনা ভাইরাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শুভসংঘের সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মো. নছর উদ্দিন রোমান তাদের বর্তমান অবস্থা সম্পর্কে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিকে জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পুরো চীন যখন বির্পযস্ত, উহানে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য প্রদেশে থাকা শিক্ষার্থীরাও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। সেখানে খাবার-পানি ফুরিয়ে এসেছে। সবমিলিয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী মানবেতর জীবনযাপন করছেন। শুধু ইউনান ইউনিভার্সিটিতেই প্রায় ১২০ জন বাংলাদেশি শিক্ষার্থী অবরুদ্ধ রয়েছেন। ছাত্রাবাসে রান্নার ব্যবস্থা এবং যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ না থাকায় অনাহারে এবং দুশ্চিন্তায় দিন কাটছে। তবে এখনো সবাই সুস্থ আছেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ হতে চীনে আটকে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের ফেরত নেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানান শুভসংঘের সদস্যরা। তাছাড়া ইউনান বিশ্ববিদ্যালয়ে গিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের খোঁজ-খবর নিয়ে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধির দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাসে উৎফুল্ল তারা।

ইউনান ইউনিভার্সিটির শুভসংঘের পক্ষ থেকে সাধুবাদ জানিয়ে সভাপতি মাহফুজুল আনসারি বলেন, আমাদের এই আয়োজনের মাধ্যমে সরকারের কাছে আকুল আবেদন, দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হোক এবং আমাদের সুস্থভাবে নিজের দেশে ফেরত যাওয়ার সুযোগ করে দেওয়া হোক।

পরিশেষে এই ভাইরাসের প্রার্দুভাব থেকে চীনে অবস্থানরত সকল বাংলাদেশিকে হেফাজতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেন মো. মোরশেদ সাব্বির।

নাগরিক হতে লাগবে ধর্মবিশ্বাসের প্রমাণপত্র!

0

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। কিন্তু এর মধ্যেও দমছে না কেন্দ্রীয় সরকার। সংশোধিত নাগরিকত্ব আইনে নাগরিকত্ব পাওয়ার নতুন শর্তের কথা জানিয়ে দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা। নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে ধর্মই যে মুখ্য শর্ত, তা আরও একবার স্পষ্ট করে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী নাগরিকত্ব পেতে হলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে ধর্মবিশ্বাসের প্রমাণপত্র। শুধু তাই নয়, একই সঙ্গে প্রমাণ দিতে হবে আবেদনকারী ৩১ ডিসেম্বর ২০১৪ সালের আগে ভারতে এসেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন আইনের এমনই খসড়া প্রস্তুত করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যাঁরা নতুন আইনের অধীনে নাগরিকত্ব চান, তাঁদের প্রমাণ করতে হবে যে তাঁরা অমুসলিম ৬ ধর্মের যে কোনও একটিতে বিশ্বাসী। নতুন আইনের নিয়মাবলিতেই এই শর্ত উল্লেখ করা থাকবে। তাছাড়া হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং পারসি ধর্মে বিশ্বাসীদের এটাও প্রমাণ করতে হবে যে, তাঁরা ৩১ ডিসেম্বর ২০১৪ সালের আগে ভারতে এসেছেন।

এছাড়াও, আসামের ক্ষেত্রে আরও বেশ কয়েকটি শর্ত চাপানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন, আসামের ক্ষেত্রে নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ থাকবে মাত্র ৩ মাস। ওই সময়সীমার মধ্যে আবেদন না করলে মিলবে না নাগরিকত্ব। আসামের বেশ কিছু অঞ্চলকে এই নতুন আইন থেকে বাদ দেওয়া নিয়েও আলোচনা চলছে বলে সূত্রের খবর।

সিএএ বিরোধীদের মূল যুক্তি ছিল, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সংবিধানের পরিপন্থী। এই আইন বাতিলের দাবিতে বিস্তর আন্দোলনও হয়েছে। কেন্দ্রীয় সরকার আগেই জানিয়ে দিয়েছিল, আইন বাতিলের প্রশ্নই ওঠে না। তবে, এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুঝিয়ে দিল, বিরোধীরা যতই বিক্ষোভ দেখাক, ধর্মই নতুন নাগরিকত্ব আইনের মূল ভিত্তি।

সূত্র : সংবাদ প্রতিদিন